মঠবাড়িয়ায় নবাগত ওসি’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন মঠবাড়িয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী।তিনি নতুন ওসিকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি থানা পুলিশের সেবামূলক কার্যক্রম,আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় মঠবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আবির হোসেন,মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মনির হোসেন, সার্ক মানবাধিকার সংস্থার মঠবাড়িয়া শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নাজমুল আহসান কবির,দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুস সালাম আজাদী,দৈনিক কালের কন্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি ও বরিশাল বেতারের সাংবাদিক দেবদাস মজুমদার, দৈনিক কালবেলার প্রতিনিধি নাহিদ ইসলাম রুবেল,মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি মজিবুর রহমান, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি হারুন অর রশীদ, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি হাফেজ মোঃ শাকিল হোসেন,মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আজকের বার্তার প্রতিনিধি মোঃ শাহজাহান, মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও উপকূলের সংবাদ অনলাইন পোর্টালের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান,মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সোহেল আমিন,বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি এস এম আকাশ,বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি ফাহিমা আক্তার,সময়ের বার্তা পত্রিকার প্রতিনিধি রোজি আক্তার,দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি টুকু হোসেন প্রমুখ।



লালমনিরহাটে ০৩ আসনে যাচাই-বাছাইয়ে ০৫ জনের মনোনয়ন বাতিল, অপেক্ষমাণ ২

জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭টি মনোনয়নপত্রের মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সামান্য ত্রুটির কারণে আরও দুইজন প্রার্থীর মনোনয়নপত্র আপাতত অপেক্ষমাণ রাখা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ২৭ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই কার্যক্রমে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে শুনানি গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা।
শুনানি শেষে তিনটি আসনের মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে সামান্য ত্রুটি থাকায় লালমনিরহাট-৩ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী ফিরোজ কবির এবং লালমনিরহাট-১ আসনে লেবার পার্টির প্রার্থী শুভ আহমেদের মনোনয়নপত্র অপেক্ষমাণ রাখা হয়েছে।
শুনানিতে লালমনিরহাট-০১ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী, তুরস্কপ্রবাসী শিহাব আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
তার দাখিলকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, ডাঃ আবু সামা এবং খেলাফত মজলিশের প্রার্থী আবুল কাসেমের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
এছাড়া লালমনিরহাট-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এদিকে, সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির লালমনিরহাট-০১ আসনের প্রার্থী মশিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট-০২ আসনে জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, লালমনিরহাট-০৩ আসনে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং জামায়েতে ইসলামীর এ্যাডঃ আবু তাহেরের মনোনয়নপত্রও বৈধতা পেয়েছে।
রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার জানান, যাচাই-বাছাই শেষে পাঁচটি মনোনয়ন বাতিল এবং দুটি মনোনয়ন সামান্য ত্রুটির কারণে অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করা হলে ওই দুটি মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হবে।



রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও যৌথ কাব্যগ্রন্থ ‘চাঁদের হাসি’র মোড়ক উন্মোচন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ ২৫ ডিসেম্বর(বৃহস্পতিবার) রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে অনুষ্ঠিত হয় পরিষদের প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘চাঁদের হাসি’র মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. নাজমুল হাসান।
পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইয়িদ তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে ও পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি পারভীন আকতারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোরশেদ আলম ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি নানাবিধ আয়োজনের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে নান্দনিক সূচনা বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ।আলোচনা পর্বে বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সহ-সভাপতি কবি আলী আজগর, আবু নাসের, মিসেস নাছিমা আকতার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মো. মজিবুর রহমান।
এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার, সহ সভাপতি জনাব আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক জনাব নুরুল আবচার চৌধুরী, শিক্ষক নেতা ইউসুফ মাস্টার, উপদেষ্টা মাস্টার মোহাম্মদ সেলিম, অর্পণ বড়ুয়া, নোমান জাভিদ তালুকদার, আজাদ শাহ, মো জাহেদুর রহমান, মোহাম্মদ ইকবাল, বেলাল হোসেন, রাসেল আহমেদ, তুহিন, সানজিদা আকতার লিজা, জেসি আকতার, সায়মা আলম, রবিউল মোস্তফা মুন্না, জুয়েলসহ আরও অনেকে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে কবিদের স্বরচিত কবিতা পাঠে পুরো মিলনায়তন হয়ে ওঠে কবিতার আলোয় আলোকিত ও নন্দিত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিনিবার জুনিয়র ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
সমগ্র আয়োজনটি ছিল সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা, যা উপস্থিত সকলকে গভীর অনুপ্রেরণা ও  আনন্দ প্রদান করে।



