প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের পদায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি শিক্ষকের পদায়নের জন্য শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান শুরু হবে আগামী ১ অক্টোবর। এরপর ৪ অক্টোবর থেকে তাদের পদায়ন শুরু হবে।

নতুন শিক্ষকদের পদায়নের পর দুই মাসের বিশেষ পেশাগত প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে। তবে এ প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।




রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সোমবার  সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ইয়োহেই সাসাকাওয়া। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ হোসেন স্বাধীন এসব তথ্য জানান।

বৈঠকে জাপান সরকারের বিশেষ দূত বলেন, প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে বিষয়ে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে তার ভূমিকার কথাও তিনি প্রধানমন্ত্রীকে জানান।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত বলেন, এ পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট। এ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাংলাদেশ এমনিতেই একটি জনবহুল দেশ। দীর্ঘসময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত।

এ সময় বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে তার সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার এই সংকটের সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে তিনি উল্লেখ করেন, রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতিতে সময় লাগছে।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। কারণ, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

বিশেষ দূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তার অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টার ওপর নির্ভর না করে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে জানান।

এছাড়া বাংলাদেশ জাপানের বিনিয়োগ পেতে আগ্রহী এবং দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে প্রধানমন্ত্রী বিশেষ দূতকে জানান। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা তিনি তুলে ধরেন।

এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।




ডিআইএতে ঘুষের অভিযোগ, রাজনৈতিক সুপারিশে উত্থান—বিতর্কিত সালাম আজাদকে ফের যুগ্ম পরিচালক পদ

বিশেষ প্রতিবেদকঃ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর—ডিআইএতে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আব্দুস সালাম আজাদ। নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে গত ১ সেপ্টেম্বর তাকে ডিআইএর যুগ্ম পরিচালক হিসেবে পদায়ন করা হয়। তবে পদায়নের কয়েক দিন পরও আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এরই মধ্যে ৩ সেপ্টেম্বর তিনি ডিআইএতে যোগদান করেছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাধারণত সরকারি কর্মকর্তাদের পদায়ন বা বদলির আদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু সালাম আজাদের ক্ষেত্রে আদেশ প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, আগে তাকে কর্মস্থলে যোগদান করিয়ে পরে আদেশ অনলাইনে প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের ভেতরেও আপত্তি উঠেছে বলে জানা গেছে।

পদায়নসংক্রান্ত যে আদেশ হাতে এসেছে, সেখানে সালাম আজাদকে তার বর্তমান কর্মস্থল জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি—নায়েম থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার ডিআইএতে যোগদানকে কেন্দ্র করে এরই মধ্যে শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এমনকি বিতর্ক সামনে আসার পর তার পদায়ন বাতিল হতে পারে—এমন কথাও সংশ্লিষ্ট মহলে ছড়িয়েছে।

আব্দুস সালাম আজাদ এর আগে দীর্ঘ সময় ডিআইএতে কাজ করেছেন। তার ব্যক্তিগত নথি অনুযায়ী, ২০১৩ সালে তিনি এই দপ্তরে পরিদর্শক হিসেবে যোগ দেন এবং ২০১৮ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। ওই সময় তাকে তৎকালীন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সুপারিশে ডিআইএতে পদায়ন করা হয়েছিল—এমন তথ্য তার ব্যক্তিগত ফাইলে রয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে ওই সময়কার সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকা একজন কর্মকর্তাকে বর্তমান সময়ে আবারও ডিআইএর গুরুত্বপূর্ণ পদে কেন আনা হলো, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ডিআইএতে আগের দায়িত্ব পালনের সময় সালাম আজাদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের অনিয়ম, অবৈধ নিয়োগ, জাল সনদ কিংবা আর্থিক অসঙ্গতি শনাক্ত করার পর সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অর্থের বিনিময়ে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতো। এমনকি পরিদর্শন বা অডিট প্রতিবেদনের তথ্য পরিবর্তন এবং অনুকূলে রিপোর্ট দেওয়ার বিনিময়েও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের কোনোটি আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্তভাবে প্রমাণিত অভিযোগ হিসেবে উপস্থাপন করা যাচ্ছে না। সালাম আজাদ নিজেও ঘুষ নেওয়া কিংবা পদায়নের জন্য অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন।

