ঢাকাসহ দেশের আট অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা

আবহাওয়া ডেস্কঃ সারাদেশের বিভিন্ন স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারী ধরনের ভারী বর্ষণ। পাশাপাশি কমতে পারে গরমও বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




মধ্যপ্রাচ্যেই আটকা শ্রমবাজার

ডেস্ক নিউজ : বিদেশে বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান বাড়লেও শ্রমবাজারে কোনো বৈচিত্র্য আসেনি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেই আটকে আছে বাংলাদেশের শ্রমবাজার। গত বছর মোট কর্মী রপ্তানির দুই-তৃতীয়াংশই গেছে সৌদি আরবে। আর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসিভুক্ত ছয় দেশে গেছে ৮১ শতাংশ কর্মী। যা বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের একক দেশ ও অঞ্চল নির্ভরতার চিত্রকেই ফুটিয়ে তুলছে।

এই নির্ভরতা দেশের শ্রমবাজারে চরম ঝুঁকি তৈরি করছে। আঞ্চলিক সংঘাত, নীতি পরিবর্তন, ভিসা সীমিতকরণ কিংবা শ্রমবাজারে নতুন শর্ত আরোপ কর্মী রপ্তানির পুরো ব্যবস্থাকেই চাপে ফেলে। এজন্য বিকল্প শ্রমবাজার খোঁজার তাগিদ দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা। তবে কর্মীদের কারিগরি ও ভাষাগত দক্ষতার অভাব বিকল্প শ্রমবাজারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে ১১ লাখ ৩২ হাজার ৩৬৮ জনশক্তি বিদেশে গেছে। এর মধ্যে সৌদি আরবেই যায় ৭ লাখ ৫৫ হাজার ১৯৪ জন। যা বিদেশগামী মোট কর্মীর ৬৭ শতাংশ। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার দ্বিতীয় অবস্থানে থাকলেও সেখানে গেছে মাত্র ১ লাখ ৭ হাজার ৬০২ জন। এরপর সিঙ্গাপুরে ৭০ হাজার ৮৩২, কুয়েতে ৪২ হাজার ৭৪৮ এবং মালদ্বীপে ৪০ হাজার ১৫৯ জন কর্মী গেছে।  শীর্ষ পাঁচ গন্তব্যের মধ্যেও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও কুয়েতের অবস্থান শক্তিশালী।

চলতি বছরেও বাংলাদেশের শ্রমবাজারের চিত্র প্রায় একই। ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৫ লাখ ৪০ হাজার ৩৭০ জন কর্মী বিদেশে গেছে। এর মধ্যে শুধু সৌদি আরবেই গেছে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ জন। এরপর সিঙ্গাপুরে ৫৫ হাজার ৯৫৯ জন, কাতারে ৪৭ হাজার ৯৮১ জন, মালদ্বীপে ২৪ হাজার ২৬০ জন এবং কুয়েতে গেছে ২০ হাজার ৪৩২ জন।

গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১৪১টি দেশে বাংলাদেশি কর্মী গেলেও প্রায় ৯০ শতাংশ কর্মীই গেছে সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর, কুয়েত ও মালদ্বীপে। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের বড় অংশ উপসাগরীয় অঞ্চলনির্ভর। ২০২৫ সালে বাংলাদেশের প্রায় ৮১ শতাংশ কর্মী জিসিসিভুক্ত ছয় দেশ- সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন গেছে। সে বছর মোট রেমিট্যান্সের প্রায় ৪৬ শতাংশ এসেছে এসব দেশ থেকে। ফলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কোনো বড় পরিবর্তন হলে তার প্রভাব শুধু কর্মসংস্থানে নয়, রেমিট্যান্স প্রবাহেও পড়ার শঙ্কা রয়েছে।

