জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। যে ব্যক্তি মারা গেছেন তিনি এই এলাকার না। তাই তাকে কেউ চিনতে পারছেন না।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।




২১ ঘণ্টা পরও উদ্ধার হয়নি শিশু স্বাধীন, চলছে টানা অভিযান

ডেস্ক নিউজঃ রাজশাহীর তানোরে গভীর নলকূপের একটি পরিত্যক্ত গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু স্বাধীন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি জমিতে এ দুর্ঘটনা ঘটে।

গর্তটির গভীরতা প্রায় ৩৫ ফুট। ঘটনার ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস জানায়, তখনও শিশুটি জীবিত ছিল। তবে সময় যত গড়াচ্ছে, তার বেঁচে থাকার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।

এদিকে রাতভর ও ভোর থেকে এলাকাবাসীর ভিড় বাড়ছে উদ্ধারস্থলে। সবার মুখে একটাই আশার কথা—শিশুটি যেন জীবিত ফিরে আসে। স্থানীয় প্রশাসন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস টিম—সবাই মিলে সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে গর্তের প্রায় ২৫ ফুট পর্যন্ত খনন করা হয়েছে; আরও প্রায় ১০ ফুট খনন কাজ সম্পন্ন হলে শিশুটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম স্বাধীন (২)। তার বাবা রাকিব উদ্দীন একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীন জানান, দুপুরের দিকে জমিতে আটকে যাওয়া একটি ট্রলি দেখতে রাকিব ও তার স্ত্রী তাদের সন্তানকে সঙ্গে নিয়ে মাঠে যান। এ সময় স্বাধীন মায়ের কোলে থেকে নেমে হাঁটছিল। হঠাৎ পরিত্যক্ত গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায় সে।

তারা আরও বলেন, শিশুটির মা-বাবা নিজ উদ্যোগে উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছে।

শিশুটির মা রুনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ট্রলিটার দিকে তাকাতে গিয়েছিলাম। আমার বাচ্চা কোল থেকে নেমে পড়ে যায়। গর্তের ভেতর থেকে ‘মা, মা’ বলে কান্নার শব্দ শুনেছি। আমি তাকে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না। আল্লাহ, আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দাও।” এতটুকু বলতে বলতেই তিনি ভেঙে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, নলকূপের মালিক তাহের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ডিপের পাইপটি মুখ খোলা অবস্থায় রেখেছিলেন। কোনো সতর্কতামূলক চিহ্ন না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ বলেন, বাচ্চাটি উদ্ধারের জন্য ৫ ঘণ্টা ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে বাচ্চাটি জীবিত উদ্ধার করা যাবে। ২১ ঘন্ট হলো উদ্ধার কাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি টিম নিয়ে আসা হয়েছে। এছাড়াও রাজশাহী থেকেও এসেছে এই উদ্ধার তৎপরতা জোরদার করা জন্য। এখন দেখা যাক শিশুটি জীবিত আছে কি না!

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, বিষয়টি দুঃখজনক। সবাই দোয়া করুন, বাচ্চাটি যেন উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।




বীর মুক্তিযোদ্ধাসহ ৫২ জনের বিএনপিতে যোগদান সম্পন্ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী ও কলেজ শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫২ বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার বেলা ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

৫২ জনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আছেন- হাজী আফতাব উদ্দিন, মো. আলাউদ্দিন, আফাজ উদ্দিন সরকার, কফিল উদ্দিন, মফিজ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান ও আমিনুল হক। অন্যদের মধ্যে আছেন ব্যবসায়ী হুমায়ুন সরকার, শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক সেলিম মোল্লা, অধ্যাপক আব্দুল হান্নান শেখ।

তাদের যোগদান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবিরসহ অন্যরা।




জাতীয় পতাকার মর্যাদাহানিতে লালমনিরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ বিজয়ের মাস ডিসেম্বর। গতকাল ছিল ৯ ডিসেম্বর-সরকারি পূর্ণ কর্মদিবস। অথচ লালমনিরহাট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গতকালও উত্তোলন করা হয়নি বাংলাদেশের জাতীয় পতাকা।

দুপুর ২টায় সরেজমিনে গেলে দেখা যায়, পতাকা উত্তোলনের স্ট্যান্ডটি ফাঁকা পড়ে আছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরে ওই কার্যালয়ে দায়িত্বে থাকা আনসার সদস্য মোজাম্মেল নামের একজনকে দ্রুত পতাকা উত্তোলন করার চেষ্টা করতে দেখা যায়।

বাংলাদেশের ‘জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত-২০২৩)’ অনুযায়ী, সকল সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম আছে। তবে এ নিয়ম মানা হচ্ছে না আঞ্চলিক পাসপোর্ট অফিস লালমনিরহাটে।

