১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

ক্রীড়া ডেস্ক : চলমান এশিয়ান গেমসের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে লড়াইয়ে টিকে আছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হিটে ইমরানুর চতুর্থ হয়েও সব মিলিয়ে টাইমিংয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তন স্থান অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।

পালোমা পার্ক স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের রাউন্ড ১ এর ৫ নম্বর হিটে প্রতিযোগিতায় নেমে ইমরান ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্হান অর্জন করেন।

এই হিটে মালয়েশিয়ার মোহাম্মদ ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। তারপরের দুই অবস্থানে আছেন যথাক্রমে সিঙ্গাপুরের লুইস (১০.৩৩) এবং চাইনিজ তাইপের ইয়াং (১০.৩৮)

ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। আর মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এর কোনোটিই করতে পারেননি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ১০০ মিটারের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।




সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতাদের মধ্যে সম্পদের হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্ত শাহরুখ। তাঁর সম্পদের অন্যতম অংশজুড়ে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস।

হুরুনের তালিকায় শাহরুখের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। আর ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় রয়েছেন হৃতিক রোশন।

তবে শীর্ষস্থান ধরে রাখলেও গত এক বছরে শাহরুখ খানের সম্পদ কমেছে। ২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। সেই হিসাবে এক বছরে তাঁর সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি ডপি।

এর আগে চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি।




জামায়াত বাংলাদেশে রাজনীতি করার উপযোগী দল নয়: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হঠকারী ও ঐতিহাসিক সিদ্ধান্তহীনতায় ভোগা একটি রাজনৈতিক দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, দলটি বাংলাদেশে রাজনীতি করার উপযোগী নয়।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এক পরিচিতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত একটি হঠকারী রাজনৈতিক দল। তারা সিদ্ধান্তহীনতায় সবসময় ভোগে। একাত্তরের সময় জামায়াত ইসলাম সিদ্ধান্তহীনতায় ভুগছিল—জনগণের পক্ষে অবস্থান করবে, নাকি সেই পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান করবে? সেক্ষেত্রে একাত্তরে জামায়াত ইসলাম সিদ্ধান্ত নিতে ভুল করেছে। ঠিক এর পরবর্তীতে প্রত্যেকটা ক্ষেত্রে জামায়াত ইসলাম আসলে সিদ্ধান্তহীনতায় ভুগেছে।’

‘যেমন, যে সময় স্বৈরশাসক এরশাদ ক্ষমতায় ছিল, ৮৬-র নির্বাচনে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে জামায়াত এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা ক্ষমতায় চলে… মানে বলা যায় নির্বাচনে চলে গেল এবং এরশাদের ক্ষমতা কিন্তু আসলে টিকে গেল। এরপরে দেখবেন যে ৯৬-তে আওয়ামী লীগকে সাথে নিয়ে জামায়াত আন্দোলন গড়ে তুলল। তো আমার কাছে মনে হয় যে আসলে ইতিহাসের কোনো সঠিক জায়গায় জামায়াতের অবস্থান নাই। জামায়াত ইতিহাসের সবচেয়ে ধিক্কারজনক জায়গায় রয়েছে। এমনকি ২৪-এর গণঅভ্যুত্থানের পরে নির্বাচন নিয়ে জামায়াতের যে সিদ্ধান্তহীনতা, যৌথ জাতীয় সনদে স্বাক্ষর করবে কি করবে না। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় দেখবেন যে জামায়াতের নেতারা সকালে একটা বলে, রাতে একটা বলে, ফজরের পরে আসলে আরেকটা বলে। এরকম আসলে জামায়াতের সিদ্ধান্তহীনতা সবসময় ছিল।’

তিনি বলেন, ‘জামায়াত ইসলাম বর্তমানে যে ধরনের রাজনীতি করছে, আমি মনে করি বাংলাদেশে রাজনীতি করার কোনো উপযোগী দল জামায়াত না। জামায়াত একটি হঠকারী রাজনৈতিক দল এবং তাদের প্রত্যেকটা আন্দোলন জনগণকে সবসময় ক্ষতিই করেছে। এই মুহূর্তে যে আন্দোলন তারা আসলে শুরু করেছে, তারা আসলে ফ্যাসিবাদের ফিরে আসার যে পথ, সেই পথ খুলে দিয়েছে।