একক বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা শ্রমবাজারে চরম ঝুঁকি তৈরি করছে। সংশ্লিষ্ট দেশের নীতি পরিবর্তন, ভিসা সীমিত করলে কিংবা শ্রমবাজারে নতুন শর্ত আরোপ করলে কর্মী পাঠানোর পুরো ব্যবস্থাই চাপে পড়ে। চলতি বছরের শুরুতে সৌদি আরব কর্মী ভিসার যাচাইবাছাই কঠোর করে ফেলে। সে সময় ভুয়া বা প্রকৃত চাহিদাবিহীন চাকরির আবেদনের অভিযোগে কয়েক হাজার বাংলাদেশি কর্মীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সৌদিমুখী কর্মী পাঠানোর গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। ওই মাসে বাংলাদেশ থেকে মোট ৬২ হাজার ৪৩৬ জন কর্মী বিদেশে যায়, যা জানুয়ারির তুলনায় ৩৬ শতাংশ কম।

আবার মার্চে আটকে থাকা ভিসা ছাড়পত্রের কারণে কর্মী পাঠানো বেড়ে যায়। ওই মাসে সৌদি আরব একাই বাংলাদেশের মোট বিদেশগামী কর্মীর প্রায় ৭৭ শতাংশ গ্রহণ করে। একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতার চিত্রই বাংলাদেশের শ্রমবাজার সংবেদনশীলতা ফুটিয়ে তুলছে। এজন্য বিকল্প বাজার খোঁজার তাগিদ দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা। সরকারও নতুন বাজারে প্রবেশের কথা বলছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশসহ এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের দেশগুলোর সঙ্গে কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি বা সমঝোতা নিয়ে কাজ চলছে। তবে এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ কর্মীদের ভাষাগত ও কারিগরি দক্ষতা।

২০২৫ সালে বিদেশে যাওয়া কর্মীদের ৪৩ দশমিক ৪৭ শতাংশ ছিল কম দক্ষ, ৩৪ দশমিক ৪৬ শতাংশ আধা-দক্ষ, ১৯ দশমিক ১৩ শতাংশ দক্ষ এবং মাত্র ২ দশমিক ৯৪ শতাংশ পেশাজীবী। অর্থাৎ মোট কর্মীর ৭৭ শতাংশ কম দক্ষ বা আধা-দক্ষ। এসব কর্মীর বড় অংশ এখনো নির্মাণ, পরিচ্ছন্নতা, গৃহস্থালি, ডেলিভারি, সাধারণ শ্রমিকসহ তুলনামূলক কম মজুরির কাজে বেশি নিয়োজিত। বিপরীতে ইউরোপ ও অন্যান্য উন্নত অর্থনীতির দেশে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, কারিগরি পেশা, নির্মাণের বিশেষায়িত কাজসহ দক্ষ কর্মীর চাহিদা বেশি। ফলে বাংলাদেশ সেসব বাজারে প্রয়োজনীয় মাত্রায় প্রবেশ করতে পারছে না।

বৈদেশিক কর্মসংস্থানের এই চিত্রকে বাংলাদেশের শ্রমবাজারের বড় দুর্বলতা হিসেবে দেখছেন অভিবাসনসংশ্লিষ্টরা। তাদের মতে, একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কর্মী রপ্তানির পুরো কাঠামোকেই হুমকির মুখে ফেলছে। এজন্য নতুন শ্রমবাজার অনুসন্ধান, দ্বিপক্ষীয় শ্রমচুক্তি, দক্ষতা উন্নয়ন, ভাষা প্রশিক্ষণ, অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, শ্রমবাজারে একক দেশের ওপর নির্ভরতা অত্যন্ত ক্ষতিকর। বিশ্বের অনেক দেশেই বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। জাপান, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মীর চাহিদা বাড়ছে। আমাদের এখন বাজার অনুসন্ধান করতে হবে। পাশাপাশি যেসব দেশে কর্মী চাহিদা রয়েছে সেসব দেশের সার্ভিস সেন্টার কিংবা কনস্যুলেট অফিস ঢাকায় স্থাপনের উদ্যোগ নিতে হবে।




