গাজীপুরের জুয়েলারি দোকানিকে গলা কেটে হত্যার দায় স্বীকার আসামিদের

ডেস্ক নিউজ : গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকায় জুয়েলারি দোকানের মালিক ও স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার আসামিদের গাজীপুরের বিজ্ঞ আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল থানার চৈতট গ্রামের মো. নাছির উদ্দিন (৩২) এবং একই জেলার মধুপুর থানার জলছত্র গ্রামের মো. সুজন মিয়া (২৭)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার, নিহতের ব্যবহৃত মুঠোফোন এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২৩ আগস্ট দিবাগত রাত পৌনে তিনটা থেকে ভোর সোয়া পাঁচটার মধ্যে যেকোনো সময় সিটি করপোরেশনের গাছা থানাধীন ভূষিরমিল রোড এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ‘সাদিয়া জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে ঢুকে এর মালিক আবুল কালাম আজাদকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে দোকানে থাকা বিভিন্ন অলংকার লুট করে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী উপ-পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় তদন্তে নামে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল আউয়াল সরদারের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রবিবার টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর থানা এলাকায় অভিযান চালিয়ে নাছির ও সুজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে তাদের নিয়ে ঘটনাস্থলের পাশে অভিযান চালিয়ে হত্যাণ্ডে কাব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়। এছাড়া উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, পাথরসহ রূপার আংটি ১৭টি, রূপার কানের টপ এক জোড়া, ইমিটেশনের বালা ফিতাসহ দুই জোড়া, ইমিটেশনের হার ফিতাসহ দুই পিস।

জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম জানান, গ্রেফতারের পর আসামিদের আদালতে হাজির করা হলে, তারা স্বেচ্ছায় আদালতে হত্যাকান্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত ও জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




এবারের ব্যালন ডি’অর জয়ে আশাবাদী এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতার জন্য সেরা বছর হতে পারে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। 

যদিও রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেনি। তবে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ২২ গোলের মালিক হয়েছেন।

ব্যালন ডি’অর প্রসঙ্গে এমবাপে বলেন, আপনি যখন বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে এই পুরস্কারের সাথে মেলাবে। হয়তো এই বছরটি আমার জন্য ব্যালন ডি’অর জেতার একটি ভালো বছর।

এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাজিতে এমবাপের চেয়ে অন্য তিনজন খেলোয়াড় এগিয়ে রয়েছেন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে রেকর্ড ৬১ গোল এবং বিশ্বকাপে ছয় গোল করে এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। এরপরেই ফেভারিটের তালিকায় রয়েছেন বার্সেলোনা ও স্পেনের হয়ে আলো ছড়ানো লামিনে ইয়ামাল এবং তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রি।

এদিকে সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) সাফল্য নিয়েও কথা বলেছেন এমবাপে। তার বিদায়ের পর টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। এমবাপের মতে, সাবেক ক্লাবের সাফল্য তিনি পরিবর্তন করতে পারবেন না। বিষয়টি নিয়ে তিনি খুব একটা চিন্তিতও নন।

মোনাকো দিয়ে ক্যারিয়ার শুরু করা এমবাপে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ক্লাবটির হয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছেন তিনি। ফ্রান্সের হয়েও ১০৬ ম্যাচে ৬৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১০৭ ম্যাচে তার গোল ৯০টি।

ব্যক্তিগত সাফল্যের দিক থেকেও এমবাপের ঝুলিতে রয়েছে দীর্ঘ তালিকা। টানা আটবার লিগের গোল্ডেন বুট জিতেছেন তিনি। এর মধ্যে লিগ ওয়ানে ছয়বার এবং লা লিগায় দুইবার। এছাড়া, বিশ্বকাপে দুটি এবং চ্যাম্পিয়নস লিগেও দুটি গোল্ডেন বুট রয়েছে তার। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতলেও ক্লাব ক্যারিয়ারে এখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা হয়নি।

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক শিরোপাহীনতা নিয়ে এমবাপে জানান, দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা না করে দলের পরবর্তী ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে ভালোভাবে শুরু করার দিকেই মনোযোগ দিতে চান তিনি।




রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ

বিনোদন ডেস্ক : প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে সে দেশের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ২০২২ সালের এই মেগা হিট গানটি এখনো শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়, এই মাইলফলক যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

গত রবিবার ইনস্টাগ্রামে এক পোস্টে কোক স্টুডিও এই মাইলফলকের ঘোষণা দেয়। সেখানে তারা ‘পাসুরি’ গানের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখে, প্রতিটি মানুষ যারা প্লে বোতামটি চেপেছেন, গানটির সঙ্গে গেয়েছেন এবং পাসুরিকে নিজেদের করে নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