স্থানীয়দের অভিযোগ, জাতীয় পতাকা শুধু কাগজে নয়, বাস্তবেও সম্মান পাওয়ার কথা।

অথচ আমাদের অফিসগুলোতেই এই অবহেলা দেখা যাচ্ছে। নতুন ভবন নির্মাণের পর থেকে পাসপোর্ট কার্যালয়ে নিয়মিত পতাকা না তোলার বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।

পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের যুবক শফিউল্লাহ বলেন, লালমনিরহাটের সব সরকারি অফিসেই জাতীয় পতাকা উড়তে দেখি।

পাসপোর্ট অফিসে গত ১৫ দিনে দু’বার এসেছি কিন্তু পতাকা উত্তলিত অবস্থায় দেখিনি।

দেশের ৩০ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা তুলতে সমস্যা কী তাদের..?

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী। তিনি বলেন, বিজয়ের মাসে পূর্ণ কর্মদিবসে পতাকা না তোলা দুঃখজনক। এটি অবহেলা নয়, বরং জাতীয় মর্যাদার প্রতি চরম অশ্রদ্ধা। এটি দায়িত্বহীনতা ছাড়া কিছুই নয়। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা।

তবে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেন, পতাকা উত্তোলন সরকার ঘোষিত দিবসগুলোতে বাধ্যতামূলক। সব দিন উত্তোলনের প্রয়োজন নেই। চাইলে টাঙাতে পারে, তবে প্রতিদিন টাঙানোর কোনো বাধ্যবাধকতা নেই।

স্থানীয়রা বলছেন, সরকারি দপ্তর হিসেবে জাতীয় পতাকা সম্মানের সঙ্গে উত্তোলন করা পাসপোর্ট কার্যালয়ের নৈতিক ও দায়িত্বশীল কর্তব্য। তারা দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন।




২০২৫ সালের “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই” – মাহফুজুর রহমান মামুন

নিজস্ব প্রতিবেদকঃ ডিসেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। জাতি, লিঙ্গ, বয়স বা সামাজিক পটভূমি নির্বিশেষে আমাদের প্রত্যেকের জন্য যে সার্বজনীন অধিকার রয়েছে তা নিয়ে ভাবার এটি একটি মুহূর্ত। এই অধিকারগুলির মধ্যে রয়েছে মত প্রকাশের স্বাধীনতা, আইনের সামনে সমতা, শিক্ষার সুযোগ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, স্বাস্থ্য ও সুস্থতার অধিকার।
যদিও আমরা প্রায়শই মানবাধিকারকে ন্যায়বিচার এবং স্বাধীনতার বিষয়গুলির সাথে যুক্ত করি, স্বাস্থ্য মর্যাদার সাথে জীবনযাপনের জন্য অপরিহার্য। সুস্বাস্থ্য ব্যক্তিদের ক্ষমতায়ন করে, সম্প্রদায়কে শক্তিশালী করে এবং মানুষের উৎপাদনশীল, পরিপূর্ণ জীবনযাপনের ভিত্তি স্থাপন করে। দুর্ভাগ্যবশত, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এখনও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে বাধার সম্মুখীন হয়, যা স্বাস্থ্যকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে সমুন্নত রাখার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেয়।
এই বছর, “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই” প্রতিপাদ্যটি একটি ন্যায্য এবং আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে। এটি ব্যক্তি, সম্প্রদায় এবং সরকারকে মানবাধিকার চ্যালেঞ্জ মোকাবেলার তাৎক্ষণিক গুরুত্ব স্বীকার করার আহ্বান জানায়।
মানবাধিকার কেবল আইনে লিখিত আদর্শ নয়; এগুলি একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং ন্যায়সঙ্গত সমাজের ভিত্তি। তবে, এই অধিকারগুলি প্রায়শই অসমতা, বৈষম্য এবং পদ্ধতিগত বাধার মতো বিষয়গুলির দ্বারা চ্যালেঞ্জিত হয়। আজ মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে, আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি।



লালমনিরহাট যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ- স্বেচ্ছায় সেতু নির্মাণে নজির

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ঝাড়িরঝাড় রত্নাই নদীর দুই গ্রামের মানুষের দুর্দশা লাঘবে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ করেছে জেলা যুবদল।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভেলাবাড়ি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ঝাড়িরঝাড় নামক এলাকায় দুই গ্রামের যাতায়াতে রতনাই নদীর উপরে নির্মিত এ সেতুর উদ্বোধন করা হয়। রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সেতুর উদ্বোধন করেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ফ্যাসিবাদী শাষণের কারণে মানুষের দুঃখ-দুর্দশার প্রতি কোন আন্তরিকতা ছিলনা আওয়ামী লীগের। ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি। যুবদল বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করছে এতে জনদূর্ভোগ কমছে মানুষের।

