নাটোরে বিএনপির দু পক্ষের সংঘর্ষে আহত ৭

ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে বিআরটিসি বাস কাউন্টারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৭),পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৫), পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২), পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫০), যুবদল কর্মী নাজমুল (৩৫) ও সোহেল (৪৮)। এদের মধ্যে ফকির, মমতাজউদ্দিন এবং আকতারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকিরসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী প্রতিপক্ষের লোকজনদের ধাওয়া করে। এরপর দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী বসে চা পান করছিলেন। এ সময়  প্রতিপক্ষের ৪০ থেকে ৪৫ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে ৭ জন নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। এ সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি

ডেস্ক নিউজ : কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি এক শিশুকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খালার বিরুদ্ধে।

উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর সরেরপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

সন্তানকে হারিয়ে মা তাছলিমা আক্তার এখন পাগলপ্রায়। সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন তিনি। এ নিয়ে এলাকার লোকজনের দ্বারে দ্বারে ঘুরছেন শিশুটির মা। ভুক্তভোগী তাছলিমা আক্তার সরেরপাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে এবং একই গ্রামের আল-আমিনের স্ত্রী। ছয় মেয়ে ও দুই ছেলের সংসারে হারিয়ে যাওয়া শিশুটি তাদের সর্বকনিষ্ঠ সন্তান।

তাছলিমার অভিযোগ, গত ১৮ জুলাই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে মজিদ কলেজ মাঠ এলাকায় একটি স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়। ওই সময় তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় বিষয়টি বুঝতে পারেননি। পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরে দেখতে পান, তার কোলের সন্তান আর নেই।

কান্নায় ভেঙে পড়ে তাছলিমা আক্তার বলেন, আমি কোনো টাকা-পয়সা চাই না। আমার কোলের সন্তানকে সুস্থভাবে আমার বুকে ফিরিয়ে দিন। তার অভিযোগ, শিশুটির খালা চক্রান্ত করে তাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে খালা ছেনোয়ারা বেগম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তাছলিমার মামা বাবুল মিয়া বিষয়টি জানেন।

অভিযুক্ত বাবুল মিয়া বলেন, তিনি শুধু একটি স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন। শিশুটিকে কারা নিয়ে গেছে বা বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। শিশুটির বাবা আল-আমিন বিষয়টি জানেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বাবা আল-আমিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, শিশুটি বর্তমানে কোথায় আছে, সে বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। শিশুটিকে উদ্ধারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।




চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ফলাফল প্রকাশ এবং তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের মধ্যে সার্চলাইট জ্বালিয়ে নিয়মিত ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে ইউএনওর ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাডমিন্টন খেলোয়াড় দুই শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও তাপপ্রবাহের মাঝেও উপজেলা পরিষদ চত্বরে সার্চলাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন নিয়ে কয়েক দিন ধরে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করে আসছে। এরই মাঝে দীর্ঘ প্রতীক্ষার পর রোববার রাতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠে। ব্যাডমিন্টন খেলাকে ঘিরে সঞ্চার হওয়া ক্ষোভ এবং ফলাফলে অনিয়মের অভিযোগ- দুই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরই জেরে রোববার রাতে একদল বিক্ষুব্ধ মানুষ ইউএনওর বাড়ি অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে। মিছিলের সময় ইউএনও ব্যাডমিন্টন খেলতে থাকায় মিছিলকারীরা খেলার মাঠে যান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য খেলোয়াড়রা সাময়িক খেলা বন্ধ রাখেন। বিক্ষুব্ধরা গালমন্দ করে চলে গেলে আবারও খেলা শুরু হয়। খেলা শুরুর কয়েক মিনিটের মাথায় বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে ফের মাঠে হামলা চালায় এবং খেলার বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর করে ইউএনওকে গালমন্দ করে মাঠ ত্যাগ করেন।

পরে আনসার সদস্যদের সহায়তায় ইউএনও নিজ বাসভবনে চলে গেলেও খেলোয়াড়রা বাড়ি ফেরার পথে বিক্ষুব্ধদের হামলার শিকার হন। এ সময় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে খেলোয়াড় দুই শিক্ষক মিলন চন্দ্র ও মো. রেজাউল করিম রেজাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে সরকারি কার্যালয় চত্বরে এই গরমের সময়েও নিয়মিত খেলাধুলার আয়োজন এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরীক্ষার ফলাফল প্রকাশকে ঘিরে সৃষ্ট অসন্তোষ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে রাতে ঘটনাটি ঘটায় হামলা ও মারধরের ঘটনায় কারা জড়িত ছিলেন তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।




নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী। এর আগে রবিবার দিবাগত রাতে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই এলাকায় ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. ইদ্রিস আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




