আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতার অন্যতম কারিগর ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। এবার ডারউইনের পারফরম্যান্সের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন হাসান। তাঁর সঙ্গে আগস্ট মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন।

গত ১৩ আগস্ট শুরু ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নেন হাসান। তাঁর এমন আগুন ঝরানো বোলিংয়ের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ম্যাকাইয়ে পরের টেস্টে এক ইনিংস বোলিং করে অবশ্য উইকেট পাননি হাসান। তবে দুই টেস্টের সিরিজ শেষ করেছেন ১৯.৭৭ গড়ে মোট ৯ উইকেট নিয়ে।

আগস্টে দুর্দান্ত খেলেছেন শ্রীলঙ্কার দিনুশাও। গলে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০০ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৮৪ রান। কলম্বোয় দ্বিতীয় টেস্টে ছিলেন আরও দুর্দান্ত। প্রথম ইনিংসে ১০৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন।

ওদিকে ইংল্যান্ডের ওলি রবিনসন ছিলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানোর নায়ক। হেডিংলি ও লর্ডস দুই টেস্টেই নেন ৮টি করে মোট ১৬ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ভর করে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। সব মিলিয়ে আগস্টে মাত্র ৭.১৮ গড়ে ১৬টি উইকেট নেন রবিনসন।




উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক : রেকর্ড গড়ে উত্তর আমেরিকা সফর শেষ করল জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস। তাদের বহুল আলোচিত ‘আরিরাং’ ট্যুরের এই পর্বে মোট ১২টি শহরের ৩১টি কনসার্টেরই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই। পুরো ট্যুরজুড়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শকের সমাগম ঘটে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া এই সফল সফরটি শেষ হয় লস অ্যাঞ্জেলেসে। সেখানে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামে আয়োজিত শেষ চারটি কনসার্টেই উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক।

সোফাই স্টেডিয়ামেও নতুন রেকর্ড করেছে বিটিএস। ২০২১ সালে ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ এই স্টেডিয়ামে এখন পর্যন্ত আটটি কনসার্ট করেছে দলটি। কোনো দলের জন্য এটিই স্টেডিয়ামটিতে সর্বোচ্চসংখ্যক কনসার্ট। আটটি আয়োজনে বিটিএসের মোট দর্শকসংখ্যা প্রায় ৪ লাখ ৯৬ হাজার, যা স্টেডিয়ামটির ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ।

একাধিক শহরে বিটিএস দিবস

উত্তর আমেরিকা সফরে স্থানীয় প্রশাসনের কাছ থেকেও বিশেষ স্বীকৃতি পেয়েছে বিটিএস। লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ‘বিটিএস সপ্তাহ’। টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট পালিত হয় ‘বিটিএস উইকেন্ড’। এ সময় ইয়ং স্ট্রিটের একটি অংশের নাম সাময়িকভাবে রাখা হয় ‘বিটিএস বুলেভার্ড’।

শিকাগোতে কনসার্ট উপলক্ষে ইলিনয় অঙ্গরাজ্য ২৭ ও ২৮ আগস্টকে ঘোষণা করে ‘বিটিএস ডে ইন ইলিনয়’। টেক্সাসের এল পাসোতেও ২ ও ৩ মে পালিত হয় ‘এল পাসো বিটিএস উইকেন্ড’। শহরটির পর্যটন ও আন্তর্জাতিক পরিচিতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিটিএসকে দেওয়া হয় ‘এস্তিমাদো আমিগো’ বা ‘প্রিয় বন্ধু’ সম্মাননা।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরও ভিডিও বার্তার মাধ্যমে বিটিএসকে স্বাগত জানান। তিনি বলেন, সাত সদস্যের এই দল সংস্কৃতি, ভৌগোলিক দূরত্ব ও ভাষার সীমা পেরিয়ে মানুষকে একত্র করছে।

