বন্ড কমিশনারেট থেকে কমলাপুর আইসিডি—ঘুষ, মাসোহারা ও রাজস্ব ফাঁকির অভিযোগে সহকারী কমিশনার রাসেল আল মামুন, শতকোটি টাকার সম্পদের অনুসন্ধান দাবি

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণাধীন কাস্টমস ও ভ্যাট বিভাগের সম্প্রতি পদোন্নতি পাওয়া সহকারী কমিশনার রাসেল আল মামুনের বিরুদ্ধে চরম অনিয়ম, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং রাজস্ব ফাঁকিতে সহায়তার মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। কাস্টমস ক্যাডারের ১১ ব্যাচের এই কর্মকর্তার জন্ম ১ নভেম্বর ১৯৮৬। তার বিরুদ্ধে সম্প্রতি সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, চাকরিজীবনের শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদে দায়িত্ব পালনকালে রাসেল আল মামুনকে ঘিরে একটি প্রভাবশালী অনিয়মের বলয় গড়ে ওঠে। বন্ড কমিশনারেট, মোংলা কাস্টম হাউস এবং কমলাপুর আইসিডি কাস্টম হাউসে দায়িত্ব পালনের সময় ঘুষ আদায়, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন, রাজস্ব ফাঁকিতে সহায়তা এবং অনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।

বন্ড কমিশনারেটে ‘মাসোহারা সিন্ডিকেট’—তিন বছরে ৭০–৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ :
অভিযোগে বলা হয়েছে, অবিভক্ত কাস্টমস বন্ড কমিশনারেটে দায়িত্ব পালনের সময় ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় তিন বছরে ৭০ থেকে ৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে রাসেল আল মামুনের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, বন্ড ব্যবস্থার বিভিন্ন জটিলতা ও ফাঁকফোকরকে কাজে লাগিয়ে রাজস্ব ফাঁকি প্রতিরোধের নামে প্রিভেন্টিভ টিম নিয়ে রাতের বেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান ও টহলের আয়োজন করা হতো। পরে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করে অনৈতিক সুবিধার বিনিময়ে ছাড়পত্র দেওয়ার অভিযোগ ওঠে। এককালীন বড় অঙ্কের অর্থ আদায়ের পাশাপাশি বিভিন্ন বন্ড ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মাসিক ‘মাসোহারা’ নির্ধারণ করে দেওয়ারও অভিযোগ রয়েছে।

সাবেক কমিশনারের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিতির অভিযোগ :
অভিযোগে এনবিআরের এক সাবেক সদস্য ও তৎকালীন অবিভক্ত বন্ড কমিশনারের সঙ্গে রাসেল আল মামুনের ঘনিষ্ঠতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, মোংলা কাস্টম হাউসে দায়িত্ব পালনের সময় ওই কর্মকর্তার সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে তিনি ওই কমিশনারের কথিত ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিতি পান। মোংলা কাস্টমসের মাধ্যমে খালাস হওয়া গাড়ির যন্ত্রাংশসহ ভারী আমদানিপণ্যের ক্ষেত্রে অনৈতিক সুযোগ-সুবিধা দিয়ে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকিতে সহায়তা করার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

পরবর্তীতে ওই কমিশনার ঢাকা বন্ড কমিশনারেটে বদলি হয়ে এলে ২০১৮ সালে রাসেল আল মামুনকেও সেখানে নিয়ে আসা হয় এবং হেডকোয়ার্টার্স ও প্রিভেন্টিভের মতো স্পর্শকাতর শাখায় দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে খুলনা আপিল বিভাগ থেকে পুনরায় ঢাকা উত্তর বন্ড কমিশনারেটে পোস্টিং নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গুলশান-টঙ্গীতে মাসে দেড় কোটি টাকা পর্যন্ত ‘মাসোহারা’র অভিযোগ : ঢাকা উত্তর বন্ড কমিশনারেটে দায়িত্ব পালনকালে পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলশান ও টঙ্গীর বন্ডেড ওয়্যারহাউসগুলোকে ঘিরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ সামনে এসেছে।

অভিযোগকারীদের দাবি, গুলশানের বিভিন্ন ওয়্যারহাউস থেকে প্রতি মাসে প্রায় ১ কোটি টাকা এবং টঙ্গী সার্কেল থেকে আরও ৫০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত মাসিক মাসোহারা আদায় করা হতো। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের নথিপত্র পর্যালোচনা এবং স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