সোনারগাঁয়ে ৩ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এবং পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর ও গোলাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। পরে এক্সকাভেটর দিয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, অসাধু ব্যক্তিরা বিভিন্ন প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তুলেছেন। এসব অবৈধ সংযোগের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে। নিয়মবহির্ভ‚তভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।




শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

ডেস্ক নিউজ : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে এবার ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা নগদ পাওয়া গেছে। এর পাশাপাশি মিলেছে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।

শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সের সিলগালা খুলে টাকা ও অন্যান্য সামগ্রী গণনা শুরু হয়। দিনভর গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাংবাদিকদের উপস্থিতিতে হিসাব ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, দানবাক্স ও ডেগ থেকে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এছাড়া ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রুপা পাওয়া গেছে।

দানবাক্স থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ব্রিটিশ পাউন্ড ৩১ পাউন্ড ১১ পয়সা, ভারতীয় রুপি ৩ হাজার ২৪৮, পাকিস্তানি রুপি ৬০, সৌদি রিয়াল ৭০, মালয়েশীয় রিঙ্গিত ৮৩, মার্কিন ডলার ৪, নেপালি রুপি ১০০, ওমানি মুদ্রা ১ হাজার বায়সা ও ১ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ৬৪ দিরহাম ২২ সেন, ইরাকি দিনার ২৫০, তুর্কি লিরা ৯০, ভিয়েতনামের ডং ১ হাজার, জাপানি ইয়েন ১ হাজার, কাতারি রিয়াল ১১২ রিয়াল ৫০ পয়সা, লেবাননের পাউন্ড ১০, মিসরীয় পাউন্ড ১০, ইউরো ৪০ পয়সা, বাহরাইনি মুদ্রা ১ পয়সা এবং কানাডীয় ডলার ১।

এ ছাড়া নজরানা হিসেবে গরু, ছাগল, হাঁস ও মুরগিও পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে, গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে দানের টাকা গণনা করা হয়। প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতি ভেঙে তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্যোগে ওই গণনা করা হয়। চার দিন পর গণনা শেষে পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর সঙ্গে স্বর্ণালংকার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। পরে এসব অর্থ সোনালী ব্যাংকে খোলা নির্ধারিত হিসাবে জমা রাখা হয়।

এর ১৯ দিন পর ১১ জুলাই দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হয় মাজারের দানবাক্স ও ডেগ। দ্বিতীয় দফার গণনা শেষে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা-সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সদস্যদের উপস্থিতিতে ওই অর্থ গণনা করা হয়।




ডিএসসিসির হেরিটেজ রানে পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান

রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির উদ্যোগে ১ আগস্ট হতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী “হৃদয়ে ঢাকা ৪১৬” উৎসবের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

শনিবার সকাল ৭টায় রাজধানীর মতিঝিল থেকে শুরু হওয়া এই র‍্যালি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান, সংসদ সদস্য, ঢাকা-৭। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

১ হাজারের অধিক নাগরিক এই হেরিটেজ রানে অংশগ্রহণ করেন। র‍্যালিটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে ‌মতিঝিল শাপলা চত্বর হতে কাকরাইল মোড় হয়ে →রমনা → শাহবাগ মোড় → কাটাবন মোড় → ঢাকা বিশ্ববিদ্যালয় → পলাশি মোড় → লালবাগ কেল্লা → শহিদনগর মোড় → সোয়ারিঘাট (লঞ্চঘাট) এসে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যক রানারকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, একইভাবে আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, সেই ঐতিহ্যকে ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক অত্যন্ত যথাযথ একটি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি, এই আয়োজনের মাধ্যমে আমাদের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত হয়ে উঠবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমার মূল উদ্দেশ্য ছিল- আমার শহর ঢাকা, যাকে নিয়ে আমার গর্ব করা উচিত। আজকের হেরিটেজ রানে অংশ নিয়ে আপনারা ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন। কোথাও ভালো রাস্তা, কোথাও ভাঙাচোরা, কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত- এটাই ঢাকার বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রা আরও সুন্দর করতে হবে।’

তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নগরবাসী যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদেরও নিজেদের দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।’

প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভুলত্রুটি থাকতেই পারে। পরবর্তী সময়ে তা সংশোধন করে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাইকেল চালানোর জন্য আলাদা লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনাও রয়েছে।

আব্দুস সালাম বলেন, ‘আমার দায়িত্ব আমি পালন করবো, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে এই ঢাকা শহর আরও সুন্দর হয়ে উঠবে। আসুন, দেখি- এটাই আমার ঢাকা শহর। এই শহরেই আমাকে থাকতে হবে, তাই শহরটাকে আরও সুন্দর করতে হবে।’

