৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও

ডেস্ক নিউজ : দেশের আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজ নিজ উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার।

স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩৬-এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভূল্লী, বগুড়ার মোকামতলা, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, কক্সবাজারের মাতামুহুরী, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ, কুমিল্লার বাঙ্গরা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ইউএনওরা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব পাওয়া ইউএনওরা উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য ইউএনওরা বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন। তবে এ ভাতার বাইরে তারা কোনো অতিরিক্ত ভাতা বা সুবিধা পাবেন না।




পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : আপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

রেসকিউ ১১২২ কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা চেকপোস্টে এ হামলা হয়। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী এলাকায় চেকপোস্টটি অবস্থিত।
বিস্ফোরণের ধরন ও কারণ জানতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। উদ্ধার অভিযানে ২৫ জনের বেশি কর্মী, ছয়টি অ্যাম্বুল্যান্স ও একটি ফায়ার সার্ভিসের গাড়ি অংশ নিচ্ছে।
রেসকিউ ১১২২ জানিয়েছে, আহতদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে দারাজিন্দার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও ডেরা ইসমাইল খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি হামলাটিকে ‘ফিতনা আল-হিন্দুস্তান খাওয়ারিজ’-এর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।

পুলিশের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় স্বীকার করে।




টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পারাপার হওয়ার সময় বাসচাপায় রুদ্র (১৪) ও ঝলক (১৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি অভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামুর্কি গ্রামের ডালিম সাহার ছেলে রুদ্র (১৪) এবং তার বন্ধু কালিয়াকৈর উপজেলার সফীপুরের আনসার ক্যাম্পের নষ্কার চালা গ্রামের পানচু সরকারের ছেলে ঝলক (১৫)।
নিহতের স্বজনরা জানায়, শনিবারে রুদ্র সাহার বন্ধু ঝলক তাদের বাড়িতে বেড়াতে আসে। এদিন ছিল হাটবার। দুই বন্ধু মিলে হাটে যাওয়ার পথে জামুর্কি অভারবিজ্রের সামনে দিয়ে পারাপারের সময় উত্তরবঙ্গ আসা থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়। এ সময় বাসটি পালিয়ে যায়।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও গোড়াই হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই বন্ধুকে চাপা দেওয়ার পর বাসটি পালিয়ে গেছে। বাস সনাক্তের চেষ্টা চলছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।




আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

ক্রীড়া ডেস্ক : ফিফা টুর্নামেন্টে প্রথমবারের মতো থাইল্যান্ডের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এশিয়ার অন্যতম শক্তিশালী দলটিকে প্রথম ৩১ মিনিট আটকে রাখলেও শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়তে পারেনি তারা। ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘বি’-এর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড।

ম্যাচের শুরুতে নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নেয় থাইল্যান্ড। তবে ৩১ মিনিটে জুড সুনসুপ-বেলের হেড প্রতিহত হওয়ার পর ফিরতি বলে কাছ থেকে শট নিয়ে থাইল্যান্ডকে এগিয়ে দেন তীরাসাক পোইফিমাই।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি থাইল্যান্ড। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুনসুপ-বেল। সেকসান রাত্রির ক্রস থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে পাকিস্তানের জালে বল পাঠান তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় থাইল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন সুনসুপ-বেল। তাঁর বদলি হিসেবে নামা সুপাচাই চাইদেদ মাঠে নেমেই প্রভাব ফেলেন।

৬৪ মিনিটে সুপাচাইয়ের বাড়িয়ে দেওয়া বল থেকে শট নেন তীরাসাক। পাকিস্তানি ডিফেন্ডার হারিস জেবের পায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়। ফলে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় থাইল্যান্ড।

ম্যাচের শেষ দিকে আবারও গোল করেন তীরাসাক পোইফিমাই। নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোল করে থাইল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ের পর আসিয়ান কাপে পরবর্তী ম্যাচে আগামী ২৯ সেপ্টেম্বর ভিয়েতনামের মুখোমুখি হবে থাইল্যান্ড। একই দিনে ফিলিপিনসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।




সোমবার ‘ছোটকাকু’ উৎসব শুরু

বিনোদন ডেস্ক : চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর রচিত শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ছোটকাকুকে ঘিরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে শুরু হচ্ছে দুই দিনের এই উৎসব।