তার বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগের কথা বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। গুলশানের হলি আর্টিজান হামলা-সংক্রান্ত মামলার তদন্তের সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল—এমন তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্টদের দাবি। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত নথি প্রতিবেদকের হাতে নেই।

সালাম আজাদের ভাই আবুল কালাম আজাদও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত নথিতে তার ভাইয়ের প্রভাব ব্যবহার করে সালাম আজাদ বিভিন্ন অনিয়মে জড়িয়েছিলেন—এমন অভিযোগের উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে। এসব অভিযোগ সামনে আসার পর ২০১৯ সালে সালাম আজাদকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে পদায়ন করা হয়। সংশ্লিষ্টদের কেউ কেউ এটিকে শাস্তিমূলক বা ‘পানিশমেন্ট পোস্টিং’ হিসেবে দেখেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যায় সালাম আজাদ ভিন্ন কথা বলেছেন। পদায়নের আদেশ ওয়েবসাইটে কেন প্রকাশ করা হয়নি—এ বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। আদেশের কপি তিনি কীভাবে পেয়েছেন জানতে চাইলে তিনি জানান, তার এক শুভাকাঙ্ক্ষী হোয়াটসঅ্যাপে সেটি পাঠিয়েছেন।

২০১৩ সালে ডিআইএতে পদায়নের সময় কোনো মন্ত্রীর সুপারিশ নেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেছেন। বরং তার দাবি, ডিআইএতে যোগ দেওয়ার পর তৎকালীন যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকারের সঙ্গে তার রাজনৈতিক আদর্শের মিল না থাকায় তাকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি। নিজের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে সালাম আজাদ বলেন, তার কোনো রাজনৈতিক আদর্শ নেই এবং তিনি সম্পূর্ণ নির্দলীয়।

এবারের পদায়ন প্রসঙ্গে সালাম আজাদের বক্তব্য হলো, তিনি নিজেই ডিআইএতে কাজ করার জন্য আবেদন করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ডিআইএর বর্তমান পরিচালক নতুন দায়িত্ব নিয়েছেন এবং তাকে সহযোগিতা করার জন্য দপ্তর সম্পর্কে অভিজ্ঞ একজন কর্মকর্তার প্রয়োজন ছিল। সালাম আজাদ আগে প্রায় পাঁচ বছর ওই দপ্তরে কাজ করায় তাকে আবার সেখানে পদায়ন করা হয়েছে।

সালাম আজাদের দাবি, তিনি এবার ডিআইএতে গিয়ে দপ্তরটির বিতর্ক দূর করতে কাজ করতে চান। তার ভাষায়, তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেটিকে ঘুষ ও অনিয়ম থেকে বের করে আনাই তার উদ্দেশ্য। তবে এর বিপরীতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তার পদায়নকে ঘিরে প্রায় ৩০ লাখ টাকা লেনদেনের গুঞ্জন রয়েছে। যদিও এই অর্থ লেনদেনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সালাম আজাদ সরাসরি এমন অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সালাম আজাদের সর্বশেষ কর্মস্থল ছিল নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ। পিডিএসের তথ্য অনুযায়ী, তিনি ২০২২ সালের ২২ মে থেকে ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। এরপর তাকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি—নায়েমে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানে ছিলেন এবং বর্তমানে নায়েমেই কর্মরত আছেন।

তবে তোলারাম কলেজে দায়িত্ব পালন নিয়েও তার বিরুদ্ধে আলোচনা রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, কলেজ থেকে তাকে বদলি করার সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষার্থীদের ব্যবহার করে মব তৈরি করে সেই বদলি ঠেকানো হয়েছিল। তবে কারা ওই মব তৈরি করেছিল, কীভাবে সেটি করা হয়েছিল কিংবা বদলি বাতিলের পেছনে কার ভূমিকা ছিল—এসব বিষয়ে কোনো নির্ভরযোগ্য নথি প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি।

