ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজঃ ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোররাতে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার একটি ঘাসের জমিতে রকির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকির মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’




ডেঙ্গু নিয়ে গুরুত্বপূর্ণ ১০ তথ্য, যা জানা জরুরি

ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গুর জ্বর নিয়ে অনেক মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া, হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর সংখ্যা একেবারে কম নয়। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

কোন শরীরে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে?

১. ডেঙ্গুর লক্ষণগুলো কী?

সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারও জ্বর আসতে পারে। এর সাথে শরীরে ব্যথা মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ (র‍্যাশ) হতে পারে। তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে।

২. জ্বর হলেই কি চিন্তিত হবেন?

দেশে সাধারণত আগস্ট থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই জ্বর হল অবহেলা করা উচিত নয়। জ্বরে আক্রান্ত হলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার উচিত।

৩. বিশ্রামে থাকতে হবে

জ্বর হলে বিশ্রামে থাকতে হবে। জ্বর নিয়ে দৌড়াদৌড়ি করা উচিত নয়। এ সময় পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম জরুরি।

৪. কী খাবেন?

প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যেমন- ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন গ্রহণ করা যেতে পারে। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে।

৫. যেসব ওষুধে খাওয়া উচিত নয়

ডেঙ্গুতে জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা হয়। তবে নিজে থেকে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন বা অ্যাসপিরিনজাতীয় ওষুধ খাওয়া উচিত নয়। এগুলো রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে। বেশি জ্বর হলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে কিছুটা আরাম দেওয়া যেতে পারে।

৬. শুধু প্লাটিলেট নয়, নজর দিতে হবে পুরো শরীরে

ডেঙ্গু হলে প্লাটিলেট কমে যাওয়াকে ঘিরে আতঙ্ক তৈরি হয়। কিন্তু রোগীর অবস্থা নির্ধারণে শুধু প্লাটিলেটের সংখ্যা যথেষ্ট নয়। রক্তচাপ, নাড়ির গতি, রক্তক্ষরণের লক্ষণ, প্রস্রাবের পরিমাণ এবং সামগ্রিক শারীরিক অবস্থাও গুরুত্বপূর্ণ। তাই রিপোর্টে প্লাটিলেট কম দেখলেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৭. যে লক্ষণগুলো দেখা দিলে দেরি নয়

ডেঙ্গু জ্বরের তিনটি ভাগ রয়েছে। এ ভাগগুলো হচ্ছে – ‘এ’, ‘বি’ এবং ‘সি’। প্রথম ক্যাটাগরির রোগীরা নরমাল থাকে। তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী ‘এ’ ক্যাটাগরির। তাদের হাসপাতালে ভর্তি হবার কোন প্রয়োজন নেই।

‘বি’ ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের সবই স্বাভাবিক থাকে, কিন্তু শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন তার পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে প্রচুর কিংবা সে কিছুই খেতে পারছে না। অনেক সময় দেখা যায়, দুইদিন জ্বরের পরে শরীর ঠাণ্ডা হয়ে যায়। এক্ষেত্রে হাসপাতাল ভর্তি হওয়াই ভালো।

‘সি’ ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। কিছু-কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ’র প্রয়োজন হতে পারে।

৮. ডেঙ্গুর জ্বরের সময়কাল

সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। কারণ এ সময়টিতে এডিস মশার বিস্তার ঘটে। কিন্তু এবার দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বরের সময়কাল আরো এগিয়ে এসেছে। এখন জুন মাস থেকেই ডেঙ্গু জ্বরের সময় শুরু হয়ে যাচ্ছে।

৯. এডিস মশা কখন কামড়ায়

ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা অন্ধকারে কামড়ায় না। সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার কিছু আগে এডিস মশা তৎপর হয়ে উঠে। এডিস মশা কখনও অন্ধকারে কামড়ায় না।

১০. রোগীকেও রাখতে হবে মশারির ভেতর

ডেঙ্গু রোগীকে মশার কামড় থেকে রক্ষা করাও গুরুত্বপূর্ণ। আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ালে ওই মশার মাধ্যমে অন্য ব্যক্তির মধ্যে ভাইরাস ছড়াতে পারে। তাই রোগীকে সম্ভব হলে মশারির মধ্যে রাখা, ঘরে মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা এবং আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করা প্রয়োজন।

এডিস মশা সাধারণত ডিম পাড়ে স্বচ্ছ পানিতে। কোথাও যাতে পানি তিন থেকে পাঁচদিনের বেশি জমা না থাকে।

