বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

ডেস্ক নিউজঃ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে কঠোর শাস্তি এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করলে পুরস্কৃত করার হুঁশিয়ারি ও আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।

মহড়াটিতে ব্যাংকক থেকে আসা ৯৮ জন যাত্রী ও ৫ জন ক্রুবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিন ত্রুটি ও পরবর্তী সময়ে অগ্নিকাণ্ডের কৃত্রিম সংকট তৈরি করে জরুরি উদ্ধারকাজের অনুশীলন করা হয়। বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে দ্রুত আগুন নির্বাপণ ও যাত্রী উদ্ধারে অংশ নেয়।

সব সংস্থার এমন কার্যকর সমন্বয়ের প্রশংসা করে বিমান মন্ত্রী জানান, দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতেই সরকার সার্বক্ষণিক নজরদারি ও অগ্রাধিকারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।




বাংলাদেশে প্রথম ‌‘এসএমআর’ পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ, সম্ভাব্য স্থান পরিদর্শন চীনের

ডেস্ক নিউজঃ বাংলাদেশে প্রথমবারের মতো স্মল মডিউলার রিঅ্যাক্টর (এসএমআর) বা ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এ পরিকল্পনার অংশ হিসেবে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (সিইইসি) একটি বিশেষজ্ঞ দল সম্প্রতি জামালপুরের মাদারগঞ্জের চর এলাকা পরিদর্শন করেছে।

মডিউলার রিঅ্যাক্টর পাওয়ার প্ল্যান্ট বা ছোট মডিউলার চুল্লি হলো আধুনিক ছোট আকারের পরমাণু বিদ্যুৎকেন্দ্র। প্রচলিত বড় বিদ্যুৎকেন্দ্রের তুলনায় এগুলো আকারে ছোট এবং কারখানায় তৈরি যন্ত্রাংশ ব্যবহার করে সহজে স্থাপন করা যায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্যানুযায়ী, এসব ইউনিটের প্রতিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাধারণত ৩০০ মেগাওয়াট বা তার কম।

অনলাইন সংবাদমাধ্যম জাস্ট এনার্জি নিউজকে বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, মডিউলার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চীনের প্রতিনিধি দলকে মোট চারটি সম্ভাব্য স্থান দেখানো হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে তারা মাদারগঞ্জ পরিদর্শন করেন। শিগগিরই পটুয়াখালীর রাঙ্গাবালীতে আরেকটি সম্ভাব্য স্থান পরিদর্শনের কথা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে বিপিডিবি ইতিমধ্যে চীনা প্রতিষ্ঠান সিইইসির সঙ্গে একটি অ-বাধ্যতামূলক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পরিকল্পনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট সম্মিলিত ক্ষমতার ছোট ও মাঝারি আকারের পরমাণু মডিউলার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। প্রযুক্তিগত ও ভৌগোলিক সম্ভাব্যতা যাচাই শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, দেশের প্রথম রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অগ্রগতি ও চালুর সময়সীমা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে বিপিডিবি। বিপিডিবি চেয়ারম্যান জানান, রূপপুরের প্রথম ও দ্বিতীয় ইউনিটের কাজের সুনির্দিষ্ট অগ্রগতি সম্পর্কে তাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। এ ছাড়া বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও প্রতি ইউনিট বিদ্যুতের দাম বা শুল্ক কত হবে, সে বিষয়েও বিপিডিবি এখনো কোনো চূড়ান্ত ধারণা পায়নি।

চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিইইসি) হলো চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি চীনা সরকারের মালিকানাধীন একটি বড় অবকাঠামো উন্নয়ন গোষ্ঠী, যার কার্যক্রম বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত। আন্তর্জাতিকভাবে বর্তমানে শুধু রাশিয়া ও চীনে এ ধরনের ছোট মডিউলার পরমাণু চুল্লি চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশও ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পথে এগোচ্ছে।




বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজঃ ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।



লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির সিদ্ধান্ত

ডেস্ক নিউজঃ স্বচ্ছতা ও প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি অনুকরণ করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়।

রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় বলেছে, বদলি প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা নিশ্চিত’ করতে সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় এই লটারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে।

লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

এর আগে অন্তবর্তী সরকারের সময় পুলিশে বদলি নিয়ে নানা সমালোচনা হলে স্বচ্ছতার কথা বলে ২০২৫ সালের শেষ দিকে ৬৪ জেলার পুলিশ সুপার এবং পরবর্তীতে দেশের ৫২৭টি থানার ওসি পদে লটারির মাধ্যমে রদবদল হয়। সে সময়ে পুলিশের এই ধারা বর্তমান নির্বাচিত সরকারকে আর প্রয়োগ করতে দেখা যায়নি।




কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ, ১১ মাসে ৫১ হাজার টন শিট খালাস নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর কাস্টম হাউস আইসিডি কমলাপুরে পণ্য খালাস ও রাজস্ব আদায় প্রক্রিয়াকে ঘিরে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম ও শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মঈনুল হোসেন এবং কাস্টম হাউসের সাবেক আনস্টাফিং কর্মকর্তা, বর্তমানে উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা খাদিজা পারভীন সুমি। অভিযোগকারীদের দাবি, কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার, পদায়ন ও বদলি নিয়ে চাপ সৃষ্টি এবং ঘোষণার ভিত্তিতে পণ্য খালাসের সুযোগ তৈরি করে চক্রটি বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির সুবিধা নিয়েছে।

তবে এসব অভিযোগের স্বাধীন ও পূর্ণাঙ্গ সত্যতা যাচাই করা প্রয়োজন। সংশ্লিষ্ট নথি, চালান, মূল্যায়ন ও খালাস-সংক্রান্ত রেকর্ড পর্যালোচনা এবং অভিযুক্তদের বক্তব্যের ভিত্তিতেই অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব।

চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা মঈনুল হোসেন কাস্টমস-সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত হন ‘কাস্টমস সরকার’ হিসেবে। পরে অন্যের লাইসেন্স ভাড়া নিয়ে সিঅ্যান্ডএফ ব্যবসায় যুক্ত হন বলে অভিযোগ রয়েছে। ২০১৮ সালে কমলাপুর কাস্টম হাউসে শিট খালাসের কাজ শুরু করার পর তার ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয় বলে সংশ্লিষ্টদের দাবি।

বর্তমানে ‘পারভীন ট্রেডার্স’ ও ‘মা অ্যাসোসিয়েট’ নামের দুটি সিঅ্যান্ডএফ লাইসেন্সের মাধ্যমে শিট আমদানির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, ব্যবসায়িক প্রভাব বিস্তারের পাশাপাশি কাস্টমসের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করে মঈনুল তার পণ্য খালাসের ক্ষেত্রে বিশেষ সুবিধা আদায় করেছেন।

১১ মাসে প্রায় ৫১ হাজার টন শিট খালাসের দাবি

অনুসন্ধানে পাওয়া নথির বরাতে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, খাদিজা পারভীন সুমি আনস্টাফিংয়ের দায়িত্বে থাকা প্রায় ১১ মাসে মঈনুল হোসেনের পারভীন ট্রেডার্স থেকে প্রায় ৫১ হাজার টন শিট খালাস হয়েছে। এর মধ্যে প্রায় ৪৭ হাজার টন ছিল তুলনামূলক কম শুল্কের এইচআর ও সিআর শিট বলে দাবি করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, কিছু চালানে ঘোষিত পণ্যের সঙ্গে বাস্তবে আমদানি করা পণ্যের মিল ছিল না। বিশেষ করে উচ্চ শুল্কের পণ্যকে কম শুল্কের পণ্য হিসেবে ঘোষণা দেওয়ার মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করছেন।

তাদের আরও অভিযোগ, এসব চালানের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কায়িক পরীক্ষা না হওয়ায় প্রকৃত পণ্য ও ঘোষিত পণ্যের পার্থক্য শনাক্ত করার সুযোগ তৈরি হয়নি। এতে প্রতি টনে কয়েক হাজার টাকা করে রাজস্ব ক্ষতি হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টদের দাবি।

তবে মোট রাজস্ব ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে প্রতিটি চালানের বিল অব এন্ট্রি, ঘোষণাপত্র, পণ্যের শ্রেণিবিন্যাস, মূল্যায়ন ও শুল্ক পরিশোধের নথি পরীক্ষা করা প্রয়োজন।

অভিযোগকারীদের দাবি, ওই সময় মঈনুলের কোনো চালানই যথাযথভাবে খুলে পরীক্ষা করা হয়নি। তার পণ্য খালাসের প্রক্রিয়া তদারকিতে সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল ও শাহ আলম ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ রয়েছে।

নতুন কর্মকর্তা আসতেই ধরা পড়ে সাত চালান

পরিস্থিতিতে পরিবর্তন আসে খাদিজা পারভীন সুমিকে আনস্টাফিং দায়িত্ব থেকে সরিয়ে ৪০ ব্যাচের সহকারী কমিশনার আসিফ আহমেদ অনিককে দায়িত্ব দেওয়ার পর—এমন দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল হোসেনের পারভীন ট্রেডার্সের কয়েকটি চালানে তল্লাশি চালান বলে জানা গেছে। সূত্রগুলোর দাবি, সাতটি চালানে ঘোষণার সঙ্গে পণ্যের অসঙ্গতি ধরা পড়ে। পরে কমিশনারের মাধ্যমে এসব ঘটনায় প্রায় ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এই ঘটনাকে ঘিরেই প্রশ্ন উঠেছে, একই ধরনের চালান এর আগে কীভাবে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার বাইরে থেকে খালাস হয়েছে।

