সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বিনোদন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে বলা হয়েছে।

৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইল বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়। আরও বলা হয়, এই বার্তা উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত।

বিএফআইইউর এই বার্তা দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের নাম রয়েছে।

সম্প্রতি সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়। দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।




মিরপুরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার পর আবারও উচ্ছেদ অভিযান শুরু

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ফের শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে সিটি কর্পোরেশনের উদ্যোগে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় পুলিশ, এসআরবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে উপস্থিতি লক্ষ্য করা যায়।

এর আগে, সকাল ১০টার পর মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা ১১টার পর সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ও হকারদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদ অভিযানের সময় রোলার দিয়ে দোকান ভাঙতে গেলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।




শিল্পকলায় ‘রাইজ অ্যান্ড শাইন’

সাংস্কৃতিক প্রতিবেদকঃ পুরুষের পাশাপাশি নারীরাও জীবন সংগ্রামে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে। শ্রমজীবী নারীর জীবনসংগ্রাম, শোষণ ও নিপীড়নের গল্প নিয়ে নাটকের দল বটতলা মঞ্চায়ন করল নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।

ইতালীয় নাট্যকার দারিও ফো ও ফ্র্যাঙ্কা রাম রচিত ও অধ্যাপক আবদুস সেলিমের রূপান্তরে নাটকটির নির্দেশনায় ছিলেন ম. সাঈদ।

‘রাইজ অ্যান্ড শাইন’ মূলত জীবনযুদ্ধ ও সংসারের নানা টানাপোড়েনে আটকে থাকা এক শ্রমজীবী নারীর গল্প। মঞ্চে একজন নারী চরিত্রের জীবনযাপনের মধ্য দিয়ে তুলে ধরা হয় শ্রমজীবী, প্রান্তিক ও ভাগ্যহত মানুষের প্রতিদিনের বাস্তবতা। একই সঙ্গে ক্ষমতার নানা সমীকরণে সাধারণ মানুষ কীভাবে টিকে থাকে, সেই প্রশ্নও নাটকটির কাহিনিতে উঠে এসেছে।

নাটকের গল্পে দেখা যায়, প্রতিদিনের ব্যস্ত নগরজীবনের অসংখ্য নারীর মতোই একজন নারী সকালে ঘর থেকে বের হন। সংসারের নানা ‘ঘ্যানচক্কর’ নীরবে সামলে তিনি কর্মস্থলে ছুটে যান। বহুজাতিক ক্রেতাদের জন্য তৈরি পোশাকের কারখানায় কাজ করতে গিয়ে তাকে অতিরিক্ত সময় শ্রম দিতে হয়। কর্মজীবনের এই কঠিন বাস্তবতার পাশাপাশি ঘরে রয়েছে বদমেজাজি ও দায়িত্বহীন স্বামী। সংসার, কর্মক্ষেত্র এবং সামাজিক বাস্তবতার চাপ একসময় তার জীবনকে অসহনীয় করে তোলে। তবে নিপীড়নের কাছে নত না হয়ে একসময় ওই নারী নিজের জীবনকে নতুনভাবে দেখার এবং জেগে ওঠার চেষ্টা করেন। একজন নারীর ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে নাটকটি তখন হয়ে ওঠে অসংখ্য নারী, মা ও কর্মজীবী নারীর সম্মিলিত গল্প। মঞ্চে একজন অভিনেত্রীকে দেখা গেলেও দর্শক তার জীবনের সঙ্গে পরিচিত বহু নারীর জীবনের মিল খুঁজে পান। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বটতলার নিয়মিত অভিনয়শিল্পীরা।




জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাংস্কৃতিক প্রতিবেদকঃ আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৩৪তম বার্ষিকী উদযাপন করল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।

সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর সার্টিফিকেশন বোর্ড সদস্যরা।

এতে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাওন আশরাফ।

বর্ণাঢ্য এই আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার এবং সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক আহমেদ তেপান্তরসহ তেরোজন বিশেষ ব্যক্তিকে জিসাস সম্মাননা প্রদান করা হয়।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন উদিয়মান ও বরেণ্য শিল্পীরা।