এ পানি যে কোন জায়গায় জমতে পারে। বাড়ির ছাদে কিংবা বারান্দার ফুলের টবে, নির্মাণাধীন ভবনের বিভিন্ন পয়েন্টে, রাস্তার পাশে পড়ে থাকা টায়ার কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে।




চাঁদাবাজির অভিযোগে মামলা করলে তদন্ত করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনি ভিকটিম হয়েছেন, এটি পুলিশ প্রাথমিকভাবে দেখেছে। তবে ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। এ ঘটনায় জিডি বা মামলা করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই মামলা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রবিবার দুপুরে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি এ বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন। তিনি বাংলাদেশে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেন এবং বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ ছিল, চাঁদা না দেওয়ার কারণেই তার স্টুডিওতে ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা করেননি। এমনকি তিনি নিজেই বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি এবং চাঁদা চাইলে তিনি দিতেন। ফলে নির্দিষ্টভাবে কার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ রয়েছে, তা এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি।

এদিকে পুলিশের বক্তব্য অনুযায়ী, বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে যে ঢালাও অভিযোগ করা হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি। সালমান মুক্তাদির যদি চাঁদাবাজির বিষয়ে নির্দিষ্ট অভিযোগে মামলা করেন, তাহলে পুলিশ সেটি তদন্ত করে দেখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনাস্থল মানিকদী নামাপাড়া, যা ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষ একটি বিল্ডারস প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের অন্ধকারে জায়গাটি দখল করতে যায়। সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনা ছিল, যেখানে সম্ভবত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির কাজ হতো। ওই স্থাপনাতেও বেশ কিছু ভাঙচুর হয়েছে।

মন্ত্রী বলেন, ঘটনাটি নিয়ে ইতোমধ্যে একটি প্রাথমিক তদন্ত হয়েছে। তবে বিষয়টির বিস্তারিত জানতে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। সালমান মুক্তাদিরের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তার ফেসবুক লাইভে দেয়া বিভিন্ন বক্তব্যের কারণে ঘটনাটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, কিছু দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।




সালমানের স্টুডিওতে হামলায় জমির দখলের বিবাদ থাকতে পারে: পুলিশ

রাজধানীর ইসিবি চত্বরের মানিকদির নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পেছনে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম।

রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ নিউগিনি প্রপার্টিসে ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।

মাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতের ঘটনায় কিছু লোক দলবদ্ধভাবে এখানে ভাঙচুর করেছে। এই ভাঙচুরের ঘটনায় ইমিডিয়েটলি পুলিশের ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন এবং অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। রাতেই অপারেশন চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে। তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। এই ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহিদুল ইসলাম বলেন, এখানকার যে ঘটনা, আমি এই ঘটনাটায় পুরো টিম নিয়ে পরিদর্শনে এসেছি, তদন্ত করেছি। প্রতিটি ঘটনা ঘটলেই সেটা ইমিডিয়েটলি সেটা ডিটেকশন করেছি।

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও আন্ডার ইনভেস্টিগেশনে আছি। দলবদ্ধভাবে লোকজন এসেছে, সে কারণে আমরা তিনজনকে গ্রেফতার করেছি। তিনজনের একজনের নাম হচ্ছে মামুন; তার বাড়ি গফরগাঁও, তিনি ভাষানটেক বস্তিতে থাকেন। একজনের নাম আসলাম; তার বাড়ি টাঙ্গাইল, তিনি অটোচালক। আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। তার নাম মুন্না, তিনি ভাষানটেক বস্তিতে থাকেন।

হামলার কারণ জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করে, হয়তো আরও তথ্য পেলে আপনাদের সুস্পষ্ট করে বলতে পারবো।




জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

দুবাইয়ে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন।

নিউইয়র্কে চারদিনের সফরে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

ঢাকা ফেরার আগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, ইউএনজিএর সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।




দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল। দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।’

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও জানান, ‘সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার কঠোরভাবে এসব দমন করবে।’

মাহদী আমিন বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।’

নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না; এটি একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।

প্রেস উইংয়ের সদস্যরা জানান, ৫ দিনের সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ, সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিশ্বদরবারে। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য তাঁর পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

এসময় জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদল বিমানবন্দর অভ্যর্থনা জানায়।




যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধানে কেবল কূটনীতিক পথই কার্যকর এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রবিবার এই মন্তব্য আসে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে বলেন, “আমাদের শর্তগুলো স্পষ্ট। হরমুজ প্রণালি পুনরায় চালু করা সেই শর্ত পূরণের ওপর নির্ভর করছে। এই অচলাবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান।”

গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরান একটি শান্তি প্রস্তাব দেয়, যা কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানায় তেহরান। তবে ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেন, ইরান ‘খুব খারাপভাবে হারছে’ বলেই দ্রুত চুক্তিতে যেতে চাইছে, আর সে কারণেই তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

তবে আরাগচির দাবি, মধ্যস্থতাকারীরা এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের বার্তা ইরানকে জানায়নি। তিনি বলেন, “আমরা মধ্যস্থতাকারীদের কাছ থেকে চূড়ান্ত অবস্থান জানার অপেক্ষায় আছি। সেটির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধে চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে সন্দিহান যে ইরান তার শর্ত মানবে। এমনকি তিনি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে সামরিক হামলার সম্ভাবনাও দেখছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, এক মার্কিন কর্মকর্তা এর আগে বলেছিলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ হয়েছে। একই সঙ্গে ইরান সৌদি আরবের সঙ্গেও যোগাযোগ করেছে, যা এই দীর্ঘমেয়াদি সংঘাতের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

আরাগচি বলেন, প্রস্তাবটি কার্যকর হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আঞ্চলিক লড়াইয়ে বিরতি আনা সম্ভব। যুক্তরাষ্ট্র সম্মত হলে পরবর্তী সময়ে পারস্পরিক বিষয়ে বিস্তৃত আলোচনাও শুরু হতে পারে।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেবে না তেহরান। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা তা দেশ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তারা কোনো আপস করবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আলোচনায় প্রস্তুত থাকলেও ‘চাপ বা জবরদস্তি’ মেনে নেবে না। তার ভাষায়, “ইরান যুদ্ধ চায় না, তবে হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করবে।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনীতিও চাপে পড়েছে।

ইরান ও তার মিত্ররা পাল্টা আঞ্চলিক সংঘাত বাড়িয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আর ইয়েমেনে তাদের মিত্র হুথিরা সৌদি স্বার্থে আঘাত হেনেছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, শনিবার ভোরে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

সূত্র: রয়টার্স




মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগ ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করার সময় ওপর থেকে ভারী বাঁশ ও কাঠ পড়ে তোফাজ্জল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর ভবনের মালিক বা সংশ্লিষ্ট ঠিকাদার চিকিৎসা সহায়তার আশ্বাস দিলেও পরবর্তীতে কোনো ধরনের চিকিৎসা ব্যয় বহন না করে সরে পড়েছেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট ২০২৪ বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় রব্বানিয়া হোটেলের পেছনে নির্মাণাধীন ‘নীড় রহমানিয়া টাওয়ার’-এ সেন্টারিংয়ের কাজ করছিলেন তোফাজ্জল হোসেন। দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে বাঁশ ও সেন্টারিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।

কাজ চলাকালে ভবনের ওপরের অংশের কাঠ ও বাঁশ ভেঙে হঠাৎ তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

আহতের পরিবারের দাবি, দুর্ঘটনার খবর পেয়ে ভবন কর্তৃপক্ষের লোকজন হাসপাতালে এসে প্রথমে সহযোগিতার আশ্বাস দেন। তবে পরবর্তীতে চিকিৎসার ব্যয় বহন না করে তারা সেখান থেকে চলে যান বলে অভিযোগ পরিবারের।

আহতের ছেলে মোঃ মোহাইমিনুল ইসলাম জানান, তাঁর বাবার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা চিকিৎসা খরচ হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আহত হয়ে হাসপাতালে থাকায় পাঁচ সদস্যের পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

এদিকে, নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং আহত তোফাজ্জল হোসেনের চিকিৎসার ব্যয় নির্বাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

তবে এ বিষয়ে নির্মাণাধীন ভবনের মালিক, ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।




বিআরটিএ কর্মকর্তা সুব্রত দেবনাথের বিরুদ্ধে শত কোটি টাকার ঘুষ-অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩-এর উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী সুব্রত দেবনাথের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে বড় অঙ্কের ঘুষ, অনিয়ম এবং অবৈধভাবে অর্থ অর্জনের অভিযোগ উঠেছে। চাকরির বিভিন্ন সময়ে সিএনজি অটোরিকশার প্রতিস্থাপন ও নিবন্ধন, ফিটনেস সনদ, বাসের রুট পারমিট এবং অভ্যন্তরীণ বিভিন্ন প্রশাসনিক কাজে অনিয়মের মাধ্যমে তিনি শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার এবং দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ২৩ সেপ্টেম্বর ২০২৬ দুর্নীতি দমন কমিশন (দুদক), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত ওই অভিযোগে সুব্রত দেবনাথের কর্মজীবনের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