আলি শেঠি এবং শে গিলের কণ্ঠে চমৎকার এই ডুয়েট গানটি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের এই চূড়ায় পৌঁছাতে গানটির সময় লেগেছে চার বছর সাত মাসের কিছুটা কম। তবে মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী গানটির অভূতপূর্ব জনপ্রিয়তা বিবেচনা করলে এই অর্জন মোটেও অপ্রত্যাশিত ছিল না। মুক্তি পাওয়ার বছরই এটি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়েছিল। স্পটিফাইতে বর্তমানে এটি শেঠি ও গিল উভয়েরই সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান, যার স্ট্রিম সংখ্যা প্রায় ৪০ কোটি ৫০ লাখ (৪০৫ মিলিয়ন)।

মাইলফলক অর্জনের পর কোক স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল প্রকাশ করেছে। সেখানে আলি শেঠি ও শে গিলের পাশাপাশি গানটির সংগীত প্রযোজক জুলফিকার খান (জুলফি) এবং আব্দুল্লাহ সিদ্দিকীকে এই অর্জনের জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে দেখা যায়।

মুক্তির পর থেকেই ‘পাসুরি’ বৈশ্বিক আলোড়ন সৃষ্টি করে। পাকিস্তান ও ভারতের পাশাপাশি উপমহাদেশের বাইরেও অসংখ্য শিল্পী গানটির কভার সংস্করণ গেয়েছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিরিজ ‘মিস মার্ভেল’-এর সাউন্ডট্র্যাকেও গানটি যুক্ত করা হয়েছিল। পাকিস্তানি-আমেরিকান এক কিশোরীর জীবন নিয়ে তৈরি এই সিরিজে পাকিস্তানি সংস্কৃতির প্রভাব ফুটিয়ে তুলতে গানটি ব্যবহৃত হয়।

এ ছাড়া ‘কোক স্টুডিও আফ্রিকা’ পাসুরি গানের একটি রিমিক্স সংস্করণ তৈরি করেছিল। নাইজেরিয়ান আফ্রোবিটসের সমন্বয়ে তৈরি এই সংস্করণে আলি শেঠির সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছিলেন মারওয়ান মুসা এবং রিকাডো ব্যাংকস।

তবে অন্য অনেক জনপ্রিয় পাকিস্তানি গানের মতোই ‘পাসুরি’ নিয়েও নিজস্ব সংস্করণ বা রিমেক করার চেষ্টা করেছিল বলিউড। ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে হিন্দি সংস্করণে তৈরি এই রিমেকটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সংগীত অনুরাগীরাও ভালোভাবে নেয়নি বিষয়টি।




‘মিস্টার ৫%’ আবুল খায়েরকে ঘিরে গুরুতর অভিযোগ : প্রধান প্রকৌশলীর পদ দখলে মরিয়া, শত কোটি টাকার সম্পদের অভিযোগ-দৃষ্টি আকর্ষণ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের !

বিশেষ প্রতিবেদক : চাকরির মেয়াদ শেষ হতে বাকি মাত্র এক মাস। অথচ এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদে বসতে মরিয়া হয়ে উঠেছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের—এমন অভিযোগ উঠেছে। বর্তমান প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীকে সরিয়ে ওই পদটি নিজের নিয়ন্ত্রণে নিতে তিনি বিভিন্ন মহলে তদবির চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
সাংবাদিকদের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমান প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশকে নিজের পদোন্নতি-তদবিরের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। এ জন্য অর্থ ব্যয় করে একটি জাতীয় দৈনিকে ব্যানার হেডলাইনে সংবাদ প্রকাশ করানোর অভিযোগও উঠেছে আবুল খায়েরের বিরুদ্ধে। পাশাপাশি মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে তদবির চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার ও গণপূর্তের একাধিক কর্মকর্তা।

