হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, হাজার কোটি টাকা জব্দ

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার পাশাপাশি তাদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের এক সংবাদ সম্মেলনে দুদক সচিব মো সাইদুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন।

দুদক সচিব  বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক মোট ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তের অধীনে রয়েছে। ৭টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া ৬টি মামলার রায় হয়েছে, যা মূলত ঢাকা পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।

তিনি বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি (যার দলিল মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা), একটি বিলাসবহুল বাড়ি, ৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪.৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে যার দলিল মূল্য ১৫ কোটি ৩৩ লক্ষ ৮৬ হাজার ৮৮০ টাকা। এছাড়া ১৫৬টি ব্যাংকে ১ হাজার ৪৫.২৫ কোটি টাকা জব্দ করা হয়েছে এবং ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে। এর মধ্যে চারজনের নামে (শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপের নামে রেড নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের ব্রিফিংয়ে জানানো হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলা করা হয়েছে পদের অপব্যবহারের অভিযোগে। এসব মামলার সাতটির অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে এবং ছয়টি মামলার রায় হয়েছে। রায় হওয়া মামলাগুলো মূলত পূর্বাচল এলাকায় প্লট বরাদ্দসংক্রান্ত।

জমি, বাড়ি ও ফ্ল্যাট ক্রোক
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তির বিষয়ে দুদক জানায়, পূর্বাচল এলাকায় ৬০ কাঠা জমি ক্রোক করা হয়েছে। এসব জমির দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ১৬ শতক জমি ক্রোক করা হয়েছে। ২০৪ দশমিক ১৬ শতক জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। স্থাবর সম্পত্তির পাশাপাশি ব্যাংকে থাকা অর্থসহ অস্থাবর সম্পদ জব্দের কথাও জানিয়েছে দুদক। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৫৬টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।

চারজনের নামে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
শেখ হাসিনাসহ চারজনের নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন পাঠিয়েছে দুদক। তালিকায় অন্য তিনজন হলেন—সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং রেজওয়ান আহমদ সিদ্দিকী ববি।

অভিযুক্ত ব্যক্তিরা দেশের বাইরে অবস্থান করায় তাদের দেশে ফিরিয়ে আনার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট—এমএলআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে দুদক।




দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে তার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) এ ঘোষণা দেন তিনি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা মনতসামের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির নেতারা প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির (এমপিপি) কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন খুরেলসুখ।

পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও সত্য উদ্‌ঘাটনের স্বার্থে বিরোধী দল তার সরে দাঁড়ানোর দাবি জানিয়েছে। তিনিও এ দাবির সঙ্গে একমত হয়েছেন। অভিযোগের তদন্তের মাধ্যমে নিজের হারানো সম্মান পুনরুদ্ধার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া খুরেলসুখ অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এসব অভিযোগের মাধ্যমে প্রেসিডেন্টের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গোলিয়ার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের পদত্যাগ কার্যকর হতে হলে দেশটির ১২৬ সদস্যের এককক্ষবিশিষ্ট সংসদ স্টেট গ্রেট খুরালের অনুমোদন প্রয়োজন হবে।



জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে টোকিও। এ ঘটনায় মঙ্গলবার যুদ্ধবিমান পাঠিয়ে সেগুলোকে প্রতিহত করার পাশাপাশি মস্কোর কাছে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে জাপান।

একই দিনে রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করে যুদ্ধবিমান মোতায়েনের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তাইওয়ানও বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রুশ বিমান প্রবেশের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনোশিমা দ্বীপের কাছে রুশ বিমানগুলোর উড্ডয়নপথ জাপানের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ এবং তা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

২০২৪ সালে হোক্কাইডোর রেবুন দ্বীপের কাছে রাশিয়ার একটি সামরিক টহল বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ করেছিল। সেটিই ছিল এ ধরনের সর্বশেষ ঘটনা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, জাপান সাগরের ওপর দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে কয়েকটি রুশ সামরিক বিমান প্রবেশের পর যুদ্ধবিমান পাঠানো হয়। তবে বিমানগুলো দক্ষিণ কোরিয়ার প্রকৃত আকাশসীমা লঙ্ঘন না করেই চলে যায়।

অন্যদিকে, তাইওয়ান জানিয়েছে, মঙ্গলবার দুটি রুশ সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল।

তিন দেশ একই বিমানকে মোকাবিলা করেছে, নাকি আলাদা বিমান শনাক্ত করেছে, তা স্পষ্ট নয়। এসব শনাক্তকরণ অঞ্চল কোনও দেশের সার্বভৌম আকাশসীমার বাইরে অবস্থিত নিরাপত্তাবিষয়ক এলাকা। সেখানে বিদেশি সামরিক বিমান প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করার প্রচলন থাকলেও তা আইনগতভাবে বাধ্যতামূলক নয়।

