‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার সহশিল্পী ‘রূপা’ ছবির অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে বিনোদনপাড়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গোবিন্দ ও কোমলকে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজার মণ্ডপে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে জোর জল্পনা-কল্পনা শুরু হয়।

এর ধারাবাহিকতায় গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার পাশে দাঁড়িয়ে এবার সরাসরি কোমল রানি স্বর্ণকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ‘ড্রামা কুইন’ খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

গত শনিবার নিজের ও গোবিন্দের মধ্যকার সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের জবাবে কোমল একটি বেশ কড়া বার্তা পোস্ট করেন। মুম্বাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোমলের সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাখি এবং তাকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দেন।

সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় রাখি গোবিন্দের ওপর নিজের চরম ক্ষোভ প্রকাশ করেন। এমনকি ছেলেবেলা থেকে প্রেক্ষাগৃহে গিয়ে গোবিন্দের সিনেমা দেখার পেছনে যে টাকা খরচ হয়েছে, তাও ফেরত চান তিনি। রাখি বলেন, আমি মারাত্মক রেগে আছি। গোবিন্দাজি, প্রথম কথা হলো আমার ৬৫,৯৯৯ রুপি ফেরত দিন। ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, আপনি আমার প্রিয় নায়ক ছিলেন। কিন্তু এখন আমি টিকিটের সমস্ত টাকা ফেরত চাই। সুনীতাজির সঙ্গে আপনি যা করছেন তা চরম অন্যায়। আমি সত্যিই অত্যন্ত মর্মাহত। এমনকি তিনি আমার সম্পর্কেও কথা বলেছেন এবং বলেছেন যাদের ডিভোর্স হয়েছে তাদের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। আমার জীবনকাহিনি অনেক কষ্টের এবং আমি এক কঠিন বিচ্ছেদের মধ্য দিয়ে গেছি। কিন্তু আপনি নিজের এক সুন্দর সুখী দাম্পত্যজীবন ছেড়ে কাদায় কমল দেখতে চলে গেলেন! চিচি ভাইয়া, এটি আপনাকে মোটেও মানায় না।

গোবিন্দের এই পদক্ষেপ দেশের অসংখ্য মানুষকে ব্যথিত করেছে উল্লেখ করে তার চার দশকের দাম্পত্যজীবনের কথা মনে করিয়ে দেন রাখি। তিনি গভীর ক্ষোভের সঙ্গে বলেন, একদম গুরুত্ব দিয়ে বলছি গোবিন্দাজি, পুরো দেশ আজ আপনার ওপর অসন্তুষ্ট। যে নারী আপনাকে বিয়ে করে দুটো সন্তানের জন্ম দিলেন এবং দীর্ঘ ৪০ বছর ধরে আপনার সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকলেন, আপনি তাকে এভাবে ফেলে দিলেন?

চলমান বিতর্কে কোমলের উপস্থিতি ও অন্যান্য তারকাদের নিয়ে তার মন্তব্য প্রকাশের কঠোর সমালোচনা করেন রাখি। কোমলকে উদ্দেশ করে তিনি বলেন, আর এই কোমল আবার কে? সে আমাকে নিয়ে বাজে কথা বলছে এবং অন্যান্য তারকাদের সম্পর্কেও নোংরা মন্তব্য করছে। চিচি ভাইয়াই তো তাকে ওড়ার জন্য ডানা দুটো মেলে দিয়েছেন। শোনো কোমল, আমার সঙ্গে একদম লাগতে এসো না। আমি কিন্তু সুনীতা নই, তোমাকে একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলব। শান্তিতে নিজের সিনেমার কাজ করো রাক্ষসী, স্বামী চোর! তুমি একটা মানুষের ভরা সংসার ভেঙে তছনছ করে দিলে।

গোবিন্দ সুনীতার প্রতি বিশ্বস্ত থাকতে না পারলে কোমলের প্রতি কীভাবে অনুগত থাকবেন—এমন প্রশ্ন তুলে রাখি আরও বলেন, তুমি ভেবেছো একজন ধনী লোককে পটিয়ে গোল্ড ডিগার বনে যাবে, তার টাকা নিয়ে সিনেমা বানাবে আর কপালে তার নামের সিঁদুর পরবে? যে মানুষটি সুনীতার সঙ্গে বিশ্বস্ত থাকতে পারল না, সে তোমার সঙ্গে কীভাবে বিশ্বস্ত থাকবে?