রোনালদোকে দেওয়া কথা রাখেননি জেসুস, পর্তুগাল শিবিরে অস্বস্তি

খেলাধুলা ডেস্কঃ নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার পর পর্তুগালের কোচ জর্জ জেসুসের ওপর অসন্তুষ্ট হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এমন খবর প্রকাশ করেছে পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যম। ম্যাচটিতে পর্তুগাল ২–১ গোলে জয় পেলেও রোনালদোকে মাঠে না নামানো নিয়ে দলের ভেতরে অস্বস্তির খবর ছড়িয়ে পড়ে।

পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে রোনালদো ও জেসুসের মধ্যে সাময়িক উত্তেজনা বা অস্বস্তির কথা উঠে এসেছে। তবে পরবর্তী সময়ে দু’জনের মধ্যে সরাসরি কথা হয়েছে এবং বিষয়টি মিটে গেছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ও জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিপি।

কথা ছিল পরে মাঠে নামবেন রোনালদো

প্রতিবেদনগুলো অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে জেসুস রোনালদোর সঙ্গে কথা বলেছিলেন। সেখানে পর্তুগালের অধিনায়ককে জানানো হয়েছিল, তিনি ম্যাচটি শুরু করবেন না। তবে পরিস্থিতি অনুযায়ী পরে তাকে মাঠে নামানো হতে পারে- এমন প্রত্যাশা ছিল।

ম্যাচের একপর্যায়ে পর্তুগাল যখন নিজেদের এগিয়ে থাকা ব্যবধান ধরে রাখার চেষ্টা করছিল, তখন রোনালদো ওয়ার্ম-আপও করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামার জন্য ডাকেননি জেসুস।

ম্যাচ শেষে জেসুস জানান, তিনি রোনালদোকে খেলানোর কথা বিবেচনা করেছিলেন। তবে ম্যাচ যেভাবে এগোচ্ছিল, তা দেখে শেষ পর্যন্ত নিজের পরিকল্পনা পরিবর্তন করেন।

রোনালদোর পরিবর্তে শুরু থেকেই খেলেন গনসালো রামোস। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পর্তুগালের জয়সূচক গোলটিও করেন তিনি।

ম্যাচ শেষে রোনালদোর আচরণে জল্পনা

ম্যাচ শেষ হওয়ার পর রোনালদোর আচরণও পর্তুগালের সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

পর্তুগালের খেলোয়াড়েরা যখন গ্যালারিতে থাকা সমর্থকদের দিকে এগিয়ে গিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছিলেন, তখন রোনালদো সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান। তিনি সতীর্থদের সঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানাতে যোগ দেননি।

পর্তুগিজ সংবাদমাধ্যম এ বোলা জানায়, রোনালদোর এই প্রতিক্রিয়া সম্পর্কে জেসুসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তখন বিষয়টি তার নজরে পড়েনি। তবে তিনি রোনালদোর সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলে জানান।

রোনালদোর মতো খেলোয়াড়ের ক্ষেত্রে পুরো একটি প্রতিযোগিতামূলক ম্যাচে বেঞ্চে বসে থাকা ব্যতিক্রমী ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের নিয়মিত ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকা ৪১ বছর বয়সী এই তারকার মাঠের বাইরে থাকা তাই স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ কাড়ে।

পর্তুগাল শিবিরে বাড়ে জল্পনা

এরপর পর্তুগালের সংবাদমাধ্যমে দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রোয়েনসা নির্ধারিত সময়ের আগেই কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রোয়েনসার আকস্মিক সফরকে ঘিরে পর্তুগাল শিবিরে কোনও বিষয় সমাধানের প্রয়োজন দেখা দিয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়।

এদিকে, পর্তুগালের পরবর্তী পূর্ণাঙ্গ অনুশীলনেও রোনালদো মাঠে নামেননি। তবে জোয়াও ফেলিক্স ও ফ্রান্সিসকো কনসেইসাওও সেই অনুশীলনে অনুপস্থিত ছিলেন। রোনালদো অবশ্য স্টেডিয়ামে এসেছিলেন এবং পরে ভেতরে ফিরে যান। ফলে তার অনুশীলনে না থাকাকে প্রতিবাদ বা অসন্তোষের কোনও পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখানোর মতো প্রমাণ পাওয়া যায়নি।