‘হ্দয়ে ঢাকা ৪১৬’ উৎসবের পরবর্তী আয়োজনসমূহের মধ্যে রয়েছে-

• ১৬-২২ আগস্ট: জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তন, সূত্রাপুরে ঢাকার উপর নির্মিত মঞ্চ নাটক( নাট্যোৎসব)
• ২১ আগস্ট: খোলামোড়া ঘাট হতে ওয়াইজ ঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
• ২১ আগস্ট: সদরঘাটে শতবছরের পুরাতন বিশেষ হেরিটেজ ক্রুজযোগে পর্যটকদের ভ্রমণ
• ২২ আগস্ট: মধুমিতা সিনেমা হলে, ঢাকা নিয়ে নির্মিত পুরাতন চলচিত্র প্রদর্শন
• ২১-৩০ আগস্ট: ঢাকার বিপনীবিতানে দি গ্রেট ঢাকা সেল
• ২১-৩০ আগস্ট: লাভ লেটার টু ঢাকা (ঢাকা নিয়ে নাগরিকদের আবেগ ও ভালোবাসার চিঠি আহবান)
• ২১-২৮ আগস্ট: শিল্পকলা একাডেমিতে, ঢাকার উপর নির্মিত মঞ্চ নাটক
• ২৩-২৯ আগস্ট: বিটিভিতে, ঢাকা নিয়ে নির্মিত পুরাতন নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার
• ২৪ আগস্ট: জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হেলিপাড উত্তর ধানমণ্ডিতে হেলিকপ্টারের মাধ্যমে পাখির চোখে হৃদয়ে ঢাকা উৎসব প্রদর্শন
• ২৮ আগস্ট: লক্ষ্মীবাজার থেকে নগরভবন ঢাকা শোভাযাত্রা (ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি, পালকিসহ)
• ২৯ আগস্ট: বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একই সাথে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।
• ৩০ আগস্ট: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
• ০১ সেপ্টেম্বর: শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের উপস্থিতিতে উন্মুক্ত আর্ট ক্যাম্প
• ০৫ সেপ্টেম্বর: আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডা।

ডিএসসিসির পক্ষ থেকে নাগরিক জীবনের শত ব্যস্ততার মাঝে উৎসবে-গর্বে-দায়িত্বে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উদযাপনে নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।




রাঙামাটিতে পানিতে ডুবে শিশু নিহত

ডেস্ক নিউজ : রাঙ্গামাটির বাঘাইছড়ি  উপজেলার খেদারমারা  ও সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় বন্যার পানিতে ডুবে অনুষ্কা চাকমা (৫)  ও আন্দারা চাকমা (১২) দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগষ্ট)  দুপুরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটে।

অনুষ্কা চাকমার বাবা সুজিত বিকাশ চাকমা জানান, অনুষ্কা বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় পরে তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায় আন্দারা চাকমা (১২)।
আন্দারা চাকমার বাবা লক্ষিরঞ্জন চাকমা  জানান তার ছেলে গত ১১ আগস্ট দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করেও পাওয়াযায়নি। ৩ দিনপর আজ দুপুরে ভাসমান অবস্থায় তার উদ্ধার করা হয়েছে।

দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জুলফিকার ইসলাম জানান ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক তদন্তে মনে হয়েছে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

​খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত সুজিত বিকাশ চাকমার বাড়িতে ছুটে যান। তিনি নিহত শিশুর পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।




ফুটপাতের খাবার খেয়ে হাসপাতালে ৭ শিক্ষার্থী

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাজারের একটি দোকানের পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। পরে টিফিনের সময় ৯ জন স্কুলের সামনে ফুটপাতের একটি দোকান থেকে পিয়াজু কিনে খায় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। এদেরমধ্যে ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো রহমতুল্লাহ জানান, খাদ্যের বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা বিপদমুক্ত। তবে তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রাখা হয়েছে।




লোডশেডিং ঘিরে অপ্রীতিকর ঘটনার শঙ্কা, প্রশাসনের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

ডেস্ক নিউজঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে ও রাতে মিলিয়ে অনেক এলাকায় মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার বিদ্যুতের চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ সরবরাহ করা যাচ্ছে। এ অবস্থায় নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ জোনাল অফিস ও কয়ড়া সাব-জোনাল অফিসের আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় এক লাখ গ্রাহক রয়েছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, দিনে গড়ে চার থেকে পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এতে দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, চিকিৎসাসেবা ও অফিস কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সিধুলী ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছি। শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।”

পৌর এলাকার চাঁদপুরের আবুল হাসান বলেন, “দিনে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে। প্রচণ্ড গরমে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”

এদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে জানা গেছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, “মাদারগঞ্জে বিদ্যুতের চাহিদা ২১ মেগাওয়াট, কিন্তু আমরা মাত্র ৭ মেগাওয়াট সরবরাহ পাচ্ছি। ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “অফিস এবং উপজেলার উপকেন্দ্রসহ সব বিদ্যুৎ স্থাপনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন। একই চিঠির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।”