‘মিস্টার ৫%’—কমিশন বাণিজ্যের অভিযোগ : আবুল খায়েরকে ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগ সরকারি উন্নয়ন প্রকল্প ও গণপূর্তের বড় বড় কাজ থেকে কমিশন বা ‘কাটমানি’ আদায়। সংশ্লিষ্টদের অভিযোগ, কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্টদের কাছ থেকে কমিশন আদায়ের একটি অলিখিত ব্যবস্থা গড়ে তুলেছিলেন তিনি। এ কারণেই দপ্তরের একটি অংশে তার পরিচিতি তৈরি হয়েছে ‘মিস্টার ৫%’ নামে।
অভিযোগ রয়েছে, গোপালগঞ্জ থেকে চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর হয়ে ঢাকা—কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে তিনি ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ, সিন্ডিকেট পরিচালনা এবং প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গোপালগঞ্জ পোস্টিং ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ : অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, চাকরির শুরুর দিকেই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ পোস্টিং বাগিয়ে নেওয়ার সুযোগ পান আবুল খায়ের। তৎকালীন সচিব শহীদুল্লাহর বিশেষ সুপারিশে ছাত্রলীগের কর্মী পরিচয় ব্যবহার করে তিনি গোপালগঞ্জ জোনে প্রভাবশালী পোস্টিং পান—এমন অভিযোগ রয়েছে।
সেখানে দায়িত্ব পালনকালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলেও অভিযোগ রয়েছে। ওই রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে পরবর্তী সময়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও উপেক্ষা করে দপ্তরে একচ্ছত্র প্রভাব বিস্তার করেন—এমন অভিযোগ সংশ্লিষ্টদের।

চট্টগ্রামে ৩% কমিশন ও ‘পিসি টেন্ডার’ : চট্টগ্রাম জোনে দায়িত্ব পালনকালে আবুল খায়েরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ আরও গুরুতর আকার ধারণ করে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
অভিযোগ অনুযায়ী, বিভিন্ন প্রকল্পের কাজে ৩ শতাংশ কমিশন দেওয়ার অলিখিত নিয়ম চালু করেছিলেন তিনি। একই সময়ে প্রচলিত ‘পিসি টেন্ডার’ বা পার্সেন্টেজ শেয়ারিং টেন্ডার ব্যবস্থাও নিজের নিয়ন্ত্রণে নিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ওই সময়ে তিনি একাই প্রায় ১০০ কোটি টাকা আয় করেছেন—যদিও এই অর্থের পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কমিশন দিতে অস্বীকৃতি জানালে ঠিকাদারের বিল আটকে দেওয়া, কাজের সুযোগ বন্ধ করে দেওয়া কিংবা কালো তালিকাভুক্ত করার ভয় দেখানোর অভিযোগও রয়েছে। এমনকি নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বড় নির্মাতা প্রতিষ্ঠান ও সাধারণ ঠিকাদারদের ওপরও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কুমিল্লায় এমপির বিরোধের পর অপসারণ : চট্টগ্রামের পর কুমিল্লা জোনেও নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করেন আবুল খায়ের—এমন অভিযোগ রয়েছে। সেখানে টেন্ডার ও কমিশন বাণিজ্য নিয়ে তৎকালীন প্রভাবশালী সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। একপর্যায়ে এমপি বাহারের তীব্র আপত্তির মুখে তাকে কুমিল্লা জোন থেকে সরিয়ে দেওয়া হয়—এমন তথ্যও অনুসন্ধানে পাওয়া গেছে।

রংপুরে ঘুষবাণিজ্যের অভিযোগ, গণমাধ্যমে ঠিকাদারদের ক্ষোভ : রংপুর জোনে বদলি হওয়ার পরও তার বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগ থামেনি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। অভিযোগের প্রতিবাদে স্থানীয় কয়েকজন ঠিকাদার গণমাধ্যমের সামনে মুখ খোলেন। এমনকি বেসরকারি টেলিভিশন ৭১ টিভি-তে ভুক্তভোগী ঠিকাদাররা আবুল খায়েরের বিরুদ্ধে সরাসরি লাইভ সাক্ষাৎকার দেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনা সত্য হলে তা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব আরও বাড়িয়ে দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ওই সময়ের অভিযোগ ও বক্তব্যের পূর্ণাঙ্গ নথি যাচাই করা প্রয়োজন।

ন্যাশনাল হাউজিংয়ে ৫০ কোটি টাকার অনিয়মের অভিযোগ : গণপূর্তের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি ন্যাশনাল হাউজিং অথরিটিতে দায়িত্ব পালনকালেও আবুল খায়েরের বিরুদ্ধে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারি প্লট ও ফ্ল্যাট বরাদ্দ, নকশা অনুমোদন এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এ অর্থের সঙ্গে আবুল খায়েরের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথি, বরাদ্দের কাগজপত্র ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করে স্বাধীন তদন্ত প্রয়োজন।

ঢাকায় ‘মিস্টার ৫%’ পরিচিতি : বর্তমানে ঢাকা জোনে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ নতুন মাত্রা পেয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদারদের দাবি।
অভিযোগ রয়েছে, প্রকল্প অনুমোদন, কাজের ছাড়পত্র কিংবা ঠিকাদারদের বিল পাস—বিভিন্ন ক্ষেত্রে ৫ শতাংশ কমিশন দেওয়ার অলিখিত চাপ রয়েছে। এ কারণেই ‘মিস্টার ৫%’ নামটি এখন দপ্তরের ঠিকাদার ও সংশ্লিষ্টদের মধ্যে বহুল আলোচিত বলে দাবি তাদের।