এর আগেও গোবিন্দের এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন রাখি। তখন তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, সুনীতা আহুজার সঙ্গে তার ব্যক্তিগতভাবে ফোনে কথা হয়েছে এবং গোবিন্দ নাকি কোমলকে বিয়ে করার পরিকল্পনা করছেন—এমন গুঞ্জন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

এদিকে গোবিন্দ, সুনীতা ও কোমল রানি স্বর্ণকারকে ঘিরে তৈরি হওয়া এই হাইপ্রোফাইল বিতর্ক ঘিরে বলিউডের অন্যান্য তারকারাও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। গত সপ্তাহেই অভিনেত্রী কাশ্মীরা শাহ ‘সংসার ভাঙনে যুক্ত ব্যক্তিদের’ নাম না করে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। এ ছাড়া প্রযোজক ও অভিনেত্রী দিব্যা খোসলাও সম্প্রতি এই বিষয়টি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন।




‘বিগ থ্রি’-র আপত্তির মুখে সরে এলো আইসিসি

খেলাধুলা ডেস্কঃ দীর্ঘদিন ধরে আলোচনা পরও ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ চালুর পরিকল্পনা থেকে সরে এলো আইসিসি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিরোধিতার কারণে এই শীর্ষ সংস্থার পরিকল্পনাটি অন্তত ২০৩১ সাল পর্যন্ত আটকে গেছে। এর কারণে তারা অন্য কোনো বহুপাক্ষিক টুর্নামেন্টও চালু করবে না।

বিট্রিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড উল্লেখ করেছিলেন, ‘চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি’-র মতো একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে, যেখানে বিশ্বের প্রধান ঘরোয়া লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলো একে অপরের মুখোমুখি হবে। আইপিএল, পিএসএল, বিবিএল, এসএ২০ এবং ‘দ্য হান্ড্রেড’-এর মতো শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে এতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল।

তবে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড এই তিনটি বোর্ড ২০২৭-২০৩১ মেয়াদের ‘ফিউচার ট্যুর প্রোগ্রাম’ (এফটিপি) বা ভবিষ্যৎ সফরসূচি আগেই চূড়ান্ত করে ফেলেছে। ফলে এই চক্রের মধ্যে ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের কোনো সুযোগ থাকছে না। আইসিসি এবং অন্যান্য বোর্ড সদস্যদের মধ্যে বেশ কয়েক মাস ধরে এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলেছে। গত সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির অপারেশনস মিটিংয়ে নিশ্চিত করা হয়েছে, নতুন কোনো টুর্নামেন্ট বা ইভেন্ট আয়োজন করা হবে না।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে একটি পরিবর্তন দেখা যেতে পারে, আর তা হলো প্রতিযোগিতায় দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা। ফলে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো নতুন কিছু দল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে শীর্ষ বোর্ড এখনো এই পরিকল্পনা ও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি এবং কমিটির সদস্যদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে এবং নিজস্ব আয়ের উৎস তৈরির লক্ষ্যে আইসিসি নতুন নতুন প্রতিযোগিতার পরিকল্পনা করছে। এই উদ্যোগের ফলে তথাকথিত ‘বিগ থ্রি’ (ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড)-এর সাথে তাদের মতপার্থক্য বা উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই টানাপড়েন সত্ত্বেও একটি বিষয় লক্ষণীয়, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাই বিশ্বব্যাপী ক্রিকেটের মোট আয়ের ৭০ শতাংশ জোগান দেয়; যা একটি বোর্ড হিসেবে তাদের অসামান্য প্রভাব বা ‘সুপারপাওয়ার’ অবস্থানেরই প্রমাণ।

