টেস্ট দলে ৩ জন অতিরিক্ত ক্রিকেটার রেখেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নিয়মিত ক্রিকেটাররাই। তবে তাদের সঙ্গে যাচ্ছেন আরও তিন অতিরিক্ত ক্রিকেটার।

স্পিনার নাইম হাসানসহ দুই জন পেসার ইকবাল হোসেন ইমন এবং মুশফিক হাসান আছেন অতিরিক্ত তালিকায়। আরব আমিরাতে টেস্ট ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচের বাড়তি চাপ সামলাতেই অতিরিক্ত ৩ ক্রিকেটারকে নিয়ে যাচ্ছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আপনারা জানেন যে আমাদের এশিয়ান গেমসে দল যাচ্ছে, সেখানে ছয়জন ক্রিকেটার আছে এই দল (আফগানিস্তান টেস্ট) থেকে। সে জন্য আমরা ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নাইম হাসান, মুশফিক হাসান এবং ইকবাল হোসেন ইবনকে পাঠাচ্ছি। তারা দলের সঙ্গে যাবে, ট্রাভেল করবে এবং সেখানে অনুশীলন করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের টেস্ট দলে থাকা ছয়জন ক্রিকেটার এশিয়ান গেমসে খেলতে যাবেন। তবে আফগানিস্তান সিরিজের আগে দলের যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেখানে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের পরিবর্তে রিজার্ভ খেলোয়াড়েরা যোগ দেবেন।’




বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। যাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭ টি সিনেমা উপহার দেওয়া প্রয়াত এই চিত্রনায়কের জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন বাংলা চলচ্চিত্রের এই স্বপ্নের নায়ক।

১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি চলচ্চিত্রে এসে পরিচিতি পান সালমান শাহ নামে। অল্প বয়সেই চলচ্চিত্রে পা রেখে তিনি হয়ে উঠেছিলেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমাতেই তার অভিনয় ও পর্দার উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর একের পর এক সিনেমায় তার অভিনয় তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। শুধু অভিনয় নয়, তার পোশাক, চুলের স্টাইল, কথা বলার ধরন ও ব্যক্তিত্বও তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছিল অনুকরণীয়। ফলে তিনি শুধু একজন চলচ্চিত্র তারকা ছিলেন না, হয়ে উঠেছিলেন একটি প্রজন্মের আবেগ ও স্বপ্নের অংশ।

যদিও সালমান শাহ তার অভিনয় জীবন শুরু করেন টেলিভিশন নাটক দিয়ে। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়ক। এরপর কাজ করেছেন—দেয়াল (১৯৮৫), সব পাখি ঘরে ফেরে (১৯৮৫), সৈকতে সারস (১৯৮৮), নয়ন (১৯৯৫) এবং সবশেষ স্বপ্নের পৃথিবী (১৯৯৬) নাটকে।

রুপালি পর্দায় সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাদেরকে অন্যতম সেরা জুটি বলা হয়। ক্যারিয়ারে সালমানের করা ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর।

সময়ের সঙ্গে চলচ্চিত্রে এসেছে অনেক পরিবর্তন, নতুন প্রজন্মের বহু নায়ক দর্শকের সামনে এসেছেন। কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা কমেনি। বরং তার মৃত্যুর পরও তাকে ঘিরে দর্শকের আগ্রহ ও ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে।

আজ তরুণ প্রজন্মের অনেকেই সালমান শাহকে দেখেছেন তার মৃত্যুর বহু বছর পর। তবুও তার অভিনীত সিনেমা, গান ও বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ফিরে আসে। জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকীতে তাকে ঘিরে ভক্তদের স্মৃতিচারণে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। চলচ্চিত্রে পরবর্তী সময়ে আসা অনেক নায়কও তাকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।

সালমান শাহর জীবন ছিল ছোট, কিন্তু তার রেখে যাওয়া প্রভাব দীর্ঘস্থায়ী। বেঁচে থাকলে আজ হয়তো ৫৫ বছরের একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে আরও বহু চরিত্রে দর্শকদের মুগ্ধ করতেন। কিন্তু সেই সম্ভাবনার গল্প আজ কেবল কল্পনাতেই। বাস্তবে তিনি থেমে গেছেন ২৫-এ। আর দর্শকের হৃদয়ে রয়ে গেছেন সেই চিরতরুণ নায়ক হয়ে।