অভিযোগপত্রে দাবি করা হয়, ২০১১ সালে বিআরটিএতে সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে যোগ দেওয়ার পর থেকেই সুব্রত দেবনাথ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার একটি বলয় তৈরি করেন। অভিযোগকারীদের দাবি, তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের প্রভাব ব্যবহার করে তিনি বিআরটিএতে চাকরিতে প্রবেশ করেন।

অভিযোগে বলা হয়েছে, বিআরটিএর বিভিন্ন সার্কেলে দায়িত্ব পালন করার সময় সুব্রত দেবনাথ সিএনজি অটোরিকশার স্ক্র্যাপ ও প্রতিস্থাপন, নতুন নিবন্ধন, মালিকানা পরিবর্তন, ফিটনেস সনদ এবং অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রে একটি প্রভাবশালী চক্র তৈরি করেন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, এই চক্রের মাধ্যমে পরিবহন মালিকদের কাছ থেকে নিয়মের বাইরে অর্থ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল।

অভিযোগপত্রের সবচেয়ে বড় অঙ্কের দাবি এসেছে ২০১৮ সালের চট্টগ্রাম মেট্রো বিআরটিএর সময়কার কর্মকাণ্ড নিয়ে। সেখানে বলা হয়, সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের মাত্র কয়েক মাসের মধ্যে ২০০৩ ও ২০০৪ মডেলের প্রায় ২ হাজার ৫০০টি সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ ও প্রতিস্থাপনের প্রক্রিয়ায় অনিয়ম করা হয়। অভিযোগকারীদের দাবি, শোরুম মালিকদের একটি চক্রের সঙ্গে যোগসাজশ করে প্রতিটি গাড়ির বিপরীতে প্রায় ৩ লাখ টাকা করে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে এই প্রক্রিয়ায় প্রায় ৭৫ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

চট্টগ্রাম থেকে বদলি হয়ে ঢাকায় আসার পরও একই ধরনের অনিয়মের অভিযোগ করা হয়েছে সুব্রত দেবনাথের বিরুদ্ধে। অভিযোগে দাবি করা হয়, ঢাকা মেট্রো সার্কেল-২-এ দায়িত্ব পালনকালে প্রায় ২ হাজার সিএনজি অটোরিকশার প্রতিস্থাপন নিবন্ধনের ক্ষেত্রে প্রতিটি গাড়ির বিপরীতে ৫০ হাজার টাকা করে নেওয়া হয়। অভিযোগকারীদের হিসাব অনুযায়ী, এতে প্রায় ১০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে।

একই সময়ে ঢাকা জেলা সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালনকালে আরও প্রায় ৫০০টি সিএনজি অটোরিকশার নিবন্ধন নিয়মবহির্ভূতভাবে দেওয়ার অভিযোগ করা হয়। প্রতিটি নিবন্ধনের বিপরীতে অর্থ নেওয়া হলে প্রায় ৫ কোটি টাকার লেনদেন হতে পারে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

এরপর ২০২২ সালে উপপরিচালক পদে পদোন্নতি পাওয়ার পর সুব্রত দেবনাথ বিআরটিএর প্রধান কার্যালয়ে উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং)-৩ হিসেবে দায়িত্ব পান। এ সময় তাঁর দায়িত্বের একটি অংশ ছিল আন্তঃজেলা রুট পারমিট সংক্রান্ত কার্যক্রম। অভিযোগপত্রে বলা হয়েছে, এই দায়িত্বে থাকাকালে প্রায় ৪০০টি স্লিপার বাসকে নিয়মবহির্ভূতভাবে রুট পারমিট দেওয়া হয়।

অভিযোগকারীদের দাবি, এসব রুট পারমিটের ক্ষেত্রে প্রতিটি বাসের জন্য প্রায় ৫ লাখ টাকা করে নেওয়া হয়েছিল। সেই হিসাবে প্রায় ২০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা তৈরি হলে সুব্রত দেবনাথকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়। পরে চলতি বছরের জুনে তিনি আবার ঢাকায় ফিরে ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা কার্যালয়ে উপপরিচালক হিসেবে দায়িত্ব নেন। অভিযোগকারীদের দাবি, নতুন কর্মস্থলেও তিনি আগের প্রভাববলয় ব্যবহার করে অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

