গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এরইমধ্যে কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। পরে কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটে।

 

সকালে সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকারা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া। প্রয়োজনে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

 

জানা যায়, বেতন বাড়ানোর দাবিতে দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন।




পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও মহাসড়কে শ্রমিকরা

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সংঘর্ষের পর আবারও সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে ঘটনাস্থলে  চরম উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবস্থান শুরু করেন শ্রমিকরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শনিবার দুপুরে ‘ইন্টারস্টপ পোশাক কারখানার’ শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের ডিভাইন টেক্সটাইলসহ কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন জ্বালানো হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, কয়েক দিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তারা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।

এদিকে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত শিল্পাঞ্চলের অন্তত ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।

অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুপুরের পর কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ দেন। তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তাদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ পরিস্থিতিতে আশপাশের ১২ থেকে ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।




নড়াইলের লোহাগড়া উপজেলার নিখোঁজ প্রতিবন্ধী কিশোরী উদ্ধার, মোটরসাইকেল চালক আটক।

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকা থেকে নিখোঁজ হওয়া সুহানা (১৪) নামে এক বহুমাত্রিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে বহনকারী মোটরসাইকেল ও চালককেও উদ্ধার করা হয়েছে।

আজ বেলা ১১টার দিকে বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে করে সুহানাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সে মোঃ এনামুল বিশ্বাস ও আন্নি খানমের মেয়ে। তাদের বাড়ি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ ঠাকুরের বাড়ির পাশে।

ঘটনার বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে অবহিত করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম নড়াইল জেলা ট্রাফিক টিমকে বিষয়টি জানান। পরে সমন্বিত তৎপরতায় নড়াইলের ভূমদদিয়া এলাকা থেকে কিশোরী সুহানাকে মোটরসাইকেল ও চালকসহ উদ্ধার করা হয়।




১২০০ পিস ইয়াবা উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ : ময়মনসিংহ শহরে ইয়াবা কেনাবেচার প্রস্তুতির সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা মনিরুল ইসলাম (৩০) ময়মনসিংহ সদরের চর ঘাগড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার হওয়া বাকি চারজন হলেন—ত্রিশাল উপজেলার শাকির হোসেন (২৫), ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার জাকিরুল ইসলাম (৩২), সদরের ঘাগড়া ইউনিয়নের সজীব মিয়া (২০) এবং শহরের সারদা ঘোষ রোড এলাকার উৎসব সিং সাগর (২৮)।

মামলার এজাহার থেকে জানা যায়, সেওড়া মুন্সিবাড়ি এলাকায় ইয়াবা কেনাবেচার গোপন সংবাদ পেয়ে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টার সময় পাঁচজনকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় উক্ত ইয়াবা। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, চক্রটি নিয়মিত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এরা কোথায় থেকে ইয়াবা সংগ্রহ করত এবং কোথায় সরবরাহ করত, সে বিষয়ে তদন্ত চলছে। এদিকে ঘটনাটি জানার পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম জানান, বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হয়েছে এবং ব্যক্তির অপরাধের দায় দল নেবে না উল্লেখ করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজিজুল হাকিম আরও বলেন, ‘আমরা কমিটি গঠনের সময় প্রত্যেকের বিষয়ে যাচাই-বাছাই করেই কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলাম। সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সেটি জানা ছিল না। এখনকার বাস্তবতায় যদি কেউ খারাপ কাজে যুক্ত হয়, দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা কোনো খারাপ কাজকে উৎসাহিত করি না।’




পাঁচ গ্রামে বাঘের পায়ের ছাপ, ড্রোন উড়িয়ে তল্লাশি, আতঙ্ক

ডেস্ক নিউজ : বাগেরহাটের শরণখোলায় বাঘ আতঙ্কে গত দশ দিন ধরে পাঁচ গ্রামের মানুষ রাতের বেলা ঘর থেকে বের হচ্ছেন না।

সর্বশেষ বুধবার (২৮ অক্টোবর)  দুপুরে শরণখোলা গ্রামের ধানক্ষেতে একটি বাঘের বাচ্চার দেখা মিলেছে বলে জানিয়েছে এলাকাবাসী। এর আগে গত ১৯ অক্টোবর সকালে সুন্দরবন সংলগ্ন পানিরঘাট (শরণখোলা) এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান করছে বনবিভাগ।

বুধবার বিকেলে সরেজমিনে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ।

শরণখোলা গ্রামের মহিউদ্দিন খান বলেন, ‘বুধবার দুপুর ২টার দিকে গ্রামের ধানক্ষেতের পাশে পুকুরে হাঁসের ডাকাডাকি ও অস্থিরতা দেখে এগিয়ে গিয়ে পুকুর পাড়ে  একটি বাঘের বাচ্চা দেখতে পাই। হাঁকডাক দিয়ে ঢিল ছুড়লে বাঘের বাচ্চাটি ধানক্ষেতে ঢুকে যায়।’