সময় পেরিয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু সালমান শাহর প্রতি ভালোবাসা আজও অটুট। এ কারণেই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার নাম উচ্চারিত হলে আজও ফিরে আসে এক আবেগময় সময়ের স্মৃতি।

সবার প্রিয় এ ‘স্বপ্নের নায়ক’ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান না ফেরার দেশে, মৃত্যুর কারণ এখনো রহস্যের চাদরে মোড়ানো।

ক্ষণজন্মা তুমুল জনপ্রিয় এই নায়কের ছবিগুলোর মধ্যে অন্যতম ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি।




একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আমানউল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, দেশ যখন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কেউ যেন নানা ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করলে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে।

আমানউল্লাহ আমান বলেন, শিক্ষার্থীরা যাতে মাদকে আসক্ত না হয়, খারাপ পথে না যায় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে হবে।  শিক্ষকদের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করে দায়িত্ব পালন করতে হবে।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, ছাত্র-ছাত্রীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এলাকার উন্নয়ন করা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আপনারা প্রত্যেকে নিজের সন্তান মনে করে দায়িত্ব পালন করবেন। আপনাদের কাছে এটাই আমার বিনীত অনুরোধ।

কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে হবে। কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করলে তাদের আরও ভালো করার আগ্রহ তৈরি হয়। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভালো ফল করা শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাঁদের আরও যত্নবান হতে হবে।  নিজের সন্তান, নিজের পরিবার ও নিজের আপনজন মনে করে দায়িত্বগুলো পালন করুন।

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের সময় কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। দেশকে এগিয়ে নিতে শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উমর ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লাসহ  স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বর থেকে সদস্য ও অতিথিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. শরীফুজ্জামান ও পুলিশ সুপার মো. রুহুল কবীর খান।

এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদের আহ্বায়ক সরদার আল আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।

অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য কামরুল আরেফিনসহ প্রবীণ সাংবাদিকেরা স্মৃতিচারণ করেন। এর আগে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিরা কেক কেটে প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি উদযাপন করেন।




নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। যা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে অভিহিত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতনকাঠামোতে গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন, যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

এছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে যেহেতু নতুন বেতন-কাঠামো কার্যকর হয়েছে, তাই বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা-কর্মচারীরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতন-কাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতন-কাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন।

নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।




‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’ কান্নাজড়িত কণ্ঠে এমপি মনিরুল

ডেস্ক নিউজঃ কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিম হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না তিনি। এই ঘটনার কোনো জবাব নেই বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে? আমি তো লজ্জিত, আমি ক্ষমা প্রার্থনা করি। একজন মানুষ হিসেবে ভাই, আমি লজ্জিত। আমরা এরকম বাচ্চাদের রক্ষা করতে পারলাম না।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবো, জানি না। অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, জাতির ইতিহাসে যে কয়টি লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত। আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে কোটবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া জানান, তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন তুহিনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েকজন পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পেছনে শুধু আইফোন ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা দ্রুত উদ্ঘাটন করা হবে।

অপ্রতিম শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়। শনিবার দুপুরে কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সঙ্গে থাকা আইফোনটি পাওয়া যায়নি।




বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ পেয়েছেন ১৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আলম রিমন পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন পেয়েছেন ১৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান সোহাগ পেয়েছেন ১২ ভোট।

বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার বগুড়ার সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে এসএম আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন সরদার পেয়েছেন ১১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাজিব সেলিম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ১১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু রায়, কোষাধ্যক্ষ পদে আব্দুল আউয়াল নির্বাচিত হয়েছে।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ববিন রহমান, আব্দুর রহিম মন্ডল, শাহনেওয়াজ শাওন ও হুমায়রা আকতার জাহান। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ।




গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : এ পর্যন্ত গ্রেফতার ১৭৯

রাজধানীর গুলশান থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে জড়িতদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।




কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মাসুমের শতকোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ প্রকাশের পর সম্পাদককে ‘ডিবির এডিসি’ পরিচয়ে ফোন, চাপ সৃষ্টির অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এর রাজস্ব কর্মকর্তা (আরও) বিএম আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে দুই পর্বে সংবাদ প্রকাশের পর এবার সংবাদ প্রকাশের দায়ে সম্পাদককে ভয় দেখানোর চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পরিচয় দিয়ে এক ব্যক্তি সম্পাদকের মোবাইলে ফোন করেন। ওই ব্যক্তি সম্পাদককে অফিসে এসে দেখা করতে বলেন।

সম্পাদক জানান, ১০ ও ১১ সেপ্টেম্বর অপরিচিত নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে ফোন আসে। ফোনদাতা নিজেকে ডিবির এডিসি পরিচয় দিয়ে অফিসে দেখা করতে বলেন।

সম্পাদক তখন জানতে চান, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানানো হোক। এরপর ফোনদাতা আর কোনো সুনির্দিষ্ট কারণ বা লিখিত নোটিশের কথা বলেননি।

পরে বিষয়টি নিয়ে খোঁজ নিতে গিয়ে পুলিশের  ও কাস্টমসের একটি সূত্র জানায়, ফোনদাতা রাজস্ব কর্মকর্তা বিএম আব্দুল্লাহ আল মাসুমের একজন আত্মীয়। সে প্রভাব বিস্তার করতে ডিবির এডিসি দিয়ে ফোন করায়। দুর্নীতির ডায়েরির অভিযোগ, পুলিশের পরিচয় ব্যবহার করে সম্পাদককে ভয় দেখিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে চাপে ফেলাই ছিল এর উদ্দেশ্য।

সরকারি কর্মকর্তা বা পুলিশ সদস্যের পরিচয় ধারণ করে কাউকে ভয় দেখানো বা প্রভাবিত করার চেষ্টা দণ্ডবিধির আওতায় দণ্ডনীয় অপরাধ। আইন বিশেষজ্ঞদের মতে, তা প্রমাণিত হলে ফোনদাতার পাশাপাশি এর পেছনে যাঁরা ছিলেন, তাঁরাও আইনের আওতায় আসতে পারেন।

সম্পাদককে ফোন করার ঘটনায় তাঁর কোনো ভূমিকা আছে কি না, জানতে বিএম আব্দুল্লাহ আল মাসুমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি। তাঁর বক্তব্য পাওয়া গেলে প্রকাশ করা হবে।

সংবাদের মূল প্রশ্ন অমীমাংসিতই

ফোনের এই ঘটনা মূল অভিযোগের জবাব নয়। ভাটারায় স্ত্রীর নামে জমির তথ্য, নথিপত্রে ০.৪০ একর ও ডিজিটাল রেকর্ডে ৪.৯৬ একরের অসঙ্গতি, ডিপলোমেটিক বন্ড ওয়্যারহাউস-সংক্রান্ত অভিযোগ এবং ফাইল আটকে রাখার অভিযোগ, এসব নিয়ে দুদক ও এনবিআরের তদন্ত এখনো বহাল রয়েছে। মাসুম বা তাঁর পক্ষ থেকে এসব অভিযোগের কোনো নথিভিত্তিক জবাব এখন পর্যন্ত আসেনি।

সেই নির্বাহী সম্পাদক এ আর জসিম জানিয়েছে, ভয়ভীতি বা চাপের মুখে তারা অনুসন্ধানী সংবাদ প্রকাশ থেকে সরে আসবে না। দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে কাজ করে যাবে তার সংবাদপত্র।




১০ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত বদলি-বাণিজ্যের অভিযোগ, নিয়োগ ও নির্মাণকাজেও অনিয়মের প্রশ্ন—দুদকের নজরে শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলী

বিশেষ প্রতিবেদকঃ সিন্ডিকেট গঠন, বদলি-বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও নিয়োগে অনিয়ম, ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে অর্থ লেনদেন এবং অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়াসহ নানা অভিযোগ উঠেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীর বিরুদ্ধে। এসব অভিযোগের কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কিছু এসেছে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের বক্তব্যে।

