ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ডেস্ক নিউজঃ এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। রুলে সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী। দের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেননি।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থী সেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।




শেষ ওভারের নাটকীয়তায় ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর সেই লড়াই যদি শেষ ওভারে গিয়ে নিষ্পত্তি হয়, তাহলে রোমাঞ্চ ছড়িয়ে পড়ে আরও বেশি। ব্লাইন্ড এশিয়া কাপে তেমনই এক উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে ১ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। হাতে ছিল মাত্র ২ উইকেট। ওভারের চতুর্থ বলে নবম উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে পাকিস্তান। তবে সেখান থেকেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বি-২ ক্যাটাগরির ব্যাটার নিমাত।

দুর্গার করা চতুর্থ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচের সমীকরণ বদলে দেন নিমাত। পুরো ইনিংসে সেটিই ছিল তাঁর প্রথম ছক্কা। তাতে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় মাত্র ১ রান। শেষ বলেই দৌড়ে দুই রান নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তিনি। তাতেই ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় পাকিস্তান।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৬২ রান করেন দুর্গা। সঞ্জয় কুমার ২২ বলে ৩০ এবং দুন্না ১৩ বলে ২৬ রান করেন। পাকিস্তানের হয়ে বদর মুনির, বাবর ও মুহাম্মদ একটি করে উইকেট নেন।

১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই জয়ের জন্য লড়াই চালিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ অবদান রাখেন নিসার। ৫১ বলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। সাফাদার করেন ২৬ বলে ৩১ রান। ভারতের হয়ে দুন্না ভেংকট দুটি উইকেট শিকার করেন।

তবে ম্যাচে ভারতের ফিল্ডিং দুর্বলতা বড় ভূমিকা রাখে। অতিরিক্ত খাত থেকে ৩২ রান খরচ করে ভারত, যা পাকিস্তানের জয়ের পথ সহজ করে দেয়।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্যদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে জয়ী দলই শিরোপার লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ হবে।




মেসিবিহীন আর্জেন্টিনার গোলবন্যা, কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে হার

খেলাধুলা ডেস্ক: লিওনেল মেসিকে ছাড়াই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বাকি গোলটি করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। মেসির অনুপস্থিতিতে তরুণদের নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ এদিন শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করে।

ম্যাচের অষ্টম মিনিটেই এনজো ফার্নান্দেজের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকো পাজ। এরপর ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন পাজ।

প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে আবারও জালের দেখা পান আলভারেজ। তাঁর গোলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে আলবিসেলেস্তেরা। বিরতির পরপরই গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ৭৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে ব্যবধান ৬-০ করেন। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার বড় জয় পূর্ণ করেন মাস্তানতুয়োনো।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই আস্থার প্রতিদান দিয়েছেন ২২ বছর বয়সী নিকো পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে তাঁর জোড়া গোল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও আশার সঞ্চার করেছে।

এই জয়ের মধ্য দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই তরুণদের দাপটে বড় জয় তুলে নিয়ে বছর শেষ করল বিশ্বচ্যাম্পিয়নরা।




বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যরা।




আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন বেথেল, আবারও অস্ত্রোপচার করাতে হবে হাঁটুতে

খেলাধুলা ডেস্ক: হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেলের। চোট পুরোপুরি সারিয়ে তুলতে আবারও অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। এ কারণে আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। একই চোটের কারণে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না তাঁর।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিবেচনায় নিয়ে আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রাভিস হেড।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, বেথেলের ডান হাঁটুর কার্টিলেজে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে তাঁকে নতুন করে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে। ফলে বড়দিনের ছুটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর খেলার সম্ভাবনা নেই।

গত জুলাই থেকে মাঠের বাইরে রয়েছেন বেথেল। শুরুতে তাঁর চোটকে সাধারণ সমস্যা মনে করা হলেও পরে বিশেষজ্ঞ চিকিৎসকেরা হাঁটুর কার্টিলেজে জটিলতা শনাক্ত করেন। এরপর অস্ত্রোপচার করানো হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের সিরিজ দিয়ে ফেরার পরিকল্পনা ছিল বেথেলের। তবে হাঁটুতে নতুন করে ব্যথা ও ফোলাভাব দেখা দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এবার আবারও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ায় তাঁর মাঠে ফেরার সময় পিছিয়ে যাচ্ছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাঁকে ছেড়ে দেওয়ার পর আগামী ডিসেম্বরের আইপিএল নিলামেও নাম নিবন্ধন করবেন না বেথেল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগামী বছর ইংল্যান্ডের সামনে রয়েছে অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট। এসব আসরের আগে নিজেকে শতভাগ ফিট করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চান বেথেল। তাই আইপিএলে খেলার পরিবর্তে পুনর্বাসন ও সুস্থতার দিকে মনোযোগ দিচ্ছেন তিনি।