ডিআইএ মূলত দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিদর্শন এবং নিরীক্ষার দায়িত্ব পালন করে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ, সনদ, অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা প্রশাসনিক ব্যবস্থাপনায় অনিয়ম আছে কি না, তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই দপ্তরের কর্মকর্তাদের ওপর।

কিন্তু দীর্ঘদিন ধরেই ডিআইএর কিছু কর্মকর্তার বিরুদ্ধে পরিদর্শনের সুযোগকে ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে জাল সনদে নিয়োগ, নিয়মবহির্ভূত শিক্ষক নিয়োগ, আর্থিক অনিয়ম বা অন্য কোনো দুর্নীতির ঘটনা ধরা পড়লে তা নিয়ে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অর্থের বিনিময়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আবার কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত বা অডিট রিপোর্টে নেতিবাচক তথ্য থাকলে অর্থের বিনিময়ে সেই রিপোর্ট পরিবর্তন কিংবা প্রতিষ্ঠানের পক্ষে নেওয়ার অভিযোগও রয়েছে।

এই পরিস্থিতিতে পুরনো অভিযোগে বিতর্কিত একজন কর্মকর্তাকে আবারও একই দপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠেছে। বিশেষ করে পদায়নের আদেশ অনলাইনে প্রকাশ না করা এবং যোগদানের বিষয়টি সামনে আসার পর আলোচনাটি আরও জোরালো হয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, সালাম আজাদকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে তিনি নানা অভিযোগের কথা শুনছেন। তবে তার পদায়ন নিয়ম অনুযায়ী আদিষ্ট হয়ে করা হয়েছে বলে জানান তিনি। পদায়নের পেছনে কোনো অর্থ লেনদেন হয়েছে কি না—এ বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান।

সব মিলিয়ে, পুরনো অভিযোগ, রাজনৈতিক সুপারিশের বিতর্ক, ডিআইএতে আগের দায়িত্ব পালনের সময় ঘুষ নেওয়ার অভিযোগ, ভাইয়ের প্রভাব ব্যবহারের অভিযোগ এবং এবার পদায়নের আদেশ প্রকাশ না হওয়া—সবকিছু মিলিয়ে আব্দুস সালাম আজাদের নতুন দায়িত্ব নিয়ে শিক্ষা প্রশাসনে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা অর্থ লেনদেনের অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি এবং তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।




ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

ডেস্ক নিউজঃ দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। 

এর আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের মাসিক সম্মানী, উৎসব ভাতা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাদের এ অবদান বিবেচনায় নিয়ে আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সম্মানী দেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের নিয়মিত আয় ও আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে।

শুধু আর্থিক সহায়তার মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও নীতিমালায় উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি ও বিকল্পভাবে আয় করার সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।

এতে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের পেশাগত দক্ষতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে সরকারের।

ধর্মীয় উপাসনালয়গুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রেখে আসছেন।

নতুন নীতিমালার মাধ্যমে তাদের অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক অনিশ্চয়তা কমবে এবং তাদের সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ

ডেস্ক নিউজঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কেটে আসামিদের জন্মদিন উদযাপনের ঘটনায় ৩ জনকে শোকজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রেজিস্ট্রার কার্যালয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ই আগস্ট ট্রাইব্যুনালের গারদ খানায় কেক কাটার ঘটনা ঘটে। একইসাথে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানায় প্রবেশ করেন। তখন, কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এসময় উচ্ছ্বাস করতে দেখা যায় আসামিদের।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, কেক কাটাসহ বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে তারা। এছাড়া, গারদ খানায় আসামিদের আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ ও কেক কাটার ঘটনায় দ্রুত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। 



হিমবাহের গলন ঠেকাতে ভেড়ার উল, সুইস বিজ্ঞানীদের পরীক্ষায় মিলল সাফল্য

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে উষ্ণতা বাড়ার সঙ্গে দ্রুত গলছে হিমবাহ। এই গলন ঠেকাতে সুইজারল্যান্ডে এবার নেওয়া হয়েছে বেশ অপ্রচলিত এক উদ্যোগ—হিমবাহের ওপর বিছানো হচ্ছে ভেড়ার উলের তৈরি বিশেষ কম্বল। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, প্লাস্টিকের তৈরি প্রচলিত আবরণের মতোই বরফ গলার গতি কমাতে সক্ষম হয়েছে উল।

সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলের তসানফ্লুরো হিমবাহে এই পরীক্ষা চালাচ্ছে পরিবেশবাদী সংগঠন সামিট ফাউন্ডেশন ও ইউনিভার্সিটি অব লসানের যৌথ প্রকল্প ‘কিপ ইট উল’। প্রকল্পটির লক্ষ্য একদিকে হিমবাহের বরফ গলা ধীর করা, অন্যদিকে দেশটিতে অব্যবহৃত পড়ে থাকা ভেড়ার উলের বিকল্প ব্যবহার খুঁজে বের করা।

বছরের পর বছর ধরে গ্রীষ্মকালে হিমবাহের বিভিন্ন অংশে কৃত্রিম ত্রিপল বা জিওটেক্সটাইল বিছিয়ে সূর্যের আলো প্রতিফলিত করার চেষ্টা করা হয়। এতে বরফের তাপ শোষণ কমে এবং গলন কিছুটা ধীর হয়। তবে এসব আবরণ সাধারণত প্লাস্টিকের তৈরি হওয়ায় সেখান থেকে ক্ষতিকর মাইক্রোফাইবার ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

‘কিপ ইট উল’ প্রকল্পের ব্যবস্থাপক টিমোথি স্টেইনার বলেন, জৈবভাবে পচনশীল কোনো বিকল্প খুঁজে বের করাই তাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সুইজারল্যান্ডে উৎপাদিত উলের বড় একটি অংশের ব্যবহার নিশ্চিত করাও এই উদ্যোগের উদ্দেশ্য। দেশটিতে প্রতি বছর উৎপাদিত উলের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ ফেলে দেওয়া হয়।

চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম এই ধারণা নিয়ে কাজ শুরু করেন। পরে জুন মাসে সুইস প্রতিষ্ঠান ফিসোলান তৈরি দুটি পরীক্ষামূলক উলের কম্বল তসানফ্লুরো হিমবাহের ২০০ বর্গমিটার এলাকায় বিছানো হয়। পুরো গ্রীষ্মজুড়ে ওই আবরণের কার্যকারিতা প্রচলিত জিওটেক্সটাইলের সঙ্গে তুলনা করেন গবেষকেরা।

প্রাথমিক ফলাফল গবেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। স্টেইনার জানান, প্রতি দুই সপ্তাহ পরপর নেওয়া মাপজোখে দেখা গেছে, উলের আবরণও সিনথেটিক আবরণের মতো কার্যকরভাবে বরফ গলার হার কমিয়েছে।

ফিসোলানের নিকলাউস সেগেসার বলেন, উলের স্থায়িত্ব দেখে তিনি অবাক হয়েছেন। তার ধারণা ছিল, উপাদানটি হয়তো প্রয়োজনীয় স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না।

প্রকল্পের শিক্ষার্থী এলিয়ট গাফিও বলেন, শুরুতে তারা ফলাফল নিয়ে নিশ্চিত ছিলেন না। কিন্তু পরীক্ষার পর এমন একটি ফল পাওয়া গেছে, যা তারা নিজের চোখে দেখতে ও হাতে স্পর্শ করতে পারছেন।

তবে গবেষকেরা স্পষ্ট করে দিয়েছেন, উলের কম্বল বৈশ্বিক উষ্ণায়নের সমাধান নয়। সুইজারল্যান্ডের মোট হিমবাহ এলাকার মাত্র প্রায় ০.০২ শতাংশ বর্তমানে এ ধরনের সুরক্ষামূলক আবরণে ঢাকা থাকে। বিজ্ঞানীদের মতে, দীর্ঘমেয়াদে হিমবাহের ক্ষয় ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো।