৩৫ লাখ টাকার ‘অডিট চুক্তি’, ধামাচাপা প্রায় ১ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ : রাসেল আল মামুনকে ঘিরে সাম্প্রতিক একটি অভিযোগ বন্ড কমিশনারেটের অভ্যন্তরে নতুন করে প্রশ্ন তুলেছে।

অভিযোগে বলা হয়েছে, আনোয়ার গ্রুপের মালিকানাধীন ‘হোসেন ডাইং’ প্রতিষ্ঠানের অডিট সম্পাদনের ক্ষেত্রে ৩৫ লাখ টাকার গোপন চুক্তি করা হয়।অভিযোগকারীদের দাবি, অডিটের মাধ্যমে রাজস্ব ফাঁকি শনাক্ত করার কথা থাকলেও ঘুষের বিনিময়ে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ফাইল অনুমোদন করে দেওয়া হয়। পরবর্তীতে এনবিআরে লিখিত অভিযোগ জমা পড়ার পর একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নতুন করে পরিচালিত তদন্তে প্রতিষ্ঠানটির প্রায় ১ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উঠে আসে বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীদের প্রশ্ন, যদি তদন্তে রাজস্ব ফাঁকির বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে আগের অডিটে তা কেন ধরা পড়েনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা কী ছিল—তা খতিয়ে দেখা জরুরি।
এত গুরুতর অভিযোগের পরও রাসেল আল মামুনের বিরুদ্ধে দৃশ্যমান বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

কমলাপুর আইসিডিতে ‘সমান্তরাল রাজত্ব’—মাসে ১০–১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ : বন্ড কমিশনারেটের বাইরে কমলাপুর আইসিডি কাস্টম হাউসে দায়িত্ব পালনকালেও রাসেল আল মামুনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, আমদানিকৃত পণ্য খালাসের ক্ষেত্রে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ (C&F) এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে প্রতি মাসে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আদায় করা হতো। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে পণ্য আটকে দেওয়া, হয়রানি কিংবা মামলা দেওয়ার ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, এসব বিষয়ে তৎকালীন কমিশনার ও এনবিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

‘টিনের ঘর থেকে রাজপ্রাসাদ’—নামে-বেনামে সম্পদের অভিযোগ : রাসেল আল মামুনের বিরুদ্ধে শুধু ঘুষ ও অনিয়মের অভিযোগই নয়, এসব অর্থের মাধ্যমে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে।

অভিযোগ সূত্রে বলা হয়েছে, সরকারি আয়কর বিবরণীতে যে পরিমাণ সম্পদ প্রদর্শন করা হয়েছে, বাস্তবে তার সম্পদের পরিমাণ তার চেয়ে বহুগুণ বেশি হতে পারে।

গফরগাঁও, ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে একসময় সাধারণ টিনের ঘর থাকলেও বর্তমানে কোটি কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ এবং শত শত শতাংশ জমি কেনার অভিযোগ রয়েছে। এ ছাড়া ঢাকার অভিজাত এলাকায় একাধিক প্লট, ফ্ল্যাট ও গাড়ি কেনার অভিযোগও করা হয়েছে। কালো টাকা আড়াল করতে পিতা-মাতা, ভাইবোন ও নিকট আত্মীয়দের নামে সম্পদ কেনাবেচা করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এসব সম্পদের উৎস, ক্রয়মূল্য, মালিকানা এবং আয়কর নথিতে ঘোষিত সম্পদের সঙ্গে বাস্তব সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না—তা যাচাইয়ের দাবি উঠেছে।

পারিবারিক মামলাও আলোচনায় : রাসেল আল মামুনের ব্যক্তিগত জীবন নিয়েও অভিযোগে বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, দাম্পত্য বিরোধের জেরে তার স্ত্রী নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।

মামলাটি চলমান থাকা সত্ত্বেও তিনি প্রভাব খাটিয়ে তা ঝুলিয়ে রেখে দায়িত্ব পালন করছেন—এমন অভিযোগও করা হয়েছে। তবে পারিবারিক ও ফৌজদারি মামলার অভিযোগের ক্ষেত্রে আদালতের নথি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের ভিত্তিতে পৃথকভাবে সত্যতা যাচাই করা প্রয়োজন।