সরাসরি কথা বলে মিটেছে মতবিরোধ 

তবে পরিস্থিতিতে পরে পরিবর্তন আসে। পর্তুগালের সংবাদমাধ্যম অবজারভাদোর এবং জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিপির প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ও জেসুস সরাসরি কথা বলেছেন এবং তাদের মধ্যে তৈরি হওয়া মতবিরোধের অবসান হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার পর দু’জনই সন্তুষ্ট ছিলেন এবং এখন পর্তুগালের সামনে থাকা ম্যাচগুলো নিয়েই মনোযোগ দিতে চান।

এ সময় রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগালের পতাকার পাশে নিজের একটি ছবি এবং হৃদয়ের প্রতীক পোস্ট করেন। তার এই পোস্টও জেসুসের সঙ্গে সম্পর্ক নিয়ে চলমান জল্পনার মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচকে ঘিরে তৈরি হওয়া অস্বস্তি আপাতত অনেকটাই কেটে গেছে। এখন নজর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচের দিকে।

বিশেষ করে নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ রোনালদোকে বেঞ্চে রাখার পর ডেনমার্কের বিপক্ষে জেসুস তাকে একাদশে রাখেন কি না, নাকি আবারও ভিন্ন কৌশল নেন- সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর।




জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

খেলাধুলা ডেস্কঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছয়বারের চ্যাম্পিয়ন বোর্দো। ২০২১ সালেও ‘লিগ ওয়ান’-এ খেলছিল তারা। আর সেই ক্লাবটির মালিকানাই কিনা এখন মাত্র ১ ইউরোর বিনিময়ে হাতবদল হচ্ছে।

বুধবার বোর্দো আনুষ্ঠানিকভাবে জানায়, ব্রিটিশ ইনভেস্টমেন্ট ফান্ড ‘পার্ক বেঞ্চ’-এর কাছে মাত্র ১ ইউরোয় ক্লাবটি বিক্রি করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তারা। চুক্তির শর্ত অনুযায়ী, দলটির বকেয়া ঋণের একটি অংশ পরিশোধের দায়িত্ব নেবে নতুন এই বিনিয়োগকারী গোষ্ঠী।

এক বিবৃতিতে ফরাসি ক্লাব বোর্দো জানায়, বকেয়া ঋণের সব দায়ভার কাঁধে নেওয়ার শর্তে প্রতীকী ১ ইউরোর বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই নুভেল-আকিতেন ফুটবল লিগের আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কমিশনের মুখোমুখি হবে ক্রেতা পক্ষ। এই চুক্তি স্বাক্ষর এফসি জিরোন্দাঁ দ্য বোর্দোর ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

১৮৮১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বোর্দো ফরাসি ফুটবলের লিগ শিরোপা জিতেছে ৬ বার, পাশাপাশি ৪টি ফ্রেঞ্চ কাপ ও ৩টি ফ্রেঞ্চ লিগ কাপও রয়েছে তাদের ট্রফি ক্যাবিনেটে। বিশ্ব ফুটবলের মহাতারকা জিনেদিন জিদানের মতো ফুটবলার ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই বোর্দোর জার্সি গায়েই মাঠ মাতিয়েছেন।

সেই ক্লাবই কিনা এখন খেলার মাঠে ধারাবাহিক ব্যর্থতা ও অর্থনৈতিক বিশৃঙ্খলায় জর্জরিত। একের পর এক অবনমন হতে হতে শেষ পর্যন্ত পেশাদার দলের মর্যাদাও হারায়। আর্থিক অনিয়মের দায়ে ন্যাশনাল ডিরেক্টরেট অব ম্যানেজমেন্ট কন্ট্রোল ও ফরাসি ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের পর চলতি বছর দলটি সরাসরি ষষ্ঠ ডিভিশনের সমকক্ষ ‘রিজিওনাল ১’-এ নেমে যায়।

আর্থিক সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে বোর্দোর টিকে থাকা নিয়েই বড় প্রশ্ন দেখা দেয়। ক্লাব যাতে একেবারে দেউলিয়া হয়ে বিলুপ্ত না হয়ে যায়, সেজন্য অস্তিত্ব রক্ষার কার্যকর সমাধান জমা দিতে মালিকপক্ষকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল শহরের বাণিজ্যিক আদালত।