লালমনিরহাটের নবাবেরহাট পরিত্যক্ত হোলসেল মার্কেট: সুফলের বদলে কুফলই বেশি

জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী নবাবেরহাট এর প্রাণকেন্দ্রে নির্মিত এনসিডিপি হোলসেল কৃষিপণ্য মার্কেট এখন এক পরিত্যক্ত ভবনে রূপ নিয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তর এর পরিচালনায় এই হোলসেল মার্কেটটি নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে এখানে কোনো কার্যক্রম নেই। ভিতরে নেই কোন কৃষিপণ্য, নেই বিক্রেতা কিংবা ক্রেতার পদচারণা সবমিলিয়ে এটি যেন এক ভুতুড়ে বাড়ি। সরকারি অর্থে নির্মিত এ মার্কেটের উদ্দেশ্য ছিল কৃষকদের উৎপাদিত কাঁচামাল ও কৃষিপণ্য যেন সরাসরি পাইকারি দরে বিক্রি করতে পারেন। কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র, শুরু থেকেই এর ব্যবস্থাপনায় পরিকল্পনার অভাব প্রকট।
স্থানীয় ব্যবসায়ী ও হাটে আগত বিক্রেতারা জানান, হাটের মাঝখানে এই মার্কেট অপরিকল্পিতভাবে নির্মাণ করায় হাটের চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা।
একজন সিনিয়র ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মার্কেট হাটের উপকারে আসেনি বরং হাটের সৌন্দর্য আর কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। এটা সরিয়ে নিলে হাটের স্বাভাবিক পরিবেশ ফিরত।
নবাবেরহাট একসময় ছিল প্রাণবন্ত, ঐতিহ্যবাহী হাট। কিন্তু হোলসেল মার্কেটটির কারণে বর্তমানে হাট তার পুরনো গতি হারাচ্ছে, ধীরে ধীরে কমছে মানুষের উপস্থিতি। অথচ এই মার্কেট ঘিরে কৃষকদের জন্য উপকারের আশ্বাস ছিল।
স্থানীয়দের দাবি, যদি মার্কেটটি বাস্তব পরিকল্পনায় চালু করা সম্ভব হয়, তবে তা কৃষকদের জন্য আশীর্বাদ হতে পারে। অন্যথায় এটি সরিয়ে নেওয়া বা অন্যত্র স্থানান্তর করে হাটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছেন তারা।
প্রশ্ন থেকে যায় সরকারি অর্থ ব্যয়ে গড়ে তোলা এ স্থাপনার দায়ভার কে নেবে…? এবং কবে ফিরবে নবাবেরহাটের সেই প্রাণচঞ্চল পরিবেশ..?
হাটের ইজারাদার জানান, যথাযথ ব্যবস্হাপনার মাধ্যমে হোলসেল মার্কেটটি চালু করা হোক, নাহলে এটি অপসারণ করে হাটের মূল কার্যক্রম পুনরুদ্ধার করা হোক।
এই বিষয়ে কৃষি বিপণন কর্মকর্তা জানান, চলতি অর্থবছরে নবাবেরহাট হোলসেল মার্কেটটি সংস্কার করে কার্যক্রম পরিচালনা করা হবে।



সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজার প্রতিনিধিঃ যাত্রী ওঠার ঠিক আগমুহূর্তে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় জাহাজের ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, নিহত কর্মচারীর নাম নূর কামাল (২৫)। তিনি টেকনাফের বাসিন্দা ও জাহাজটির কর্মচারি ছিলেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, আগুনে পুড়ে জাহাজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের চার ঘণ্টা পার হলেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