ছোট-বড় সবার কাছেই উপভোগ্য হয়ে উঠতে পারে এমনভাবে সাজানো হচ্ছে দুই দিনের এই আয়োজন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে মজাদার নানা ফান গেম। আনন্দের পাশাপাশি এসব খেলায় বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাব ও ব্লুটুথ স্পিকারসহ আকর্ষণীয় পুরস্কার। সারা দিন বড় পর্দায় দেখানো হবে ছোটকাকু সিরিজের রোমাঞ্চকর নাটক। উৎসবের দুই দিন থাকছে দুটি ভিন্নধর্মী বিশেষ বিনোদন অনুষ্ঠান ছোটকাকু ক্যাফে।

প্রথম দিন সোমবার ছোটকাকু ক্যাফেতে রহস্য, কৌতূহল ও সৃজনশীলতা বিষয়ে কথা বলবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আনিসুল হক, সাদাত হোসাইন, মোজাফ্ফর হোসেন, অভিনয়শিল্পী ত্রপা মজুমদার, অপি করিম, তাসনিয়া ফারিণ ও কাজী নওশাবা আহমেদ। পাশাপাশি গান ও অভিনয় যৌথভাবে পরিবেশন করবে সর্বনাম-কুঁড়েঘর।

মঙ্গলবার দ্বিতীয় দিন ছোটকাকু ক্যাফেতে উপস্থিত থাকবেন লেখক ফরিদুর রেজা সাগর, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও ছোটকাকুর দল।

আজ শনিবার চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা। এতে উপস্থিত ছিলেন ছোটকাকুর লেখক ফরিদুর রেজা সাগর এবং ছোটকাকুর অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন, ছোটকাকু সিরিজের অন্যতম অভিনেতা তারিক আনাম খান প্রমুখ।

উৎসব উপলক্ষে নতুন আঙ্গিকে ‘ছোটকাকু’ সিরিজের ১০টি বাংলা এবং ৪টি বইয়ের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে।

বাংলা একাডেমি সাতিহ্য পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ছোটকাকু দীর্ঘদিন ধরে রহস্য, কৌতূহল ও অভিযানের গল্প নিয়ে শিশু-কিশোরদের আনন্দ দিয়ে আসছে। ছোটকাকুর ৪৮টি গল্প প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২৫টি গল্প অবলম্বনে তৈরি হয়েছে টেলিভিশন সিরিজ নাটক, যার পর্বসংখ্যা ২০০। এ দীর্ঘ অভিযাত্রাকে উদযাপনের জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উৎসব সংশ্লিষ্টরা।




যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের দফার আলোচনার পরপরই হামলা ও নিষেধাজ্ঞার ঘটনা ঘটায় ওয়াশিংটনের সঙ্গে আর কোনও আলোচনায় তেহরানের আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ভিত্তি কী হতে পারে, তা নিয়েই ইরানের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।

পেজেশকিয়ান বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনও আস্থা নেই। আমরা জানি না, ঠিক কোন ভিত্তিতে তাদের সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব।”

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান পেজেশকিয়ান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে ওয়াশিংটনের কাছে তেহরান এমন একটি সাত দিনের রোডম্যাপ উপস্থাপন করেছে, যার লক্ষ্য সংঘাতের অবসান এবং শর্তসাপেক্ষে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।

সাত দিনের রোডম্যাপ
ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক পদক্ষেপগুলো বাস্তবায়নে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ পারস্পরিক সমঝোতার বিষয়গুলো নিয়ে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার কথা রয়েছে।

তবে এর আগে ওয়াশিংটনকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার এবং আটকে থাকা প্রায় ১২ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ অবমুক্ত করা। একই সঙ্গে লেবানন ও ইয়েমেনসহ অঞ্চলজুড়ে যুদ্ধবিরতি কার্যকর করারও দাবি জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানিয়েছেন, এই প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। কাতার ও পাকিস্তান ওয়াশিংটনের কাছে তেহরানের বার্তা পৌঁছে দিচ্ছে বলেও জানিয়েছেন পেজেশকিয়ান।

জুনের সমঝোতায় ফিরতে চায় তেহরান
পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, বর্তমান উদ্যোগটি জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে তৈরি। ওই সমঝোতা পরে ভেঙে পড়ে এবং জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে কার্যত বাতিল ঘোষণা করেন। নতুন প্রস্তাবের মাধ্যমে তেহরান ওই সমঝোতার কিছু শর্ত বাস্তবায়নের পথ আবারও উন্মুক্ত করতে চাইছে।