‘দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু সেই ইন্টারিমের সময় এমনকি এই সরকার দায়িত্ব গ্রহণের পরে, আওয়ামী লীগ এভাবে জোরদার ছিল না। যে সময় জামায়াত মাঠে নেমেছে, আওয়ামী লীগও মাঠে নেমেছে। এটা আসলে কাকতালীয় না। অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নামুক এটি আসলে জামায়াত চায়। সেই জায়গা থেকে এইভাবে আসলে দেখবেন যে আওয়ামী লীগের বিষয়ে তাদের কোনো মন্তব্য নাই। আওয়ামী লীগের প্রশ্নে জামায়াত নীরব ভূমিকা পালন করছে। অর্থাৎ জামায়াতের চাওয়া-পাওয়া হলো ৯৬-তে যেভাবে আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, ঠিক আরেকটি চক্রান্তের গন্ধ আমি দেখছি। শেখ হাসিনার ভাষা আর জামায়াতের আমিরের ভাষার মধ্যে চক্রান্ত এদেশের জনগণ লক্ষ্য করছে।’




ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাকিবুল হাসানের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে আসামিকে ৭ দিনের পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুলকে প্রত্যাহারের তথ্য জানায় ডিএমপি। তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

অডিওটিতে সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সমালোচনা করতে শোনা যায়। পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়েও বেশ কিছু মন্তব্য করতে শোনা গেছে। অডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা ওসি রাকিবুল বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে ডিএমপি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হবে। অডিওটি রাকিবুলের বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন।




জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বুধবার (২৩ সেপ্তেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ এ বক্তব্য দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে মূল কেন্দ্রে নিয়ে আসতে হবে।

খলিলুর রহমান বলেন, “নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।”

‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (পিজিএ) ও ইউএন উইমেনের বিশেষ উদ্যোগ। এই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেন।

আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং পরস্পরসংযুক্ত ও জটিল বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করাই এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য।




কমলাপুর কাস্টমসে মঈনুল-সুমি প্রভাবের অভিযোগ, বদলির পর বদলি কর্মকর্তারা

বিশেষ প্রতিবেদকঃ কাস্টম হাউস আইসিডি কমলাপুরে শিট আমদানির চালান খালাসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের কেন্দ্রে রয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মঈনুল হোসেন ও কাস্টমসের উপকমিশনার খাদিজা পারভীন সুমি। অভিযোগ রয়েছে, মিথ্যা ঘোষণা দিয়ে আনা পণ্য খালাস, শুল্ক ফাঁকি এবং অনিয়মের বিরুদ্ধে কোনো কর্মকর্তা ব্যবস্থা নিতে গেলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, প্রায় এক দশক ধরে কমলাপুর কাস্টম হাউসে প্রভাব বিস্তার করে আসছেন মঈনুল হোসেন। কোনো ক্যাডার কর্মকর্তা সেখানে নতুন করে দায়িত্ব নিলে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন তিনি। এরপর ওই কর্মকর্তার মাধ্যমে নিজের চালানগুলো সহজে খালাসের ব্যবস্থা করেন বলে অভিযোগ রয়েছে। বিপরীতে, কোনো কর্মকর্তা মিথ্যা ঘোষণা দেওয়া চালান আটকে দিলে বা পণ্য পরীক্ষা করতে চাইলে তাকে অন্যত্র বদলি করার জন্য চাপ তৈরির অভিযোগও রয়েছে।

মঈনুলের সঙ্গে খাদিজা পারভীন সুমির ঘনিষ্ঠতার বিষয়টিও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, সুমি যখন কমলাপুর কাস্টম হাউসের আনস্টাফিং শাখার দায়িত্বে ছিলেন, তখন মঈনুলের আমদানি করা শিটের চালান খুব একটা যাচাই করা হয়নি। তিনি যে ধরনের পণ্যের ঘোষণা দিতেন, অনেক ক্ষেত্রেই সেই ঘোষণা অনুযায়ী পণ্য খালাস হয়ে যেত বলে অভিযোগ। আনস্টাফিংয়ের দায়িত্বে প্রায় ১১ মাস থাকার সময় মঈনুলের কোনো চালান খুলে পরীক্ষা করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