জানা গেছে, সেন্টমার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে ভেড়ার ঠিক আগমুহূর্তে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় স্থানীয়রা ট্রলার ও স্পিডবোটের সহায়তায় জাহাজের ক্রুসহ ১৫ জনকে উদ্ধার করেন।

স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে পর্যটক তুলতে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা এখনো চলছে।’

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে দীর্ঘ সময় চেষ্টার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে আগুন লাগার ঘটনায় সেন্টমার্টিনগামী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজটিতে প্রায় ২০০ জন যাত্রী ওঠার কথা থাকলেও তাদের মধ্যে ১২০ জনকে তিনটি বিকল্প জাহাজে তুলে দেওয়া হয়েছে। বাকি যাত্রীরা রোববার সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণে দুটি জাহাজ ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘জাহাজে আগুন লাগার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।’

প্রসঙ্গত, কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে প্রতিদিন ছয়টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।




ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৫টা ৫০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সকাল ৫টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নূর আহম্মেদ জানান, কুয়াশার তীব্রতা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা এবং পাবনার কাজিরহাট নৌপথেও সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে বলে জানা গেছে।




ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদকঃ পৌষের শুরুতেই উত্তরের ঈশ্বরদীতে তীব্র শীতের দাপট বিরাজ করছে। শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের কর্মজীবনে পড়েছে বড় ধরনের ভাটা। গত চার দিন ধরে অব্যাহত শীতের সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে হাট-বাজার ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) ঈশ্বরদীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার রেলগেট, আলহাজ্ব মোড়, বাজার ও স্টেশন এলাকা ঘুরে দেখা যায়—ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে শ্রমজীবী মানুষগুলো কাজের অভাবে অলস সময় কাটাচ্ছেন। অনেক জায়গায় শীত নিবারণের জন্য খড়কুটো জোগাড় করে আগুন জ্বালাতে দেখা গেছে। কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও শীতের তীব্রতা কমেনি।

আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। এর আগে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি এবং মঙ্গলবার ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।

রেলগেট এলাকায় প্রতিদিন শ্রমিক হাটে কাজের অপেক্ষায় বসে থাকা লালপুর উপজেলার বিলমারি গ্রামের রিয়াজুল জানান, ভোর থেকেই কাজের আশায় এখানে বসতে হয়। কিন্তু এত কুয়াশা আর শীতের কারণে কেউ কাজ নিতে আসছে না। টানা দুই দিন ধরে বসে আছি, কোনো কাজ নেই।

শহরের আমবাগানে পাইকারি সবজি বাজারে ঢাকি ভরে লালশাক বিক্রি করতে আসা জয়নগর গ্রামের আলিফ হোসেন বলেন, তীব্র শীত ও কুয়াশার কারণে বেচাকেনা অনেক কমে গেছে। বাইরে মানুষের সমাগমও খুবই কম।

পৌর শহরের রহিমপুর এলাকার রিকশাচালক সেকেন্দার আলী বলেন, প্রতিদিন সকাল ৭–৮টার মধ্যে বের হই। কিন্তু আজ সকালে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। হিমেল বাতাসে শীতের তীব্রতা দেখে ৯টার পর বের হয়েছি। তবু রাস্তায় যাত্রী নেই। আয় করা খুব কঠিন হয়ে পড়েছে।

স্টেশন ও মালগুদাম এলাকায় শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষগুলোকে চরম কষ্টে দিন কাটাতে দেখা গেছে। খড়কুটো জোগাড় করে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। গরম কাপড়ের অভাবে তাদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।

শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বায়ুদূষণ বেড়েছে। এর ফলে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে।




বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন- সভাপতি খোরশেদ আলম,সাধারণ সম্পাদক নুরুল হোসাইন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে।

গত ২১ ডিসেম্বর (রোববার) রাজধানী ঢাকার মিরপুর-১০ এলাকায় অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়।

