রূপপুর প্রকল্প : অক্টোবরের প্রথম সপ্তাহে আসবে ইউরেনিয়াম

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি তথা ইউরেনিয়াম আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসছে। মোট ৭টি চার্টাড ফ্লাইটে এই ইউরেনিয়াম বাংলাদেশে আসার কথা রয়েছে।

আগের পরিকল্পনা অনুযায়ী যে রুট দিয়ে এই জ্বালানির আসার কথা ছিল তা নিয়ে একটি দেশের আপত্তি থাকায় গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম বহনকারী একটি ফ্লাইট আসতে পারেনি। তবে সর্বশেষ পাওয়া তথ্যে দেশটির আপত্তি আর না থাকায়  এখন অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরেনিয়াম বাংলাদেশে পৌছাবে।

রবিবার বাংলাদেশ প্রতিদিনকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘একটি দেশ তাদের আকাশপথ ব্যবহারে বাধা দিয়েছিল। তবে রাশিয়া নতুন করে এই জ্বালানি সরবরাহের সময়সূচী দিয়েছে। আশা করছি অক্টোবরের প্রথম সপ্তাহেই এই জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছাবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা- রোসাটমের হয়ে বাংলাদেশের পিআর সংস্থা ট্রাইউইন গ্রুপ গণমাধ্যমকে শুরু থেকেই এই প্রকল্পের সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করে আসছে।

এই সংস্থার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন,  সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে জ্বালানিবাহী ফ্লাইট বৃহস্পতিবার রাতে আসে। পরদিন সকাল বেলা জ্বালানিবাহী গাড়ি প্রকল্প এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এতে রাস্তাঘাটে যানজট থাকে না এবং প্রকল্প এলাকায় নিয়ে যেতে সুবিধা হয়। এই হিসেবে ধারণা করা হচ্ছে আগামী ১ অক্টোবর এই জ্বালানি দেশে পৌছাবে।

এর আগে রোসাটম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এয়ার স্পেস না পাওয়ায় গত ২৪ সেপ্টেম্বর একটি জ্বালানিবাহী কার্গো বাংলাদেশে আসতে পারেনি।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন  বাংলাদেশ প্রতিদিনকে জানান, ২৪ সেপ্টেম্বর রুপপুরের জন্য  জ্বালানি আসার কথা ছিল। প্রকল্প সংশ্লিষ্টরা এই জ্বালানি গ্রহণের জন্য প্রস্তুতও ছিলেন। কিন্তু কোন কারণে রাশিয়া থেকে এই এই জ্বালানিবাহী ফ্লাইটটি আর আসেনি।

রোসাটমের পক্ষ থেকে ২৪ সেপ্টেম্বর রাতে রুপপুর কর্তৃপক্ষকে জানানো হয় তাদের ফ্লাইটটি বিলম্ব হচ্ছে।  এটি চলতি সপ্তাহে নাও আসতে পারে। এ বিষয়ে রোসাটম পরবর্তী ফ্লাইট কবে আসবে তা পরে জানানো হবে বলে জানায়। কিন্তু এটি মৌখিকভাবে জানালে হবে না কারণ এখানে নিরাপত্তা নিশ্চিতের বিষয় আছে। এজন্য বাংলাদেশের পক্ষ থেকে তাদের লিখিতভাবে পরের জ্বালানিবাহী ফ্লাইট কবে নাগাদ আসতে পারে তা জানাতে বলা হয়েছে।

জানা যায়, আসছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২য় ইউনিটের পুরো জ্বালানি তথা ইউরেনিয়াম বাংলাদেশে আসবে। এই সময়ে মোট ৭টি ফ্লাইটের মাধ্যমে ১৬৩ টি জ্বালানি অ্যাসেম্বলি রাশিয়া থেকে বাংলাদেশে আসার কথা। এর সঙ্গে প্রথম ইউনিটের জন্য কিছু জ্বালানিও আসবে বলে বাংলাদেশ প্রতিদিনকে গতকাল জানিয়েছেন রুপপুর প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তারা।