তেহরানের বক্তব্য, যুক্তরাষ্ট্রকে আগের সমঝোতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার বিষয়ে কিছু ইতিবাচক বার্তা এলেও চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

হরমুজ বন্ধের দায় অস্বীকার
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জন্য ইরানকে দায়ী করার বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন পেজেশকিয়ান। তার দাবি, যুক্তরাষ্ট্রই আগে ইরানের পথ বন্ধ করে দিয়েছিল।

তিনি বলেন, ইরানের পথ যখন রুদ্ধ করে দেওয়া হয়, তখন হরমুজে তেহরানের পদক্ষেপ ছিল তার স্বাভাবিক প্রতিক্রিয়া।

পেজেশকিয়ান আরও বলেন, শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমেই বর্তমান সংকটের সমাধান সম্ভব। যুদ্ধের অবসান হলে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ ও উত্তেজনার কারণে এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহ ও বাজারেও এর প্রভাব পড়েছে।

ইরানকে সহজে পরাজিত করা যাবে না
সাক্ষাৎকারে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে সংঘাতের আগ্রাসী পক্ষ হিসেবেও বর্ণনা করেন। তার দাবি, গত ২০০ বছরে ইরান কোনও দেশ আক্রমণ করেনি।

ইরান সরকার ‘কয়েক দিনের মধ্যেই ধসে পড়বে’- এমন ধারণা থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক দেশগুলোকে সংঘাতে টেনে এনেছে বলেও অভিযোগ করেন তিনি। এসব বক্তব্য ইরানের নিজস্ব অবস্থান হিসেবে এসেছে; এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের কারণ ও নিজেদের সামরিক পদক্ষেপ নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়ে আসছে।

পেজেশকিয়ান বলেন, “আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ মোকাবিলা করেছি এবং ভবিষ্যতেও দৃঢ়ভাবে টিকে থাকব।”

তবে একই সঙ্গে তিনি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, হত্যা ও শক্তি প্রয়োগের পরিবর্তে কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের সুযোগ থাকলে সেই পথেই এগোনো উচিত।

এদিকে ইরানের প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের চূড়ান্ত অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রয়টার্স জানিয়েছে, তেহরান শনিবারও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। এর মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করলেও ইরান তখনও ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ছিল। সূত্র: আল-জাজিরা




পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদের সাথে জড়িত হয়ে যোগাযোগ রাখছে, নানা ধরনের সংবাদ দিচ্ছে, এমন কার্যক্রমের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬ এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা না মানলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্রের দৃশ্যমান অবয়ব হিসেবে জনগণের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ রয়েছে। একজন নাগরিক অপরাধের শিকার হলে কিংবা নিরাপত্তাহীনতা অনুভব করলে প্রথমেই পুলিশের কাছে যায়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যারা এসব ব্যক্তিকে গ্রেফতারে ভূমিকা রাখবেন তাদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই, যে বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ়, দায়িত্ব পালনে নিরপেক্ষ এবং জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হবে।

পুলিশের প্রতি জনগণের আস্থা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর গত কয়েক মাসে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে। প্রাতিষ্ঠানিক, লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এই তিন ধরনের সহায়তার মাধ্যমে পুলিশের ইমেজ পুনঃপ্রতিষ্ঠা এবং জনআস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি পুলিশের সদস্যদের নিজেদের মনোবল ও জনগণের আস্থা অর্জনের বিষয়টি অনুধাবন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

২৪ সেপ্টেম্বর দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বৈশ্বিক মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ বা থ্রি-আর কৌশলের কথাও তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী এ সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন।

সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে পৃথক বৈঠক করেন।

প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠকে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে দেওয়া স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী অংশ নেন। পরে তাঁরা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণকারী নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় যোগ দেন।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন। সেখানে মানবিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

এ সময় গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে জনস্বাস্থ্য, শিশুসেবা, টিকাদান, সাশ্রয়ী মূল্যের টিকা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।

‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকেও প্রধানমন্ত্রী বক্তব্য দেন। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দ্রুত ও ব্যাপকভাবে কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পূর্বানুমেয় জলবায়ু অর্থায়নের আহ্বান জানান তিনি।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তি এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