চীন এ সপ্তাহে এপেক সম্মেলনের আয়োজন করছে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়ার কথা। সম্মেলনের আগে রাশিয়ার এ তৎপরতাকে দেশটির সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে।

এদিকে প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে জাপান ও রাশিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।




২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক : ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজায় আজ দ্বিতীয় টেস্টে ৫৭ রানের জয়ে ১-০তে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে।

২০০৪ সালের পর দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে এটাই জিম্বাবুয়ের প্রথম জয়। এর আগে ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে জিতেছিল দলটি। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।

শেষ উইকেট পড়ার আগপর্যন্ত লড়াই করেও দলের পরাজয় এড়াতে পারেননি আফগান তরুণ ক্রিকেটার নাসির খান। তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। সেঞ্চুরির পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাসির।

একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি এর আগে ছিল মাত্র তিনজনের— জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম (দুইবার) ও রবিনচন্দ্রন অশ্বিন। টেস্ট অভিষেকেই এমন কীর্তি গড়েছেন আফগান এই ক্রিকেটার। তবে তার ব্যক্তিগত ইতিহাস গড়ার দিনটি শেষ হয়েছে দলের পরাজয়ে।

শারজা টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৩৯ রান করে জিম্বাবুয়ে। সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেলর। জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে করে ২১৭ রানে। একপর্যায়ে ১৫৯ রানে ৬ উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে ৪ উইকেট এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে ৩ উইকেট নেন।

প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একপর্যায়ে ১০৬ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। শেষ পর্যন্ত ১৩০.৩ ওভারে ৩৬০ রানে অলআউট হয় স্বাগতিকেরা।




সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ডেস্ক নিউজ : সুন্দরবনের গহিন অরণ্যে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেয়েছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো বনদস্যুকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা জোরদারে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের ভেতরে একটি দস্যু দলের অস্ত্র ও গোলাবারুদ মজুতের খবর পাওয়া যায়। দলটি এসব অস্ত্র ব্যবহার করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে তথ্য ছিল।

পরে কোস্টগার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে সেখানে অভিযান চালান। বনের ভেতরে তল্লাশির একপর্যায়ে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র ও গোলাবারুদের সন্ধান মেলে।

অভিযানে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট দস্যু দলের সদস্যরা সরে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।




নাটকের গান দিয়ে বিরতি ভাঙলেন টুটুল

বিনোদন ডেস্ক : নাটকের গান দিয়ে দীর্ঘ বিরতি ভাঙলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’র জন্য গেয়েছেন ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস।

দীর্ঘ বিরতির পর নাটকের গানে ফেরা প্রসঙ্গে এস আই টুটুল বলেন, অনেক দিন পর নাটকের জন্য গান গাইলাম। এর কথা ও সুর আমার ভালো লেগেছে। কবির বকুলের লেখা বরাবরই আলাদা আবেদন তৈরি করে। সজিব দাস সুন্দর সংগীতায়োজন করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।

গানটির জন্য এস আই টুটুলকে বেছে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেন, নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। গানের জন্য এমন একজন কণ্ঠশিল্পী চেয়েছিলাম, যার কণ্ঠে আবেগ ও দরদ ফুটে উঠবে। এস আই টুটুলের কণ্ঠ আমার কাছে সেই জায়গা থেকে উপযুক্ত মনে হয়েছে। তার গায়কিতে গানটি আরও প্রাণবন্ত হয়েছে।

নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্প ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে ‘তুমি ছাড়া’। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

তবে ‘প্রাণ সখিয়া’ নাটকে কারা অভিনয় করছেন, সে বিষয়ে আপাতত রহস্য রাখলেন নির্মাতা।




এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

ডেস্ক নিউজঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাসহ বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে।

এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি-এর টাকা গ্রহণ করবেন।

এরপর জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র এবং অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষে ওএমআরের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক দায়িত্ব পালন করবেন।

কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিজ কেন্দ্র প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেবেন। তবে কেন্দ্র প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।




রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গতকাল সোমবার মাত্র এক দিনেই এ মামলার ডেথ রেফারেন্স ও দুই আসামির আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরে।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। ঘটনার পর সোহেল পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ করা হয়।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দুই আসামিও কারাগার থেকে জেল আপিল করেন।




সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্র বলছে, সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় সাঈদ খোকনের বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করার অনুমোদন দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাঈদ খোকন। ওই বছরের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন। পরের দফায় সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।




৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর এ সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন।

সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান দুটি ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর উদ্যোগের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন।

সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।