আইসিসি নতুন ধরনের টুর্নামেন্ট ও সিরিজের কিছু প্রস্তাবনা বা ধারণা সামনে এনেছে। এর মধ্যে রয়েছে ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ এবং আন্তর্জাতিক দলগুলোর অংশগ্রহণে চারটি দলের সমন্বয়ে আয়োজিত টি-টোয়েন্টি ‘কোয়াড্রাঙ্গুলার সিরিজ’ (চার দলের সিরিজ)। তবে এ ধরনের টুর্নামেন্ট বা সিরিজ আয়োজনের জন্য খেলার সূচিতে নতুন একটি সময় বা ‘উইন্ডো’ প্রয়োজন, যা বর্তমানে ‘বিগ থ্রি’-র জন্য পাওয়া অসম্ভব।

নব্বইয়ের দশক ও ২০০০-এর দশকের শুরুর দিকে ত্রি-দেশীয় সিরিজ বেশ জনপ্রিয় ছিল, কিন্তু ২০১০ সালের পর এর আকর্ষণ কমে যায়। তবে এটি আবারও শুরু হতে যাচ্ছে; ইংল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে, যেখানে শ্রীলঙ্কাও অংশ নেবে। পাশাপাশি আইসিসি আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে চার দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে। এরপরও ‘বিগ থ্রি’ তাদের সিদ্ধান্তে অনড়। তবে অন্যান্য ছোট দেশগুলো এই নতুন টুর্নামেন্ট ও সিরিজগুলোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।




টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা ফারহান। সদ্য সাবেক অধিনায়ক সালমান আলী আগা শুধু নেতৃত্বই হারাননি, সংক্ষিপ্ত সংস্করণে জায়গাও হারিয়েছেন তিনি।

শাহিবজাদাকে নতুন অধিনায়ক করে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমানের মতো দলে জায়গা হয়নি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফদের মতো তারকারদের। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আছেন ৪ জনই।

এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে তোলার পুরস্কারই যেন পেলেন শাহিবজাদা। যদিও ভারতের কাছে স্বর্ণ হারাতে হয়েছে তাদের। বিপরীতে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।

অন্যদিকে, টি-টোয়েন্টি থেকে বাদ পড়া শাহীন শাহ আফ্রিদিই নেতৃত্ব দেবেন ওয়ানডেতে।

দুই সংস্করণে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক হয়ে ওঠা রাজাউল্লাহ।

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। বাকি দুই ম্যাচ ১১ ও ১৩ অক্টোবর। সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে। এরপরেই শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল

শাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে দল

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।




‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা জাতীয় দলের শিবিরে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। সতীর্থদের কথায় উঠে আসছে মেসির সঙ্গে কাটানো সময়ের স্মৃতি, ভালোবাসা ও বিদায়ের কষ্ট। বাংলাদেশ সময় বুধবার (০৬ অক্টোবর) ভোর ৫টায় বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। মনুমেন্তাল স্টেডিয়ামের এই ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে।

বুয়েনস এইরেসে আর্জেন্টিনা দলের ক্যাম্পে এখন চলছে মেসিকে বিদায় জানানোর প্রস্তুতি। গত পরশু বুরকিনা ফাসোর বিপক্ষে ৭ গোলে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই বড় জয়ের উচ্ছ্বাস ছাপিয়ে দলের ভেতরে এখন বেশি আলোচনায় মেসির শেষ ম্যাচ।

মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, মেসির শেষ সময়টা সতীর্থদের সঙ্গে আনন্দে কাটাতে চান তারা। তিনি বলেন, তারা একসঙ্গে বারবিকিউ খাবেন এবং মেসির সঙ্গে এই দিনগুলো উপভোগ করবেন। মেসির বিদায়টা দারুণ হোক এবং তিনি যেন শেষ ম্যাচটি উপভোগ করতে পারেন, সেটিই সতীর্থদের চাওয়া।

মেসির সঙ্গে আগে কখনো একই ড্রেসিংরুম ভাগ না করা ২২ বছর বয়সী ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রোর কাছে এই মুহূর্তটি আরও বিশেষ। ছোটবেলা থেকে মেসিকে দেখে বেড়ে ওঠা এই তরুণ বলেছেন, মেসিই তাকে ফুটবলের প্রতি ভালোবাসা এবং জাতীয় দলের জার্সির গুরুত্ব বুঝতে শিখিয়েছেন। তবে মেসির বিদায় তাকে একই সঙ্গে আনন্দিত ও দুঃখিত করছে।