দুদকে অভিযোগ—এবার কি হবে নিরপেক্ষ অনুসন্ধান ?
রাসেল আল মামুনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো শুধু ব্যক্তিগত অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়; এগুলোর সঙ্গে সরকারি রাজস্ব আদায়, বন্ড ব্যবস্থাপনা, আমদানি-রপ্তানি বাণিজ্য এবং ব্যবসায়ীদের হয়রানির মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। বিশেষ করে ২০১৮–২০২১ সময়ে ৭০–৮০ কোটি টাকা আদায়ের অভিযোগ, গুলশান ও টঙ্গী থেকে মাসিক প্রায় দেড় কোটি টাকা মাসোহারা আদায়ের দাবি, ৩৫ লাখ টাকার কথিত অডিট চুক্তি এবং প্রায় ১ কোটি টাকার রাজস্ব ফাঁকি ধামাচাপা দেওয়ার অভিযোগ—এসব তথ্যের স্বাধীন তদন্তের দাবি আরও জোরালো করেছে।

অভিযোগের বিষয়ে রাজস্ব বোর্ডের একাধিক কর্মকর্তা এবং অভিযুক্ত সহকারী কমিশনার রাসেল আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে দুদক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় ও এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ :
এ অবস্থায় অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সরাসরি নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে রাসেল আল মামুনের দায়িত্ব পালনের সময়কার বন্ড প্রতিষ্ঠানের অডিট নথি, প্রিভেন্টিভ অভিযানের রেকর্ড, রাজস্ব আদায়ের তথ্য, আমদানি-খালাস সংক্রান্ত নথি, অভিযোগের ফাইল, ব্যাংক লেনদেন, আয়কর রিটার্ন এবং তার ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য যাচাই করা হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ, ঘুষ, রাজস্ব ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এর বিষয় টা শুধু মাত্র একজন কর্মকর্তার অনিয়ম নয়—রাজস্ব প্রশাসনের জবাবদিহিতা ও রাষ্ট্রীয় কোষাগারের নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

তাই অভিযোগগুলোকে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবমুক্ত রেখে দুদক, এনবিআর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এখন সময়ের দাবি।




বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ডেস্ক নিউজ : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন।

শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বিডিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তৌফিক ইমরোজ খালিদী।




ইয়েমেনে ফের বড় সংঘাত, হুতিদের লক্ষ্য করে ২০ দফা বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের তাইজ প্রদেশে সশস্ত্র গোষ্ঠী হুতির বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ২০টি বিমান হামলা চালানো হয়েছে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিন ঘণ্টার মধ্যে এসব হামলা চালানো হয়। হুতিদের চলাচল, সদস্য, যানবাহন ও সামরিক সরঞ্জামকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সীমান্তপারের হামলা অনেকটাই কমে এসেছিল। সেই পরিস্থিতির পর সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে বর্তমান উত্তেজনাকে সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা হচ্ছে।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাইজের পূর্ণ নিয়ন্ত্রণ হুতিদের হাতে গেলে দেশটির উত্তরাঞ্চলে তাদের কর্তৃত্ব আরও সুসংহত হতে পারে। একই সঙ্গে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় গোষ্ঠীটির নিয়ন্ত্রণ বাড়বে। দক্ষিণাঞ্চল এবং ইয়েমেন সরকারের সদর দপ্তর থাকা বন্দরনগরী এডেনে যাতায়াতও তখন তুলনামূলক সহজ হতে পারে।

নতুন করে শুরু হওয়া এই সংঘাতে এরই মধ্যে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলমান লড়াইয়ের ফলে ইয়েমেনের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণের চিত্রও বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি লোহিত সাগরের নৌপথ এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে সৌদি আরব বৃহস্পতিবার দাবি করেছে, হুতিরা মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

তবে সৌদি আরবের এ দাবি প্রত্যাখ্যান করেছে হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা। সংস্থাটির প্রতিবেদনে গোষ্ঠীটির এক সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, মক্কা নগরীতে হুতিদের হামলার আগের অভিযোগের পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি আড়াল করতেই সৌদি আরব নতুন এই দাবি করছে।

এর আগে, দুই সপ্তাহ আগে সৌদি আরব জানিয়েছিল, মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলেছিল, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। তবে মক্কা কিংবা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানে হামলার উদ্দেশ্য থাকার অভিযোগ তখন অস্বীকার করেছিল হুতিরা।

রয়টার্স জানিয়েছে, তাইজের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ অব্যাহত রয়েছে। বার্তা সংস্থাটিকে ছয়টি সামরিক সূত্র জানিয়েছে, তাইজে যাওয়ার সব সড়ক বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি এসব এলাকাকে সামরিক অভিযানের অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।




চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় এসআরভি স্টেশনের ট্রেনের পরিত্যক্ত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। শুক্রবার (২ অক্টোবর) বিকালে নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট-বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনেম বিল্লাহ বলেন, বিকেল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে একটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এসআরবি স্টেশন ফাঁড়ির ইনচার্জ নরেশ চন্দ্র মজুমদার যুগান্তরকে বলেন, এই ইয়ার্ডটিতে মূলত রেলের পরিত্যক্ত বগিগুলো এনে রাখা হয়। তবে চারদিক উন্মুক্ত ও খোলা থাকার কারণে এলাকাটি দিন-রাতে বখাটেদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাথমিকভাবে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি বা বখাটে আগুন ধরিয়ে দিয়েছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

ডেস্ক নিউজ : বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট আবার প্রকট হয়ে উঠেছে। এর প্রভাবে খুচরা বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে বেড়েছে ২ থেকে ৪ টাকা। তেলের এই অস্থিরতার মধ্যেই গত এক সপ্তাহে নতুন করে চড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। তবে ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের বাজার আগের মতোই চড়া দামে স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, পলাশী বাজার ও কল্যাণপুর নতুন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।




শেহজাদের ব্যাটে ঝড়, বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

ক্রীড়া ডেস্ক : শেহজাদ আকবর সোবহানের আগ্রাসী ইনিংসের সঙ্গে মাহিন, সুমন আহমেদ ও অন্তুর ব্যাটে ভর করে উইকেন্ড স্পোর্টস ফ্যামিলিকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স।

বসুন্ধরার ইনিংসে অন্যতম আকর্ষণ ছিলেন শেহজাদ। তিনি ক্রিজে নামতেই পুরো গ্যালারি আনন্দে মেতে ওঠে। বসুন্ধরা ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। ডাক-ঢোলের ছন্দে বসুন্ধরা স্ট্রাইকার্সের ব্যাটারদের চার-ছক্কার ঝড় ওঠে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে।

ওপেনিংয়ে নেমে খালেদ আহমেদ দ্রুত বিদায় নিলেও আরেক ওপেনার মাহিন ২৮ বলে ৫০ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। এছাড়া সুমন আহমেদ মাত্র ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৪টি ছক্কা।

চার নম্বরে ব্যাটিংয়ে নামেন শেহজাদ। ২৬ বলে ২৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। দলীয় রানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শেষ দিকে অন্তু ১৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। তবে অন্য ব্যাটাররা বেশিক্ষণ টিকতে না পারায় ১৯৮ রানেই থামে বসুন্ধরা স্ট্রাইকার্সের ইনিংস।

দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে শুরু হয়েছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের সিজন থ্রি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১০টি দল। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ পর্বের খেলা।

গ্রুপ পর্ব শেষে দুই শিরোপার জন্য লড়বে দলগুলো। নকআউট পর্বে কাপ ও প্লেট—দুটি আলাদা শিরোপা নির্ধারণ করা হবে। অর্থাৎ গ্রুপ পর্বের ফল অনুযায়ী দলগুলোর সামনে থাকবে দুটি ট্রফির একটির জন্য লড়াইয়ের সুযোগ।

এবারের আসরে অংশ নেওয়া ১০ দল হলো—জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা প্লেয়ার্স, উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি, এইচএসবিসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বসুন্ধরা স্ট্রাইকার্স, টিম আর্কিটেক্ট, বাংলাদেশ লইয়ার্স ক্রিকেট ক্লাব ও ঢাকা ক্রিকেটার্স।




বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেপ্তার

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের মামলায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। শুক্রবার (২ অক্টোবর) বান্দ্রায় নিজের বাসভবনে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিঠি নদীর পলি অপসারণের বিভিন্ন চুক্তিতে অনিয়মের অভিযোগ তদন্ত করছে ইওডব্লিউ। তদন্তকারীদের অভিযোগ, দরপত্রে কারসাজি, অতিরিক্ত ব্যয় দেখানো এবং ভুয়া বিলের মাধ্যমে বৃহন্মুম্বাই পৌরসভার (বিএমসি) প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়েছে।

মামলার অন্যতম অভিযুক্ত কেতন কদমের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্তে দিনো মোরিয়ার নাম আসে। পুলিশ সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফোনকলের রেকর্ডে মামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে দিনোর যোগাযোগের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ২০২৫ সালের মে মাসে দিনো ও তার ভাই সান্তিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করে ইওডব্লিউ।