প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার এবং সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন-এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি খোরশেদ আলম, নুরুল হোসাইন কে সাধারণ সম্পাদক করে ৩১ জন বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন, সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি লায়ন ড. এ.জেড.এম. মাইনুল ইসলাম পলাশ, সহ-সভাপতি মো. শফিকুর রহমান মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাঈদা সুলতানা, যুগ্ম সম্পাদক মো. মিটু মোল্লা, প্রচার সম্পাদক ওসামা বিন শিহাব এবং সিনিয়র সাংবাদিক সোহাগ টিপু প্রমুখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. শিহাব উদ্দিন, সহ-সভাপতি মো. মোজাম্মেল হক বাবু, সহ-সভাপতি শাহাবুদ্দিন শান রিপন, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক হায়দার খান নগর।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীনকে প্রধান কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কক্সবাজার জেলা কমিটির পক্ষে প্রধান কার্যালয়ের দাপ্তরিক অনুমোদিত নথি গ্রহণ করেন কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা সাঈদা সুলতানা ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মিটু মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব একটি আদর্শ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিকতার নৈতিক মান রক্ষা এবং পেশাগত স্বার্থ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি জেলা ও বিভাগে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের ধারাবাহিকতায় কক্সবাজার জেলা কমিটির অনুমোদন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।

তিনি আরো বলেন,কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী ও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জেলা কমিটির ভূমিকা অপরিসীম। আমরা আশা করি, কক্সবাজার জেলা কমিটি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করবে।

তিনি সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, নৈতিকতা চর্চা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন,
দেশ ও মানুষের কল্যাণে নির্ভীক, স্বাধীন ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চাই আমাদের প্রধান অঙ্গীকার।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত নেতৃবৃন্দ কক্সবাজার জেলা কমিটির নবনিযুক্ত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও কল্যাণের বন্ধন আরও সুদৃঢ় করতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন বনভোজন ও মিলনমেলা। উৎসবমুখর এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, সভাপতি আরঙ্গজেব কামাল, মোহাম্মদ ফরিদ খান (বাংলাদেশ প্রেসক্লাব, মোগল), সম্রাট (প্রকাশক ও সম্পাদক, বিডি লাইভ ২৪ নিউজ), কামরুজ্জামান জনি (প্রকাশক ও সম্পাদক), সুবীর আহমেদ (প্রকাশক ও সম্পাদক, সাপ্তাহিক সংবাদপত্র), মোহাম্মদ বশির আহমেদ (সহকারী সম্পাদক, ক্রাইম নিউজ) এবং মোঃ মাসুদ মৃধা (স্টাফ রিপোর্টার, রাজধানী টেলিভিশন)।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

দিনব্যাপী আয়োজিত মিলনমেলায় অংশগ্রহণকারীদের জন্য ছিল পরিপূর্ণ আপ্যায়নের ব্যবস্থা। সকালের নাস্তা দিয়ে শুরু হয়ে দুপুরে সুস্বাদু খাবার এবং বিকেলের নাস্তা পরিবেশিত হয়। পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা, যেখানে সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল পুরস্কার বিতরণ পর্ব। খেলাধুলা ও প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপস্থিত সকলের মাঝে উৎসাহ ও আনন্দ যোগ করে। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, আবৃত্তি ও মনোমুগ্ধকর পরিবেশনা মিলনমেলাকে নিয়ে যায় এক ভিন্ন মাত্রায়।

আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত চাপ ও ব্যস্ততার মধ্যেও এমন মিলনমেলা পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে এবং ভবিষ্যতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা জোগায়। দিনশেষে আনন্দ, হাসি ও সৌহার্দ্যের স্মৃতি নিয়ে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন—এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




সুনামগঞ্জের ছাতকে লন্ডন প্রবাসীর বিরুদ্ধে পবিত্র মক্কা-মদিনা অবমাননার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় লন্ডন প্রবাসী কথিত পীর গিয়াস উদ্দিন তালুকদারের বিরুদ্ধে পবিত্র মক্কা-মদিনা ও মসজিদের অবমাননার গুরুতর অভিযোগ উঠেছে।