২০২১ সাল থেকে বোর্দোর মালিকানায় থাকা জেরার লোপেসের প্রতিষ্ঠান ও পার্ক বেঞ্চের মধ্যে চুক্তিটি সই হয়েছে। তবে মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। নতুন এই প্রকল্পের আর্থিক সক্ষমতা এবং ২০২৬-২৭ মৌসুমের বাজেট বিশ্লেষণের দায়িত্বে থাকা ‘নুভেল-আকিতেন ফুটবল লিগ’-এর আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কমিশন আগামী কয়েক দিনের মধ্যে নতুন বিনিয়োগকারীদের আর্থিক যোগ্যতা পরখ করে দেখবে।

তবে ১ ইউরোর এই দামটি নিতান্তই নামমাত্র, যা দিয়ে নতুন বিনিয়োগকারীদের সার্বিক আর্থিক প্রতিশ্রুতির পরিমাণ বোঝা সম্ভব নয়। ক্লাবের ধারের পরিমাণ প্রায় ২ কোটি ৬০ লাখ ইউরো থেকে কমিয়ে ১ কোটি ৩০ লাখ ইউরোতে নামিয়ে আনা হবে। একই সঙ্গে এই ঋণ পরিশোধের সময়সীমা ১০ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে।

বোর্দোর কাছে পাওনা সমস্ত অর্থ মওকুফ করতে রাজি হয়েছেন ক্লাবের বর্তমান মালিক জেরার লোপেস। ভবিষ্যতে দলের আর্থিক পরিস্থিতির উন্নতি হলেও সেই অর্থ আর ফেরতের দাবি করবেন না তিনি।




মেসির ১০ নম্বর জার্সি নিয়ে এখনই ভাবছেন না স্কালোনি

খেলাধুলা ডেস্কঃ লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হওয়ার পর একসময় না একসময় তার বিখ্যাত ১০ নম্বর জার্সি উঠবে অন্য কোনো খেলোয়াড়ের গায়ে। তবে সেই দিন কবে আসবে কিংবা মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে এখনই ভাবতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা বুধবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে করছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি হবে। এরপর আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে বিদায় নেবেন মেসি।

মেসিকে ছাড়া দলকে কীভাবে এগিয়ে নেওয়া হবে, সেই পরিকল্পনা শুরু করেছেন স্কালোনি। তবে মেসির জায়গা সরাসরি একজন খেলোয়াড় দিয়ে পূরণ করার কথা ভাবছেন না তিনি। বরং দলের খেলার ধরনেও পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন এই বিশ্বকাপজয়ী কোচ।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা অন্যভাবে খেলার পথ খুঁজে নেব।’

মেসির অনুপস্থিতিকে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছেন স্কালোনি। তার ভাষায়, ‘এই ম্যাচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্যই। তবে আমাদের মূল খেলার ধরন বল দখলে রাখাকে ঘিরেই থাকবে। সেখান থেকেই আমরা কীভাবে মানিয়ে নিতে পারি, সেটা দেখব।’

বলিভিয়ার বিপক্ষে আক্রমণভাগেও নতুন সমন্বয় দেখা যেতে পারে। জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করেছেন স্কালোনি। এর আগে এই দুই স্ট্রাইকারকে নিয়মিত একসঙ্গে খেলাননি তিনি।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার দায়িত্ব পেতে পারেন কোমোর হয়ে খেলা নিকোলাস পাজ। এ ছাড়া দলে আরও কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

তবে মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি আর্জেন্টিনা। মেসির বিদায়ী ম্যাচের আগে এই জার্সি অন্য কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্কালোনি।

তিনি বলেন, ‘এই ম্যাচগুলোর জন্য আমাদের কাউকে ১০ নম্বর দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। শেষ পর্যন্ত কেউ একজন এটি পরবে, কারণ এই জার্সি পরা বিশেষ কিছু। তবে কে পরবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচটি হবে আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও তাঁকে এই ম্যাচের দলে রাখা হয়েছে, যাতে দেশের মাটিতে তাকে বিদায় জানাতে পারে আর্জেন্টিনা।

