বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার

বগুড়া ব্যুরোঃ বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষকদের মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ফর টিচার্স’।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক ও সাবেক পুলিশ স্টাফ কলেজের রেক্টর এম. নাজমুল হক।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবু হানিফের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, ট্রেজারার (ডেজিগনেট) অধ্যাপক মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।

সেমিনারে শিক্ষকদের পেশাগত জীবনে মানসিক চাপের কারণ, এর নেতিবাচক প্রভাব, কর্মক্ষেত্রে চাপ মোকাবিলার কার্যকর কৌশল এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ইংরেজি বিভাগের প্রভাষক অনিন্দিতা পালের সঞ্চালনায় প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।




সুশাসন ও সংস্কারে বদলেছে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, এসএসসিতে পাস ৮৮.৬৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদকঃ এসএসসি পরীক্ষার ফলাফলে ভালো সাফল্য দেখিয়েছে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ৮৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের এই ফলাফলের পেছনে নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, পড়াশোনার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি বর্তমান এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে সঠিক অভিভাবকত্ব ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে বিদ্যালয়টির বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ছিল বলে জানায় কর্তৃপক্ষ। বর্তমান এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর এসব সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো সংস্কারেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি মো. আশরাফুজ্জাহান জাহান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরে আলমের নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এরই অংশ হিসেবে অভিভাবকদের বসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এডহক কমিটির উদ্যোগ এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শাখার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেছে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পরিধি আরও বাড়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও কাজ চলছে। আগে বিদ্যালয়ে থাকা ছোট অডিটোরিয়ামটি বড় করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করার সংস্কারকাজ চলছে। নতুন অডিটোরিয়ামে প্রায় ৬০০ মানুষের বসার ব্যবস্থা থাকবে। এটি চালু হলে অভিভাবক সমাবেশ, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন আরও সুন্দরভাবে করা সম্ভব হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে উদ্যোগ। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এর মাধ্যমে শ্রেণিকক্ষের পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

মহিলা শিক্ষক ও ছাত্রীদের সুবিধার জন্য পৃথক নামাজের স্থানও তৈরি করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের অন্যান্য প্রয়োজন ও সুযোগ-সুবিধার বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০১৫-১৬ থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত বকেয়া পৌরকর পরিশোধ করা হয়েছে। বর্তমান পর্ষদের উদ্যোগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে মোট ৬৬ লাখ ৬২ হাজার ৮০৬ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানানো হয়।

বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব নিয়েও একটি আইনি বিষয় রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিভ টু আপিল মামলা নম্বর ২৮৩১/২০২৫-এ আদালতের স্ট্যাটাসকো আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরে আলম তাঁর ওপর অর্পিত দায়িত্ব আইন অনুযায়ী পালন করছেন বলে দাবি করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরে আলম বলেন, বিদ্যালয়ের সব কার্যক্রম শিক্ষা বোর্ডের প্রচলিত বিধি ও প্রবিধান মেনেই পরিচালনা করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও আর্থিক জটিলতা সমাধানের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের মধ্যে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রাথমিক শাখার অনুমোদন পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করানো নয়, তাদের খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের পরিবেশ এমনভাবে গড়ে তোলার চেষ্টা চলছে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠানটির ওপর আরও বেশি আস্থা রাখতে পারেন।

মো. নুরে আলম বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা এবং সহযোগিতাই বিদ্যালয়ের উন্নয়নের বড় শক্তি। ভবিষ্যতে শিক্ষার মান আরও বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো ও পরিবেশ উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে প্রশাসনিক শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ফলাফলেও। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৮৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থীর পাস এবং ১৬ জনের জিপিএ-৫ অর্জনকে সেই অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ফল হিসেবে দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

তাদের প্রত্যাশা, চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম শেষ হলে শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে ভবিষ্যতে এসএসসি পরীক্ষার ফলাফল আরও ভালো করার পাশাপাশি বিদ্যালয়টিকে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।




বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির আলোচনা

শিক্ষা ডেস্কঃ তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে এ শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়।

সোমবার ইউজিসিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ইউজিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। বাকি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও পর্যায়ক্রমে এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষা কেন্দ্র স্থাপন, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিংয়ের তথ্য এবং প্রয়োজনীয় জনবলের চাহিদা উল্লেখ করে দ্রুত ইউজিসিকে অবহিত করতে বলা হয়।

তৃতীয় ভাষা নির্বাচনে অঞ্চলভিত্তিক চাহিদাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। সব বিশ্ববিদ্যালয়ে একই ভাষা চালুর প্রয়োজন নেই। কর্মসংস্থানের সম্ভাবনা ও আঞ্চলিক চাহিদা বিবেচনায় বিএমইটির তথ্য যাচাই করে রিসোর্স ম্যাপিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়।

সভায় তৃতীয় ভাষা নন-ক্রেডিট কোর্সের পাশাপাশি বিভাগভিত্তিক অন্তত একটি ভাষা ক্রেডিট কোর্স চালুর প্রস্তাব করা হয়। নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, বেকারদের জন্য ছয় মাস মেয়াদি ভাষা কোর্স এবং দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে ভাষাশিক্ষক তৈরির বিষয়েও আলোচনা হয়।

ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, তৃতীয় ভাষা শিক্ষা সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। দেশে ও বিদেশে কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষার বিষয়টি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং মান ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সভায় তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও শিল্পপ্রতিষ্ঠানে কোর্সের সুযোগ, কারিকুলামে শিল্পখাতের সম্পৃক্ততা, যৌথ গবেষণা এবং গবেষণার ফল বাণিজ্যিকীকরণে তহবিল গঠনের প্রস্তাব করা হয়। শিল্পবাজারের চাহিদা অনুযায়ী এআই, রোবটিকস, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো বিষয়ে নতুন বিভাগ বা একাডেমিক কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে গড়ে তোলার বিষয়েও সভায় আলোচনা হয়। এ বিষয়ে অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস খোলার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল চালুর পরিকল্পনাও রয়েছে। প্রাথমিকভাবে ২০টি বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে পোর্টালে আন্তর্জাতিক সহযোগিতা, আবাসন, বৃত্তি ও ইন্টারন্যাশনাল অফিসসংক্রান্ত তথ্য যুক্ত করা হবে।




সিকৃবির নতুন উপাচার্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছর মেয়াদে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. আলিমুল ইসলাম।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তার পদত্যাগ দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।




প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিতরা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না তাদের নিয়ে আমরা কাজ করব।

শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল নিয়ারলি ১০ লাখ ৬৯ হাজার। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া মেইনটেইন করার জন্য আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে। ডিপিও ইস্যু করে নিয়োগপত্র। সে সময় দেখা গিয়েছে তাদের ভেরিফিকেশন এবং অনেকেই ঠিকানা পাল্টিয়েছেন। সেগুলো পর্যায়ক্রমে তারা দিচ্ছে।

পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে, ঠিকানা আসছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যাদের হয়নি সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং সেগুলো রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।




ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

শিক্ষা ডেস্কঃ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এতে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

এ ঘটনায় কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এতে ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে।

অধ্যক্ষ আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, যাতে শিক্ষার্থীরা সংঘর্ষে না জড়ায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রিন রোডের এক রিকশাচালক জানান, দুপুরের দিকে গ্রিন রোডের মাথায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব বলেন, ক্লাস শেষে সায়েন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ খবর পেয়ে তারা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। কী কারণে হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। তার দাবি, আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।

তিনি আরও বলেন, ‘আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

দুই কলেজের শিক্ষার্থীদের কয়েকজন করে আহত হওয়ার দাবি থাকলেও ঘটনাটিকে ‘সামান্য উত্তেজনা’ হিসেবে বর্ণনা করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে সাংঘর্ষিক কিছু হয়নি। ঢাকা কলেজের কিছু ছেলে বের হয়ে এসেছিল আইডিয়াল কলেজের উদ্দেশে যাওয়ার জন্য। সেটা নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে আমাদের হস্তক্ষেপে ও শিক্ষকদের সহায়তায় এটি প্রশমিত হয়েছে।’




জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।

সোমবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।

বাংলাদেশ প্রতিদিনকে উপাচার্য অধ্যাপক রইছ উদদীন বলেন, সমাবর্তন উপলক্ষে পুরোদমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি সকলকে। পাশাপাশি সকলের সহযোগিতাও কামনা করি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় হবে দ্বিতীয় সমাবর্তন।

উপাচার্য আরও বলেন, বহুল কাঙ্ক্ষিত দ্বিতীয় সমাবর্তনের জন্য এখন পুরোদমে প্রস্তুতি নেওয়ার পালা। এ আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, গ্র্যাজুয়েটসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

এর আগে গত ২৩ আগস্ট উপাচার্য জানিয়েছিলেন, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৭ সালের ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তনের খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ) প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।




প্রধানমন্ত্রী তারেক রহমানের ইবিতে আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগমন উপলক্ষে ৪২ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস কর্তৃক প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হলসমুহের প্রভোস্ট, প্রশাসনিক দপ্তরের পরিচালক, বিএনসিসি, রোভার স্কাউট, ছাত্র-শিক্ষক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

এ কমিটি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবে। এ ব্যাপারে কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আমরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছি।

তিনি আরও জানান, কিছু উপকমিটি গঠন হয়েছে এবং কিছু প্রক্রিয়াধীন আছে। এগুলো সম্পন্ন হলে পূর্ণ উদ্যমে প্রস্তুতির কাজ চলতে থাকবে। সবমিলিয়ে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারব বলে আশা রাখছি।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনে আগামী মাসে বিশ্ববিদ্যালয়ে আসবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।




প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের পদায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি শিক্ষকের পদায়নের জন্য শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান শুরু হবে আগামী ১ অক্টোবর। এরপর ৪ অক্টোবর থেকে তাদের পদায়ন শুরু হবে।

নতুন শিক্ষকদের পদায়নের পর দুই মাসের বিশেষ পেশাগত প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে। তবে এ প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।




আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। আবেদন চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে ভর্তি করা হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সময় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হবে।

চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।