পানির নিচে স্বয়ংক্রিয় ড্রোন বহনে বিশেষ মাদারশিপ তৈরি করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : পানির নিচে ব্যবহারের জন্য বিশাল আকারের স্বয়ংক্রিয় ড্রোন বহনে বিশেষ একটি মাদারশিপ তৈরি করছে চীন। সাংহাইয়ের হুডং ঝোংহুয়া জাহাজ নির্মাণ কারখানায় জাহাজটির নির্মাণকাজ চলছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, জাহাজটি চীনের নৌবাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যোগ করতে পারে।

নৌ ইতিহাসবিদ ও বিশ্লেষক এইচ আই সাটন নেভাল নিউজে লিখেছেন, স্যাটেলাইট ছবি বিশ্লেষণে সবচেয়ে সম্ভাব্য ধারণা হলো, বড় আকারের চালকবিহীন ডুবোযান বহনের জন্যই জাহাজটি তৈরি করা হচ্ছে। জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৬৭০ ফুট এবং প্রস্থ ৮৮ দশমিক ৫ ফুট বলে ধারণা করা হচ্ছে।

জাহাজটির পেছনের অংশে পানিতে ডুবোযান নামানোর জন্য বিশেষ ওয়েট ওয়েল ডেক ও ক্র্যাডল রয়েছে। ১২টি উল্লম্ব জ্যাক আপ বাহুর সাহায্যে এসব ডুবোযান পানিতে নামানো সম্ভব হবে। অভ্যন্তরীণ হ্যাঙ্গারে অন্তত চারটি বিশাল স্বয়ংক্রিয় ডুবোযান রাখার সক্ষমতা থাকতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, চীনের তৈরি বলে ধারণা করা দুটি বড় চালকবিহীন ডুবোযানের অস্তিত্ব এরই মধ্যে জানা গেছে। একটির দৈর্ঘ্য প্রায় ১১৫ ফুট এবং অন্যটির ১৪৮ ফুট। ১১৫ ফুট দীর্ঘ ডুবোযানটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অরকা স্বয়ংক্রিয় ডুবোযানের দ্বিগুণেরও বেশি বড়। এর একটি ১০ হাজার নটিক্যাল মাইলের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে স্যাটেলাইট ছবির ভিত্তিতে জাহাজটির উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক আলেসান্দ্রো আরদুইনো বলেন, ছবিগুলো জাহাজটির উদ্দেশ্য নিশ্চিত করে না। তবে বড় চালকবিহীন ডুবোযানের মাদারশিপ হিসেবে এটি ব্যবহারের সম্ভাবনা বাড়ছে।

ভারতের তক্ষশিলা ইনস্টিটিউশনের গবেষক আদিত্য রামানাথান বলেন, এমন জাহাজ পানির নিচে দীর্ঘ সময় তথ্য সংগ্রহ, শত্রু জাহাজ ও সাবমেরিনের শব্দ শনাক্ত এবং সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততার তথ্য সংগ্রহে ব্যবহার করা যেতে পারে। ভবিষ্যতে এসব ডুবোযান সামরিক অভিযানেও ব্যবহারের সক্ষমতা রাখতে পারে।

দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও কয়েকটি দেশের বিরোধের মধ্যে বেইজিংয়ের স্বয়ংক্রিয় নৌব্যবস্থায় বিনিয়োগ বাড়ছে। জাহাজটি সাগরে নামানোর আগে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনা সামরিক কর্তৃপক্ষ এখনো জাহাজটির নির্মাণের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।




রাজধানীর কাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ : রাজধানীর কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলছে।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, তবে প্রাথমিকভাবে কীভাবে বা কারা বাসটিতে আগুন দিয়েছে সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

ডেস্ক নিউজ : কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছেন লাইফগার্ড ও বিচকর্মীরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সীমান্ত কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি গত বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁরা শহরের কলাতলী এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন।

