দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে একটি ছয়তলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে ভবনটি ধসে পড়ে। এটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট বা পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হতো। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছাকাছি হওয়ায় এলাকাটি শিক্ষার্থীদের বসবাসের জন্য পরিচিত।

ধসের পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি পুলিশ, দমকল বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা। উদ্ধার অভিযানে দমকলের অন্তত ১২টি গাড়ি এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে এগিয়ে আসেন। উদ্ধারকারী দল ও যন্ত্রপাতি পুরোপুরি কাজ শুরু করার আগেই অনেকে হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজ করেন। ঘটনাস্থলের একটি ভিডিওতে কংক্রিটের স্ল্যাবের নিচে একজনকে আটকে থাকতে দেখা যায়। কয়েকজনকে মিলে সেটি সরানোর চেষ্টা করছিলেন।

ভবনের ভেতরে ছিলেন বহু শিক্ষার্থী

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। সেদিন রবিবার হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী নিজেদের কক্ষে অবস্থান করছিলেন বলেও জানান তিনি।

সংবাদ সংস্থা এএনআইকে এক শিক্ষার্থী জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি আটকে পড়াদের চিৎকার ও সাহায্যের আকুতি শুনেছেন।

স্থানীয়দের ভাষ্য, ভবনটি পুরুষ শিক্ষার্থীদের পিজি হিসেবে ব্যবহৃত হতো। ‘হোস্টেল ডেইজ’ নামে পরিচিত এই আবাসনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থাকতেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো। এতে একটি বেজমেন্টের পাশাপাশি ওপরের দিকে আরও পাঁচটি তলা ছিল। দুর্ঘটনার সময় বেজমেন্টে সংস্কারকাজ চলছিল।

পাশে থাকা ভবনও খালি

উদ্ধার অভিযান চলার মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবন খালি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হওয়ায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাটিকে গুরুতর হিসেবে উল্লেখ করে উদ্ধার অভিযান দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করা হয়েছে। আটকে পড়াদের নিরাপদে উদ্ধার করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ঘটনার পর ভবন ধসের কারণ অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। ভবন মালিকের বিরুদ্ধে এফআইআর করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তে যাঁদের দায় পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সান্ধুও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

ঘটনাটি নিয়ে সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ ভবন ধসের পেছনে দুর্নীতির অভিযোগ তুলে দিল্লির পৌর কর্তৃপক্ষের ভবন বিভাগের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘটনাটিকে ‘এড়ানো সম্ভব ছিল এমন একটি মর্মান্তিক ঘটনা’ বলে মন্তব্য করেছেন। দিল্লিতে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় অনিরাপদ ও অতিরিক্ত জনবহুল পিজি ব্যবস্থার ওপরও তিনি প্রশ্ন তুলেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকারীরা স্তরে স্তরে ধ্বংসাবশেষ সরিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

সূত্র: এনডিটিভি




সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তিনি বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। দেশের অর্থনীতি ও সামগ্রিক টেকসই উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের সমস্যা নিরসন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণের পাশাপাশি তাদের সার্বিক কল্যাণসাধন সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার।’

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সরকারি দলের সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার কার্যপ্রণালি বিধির ৭১-এর আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশে ৩০টি শ্রম কল্যাণ উইং প্রবাসীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। এ ছাড়া ১১টি দেশের ১৩টি কনস্যুলেটে ২২টি নিবন্ধিত ল’ ফার্ম (আইনি প্রতিষ্ঠান) প্যানেলভুক্ত রয়েছে, যা বিপদে পড়া প্রবাসীদের প্রয়োজনীয় আইনি সহায়তায় কাজ করছে।

তিনি আরও জানান, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটে নারী কর্মীদের সুরক্ষায় তিনটি ‘সেফ হোম’ পরিচালিত হচ্ছে। বিদেশে অবস্থানকালে কোনো প্রবাসী বাংলাদেশি প্রতারণা, নির্যাতন বা অন্যায় পরিস্থিতির শিকার হলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সালিশি-মধ্যস্থতাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মো. নুরুল হক বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। তাদের অনেকের সেখানে ব্যবসা-বাণিজ্য ও নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। উদ্ভূত পরিস্থিতি কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত নিষ্পত্তির চেষ্টা চালানো হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘দেশের নাগরিক হিসেবে প্রত্যেক প্রবাসী যাতে সরকারের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সমন্বিত কার্যক্রম পরিচালনা করছে।’

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিএমইটি কার্ডধারী প্রবাসীদের কল্যাণে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিদেশে অসুস্থ প্রবাসীদের জরুরি চিকিৎসা সহায়তা, প্রবাসীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অর্থ সহায়তা এবং প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দেশে আনায়ন ও দাফন-কাফন বাবদ সর্বমোট ৩ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের কর্মক্ষম বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং নিরাপদ ও স্বল্পব্যয়ে অভিবাসন নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বিদেশে শুধু সাধারণ শ্রমিকের পরিবর্তে উচ্চতর ‘হোয়াইট কলার জব’ (পেশাগত ও কারিগরি চাকরি)-এর সুযোগ সৃষ্টির ওপর বিশেষ জোর দিয়েছেন। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বৈশ্বিক শ্রমবাজারের সঠিক চাহিদা নিরূপণ করে ‘ডিমান্ড ম্যাপিং’ প্রস্তুত করা হয়েছে। সেই অনুযায়ী তরুণদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশের বাজারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।




হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে ‘সম্পূর্ণরূপে বন্ধ’ রয়েছে বলে দাবি করেছে ইরান। শুধু তাই নয়, এই জলপথের চারপাশে শিগগিরই একটি নতুন ‘নিয়ন্ত্রিত এলাকা’ বা রেস্ট্রিক্টেড জোন গড়ে তোলার ঘোষণাও দিয়েছে তেহরান।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন এই নিয়ন্ত্রিত এলাকার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এটি মূলত মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে। রেজাইয়ের কড়া হুঁশিয়ারি, এই জোনে প্রবেশকারী যেকোনো জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় ফেলা হবে। পরবর্তীতে তেহরানের অনুমোদন ছাড়া ওই জাহাজগুলোকে আর কখনোই এই জলপথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

রেজাইয়ের দাবি, বর্তমানে প্রতিদিন মাত্র সাত-আটটি জাহাজ এই প্রণালি অতিক্রম করছে। মার্কিন বাহিনী মাঝেমধ্যে ওমানের কাছাকাছি জলসীমায় পাঁচ-ছয়টি জাহাজকে পাহারায় রেখে (এসকর্ট) পার করার চেষ্টা করে। কিন্তু সেগুলোও সাধারণত হামলার শিকার হয় এবং অক্ষত অবস্থায় পার হতে পারে না।

তবে ইরানের এই দাবির ঠিক উল্টো চিত্র তুলে ধরেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে অন্তত ৫৯টি জাহাজ নিরাপদে পার হয়েছে। যদিও তারা এই গুরুত্বপূর্ণ জলপথের বর্তমান ঝুঁকির মাত্রাকে ‘মারাত্মক’ বলে চিহ্নিত করেছে।

এদিকে, চরম সামরিক উত্তেজনার মুখেও নিজেদের অর্থনৈতিক ও সামরিক শক্তির জানান দিয়েছে ইরান। মোহসেন রেজাই দাবি করেছেন, ৪৮ ঘণ্টা আগে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ার-লঞ্চড (রণতরি থেকে নিক্ষেপযোগ্য) একটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে পরীক্ষা চালিয়েছে তারা। পাশাপাশি সম্ভাব্য অর্থনৈতিক সংকটের শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, ইরানে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। এমনকি বিশ্ববাজারে তেল বিক্রি এবং এর অর্থ আদায়ের প্রক্রিয়াও পুরোপুরি স্বাভাবিক রয়েছে।




বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

ডেস্ক নিউজ : কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় আট দিন পর রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সব কটি জলকপাট বন্ধ করা হয়। এ সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ৯৮ ফুট এমএসএল। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় বাঁধের ওপর চাপ কমাতে স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছিল। ওইদিন রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হয়।

পরবর্তী সময়ে হ্রদের পানি আরও বাড়তে থাকলে ধাপে ধাপে গেট খোলার পরিমাণ বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি জলকপাট সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত খোলা রাখা হয়। এর মাধ্যমে অতিরিক্ত বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হয়।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৯ আগস্ট দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে দ্রুত পানি বাড়তে থাকায় সেদিন স্পিলওয়ের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এদিকে বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের সময় টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

গত কয়েকদিনে হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে কমে আসায় রোববার রাতে স্পিলওয়ের ১৬টি জলকপাটই বন্ধ করে দেওয়া হয়। ফলে স্পিলওয়ের মাধ্যমে অতিরিক্ত পানি নিষ্কাশন আপাতত বন্ধ রয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় টারবাইনের মাধ্যমে নিয়মিত পানি নিষ্কাশন অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ও আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে ভবিষ্যতে স্পিলওয়ের জলকপাট আবার খোলা বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।




বিপিএল অত্যন্ত জনপ্রিয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক : দেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল না হওয়ার এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বিপিএল না হওয়ার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমেই প্রথম শুনেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিপিএল অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট এবং এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত। বিষয়টি কেন এমন হলো, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং ভবিষ্যতে টুর্নামেন্টটি যেন নিয়মিত হয়, সে বিষয়ে নজরদারি রাখা হবে বলে জানান তিনি।
প্রতিবছর বিপিএল না হওয়ায় দেশি ক্রিকেটাররা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন, কারণ তারা এই টুর্নামেন্ট ও এর নিলামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। ক্রিকেটারদের এই ক্ষতি পুষিয়ে দিতে বিসিবির সঙ্গে সম্প্রতি একাধিকবার বৈঠক করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্র্যাব/কোয়াব)।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে, ক্ষতি পুষিয়ে নিতে প্রথম শ্রেণির ক্রিকেট, টি-টোয়েন্টি এবং লিস্ট ‘এ’—সব ধরনের ঘরোয়া টুর্নামেন্টে খেলোয়াড়দের ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