মেক্সিকো সিটিতে কনসার্টের সময় বিটিএসকে দেশটির জাতীয় প্রাসাদে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। দলটিকে স্বাগত জানাতে প্রাসাদের বাইরে জড়ো হন প্রায় ৫০ হাজার ভক্ত।

জন্মদিনেও ভক্তদের উচ্ছ্বাস

লস অ্যাঞ্জেলেসের কনসার্টে জাংকুক ও আরএমের জন্মদিনও উদ্‌যাপন করেন ভক্তরা। জাংকুকের জন্মদিন ১ সেপ্টেম্বর, আর আরএমের ১২ সেপ্টেম্বর। হাজারো ভক্ত জন্মদিনের গান গেয়ে তাদের শুভেচ্ছা জানান। এ সময় স্টেডিয়ামজুড়ে জ্বলে ওঠে সোনালি ও নীল আলো। জাংকুকের একক অ্যালবাম ‘গোল্ডেন’ ও আরএমের ‘ইন্ডিগো’র সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছিল এই দুই রং।

শেষ কনসার্টে জে-হোপ জানান, টাম্পায় সফর শুরুর দিনটি যেন এই সেদিনের ঘটনা। দীর্ঘদিন ধরে তারা উত্তর আমেরিকা সফরের অপেক্ষায় ছিলেন। আনন্দের কারণে সময় খুব দ্রুত কেটে গেছে বলেও জানান তিনি।

উত্তর আমেরিকার পর এবার দক্ষিণ আমেরিকায় যাবে বিটিএস। ২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে দলটি। কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনায় এই প্রথম পূর্ণাঙ্গ দল হিসেবে কনসার্ট করবে বিটিএস।




চীনে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৬

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থার এ তথ্য বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, জিয়াংশির সুয়িচুয়ান কাউন্টিতে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের পর কাদা ও ভূমিধসসহ বিভিন্ন ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটিতে প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিকতার মধ্যেই নতুন করে এই বিপর্যয় ঘটল।

দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে। বুধবার বিকেল পর্যন্ত সুয়িচুয়ান কাউন্টির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।




উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে যেকোনো সময় তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান-এর দেওয়া সমুদ্রবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, সাগরের পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এদিকে, সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে। মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।




জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য রেজা কিবরিয়াকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়।

এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এতে দুটি কমিটির কয়েকজন সদস্যের পদে পরিবর্তন আনা হয়েছে।

এদিন চিফ হুইপ নূরুল ইসলাম মনি একটি কমিটি গঠন ও বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন। পরে সংসদে কণ্ঠভোটে তার প্রস্তাবগুলো পাস হয়।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি ও বিষয়ভিত্তিক কমিটি ১১টি। তবে এই ৫০টি সংসদীয় কমিটির মধ্যে এ পর্যন্ত ৪৬টি গঠন করা হয়েছে।




রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এই আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালের দিকে মহাখালীর এস কে টাওয়ারের পার্শ্ববর্তী ভবনে হঠাৎ আগুন লাগার খবর পান তারা। সংবাদ পাওয়া মাত্রই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি দল রওনা দেয়।

সূত্র আরও জানায়- তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।




অটোরিকশায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারে বছরে ৪ হাজার কোটি টাকার ক্ষতি

ডেস্ক নিউজ : অটোরিকশায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে সরকার বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে ৭১ বিধিতে উত্থাপিত এক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, সংরক্ষিত নারী আসন-৪ এর সাংসদ রেহানা আক্তার রানু অটোরিকশার অনিয়ন্ত্রিত পরিচালনার বিষয়ে নোটিশটি জমা দেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজি বাইকসহ ৫০-৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান রয়েছে। বিপরীতে সারাদেশে অনুমোদিত চার্জিং পয়েন্ট আছে মাত্র ৩ হাজার ৩০০টির মতো। তবে শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে। এতে জাতীয় গ্রিডের ওপর মারাত্মক চাপ পড়ার পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