বিচকর্মীরা জানান, শুক্রবার বিকেলে সীমান্তসহ তাঁর বন্ধুরা সমুদ্রসৈকতে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যেতে থাকেন। খবর পেয়ে লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে সীমান্তকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম বলেন, সীমান্ত সমুদ্রের পানিতে তলিয়ে যান। তাঁকে উদ্ধারে সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।




বর্ণবাদের বিষাক্ত অভিজ্ঞতা, ‘হাজারো বার’ আক্রান্ত ইয়ামাল

খেলাধুলা ডেস্কঃ বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল জানিয়েছেন, ক্যারিয়ারে তিনি প্রায় ‘হাজারো বার’ বর্ণবাদের শিকার হয়েছেন। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টার প্লাসের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে সাবেক আর্জেন্টাইন ফুটবলার হোর্হে ভালদানোর সঙ্গে সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

ইয়ামাল বলেন, বর্ণবাদ সবসময় সরাসরি গালিগালাজের মাধ্যমে প্রকাশ পায় না। অনেক সময় মানুষের মন্তব্য, দৃষ্টিভঙ্গি কিংবা আচরণের মধ্যেও বর্ণবাদী মনোভাব থাকে। তবে এসব আচরণ করা ব্যক্তিরা অনেক সময় নিজেরাই বুঝতে পারেন না যে তারা বর্ণবাদী আচরণ করছেন।

সাক্ষাৎকারে ভালদানো ইয়ামালকে সরাসরি জিজ্ঞেস করেন, তিনি কখনো বর্ণবাদের শিকার হয়েছেন কি না। জবাবে বার্সেলোনার এই ফরোয়ার্ড বলেন, ‘হ্যাঁ, হাজারো বার।’

ইয়ামাল আরও বলেন, ‘মানুষ অনেক সময় পরোক্ষভাবে আপনার সঙ্গে বর্ণবাদী আচরণ করে, কিন্তু তারা তা বুঝতে পারে না। অনেক মন্তব্য ও দৃষ্টি আছে, যেগুলো বর্ণবাদী হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটি উপলব্ধি করেন না।’

২০২৪ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো ম্যাচেও বর্ণবাদী আচরণের শিকার হন ইয়ামাল। ওই ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করার পর ইয়ামাল, রাফিনিয়া ও আনসু ফাতিকে লক্ষ্য করে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

তবে মাঠে এমন অপমানজনক আচরণের মুখেও নিজের খেলায় মনোযোগ ধরে রাখার কথা জানিয়েছেন ইয়ামাল। তিনি বলেন, কেউ তাকে কালো বলে ডাকলে তাতে তার আপত্তি নেই, কারণ তিনি কালো। কিন্তু সেই পরিচয়কে অপমান বা হেয় করার উদ্দেশ্যে ব্যবহার করাটাই সমস্যার বিষয়।

ইয়ামালের ভাষায়, ‘কেউ আমাকে কালো বললে তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি কালোই। কিন্তু তারা সেটি ভালোভাবে বলছে, নাকি অপমান করার জন্য বলছে—বিষয়টি সেখানে।’

তিনি আরও বলেন, কোনো দর্শক টিকিট কেটে তাকে খেলতে দেখতে এসেছেন বলে শুধু অপমানের জবাবে তিনি ম্যাচের মধ্যে রাগ দেখাতে চান না। তার মতে, বর্ণবাদকে সমর্থন না করলেও এর কারণে নিজের পারফরম্যান্স ও মনোযোগ নষ্ট করা উচিত নয়।

স্প্যানিশ ফুটবলে বর্ণবাদী আচরণ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রসহ বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ ফুটবলার গ্যালারি ও অনলাইনে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা ঠেকাতে লা লিগা স্টেডিয়ামে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ জোরদার করেছে।

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের জায়গা করে নিয়েছেন ইয়ামাল। তবে মাঠের সাফল্যের পাশাপাশি বর্ণবাদের মতো সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও নিজের অভিজ্ঞতা তুলে ধরে আলোচনায় এসেছেন বার্সেলোনার এই তারকা।