সোনাতলা গ্রামের বাসিন্দা কবির হাওলাদার ও গৃহবধূ রুমানা বেগম জানান, গত দশদিন আগে সুন্দরবন থেকে ভোলানদী সাঁতরে বাচ্চাসহ বাঘ লোকালয়ে এসে রাতের অন্ধকারে শরণখোলা, সোনাতলা, পূর্ব সোনাতলা, মডেলবাজার ও পানিরঘাট এলাকার ধানক্ষেতসহ বাগান বাড়ির আশেপাশে বিক্ষিপ্তভাবে বিচরণ করার বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। অনেকে বাঘের পায়ের ছাপ মাটি খুঁড়ে বাড়িতে নিয়ে সংরক্ষণ করছেন বলে তারা জানালেন।

সোনাতলা গ্রামের আবু রাজ্জাক আকন বলেন, শরণখোলা, সোনাতলা, পূর্ব সোনাতলা, মডেলবাজার ও পানিরঘাট এলাকার মানুষজন বাঘের ভয়ে রাতের বেলা বাইরে বের হচ্ছেন না।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে বাঘের সন্ধানে ওই এলাকার ধান খেতে কয়েক দফা ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। বাঘের সন্ধান পাওয়া যায়নি। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হয়েছে এবং বনরক্ষীসহ ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে এসিএফ জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বুধবার রাতে ইত্তেফাক ডিজিটালকে বলেন, শরণখোলার লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে শরণখোলা রেঞ্জ কর্মকর্তাসহ বনরক্ষীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে যাবো।




রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা মোজাফফর (৪০), গোলাপি (৩৫), আলমগীর (৪০) (তারা তিনজনই ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন) ও বাসের হেলপার আপেল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীতে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে নামেন। বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন যাত্রীর মৃত্যু হয়।

মিঠাপুকুরের বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় মোট চারজন মারা গেছেন। আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।




লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

ডেস্ক নিউজ : বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় এক মাদ্রাসাছাত্র ও এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া (বর্তমানে হেডম্যান পাড়া) এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে হেডম্যান পাড়ায় যাওয়ার পথে বজ্রপাতে আক্রান্ত হন মং প্রু মারমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে কর্মরত ছিলেন। তার মায়ের নাম মাবু মারমানি।

অন্যদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয় শিশু সজিব। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজিব বড়ছনখোলা তালিবুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার মায়ের নাম বেবী আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই জামিল আহমেদ। এক দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




ভারত থেকে আসা বাঘের আক্রমণে লালমনিরহাট সীমান্তে ৩ বাংলাদেশি আহত

ডেস্ক নিউজ : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারত থেকে আসা একটি বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বাঘটির আক্রমণে তিনজন আহত হন।

আহতরা হলেন- আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম। নজরুল ইসলামের বাবার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে গিয়ে সেটিকে ঘাস খেতে দেখেন। পরে ছাগলটির কাছে গেলে বাঘটি তার ওপর আক্রমণ করে। এ সময় আরও দুজন বাঘটির আক্রমণে আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-মেডিকেল কমিউনিটি অফিসার মামুন রহমান জানান, বাঘের আক্রমণে আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসছেন বলেও জানান তিনি।

বিজিবি জানায়, হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১৫ বিজিবির অধিনায়কসহ বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান করছে।

এদিকে, বাঘটি বর্তমানে কোথায় রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাঘটির অবস্থান শনাক্ত করে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ জরুরি।

যোগাযোগ করা হলে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।




খাসজমি উদ্ধারে প্রশাসনের টানা তিন দিনের অভিযান, আগাম নোটিশ না দেওয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী এলাকায় সরকারি খাসজমিতে নির্মিত মৎস্যঘের উচ্ছেদে অভিযান চালিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে টানা তিন দিন অভিযান চালিয়ে কয়েকটি মৎস্যঘেরের বাঁধ কেটে দেওয়া হয়েছে। এতে ঘেরের মাছ নদীতে চলে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন মৎস্যচাষি ও ঘের মালিকেরা।

শরীয়তপুরের ফেরিঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এসব মৎস্যঘের গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, একটি চক্র সরকারি খাসজমিতে ঘের নির্মাণ করে পরে সাধারণ ব্যবসায়ী ও মৎস্যচাষিদের কাছে সেগুলো লিজ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল।

স্থানীয়দের অভিযোগ, মমিন দিদার নামের এক ব্যক্তি এসব ঘের নির্মাণ ও পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী স্থানীয় নেতার সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘেরের বাঁধ কেটে দেওয়ার পর মাছ নদীতে ছড়িয়ে পড়লে চাঁদপুর ও শরীয়তপুরের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সেখানে মাছ ধরতে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘের মালিকদের দাবি, অনেকে এসব মাছ কম দামে বিক্রি করেছেন। এতে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কেউ কেউ ক্ষতির পরিমাণ শতকোটি টাকা বলে দাবি করেছেন। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

