পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জগন্নাথ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের দুলাল কর্মকারের ছেলে।

স্থানীয়রা জানান, চামা বাজার মন্দিরের সামনে সড়কের বাঁক নেওয়ার সময় পাটবোঝাই পাওয়ার টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে জগন্নাথ গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।




প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন ডাকোটা জনসন

বিনোদন দেস্কঃ ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়া প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। তার সঙ্গে কাউকে প্রকাশ্যে দেখা গেলেই কিংবা কারও সঙ্গে ছবি প্রকাশিত হলেই প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয় বলে জানিয়েছেন তিনি। তবে এ ধরনের প্রতিটি খবরের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেন না অভিনেত্রী।

সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি নিয়ে নিজের মনোভাবের কথা জানান ডাকোটা। তিনি বলেন, নিজের ম্যানেজার কিংবা আইনজীবীর সঙ্গে রাতের খাবার খেতে গেলেও কখনো কখনো সেটিকে ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’—এ ধরনের খবর হিসেবে উপস্থাপন করা হয়।

ডাকোটার মতে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া প্রতিটি গুঞ্জন সত্য না মিথ্যা, তা প্রমাণ করতে গেলে বরং সেই বিষয়টি আরও আলোচনায় চলে আসে। এ কারণে মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটাই বিশ্বাস করুক—এমন অবস্থান নিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, ইন্টারনেটে প্রতিদিনই তাকে নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়। এর কিছু সত্য হলেও অনেক খবরই সত্য নয়। কিন্তু প্রতিটি খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার মতো সময় বা আগ্রহ তার নেই। নিজের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েই মনোযোগ দিতে চান তিনি।

অনলাইনে তাকে নিয়ে গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে ডাকোটা বলেন, ‘নিজের জীবন নিয়ে ভাবুন।’ ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ এভাবেই এড়িয়ে যেতে চান তিনি।

এদিকে সম্প্রতি ডাকোটা জনসন ও র‍্যাপার মেশিন গান কেলি (এমজিকে)কে ঘিরেও নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। টেলর সুইফট ও ট্রাভিস কেলির বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এ আলোচনা শুরু হয়।

এরপর ‘পিপল’-এর এক প্রতিবেদনে একটি সূত্রের বরাতে দাবি করা হয়, ডাকোটা ও এমজিকে কয়েক মাস ধরে গোপনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের আগে থেকেই পরিচয় ছিল এবং ওই অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে বলেও দাবি করেছে সূত্রটি।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, ডাকোটা ও এমজিকে শুরুতে বন্ধু হিসেবেই যোগাযোগ রাখতেন। পরে নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের যোগাযোগ অব্যাহত থাকে। সম্প্রতি তারা একসঙ্গে আরও বেশি সময় কাটাচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

তবে এমজেকের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি ডাকোটা জনসন নিজে নিশ্চিত করেননি। বরং ব্যক্তিগত জীবন নিয়ে যেকোনো ধরনের গুঞ্জনে প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থানই জানিয়েছেন তিনি।

এর আগে ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে কোল্ডপ্লে তারকা ক্রিস মার্টিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে আগ্রহী নন ডাকোটা।




ট্রাম্পকে বার্তা দিতে ‘বাহুবলী’র আশ্রয় ইরানের

বিনোদন দেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সমঝোতা নিয়ে দর কষাকষির মধ্যে অনলাইনে যোগাযোগের জন্য ইরানের কূটনৈতিক মিশনগুলো একটি অপ্রত্যাশিত উপায় খুঁজে পেয়েছে। তারা ভারতীয় চলচ্চিত্রের অ্যাকশনভিত্তিক বিভিন্ন ভিডিও শেয়ার করছেন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে তেলুগু তারকা নান্দামুরি বালাকৃষ্ণের একটি জোরালো দৃশ্য শেয়ার করে।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষণের প্রেক্ষিতে হায়দারাবাদ অবস্থিত ইরানের কনস্যুলেট এবার প্রভাসের ‘বাহুবলী’ সিনেমার শরণাপন্ন হয়েছে। তাদের সাম্প্রতিক পোস্টে এস.এস. রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার অন্যতম স্মরণীয় যুদ্ধের দৃশ্যটি তুলে ধরা হয়েছে, যেখানে প্রভাসের চরিত্রটিকে কালাকেয় বাহিনীর মোকাবিলা করতে দেখা যায়।