রাইটব্যাক অগাস্তিন হিয়াইয়ের কাছেও মেসির বিদায়ের রাতটি হবে আবেগের। তার মতে, দিনটি যেমন দুঃখের, তেমনি আনন্দেরও। কারণ মেসি তার প্রাপ্য সম্মান নিয়ে জাতীয় দলকে বিদায় জানাতে পারছেন।

মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্তিয়ানি অবশ্য মেসির বিদায়ের বিষয়টি এখনো সহজভাবে নিতে পারছেন না। মেসিকে দেখে বড় হওয়া এই ফুটবলার বলেছেন, জাতীয় দলে মেসির অনুপস্থিতি বড় শূন্যতা তৈরি করবে।

২৩ বছর বয়সী ফরোয়ার্ড মাতিয়াস সুলের কাছেও মেসির শেষ ম্যাচে উপস্থিত থাকা সৌভাগ্যের। একই ড্রেসিংরুম ভাগ করার অভিজ্ঞতাকে বিশেষ উল্লেখ করে তিনি বলেছেন, মেসি পুরো বিশ্বের একজন আদর্শ এবং আর্জেন্টিনা জাতীয় দলের নায়ক। তাই তার বিদায়ের মুহূর্ত একই সঙ্গে দুঃখের ও চমৎকার।

মেসির ঘনিষ্ঠ বন্ধু ও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও আবেগ ধরে রাখতে পারেননি। কথা বলার সময় চোখ মুছতে দেখা যায় তাকে। মার্তিনেজ বলেন, মেসি যেন শেষ ম্যাচটি যতটা সম্ভব উপভোগ করতে পারেন, সেটি নিশ্চিত করতে সতীর্থরা তাকে ভালোবাসায় ভাসিয়ে দিতে চান। আনন্দের সঙ্গে বিদায় নেওয়ার মতো পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য।

আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ার শিরোপা, গোল ও রেকর্ডে সমৃদ্ধ। বিশ্বকাপ জয় থেকে কোপা আমেরিকা, জাতীয় দলের জার্সিতে তিনি পেয়েছেন অসংখ্য সাফল্য। তবে বিদায়ের আগে সতীর্থদের চাওয়া খুব বেশি নয়। শেষ ম্যাচে তাঁকে শুধু হাসতে দেখতে চান তারা।

জাতীয় দলের সঙ্গে মেসির দীর্ঘ পথচলার শেষ মুহূর্তে তাই মনুমেন্টালে প্রতিপক্ষ বেনিনের চেয়ে বড় হয়ে উঠছে বিদায়ের আবেগই। সেই রাতে সতীর্থদের চোখে পানি থাকবে, মেসিও হয়তো আবেগ ধরে রাখতে পারবেন না। দীর্ঘদিনের পরিচিত বাড়ি ছেড়ে যাওয়ার রাতে যেমনটা হয়।




সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক নিউজঃ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

গত রবিবার সেখানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসে কর্মরত তার বন্ধু আল আমিন স্বজনদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে সৌদি আরবে যান সজিব। তিনি দীর্ঘদিন ধরে দেশটির জুবাইল শহরে কর্মরত ছিলেন।
সজিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

নিহতের চাচা আবুল কাশেম জানান, সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, আমরা জানতে পেরেছি, সৌদি আরব সময় রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। তার মরদেহ দ্রুত দেশে আনতে এলাকার সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করা হবে। এরই মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের সব তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।




কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি

ডেস্ক নিউজঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের ৯৯ জন রাজস্ব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ সোমবার এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম কাস্টমস, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটসহ বিভিন্ন কমিশনারেটে পদায়ন করা হয়েছে।




বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ডেস্ক নিউজঃ বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। মার্কিন ডলারের দাম বাড়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হলেও যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে অক্টোবরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় দরপতন সীমিত পর্যায়েই থেকেছে। 

সোমবার (৫ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সকাল ১০টা ২২ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩১ দশমিক ৬১ ডলারে নেমে আসে। একই সময়ে ডিসেম্বর মাসের ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৯ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়।

এদিন মার্কিন ডলার সূচক ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ফলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