খোজ নিয়ে জানা যায়, এরই মধ্যে ইউনিট- ১ এর ফুয়েল  রাশিয়া থেকে এনে তা লোড করা হয়েছে। গত বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর রুপপুর প্রকল্পের আরও ফুয়েল আসার কথা ছিল। যদিও ইউনিট ২ এর ফুয়েল আগামী ৮ অক্টোবর আসার কথা। এখানে দুই রকমের ফুয়েল আসবে। প্রথম ইউনিটে যে ফুয়েল লোড করা হয়েছে এর সাইকেল টাইম হচ্ছে ১২ মাস। এই সময় পর এর একটি অংশ সরিয়ে ফেলা হবে। এই অংশটি আবার পুনরুদ্ধার করতে হবে। এক্ষেত্রে এবারের প্রথম ২টি ফ্লাইটে ইউনিট ১ এর প্রথম রিলোড আসার কথা।

গত বৃহস্পতিবার এই ফুয়েল আসার কথা ছিল। আরেকটি আসার কথা অক্টোবরের ১ তারিখে। যেহুতু কাছাকাছি সময়ের মধ্যে আসছে এজন্য সাধারণতভাবে ইউনিট ২ এর ফুয়েল আসছে এমনটি বলা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলেন, এয়ারস্পেসের যে জটিলতার কথা বলা হচ্ছে এতে ধারণা করা যায় যে, রাশিয়ার জ্বালানিবাহী ফ্লাইটটি রাশিয়া থেকে উড্ডয়নের পর বিভিন্ন দেশের উপর দিয়ে আসবে। আর এই জ্বালানি যেহুতু ইউরেনিয়াম, যা খুবই স্পর্শকাতর হয়তো কোন দেশ তার উপর দিয়ে এই জ্বালানি নিয়ে যেতে রাজি হয়নি।




বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছে।

জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৮২ ডলার বা ১.৭৪ শতাংশ বেড়ে ১০৬.১৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৫৫ ডলারে পৌঁছায়।

সাম্প্রতিক দিনগুলোতেও তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। গত বৃহস্পতিবার ব্রেন্টের দাম ৩.৪ শতাংশ বেড়ে ১০৬.৬০ ডলারে উঠেছিল এবং দিনের একপর্যায়ে ১০৮ ডলারের কাছাকাছি পৌঁছায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনার খবর প্রকাশ হলে শুক্রবার দাম কিছুটা কমে ১০৫.৭ ডলারে নামে।

বাজারে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা দেখা হচ্ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথগুলোর একটি এই প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ থেকে এক-চতুর্থাংশ পর্যন্ত সরবরাহ হয়। ফলে সেখানে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে এবং তেলের দামে তার প্রভাব পড়ে।

সূত্র : আলজাজিরা।




বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরের বামদিকে মিয়ানমার গ্যাস তুলতেছে অন্যদিকে ডানদিকে ভারত তুলতেছে। বঙ্গোপসাগরের নিচে প্রচণ্ড গ্যাসের ভাণ্ডার আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের করণীয়’ সম্পর্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের গ্যাস নিচ দিয়ে নিয়ে যাচ্ছে, ফ্যাসিস্টরা দেখেননি। কারণ তাদের গুরুজনদের রাগ হবে, এইজন্য তুলেন নাই। এজন্য বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের গ্যাস নাই। আটটি গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র করেছিল তারা দেখানোর জন্য।

মন্ত্রী বলেন, আমরা সারা পৃথিবীর মতো সৌর বিদ্যুতে চলে যাচ্ছি। ঘরে ঘরে সৌর বিদ্যুৎ লাগাবেন। সকল হাসপাতালকে আমরা সৌর বিদ্যুতের অধীনে নিয়ে আসছি। আল্লাহর উপর ভরসা করে বলি, আমাদের নেতা তারেক রহমান আন্তর্জাতিক মহলে আলাপ করে বঙ্গোপসাগরের নিচ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছে। সেই গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব ইনশাল্লাহ।