এলাকাবাসী জানান, কৃষি জমির জন্য সারের বস্তা কিংবা উৎপাদিত ফসল হাটবাজারে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য। একটা সেতু না থাকায় এসব ভোগান্তির সীমা ছিল না। তাছাড়া বর্ষাকালে চরম ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে হতো। জেলা যুবদলের এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ বলেন, স্থানীয়দের দুঃখ দুর্দশার কথা ভেবে জেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ভাসমান এ সেতু নির্মাণ করছি ইতিমধ্যে আমরা তিনটি সেতু নির্মাণ কাজ শেষ করেছি এবং আরো চারটি সেতু করার পরিকল্পনা রয়েছে।

জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী বলেন, পাশ্ববর্তী তিস্তা নদীর পানির সঙ্গে সম্পৃক্ত থাকায় সতি নদীর পানিও ওঠা নামা করে। তাই বাঁশ বা কাঁঠের সেতু নির্মাণসহ বিভিন্ন স্বেচ্ছাশ্রম কাজ করে যাচ্ছে জেলা যুবদল। মানুষের পাশে থাকা ও সমস্যা সমাধানে কাজ করাই যুবদলের লক্ষ। এই ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলসহ ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।




সুন্দরবনে অভিযান: অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার, শিকারী আটক

মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ জিম্মি জেলে উদ্ধার ও হরিণের মাংসসহ চোরা শিকারী আটক হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে- এ তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮ টার দিকে কোস্টগার্ড কয়রা সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় অভিযানকারীরা ওই এলাকা হতে ১ টি একনালা বন্দুক, ১ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলিসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করে। সে সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত অস্ত্র ও গুলি জব্দের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকারীরা ওই এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ হরিণ শিকারিকে আটক করে। জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত রাখবে।




লালমনিরহাটে দ্বিতীয় দফায় হরিজনদের মানববন্ধন, নিয়োগ বাতিলের দাবিতে উত্তাল রাজপথ

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় বসবাসরত হরিজন (সুইপার) সম্প্রদায়।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের ২টি সুইপার কলোনির প্রায় ২ শতাধিক মানুষ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে প্রথমে মিশন মোড়ে মানববন্ধন, পরে ডিসি অফিসে সমবেত হয়। পরে সেখানে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন তারা।

এর আগে গতকাল একই দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছেন তারা। বক্তারা বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংস্থাপন শাখায় ৭টি পদের অনুকুলে ৩৯ জনকে নিয়োগের জন্য গত ১৩ এপ্রিল ২০২৫ ইং  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ইং নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যার মৌখিক পরীক্ষা রবিবার (৭ ডিসেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজ্ঞাপ্তিতে ৬ জন পরিচ্ছন্নকর্মীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তারা অভিযোগ করে বলেন, লালমনিরহাট ডিসি অফিসে ওই ৩৯ জন স্টাফ নিয়োগে লালমনিরহাট জেলা প্রশাসক এ এচই এম রকিব হায়দার তাদের সঙ্গে বৈষম্য করেছেন। ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র কঠিন করে কৌশলে তাদের বাতিলের চেষ্টা করা হচ্ছে।

তারা বলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম ও লালমনিরহাট জেলা প্রশাসক এ এইচ এম রকিব হায়দার যোগসাজশে ওই দিন রাত ৩ টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন।

এ ফলাফলে প্রকৃত চাকরিপ্রার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা আহবানের দাবি জানান।




কুমিল্লায় বৃদ্ধা ধর্ষণ মামলায় এক যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামে ভিক্টিমের বাড়িতে।

ফয়সাল উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামের মো. জিয়ার ছেলে। সে পেশায় একজন ট্রাক হেলপার। রবিবার (৭ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাতে ভিক্টিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল সেখানে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার নানা প্রলোভন দেখায় ও চাপ সৃষ্টি করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন। রাত ৯টায় দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে। ভিক্টিমের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দীন বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।




বরিশালে ট্রাক চাপায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে ফেরার পথে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় স্বর্ণ ব্যবসায়ী মোটরসাইকেল চালক স্বামী নিহত হয়েছে। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আউলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নবীন হালদার (৩৫) বরিশালের উজিরপুর উপজেলার পীরের পাড় এলাকার নিগম হালদারের ছেলে। নবীন ঢাকায় স্বর্ন ব্যবসায়ী বলে জানিয়েছেন পটুয়াখালীর লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের এসআই মো. শাহাদাত।
তিনি জানান, মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যায় নবীন হালদার। সেখান থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর দত্তপাড়া এলাকায় পৌছুলে কুয়াকাটাগামী একটি ট্রাক মোটর সাইকেল চাপা দেয়। এতে স্বামী ও স্ত্রী দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক নবীনকে মৃত ঘোষনা করেছেন। আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই শাহাদাত আরো বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। পরিবার সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।