২৪ ফ্ল্যাট, পূর্বাচল ও ময়মনসিংহে বিপুল সম্পদের অভিযোগ : আবুল খায়েরের বিরুদ্ধে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তার কথিত বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ নিয়ে। সংশ্লিষ্টদের অভিযোগ, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় তার নিজের নামে এবং স্বজনদের নামে অন্তত ২৪টি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। ন্যাশনাল হাউজিং ও পূর্বাচলে জমি এবং মোহাম্মদপুরে ন্যাশনাল হাউজিংয়ের বড় ফ্ল্যাটসহ পূর্বাচলে একাধিক কোটি টাকা মূল্যের প্লট ও জমি রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। শুধু রাজধানী নয়, ময়মনসিংহের বিভিন্ন গ্রামীণ ও শহরতলি এলাকায় তার নামে-বেনামে বিঘার পর বিঘা কৃষিজমি ও খামারবাড়ি রয়েছে—এমন অভিযোগও উঠেছে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য, অর্থের উৎস এবং আয়কর নথির সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাই করা হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাকরির শেষ সময়ে প্রধান প্রকৌশলী হওয়ার দৌড় : সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে—চাকরির বয়স যখন মাত্র এক মাসের মতো অবশিষ্ট, তখনও প্রধান প্রকৌশলীর পদে বসার জন্য আবুল খায়েরের কথিত তৎপরতা। অভিযোগ রয়েছে, বর্তমান প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীকে সরানোর জন্য বিভিন্ন মহলে তদবিরের পাশাপাশি সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা এবং বিপুল অর্থ ব্যয়ের অভিযোগও রয়েছে। এ অভিযোগ সত্য হলে প্রশ্ন উঠছে—চাকরির শেষ প্রান্তে দাঁড়িয়ে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কেন প্রধান প্রকৌশলীর পদ পাওয়ার জন্য এত মরিয়া? এই পদ ঘিরে কী ধরনের আর্থিক ও প্রশাসনিক স্বার্থ কাজ করছে?

মন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিবের দৃষ্টি আকর্ষণ : গণপূর্ত অধিদপ্তর রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর একটি। হাজার হাজার কোটি টাকার অবকাঠামো প্রকল্প, সরকারি ভবন, হাসপাতাল, আবাসন ও রাষ্ট্রীয় স্থাপনা নির্মাণে এ অধিদপ্তরের ভূমিকা রয়েছে।
ফলে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে যদি বছরের পর বছর ধরে কমিশন বাণিজ্য, ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাব ব্যবহার এবং বিপুল অবৈধ সম্পদ অর্জনের মতো অভিযোগ ওঠে, তাহলে তা উপেক্ষা করার সুযোগ নেই।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছে তাই প্রশ্ন—আবুল খায়েরের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ কি কখনো নিরপেক্ষভাবে অনুসন্ধান করা হয়েছে? তার নামে ও স্বজনদের নামে থাকা কথিত ২৪টি ফ্ল্যাট, পূর্বাচলের সম্পদ এবং ময়মনসিংহের জমির অর্থের উৎস কি যাচাই করা হয়েছে? বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা জোনগুলোতে তার বিরুদ্ধে ওঠা কমিশন বাণিজ্যের অভিযোগের কোনো তদন্ত হয়েছে কি?

নিরপেক্ষ তদন্তের দাবি : অভিযোগের গুরুত্ব বিবেচনায় আবুল খায়েরের বিরুদ্ধে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তার আয়কর রিটার্ন, সম্পদ বিবরণী, ব্যাংক হিসাব, জমি-ফ্ল্যাটের দলিল এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলোর টেন্ডার ও বিলের নথি যাচাইয়ের দাবি উঠেছে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থের উৎস অনুসন্ধানেরও দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও গণপূর্তের সৎ কর্মকর্তারা।

অভিযোগের সত্যতা তদন্তেই নির্ধারিত হবে। তবে অভিযোগগুলো যদি সত্যের কাছাকাছি হয়, তাহলে একজন বিতর্কিত কর্মকর্তাকে ঘিরে শুধু একটি পদ দখলের লড়াই নয়—গণপূর্তের হাজার হাজার কোটি টাকার উন্নয়নকাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নও এর সঙ্গে জড়িয়ে আছে। এ কারণেই বিষয়টি দ্রুত আমলে নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।




নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে চলাচলকারী নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকগুলোকে একটি সুশৃঙ্খল নীতিমালার আওতায় আনছে সরকার। এসব যান চলাচলে নির্দিষ্ট রুট নির্ধারণ করে দেওয়া হবে এবং একটি নিবন্ধনের বিপরীতে যাতে একাধিক যান চলতে না পারে সেজন্য ডিজিটাল ট্র্যাকিং বা কিউআর কোড (QR Code) যুক্ত করা হবে।

কর্মসংস্থান ঠিক রেখে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে উত্থাপিত এক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

এর আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল প্রসঙ্গে ওই নোটিশটি উত্থাপন করেন।

সংসদে দেওয়া বক্তব্যে রেহানা আক্তার রানু বলেন, দেশে বর্তমানে ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচল করছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করছে।

বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র ৩ হাজারের মতো হলেও শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে। এর ফলে গ্রিডের ওপর মারাত্মক চাপ পড়ার পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

তিনি আরও উল্লেখ করেন, এসব যানে ব্যবহৃত সস্তা লেড-অ্যাসিড ব্যাটারি অনিরাপদ ব্যবস্থাপনার কারণে মারাত্মক পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এছাড়া অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ ব্রেকের কারণে দুর্ঘটনাও বাড়ছে। ২০২৫ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ৬ হাজার ১১১ জনের মধ্যে ১৩ দশমিক ৫৪ শতাংশই ছিল অটোরিকশা দুর্ঘটনা।

তবে অটোরিকশার ওপর লাখ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল উল্লেখ করে রেহানা আক্তার রানু এগুলোকে ঢালাওভাবে উচ্ছেদ বা ডাম্পিং না করে একটি নীতিমালার আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে তিনি সড়ক ব্যবস্থাপনায় আধুনিকীকরণ এবং এআই ভিত্তিক ট্রাফিক সিগন্যাল বাড়ানোর প্রস্তাব দেন।

সংসদ সদস্যের উত্থাপিত বিষয়ের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই খাতটিতে কর্মসংস্থান জড়িত, তাই আমরা কর্মসংস্থান ব্যাহত না করে পরিবেশ ও সড়ক নিরাপদ রাখতে চাই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে একটি বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

মন্ত্রী জানান, নতুন নীতিমালার আওতায় অটোরিকশাগুলোর জন্য রুট নির্ধারণ করে দেওয়া হবে। মহাসড়ক বা প্রধান প্রধান সড়কগুলোতে এগুলো চলতে পারবে না। এছাড়া পরিবেশবান্ধব ও নিরাপদ ব্যাটারি ব্যবহারের শর্ত জুড়ে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, একটি যানের রেজিস্ট্রেশন নিয়ে সেই নম্বর দিয়ে ১০-২০টি গাড়ি চালানো হয়। এই জালিয়াতি রোধে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোডের মাধ্যমে অটোরিকশা শনাক্ত করার ব্যবস্থা করা হবে। এতে কর্মসংস্থানও থাকবে, আবার যানজট ও দুর্ঘটনাও কমে আসবে।’

বিদ্যুৎ চুরি রোধে এবং জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগেরও নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকার সিগন্যালগুলোতে এআই ভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে, যার সুফল পাওয়া যাচ্ছে। ভবিষ্যতেও ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে।




বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে

প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিবারসহ এই সংখ্যা ১২ হাজার বলে জানান তিনি।

সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বহুসংখ্যক অবৈধ অভিবাসী আছে ইতালিতে। ইতালিতে অবস্থানরত আড়াই লাখ বাংলাদেশির প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের। সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলে যৌথ ওয়ার্কশপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে যারা আছে, তাদের বৈধ করার বিষয়ে আলোচনা হয়নি। আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে যাচ্ছে, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

মালয়েশিয়ার শ্রমিক নেওয়া বিষয়ে তিনি বলেন, মালোয়েশিয়ার হাইকমিশনারকে ২ লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৫ সাল থেকে খাদ্য অপচয় রোধ ও ফুড সিকিউরিটিতে কাজ করা ইতালির মিলান শহরের মডেলে দেশটি বাংলাদেশেও কাজ করতে সম্মত হয়েছে। ইতালির সাথে মিল রেখে এক্ষেত্রে খুলনা সিটি কর্পোরেশনকে বেছে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভাষায় প্রশিক্ষণ এবং পরিবেশগত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে দুই দেশ।