সান্তিনোর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘ইউবিও রাইডজ প্রাইভেট লিমিটেড’-এর আর্থিক লেনদেনও তদন্তের আওতায় রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে কেতন কদমের পরিবারের ব্যবসায়িক যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তকারীরা। কদম ও সান্তিনোর মধ্যে কী ধরনের লেনদেন হয়েছিল এবং নদীর পলি অপসারণের কাজের অর্থের কোনো অংশ ওই প্রতিষ্ঠানে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই মামলায় কেতন কদম ও জয়েশ জোশীকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিতে দরপত্রের শর্ত সাজানো এবং পলি পরিবহনের নামে ভুয়া বিল তৈরির অভিযোগ রয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, পলি অপসারণের কাজে ব্যবহৃত যন্ত্রের ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে। কোচিভিত্তিক একটি প্রতিষ্ঠানের যন্ত্রের বৈশিষ্ট্যের সঙ্গে মিল রেখে দরপত্রের শর্ত তৈরি করা হয়। এর ফলে কাজ পাওয়া ঠিকাদারদের ওই প্রতিষ্ঠানের যন্ত্র ব্যবহার করতে হতো। পরে মধ্যস্থতাকারীদের মাধ্যমে অতিরিক্ত দামে এসব যন্ত্র ভাড়া দেওয়ার অভিযোগ ওঠে।

নদী থেকে কত পরিমাণ পলি সরানো হয়েছে এবং এর বিপরীতে কত টাকা বিল দেওয়া হয়েছে, সেই হিসাবও যাচাই করছে ইওডব্লিউ।

এদিকে, মুম্বাই পুলিশের পাশাপাশি অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০২৫ সালের ৬ জুন দিনো মোরিয়ার বান্দ্রার বাসায় প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালায় সংস্থাটি। একই সময়ে মুম্বাই ও কেরালার কোচিতে তার ভাই, পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঠিকানায় অভিযান চালানো হয়।

তল্লাশির পর দিনো ও সান্তিনোকে বক্তব্য রেকর্ডের জন্য তলব করে ইডি। ১২ জুন মুম্বাইয়ে সংস্থাটির দপ্তরে হাজির হন দিনো। মুম্বাই পুলিশের করা মামলার ভিত্তিতে অর্থ পাচার প্রতিরোধ আইনে তদন্ত শুরু করে ইডি।

২০০৫ সালের ভয়াবহ বন্যার পর মিঠি নদীর পলি অপসারণের উদ্যোগ নেয় মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষ। শহরের বৃষ্টির পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ এই নদী পরিষ্কার ও সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয়।

দিনো মোরিয়াকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হলেও মামলায় তার সুনির্দিষ্ট অভিযোগ ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।




যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

ডেস্ক নিউজ : সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তার জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে এ উপলক্ষে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পরিবর্তনশীল অপরাধের ধরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর যুগে চিরাচরিত সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর ফোর্সে রূপান্তরের লক্ষ্যেই এই ইউনিটের সূচনা করা হয়েছে।

পুলিশের নতুন এই স্বতন্ত্র ইউনিটের সাংগঠনিক কাঠামো ও পদায়ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন গঠিত সাইবার পুলিশ ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল  হোসেনকে এ ইউনিটের দায়িত্ব প্রদান করে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থানা পর্যায়ে ওসির নেতৃত্বে সাইবার কেন্দ্রিক সেবা প্রদান ও তদন্তের জন্য পৃথক সাব-ইনস্পেক্টর (এসআই), সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) ও কনস্টেবল পদায়ন করা হবে। অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী এই ইউনিটের মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪,৫৯২ জন। বিদ্যমান পুলিশ ফোর্সের মধ্য থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই জনবল পূর্ণাঙ্গ রূপ পাবে।

ইউনিটটিতে উচ্চতর প্রশিক্ষণ ও চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রথাগত পুলিশিং কাঠামোর বাইরে গিয়ে আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে এই ইউনিটে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল) বিশেষজ্ঞ নিয়োগের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, সিস্টেম অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালটেন্ট এবং ডিজাস্টার রিকভারি এক্সপার্টসহ বিভিন্ন বিশেষায়িত পদে চুক্তিভিত্তিক উচ্চ দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে এবং তাদের জন্য আলাদা আকর্ষণীয় বেতন কাঠামোর ব্যবস্থা থাকবে। একইসঙ্গে রেগুলার পুলিশ ফোর্সের আইটি-প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে এখানে নিয়োজিত করা হবে।

তিনি আরও বলেন, এই ইউনিট মনিটরিং ও পরিচালনায় নিয়োজিত সিনিয়র কর্মকর্তাদের জন্য দেশে ও বিদেশে উচ্চতর বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং কর্মকর্তা-বিশেষজ্ঞদের কাজের অবদানের ভিত্তিতে বিশেষ প্রণোদনাও প্রদান করা হবে।