কনস্যুলেটটি এই ক্লিপটির সাথে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে পেজেশকিয়ানের বক্তব্যের প্রসঙ্গটি যুক্ত করেছে। পোস্টটিতে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রেসিডেন্ট ড. পেজেশকিয়ান বলেছেন, ‘আমরা কখনোই মাথা নত করব না বা হাঁটু গেড়ে বসব না’। আন্তর্জাতিক কূটনীতি এবং ভারতীয় ব্লকবাস্টার সিনেমার এই অপ্রত্যাশিত সংমিশ্রণটি দ্রুত অনলাইনে সবার নজর কাড়ে এবং ব্যবহারকারীরা ‘বাহুবলী’-র এই অভিনব ব্যবহারের বিষয়ে নানা প্রতিক্রিয়া জানান।

শুরুটা হয়েছিল বালাকৃষ্ণাকে দিয়ে

তেলুগু চলচ্চিত্রের প্রসঙ্গ টানার ঘটনা ইরানের কোনো কূটনৈতিক মিশনের ক্ষেত্রে এটিই প্রথম নয়। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘে ইরানের বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পর জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের দূতাবাস বালাকৃষ্ণের ২০২৩ সালের চলচ্চিত্র ‘ভাগবন্ত কেশরী’-র ৫৮ সেকেন্ডের একটি অ্যাকশন দৃশ্য শেয়ার করেছিল।

পোস্টটিতে বালাকৃষ্ণের চরিত্রটিকে সশস্ত্র আক্রমণকারীদের মোকাবিলা করতে দেখা যায় এবং এতে বার্তা দেওয়া হয়, ইরান ‘অসহায় নয়’। এছাড়া রসিকতা করে দাবি করা হয়, আমেরিকানরা ইদানীং ‘হলিউডের বদলে বলিউড’ দেখছে।
এতে একটি মজার বিষয়ও ছিল, ‘ভাগবন্ত কেশরী’ আসলে একটি তেলুগু ভাষার চলচ্চিত্র, কোনো বলিউড প্রযোজনা নয়। ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুতই এই ভুলটি ধরে ফেলেন।

পরবর্তীতে হায়দারাবাদে অবস্থিত ইরানি মিশনও এই আলোচনায় যোগ দেয়। তারা বালাকৃষ্ণের সেই একই ক্লিপ শেয়ার করে তেলুগু চলচ্চিত্রের প্রশংসা করে বলে, তেলুগু সিনেমা হলো সর্বকালের সেরা। আর এখন মাত্র কয়েক দিন পরেই, ‘বাহুবলী’ নিয়ে আলোচনায় যুক্ত হলেন প্রভাস।

কেন ‘বাহুবলী’? এই ক্লিপটি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার অন্যতম প্রধান একটি অ্যাকশন দৃশ্য থেকে নেওয়া হয়েছে। সিনেমায় প্রভাসের অভিনীত চরিত্র ‘শিবুডু’-র কাহিনি তুলে ধরা হয়েছে, যেখানে সে মাহিশ্মতী রাজ্য এবং নিজের রাজপরিবারের সাথে তার সম্পর্কের বিষয়টি আবিষ্কার করে। সারা ভারতজুড়ে ব্যাপক সাফল্য পাওয়া এই সিনেমার পরবর্তী কিস্তি হিসেবে ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’।

সর্বশেষ এই পোস্টটির মাধ্যমে ইরানের কূটনৈতিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তাদের বার্তা উপস্থাপনের জন্য আবারও ভারতীয় পপ-কালচার বা জনপ্রিয় সংস্কৃতির এক অনন্য উপায় বেছে নিয়েছে। এবার তারা বালাকৃষ্ণের অতি-নাটকীয় অ্যাকশন দৃশ্যের পরিবর্তে প্রভাসের আইকনিক ‘বাহুবলী’ যুদ্ধের দৃশ্যটি ব্যবহার করেছে।

কনস্যুলেটের এই পোস্টটি ২০১৫ সালের সিনেমাটিকে এক অপ্রত্যাশিত ভূমিকা এনে দিয়েছে। হায়দারাবাদ থেকে পাঠানো কূটনৈতিক বার্তায় পপ-কালচারের একটি অনুষঙ্গ হিসেবে।




মুম্বাইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন ‘ধুরন্ধর’ অভিনেতা

বিনোদন দেস্কঃ দারুণ সময় পার করছেন অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয়ের পর এই অভিনেতা মুম্বাইয়ের মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ (৩৩২.৬ মিলিয়ন) টাকা দিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। ‘স্কয়ার ইয়ার্ডস’-এর দেখা সম্পত্তি নিবন্ধনের নথিপত্র অনুযায়ী, অভিনেতা অ্যাপার্টমেন্টটি চলতি বছরের সেপ্টেম্বরে কিনেছিলেন।