রেকর্ড তাপমাত্রার এই গ্রীষ্মে সুইজারল্যান্ডের হিমবাহগুলোতে স্বাভাবিক সময়ের কয়েক সপ্তাহ আগেই বরফের ওপরের তুষার গলে গেছে। ফলে দেশটির আল্পস অঞ্চলে হিমবাহের ক্ষয় আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স




৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

ডেস্ক নিউজঃ লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। লামিনে ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এতে টানা চতুর্থ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে ৫-০ গোলের বড় জয়ের পরও সন্তুষ্ট নন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ আমরা দারুণ খেলেছি, প্রায় নিখুঁতই বলা যায়। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, আমরা আধিপত্য দেখিয়েছি। আমি এটাই চাই। ম্যাচ নিয়ন্ত্রণ করা এবং জায়গা খুঁজে নেওয়া। আমরা সেটা করতে পেরেছি।’

তবে আরও ভালো করার জায়গা রয়েছে উল্লেখ করে ফ্লিক বলেন, ‘কিন্তু কিছুই নিখুঁত নয়। সব সময়ই উন্নতির জায়গা থাকে। আমরা আরও ভালো করতে পারি।’

ভ্যালেন্সিয়াকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৪ ম্যাচে এখনো কোনো জয় না পাওয়া ভ্যালেন্সিয়া আছে ২০ নম্বরে।




ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজঃ দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সরকারি সফর বলে জানানো হয়েছে। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান তিনি। তাকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে স্বাগত জানানো হয় এবং সার্কিট হাউসে দেওয়া হয় গার্ড অব অনার।

সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন।

নাগরিক সংবর্ধনায় ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, জেলাটি অনেকটাই অবহেলিত। ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য কিছু করার চেষ্টা করবেন।

এরই মধ্যে জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর জন্যও কাজ চলছে বলে উল্লেখ করেন।

মানুষের উন্নয়নের জন্য কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, বেকারত্ব দূর করতে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। হানাহানি ও সংঘর্ষের পরিবর্তে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে।

রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও কর্মসূচিস্থলে জোরদার করা হয়েছে নিরাপত্তা। অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাবলয়।




কার পেনশন কত বাড়বে

ডেস্ক নিউজঃ দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে সবার পেনশন সমান হারে বাড়ছে না। যারা কম পেনশন পান, তাদের বৃদ্ধির হার বেশি; আর বেশি পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম।

মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে একজন পেনশনভোগী যে নিট পেনশন পাচ্ছেন, তার ওপর ভিত্তি করে পাঁচটি স্তরে বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। 

ফলে ৯ হাজার টাকা বা কম-পেনশন বাড়বে ১০০ শতাংশ, ৯,০০১ থেকে ২০ হাজার টাকা-বাড়বে ৭৫ শতাংশ, ২০,০০১ থেকে ৩০ হাজার টাকা-বাড়বে ৬৫ শতাংশ, ৩০,০০১ থেকে ৪০ হাজার টাকা-বাড়বে ৬০ শতাংশ এবং ৪০,০০১ টাকা বা বেশি-বাড়বে ৫৫ শতাংশ।

ধরা যাক, কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসে ৯ হাজার টাকা নিট পেনশন পান। ১০০ শতাংশ বৃদ্ধির ফলে তা দাঁড়াবে ১৮ হাজার টাকা। আবার ২০ হাজার টাকা নিট পেনশন পেলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে হবে ৩৫ হাজার টাকা।

৩০ হাজার টাকা পেনশন হলে ৬৫ শতাংশ বৃদ্ধিতে দাঁড়াবে ৪৯ হাজার ৫০০ টাকা। ৪০ হাজার টাকা হলে ৬০ শতাংশ বৃদ্ধিতে হবে ৬৪ হাজার টাকা। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনধারীদের জন্য বৃদ্ধির হার ৫৫ শতাংশ।

তবে প্রকৃত পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম, সংশ্লিষ্ট সীমা ও অবসর-পরবর্তী সুবিধাগুলো বিবেচনায় নেওয়া হবে।




সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

সারা দেশে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) অস্থায়ীভাবে দমকা হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষষের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে ৭৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বর্ধিত আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।