লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার তিনদিঘী এলাকায় আলোচিত আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী মমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আনোয়ার হোসেন মিঠু।

দণ্ডপ্রাপ্ত মমিনা বেগম (২৭) জেলা শহরের মাঝাপাড়া এলাকার রহমত আলী মোল্লার মেয়ে। তার প্রেমিকা গোলাম রব্বানী সদর উপজেলার কিসমত ঢঢগাছ (পাঙ্গাটারি) এলাকার রমজান মুন্সির ছেলে।

মামলার নথিতে উল্লেখ আছে, ২০২১ সালের ২১ জুলাই রাতে পরকীয়ার সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে জলিলকে হত্যা করা হয়। প্রথমে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়, পরে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন জলিলের ভাই আব্দুর রশিদ সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন নবী আদালতে চার্জশিট জমা দেন। ২৭ জন সাক্ষীর জবানবন্দি ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের পিপি আনোয়ার হোসেন মিঠু বলেন, চার বছরের শুনানি শেষে প্রমাণিত হয়েছে যে জলিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তাই আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দিয়েছেন।

রায় ঘোষণার পর নিহতের ভাই আব্দুর রশিদ বলেন, আসামিদের ফাঁসি হলে আমাদের মনটা আরও শান্ত হতো। তারা পরিকল্পিতভাবেই আমার ভাইকে হত্যা করেছে, এবং আমরা আদালতে সেটি প্রমাণ করতে পেরেছি।




খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় লালমনিরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় লালমনিরহাটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার মিশনমোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামার বাড়ীতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক ও ফারুক আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন-সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা শেষে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তি ও সুস্থতা আজ দেশের আপামর জনতার প্রাণের দাবি।”

দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।




পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১–২০ গ্রেড) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা। সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) এস এম আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সদর থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সরকারি চাকুরিজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে এই পরিষদের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ও ভবিষ্যতেও রাখবে।



লালমনিরহাটে মহাসড়ক বন্ধঃ জনদুর্ভোগে ক্ষুব্ধ জনতা, অবস্থান কর্মসূচি পালিত

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর এলাকার বিশ্ব সার গোডাউন সংলগ্ন সড়কটি সড়ক দুর্ঘটনার কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ থাকলেও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই দুর্ভোগের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বক্তারা জানান, গত ২৪ নভেম্বর নির্মাণাধীন সড়কসেতুর পাশে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলে পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি হেলে যায়। এরপর থেকে ওই গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

তারা দ্রুত বিকল্প রাস্তা চালুর দাবি জানান এবং বলেন, “প্রশাসনের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে মানুষ কষ্ট পাচ্ছে। অবিলম্বে পদক্ষেপ না নিলে আরও বড় আন্দোলনে যাওয়া হবে।”

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।




লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

জহুরুল হক জনি, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার সুপার মার্কেট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা আমাদের আগামী প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াল ছোবল থেকে রক্ষা করতে চাই। সম্প্রতি এ উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ও মাদক সেবনের প্রবণতা বেড়ে গেছে, যা সামাজিক ও পারিবারিক জীবনে অস্থিরতা সৃষ্টি করছে।” অনলাইন ক্যাসিনো জুয়াসহ সকল ধরণের জুয়া বর্তমানে সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। জুয়ায় আসক্ত একজন মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ এই জুয়ার কারণেই শত শত সংসার ভেঙ্গে যাচ্ছে। এখনই যদি এই অনলাইন জুয়া ও মাদক বন্ধে সরকার কোনো উদ্যোগ গ্রহণ না করেন তবে সামনের দিনে আরও চরম খারাপ পরিস্থিতির শিকার হবে যুব সমাজ।

এসময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যুব সমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের দ্রুত গ্রেফতার করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।  আমরা চাই যুব সমাজ বাঁচুক মাদক ও জুয়ার কবল থেকে, মাদক মুক্ত এবং সচেতন হোক যুব সমাজ। অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না হলে আরো কঠিন কর্মসূচির ডাক দেয়ার  হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।




লালমনিরহাটে সীমান্ত সুরক্ষা জোরদারে নতুন বিওপি ক্যাম্প উদ্বোধন

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি (বর্ডার আউট পোস্ট) ক্যাম্প “চতুরবাড়ী বিওপি” এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনে এ ক্যাম্পের উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজিবি দেশের সীমান্তরক্ষায় আস্থা ও নিরাপত্তার প্রতীক। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিকদের প্রতি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা। এই বিওপি স্থাপনের ফলে সীমান্ত এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।




লালমনিরহাটে “টপ সয়েল” কেটে নেওয়ার হিরিকঃ নিঃশেষ হচ্ছে উর্বর মাটি, প্রশাসন নিরব

জহুরুল হক জনি,লালমনিরহাট প্রতিনিধি: ​উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ফসলি জমির প্রাণ হিসেবে পরিচিত উপরিভাগের মাটি বা ‘টপ সয়েল’ কাটার মহোৎসব চলছে।

আমন ধান ঘরে তোলার পরপরই শুরু হয়েছে এই মাটি লুটের যজ্ঞ। জেলার বিভিন্ন ইউনিয়নের উর্বর কৃষিজমি থেকে দেদারসে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে। এতে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি, নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে জরিমানা করলেও থামছে না ‘মাটিখেকো’ সিন্ডিকেটের দৌরাত্ম্য।

​২০২৪ সালের সরকারি তালিকা অনুযায়ী, লালমনিরহাটে নিবন্ধিত ইটভাটার সংখ্যা ২০টির কিছু বেশি। অথচ অবৈধভাবে পরিচালিত হচ্ছে অন্তত ৩৪টি ভাটা। প্রশাসনের অভিযানে মাঝেমধ্যে এসব ভাটা বন্ধ বা জরিমানা করা হলেও, নানা অজুহাতে কিছুদিন পরই তা পুনরায় চালু হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের চোখের সামনেই ফসলি জমির মাটি কেটে ট্রাকে করে ভাটায় নেওয়া হচ্ছে, অথচ কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে।