মঈনুল মূলত দুটি সিঅ্যান্ডএফ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করেন বলে জানা গেছে। এর একটি পারভীন ট্রেডার্স এবং অন্যটি মা অ্যাসোসিয়েট। এর মধ্যে পারভীন ট্রেডার্সের নামে বিপুল পরিমাণ শিটের চালান খালাস হয়েছে। নথি ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, খাদিজা পারভীন সুমি আনস্টাফিংয়ের দায়িত্বে থাকা প্রায় ১১ মাসে পারভীন ট্রেডার্সের প্রায় ৫১ হাজার টন শিট খালাস হয়। এর মধ্যে প্রায় ৪৭ হাজার টন ছিল কম শুল্কের এইচআর শিট।

শিটের ধরনভেদে সরকারের শুল্ক আদায়ের পরিমাণেও বড় পার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতি টন সিআর শিটে প্রায় ২৮ হাজার টাকা, এইচআর শিটে প্রায় ৩৮ হাজার টাকা এবং জিপি শিটে প্রায় ৫৫ হাজার টাকা শুল্ক প্রযোজ্য। অভিযোগ হচ্ছে, বেশি শুল্কের পণ্যকে কম শুল্কের শিট হিসেবে ঘোষণা করে সরকারের রাজস্ব কমিয়ে দেওয়ার একটি কৌশল দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে। এমনকি প্রায় ২৫ শতাংশ কাস্টম ডিউটি শিট গোপন রেখে বা সঠিকভাবে ঘোষণা না করেই খালাসের অভিযোগও রয়েছে।

শিটের চালানে শুল্ক ফাঁকির অভিযোগ ওঠার পর জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি থেকে কাস্টম হাউস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। চিঠিতে প্রতি কনটেইনারে শুল্ক ফাঁকির অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয় বলে জানা গেছে। কিন্তু ওই চিঠির পরও খাদিজা পারভীন সুমি আরও প্রায় এক মাস আনস্টাফিংয়ের দায়িত্বে ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিস্থিতিতে পরিবর্তন আসে আনস্টাফিং বিভাগে নতুন কর্মকর্তা পদায়নের পর। প্রায় দুই মাস আগে খাদিজা পারভীন সুমিকে সরিয়ে ৪০ ব্যাচের সহকারী কমিশনার আসিফ আহমেদ অনিককে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর তিনি শিটের চালানের ঘোষণার সঙ্গে বাস্তবে আমদানি করা পণ্যের মিল আছে কি না, তা যাচাইয়ে গুরুত্ব দেন। এতে মঈনুলের পারভীন ট্রেডার্সের বেশ কিছু চালানে বেশি শুল্কের পণ্য শনাক্ত হয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

নতুন কর্মকর্তার সময়ে পারভীন ট্রেডার্সের কম শুল্কের এইচআর ও সিআর শিট খালাস হয় ২ হাজার ২৩৩ টন। বিপরীতে বেশি শুল্কের জিপি শিট খালাস হয় ১০ হাজার ১৬২ টন। এ সময় মঈনুলের সাতটি চালান মিথ্যা ঘোষণার সন্দেহে আটকে দেওয়া হয়। পরবর্তী যাচাইয়ে মিথ্যা ঘোষণার প্রমাণ পাওয়ার দাবি করে এসব চালানের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার আওতায় থাকা সাতটি বিল অব এন্ট্রির নম্বর হলো সি-১১৫৫৫, সি-১১৫৪৮, সি-১১৫৫২, সি-১১৫৫৭, সি-১১৫৪৭, সি-১১৫৫৩ এবং সি-১১৫৫৪। এসব চালানে মিথ্যা ঘোষণার অভিযোগে প্রায় ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।

এ ঘটনায় প্রশ্ন ওঠে, একই ধরনের চালান আগে কীভাবে সহজে খালাস হয়েছে। সংশ্লিষ্ট নথি ও ব্যবসায়ীদের বক্তব্যের ভিত্তিতে অভিযোগ রয়েছে, খাদিজা পারভীন সুমি আনস্টাফিংয়ের দায়িত্বে থাকার সময় বেশি শুল্কের পণ্যকে কম শুল্কের পণ্য হিসেবে ঘোষণা করে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এ সময় প্রায় ৯০ শতাংশ চালান কম শুল্কের শিট হিসেবে খালাস হওয়ার তথ্যও সামনে এসেছে। কিন্তু সুমিকে সরিয়ে আসিফ আহমেদ অনিক দায়িত্ব নেওয়ার পর চিত্রটি বদলে যায় এবং প্রায় ৮০ শতাংশ চালান বেশি শুল্কের শিট হিসেবে খালাস হতে থাকে।