আদানি আমাদের বিদ্যুৎ দিত এবং আমাদের বিদ্যুৎ ঘাটতি করার জন্য তারা বিদ্যুৎ দেওয়া কমিয়ে দিয়ে অর্ধেক দিচ্ছে। তাদের এজেন্ট সারের ডিলার দেওয়া হয়েছে, তাদের আমরা বাদ দেইনি। তাদের সারের ডিলাররা সার চোরাই পথে বিক্রি করে দিয়েছে। কিছু কিছু জেলায় কিছুটা ক্রাইসিস সৃষ্টি করেছে। আমরা কঠিন হস্তে ক্রাইসিস মোকাবিলা করেছি। গতবার তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে সার দিয়েছে তার চেয়ে অধিক পরিমাণে সার মজুত আছে। প্রত্যেক উপজেলায় কোনো ক্রাইসিস নেই। নতুন করে ওই আগের সারের ডিলারদের পাহারা দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে একজন করে নতুন সারের ডিলার আমরা নিয়োগ করতে যাচ্ছি। তাদের অধীনে আরও তিনজন সাব ডিলার থাকবে। ডিলারের পাশাপাশি এরাও সার দিবে। যাতে কারো ষড়যন্ত্র বা স্বার্থ হাসিল না হতে পারে আমরা সেই ব্যবস্থা করছি।

আমাদের কয়লা নেই কুইক রেন্টাল করেছে, চুরির রেন্টাল করেছে। কোটি কোটি টাকা মারার জন্য তারা কুইক রেন্টাল করেছিল। সেই কুইক রেন্টাল কোথায় আজকে? আমাদের সন্তানেরা বিদেশ গিয়ে উপার্জন করে। সেই ডলার দিয়ে তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। এগুলো ছিল দুর্নীতি। আজকে যখন চোখ বন্ধ করা হয়েছে আজকে বাধা সৃষ্টি করতে চায় ভারতীয় অনুচরেরা। বাধা সৃষ্টি করতে চায় সেই বিতাড়িত পলাতক সন্ত্রাসী গোষ্ঠী। সেই ফ্যাসিস্টরা আমাদের যাত্রাকে ব্যাহত করার জন্য।

মন্ত্রী আরও বলেন, আজকে আমরা যখন ফারাক্কার বিরুদ্ধে তিস্তা ব্যারেজ করতে যাচ্ছি চায়নার সহযোগিতায়। আমাদেরকে বর্ষাতে প্লাবনে মারবে, আমাদেরকে খরা মৌসুমে খরা দিয়ে মারবে। আমাদের সুরমার পানিকে আটকে সিলেটকে উজাড় করে দিবে, আমরা তা হতে দিতে পারি না। আমরা চায়নার সহযোগিতায় তিস্তা ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছি।




নতুন টার্মিনাল থেকে ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

ডেস্ক নিউজ : কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে আগামী ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। এ জন্য বিমানবন্দরের সংশ্লিষ্ট সব শাখা ও যাত্রীবাহী এয়ারলাইনসগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে নবনির্মিত টার্মিনাল ভবন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু হবে। এ জন্য বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব শাখা এবং যাত্রীবাহী এয়ারলাইনসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিমানবন্দরের এটিএম, সিএনএস, নিরাপত্তা, ই/এম, সিভিল, ফায়ার ও এমটি শাখাকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রার কক্সবাজার স্টেশন ম্যানেজারদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বর্তমানে দেশের ব্যস্ততম অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর অন্যতম কক্সবাজার বিমানবন্দর। এখান থেকে প্রতিদিন গড়ে ২৮ থেকে ৩০টি যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামা করে।

প্রায় ১৭ হাজার ৯৫৬ বর্গমিটার আয়তনের নতুন টার্মিনালটি প্রায় ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা অনুমোদিত ব্যয়ে একটি প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে।

টার্মিনালটিতে ৪৫০ জন আন্তর্জাতিক যাত্রীর ধারণক্ষমতাসম্পন্ন ডিপার্চার লাউঞ্জ, শুল্কমুক্ত দোকান, বোর্ডিং ব্রিজ, লিফট, এসকেলেটর, কনভেয়ার বেল্ট, চেক-ইন ডেস্ক, বহির্গমন ও আগমন ইমিগ্রেশন কাউন্টার এবং অ্যারাইভাল লাউঞ্জ রয়েছে।




সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ

ডেস্ক নিউজ : সুন্দরবনের বনদস্যুরা একটি ট্রলারসহ মুক্তিপণের দাবিতে আরোও ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকা থেকে এসব জেলেদের অপহরণ করা হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের নারিকেলবাড়ীয়া, কালামেয়া, আমবাড়ীয়া ও ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে আরো ৬ জেলেকে অপহরণ করে। এ নিয়ে গত দুই দিনে ২১ জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মহাজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় জানান, গতকাল গভীর রাতে বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বহরে হামলা চালায় বনদস্যু মজনু বাহিনী সদস্যরা। এ সময়ে তারা একটি ফিশিং ট্রলারসহ ১৫টি নৌকা থেকে একজন করে সার্বমোট ১৫জন জেলেকে মুক্তিপণের দাবিতে আপহরণ করে। অপহৃত জেরেদের মধ্যে ১০ জেলের নাম জানা গেছে।

তার হলেন, আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদাউস (২৮), ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজ (৩৫), আলাআমিন (২৮), হানিফ (৩৮), মারুফ (৪৯)। এসব জেলেদের বাড়ি খুলনা, বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকায়। এ সকল জেলেরা বনবিভাগের অনুমতি নিয়ে নিয়েচর পাটা, পোকাজাল ও বড়শি দিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিল।

এর আগে দিন শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের নারিকেলবাড়ীয়া, কালামেয়া, আমবাড়ীয়া ও ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে বনদস্যু মজনু বাহিনী ও বনদস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যরা আরো ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।সুন্দরনের দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ অপহৃত  জেলেদের দ্রুত মুক্ত করাসহ দস্যু দমনে কঠোর যৌথ অভিযানের দাবি জানয়েছেন।




কোহলি-গিলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের বড় জয়

ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে ২৯৬ রানের লক্ষ্য মোটেও ছোট নয়। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে যেন কোনো চাপই অনুভব করেনি স্বাগতিক ভারত। শুভমান গিল ও বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

রান তাড়ায় ভারতের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৩৫ বলে ৩২ রান করে রোহিত ফিরলে দ্বিতীয় উইকেটে গিলের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি।

এই জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভারত। গিল ও কোহলি মিলে গড়েন ১৫১ রানের দুর্দান্ত জুটি। তাতেই জয়ের ভিত শক্ত হয়ে যায় স্বাগতিকদের।

তবে জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি গিল। সেঞ্চুরি পূর্ণ করার পর ১১০ রানে আউট হন ভারতীয় অধিনায়ক। এরপর বিরাট কোহলি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
এদিকে ঋতুরাজ গায়কোয়াডকে নিয়ে জয় নিশ্চিত করে বিরাট কোহলি। ক্যারিয়ারের ৮৬তম সেঞ্চুরি তুলে নেন তিনি। অপরাজিত থাকেন ১৩৯ রানে। মাত্র ৮৮ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও ৯টি ছয়ে সাজানো। এদিকে ১৩ রানে অপরাজিত থাকেন গায়কোয়াড।
শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জোনাথন ক্যাম্পেল ও জাস্টিন গ্রেভস। ওপেনিং জুটিতে আসে ১৩৫ রান। ফিফটির দেখা পেয়েছেন ক্যাম্পবেল। ৬০ বলে ৬২ রান করেন তিনি। এদিকে ফিফটিকে শতকে রূপ দেন গ্রেভস। তিনি করেন ১০৮ বলে ১০১ রান।
এদিকে ফিফটির দেখা পেয়েছেন আমির জাঙ্গোও। ৪৩ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৪ রান করেন রোস্টন চেজ। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।
ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন কুলদীপ যাদব। দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। আর একটি উইকেট পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি।



অস্কারে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’

বিনোদন ডেস্ক : অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমন নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’। ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) প্রতিদ্বন্দ্বিতা করবে সিনেমাটি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ চলচ্চিত্রটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন করেছে।

রবিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছবিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি এবং অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত।

তিনি জানান, ৯৯তম অস্কারে অংশগ্রহণের জন্য রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’ এই  পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় এবং বাকি চারটি চলচ্চিত্রের মধ্য থেকে ‘রইদ’ চলচ্চিত্রটিকে অস্কারের জন্য মনোনীত করা হয়।

ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারপারসন ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ড. জহিরুল ইসলাম কচি। কমিটির সদস্যরা হলেন- সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি।




সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। সেই সঙ্গে সংবিধানের মূলনীতিতে ‌‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান। এদিন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করে কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মতবিনিময় সভায় জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে বিস্তারিত মতামত ও প্রস্তাব দিয়েছেন। অনেকেই লিখিত প্রস্তাব দেবেন। এসব প্রস্তাব ও আলোচনা রিপোর্ট ও পুস্তিকা আকারে প্রণয়ন করা হবে।

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনাসহ বেশ কিছু অনুচ্ছেদে পরিবর্তন আসবে। এসব পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদনের আগে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে গণভোটের প্রয়োজন হবে।

সংবিধান সংশোধনে বিরোধীদলের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্পাদকদের অনেকেই বিরোধীদলের সদস্যদের অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন। আমরাও এর সঙ্গে একমত। আমরা তাদের বারবার আহ্বান জানিয়েছি এবং এখনো জানাই। তারা কমিটিতে যোগ দিলে আমরা স্বাগত জানাবো। আমরা চাই আমাদের মধ্যে কোনো বিভক্তি না থাকুক, ঐকমত্যের ভিত্তিতেই আমরা কাজ করতে চাই।

গণভোট প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদটি পুনরুজ্জীবিত হয়েছে। সংবিধানে এমন কিছু পরিবর্তন আসতে পারে, যেমন প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ ও ১৪২। এসব ক্ষেত্রে পরিবর্তন আনলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে অবশ্যই জনগণকে গণভোট দিতে হবে। বিল পাসের পর এই সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষায় গণভোটের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তারা ১৭ বছর সংগ্রাম করেছে, ভবিষ্যতের কোনো সংসদ যেন তা সহজে বাতিল করতে না পারে, সেজন্য এ সংক্রান্ত অনুচ্ছেদগুলোতে সংশোধনী আনতেও যেন গণভোটের প্রয়োজন হয়, সেই বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবিধান সংশোধনে অগ্রাধিকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অগ্রাধিকার হলো জুলাই জাতীয় সনদ। তবে নির্বাচন ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পাওয়া বিষয়গুলোও আমরা ধারণ করব। সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অনুচ্ছেদ ৮-এ যুক্ত করেছিলেন, তা আমরা ফিরিয়ে আনব। এটি আমাদের ইশতেহারের প্রতিশ্রুতি।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে কমিটির আহ্বায়ক জানান, ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জোর প্রচেষ্টা চলছে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে আইন মন্ত্রণালয় থেকে একটি বিল আসবে। আশা করা যাচ্ছে, জানুয়ারির অধিবেশনে (বছরের প্রথম অধিবেশন) বিলটি সংসদে আসতে পারে। এরপর বিলের ওপর আলোচনা ও সংশোধনী শেষে পাস হলে গণভোটের মাধ্যমে চূড়ান্ত হবে।




হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাবের মধ্যে গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে ১৯টি জাহাজে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরান। রবিবার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘ফার্স’-এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার কৌশলগত সমুদ্রপথটিতে ‘বিধি লঙ্ঘনকারী’ হিসেবে চিহ্নিত ১৯টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে আইআরজিসি। অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টার জেরে প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে ৭টি জাহাজের ওপর এই হামলা চালানো হয়।

ট্রাম্প যখন হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকার দাবি করছিলেন, ঠিক তখনই এই হামলার ঘটনাগুলো ঘটল। ইরানি কর্মকর্তারা বলছেন, এসব অভিযান ওয়াশিংটনের দাবির সম্পূর্ণ বিপরীত। পাশাপাশি তারা সতর্ক করে দিয়েছেন, তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই এলাকা অতিক্রম করলে সশস্ত্র প্রতিরোধের মুখে পড়বে।

সাম্প্রতিক কয়েক ঘণ্টায় প্রণালির দক্ষিণে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোর দিকে ইরানের বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ও আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি।




উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করতে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম, মিডিয়া সেন্টার, একাডেমিক স্কুল, স্টাডি সেন্টার, বহির্বিশ্বে পরিচালিত শিক্ষা কার্যক্রম, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা প্রান্তিক ও কর্মজীবী মানুষ, গৃহিণী, ঝরে পড়া শিক্ষার্থী এবং দুর্গম এলাকায় বসবাসকারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপাচার্য আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সমাবর্তনে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।