সুব্রত দেবনাথের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়, বিভিন্ন সময়ে ঘুষ ও অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ অবৈধ পথে ভারতে পাচার করা হয়েছে। সেখানে তাঁর নামে বা বেনামে বাড়ি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকার কথাও উল্লেখ করা হয়।

দেশের ভেতরেও তাঁর নামে বিপুল সম্পদ থাকার অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় একাধিক প্লট ও ফ্ল্যাট থাকার কথা বলা হয়েছে।

অভিযোগকারী সংগঠনের দাবি, বিআরটিএর বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ সময় দায়িত্ব পালন করার কারণে সুব্রত দেবনাথের একটি শক্তিশালী প্রভাববলয় তৈরি হয়েছে। এর ফলে সাধারণ পরিবহন মালিক ও চালকদের বিভিন্ন সরকারি সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দেওয়ার চাপের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিশেষ করে সিএনজি অটোরিকশার প্রতিস্থাপন, নতুন নিবন্ধন, মালিকানা পরিবর্তন, ফিটনেস সনদ এবং বাসের রুট পারমিটের মতো গুরুত্বপূর্ণ সেবাকে কেন্দ্র করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, নির্ধারিত সরকারি ফি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ না দিলে ফাইল আটকে রাখা বা সেবা পেতে দেরি করার মতো পরিস্থিতি তৈরি করা হতো।

এদিকে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দীর্ঘ সময় কমিশন না থাকায় সংস্থাটির বিভিন্ন কার্যক্রমে কিছুটা ধীরগতি ছিল। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিবিরোধী কার্যক্রম আবার জোরদার করা হয়েছে। বিআরটিএকে ঘিরে অনেক অভিযোগ রয়েছে এবং কমিশনের অনুমোদন পাওয়া গেলে সেখানে অভিযান ও অনুসন্ধান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

দুদকের এই বক্তব্যের পর সুব্রত দেবনাথের বিরুদ্ধে দেওয়া অভিযোগটি আদৌ আনুষ্ঠানিক অনুসন্ধানের পর্যায়ে যায় কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ। কারণ অভিযোগে কয়েকটি সময়কাল, নির্দিষ্ট সংখ্যক যানবাহন এবং বিপুল অঙ্কের অর্থের কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী সুব্রত দেবনাথের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে সুব্রত দেবনাথের বিরুদ্ধে ওঠা অভিযোগের বড় অংশই আর্থিক অনিয়ম, ঘুষ এবং ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করে। চট্টগ্রামে সিএনজি প্রতিস্থাপন থেকে ঢাকায় সিএনজি নিবন্ধন এবং পরে বাসের রুট পারমিট—বিভিন্ন দায়িত্বে থাকার সময় আলাদা আলাদা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ করা হয়েছে। এর সঙ্গে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও যুক্ত হয়েছে।

এখন অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য নিরপেক্ষ অনুসন্ধানই গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সময়ের বিআরটিএ নথি, যানবাহনের নিবন্ধন ও প্রতিস্থাপনের তথ্য, রুট পারমিটের তালিকা, বিল ও সরকারি ফি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত, ব্যাংক হিসাব এবং সম্পদের তথ্য পর্যালোচনা করা হলে অভিযোগগুলোর বাস্তব ভিত্তি কতটা, তা স্পষ্ট হতে পারে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে; আর প্রমাণ না মিললে অভিযোগের প্রকৃত অবস্থানও পরিষ্কার হবে।




নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক এবং উপসাগরীয় দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এমন কাজের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

রবিবার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাজ্যের পাশাপাশি এই তিন মুসলিম দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর পর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের তাগিদ দিতে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠিয়েছেন। এসব প্রচেষ্টা ফল দিচ্ছে বলে জানান তিনি।

বেসেন্ট আরও জানান, তুরস্ক ও ওমান তাদের দেশে মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট স্থগিত করেছে। পাশাপাশি দেশগুলোর শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে বন্ধ করেছে লেনদেন।

বেসেন্ট আরও জানান, তুরস্ক ও ওমান তাদের দেশে মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট স্থগিত করেছে। পাশাপাশি দেশগুলোর শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে বন্ধ করেছে লেনদেন।

সূত্র: আলজাজিরা