বিশ্ব ফুটবলে নতুন বিরোধ, ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ-উত্তর আমেরিকা

খেলাধুলা ডেস্কঃ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর চাপ বাড়িয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার ফুটবল সংস্থাগুলো। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বাণিজ্যিক উদ্যোগ ও সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিরোধের মধ্যেই নতুন করে অর্থ বিতরণ ও স্বাধীন পর্যালোচনার দাবি উঠেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের প্রধানরা ফিফার ২১১ সদস্য দেশকে অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ফিফার আর্থিক রিজার্ভ ও বিতর্কিত বাণিজ্যিক উদ্যোগ নিয়ে স্বাধীন পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তারা।

২১১ সদস্য দেশকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার প্রস্তাব

উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে প্রতি সদস্য দেশকে অন্তত ১ কোটি মার্কিন ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চার বছরে ফিফার ২১১ সদস্য সংস্থাকে এই অর্থ দেওয়া হতে পারে। সব সদস্যকে অর্থ দেওয়া হলে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার।

ফুটবল অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে এই অর্থ ব্যবহারের কথা বলা হয়েছে। উয়েফা ও কনকাকাফের প্রধানদের মতে, ফিফার আর্থিক সক্ষমতা বিবেচনায় এই অর্থ বিতরণ সম্ভব।

ফিফার রিজার্ভ নিয়ে প্রশ্ন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৬ চক্রের শেষে ফিফার আর্থিক রিজার্ভ প্রায় ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এই অর্থের একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যবহারের দাবি তুলেছেন উয়েফা ও কনকাকাফের প্রধানরা।

তাদের প্রস্তাবে আর্থিক স্বচ্ছতা ও সুশাসনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অর্থ বিতরণের আগে ফিফার আর্থিক সক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে।

বিতর্কিত বাণিজ্যিক উদ্যোগ নিয়ে বিরোধ

ফিফার ওপর চাপ তৈরির পেছনে অন্যতম কারণ সংস্থাটির ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ বা FFE প্রকল্প। এই উদ্যোগের মাধ্যমে ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির অধিকার পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করা হয়েছিল।

পরিকল্পনায় বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ওই কোম্পানির অংশীদারত্ব বিক্রির বিষয় ছিল। এতে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনায় বাইরের বিনিয়োগ যুক্ত হওয়ার কথা ছিল।

তবে উয়েফা, কনকাকাফসহ কয়েকটি আঞ্চলিক ফুটবল সংস্থা এই পরিকল্পনার বিরোধিতা করে। সমালোচকদের দাবি, এত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছতা ও পরামর্শের ঘাটতি ছিল।

বিরোধের মুখে ফিফা আগস্টে ওই উদ্যোগ প্রত্যাহার করে নেয়। তবে পরিকল্পনাটি কীভাবে তৈরি হয়েছিল, কারা এতে যুক্ত ছিল এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যথেষ্ট নজরদারি ছিল কি না—এসব প্রশ্ন এখনো রয়েছে।

স্বাধীন তদন্তের দাবি

উয়েফা ও কনকাকাফের পক্ষ থেকে ফিফার বিতর্কিত বাণিজ্যিক উদ্যোগ নিয়ে স্বাধীন পর্যালোচনার দাবি জানানো হয়েছে। তাদের মতে, ভবিষ্যতে ফিফার বড় ধরনের আর্থিক ও বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণে আরও স্বচ্ছতা থাকা প্রয়োজন।

এদিকে ফিফা উয়েফার আইনি পদক্ষেপকে ‘স্মিয়ার ক্যাম্পেইন’ বা ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা বলে অভিহিত করেছে। সংস্থাটির দাবি, উয়েফার কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য থাকতে পারে।