আইপিএলে দুই মৌসুম খেললেও প্রত্যাশা অনুযায়ী সুযোগ পাননি এই তরুণ অলরাউন্ডার। ২০২৫ সালে নিজের প্রথম আসরে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তাঁর। চলতি মৌসুমেও ভারতে ব্যাট হাতে প্রত্যাশিত ছন্দ খুঁজে পেতে সমস্যায় পড়েন তিনি।

বেথেলের পথ অনুসরণ করে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ পেসার জশ টাংও। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকলেও আগামী বছরের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে সময় দিতে চান তিনি।

এদিকে আসন্ন আইপিএল নিলামের আগে দল পুনর্গঠনে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে বেন ডাকেট ও রেহান আহমেদকে। অন্যদিকে ট্রেডের মাধ্যমে স্যাম কারান যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে।




মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজ বুধবার সকাল ৯টার দিকে প্রিন্স বাজারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর-১৩ নম্বরে হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বাধা দেন। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। শ্রমিকেরা কাজ না করে বাসায় চলে গেছেন।




পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

ডেস্ক নিউজঃ দীর্ঘ প্রতীক্ষা, বিপুল বিনিয়োগ আর নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎসের সংযোজন নয়, বরং আধুনিক পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা অর্জনেরও ঐতিহাসিক মাইলফলক।

প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য এই বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কেন্দ্রটির টারবাইন, জেনারেটর, রিঅ্যাক্টর ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় যেতে আরও কয়েক মাস সময় লাগবে। সংশ্লিষ্টদের আশা, আগামী জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনেরও পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

রূপপুরের দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি আমদানিনির্ভরতা কমানো এবং দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে কেন্দ্রটি যুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান প্রমুখ।

এ মুহূর্তকে ঐতিহাসিক উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আজ (গতকাল) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে। ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধি দল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট এবং এ কারণেই এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রিডে সাময়িক সংযোগের অর্থ হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর নির্দেশিকা ও মানদ- অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা। এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে।

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। এ সময় রিঅ্যাক্টর, টার্বাইন, জেনারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই ও পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ (শাটডাউন) করা হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সাময়িকভাবে কমানো বা বাড়ানো হবে। তবে পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন। পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

বায়েরার অনুমোদন পাওয়াসাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রূশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে রূপপুরের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হতে পারে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করতে যেহেতু অনেক পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাই আগে থেকে নির্দিষ্ট সময় বলা মুশকিল।

সংশ্লিষ্ট সূত্রমতে, গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিকতা করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ২১ নভেম্বরের আগে পরেও আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপাদিত নির্ধারিত তাপশক্তি দিয়ে তৈরি বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবাহের পর শুরু হবে বািণজ্যিক উৎপাদন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ।

১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে এই কেন্দ্রে। এরমধ্যে প্রতি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহার সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হবে অন্তত ১০৩০ মেগাওয়াট। চুক্তির শর্ত অনুযায়ী এর চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে জরিমানা গুনতে হবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দুই ইউনিট মিলে এখান থেকে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

দ্বিতীয় ইউনিটের কাজও চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড হতে পারে। দুই ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে বিদ্যুতের লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তেল, কয়লাভিত্তিক বিদ্যুতের তুলনায় পারমাণবিক বিদ্যুতের দামও পড়বে কম।

রূপপুরে পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে এটি পিছিয়ে যায়। এরপর এটি সফলভাবে শেষ করে বায়েরার অনুমতি নিয়ে ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। পরিচালনার কাজ করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি।

এই প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত, যা দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী, সময় বাড়লেও প্রকল্পের ইউরো বা ডলারের ঠিকাদারি ব্যয় বৃদ্ধি পায়নি। তবে স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বাড়ার কারণে টাকার অঙ্কে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপাদিত নির্ধারিত তাপশক্তি দিয়ে তৈরি বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে বেড়ে ৩০ শতাংশে উন্নীত হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তখন প্রায় ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যাবে।

এরপর চলবে নানান পরীক্ষা-নিরীক্ষা। বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে পূর্ণ ক্ষমতায় যেতে ৭-৮ মাসের মতো সময় লাগবে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।




সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

ডেস্ক নিউজঃ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফরের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে উত্তরা এসআরবি সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।




হালান্ডের শেষ মুহূর্তের গোলে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে নরওয়ে

খেলাধুলা ডেস্কঃ ম্যাচের নির্ধারিত সময় প্রায় শেষ। স্কোরবোর্ডে ২-২ সমতা। এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে নরওয়েকে অবিশ্বাস্য জয় এনে দিলেন আর্লিং হালান্ড। তাঁর শেষ মুহূর্তের গোলে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে।