তিনি বলেন, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজি বাইক এবং অন্যান্য বৈদ্যুতিক তিন চাকার যান দেশের শহুরে ও গ্রামীণ পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে তাদের দ্রুত এবং বহুলাংশে অনিয়ন্ত্রিত সম্প্রসারণ বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করেছে।

মন্ত্রী বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে সারাদেশে চলাচলকারী নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকগুলোকে একটি সুশৃঙ্খল নীতিমালার আওতায় আনছে সরকার। নতুন নীতিমালার আওতায় অটোরিকশাগুলোর জন্য রুট নির্ধারণ করে দেওয়া হবে। মহাসড়ক বা প্রধান প্রধান সড়কগুলোতে এগুলো চলতে পারবে না। এছাড়া পরিবেশবান্ধব ও নিরাপদ ব্যাটারি ব্যবহারের শর্ত জুড়ে দেওয়া হবে।

নতুন নীতিমালায় ডিজিটাল ট্র্যাকিং যুক্ত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, একটি যানের রেজিস্ট্রেশন নিয়ে সেই নম্বর দিয়ে ১০-২০টি গাড়ি চালানো হয়। এই জালিয়াতি রোধে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোডের মাধ্যমে অটোরিকশা শনাক্ত করার ব্যবস্থা করা হবে। এতে কর্মসংস্থানও থাকবে, আবার যানজট ও দুর্ঘটনাও কমে আসবে।




বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মীর শাহে আলম

ডেস্ক নিউজ : ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ—এই পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে দেশের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন প্রতিমন্ত্রী।

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু করতে যাচ্ছে সরকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এই অভিযানের অংশ হিসেবে উদ্বোধনের পর থেকে প্রতি শনিবার সারা দেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। বাড়ির আঙিনা, ছাদ বা আশপাশে পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পাশাপাশি, সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।

হাসপাতালে বিশেষ প্রস্তুতি ও চিকিৎসা সরঞ্জাম:

ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার উপজেলা হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অন্তত পাঁচটি করে শয্যা আলাদাভাবে প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন সরকারের হাতে মজুত রয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বাধ্যতামূলকভাবে মশারির মধ্যে রাখার ব্যবস্থা করা হবে, যাতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশা থেকে নতুন করে সংক্রমণ ছড়াতে না পারে।

আগামী তিন মাস বাড়তি ঝুঁকির আশঙ্কা:

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসকে ডেঙ্গুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এখনই যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।




পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে তোলার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) উদ্যোগের কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া ও ইরান।

আল জাজিরার খবর অনুসারে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পারমাণবিক স্থাপনায় ঢুকতে না দেওয়ার অভিযোগে ইরানকে নিরাপত্তা পরিষদে পাঠানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ চার দেশ। এর বিরোধিতায় এক যৌথ বিবৃতিতে চীন, রাশিয়া ও ইরান বলেছে, এই পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এটি পরিস্থিতি আরও ঘোলাটে করবে এবং তা পশ্চিমাদের প্রতিশ্রুত কূটনীতিরও পরিপন্থী।

২০২৫ সালে আইএইএ-এর পরিদর্শনে অসহযোগিতার অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অবাস্তব’ বলে আখ্যা দিয়েছে মস্কো-বেইজিং ও তেহরান। তারা স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণেই মূলত আইএইএ-কে পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে দেয়নি ইরান। তাই সদস্য দেশগুলোকে খসড়া প্রস্তাবটি সমর্থন না করার আহ্বান জানিয়েছে তারা।

অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলাকে ‘ভুল হিসাব’ বলে মন্তব্য করেছে ইয়েমেনের মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানায়, ইরানের সুস্পষ্ট মদদেই হুতিরা বর্তমান সংঘাত উসকে দিয়েছে। তারা ইয়েমেনে কেবল দুর্ভোগই ডেকে এনেছে। আরব ঐক্য ও নিরাপত্তা নষ্ট করতে ইয়েমেনকে ঘাঁটিতে পরিণত করেছে তেহরান।