বদলির চাপের অভিযোগ

পরিসংখ্যান বিশ্লেষণের দাবি করে সংশ্লিষ্টরা বলছেন, নতুন সহকারী কমিশনার দায়িত্ব নেওয়ার পর কম শুল্কের এইচআর ও সিআর শিটের খালাস উল্লেখযোগ্যভাবে কমে যায়। একই সময়ে উচ্চ শুল্কের জিপি শিট হিসেবে খালাসের হার বেড়ে প্রায় ৮০ শতাংশে পৌঁছায় বলে দাবি করা হচ্ছে।

অভিযোগকারীদের ভাষ্য, নিয়ম মেনে কাজ শুরু করার এক সপ্তাহের মধ্যেই ওই কর্মকর্তাকে আনস্টাফিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সেখানে ৪১ ব্যাচের আরেক কর্মকর্তা সামিয়া তাইছিরকে দায়িত্ব দেওয়া হয়।

এই বদলিকে ঘিরে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, অনিয়ম শনাক্ত করার পরই যদি কোনো কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কাস্টমসের আইন প্রয়োগ ও রাজস্ব সুরক্ষার কার্যক্রম কতটা স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

প্রশাসনিক প্রভাবের অভিযোগ

এনবিআর-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অভিযোগ রয়েছে, খাদিজা পারভীন সুমির স্বামী প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা। অভিযোগকারীদের দাবি, এই প্রশাসনিক যোগাযোগকে কাজে লাগিয়ে সুমি কাস্টমসের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রভাব বিস্তার করতে সক্ষম হন।

আনস্টাফিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও শিটের ‘অ্যাসেসমেন্ট গ্রুপ’-সংক্রান্ত দায়িত্বে তার প্রভাব এখনও রয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে কোনো কর্মকর্তার স্বামী বা পরিবারের সদস্যের সরকারি পদমর্যাদা নিজেই অনিয়মের প্রমাণ নয়। অভিযোগটি যাচাই করতে হলে পদায়ন, দায়িত্ব বণ্টন, সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট চালানের নথিপত্র পরীক্ষা করা প্রয়োজন।

ছুটির দিনে ৮২০ টন শিট খালাসের অভিযোগ

কমলাপুর কাস্টম হাউসের কার্যক্রম নিয়ে আরও কিছু প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, শুল্ক ফাঁকি নিয়ে কাজ করায় সিআইসির এক উপপরিচালককে কুমিল্লায় বদলি করা হয়েছিল। তবে এ সংক্রান্ত কোনো আদেশ বা নথি প্রকাশ্যে না থাকায় বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

এ ছাড়া সাবেক এক কমিশনারের বিদায়ের পর সরকারি ছুটির দিনে মাত্র দুই ঘণ্টায় প্রায় ৮২০ টন শিট খালাসের অভিযোগও উঠেছে। এত বিপুল পরিমাণ পণ্য অল্প সময়ে কীভাবে খালাস হলো, ওই সময়ে দায়িত্বে কারা ছিলেন এবং সংশ্লিষ্ট চালানগুলোতে কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজতে নথিপত্র পর্যালোচনা জরুরি।

রাজস্ব সুরক্ষায় জবাবদিহি জরুরি

কাস্টম হাউস আইসিডি কমলাপুরে যদি ঘোষণার সঙ্গে পণ্যের অসঙ্গতি থাকা সত্ত্বেও নিয়মিতভাবে চালান খালাস হয়ে থাকে, তাহলে এর সঙ্গে শুধু কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট নয়, সংশ্লিষ্ট পুরো প্রক্রিয়ার দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকাও তদন্তের আওতায় আনা প্রয়োজন।

বিশেষ করে ১১ মাসে প্রায় ৫১ হাজার টন পণ্য খালাসের দাবি, সাতটি চালানে ঘোষণার অসঙ্গতি শনাক্ত হওয়ার পর প্রায় ৭৫ লাখ টাকা জরিমানা এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পরিবর্তনের বিষয়গুলো পাশাপাশি বিশ্লেষণ করলে প্রকৃত চিত্র স্পষ্ট হতে পারে।

একই সঙ্গে প্রতিটি চালানের বিল অব এন্ট্রি, পণ্য পরীক্ষার রেকর্ড, অ্যাসেসমেন্ট নথি, শুল্ক পরিশোধের হিসাব, আনস্টাফিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সিদ্ধান্ত এবং বদলি-পদায়নের আদেশ পর্যালোচনা করা হলে অভিযোগগুলোর ভিত্তি যাচাই করা সম্ভব হবে।