এদিকে স্কালোনির নিজের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। আর্জেন্টিনা কোচের বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে তাঁর আলোচনা চলছে। স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনার দায়িত্বে থেকে যাওয়ার ইচ্ছা তার রয়েছে।

মেসি-পরবর্তী আর্জেন্টিনা নিয়েও আশাবাদী স্কালোনি। তার মতে, দলে নতুন প্রতিভা উঠে আসছে এবং জাতীয় দলের হয়ে খেলার জন্য তরুণদের আগ্রহও রয়েছে। তাই মেসির বিদায়ের পরও দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলবে বলে বিশ্বাস তার।




অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথমবার বাংলাদেশকে আতিথেয়তা দেবে অজিরা। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

ব্রিসবেনে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে আগামী ৯ অক্টোবর। একই ভেন্যুতে ১১ ও  ১৪ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।

সবশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা।

অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে ফিরলেন সানজিদা আক্তার মেঘল, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুনও হাবিবা ইসলাম পিংকি।

নিগার সুলতানা জ্যোতির দল সবশেষ ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১ ব্যবধানে সিরিজ হারে তারা।

বাংলাদেশের স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।




চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী ভর্তি, নারী ও শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। তবে দুজনের মধ্যে মৃত নারীর ডেঙ্গু পজিটিভ ছিল বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে মৃত শিশুর ডেঙ্গু পরীক্ষা করা না থাকলেও ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ ছিল বলে চিকিৎসকরা জানায়।

জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার দিকে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) ও আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, মৃত নারী ফেরদৌসী মঙ্গলবার বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হয়। তার ডেঙ্গু পজিটিভ ছিল।

অন্যদিকে, শিশু মহব্বত গত রাত ১১টায় ভর্তি হয়েছিল। তীব্র জ্বর ও শরীর ব্যথা এবং ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ থাকলেও তার ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ না থাকায় তা নিশ্চিত ছিল না। বর্তমানে ১০৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত ১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।




প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ জন্য বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।

আগামীকাল ১ অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এবারের দিবসের প্রতিপাদ্য ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’ (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives)।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসচেতনতা এবং চিকিৎসাবিজ্ঞানের উন্নতি ও অগ্রগতির ফলে বিশ্বের দেশে দেশে মানুষের গড় আয়ু বাড়ছে। দীর্ঘায়ু মানুষের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করছে; একই সঙ্গে দীর্ঘ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও পারিবারিক সহায়তার ব্যবস্থাগুলোকে সময়োপযোগী করে তোলার প্রয়োজনীয়তাও সামনে নিয়ে আসছে।

তিনি বলেন, প্রবীণদের স্বার্থরক্ষায় সরকার সচেতন ও সতর্ক। একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, জীবনচক্রের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি প্রবীণ বয়সে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি, বয়স্ক ভাতা সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে উল্লিখিত কল্যাণমুখী রাষ্ট্রের ধারণার আলোকে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। প্রবীণদের অবহেলা না করে তাঁদের সুস্বাস্থ্য বজায় রাখা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখা এবং সামাজিক সুরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করার লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।

দেশের প্রবীণ জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বয়স্ক ভাতার পরিমাণ বৃদ্ধি এবং উপকারভোগীর সংখ্যা সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করার কার্যক্রম এগিয়ে চলেছে।

প্রবীণ ব্যক্তিদের পরিবার ও সমাজের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।

তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র-তিন স্তরেই প্রবীণদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখা জরুরি। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রবীণ নাগরিকদের স্বার্থরক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তবে রাষ্ট্র ও সমাজে আবহমান কালের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ যত বেশি বজায় থাকবে, সমাজে প্রবীণদের যত্ন, সম্মান ও মর্যাদা তত বেশি সুরক্ষিত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ শুভক্ষণে দেশের সব প্রবীণ নাগরিকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাঁর সরকারের লক্ষ্য, যেখানে বয়সে তরুণ কিংবা প্রবীণ প্রতিটি মানুষ তাঁর সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগিয়ে মর্যাদাপূর্ণ ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারে।

তিনি ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস, ২০২৬-এর সার্বিক সফলতা কামনা করেন।