শুক্রবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। এর পাশাপাশি আগের দুই মাসের নন-ফার্ম পে-রোলের হিসাবেও বড় ধরনের সংশোধন এসেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “দুর্বল শ্রমবাজারের তথ্য অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা কমিয়েছে। এতে স্বর্ণের দামে কিছুটা সমর্থন মিলছে। তবে অক্টোবরে সুদ না বাড়লেও ফেডের সামগ্রিক সুদ বৃদ্ধির চক্র অব্যাহত থাকবে বলে বাজার এখনো ধারণা করছে।”

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন মাত্র ১৮ শতাংশ। অন্যদিকে ডিসেম্বরে সুদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৮৮ শতাংশ।

গত মাসে ফেড তিন বছরের মধ্যে প্রথমবারের মতো নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। রোববার ইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে তারা।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তেলের দাম ও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। এতে স্বর্ণের বাজারেও অস্থিরতা বাড়তে পারে। তেলের দাম, বন্ডের সুদ ও ফেডের নীতির প্রত্যাশায় ওঠানামা থাকায় স্বর্ণের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্য থেকে বাড়তি তেল সরবরাহ এবং জি-৭ দেশগুলোর মজুত থেকে তেল ছাড়ার উদ্যোগে অপরিশোধিত তেলের দামও কিছুটা কমেছে।

এছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৯৪ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম বেড়েছে ০ দশমিক ৫ শতাংশ, দাঁড়িয়েছে ১ হাজার ৭০৬ দশমিক ১৮ ডলারে। প্যালাডিয়ামের দাম অবশ্য ০ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ১৬৫ দশমিক ৪০ ডলার।




সুশাসন ও সংস্কারে বদলেছে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, এসএসসিতে পাস ৮৮.৬৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদকঃ এসএসসি পরীক্ষার ফলাফলে ভালো সাফল্য দেখিয়েছে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ৮৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের এই ফলাফলের পেছনে নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, পড়াশোনার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি বর্তমান এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে সঠিক অভিভাবকত্ব ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে বিদ্যালয়টির বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ছিল বলে জানায় কর্তৃপক্ষ। বর্তমান এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর এসব সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো সংস্কারেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি মো. আশরাফুজ্জাহান জাহান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরে আলমের নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এরই অংশ হিসেবে অভিভাবকদের বসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এডহক কমিটির উদ্যোগ এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শাখার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেছে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পরিধি আরও বাড়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও কাজ চলছে। আগে বিদ্যালয়ে থাকা ছোট অডিটোরিয়ামটি বড় করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করার সংস্কারকাজ চলছে। নতুন অডিটোরিয়ামে প্রায় ৬০০ মানুষের বসার ব্যবস্থা থাকবে। এটি চালু হলে অভিভাবক সমাবেশ, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন আরও সুন্দরভাবে করা সম্ভব হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে উদ্যোগ। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এর মাধ্যমে শ্রেণিকক্ষের পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

মহিলা শিক্ষক ও ছাত্রীদের সুবিধার জন্য পৃথক নামাজের স্থানও তৈরি করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের অন্যান্য প্রয়োজন ও সুযোগ-সুবিধার বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০১৫-১৬ থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত বকেয়া পৌরকর পরিশোধ করা হয়েছে। বর্তমান পর্ষদের উদ্যোগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে মোট ৬৬ লাখ ৬২ হাজার ৮০৬ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানানো হয়।

বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব নিয়েও একটি আইনি বিষয় রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিভ টু আপিল মামলা নম্বর ২৮৩১/২০২৫-এ আদালতের স্ট্যাটাসকো আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরে আলম তাঁর ওপর অর্পিত দায়িত্ব আইন অনুযায়ী পালন করছেন বলে দাবি করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরে আলম বলেন, বিদ্যালয়ের সব কার্যক্রম শিক্ষা বোর্ডের প্রচলিত বিধি ও প্রবিধান মেনেই পরিচালনা করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও আর্থিক জটিলতা সমাধানের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের মধ্যে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রাথমিক শাখার অনুমোদন পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করানো নয়, তাদের খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের পরিবেশ এমনভাবে গড়ে তোলার চেষ্টা চলছে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠানটির ওপর আরও বেশি আস্থা রাখতে পারেন।