মঙ্গলবার রাতে ডেনমার্কের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের দাপটে। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ডেনমার্ক। ১১তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় দলটি। এরপর ১৪তম মিনিটে অধিনায়ক পিয়েরে-এমিল হয়বিয়ের্গের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই থেকে ছিটকে যায়নি নরওয়ে। ৩৭তম মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে মার্টিন ওডেগার্ডের সহায়তায় ব্যবধান কমান হলান্ড। ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার কাছ থেকে বল জালে পাঠিয়ে নরওয়েকে ম্যাচে ফেরান।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নরওয়ে। ম্যাচের ৮৩তম মিনিটে আন্দ্রেয়াস শেলডেরুপের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জাল খুঁজে নেন অধিনায়ক ওডেগার্ড। তাঁর গোলে ২-২ সমতায় ফেরে সফরকারীরা।

ডেনমার্কের জন্য ড্র-ই ছিল কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য যথেষ্ট। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পাল্টে যায় ম্যাচের চিত্র। যোগ করা সময়ে নিজেদের পেনাল্টি বক্সে হাত দিয়ে বল আটকান জোয়াকিম অ্যান্ডারসেন। ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

গুরুত্বপূর্ণ সেই স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি হলান্ড। তাঁর নিখুঁত শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এই জয়ের ফলে উয়েফা নেশনস লিগের গ্রুপ এ৪ থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।




সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্প উন্নয়নে এডিবির সহযোগিতা

ডেস্ক নিউজ : বাংলাদেশে ১ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতার সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আওতায় সংস্থাটি বাংলাদেশে আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্পের জন্য লেনদেন-সংক্রান্ত পরামর্শক সেবা (ট্রানজেকশন অ্যাডভাইজরি সার্ভিসেস) প্রদান করবে।

মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেনীর ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে এডিবির পরামর্শক সহায়তার ধারাবাহিকতায় এই নতুন সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। এটি তিন ধাপের একটি কর্মসূচিতে রূপ নেবে, যার আওতায় মোট ছয়টি প্রকল্প বাস্তবায়িত হবে।

প্রকল্পগুলো নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত উপায়ে নবায়নযোগ্য জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করবে, আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।

বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, ‘বাংলাদেশের সামনে আরও নিরাপদ, টেকসই এবং বিনিয়োগ উপযোগী জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, এডিবির লেনদেন সংক্রান্ত পরামর্শক সেবার পরিধি বাড়ানো মূলত একক প্রকল্পের গণ্ডি পেরিয়ে পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগের জন্য একটি বৃহৎ ও সম্প্রসারণযোগ্য বাজার তৈরির যৌথ আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘প্রকল্পের প্রস্তুতি, প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের সহায়ক পরিবেশ শক্তিশালী করার মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়নের পরবর্তী ধাপকে বেগবান করতে প্রয়োজনীয় মূলধন, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান সংগ্রহে সহায়তা করতে পারি।’

এ পরামর্শক সেবার মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।

কর্মসূচির প্রথম ধাপে ফেনী জেলার ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌর ফটোভোলটাইক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর সঙ্গে ২৬ মেগাওয়াট-ঘণ্টা সক্ষমতার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা যুক্ত থাকবে। চলতি বছরের মধ্যেই প্রকল্পটির দরপত্র আহ্বান করা হতে পারে।

এডিবি জানায়, চুক্তির আওতায় প্রথম প্রকল্প হিসেবে সোনাগাজী প্রকল্পটি পরবর্তী দুই ধাপে বাস্তবায়িতব্য অন্য পাঁচটি প্রকল্পের কাঠামো নির্ধারণ ও দরপত্র প্রক্রিয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। প্রথম প্রকল্পের অভিজ্ঞতা পরবর্তী প্রকল্পগুলোতে কাজে লাগানো হবে।

সম্প্রসারিত এ কার্যপরিধির আওতায় এডিবি ইনভেস্ট বাংলাদেশ অথরিটি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) পাঁচটি অতিরিক্ত প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমির উপযুক্ততা যাচাইয়ে সহায়তা করবে।

প্রকল্প প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার যাচাই, দরপত্রের নথি প্রস্তুত এবং প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান ও প্রকল্প বরাদ্দ প্রক্রিয়ায় সহায়তাসহ প্রকল্প উন্নয়নের পুরো চক্রে এডিবির পরামর্শক সেবা দেওয়া হবে।

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিশেষ করে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগসহ বেসরকারি খাতের বিনিয়োগ ও অংশগ্রহণ ত্বরান্বিত করতে চায় সরকার।

তিনি বলেন, এ প্রকল্পগুলোর পাইপলাইন গড়ে তুলতে এডিবির সঙ্গে অংশীদারিত্বকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে। দেশের পরিচ্ছন্ন জ্বালানি সক্ষমতা বাড়ানো, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আফরোজা সুলতানা এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও অভিঘাত-সহনশীল প্রবৃদ্ধিতে সহায়তাকারী একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ সংস্থার সদস্যসংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ।

সদস্য ও অংশীদারদের সঙ্গে কাজ করে সংস্থাটি উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, জীবনমানের পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে।