বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

ডেস্ক নিউজঃ বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বুধবার বিনিময় হার:

বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা

ইউএস ডলার – ১২২ টাকা ৯০ পয়সা
ইউরো – ১৩৯ টাকা ৩৬ পয়সা
পাউন্ড – ১৬২ টাকা ৫৮ পয়সা
ভারতীয় রুপি – ১ টাকা ২৮ পয়সা
ইউয়ান – ১৮ টাকা ৩২ পয়সা
ইয়েন – ০ টাকা ৭৮ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার – ৮৫ টাকা ৮২ পয়সা
সিঙ্গাপুরি ডলার – ৯৬ টাকা ১৫ পয়সা

সূত্র: গুগল

*যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।




‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পরও তার আইকনিক ১০ নম্বর জার্সি নিয়ে তাড়াহুড়ো করতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি অন্য কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। তবে পরবর্তীতে আর্জেন্টিনার অন্য কোনো ফুটবলার এই জার্সি পরবেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আরও দুটি ম্যাচ রয়েছে তাদের। ৭ অক্টোবর বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার কথা মেসির।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এই ম্যাচগুলো মূলত দলকে পরীক্ষা করার সুযোগ। তবে মেসি না থাকলেও আর্জেন্টিনার খেলার মূল দর্শন বল দখলে রাখার ওপরই থাকবে বলে জানান তিনি।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করেছেন স্কালোনি। এর আগে এই দুই স্ট্রাইকারকে নিয়মিত একাদশে একসঙ্গে খেলানো থেকে বিরত ছিলেন তিনি।

বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ নিশ্চিত করেননি স্কালোনি। তবে বিশ্বকাপের ফাইনালে খেলা দলের অধিকাংশ ফুটবলারই এই ম্যাচে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেই ফাইনালে আর্জেন্টিনা ১ ০ গোলে হেরেছিল।

এদিকে মেসির ১০ নম্বর জার্সি আপাতত ফাঁকা রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে স্কালোনি বলেন, মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি অন্য কাউকে দেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি। পরে অবশ্য এই ঐতিহ্যবাহী জার্সি অন্য একজনকে পরতে হবে বলেও উল্লেখ করেন আর্জেন্টাইন কোচ।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর সময়ও ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে এই জার্সিতেই খেলেছেন তিনি।

মেসিকে ঘিরে বিদায়ের প্রস্তুতির পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে তার।

স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার ইচ্ছা তার রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক বিষয় এবং দলের খেলাধুলার দিক পর্যালোচনা করেই তিনি নতুন করে সিদ্ধান্ত নেওয়ার পথে এগিয়েছেন।

এর আগে ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। তবে পরবর্তী সময়ে এএফএ সভাপতির সঙ্গে বৈঠকের পর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার বিষয়ে আলোচনা শুরু হয়। ২০৩০ বিশ্বকাপের একটি ম্যাচ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের মূল আয়োজন হবে স্পেন, মরক্কো ও পর্তুগালে।

মেসির পরও আর্জেন্টিনা উচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারবে বলে মনে করেন স্কালোনি। তার মতে, জাতীয় দলে নতুন প্রতিভার আগমন এবং খেলোয়াড়দের আগ্রহ দলটির ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সংকেত দিচ্ছে।




প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।




দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া ডেস্কঃ দেশের তিন জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশটির ভোটারদের উদ্দেশে খোলা চিঠি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। চিঠিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের’ হাত থেকে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ২৫ পৃষ্ঠার ওই চিঠিতে আইআরজিসি বলেছে, ট্রাম্প প্রশাসনে ‘পরিবর্তন’ আনা প্রয়োজন। চলমান যুদ্ধ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রশাসন দেশটির জনগণকে বিভ্রান্ত করছে বলেও দাবি করেছে বাহিনীটি।

চিঠিতে ইরানকে চলমান যুদ্ধে বিজয়ী হিসেবে তুলে ধরেছে আইআরজিসি। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, কর্মসূচি বন্ধ করা কিংবা অন্য যেসব লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র অভিযান শুরু করেছিল, সেগুলোর কোনোটি অর্জিত হয়নি।

তবে আইআরজিসি স্বীকার করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা এবং কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বাহিনীটির দাবি, হামলার মূল উদ্দেশ্যগুলো অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানের জনগণ ও মার্কিন নাগরিকদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মিল রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। আইআরজিসির ভাষ্য, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দুই দেশের সাধারণ মানুষই ভোগান্তির শিকার হচ্ছেন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি ট্রাম্পকে ‘মিথ্যুক’ বলে আখ্যা দেন। তাঁর দাবি, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে যে ক্ষতি হচ্ছে, সে সম্পর্কে মার্কিন নাগরিকেরা পর্যাপ্ত তথ্য জানেন না।

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে যুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে আসছেন ট্রাম্প। তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেছে। ইরানের দাবি, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বেসামরিক কাজে জ্বালানি ব্যবহারের উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। তবে কেপলারের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ওই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৩২ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে। যুদ্ধ শুরুর আগে এই পথে প্রতিদিন যে পরিমাণ তেল রপ্তানি হতো, বর্তমান রপ্তানি তার প্রায় ৭৭ শতাংশ।

সূত্র: আল-জাজিরা।




প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরেই অনড় সরকার

ডেস্ক নিউজঃ বিরোধী দলসহ সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে সংবিধান সংশোধনের ওপর জোর দিয়েছেন গণমাধ্যমের প্রতিনিধি ও টকশো ব্যক্তিত্বরা। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠন ও প্রক্রিয়া, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে লিখিত ও সুস্পষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অংশীজনদের মতামত নিয়ে দীর্ঘমেয়াদে টেকসই ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য সংশোধনী প্রণয়নের কথা জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি।

ব্যক্তিতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ঝুঁকি এড়াতে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদে থাকার সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণের প্রস্তাব থেকে সরে আসেনি সরকার। এ প্রস্তাবকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে কিছু মতামত এলেও ক্ষমতাসীন দলের অবস্থান এখনো অপরিবর্তিত। তবে বিরোধী দল আলোচনায় এলে জুলাই জাতীয় সনদের বিভিন্ন প্রস্তাব ও ভিন্নমত নিয়ে সমঝোতার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে দেশের বিভিন্ন ইলেকট্রনিক, টিভি ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি এবং টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রস্তাব কমিটিতে উত্থাপন করেন। কমিটি বৈঠকে আলোচনার বাইরে কারো লিখিত প্রস্তাব থাকলে সেটি কমিটিতে প্রেরণ করার জন্য অনুরোধ করে।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ আরও জানান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠনপ্রক্রিয়া, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার প্রস্তাব এসেছে। এসব মতামত পর্যালোচনা করে সংসদে উপস্থাপনের জন্য একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছে বিশেষ কমিটি। গণমাধ্যমের সম্পাদক, বার্তা ব্যবস্থাপক, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর থাকার প্রস্তাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আলোচনায় কেউ কেউ মত দিয়েছেন, একজন ব্যক্তির প্রধানমন্ত্রী থাকার মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক। কোনো ব্যক্তি ভালো কাজ করলে এবং জনগণ তাঁকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে সেই অধিকার থাকা উচিত বলেও মত এসেছে। তবে ব্যক্তিতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকি রোধ করতেই একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদে থাকার সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগেই বিএনপির চেয়ারম্যান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী এ প্রস্তাব দিয়েছিলেন। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে প্রস্তাবটি দেওয়া হয় এবং পরবর্তী সময়ে নির্বাচনী ইশতেহারেও তা উল্লেখ করা হয়েছে। তাই সরকার এখনো এ প্রস্তাবে অনড় রয়েছে। তবে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রস্তাব এলে তা নিয়ে আলোচনা হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবটির পক্ষে ও বিপক্ষে উভয় ধরনের মতামত এসেছে। দীর্ঘ সময় একই ব্যক্তির ক্ষমতায় থাকার ঝুঁকি যেমন আলোচনায় এসেছে, তেমনি জনগণের পছন্দ অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নও উঠেছে। কমিটি এসব মতামত পর্যালোচনা করবে।

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের মতো একক রাষ্ট্রব্যবস্থায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কতটা প্রয়োজন, তা পুনর্বিবেচনার প্রস্তাব এসেছে। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ একটি একক রাষ্ট্র। এখানে অঙ্গরাজ্যভিত্তিক কোনো কাঠামো নেই। এ বাস্তবতায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়ে কেউ কেউ মত দিয়েছেন। তবে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষ সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য হওয়ায় সরকার সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এগোতে চায়। তবে নতুন কোনো প্রস্তাব এলে তা সংসদে বিবেচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করে সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে মতপার্থক্য নিরসনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত ও স্বাক্ষরিত হয়েছে, সরকার সেটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তবে সনদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ থাকলে তা আলোচনার মাধ্যমে বিবেচনার সুযোগ রয়েছে। বিরোধী দল আলোচনায় এসে কোনো অংশে পরিবর্তনের প্রস্তাব দিলে তা নিয়েও আলোচনা হতে পারে।

বিশেষ কমিটিতে বিরোধী দলকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে কমিটির সভাপতি বলেন, কমিটি সবার মতামতের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান সংশোধন করতে চায়। যেসব বিষয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলোও আলোচনার আওতায় আসতে পারে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কাঠামো, গঠনপ্রক্রিয়া এবং এর সঙ্গে কারা যুক্ত থাকবেন, এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশেষ কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, কোন প্রক্রিয়ায় সদস্য নির্বাচন করা হবে এবং কী ধরনের ধাপ অনুসরণ করা হবে, তা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। জুলাই জাতীয় সনদে এ বিষয়ে কিছু প্রস্তাব রয়েছে। আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্টও রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিকল্প পদ্ধতিগুলো নিয়ে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উন্মুক্ত আলোচনার পর দেশের জন্য উপযুক্ত পদ্ধতি সংসদে বিবেচনা করা হবে।

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়েও মতামত এসেছে। এ ছাড়া সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন বিষয়ে পরিবর্তনের প্রস্তাব এসেছে। এসব মতামত লিখিতভাবে পাওয়ার পর কমিটির বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের মতামতও নেওয়া হবে।

বিভিন্ন পর্যায়ের আলোচনা শেষে একটি প্রতিবেদন তৈরি করবে বিশেষ কমিটি। সেটি জাতীয় সংসদে উপস্থাপনের পর সংবিধান সংশোধনের বিল উত্থাপন করা হবে।

টকশো ব্যক্তিত্ব ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত বলেন, বৈঠকে অংশ নেওয়া সবাইকে কমিটির পক্ষ থেকে ধৈর্য ধরে শোনা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠনপ্রক্রিয়া। এ বিষয়ে সবাইকে সুচিন্তিত ও লিখিত মতামত দিতে বলা হয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ৭০ অনুচ্ছেদ নিয়েও আলোচনা হয়েছে। সংবিধান এমনভাবে সংশোধন করা প্রয়োজন, যাতে তা দীর্ঘমেয়াদে কার্যকর থাকে এবং অল্প সময়ের ব্যবধানে আবার সংশোধনের প্রয়োজন না হয়।

জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই, সেগুলো ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নের পক্ষে অধিকাংশ অংশগ্রহণকারী মত দিয়েছেন বলে জানান তিনি। নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলো নিয়েও রাজনৈতিক দলগুলো আলোচনা করে কোনো কোনো প্রস্তাব অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়ে মত এসেছে।

বিরোধী দলসহ সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলকে আলোচনায় রেখে সংশোধনী প্রণয়নের ওপর গুরুত্ব দিয়ে ডা. সায়ন্ত বলেন, একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া গেলে বিতর্ক কমবে এবং সংশোধনীর গ্রহণযোগ্যতা বাড়বে।

বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রসঙ্গে সাংবাদিকরা বলেন, বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষের প্রয়োজন আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। উচ্চকক্ষ হলে রাষ্ট্রের ব্যয় বাড়বে কি না এবং এটি অতিরিক্ত বোঝা তৈরি করবে কি না, এ বিষয়ও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। আবার উচ্চকক্ষে বিভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ত সিভিল সোসাইটির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হলে নিরপেক্ষ সিভিল সোসাইটির পরিসর সংকুচিত হওয়ার আশঙ্কার কথাও কেউ কেউ বলেছেন।

বিশেষ কমিটির বৈঠকে গণমাধ্যম ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।




চার জেলায় নতুন ডিসি

ডেস্ক নিউজ : টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি করা হয়েছে। আর অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী, অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি করা হয়েছে।

নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ তিন কর্মকর্তা উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা মাঠ প্রশাসনে ডিসি হিসেবে নিয়োগ পেয়ে থাকেন।




হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি সেপ্টেম্বরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেলবাহী জাহাজের চলাচল ও পণ্য পরিবহন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, চলতি মাসে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ব্যারেল তেল পরিবহন হয়েছে। এর পাশাপাশি পাইপলাইন ও হরমুজ এড়িয়ে যাওয়া বিভিন্ন বন্দর দিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে প্রতিদিন আরও প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।

ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ যুদ্ধ শুরুর পরের সর্বনিম্ন অবস্থার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহের এই পুনরুদ্ধার বিশ্ববাজারে জ্বালানি সংকটের চাপ কিছুটা কমাতে পারে। তবে যুদ্ধপূর্ব স্বাভাবিক পরিস্থিতি এখনো পুরোপুরি ফিরে আসেনি।

কেপলারের হিসাবে, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল পরিবহন হতো। বর্তমানে তা প্রায় ১ কোটি ব্যারেলে দাঁড়িয়েছে। অন্যদিকে, বিভিন্ন বিকল্প রুটসহ মধ্যপ্রাচ্যের মোট তেল রপ্তানিও আগের তুলনায় বেড়েছে।

তবে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে কিছুটা পার্থক্য রয়েছে। ট্যাংকারট্র্যাকার্স ডটকমের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৭৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিভিন্ন উৎসের তথ্য আলাদা হলেও একটি বিষয় স্পষ্ট—সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্য থেকে তেলের প্রবাহ বেড়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির সিনিয়র ফেলো ড্যানিয়েল স্টার্নঅফ বলেন, কোনো একটি ট্র্যাকিং প্রতিষ্ঠানের তথ্যের ওপর নির্ভর না করে একাধিক উৎসের পরিসংখ্যান বিবেচনা করা উচিত। তবে সব তথ্যই সেপ্টেম্বরে তেলের প্রবাহ বাড়ার দিকে ইঙ্গিত করছে।

হরমুজ প্রণালিতে তেল পরিবহন বাড়ার পেছনে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জাহাজগুলোকে হামলা থেকে সুরক্ষা দিতে মার্কিন বাহিনী অভিযান পরিচালনা করছে। এতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল রপ্তানিকারক দেশগুলো আবারও হরমুজের মাধ্যমে তেল পাঠাতে উৎসাহিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ইউজিন ঘোলেজ বলেন, শিপিং কোম্পানিগুলোর আস্থা ধীরে ধীরে বাড়ার সঙ্গে সঙ্গে হরমুজ দিয়ে তেল পরিবহনের পরিমাণও বাড়ছে।

তবে তেল সরবরাহ বাড়লেও বিশ্ববাজারে এর দাম এখনো যুদ্ধ শুরুর আগের তুলনায় অনেক বেশি। জ্বালানি তেলের উচ্চমূল্য সাধারণ ভোক্তাদের ওপরও চাপ তৈরি করছে।

পিকারিং এনার্জি পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ড্যান পিকারিং বলেন, উপসাগরীয় দেশগুলোর রপ্তানি কিছুটা পুনরুদ্ধার হলেও বৈশ্বিক চাহিদার তুলনায় জ্বালানি সরবরাহ এখনো কম। ফলে বাজার এখনো বেশ আঁটসাঁট অবস্থায় রয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইরান চাইলে আবারও তেলবাহী জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়াতে পারে। এমনটি হলে তেলের সরবরাহ আবারও কমে গিয়ে বিশ্ববাজারে দাম বাড়ার ঝুঁকি তৈরি হবে।

হরমুজ এড়িয়ে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনও হামলার পর বন্ধ হয়ে গেছে। ফলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারকদের বিকল্প পথের ওপরও চাপ তৈরি হয়েছে।

রাইস ইউনিভার্সিটির বেকার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসির মধ্যপ্রাচ্যের জ্বালানি বিষয়ক ফেলো জিম ক্রেন বলেন, সংঘাত আরও বাড়লে ইরানের হাতে তেল সরবরাহে বিঘ্ন ঘটানোর একাধিক সুযোগ রয়েছে। তবে বর্তমানে দেশটি কিছুটা সংযত অবস্থানে রয়েছে বলে তাঁর ধারণা।

অন্যদিকে, হরমুজ প্রণালি পুরোপুরি নিরাপদ ও স্বাভাবিক হয়ে গেছে—এমনটা এখনো বলা যাচ্ছে না। আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থাগুলোর অনেকেই নিরাপত্তাঝুঁকির কারণে এ পথ এড়িয়ে চলছে। মার্কিন সামরিক নিরাপত্তা থাকা সত্ত্বেও প্রণালির আশপাশে তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজও বলেছেন, হরমুজ প্রণালিকে এখনো নৌ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত বলা যায় না, কারণ জলপথটি নিরাপদ হয়নি।

কেপলারের কমোডিটি রিসার্চ বিভাগের পরিচালক ম্যাট স্মিথ বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি যুদ্ধপূর্ব মাত্রার প্রায় ৮৫ শতাংশে পৌঁছেছে। তবে উৎপাদন ও শোধনাগারের কার্যক্রম আরও বাড়ানো এবং হরমুজ পারাপারের নিরাপত্তাঝুঁকি কমানো ছাড়া স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি ফিরবে না।




আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি, রানা-রিশাদদের দাম ৯৮ লাখ টাকা

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘আইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’র (আইএল টি-টোয়েন্টি) আসন্ন নিলামে স্থান পেয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। এই তালিকায় সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ লাখ ৩৮ হাজার টাকা।

আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামের জন্য তিন ক্যাটাগরিতে এই ১০ বাংলাদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। সর্বোচ্চ ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যের আইকন ক্যাটাগরিতে বাংলাদেশের এই তিন তারকার সঙ্গে আরও রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলস, ফখর জামান ও ডেভিড উইলির মতো বিশ্বমানের ক্রিকেটাররা।

দ্বিতীয় সারির ক্যাটাগরিতে থাকা চার বাংলাদেশি ক্রিকেটার—সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ১৯ হাজার টাকা)। এ ছাড়া ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও পেসার তানজিম হাসান সাকিব।

নিলামে অংশ নেওয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য মূল বাজেট বরাদ্দ রয়েছে ১৩ লাখ মার্কিন ডলার। এর সঙ্গে দল গঠনের পূর্বপ্রস্তুতি বা ‘প্রি-অকশন সাইনিং’-এর জন্য নির্ধারিত ৭ লাখ ডলার থেকে উদ্বৃত্ত অর্থ যোগ করার সুযোগ রয়েছে। সেই অনুযায়ী নিলামে সর্বোচ্চ ১৩ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ১৭ কোটি ৯ লাখ টাকা) খরচ করার সুযোগ নিয়ে নামছে এমআই এমিরেটস। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ লাখ ৬৫ হাজার ডলার (প্রায় ১৬ কোটি ৭৮ লাখ টাকা) বাজেট রয়েছে আবুধাবি নাইট রাইডার্সের।

এ ছাড়া ডেজার্ট ভাইপার্স ও গালফ জায়ান্টসের প্রত্যেকের ব্যালান্স রয়েছে ১৩ লাখ ৫ হাজার ডলার (প্রায় ১৬ কোটি ৫ লাখ টাকা)। অন্যদিকে প্রি-অকশনের পুরো ৭ লাখ ডলার আগেই খরচ করে ফেলা দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্স নিলামে অংশ নেবে মূল ১৩ লাখ ডলার (প্রায় ১৬ কোটি টাকা) বাজেট নিয়ে। এদের মধ্যে দুবাই ক্যাপিটালস সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ধরে রেখেছে।

আইসিসির ১১টি পূর্ণ সদস্য দেশ ছাড়াও সৌদি আরব ও কুয়েতসহ মোট ২৩টি দেশের প্রায় ২০০ জন ক্রিকেটারকে নিয়ে এবার চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে, যদিও প্রাথমিক তালিকায় ৪০০ জনের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে টুর্নামেন্টটির পঞ্চম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমকে হত্যার আগে নানা পরিকল্পনা নেয় আসামিরা। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হচ্ছে, হত্যার পর কীভাবে নিজেদের সন্দেহের বাইরে রাখা যায়, সে বিষয়ে প্রস্তুতি নিয়েছিল অভিযুক্তরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হত্যার আগে ফাহাদ বিভিন্ন গোয়েন্দা সিরিজ দেখেছিল। সেখানে অপরাধ সংঘটনের পর কীভাবে তদন্তকারীদের নজর এড়ানো যায়, সেসব বিষয় থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ঘটনার আগে ও পরে কয়েক দিন ফাহাদ নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে বাইরে বের হতো। তার উদ্দেশ্য ছিল, পুলিশের প্রযুক্তিগত তদন্তে যেন ঘটনার সময় তার মোবাইলের অবস্থান বাড়িতে দেখায়। বাস্তবে বাইরে থাকলেও মোবাইলের অবস্থান দিয়ে নিজের জন্য তৈরি করতে চেয়েছিল ঘটনার সময় সে বাড়িতেই ছিল, এমন একটি বিশ্বাসযোগ্য পরিস্থিতি তৈরি করা। ফাহাদকে আটক করলে এ ঘটনার সঙ্গে সে সম্পৃক্ত না বলে অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলে, সে যদি এমন কাজে জড়িত থাকে তাহলে তার লোকেশন ট্র‍্যাক করা হোক। শুধু প্রযুক্তিগত প্রমাণকে বিভ্রান্ত করার চেষ্টা নয়, ঘটনার পর তার আচরণেও ছিল পরিকল্পনার ছাপ।

গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে সানন্দা এলাকায় উদ্ধার করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ। এ ঘটনায় পুলিশ তুহিন, ফাহাদসহ চারজনকে আটক করে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, তদন্ত অনেক দূর এগিয়েছে। আসামিদের ৩ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। খুব শিগগিরই এ মামলার চার্জশিট বিজ্ঞ আদালতে জমা দেওয়া হবে।