অন্যদিকে উয়েফা জানিয়েছে, ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন। এই বিরোধের মধ্যেই দুই পক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও প্রকাশ্য হয়েছে।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চাপ

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। বিতর্কিত বাণিজ্যিক উদ্যোগের পাশাপাশি বিশ্বকাপের বিভিন্ন সিদ্ধান্ত ও ফিফার প্রশাসনিক কার্যক্রম নিয়ে ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা অসন্তোষ প্রকাশ করেছে।

আগস্টে নর্ডিক অঞ্চলের ছয়টি ফুটবল সংস্থা—সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড ও ফ্যারো দ্বীপপুঞ্জ—ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানায়। তারা ফিফার শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বাধীন পর্যালোচনার দাবি জানায়।

এদিকে ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে ফিফা প্রেসিডেন্ট পদে চতুর্থ মেয়াদে নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার পরিকল্পনা জানিয়েছেন। তার নেতৃত্ব নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই নির্বাচনকে সামনে রেখে ফিফার প্রশাসনিক কাঠামো ও ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা বাড়ছে।

সামনে ফিফা কাউন্সিলের বৈঠক

উয়েফা ও কনকাকাফের প্রস্তাব আগামী ১৫ অক্টোবরের ফিফা কাউন্সিলের বৈঠকে আলোচনার জন্য তোলা হতে পারে। সেখানে ফিফার আর্থিক রিজার্ভ, সদস্য দেশগুলোকে অর্থ বিতরণ এবং বিতর্কিত বাণিজ্যিক উদ্যোগ নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা হতে পারে।

তবে এখনো ফিফার পক্ষ থেকে প্রস্তাবটি গ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে ২১১ সদস্য দেশকে অর্থ বিতরণের দাবি বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করছে ফিফার পরবর্তী সিদ্ধান্তের ওপর।

বিশ্ব ফুটবলের আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে এই বিরোধের মধ্য দিয়ে ফিফার নেতৃত্ব, স্বচ্ছতা এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থ বণ্টনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।




বাংলাদেশি বংশোদ্ভুত কাভানের ওপর নজর রাখছে রিয়াল-বার্সা

ক্রীড়া ডেস্ক : মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে। এর মাঝেই শোনা যাচ্ছে নতুন খবর। কাভানের দিকে নজর রাখছে স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বর্তমানে মেজর লিগ সকারে দল ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন কাভান সুলিভান। তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করে রেখেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ১৮ বছর বয়স পূর্ণ হলে তিনি ইংলিশ ক্লাবটিতে যোগ দেবেন।

তবে টিমটকের বরাতে দিয়ে ইএসপিএন জানিয়েছে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় ক্লাবই কড়া নজর রাখছে কাভানের ওপর। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সুলিভানের পারফরম্যান্সের ওপর দৃষ্টি রাখছে। যদি ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর তিনি দ্রুত প্রথম একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হন, তবে সুযোগ বুঝে তাকে স্পেনে নিয়ে আসার পরিকল্পনা করছে তারা।
মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখেন সুলিভান। ২০২৪ সালে ফিলাডেলফিয়ার সঙ্গে চুক্তি করার সময়ই ম্যানচেস্টার সিটির সঙ্গে একটি সমঝোতায় পৌঁছান। ২০২৮ সালে আনুষ্ঠানিকভাবে সিটিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি বর্তমান ক্লাবেই তার খেলা চালিয়ে যাবেন।



তৃণমূলের নাম-প্রতীক স্থগিত, ক্ষুব্ধ মমতার কণ্ঠে ‘গণতন্ত্রের কালো দিন’

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে নতুন করে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দলের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে ভারতের নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের প্রচলিত নাম ও ‘জোড়া ফুল’ প্রতীক সাময়িকভাবে স্থগিত করেছে। কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিনটিকে ‘গণতন্ত্রের কালো দিন’ হিসেবে উল্লেখ করেছেন।