বাংলাদেশি স্থপতিদের দক্ষতা বাড়াতে ইতালিতে প্রশিক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। নির্দিষ্ট তালিকা পাঠালে সিটি কর্পোরেশনের মেয়র ও স্থপতিদের এই সফরে পাঠানো হবে। দক্ষ জনশক্তি রপ্তানির অংশ হিসেবে বাংলাদেশি কর্মী ও প্রশিক্ষকদের ইতালীয় ভাষা শেখাতে প্রতিনিধি পাঠাবে ইতালি। দেশের যেকোনো একটি ইনস্টিটিউটের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আমরা বাণিজ্য, অভিবাসন, দুই দেশের শহরগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক (টুইনশিপ) নিয়ে আলোচনা করেছি। যদিও এটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, তারপরেও  ইতালি ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে কীভাবে একসাথে কাজ করা যায়, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বাভাবিকভাবেই অনেক গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের মন্ত্রণালয়ের সাথে সাক্ষাৎ করতে এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরি ও উৎসাহিত করতে ইতালি সবসময়ই আগ্রহী।




প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার

ডেস্ক নিউজঃ দেশের প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল ৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সাক্ষরতার অর্থ এখন আর শুধু পড়া, লেখা ও গণনার মৌলিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল দক্ষতা, তথ্য ব্যবহারের সক্ষমতা, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা, জীবনদক্ষতা, পরিবেশ-সচেতনতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা। অর্থাৎ মানুষের উন্নয়ন, পৃথিবীর সুরক্ষা এবং সমৃদ্ধ অর্থনীতি-এই তিনের সংযোগস্থলেই আজকের সাক্ষরতার অবস্থান। এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের শিক্ষানীতির মূল লক্ষ্য হচ্ছে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ।

তিনি বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের কেন্দ্রে থাকে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতাসম্পন্ন মানুষ। তাই বর্তমান সরকারের কাছে সাক্ষরতা শুধু নিরক্ষরতা দূর করার কর্মসূচি নয়; এটি মানুষের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই সমৃদ্ধির ভিত্তি। বর্তমান সরকার এমন শিক্ষা ও সাক্ষরতা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা মানুষকে শুধু পড়তে ও লিখতে শেখাবে না, পরিবর্তনশীল বিশ্বের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনেও সক্ষম করে তুলবে।

তিনি আরও বলেন, দেশে সবার জন্য কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। বর্তমান সরকারের মেয়াদে এই বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি সর্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা, শিশুর প্রারম্ভিক বিকাশ, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং প্রাথমিক পর্যায় থেকেই মানবিক ও নাগরিক মূল্যবোধ বিকাশে বিনিয়োগ বাড়ানো হবে।

তারেক রহমান বলেন, সাক্ষরতার পরবর্তী ধাপ হবে দক্ষতা, আর দক্ষতার লক্ষ্য হবে আত্মনির্ভরতা ও কর্মসংস্থান। তাই সাক্ষরতা কার্যক্রমকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, ডিজিটাল দক্ষতা এবং কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা জরুরি। বিশেষ করে গ্রামীণ শিক্ষাবঞ্চিত নারী ও গৃহিণীদের জন্য স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল সাক্ষরতার সুযোগ সম্প্রসারণের বিকল্প নেই।

তিনি বলেন, শিক্ষা ও দক্ষতা অর্জনের এই সুযোগ হতে হবে সবার জন্য। শিশু, নারী, প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মূলধারায় আনতে হবে। কাউকে পেছনে না রেখে প্রত্যেক নাগরিকের জন্য জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিত করাই হবে বর্তমান সরকারের অগ্রাধিকার। একইসঙ্গে শিক্ষাব্যবস্থায় মানবিক মূল্যবোধ, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের চর্চা জোরদার করা এখন সময়ের দাবি।

তারেক রহমান বলেন, একটি আধুনিক রাষ্ট্রের জন্য শুধু দক্ষ কর্মীই নয়, মানবিকতা এবং ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিকও এক বিশাল সম্পদ। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাত, নাগরিক সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণকে এই লক্ষ্য বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাই। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে শিক্ষা, সাক্ষরতা, ডিজিটাল সক্ষমতা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

সরকারপ্রধান বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের অঙ্গীকার হোক-সাক্ষরতার আলোকে মানুষের সক্ষমতা বাড়ানো, জ্ঞানের শক্তিতে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং সচেতন নাগরিকের অংশগ্রহণে একটি পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ নির্মাণ করা। আমি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।