মো. নুরে আলম বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা এবং সহযোগিতাই বিদ্যালয়ের উন্নয়নের বড় শক্তি। ভবিষ্যতে শিক্ষার মান আরও বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো ও পরিবেশ উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে প্রশাসনিক শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ফলাফলেও। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৮৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থীর পাস এবং ১৬ জনের জিপিএ-৫ অর্জনকে সেই অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ফল হিসেবে দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

তাদের প্রত্যাশা, চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম শেষ হলে শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে ভবিষ্যতে এসএসসি পরীক্ষার ফলাফল আরও ভালো করার পাশাপাশি বিদ্যালয়টিকে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।




সরকারি জমি দখল ও ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সরকারি জমি দখলে রাখা এবং ভাড়া বাবদ বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের সাবেক উপবিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদও আসামি হচ্ছেন।

দুদক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার, জাল কাগজপত্র তৈরি ও ব্যবহার, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলে রাখা এবং বকেয়া ভাড়া পরিশোধ না করে সরকারি অর্থের ক্ষতি করার অভিযোগে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগে আত্মসাতের পরিমাণ ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা পরস্পরের যোগসাজশে নিজেদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি অন্যদেরও সুবিধা দেওয়ার উদ্দেশ্যে সরকারি সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথি ও রেকর্ডে জালিয়াতির আশ্রয় নেন। এসব নথি ব্যবহার করে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার প্রায় ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি দখলে রাখা হয় বলে দুদকের অভিযোগ।

দুদকের অভিযোগ অনুযায়ী, সরকারি জমি ব্যবহারের বিপরীতে যে ভাড়া বা অর্থ সরকারি কোষাগারে জমা হওয়ার কথা ছিল, তা যথাযথভাবে পরিশোধ করা হয়নি। এর ফলে দীর্ঘ সময়ের বকেয়া ভাড়া, সরকারি সম্পত্তির আর্থিক ক্ষতি এবং অন্যান্য সংশ্লিষ্ট হিসাব মিলিয়ে সরকারের মোট ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা ক্ষতি বা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অন্যতম আসামি মোহাম্মদ শাহ-আলম ফারুক চৌধুরী গণপূর্ত অধিদপ্তরের ঢাকা ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রায় পাঁচ বছর তিনি ওই পদে ছিলেন। দায়িত্ব পালনকালে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার দেখভালের দায়িত্বও তার অধীনে ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বর্তমানে তিনি বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বে থাকার কথা থাকলেও গণপূর্ত অধিদপ্তরের একাধিক প্রকৌশলীর দাবি, তিনি এক বছরের বেশি সময় ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ইতোমধ্যে তিনি কানাডায় অবস্থান করছেন বলেও সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি রয়েছে। তবে বিদেশে অবস্থানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এই প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি।

দুদকের অভিযোগে শুধু সরকারি অর্থ আত্মসাতের বিষয়টিই নয়, নথি জালিয়াতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অভিযোগ অনুযায়ী, আসামিরা সরকারি জমি ও তার ব্যবহার সংক্রান্ত প্রকৃত তথ্য আড়াল করতে ভুয়া রেকর্ডপত্র তৈরি ও ব্যবহার করেন। এসব নথির মাধ্যমে জমিটি অবৈধভাবে দখলে রাখার সুযোগ তৈরি করা হয় এবং সরকারি পাওনা আদায় বাধাগ্রস্ত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডে সরকারি সম্পত্তির মালিকানা ও ব্যবহার সংক্রান্ত তথ্য বিকৃত হওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছে দুদক। একই সঙ্গে সরকারি দায়িত্বে থাকা ব্যক্তির ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দেওয়া হয়েছে কি না, সেটিও মামলার তদন্তে গুরুত্ব পাবে।

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হবে। এসব ধারার মধ্যে সরকারি দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাৎ, প্রতারণা, মূল্যবান দলিল জাল করা, জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার এবং অপরাধে সহযোগিতা বা যোগসাজশের মতো অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