অভিযোগের বিষয়ে মঈনুল হোসেন, খাদিজা পারভীন সুমি এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগগুলো সত্য হলে তা শুধু রাজস্ব ক্ষতির বিষয় নয়, বরং কাস্টমসের পণ্য খালাস ও মূল্যায়ন ব্যবস্থার ওপরও গুরুতর প্রশ্ন তৈরি করবে।




বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও সাক্ষাতে মতবিনিময় হয়।

উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

রবিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সারাহ কুক। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান।

সহকারী প্রেস সচিব জানান, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

এসময় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আরও জানান, পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাতকালে উপস্থিত ছিলেন।




ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

আন্তর্জাতিক ডেস্ক : টানা ২০ দিনের বেশি সময় ধরে ঘরছাড়া শিশুরা শিবিরের কাছের উপত্যকা থেকে বুনো শস্য ও গাছপালা কুড়িয়ে আনছে। তারপর নিজেরাই আগুন জ্বালিয়ে সেগুলো রান্না করে ক্ষুধা মেটাচ্ছে। ইয়েমেনের তাইজ ও এডেন প্রদেশের মধ্যবর্তী একটি আশ্রয়শিবিরের বর্তমান চিত্র এটি।

সম্প্রতি এই অঞ্চলগুলোতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ এসে আশ্রয় নিয়েছেন। মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, এখানে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা প্রায় দুই লাখে পৌঁছেছে। লড়াইয়ের মাত্রা বাড়ার কারণে প্রাণ বাঁচাতে এদের অনেককে দুই, তিন বা এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।

শিবিরের তাঁবুগুলো বসবাসের জন্য মোটেই উপযুক্ত নয়। সেখানে বেঁচে থাকার জন্য একদম সাধারণ জিনিসগুলোরও বড় অভাব রয়েছে। বয়স্ক ব্যক্তি ও শিশুদের মতো অসহায় মানুষরা এখানে অত্যন্ত কষ্টের মাঝে দিন পার করছেন।

এমন করুণ পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আল-জিন্দানি। বার্তা সংস্থা সাবা জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ও তাদের চাহিদা দ্রুত বাড়তে থাকায় তিনি এই মানবিক সাহায্য বাড়ানোর অনুরোধ করেন। রবিবার এডেনে জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেলের উপদেষ্টা জন গিংয়ের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।




রোনালদো দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী

ক্রীড়া ডেস্ক : পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্যাম্প ছেড়ে চলে গেছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে পুরো ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হলেও পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা দেশের বৈশ্বিক পরিচিতিতে রোনালদোর অসামান্য অবদানের কথা স্মরণ করে তার ভূয়সী প্রশংসা করেছেন।

গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে বা মাঠে রাখেননি কোচ জর্জ জেসুস। কোচের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগের দিনই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান আল নাসরের এই ফরোয়ার্ড। হুট করে তার এমন সিদ্ধান্তে পর্তুগিজ ফুটবল অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এমনকি ইনস্টাগ্রামেও এর প্রভাব পড়েছে, যেখানে মাত্র একদিনেই প্রায় ৫ লাখ অনুসারী কমে গেছে পর্তুগাল জাতীয় দলের অফিসিয়াল পেজের।

কোচ জেসুস ও রোনালদোর এই বিরোধে কে সঠিক, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা। তবে পর্তুগালের নাও চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, পর্তুগালের কাছে রোনালদোর গুরুত্ব ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। তার ভাষায়, বিশ্বজুড়ে অনেক মানুষ পর্তুগালকে চেনে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর নামের কারণে। দেশের ব্র্যান্ডিং ও ভাবমূর্তি প্রচারে রোনালদোকে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি জানান, দেশের সুনাম বৃদ্ধিতে তার এই অবদান পর্তুগালের জন্য অত্যন্ত সুফল বয়ে এনেছে।

এদিকে, উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচেও রোনালদোকে ছাড়াই মাঠে নামবে পর্তুগাল দল।




বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

বিনোদন ডেস্ক  : বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সম্মতিতেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন এই তারকা জুটি।

রবিবার নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজ ও প্রীতম।

পোস্টে তারা জানান, পারস্পরিক বোঝাপড়ায় ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তারা আরও জানান, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। নিজেদের মধ্যে আলোচনাকরে এবং পরিবারের সমর্থন নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।

২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রায় ৫ বছর প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেছিলেন।




২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

স্বাস্থ্য ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৪ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৫১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন।

চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। চলতি বছরে এ যাবত মোট ৮০ হাজার ৩৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেম এক হাজার ৮৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।