২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে আয়োজিত অন্যতম আন্তর্জাতিক পর্যটন মেলা, বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬, আগামী ২৯-৩১ অক্টোবর ঢাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মেলায় ২০টিরও বেশি দেশ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন অংশীজনরা অংশ নিতে যাচ্ছে। আয়োজনটি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনব্যাপী এই মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এই মেলার উদ্দেশ্য। এ বছর বিটিটিএফের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এ উপলক্ষে আজ ০৭ সেপ্টেম্বর (সোমবার), ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর রূপরেখা ঘোষণা করা হয়। এ সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ। মেলায় ২০০-রও বেশি বুথ ও স্টল, ২২০+ একজিবিটর, ২৫০+ কোয়ালিফাইড বায়ার, ২,৫০০+ ট্রেড ভিজিটর ও ৬০ হাজারেরও বেশি দর্শনার্থী অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। একইসাথে, চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টিরও বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নিবে, যা বিটিটিএফ ২০২৬-কে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্যে একটি বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত করবে বলে আশা করা যাচ্ছে।
মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এছাড়াও, মেলাটি সফলভাবে পরিচালনা করতে এর প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, পিআর পার্টনার হিসেবে ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলোজি পার্টনার হিসেবে এম৩৬০আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে থাকছে কনভয় সার্ভিস।
২০টিরও বেশি দেশের পর্যটন বিষয়ক প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি এ বছরের মেলায় অংশগ্রহণ করবে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা ইতোমধ্যে মেলায় তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। একইসাথে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকে অংশীজনরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। মেলায় আন্তর্জাতিক পর্যটন অংশীদারদের অংশগ্রহণ ডেস্টিনেশন প্রমোশন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও বিশ্ববাজারের মধ্যে ট্যুরিজম অংশীদারিত্বের আওতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে।
১৩ বারেরও বেশি সফল আয়োজনের মাধ্যমে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন বাজারে পরিণত হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মধ্য দিয়ে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি, বিটিটিএফ আঞ্চলিক ও আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সহযোগিতা করছে। বিটিটিএফ ২০২৬ বৈশ্বিক পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। এক্সিবিশন, বিজনেস-টু-বিজনেস নেটওয়ার্কিং, ডেস্টিনেশন প্রমোশন ও অংশীদারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এই মেলার মূল উদ্দেশ্য।



ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠতার অভিযোগ থেকে ‘নব্য জাতীয়তাবাদী’: সওজের আবু হেনা তারেক ইকবালকে ঘিরে নানা প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবালকে ঘিরে নতুন করে নানা অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময় তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ পদ ও সুবিধা নিয়েছেন। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অবস্থানও বদলে এখন নিজেকে জাতীয়তাবাদী ঘরানার লোক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন—এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, সওজে প্রায় ২৭ বছরের কর্মজীবনে আবু হেনা তারেক ইকবাল বিভিন্ন সরকারের সময় ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক তৈরি করে সুবিধা নিয়েছেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের কর্মকর্তা হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী পদে যোগ দেন তিনি। চাকরির শুরু থেকেই রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে পছন্দের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন যোগাযোগমন্ত্রীর নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত চকরিয়া সড়ক উপবিভাগে তদবির করে পোস্টিং নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে সময় নিজেকে জাতীয়তাবাদী ঘরানার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ২০০৬ সালে ঢাকা সড়ক বিভাগের কল্যাণপুর সড়ক উপবিভাগে দায়িত্ব পান তিনি।

তবে ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় তার কর্মজীবনে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, ঢাকা-আশুলিয়া টোলের অর্থ আত্মসাতের ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজের পরিচয় আবার পরিবর্তন করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। তখন তিনি নিজেকে আওয়ামী লীগপন্থী প্রকৌশলী হিসেবে পরিচিত করার চেষ্টা করেন।

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আবু হেনা তারেক ইকবালের প্রভাব আরও বাড়ে বলে অভিযোগকারীদের দাবি। ওই সময় তিনি নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি পান বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ওবায়দুল কাদেরের স্ত্রী ইশ্রাতুন্নেসা কাদেরের কাছে বিভিন্ন সময় উপহার ও উপঢৌকন পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ মহলে নিজের অবস্থান শক্ত করেন। একই সঙ্গে নোয়াখালীর তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পেয়েছেন—এমন অভিযোগও রয়েছে। ঢাকা সার্কেলের অধীনে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ও রাজনৈতিক তদবিরের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে। বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, ঠিকাদারি কাজ, টেন্ডার এবং কমিশন বাণিজ্য নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেগুলোর কারণে তার ক্যারিয়ারে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

বরং এর পরই তার পদোন্নতির পথ আরও সহজ হয় বলে অভিযোগ। তিনি চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান। পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে বরিশাল সড়ক জোনে যোগ দেন। বরিশালে দায়িত্ব পালনকালে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগে হাসনাত আবদুল্লাহর পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠতার কথা উল্লেখ করা হয়েছে। এরপর তিনি কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন।

অভিযোগকারীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় সওজের অনেক কর্মকর্তা দীর্ঘদিন চাকরি করেও কাঙ্ক্ষিত পদোন্নতি পাননি। কিন্তু আবু হেনা তারেক ইকবাল রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও মন্ত্রী-এমপিদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে তুলনামূলক দ্রুত গুরুত্বপূর্ণ পদে উঠে আসেন। এমনকি আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত অনেক কর্মকর্তাও তার প্রভাবের কারণে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেন না বলে অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগের একটি হলো টেন্ডার নিয়ন্ত্রণ। অভিযোগকারীদের দাবি, তার দায়িত্ব পালন করা বিভিন্ন কর্মস্থলে ঠিকাদারি কাজের টেন্ডার নিয়ে একটি প্রভাবশালী বলয় সক্রিয় ছিল। ইজিপি পদ্ধতি চালুর পরও পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে বিভিন্নভাবে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। প্রকল্পের কাজ, ঠিকাদার নির্বাচন এবং কমিশন নিয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর তদন্ত হয়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। অভিযোগে বলা হয়েছে, ওই সময় আবু হেনা তারেক ইকবাল কিছুদিন নিয়মিত অফিস করেননি। পরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সামাল দিতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে নিজের অতীত কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ প্রকাশ্যে পাওয়া গেছে কি না, তা স্পষ্ট নয়।

সরকার পরিবর্তনের পর তার রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন আওয়ামী লীগ ঘরানার প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ থাকার পর এখন তিনি নিজেকে বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হিসেবে পরিচিত করছেন। বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর নাম ব্যবহার করে তার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সরকার পরিবর্তনের পর তাকে চট্টগ্রাম সড়ক জোনে গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য তদবির করা হয়েছিল। সাবেক সচিবের পক্ষ থেকেও তার পদায়নের সুপারিশ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে কয়েকজন ঠিকাদার ও সওজের বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তাদের আপত্তির কারণে সেই পদায়ন শেষ পর্যন্ত হয়নি বলে অভিযোগকারীদের দাবি।

শুধু রাজনৈতিক প্রভাব কিংবা পদোন্নতি নয়, তার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রাজধানীতে তার একাধিক প্লট ও ফ্ল্যাট, ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য সম্পদ রয়েছে। এসব সম্পদের বড় একটি অংশ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। তার নিজের পাশাপাশি স্ত্রী ফারজানা রহমান ভূঁইয়া, সন্তান এবং আত্মীয়-স্বজনের নামে সম্পদ রাখার মাধ্যমে প্রকৃত মালিকানা আড়াল করার অভিযোগও রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ১/১২ পার্ক ভিউ ভবনের এ/১ নম্বর ফ্ল্যাটটির মালিকানা নিয়েও অভিযোগে তথ্য দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা এবং এটি ভাড়া দেওয়া রয়েছে। আবু হেনা তারেক ইকবাল বর্তমানে গুলশানে বসবাস করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদার সঙ্গে আত্মীয়তার পরিচয় ব্যবহার করে রাজধানীতে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগও আনা হয়েছে। এমনকি তার নামে একাধিক প্লট বরাদ্দ নেওয়ার বিষয়েও অভিযোগ করা হয়েছে। তবে এসব সম্পদের মালিকানা, বৈধ উৎস এবং বরাদ্দের বিষয়ে সরকারি নথি যাচাই করে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আবু হেনা তারেক ইকবালের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোনে সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তিনি অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, তাকে হেয় করার উদ্দেশ্যেই এসব অভিযোগ সামনে আনা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, আবু হেনা তারেক ইকবালের দীর্ঘ কর্মজীবনের প্রতিটি কর্মস্থলের নিয়োগ, পদায়ন, পদোন্নতি, প্রকল্পের দায়িত্ব, টেন্ডার প্রক্রিয়া এবং সম্পদের হিসাব আলাদাভাবে তদন্ত করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। বিশেষ করে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার, ঠিকাদারি কাজে হস্তক্ষেপ, কমিশন বাণিজ্য, সরকারি অর্থের অনিয়ম এবং সম্পদ অর্জনের অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

আবু হেনা তারেক ইকবাল ২০২৯ সালে অবসরে যাওয়ার কথা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, অবসরের আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তিনি সত্যিই রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে সুবিধা নিয়েছেন কি না, টেন্ডার ও পদায়নে প্রভাব বিস্তার করেছেন কি না কিংবা তার সম্পদের সঙ্গে আয়ের সামঞ্জস্য রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর সরকারি তদন্তেই স্পষ্ট হতে পারে।




নড়াইলে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় মো. মেরাজ আলী ওরফে মিরাজ (২৫) নামে এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মেরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী (রুদ্রপুর) গ্রামের মো. আমানুল্লাহ হকের ছেলে।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ জুলাই নড়াইল পৌরসভার এক শিশু শিক্ষার্থী তারই শিক্ষক মিরাজের ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।