মো. তারেক আনোয়ার জাহেদী বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় থেকেই অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে নানা প্রশ্ন সামনে আসে। ২০২৫ সালের ১৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি বদলি আদেশে কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে বদলি ও কয়েকজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও আদেশ বাস্তবায়ন নিয়ে জটিলতার অভিযোগ আছে। ওই সময় তারেক আনোয়ার জাহেদীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি দিয়ে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল। অধিদপ্তরের অভ্যন্তরীণ সূত্রের দাবি, বদলি ও পদায়নকে ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় এবং ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের আগেও তারা বদলি-বাণিজ্য নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ রয়েছে।

এই প্রেক্ষাপটে তারেক আনোয়ার জাহেদীর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো বদলি-বাণিজ্য। অভিযোগ রয়েছে, তাঁর দায়িত্বকালে পছন্দের পদে বসানোর কথা বলে কর্মকর্তাদের কাছ থেকে ১০ লাখ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত অর্থ নেওয়ার একটি ব্যবস্থা গড়ে ওঠে। অভিযোগকারীদের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সময়ের সুযোগ নিয়ে দ্রুতগতিতে বড় অঙ্কের বদলি-বাণিজ্য করা হয়েছে। অধিদপ্তরের একাধিক প্রকৌশলী দাবি করেছেন, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা, পূর্ববর্তী ও পরবর্তী পদায়ন, তাঁদের আবেদন, আদেশের সময় এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন অনুসন্ধান করা হলে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হবে।

অধিদপ্তর সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন, উদ্দেশ্যমূলক বদলি ও পদায়নের কারণে কর্মকর্তারা কয়েকটি পৃথক বলয়ে বিভক্ত হয়ে পড়েছেন। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ পদে পদায়নকে কেন্দ্র করে প্রভাবশালী কর্মকর্তা ও মধ্যস্বত্বভোগীদের একটি নেটওয়ার্ক কাজ করছে।

২০২৫ সালের নভেম্বরেও বদলি নিয়ে একই ধরনের প্রশ্ন প্রকাশ্যে আসে। শিক্ষা মন্ত্রণালয়ের বদলি আদেশ বাস্তবায়নে ইইডির ভেতরে বাধা তৈরি হয়েছিল এবং সংশ্লিষ্ট সূত্রগুলো তখন একটি বদলি-সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ করেছিল। ওই সময় তারেক আনোয়ার জাহেদীর সঙ্গে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, অধিদপ্তরের নিচের সারির কিছু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে পরোক্ষভাবে অর্থ গ্রহণের একটি ব্যবস্থা চালু রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, সরাসরি অর্থ গ্রহণের পরিবর্তে নিচের পর্যায়ের কর্মকর্তাদের ব্যবহার করে অর্থ আদায় করা হয়।

প্রধান প্রকৌশলীর দপ্তরে কর্মরত জসিম নামের এক কর্মচারীকে ঘিরেও অভিযোগ রয়েছে। ওই কর্মচারীর বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিষয়টি প্রধান প্রকৌশলীর নজরে আসার পরও তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এ ক্ষেত্রে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

সহকারী প্রকৌশলী নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী নিয়োগে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগের কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে। এ ঘটনায় কয়েকজন সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং নিয়োগ প্রক্রিয়ায় কারা কীভাবে প্রভাব বিস্তার করেছে, সে প্রশ্নও সামনে আসে।

নির্মাণকাজের মান ও সময় নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, বিভিন্ন স্কুল-কলেজের ভবন নির্মাণে যেখানে নয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা, সেখানে কোনো কোনো প্রকল্প চার বছরেও শেষ হয়নি। অথচ বরাদ্দকৃত অর্থের বড় অংশ পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কোথাও কোথাও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে। এসব অনিয়মের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইইডিকে চিঠি দেওয়া হয়েছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন। সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, ওই চিঠির জবাবেও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি।

অধিদপ্তরের অতীতের নিয়োগ ও দুর্নীতির বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে—এমন অভিযোগও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঠিকাদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তাধীন থাকার কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।

অন্যদিকে, তারেক আনোয়ার জাহেদীর দায়িত্বকালে অধিদপ্তরের অনিয়ম নিয়ে তাঁর ভূমিকার একটি ভিন্ন চিত্রও সাম্প্রতিক নথিতে দেখা যায়। ২০২৬ সালের আগস্টে ইইডির সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগটি একটি লিখিত আবেদনের মাধ্যমে প্রধান প্রকৌশলীর কাছে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তারেক আনোয়ার জাহেদী তদন্তের নির্দেশ দেন এবং সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়।