এতে সরকারের রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি আগের সময়ের শুল্ক ফাঁকির অভিযোগও নতুন করে সামনে আসে। এরই মধ্যে মঈনুলের কয়েকটি চালান আটকে মামলা হওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, ওই মামলা করার এক সপ্তাহের মধ্যেই সহকারী কমিশনার আসিফ আহমেদ অনিককে আনস্টাফিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে সরাতে মঈনুলের পক্ষে বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এরপর আনস্টাফিংয়ের দায়িত্বে ৪১ ব্যাচের কর্মকর্তা সামিয়া তাইছিরকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি মঈনুলের মা অ্যাসোসিয়েটের গাড়ির গ্রুপ দেখার দায়িত্বও সংশ্লিষ্টদের নজরে আসে। এতে নতুন করে প্রশ্ন ওঠে, অনিয়ম বন্ধে নেওয়া পদক্ষেপের পর আবারও আগের প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে উঠেছে কি না।

কমলাপুর কাস্টম হাউসে কর্মকর্তা বদলির অভিযোগ অবশ্য নতুন নয়। শিটের চালান নিয়ে হস্তক্ষেপ করায় সিআইসির এক উপপরিচালককে কুমিল্লায় বদলি করার অভিযোগও রয়েছে। এর আগে এক কমিশনার বদলি হওয়ার পর সরকারি ছুটির দিনে মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ৮২০ টন শিট মিথ্যা ঘোষণায় খালাসের অভিযোগ ওঠে। পরবর্তীতে ওই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মঈনুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মঈনুল দীর্ঘদিন ধরে কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নিজের ব্যবসা পরিচালনা করে আসছেন। কর্মকর্তাদের গাড়ি ভাড়ার খরচ বহনসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের প্রভাবিত করার অভিযোগও রয়েছে। এভাবেই মিথ্যা ঘোষণা দেওয়া পণ্য দ্রুত খালাস এবং শুল্ক ফাঁকির সুযোগ তৈরি করা হতো বলে অভিযোগকারীদের দাবি।

মঈনুলের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে সিআইসি থেকে কাস্টম হাউস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল বলেও জানা গেছে। শিটের চালান নিয়ে একটি প্রতিবেদনও দেওয়া হয়। তবে এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, কাস্টম হাউসে মঈনুলের দীর্ঘদিনের প্রভাবের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হয়েছে।

খাদিজা পারভীন সুমির দায়িত্ব পালনের সময় নিয়েও রয়েছে নানা অভিযোগ। সংশ্লিষ্টদের দাবি, তিনি সাধারণত বিকেলের আগেই অফিস ত্যাগ করতেন। এরপর সন্ধ্যার পর মঈনুলের বেশ কিছু চালান কাস্টম হাউস থেকে বের হওয়ার অভিযোগ রয়েছে। ওই সময় তার হয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল ও শাহ আলম কাজ করতেন বলেও অভিযোগ উঠেছে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি উপস্থিতি ছাড়াই চালান খালাসের সুযোগ তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্টরা দাবি করছেন।

অন্যদিকে, কাস্টম হাউস আইসিডি কমলাপুরের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর রাজস্ব ফাঁকির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। অনিয়মের চেষ্টা করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাস্টম হাউসের কার্যক্রমে নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

খাদিজা পারভীন সুমিকে আনস্টাফিং থেকে সরানো হলেও তার প্রভাব পুরোপুরি শেষ হয়নি বলেও অভিযোগ রয়েছে। এনবিআর-সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে শিটের অ্যাসেসমেন্ট গ্রুপের দায়িত্বের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তার স্বামী প্রশাসন ক্যাডারের ৩০ ব্যাচের কর্মকর্তা বলেও সূত্রটি জানিয়েছে। অতীতে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে দায়িত্ব পালনকালে লালবাগের মতো গুরুত্বপূর্ণ ডিভিশনের দায়িত্ব পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন খাদিজা পারভীন সুমি। তার দাবি, আনস্টাফিংয়ের দায়িত্বে থাকাকালে কোনো ধরনের শুল্ক ফাঁকি হয়নি। তিনি দায়িত্ব পালনকালে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং ইচ্ছাকৃতভাবে কোনো পক্ষকে সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না বলে জানান। তিনি আরও বলেন, সাধারণত বিকেল ৫টার মধ্যেই তিনি অফিস ত্যাগ করতেন।

সন্ধ্যার পর সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল ও শাহ আলমের মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমি বলেন, উপকমিশনার হিসেবে সহকারী রাজস্ব কর্মকর্তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের ব্যক্তিগত দায় তিনি নিতে পারেন না।

অন্যদিকে মঈনুল হোসেনও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দীর্ঘদিন একই খাতে কাজ করার কারণে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে তিনি কোনো ধরনের শুল্ক ফাঁকি দেননি বলে দাবি করেন। সাম্প্রতিক মামলার বিষয়ে তার বক্তব্য, কাস্টমসে অনেক ব্যবসায়ীর নামেই মামলা হয়। আর সুমির দায়িত্বের সময় শুধু সিআর ও এইচআর শিট আমদানি করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

সব মিলিয়ে কমলাপুর কাস্টম হাউসে শিটের চালান খালাস, পণ্যের সঠিক ঘোষণা, শুল্ক নির্ধারণ এবং কর্মকর্তা বদলি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। একদিকে কয়েকটি চালানে মিথ্যা ঘোষণার প্রমাণ পাওয়ার দাবি করে মামলা ও জরিমানার ঘটনা ঘটেছে, অন্যদিকে আগে খালাস হওয়া বিপুল পরিমাণ চালান নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের পূর্ণ সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথি, চালান, বিল অব এন্ট্রি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা যাচাই করে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমান-এই তিন জনকে আসামি করা হয়।

এই মামলায় গ্রেফতারের পর গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের একদিন রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় গ্রেফতারের পর ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।




ডেলিভারি গেট ঘিরে ঘুষের অভিযোগ, ঢাকা কাস্টম হাউসের এআরও ওয়াসেক বিল্লাহর সম্পদের অনুসন্ধান দাবি

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ওয়াসেক বিল্লাহকে ঘিরে ঘুষ গ্রহণ, মিথ্যা ঘোষণায় পণ্য খালাস, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

অভিযোগে বলা হয়েছে, ঢাকা কাস্টম হাউসের এয়ারফ্রেইট ইউনিটে দায়িত্ব পালনের সময় ওয়াসেক বিল্লাহ পণ্য খালাসের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন। বিশেষ করে ‘ডেলিভারি গেট-১’ কেন্দ্র করে আমদানিকারক ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ দাবি করার অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে বলা হয়, পণ্যের ধরন ও চালানের ওপর নির্ভর করে ১ লাখ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, নির্ধারিত শুল্ক-কর পরিশোধ, আমদানি-সংক্রান্ত শর্ত এবং পণ্যের সঠিক ঘোষণা যথাযথভাবে যাচাই না করেই কিছু চালান খালাসের সুযোগ দেওয়া হয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে আনা পণ্য, উচ্চ শুল্কের পণ্য এবং আমদানিতে বিধিনিষেধ রয়েছে—এমন পণ্য নিয়েও অনিয়মের অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও দাবি করা হয়, কোনো কোনো ক্ষেত্রে পণ্যের প্রকৃত ধরন বা পরিমাণ গোপন করে কম শুল্ক পরিশোধের সুযোগ তৈরি করা হয়েছে। এতে সরকার নির্ধারিত রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। পাশাপাশি যারা নিয়ম মেনে শুল্ক ও কর পরিশোধ করে ব্যবসা করেন, তাদের সঙ্গে অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়া আমদানিকারকদের অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদকে দেওয়া অভিযোগে গত ছয় মাসে ঘুষ ও রাজস্ব ফাঁকির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার দাবি করা হয়েছে। তবে এই বিপুল অর্থের দাবির পক্ষে পূর্ণাঙ্গ আর্থিক নথি বা কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ফলে অভিযোগটির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট চালান, বিল অব এন্ট্রি, শুল্ক-কর পরিশোধের রেকর্ড এবং অর্থনৈতিক লেনদেন পরীক্ষা করা প্রয়োজন।

ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে শুধু ঢাকার দায়িত্বকালের অভিযোগই নয়, কর্মজীবনের আগের সময় নিয়েও বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, চট্টগ্রাম ভ্যাটের অধীন বান্দরবান সাব-ডিভিশনে দায়িত্ব পালনের সময় কয়েকটি হোটেল ও রিসোর্টে অভিযান পরিচালনার নামে হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ৫ এপ্রিল বান্দরবান হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তৎকালীন জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেখানে কী ধরনের অভিযোগ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তদন্ত করেছিল কি না, তা সরকারি নথি যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ওয়াসেক বিল্লাহ টেকনাফ শুল্ক স্টেশনে দায়িত্ব পালন করার সময়ও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ওই সময় তিনি একটি মাদক পাচারচক্রের সঙ্গে যোগাযোগ রাখতেন। কাঠের গুঁড়ি ও আচারের প্যাকেটের আড়ালে মাদক পরিবহনের একটি চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও করা হয়েছে।

তবে টেকনাফের এই অভিযোগের বিষয়ে কোনো মামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রতিবেদন বা আদালতের নথি প্রতিবেদকের হাতে আসেনি। ফলে অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ধরনের গুরুতর অভিযোগের সত্যতা জানতে সংশ্লিষ্ট সময়ের সরকারি নথি, মামলার তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন।

অভিযোগের আরেকটি অংশে রাজধানীর উত্তরার ‘কিংফিশার বার’-এর সঙ্গে ওয়াসেক বিল্লাহর সম্পৃক্ততার দাবি করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, প্রতিষ্ঠানটির মালিকানা ও পরিচালনার সঙ্গে তার সম্পর্ক রয়েছে এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে লাইসেন্স ও অনুমোদনের বিষয়েও তিনি ভূমিকা রেখেছেন।

তবে এই দাবির পক্ষেও মালিকানা সংক্রান্ত দলিল, কোম্পানি বা প্রতিষ্ঠানের নিবন্ধন নথি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। ফলে এটিও অভিযোগ হিসেবেই বিবেচনা করা প্রয়োজন।

ওয়াসেক বিল্লাহর সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। অভিযোগে রাজধানীর মিরপুরের বাউনিয়া মৌজায় তার নামে ৩৩ শতাংশ জমি থাকার কথা উল্লেখ করা হয়েছে। খতিয়ান নম্বর ৩৬৪৯৭ উল্লেখ করে ওই সম্পত্তির মালিকানা নিয়ে তথ্য দেওয়া হয়েছে।

অভিযোগকারীদের প্রশ্ন, সরকারি কর্মকর্তা হিসেবে ওয়াসেক বিল্লাহর বৈধ আয় ও সম্পদের বিবরণীর সঙ্গে ওই জমির মূল্য এবং মালিকানা সামঞ্জস্যপূর্ণ কি না। এ ক্ষেত্রে তার আয়কর রিটার্ন, সম্পদ বিবরণী, জমির দলিল, ক্রয়মূল্য, ব্যাংক লেনদেন এবং সম্পত্তি কেনার অর্থের উৎস পরীক্ষা করা হলে বিষয়টি পরিষ্কার হতে পারে।

বিশেষ করে একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যখন ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে, তখন শুধু সম্পত্তির পরিমাণ দেখলেই বিষয়টি প্রমাণিত হয় না। সম্পদটি বৈধ আয়ে কেনা হয়েছে কি না, ক্রয়মূল্য কত ছিল এবং অর্থের উৎস কী—এসব তথ্য যাচাই করাই মূল বিষয়। একইভাবে কারও নামে থাকা সম্পত্তি তার প্রকৃত মালিকানাধীন কি না, সেটিও দলিল ও আর্থিক নথি দিয়ে নিশ্চিত করা প্রয়োজন।

অভিযোগকারীদের দাবি, ঢাকা কাস্টম হাউসের ‘ডেলিভারি গেট-১’-এর গত কয়েক মাসের কার্যক্রম খতিয়ে দেখলে অভিযোগের বাস্তব চিত্র পাওয়া যেতে পারে। এ জন্য ওই সময়ের বিল অব এন্ট্রি, পণ্যের ঘোষণা, মূল্যায়ন নথি, শুল্ক-কর পরিশোধের তথ্য এবং পণ্য পরীক্ষার প্রতিবেদন যাচাই করার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে কোন আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্টের চালান ওয়াসেক বিল্লাহর দায়িত্বাধীন সময়ে খালাস হয়েছে, সেসব চালানের ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না এবং কোনো চালানে অস্বাভাবিকভাবে কম শুল্ক পরিশোধ করা হয়েছে কি না—সেটিও যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন অভিযোগকারীরা।