এখানে ৪০৯ ধারার অভিযোগ মূলত সরকারি দায়িত্ব বা বিশ্বাসের অবস্থান ব্যবহার করে সম্পদ বা অর্থ আত্মসাতের সঙ্গে সম্পর্কিত। ৪২০ ধারায় প্রতারণার বিষয়টি আসে। অন্যদিকে ৪৬৭ ও ৪৬৮ ধারায় গুরুত্বপূর্ণ দলিল জাল করা এবং প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির অভিযোগ রয়েছে। ৪৭১ ধারায় জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার করার বিষয়টি এবং ১০৯ ধারায় অপরাধে সহযোগিতা বা প্ররোচনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

অভিযোগের মূল কেন্দ্র আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি। দুদকের দাবি, ওই জমি অবৈধভাবে দখলে রাখার পাশাপাশি নির্ধারিত ভাড়া বা সরকারি পাওনা পরিশোধ করা হয়নি। পরবর্তীতে জাল ও ভুয়া নথির মাধ্যমে দখল ও ব্যবহারকে বৈধ দেখানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

দুদকের মামলার অনুমোদনের পর এখন তদন্তের মাধ্যমে এসব অভিযোগের বিস্তারিত তথ্য যাচাই করা হবে। জমিটির প্রকৃত মালিকানা, কীভাবে দখল নেওয়া হয়েছিল, কোন সময় থেকে সরকারি ভাড়া বকেয়া ছিল, কারা নথি তৈরি বা অনুমোদনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সরকারি কর্মকর্তার ক্ষমতা কীভাবে ব্যবহার করা হয়েছে—এসব বিষয় তদন্তে উঠে আসতে পারে।

একই সঙ্গে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা কীভাবে হিসাব করা হয়েছে এবং এই অর্থের সঙ্গে আসামিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা কতটুকু, সেটিও তদন্তের বিষয় হবে। সরকারি নথি, জমির রেকর্ড, ভাড়া সংক্রান্ত হিসাব, সংশ্লিষ্ট দপ্তরের ফাইল এবং অন্যান্য আর্থিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে অর্থের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

মামলার অনুমোদনের বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুক চৌধুরীর কর্মস্থলে অনুপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অনুমোদন বা প্রশাসনিক সিদ্ধান্ত ছিল কি না, সেটিও আলাদাভাবে স্পষ্ট হওয়া প্রয়োজন।

তবে মামলার অনুমোদন মানেই অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে—এমন নয়। দুদকের তদন্ত, মামলা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা যাচাই হবে। আসামিরাও আদালতে নিজেদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের সুযোগ পাবেন।

এখন দুদকের তদন্তে মূলত তিনটি বিষয় গুরুত্ব পাবে—সরকারি ২৪ দশমিক ৯৬ শতক জমি কীভাবে দখলে রাখা হয়েছিল, জমির বিপরীতে সরকারি পাওনা কেন পরিশোধ করা হয়নি এবং জাল নথি তৈরির সঙ্গে কারা জড়িত ছিলেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা হিসেবে মোহাম্মদ শাহ-আলম ফারুক চৌধুরী তার ক্ষমতার অপব্যবহার করেছেন কি না, সেটিও তদন্তে নির্ধারণ করা হবে।

সব মিলিয়ে, আগ্রাবাদ কনভেনশন হলকে ঘিরে সরকারি জমি ব্যবহার, ভাড়া বকেয়া এবং নথি জালিয়াতির অভিযোগ এখন দুদকের মামলার মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের পর্যায়ে যাচ্ছে। ২৩ কোটি ৬৮ লাখ টাকার বেশি অর্থের এই অভিযোগের প্রকৃত চিত্র তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে।




বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

ডেস্ক নিউজঃ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে কঠোর শাস্তি এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করলে পুরস্কৃত করার হুঁশিয়ারি ও আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।

মহড়াটিতে ব্যাংকক থেকে আসা ৯৮ জন যাত্রী ও ৫ জন ক্রুবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিন ত্রুটি ও পরবর্তী সময়ে অগ্নিকাণ্ডের কৃত্রিম সংকট তৈরি করে জরুরি উদ্ধারকাজের অনুশীলন করা হয়। বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে দ্রুত আগুন নির্বাপণ ও যাত্রী উদ্ধারে অংশ নেয়।

সব সংস্থার এমন কার্যকর সমন্বয়ের প্রশংসা করে বিমান মন্ত্রী জানান, দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতেই সরকার সার্বক্ষণিক নজরদারি ও অগ্রাধিকারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।