অ্যাপার্টমেন্টটির কার্পেট এরিয়া বা ব্যবহারযোগ্য আয়তন ২,৩৪১.৩৯ বর্গফুট। এর সাথে ১৭৫.৪৫ বর্গফুটের বারান্দা যুক্ত হয়ে মোট আয়তন দাঁড়িয়েছে ২,৫১৬.৮৪ বর্গফুটে। নথিপত্র অনুযায়ী, এই সম্পত্তির সাথে তিনটি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।

এই কেনাকাটার জন্য মোটা অঙ্কের স্ট্যাম্প ডিউটিও দিতে হয়েছে। ‘স্কয়ার ইয়ার্ডস’-এর হাতে আসা নথিপত্র থেকে জানা যায়, এই লেনদেনের ক্ষেত্রে ১.৯৯ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি ​​এবং ৩০,০০০ টাকা নিবন্ধন ফি দিতে হয়েছে। দক্ষিণ মুম্বাইয়ে আরব সাগরের তীর ঘেঁষে অবস্থিত মালাবার হিল অন্যতম অভিজাত ও কাঙ্ক্ষিত আবাসিক এলাকা।

এলাকাটি বিলাসবহুল বাসভবন, সবুজ প্রকৃতি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানের জন্য পরিচিত। আরব সাগরের তীরে অবস্থিত এই এলাকাটি নেপিয়ান সি রোড, ওয়াকেশ্বর রোড এবং পেডার রোডের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জীবনযাত্রার কেন্দ্রগুলোর সাথে সংযুক্ত। এখান থেকে মেরিন ড্রাইভ, নরিমান পয়েন্ট এবং কোলাবাতেও সহজে যাতায়াত করা যায়।

কয়েক দশকব্যাপী কর্মজীবনে বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে নানা ধরণের চরিত্রে অভিনয় করে অক্ষয় খান্না নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি প্রবীণ অভিনেতা বিনোদ খান্নার পুত্র। খান্না ‘হুলচল’, ‘রেস’, ‘গান্ধী, মাই ফাদার’, ‘দিল চাহতা হ্যায়’ এবং ‘দৃশ্যম’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তার বলিষ্ঠ অভিনয়, তীক্ষ্ণ সংলাপ প্রদান এবং পর্দায় স্বতন্ত্র উপস্থিতি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল। চরিত্রটি সিনেমার অন্যতম আলোচিত অভিনয়ে পরিণত হয়। এছাড়া তিনি ‘ছাওয়া’ সিনেমায় ভিকি কৌশলের বিপরীতে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন।




বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার শাড়িপ্রেম নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ মুহূর্তে শাড়িতে দেখা গেছে তাঁকে। তবে এবার দীর্ঘ সময় পর আবারও শাড়ি পরে নজর কাড়লেন অভিনেত্রী। মজার বিষয় হলো, বিয়ের পর এই প্রথম শাড়ি পরেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সোনাক্ষী। ছবিতে লাল টুকটুকে শাড়িতে একেবারে সাবেকি সাজে দেখা গেছে তাঁকে। সঙ্গে ছিল মানানসই চুড়ি ও কানের দুল। চুল খোঁপা করে তাতে জড়িয়েছেন গজরা। কপালে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র—সব মিলিয়ে নববধূর সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে সোনাক্ষী জানিয়েছেন, বিয়ের দিনই শেষবার শাড়ি পরেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও শাড়ি পরা হয়নি। এতদিন পর আবার শাড়ি পরে নিজের কাছেই বেশ ভালো লেগেছে বলে জানান অভিনেত্রী।

তবে সোনাক্ষীর এবারের শাড়ির সঙ্গে জড়িয়ে আছে বন্ধুত্বের বিশেষ গল্প। লাল রঙের এই সুন্দর শাড়িটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ‘ডাবল এক্সএল’ ছবির সহ-অভিনেত্রী হুমা কুরেশি। তাই পোশাকটির প্রতি আলাদা ভালো লাগার কথাও প্রকাশ করেছেন সোনাক্ষী।

লাল শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী গয়না, গজরা, সিঁদুর ও মঙ্গলসূত্রে সাজ সম্পূর্ণ করেছেন অভিনেত্রী। মেকআপও রেখেছেন বেশ সাদামাটা। নুড শেডের লিপস্টিকেই ধরা দিয়েছেন তিনি।