তার একটি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের প্রতিষ্ঠিত ‘গিয়াস উদ্দিন তালুকদার দরবার শরীফ’-কে পবিত্র মক্কা-মদিনা ও মসজিদের সঙ্গে তুলনা করে বক্তব্য দিয়েছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামে অবস্থিত ওই দরবার শরীফকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক চলছিল। তবে সম্প্রতি কথিত পীরের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
অভিযোগকারীদের দাবি, বক্তব্যে তিনি বলেছেন— মক্কা-মদিনা ও মসজিদে গিয়ে যে পরিমাণ সওয়াব ও নেকি অর্জিত হয়, তার দরবার শরীফে গেলেও নাকি একই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। এ ধরনের বক্তব্যকে তারা ‘ধর্মীয় বিভ্রান্তি’ ও ‘পবিত্র স্থান সমূহের অবমাননা’ হিসেবে দেখছেন।
এ ঘটনায় কথিত পীরের ছোট ভাই ইসলাম উদ্দিনসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গিয়াস উদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন পীর হিসেবে প্রচার করে সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে অর্থ আদায় করে আসছেন।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, তার বক্তব্য ও কর্মকাণ্ড ইসলামের মৌলিক আকিদা ও শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক। অভিযোগের সবচেয়ে স্পর্শকাতর অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে পবিত্র মদিনা শরীফ অবমাননার প্রসঙ্গ। অভিযোগপত্রে বলা হয়, কথিত পীর ভক্তদের সামনে নিজের শারীরিক অবস্থার সঙ্গে পবিত্র মদিনা শরীফের তুলনা করে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যকে তারা ‘অত্যন্ত আপত্তিকর, বিভ্রান্তিকর ও হৃদয়বিদারক’ বলে আখ্যা দেন। অভিযোগকারী ইসলাম উদ্দিন বলেন, “পবিত্র মদিনা শরীফের সঙ্গে কোনো মানুষের শরীরের তুলনা করা মারাত্মক ধর্মীয় অবমাননার শামিল। এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
অভিযোগে আরও বলা হয়েছে, দরবার শরীফে নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি করা হয়, যা ইসলামী অনুশাসনের পরিপন্থী। কথিত পীর ও তার স্ত্রী মাহিমা বেগমের বিরুদ্ধে অশ্লীল কার্যকলাপ, মদ ও গাঁজা সেবনসহ নানা কুরুচিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব কর্মকাণ্ড ইচ্ছাকৃতভাবে পরিচালিত হয় ভক্তদের আকৃষ্ট করার কৌশল হিসেবে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দরবার শরীফে নিয়মিতভাবে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ‘নজরানা’ হিসেবে আদায় করা হচ্ছে। পরে এসব অর্থ দেশের বাইরে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারী ইসলাম উদ্দিন বলেন, “এই দরবারটি মূলত একটি বাণিজ্যিক প্রতারণা কেন্দ্র। ধর্মীয় আবরণে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে তা বিদেশে পাচার করা হচ্ছে। এর ফলে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
অভিযোগকারীদের মতে, এই দরবারের কার্যক্রম সামাজিক ও মানসিকভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে। এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দরবার শরীফে নিয়মিত যাতায়াতের ফলে অনেক মানুষ পারিবারিক কলহ, আর্থিক সংকট ও সামাজিক বিচ্ছিন্নতার শিকার হয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, দরবারের বিরোধিতা করায় তাদের হুমকিও দেওয়া হয়েছে।
এলাকাবাসীর একটি অংশ মনে করছেন, এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড অব্যাহত থাকলে সমাজে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে দরবার শরীফের কার্যক্রম বন্ধ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগপত্রে এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও ধর্মপ্রাণ মানুষের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা প্রত্যেকেই অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। অভিযোগকারীরা বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তারা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তারা।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে কথিত পীর গিয়াস উদ্দিন তালুকদারের বক্তব্য জানার জন্য একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ছাতকসহ সুনামগঞ্জ অঞ্চলে বিভিন্ন দরবার ও কথিত পীরকেন্দ্রিক কর্মকাণ্ড নিয়ে এর আগেও নানা বিতর্ক ও অভিযোগ উঠেছে। সচেতন মহল মনে করছেন, ধর্মীয় বিশ্বাসের নামে প্রতারণা ও বিভ্রান্তি রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি। বর্তমান অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হলে তা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।