​ইটভাটার মালিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফসলি জমি রক্ষায় কেবল সচেতনতা নয়, অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও স্থায়ী পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।ভাটা মালিকদের প্রলোভন আর পারিপার্শ্বিক চাপে পড়ে কৃষকরা তাদের জমির মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

বানবাসা মোড় এলাকার কৃষক মাহাফুজ রহমান জানান, আবাদি জমির পাশেই ভাটা তৈরি হওয়ায় এবং পাশের জমির মালিকরা মাটি বিক্রি করে দেওয়ায় আমরা বিপাকে পড়েছি। পাশের জমি নিচু হয়ে যাওয়ায় আমার জমি উঁচু হয়ে আছে, ফলে জমিতে সেচের পানি (মটরের পানি) উঠছে না। তাই ক্ষতি হবে জেনেও বাধ্য হয়ে ভাটা কর্তৃপক্ষের কাছে মাটি বিক্রি করতে হচ্ছে।

​একই পরিস্থিতির শিকার সাপটিবাড়ি ইউনিয়নের কৃষক নয়ন ইসলাম। তিনি বলেন, এখনও জমির ফসল ঘরে তুলতে পারিনি, অথচ পাশের জমির মাটি বিক্রি হয়ে গেছে। এখন আমি মাটি বিক্রি না করলে আমার জমি উঁচু হয়ে থাকবে, সেখানে আর ফসল হবে না। আবার মাটি কাটলে সেই জমিতে নতুন করে ফসল ফলাতেও অনেক কষ্ট হবে। আমরা চাই ইটভাটাগুলো যেন কৃষিজমি থেকে মাটি না কেনে।

বিশেষজ্ঞদের মতে, মাটির উপরিভাগের ৮-১০ ইঞ্চি স্তর বা টপ সয়েলে ফসলের জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপাদান সবচেয়ে বেশি থাকে। কৃষি বিভাগের মতে, এই স্তর কেটে নিলে জমির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস পায় এবং তা পুনরায় ফিরে আসতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।

টপ সয়েল সরে গেলে মাটির নিচের শক্ত ও পাথুরে স্তর বেরিয়ে আসে, যেখানে পানি ধারণক্ষমতা থাকে না বললেই চলে। এতে জমি ধীরে ধীরে অনাবাদি হয়ে মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়। কৃষি প্রধান এই জেলায় আবাদি জমি কমে যাওয়ায় ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কাও প্রবল হচ্ছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (কৃষিবিদ) মো. মতিউর রহমান বলেন, সীমান্তবর্তী এই জেলার মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। কিন্তু ইটভাটার কারণে আবাদি জমি কমে যাচ্ছে। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি যেন তারা টপ সয়েল বিক্রি না করেন। রাসায়নিক ও জৈব সারের সমন্বয়ে যে উর্বর স্তর তৈরি হয়, তা একবার নষ্ট হলে পূরণ করা কঠিন।

​তিনি আরও বলেন, বর্তমানে বালু ও সিমেন্ট দিয়ে পরিবেশবান্ধব ‘ইকো ব্রিকস’ বা ব্লক ইট তৈরি হচ্ছে। সমাজের মানুষকে এই ইটের প্রতি আগ্রহী হতে হবে। মাটির ইটের চাহিদা কমলে ফসলি জমির টপ সয়েল রক্ষা পাবে।




অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল ও সিএনজির চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুর্ঘটনাটি ঘটেছে।

শুক্রবার বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মো. শাহজাহানের ছেলে এবং অপর নিহত নাজমুল একই এলাকার মো. শফিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় হৃদয় ঘটনাস্থলেই মারা যায়৷ নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যায়।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় হাসপাতাল আনা হয়৷ আহত যুবক ঢাকায় পাঠানোর পথে মারা গেছে।

রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




লালমনিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনঃ সেবা ও সচেতনতায় নতুন দিগন্ত

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি।”

উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সচেতনতা ও সেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

সকালে কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক, এইচ এম রকিব হায়দার ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, ডাঃ শায়খুল আরিফিন, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন।

সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে স্থানীয় খামারিদের ৩০টি স্টল অংশ নেয়।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রযুক্তিনির্ভর খামার গড়ে তোলার আহ্বান জানান এবং খামারিদের আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

দুপুর ৩টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।




লালমনিরহাটে যৌথ আয়োজনে স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ  “নিরাপদে পয়ঃবর্জ্য পরিষ্কার, পরিছন্ন পরিবেশ’ সবার অধিকার” – এই প্রতিপাদ্যে লালমনিরহাটে যাত্রা শুরু করল পরিবেশবান্ধব পদ্ধতিতে পয়ঃবর্জ্য অপসারণ ক্যাম্পেইন-২০২৫।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় লালমনিরহাট পৌরসভা চত্বরে লালমিরহাট পৌরসভা ও এসএনভি এর যৌথ আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক রাজীব আহসান।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এস কে এস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মতিন, ওয়াটার এইড প্রতিনিধি সুমন সাহা, লালমনিরহাট পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক।

শহর ব্যাপী ক্যাম্পেইনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন রিসপনস লিমিটেডের আবু হানিফ, ক্যাম্পেইনের উদ্দেশ্য বর্ণনা করেন এসএনভি এর ক্লাষ্টার কো-অর্ডিনেটর আব্দুল হালিম। স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা বাবু হরানন্দ রায়।

এ সময় লালমনিরহাট পৌরসভা ও এসএনভির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।