পণ্য খালাসের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, অনুমোদনের ধাপ এবং প্রয়োজনে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা যেতে পারে। এতে কোনো কর্মকর্তার ব্যক্তিগতভাবে প্রভাব বিস্তারের অভিযোগের বাস্তব ভিত্তি আছে কি না, তা যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া অভিযোগে উল্লেখ করা প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি ও ঘুষের দাবির বিষয়টিও পৃথকভাবে যাচাই প্রয়োজন। কোন কোন চালানে কত টাকার রাজস্ব কম আদায় হয়েছে, তার সঙ্গে কোনো ব্যক্তিগত আর্থিক লেনদেনের সম্পর্ক আছে কি না এবং সংশ্লিষ্ট আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে কোনো অনিয়মিত যোগাযোগ ছিল কি না—এসব তথ্য তদন্তের মাধ্যমে বের করা সম্ভব হতে পারে।

অভিযোগকারীরা ওয়াসেক বিল্লাহর ব্যাংক হিসাব, আয়কর নথি, সম্পদ বিবরণী এবং তার নিজের ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য যাচাইয়েরও দাবি জানিয়েছেন। তাদের মতে, চাকরির আয় ও ঘোষিত সম্পদের সঙ্গে বাস্তব সম্পদের কোনো অসামঞ্জস্য থাকলে আর্থিক অনুসন্ধানের মাধ্যমে সেটি চিহ্নিত করা সম্ভব।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আদালতের রায়ে ওয়াসেক বিল্লাহকে দোষী সাব্যস্ত করা হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর প্রতিটি বিষয় সরকারি নথি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

বিশেষ করে মিথ্যা ঘোষণায় পণ্য খালাস, রাজস্ব ফাঁকি ও ঘুষের অভিযোগ সত্য কি না, তা জানতে কাস্টমসের সংশ্লিষ্ট নথিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। একইভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যাচাইয়ে আয়কর নথি, ব্যাংক হিসাব ও সম্পত্তির দলিল পরীক্ষা করা প্রয়োজন।

এ বিষয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে অভিযোগগুলোর বিষয়ে তার অবস্থান এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর ব্যাখ্যাও প্রতিবেদনে যুক্ত করা প্রয়োজন।

সব মিলিয়ে, ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর ব্যাপ্তি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কর্মজীবনের আগের সময় পর্যন্ত বিস্তৃত। এখন দুদক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিভিত্তিক অনুসন্ধানেই নির্ধারিত হতে পারে—ঘুষ গ্রহণ, পণ্য খালাসে অনিয়ম, রাজস্ব ফাঁকি, পূর্বের কর্মস্থলের অভিযোগ এবং সম্পদ অর্জনের বিষয়ে করা দাবিগুলোর কতটা সত্যতা রয়েছে।




জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেবেন বৃহস্পতিবার। এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।

নিউ ইয়র্কের ম্যানহাটনে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনে ভাষণ দেবেন স্থানীয় সময় বিকাল ৫টায় অর্থাৎ বাংলাদেশ সময় ভোর রাত ৩টায়।

‘প্রধানমন্ত্রী একটা নতুন ইতিহাস সৃষ্টির মাধ্যমে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর জাতিসংঘের বক্তব্য দিবেন। তিনি আমাদের দেশের আবেগ অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলা ভাষার বক্তব্য দেবেন বলে আমরা জানতে পেরেছি।’

এর মাধ্যমে তিনি একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন।

এদিন সরকারপ্রধান এবারের অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্যও দেবেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় নিউইয়র্কে অনুষ্ঠিতব্য অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তুলে ধরবেন। তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়ন সহযোগিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এ ভাষণকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

জাতিসংঘের এবারের সাধারণ বিতর্কে বিশ্বনেতারা বৈশ্বিক সংকট, শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।




বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র বিতরণ করা হয়।

এতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীরকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। প্রধান অতিথি উক্ত কোর্সে উত্তীর্ণ সকল কর্মকর্তাগণকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, উক্ত কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর এয়ার অধিনায়ক, বিমান সদরসহ অত্র ঘাঁটির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (CSTI) এর প্রশিক্ষকগণ এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।’