চাঁদপুর জেলা প্রশাসনের দাবি, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্যঘেরের বাঁধের বিভিন্ন অংশ কেটে দিয়ে মেঘনা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং সরকারি খাসজমি অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত ঘের মালিক ও মৎস্যচাষিদের অভিযোগ, কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই তাদের ঘেরের বাঁধ কেটে দেওয়া হয়েছে। এতে চাষ করা বিপুল পরিমাণ মাছ নদীতে চলে যায়। তাদের দাবি, আগে থেকে নোটিশ দিয়ে সময় দেওয়া হলে মাছ সরিয়ে নেওয়া সম্ভব হতো এবং ক্ষয়-ক্ষতি অনেকটাই কমানো যেতো।

একজন ঘের মালিক অভিযোগ করে বলেন, ‘শুধু আমাদের ঘেরের বাঁধ কাটা হয়নি, মাছের জন্য আনা খাবারও পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমরা আরও বেশি ক্ষতির মুখে পড়েছি। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি।’

ঘের মালিকরা আরও বলেন, শরীয়তপুর ও চাঁদপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত কাগজপত্র নিয়ে তারা সেখানে মৎস্য চাষ করছিলেন। জমির কোনো অংশ সরকারি খাসজমি হলে প্রশাসন তাদের নোটিশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতো। কিন্তু আগাম নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তাদের দাবি, মৎস্যঘেরগুলোর কিছু অংশ চাঁদপুর এবং কিছু অংশ শরীয়তপুর জেলার সীমানার মধ্যে পড়েছে। দুই জেলার সীমানা নিয়ে জটিলতার কারণে তারা প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা পাচ্ছেন না। এ অবস্থায় দ্রুত সীমানা নির্ধারণ, ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ, ক্ষতিপূরণ এবং আইনসম্মতভাবে মৎস্য চাষের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শরীয়তপুরের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে দুই জেলার সীমানা সঠিকভাবে নির্ধারণ করা প্রয়োজন। ঘেরের কোন অংশ চাঁদপুর এবং কোন অংশ শরীয়তপুরের সীমানার মধ্যে পড়েছে, তা নির্ধারণের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। শরীয়তপুরের সীমানায় থাকা অংশে বিধি মেনে মৎস্য চাষের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, ঘের কেটে দেওয়ার ঘটনায় কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন ঘের মালিকেরা। তাদের আহ্বান, দুই জেলার প্রশাসন যৌথভাবে সীমানা জটিলতার সমাধান করে ক্ষয়-ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিক।




শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স পঞ্চমবারের মতো শনিবার গণনা করা হয়েছে। ৩৫ দিন পর দানবাক্স খুলে মিলেছে প্রায় সাড়ে ৮৮ লাখ টাকা। এ ছাড়া মিলেছে স্বর্ণ এবং ১৮টি দেশের মুদ্রা।

শনিবার মাগরিবের নামাজের পর বাক্সে পাওয়া দানের হিসাব ঘোষণা করেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

এদিন সকাল ৯টা থেকে হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে বসানো ৩টি দানবাক্স ও ৩টি ডেগ থেকে টাকা সংগ্রহ শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্স ও ডেগের সিলগালা খুলে সংগ্রহ করা হয় টাকা। পরে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী মিলে দিনভর সেগুলো গণনা করেন। সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন প্রাপ্ত দানের হিসাব ঘোষণা করেন।

তিনি জানান, এবার দান হিসেবে মিলেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা, ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ, ৩ ভরি ১৩ আনা রৌপ্য, ব্রিটিশ ১৪ পাউন্ড, ভারতীয় রুপি ৭ হাজার ৬৪৭, থাইল্যান্ডের ২০ বাথ, সৌদি আরবের ৯৩ রিয়াল, মালয়েশিয়ার ১১ রিঙ্গিত, ২৯ মার্কিন ডলার, ওমানের ১৩৫০.৫০ রিয়াল, আরব আমিরাতের ৬৫ দেহরাম, মালদ্বীপের ১৫ রুফিয়া, কাতারের ১৭ রিয়াল, ৭.৩৩ ইউরো, বাহরাইনের ১ দিনার, হংকংয়ের ১০ ডলার, ব্রুনাইয়ের ১ ডলার, নেপালের ৫৫ রুপি, পাকিস্তানের ১০০ রুপি, রাশিয়ান ৫০ রুবল ও শ্রীলঙ্কান ৫০০ রুপি। এ ছাড়া দান হিসেবে ৭টি গরু ও ৩১০টি ছাগল পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত ১৯ সেপ্টেম্বর ৩৪ দিন পর চতুর্থবারের মতো দানবাক্স খোলা হয়েছিল। ওই সময় পাওয়া গিয়েছিল ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, স্বর্ণ ও বিভিন্ন দেশের মুদ্রা।