এই ঘটনাটি গুরুত্বপূর্ণ, কারণ তাঁর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে—অধিদপ্তরের অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া—তার বিপরীতে অন্তত একটি সাম্প্রতিক ঘটনায় তাঁর স্বাক্ষরিত তদন্ত-নির্দেশের নথি পাওয়া যাচ্ছে।

আরও একটি ঘটনায় তাঁর ভূমিকা সরাসরি নথিভুক্ত হয়েছে। ২০২৬ সালের আগস্টে এক প্রতিবেদনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো সার্কেলের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. হাসান শওকতের দপ্তরে অর্থ লেনদেনের একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে টেবিলের ওপর টাকা রাখা এবং একজনকে ‘স্যারের কাছে পাঁচ লাখ টাকা রেখে যান’ বলতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হাসান শওকত অর্থগুলো ঠিকাদারদের বলে দাবি করেন এবং নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। একই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আরও কিছু অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

এই প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সভাপতি করা হয় অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীকে; সদস্য হিসেবে রাখা হয় ইইডির প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী এবং উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানকে। অর্থাৎ যে অধিদপ্তরের প্রধানকে ঘিরে নানা অভিযোগ উঠছে, সেই প্রধান প্রকৌশলীকে আবার অধিদপ্তরের একজন প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কমিটির সদস্যও করা হয়েছে।

হাসান শওকতের দপ্তরের অর্থ লেনদেনের ওই ঘটনা নিয়ে তারেক আনোয়ার জাহেদী বলেন, ভিডিওটি তখনও তাঁর নজরে আসেনি এবং এ ধরনের ঘটনা ঘটে থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ২০২৬ সালের আগস্টে আরেক ঘটনায় ইইডির সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির বিরুদ্ধে বাড্ডার রহিমুল্লাহ মোল্লা মাদরাসার উন্নয়নকাজের দরপত্রে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। নথি অনুযায়ী, প্রথম দরপত্রে ক্লাস ওয়ান ট্রেডার্স ২ কোটি ২ লাখ ৮ হাজার ৬১ টাকায় সর্বনিম্ন দরদাতা হয়ে কাজটি পায়। পরে দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বান করা হয় এবং তালুকদার এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয়। অভিযোগকারী ঠিকাদার দাবি করেন, তাঁদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও কাজটি দেওয়া হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি। মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় তারেক আনোয়ার জাহেদী তদন্তের নির্দেশ দেন।

এই ধারাবাহিক ঘটনায় একটি প্রশ্ন সামনে আসে—অধিদপ্তরের প্রধান হিসেবে তারেক আনোয়ার জাহেদী অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন, নাকি তাঁর অধীনস্থদের অনিয়মের অভিযোগগুলো কেবল তদন্তের মধ্যে সীমাবদ্ধ থাকছে?

তারেক আনোয়ার জাহেদীর বিরুদ্ধে রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে পদে বহাল থাকার চেষ্টা করার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের পদ ধরে রাখতে তিনি সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তদবির করেছেন।

তাঁর নিজ এলাকার কয়েকজন ব্যক্তির বক্তব্যের বরাত দিয়ে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তাঁর পরিবার রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল এবং ওই সময় তিনি বিপুল সম্পদ গড়ে তুলেছেন। তাঁর নামে-বেনামে সম্পদ এবং বিদেশে সম্পদ থাকার দাবিও করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এসব অভিযোগ করেছেন বলে দাবি করা হলেও তাঁদের বক্তব্যের স্বাধীন যাচাই করা যায়নি। একইভাবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বর্তমান যোগাযোগ রয়েছে—এমন দাবিরও স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

আরেক কর্মকর্তার দাবি, তারেক আনোয়ার জাহেদী দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ-সংশ্লিষ্ট হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে সুবিধাজনক জায়গায় বদলি বা পদায়ন পেয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়েও অভিযোগের মধ্যে প্রশ্ন তোলা হয়েছে। একজন দুদক কর্মকর্তার বক্তব্য হিসেবে বলা হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তরের বড় কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে এবং তারেক আনোয়ার জাহেদীর বিষয়েও অভিযোগ পাওয়া গেলে অনুসন্ধানের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।