সাইবার পুলিশ ইউনিটের আধুনিক ল্যাব ও অবকাঠামো নির্মাণ বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে মানি লন্ডারিং, সোশ্যাল মিডিয়াভিত্তিক অপরাধ, গুজব, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক ও উগ্রবাদের প্রেক্ষাপটে কেমিক্যাল ল্যাবের পাশাপাশি ডিজিটাল ও ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা সর্বাত্মক হয়ে উঠেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সাইবার পুলিশ ইউনিটের অধীনে সর্বাধুনিক প্রযুক্তি ও সাইবার যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বে বিভিন্ন ইউনিটে অসংগঠিতভাবে পরিচালিত সাইবার তদন্তের সমন্বয়হীনতা দূর করে এখন থেকে একক আমব্রেলা বা সুসংগঠিত কাঠামোর অধীনে এই ইউনিটের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে।

তিনি এই বিশেষায়িত ইউনিটের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে সাইবার স্পেসের অপব্যবহার ও সকল প্রকার সাইবার অপরাধ সফলভাবে দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।




দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিবে: আশঙ্কা জয়শঙ্করের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধাবস্থা ও আন্তর্জাতিক উত্তেজনার প্রভাবে আগামী কয়েক মাসের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দেওয়ার তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের অবিরাম সংঘাতের ফলে বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যাহত হচ্ছিল, যার ধারাবাহিকতায় এবার চরম খাদ্যসংকট তৈরি হতে চলেছে।

গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এস জয়শঙ্কর এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান আঞ্চলিক ভূরাজনৈতিক সংঘাতগুলো ‘গ্লোবাল সাউথ’ বা বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর তীব্র মানসিক ও অর্থনৈতিক চাপ তৈরি করছে।

চলমান সংঘাতের সামগ্রিক প্রভাব তুলে ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন যুদ্ধ এবং বর্তমান ইরান-উপসাগরীয় অঞ্চলের সংঘাত গ্লোবাল সাউথের উদীয়মান অর্থনীতির ওপর অত্যন্ত নেতিবাচক ও ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে। বিশ্বের জ্বালানিবাজারের অস্থিরতা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা বা সাপ্লাই চেইন বর্তমানে দ্বিমুখী সংকটে পড়েছে। জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার চেয়ে রাজনৈতিক ফায়দা লোটার প্রবণতা সমস্যাকে আরও জটিল করে তুলছে। কেউ এটা নিয়ে রাজনৈতিক খেলা খেললে তা বাজারে অস্থিরতা ও জটিলতা কেবল বাড়িয়েই তুলবে বলে তিনি সতর্ক করেন।

কৃষির অপরিহার্য উপাদান সার ও খাদ্যশস্যের পরিবহন প্রসঙ্গে জয়শঙ্কর কৃষ্ণসাগর অঞ্চলের স্থবিরতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি খাদ্যশস্য রপ্তানিকারক দেশ নিজেদের পণ্য বাইরে পাঠাতে পারছে না এবং কৃষ্ণসাগর অঞ্চলে সমুদ্রপথ দিয়ে রপ্তানি চালু রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বের মূল সার উৎপাদনকারী কেন্দ্রগুলো মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় অবস্থিত হওয়ায় সেখানে ঘাটতি তৈরি হয়েছে। এর সঙ্গে ‘সুপার এল নিনো’র মতো জলবায়ুর বিরূপ আচরণ যুক্ত হয়ে খাদ্যনিরাপত্তাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে।




ইরানের আশপাশে তিন রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপস (উভচর অবতরণকারী সামরিক ইউনিট) মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। আগামী নভেম্বরের শেষ নাগাদ এসব সামরিক শক্তি ইরানের আশপাশে অবস্থান নেবে বলে আল-জাজিরাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

বৃহস্পতিবার গণমাধ্যমটির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট তার স্ট্রাইক গ্রুপ নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে। রণতরিটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে।

এ ছাড়া মাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সও সোমবার সান ডিয়েগো থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এই ইউনিটের সঙ্গে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর অবতরণকারী সামরিক ইউনিট মোতায়েন থাকবে।

মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক শক্তি জড়ো করতে পারলে ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সামনে বিভিন্ন ধরনের সামরিক বিকল্প তৈরি হবে বলেও মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে। সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার উদ্যোগ নেওয়া হয়।