এর আগে বিয়ের অনুষ্ঠানেও শাড়িতেই সেজেছিলেন সোনাক্ষী। রিসেপশনে ডিজাইনার সঞ্জয় গর্গের লেবেল Raw Mango-র ক্রিমসন-লাল বানারসি সিল্ক শাড়ি পরেছিলেন তিনি। ‘চাঁদ বুটা’ নামের ওই শাড়িটি তৈরি হয়েছিল খাঁটি কাতান সিল্ক দিয়ে। সঙ্গে ছিল সোনালি নকশা ও জরি বর্ডার। পান্না ও সোনার চোকার, ঝুমকা এবং লাল চুড়িতে সেদিনও নজর কেড়েছিলেন অভিনেত্রী।




দ্বিতীয় ম্যাচেও হার, কঠিন হলো বাংলাদেশের বিশ্বকাপযাত্রা

খেলাধুলা ডেস্কঃ ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে থমাস ডুলির শিষ্যরা।

সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকবার ঢাল হয়ে দাঁড়ালেন। আক্রমণ করে কর্নার থেকে একের পর এক গোলের সুযোগও এলো। কিন্তু গোলের ‘সোনার হরিণ’ খুঁজে পেল না বাংলাদেশ।

প্রতিপক্ষের হয়ে জয়সূচক গোলটি করেছেন হারহিস স্টুয়ার্ট। সিঙ্গাপুরের বিপক্ষে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার।

সব মিলিয়ে পাঁচবারের দেখায় এখনো জয়হীন বাংলাদেশ। চার হারের বিপরীতে এক ড্র। ১৯৭৩ সালে মারদেকা টুর্নামেন্টে প্রথম দেখায় সেই ড্রটি পেয়েছিল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বল পজিশন ধরে রাখার চেষ্টা করে দুই দল। তবে প্রথম দিকে গোলের মতো তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি কেউই। ১৬ মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে সিঙ্গাপুর। বাঁ দিক থেকে ইলহান ফান্দির নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

কুলিং বিরতির পর ৩৩ মিনিটে আবারও বাংলাদেশকে বাঁচান শ্রাবণ। বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল সিঙ্গাপুর। সেখান থেকে নেওয়া দারুণ শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফিরতি সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর, তবে এবার বিপদমুক্ত করেন তারিক কাজী।

তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি। ৩৫ মিনিটে ডান দিক থেকে নুর অ্যাডাম আব্দুল্লাহর বাড়ানো ক্রসে হেড করে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হারহিস স্টুয়ার্ট।

বিরতির পর অবশ্য ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ায় বাংলাদেশ। ৬৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন শমিত শোম। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের বাড়ানো ক্রসে আনমার্কড অবস্থায় হেড নেন এই মিডফিল্ডার। তবে তার হেড চলে যায় গোলবারের ওপর দিয়ে।

৮০ মিনিটে আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। এবার রাকিবের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

পাঁচ মিনিট পর আরও একটি ভালো আক্রমণ সাজায় বাংলাদেশ। তবে বদলি হিসেবে নামা ফাহমিদুল ইসলাম প্রতিপক্ষের গোলবক্সে থাকা রাকিবকে বল দিতে পারেননি। তার পাস দেওয়ার আগেই বিপদমুক্ত করেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে ভালো খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়া-হামজাদের।

এই হারের ফলে ২ ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ না করা বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়া। সমান ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে অবস্থান ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের।

আসিয়ান কাপে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১ অক্টোবর, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।




কেপটাউনে ঘোষণা হবে ওয়ানডে বিশ্বকাপের সূচি

খেলাধুলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে পহেলা অক্টোবর আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হবে। এ সময় দেশটির ক্রিকেট কর্মকর্তার পাশাপাশি আইসিসির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।আফ্রিকায় এই মেগা ইভেন্টটি শুরু হওয়ার ঠিক এক বছর আগেই এই ঘোষণাটি আসতে চলেছে।

টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক গৌরব গুপ্তার প্রতিবেদন অনুযায়ী, আইসিসি কেপটাউনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করবে। টুর্নামেন্টটি প্রাথমিকভাবে ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে এই মেগা ইভেন্টটি আয়োজন করবে।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ৪৪টি ম্যাচ আয়োজন করবে এবং জিম্বাবুয়ে আয়োজন করবে ১০টি ম্যাচ। নামিবিয়াও তাদের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে অন্তত তিনটি ম্যাচ আয়োজন করবে। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল এবং আয়োজক দেশগুলো সরাসরি এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। সরাসরি অংশগ্রহণের জন্য ১০টি দল নিশ্চিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশ।

সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যোগ্যতা অর্জন করবে, আর বাকি দলগুলো ওয়ানডে র‍্যাঙ্কিং এবং বাছাইপর্বের নিয়মের মাধ্যমে তাদের স্থান নিশ্চিত করবে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপটি একটি বর্ধিত সংস্করণ, যেখানে ১৪টি দল অংশ নেবে। সরাসরি যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত চূড়ান্ত তারিখ হলো চলতি বছরের ৩০ সেপ্টেম্বর।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে বাকি চারটি স্থানের ভাগ্য নির্ধারিত হবে। এই বৈশ্বিক বাছাইপর্বের টুর্নামেন্টটি আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডকে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে বাছাইপর্বে লড়তে হবে। চূড়ান্ত টুর্নামেন্টে সরাসরি যোগ্যতা অর্জনকারী ১০টি দলের সাথে যোগ দিতে হলে এই দলগুলোকে সফল চারটি দলের তালিকায় থাকতে হবে।




বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির আলোচনা

শিক্ষা ডেস্কঃ তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে এ শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়।

সোমবার ইউজিসিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ইউজিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। বাকি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও পর্যায়ক্রমে এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষা কেন্দ্র স্থাপন, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিংয়ের তথ্য এবং প্রয়োজনীয় জনবলের চাহিদা উল্লেখ করে দ্রুত ইউজিসিকে অবহিত করতে বলা হয়।

তৃতীয় ভাষা নির্বাচনে অঞ্চলভিত্তিক চাহিদাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। সব বিশ্ববিদ্যালয়ে একই ভাষা চালুর প্রয়োজন নেই। কর্মসংস্থানের সম্ভাবনা ও আঞ্চলিক চাহিদা বিবেচনায় বিএমইটির তথ্য যাচাই করে রিসোর্স ম্যাপিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়।

সভায় তৃতীয় ভাষা নন-ক্রেডিট কোর্সের পাশাপাশি বিভাগভিত্তিক অন্তত একটি ভাষা ক্রেডিট কোর্স চালুর প্রস্তাব করা হয়। নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, বেকারদের জন্য ছয় মাস মেয়াদি ভাষা কোর্স এবং দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে ভাষাশিক্ষক তৈরির বিষয়েও আলোচনা হয়।

ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, তৃতীয় ভাষা শিক্ষা সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। দেশে ও বিদেশে কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষার বিষয়টি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং মান ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সভায় তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও শিল্পপ্রতিষ্ঠানে কোর্সের সুযোগ, কারিকুলামে শিল্পখাতের সম্পৃক্ততা, যৌথ গবেষণা এবং গবেষণার ফল বাণিজ্যিকীকরণে তহবিল গঠনের প্রস্তাব করা হয়। শিল্পবাজারের চাহিদা অনুযায়ী এআই, রোবটিকস, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো বিষয়ে নতুন বিভাগ বা একাডেমিক কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে গড়ে তোলার বিষয়েও সভায় আলোচনা হয়। এ বিষয়ে অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস খোলার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল চালুর পরিকল্পনাও রয়েছে। প্রাথমিকভাবে ২০টি বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে পোর্টালে আন্তর্জাতিক সহযোগিতা, আবাসন, বৃত্তি ও ইন্টারন্যাশনাল অফিসসংক্রান্ত তথ্য যুক্ত করা হবে।




সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীসহ অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে। সকল সম্প্রদায়ের সমান অধিকার রয়েছে। সবার সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে একটি সম্প্রীতিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে।

আজ দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত সরকারের সৃষ্টি করা সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নৃ-গোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা, দুঃখ-কষ্ট ও প্রত্যাশার বিষয়ে তিনি অবগত রয়েছেন বলেও জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সংরক্ষিত নারী আসনে এই তিন সম্প্রদায়ের প্রার্থীদের বেশি করে মনোনয়নের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বিষয় যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নে সবার প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একা কোনো পক্ষের এগিয়ে যাওয়া সম্ভব নয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে আসন্ন দুর্গাপূজায় ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানায় প্রতিনিধিদল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

এসময় রাষ্ট্রপতির কাছে প্রতিনিধিদল তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে। জবাবে তিনি সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা তপন চন্দ্র মজুমদার, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জন গমেজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা সুশীল চন্দ্র বড়ুয়াসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।




সিকৃবির নতুন উপাচার্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছর মেয়াদে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. আলিমুল ইসলাম।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তার পদত্যাগ দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।