সফরে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণ ও নতুন আন্তর্জাতিক রুট চালুর উদ্যোগের কথা তুলে ধরা হয়।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের হুমকি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত ও ব্যাপকভাবে কমানো, পূর্বানুমেয় ও সহজলভ্য অভিযোজন অর্থায়ন, জলবায়ু-সহনশীল প্রযুক্তির বিস্তৃত ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ-সুইডেন-ইউএনএফপিএ আয়োজিত ধাত্রীবিদ্যা বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ‘সুস্থ বাংলাদেশ’ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। স্বাস্থ্য খাতের সংস্কারে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে কেন্দ্রীয় ভিত্তি হিসেবে রাখার কথা জানান তিনি।

তিনি জানান, সরকার আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে ৮০ হাজার নারী এবং ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ বা ধাত্রী থাকবেন। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জলবায়ু সহনশীলতা ও বহুপক্ষীয় কার্যক্রমে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব।

প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও বৈঠক করেন। পরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি।

নিউইয়র্ক সফরের শেষ দিনে আজ প্রধানমন্ত্রী ম্যানহাটনে জেপিমরগানের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির আয়োজিত ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন। পরে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

পাঁচ দিনের এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ’ উল্লেখ করে বলেছেন, ‘আমাদের বার্তা খুবই পরিষ্কার- বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’

রাজনীতিতে আসার আগে ব্যবসায় কর্মজীবন শুরু করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সেখান থেকে তিনি একটি সহজ শিক্ষা পেয়েছেন- বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী সঠিক পরিবেশ প্রয়োজন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শুক্রবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তর ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে একথা বলেন।

প্রধানমন্ত্রী বৈঠকের আয়োজক জেপি মর্গান এবং অংশগ্রহণকারী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ওয়াল স্ট্রিটের মানুষ নন; একজন বাংলাদেশি এবং রাজনৈতিক নেতা হিসেবে দেশের মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়ে এখানে এসেছি।’

তিনি বলেন ‘ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তাঁদের ব্যবসা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করেন, আর তিনি কাজ করেন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায়। দায়িত্ব ভিন্ন হলেও উভয়ের মূলনীতি একই-সাফল্য নিশ্চিত করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন। আজ তিনি দেশের অর্থনীতি এবং বৈশ্বিক ব্যবসার জন্য বাংলাদেশে বিদ্যমান সুযোগগুলো সরাসরি তুলে ধরতে চান।’

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে ১৮ কোটিরও বেশি মানুষের বসবাস। দেশটির রয়েছে তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান।’

তিনি বলেন, ‘বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি সম্ভাবনা ধারণ করে।’

জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য।’

তিনি বলেন,  ‘এ লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা, বিধিবিধান সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা এবং অবকাঠামোর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় তাঁর সরকার। একই সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন অর্থনৈতিক ব্যবস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন অংশীদারত্বের উদ্যোগ এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের কথা তুলে ধরেন তিনি।’

বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর সঙ্গে বাংলাদেশের আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপনে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গ্যানের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট পেয়েছেন এবং দেশের পুঁজিবাজারকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত কোনো বক্তব্যের পর কী ঘটে, তার ভিত্তিতেই একটি দেশকে মূল্যায়ন করেন। বিধিবিধান কতটা পূর্বানুমেয়, বিনিয়োগ কতটা সুরক্ষিত, মূলধন কতটা দক্ষতার সঙ্গে স্থানান্তর করা যায় এবং মুনাফা কতটা সহজে দেশে ফেরত নেওয়া যায়-এসব তাঁদের যৌক্তিক প্রশ্ন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নীতির মাধ্যমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আস্থা তৈরি করাই সরকারের দায়িত্ব। সরকার স্বল্পমেয়াদি লেনদেন নয়, উভয় পক্ষের জন্য মূল্য সৃষ্টি করবে এমন দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চায়।’

ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে চায় সরকার, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং তাঁদের স্বার্থ ও সুনির্দিষ্ট বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবেন।’

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য অত্যন্ত সরল- আরও বিনিয়োগ, আরও বাণিজ্য, আরও কর্মসংস্থান, আরও প্রযুক্তি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব।’

বিনিয়োগকারীদের বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ভিত্তিতে ব্যবসা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সঙ্গে কাজ করতে, আপনাদের কথা শুনতে এবং যেখানে সম্ভব বাধা দূর করতে আমরা প্রস্তুত। আশা করি, আপনাদের অনেককেই শিগগিরই বাংলাদেশে দেখতে পাব।’

বৈঠকে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।




কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

ডেস্ক নিউজঃ দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।