১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের পর তৃণমূলের দুই পক্ষকে পৃথক নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই পুরোনো ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও প্রচলিত ‘ফুল ও ঘাস’ প্রতীক ব্যবহার করতে পারবে না।

প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পক্ষকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক দেওয়া হয়েছে। অন্যদিকে অরূপ রায়ের নেতৃত্বাধীন পক্ষ পেয়েছে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘খাম’ প্রতীক। এসব পরিচয় আসন্ন উপনির্বাচনের জন্য ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ এবং দলীয় নাম ও প্রতীক নিয়ে দুই পক্ষের দাবি। কমিশন জানিয়েছে, বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একই নাম ও প্রতীক ব্যবহার নিয়ে বিভ্রান্তি এড়াতেই অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে কমিশনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি সিদ্ধান্তটিকে ‘অসাংবিধানিক, বেআইনি ও অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি এটিকে ভারতের গণতন্ত্রের ইতিহাসে ‘কালো দিন’ বলে মন্তব্য করেছেন।

মমতার নেতৃত্বাধীন পক্ষের দাবি, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন দলের নাম ও প্রতীক স্থগিত করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে তৃণমূলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নাম ও প্রতীক নিয়ে এই জটিলতার প্রভাব পড়েছে নন্দীগ্রামের উপনির্বাচনেও। প্রতিবেদন অনুযায়ী, মমতা-সমর্থিত পক্ষের প্রার্থী সঞ্চিতা প্রধান দে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং পরে মমতা নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন।

অন্যদিকে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের মধ্যে রাজনৈতিক ও সাংগঠনিক বিরোধ আরও প্রকাশ্যে এসেছে। পুরোনো নাম ও প্রতীক নিয়ে কার দাবি গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

তৃণমূল কংগ্রেসের দলীয় পরিচয় ও প্রতীক নিয়ে বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষকেই পৃথক নাম ও প্রতীকে নির্বাচনী কার্যক্রম চালাতে হবে। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত ‘তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়া ফুল’ প্রতীককে ঘিরে তৈরি হওয়া এই বিরোধ এখন নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।

তবে নির্বাচন কমিশনের বর্তমান সিদ্ধান্তটি অন্তর্বর্তী। তাই ভবিষ্যতে দলীয় নাম ও প্রতীকের বিষয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতি আরও পরিবর্তন করতে পারে।




পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজকে কেন্দ্র করে মুসল্লিরা মসজিদে জড়ো হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কোহাটের একটি পুলিশ কমপ্লেক্সের ভেতরে থাকা মসজিদের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। হামলায় নিহতদের মধ্যে পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ কমপ্লেক্সের প্রবেশপথের দিকে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সশস্ত্র হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় শুরু হয়। হামলার ঘটনায় পুলিশ কমপ্লেক্স ও মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে যায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাথমিক পর্যায়ে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন, হামলায় অন্তত ১৬ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। পরে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ২১ জনে পৌঁছায় এবং আহতের সংখ্যা ৮০ ছাড়িয়ে যায়। সর্বশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা ২৭ জন বলে জানানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার দায় নিয়ে বিভিন্ন প্রতিবেদনেও ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এক প্রতিবেদনে হাফিজ গুল বাহাদুর নেতৃত্বাধীন ইত্তেহাদুল মুজাহিদিন নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি এবং পাকিস্তানি তালেবান (টিটিপি) হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ফলে হামলার দায় নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কোহাট আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এই অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বেড়েছে। এর মধ্যেই পুলিশ কমপ্লেক্সের ভেতরের মসজিদে হামলার ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

শুক্রবারের নামাজের আগে মুসল্লিদের উপস্থিতির সময় এমন হামলায় হতাহতের ঘটনায় কোহাটজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি এখনও উন্নয়নশীল। ফলে হতাহতের সংখ্যা ও হামলার দায় সংক্রান্ত তথ্য পরিবর্তিত হতে পারে।