ক্রীড়া ডেস্ক : জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা।

রবিবার চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই ম্যাচ।

শুরু থেকেই পাকিস্তানি রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকেন বাংলার মেয়েরা। দাপুটে এই জয়ে বাংলাদেশের পক্ষে পাঁচটি গোল এসেছে পাঁচজন ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের স্টিক থেকে।

দলের হয়ে বল জালে জড়িয়েছেন লনিমা নুপুর, নাদিরা এমা, অধিনায়ক সারিকা রিমন, কনা আক্তার এবং আইরিন আক্তার রিয়া।

টানা জয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ নারী হকি দল তাদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।




মৃত্যুর আগে শাবনূরকে ঘিরে গুঞ্জনে সালমান শাহ কী বলেছিলেন

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকে পর্দায় তাদের রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে পর্দার জনপ্রিয়তার পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সে সময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম ছিল—শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ।

শাবনূরকে ঘিরে সেই গুঞ্জনের গুরুত্বপূর্ণ একটি নথিভুক্ত পালটা বক্তব্য পাওয়া যায় সালমান শাহর নিজের কাছ থেকেই। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে, ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা ও নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাবনূরকে বিয়ে করার গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়।

সালমান শাহ সেই দাবি সরাসরি অস্বীকার করেন। তিনি জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তার সঙ্গে শাবনূরের বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। শাবনূরকে তিনি ছোট বোনের মতো জানেন ও স্নেহ করেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে নিজের বৈবাহিক অবস্থান স্পষ্ট করে সালমান শাহ বলেন, তিনি বিবাহিত।

তবে সালমান শাহর মৃত্যুর পর শাবনূরকে ঘিরে নানা ধরনের আলোচনা ও অভিযোগ থেমে থাকেনি। ২০২০ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে তার প্রসঙ্গ আসার পরও শাবনূর প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছিলেন এবং তার সঙ্গে সালমান শাহর মৃত্যুর যোগসূত্রের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছিলেন।




৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

সরকারি ব‍্যবস্থায় ৪ হাজার ৩৪১ জন হাজিকে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অনুকূলে সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী বলেন, এই অর্থ ব‍্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। যদি কেউ কার্ড নম্বর চায় তারা প্রতারক। প্রতারণা চক্র থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজ ব‍্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে। ২০২৭ সালের হজের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ জন হাজির চিকিৎসা ব‍্যয় তাদের স্বাস্থ্য বিমার অর্থের চেয়ে বেশি হওয়াতে তারা কোনো অর্থ ফেরত পাবেন না।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকারি মাধ‍্যমের হজ ব‍্যবস্থাপনায় সরকার অর্থ ফেরত দেয়। বেসরকারি ব‍্যবস্থাপনায় সেই সুযোগ থাকে না।




দুর্নীতির অভিযোগের মধ্যেই এলজিইডির পিডি আতিকুল, সম্পদ ও অনৈতিক সম্পর্ক নিয়ে নতুন অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলামকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। বরিশালে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অনিয়ম, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ এবং বিপুল অর্থের অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে ঢাকায় এলজিইডি সদর দপ্তরে গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের দায়িত্বে থাকলেও আগের অভিযোগগুলোর যথাযথ তদন্ত হয়নি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বরিশালে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে আতিকুল ইসলাম স্থানীয়ভাবে একটি শক্তিশালী বলয় তৈরি করেছিলেন। ওই বলয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজ ও ঠিকাদারি কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, অনেক ক্ষেত্রে কাজের মান, বাস্তব অগ্রগতি কিংবা প্রকৃত ব্যয়ের বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই বিল-ভাউচার প্রস্তুত ও পরিশোধের সুযোগ তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার ও আত্মসাতের সুযোগ হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

আতিকুল ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগও রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, বরিশালে দায়িত্ব পালনের সময় তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি প্রশাসনিকভাবে সুবিধা পেয়েছেন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের পরও প্রভাবশালী পদে টিকে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, বরিশালে দায়িত্ব পালনের সময় আতিকুল ইসলাম ঠিকাদারদের একটি নির্দিষ্ট অংশকে সুবিধা দেওয়ার মাধ্যমে নিজের প্রভাববলয় তৈরি করেন। কাজ পাওয়া, বিল ছাড় করানো এবং প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার ঘনিষ্ঠদের প্রভাব ছিল বলে কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন। তাদের ভাষ্য, এর ফলে সাধারণ ঠিকাদারদের একটি অংশ প্রতিযোগিতামূলক পরিবেশ থেকে বঞ্চিত হয়েছেন। একই সঙ্গে সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

বর্তমানে আতিকুল ইসলাম এলজিইডির সদর দপ্তরের RIVER (Resilient Infrastructure for Adaptation and Vulnerability Reduction) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এই পদে তার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন কর্মকর্তা। তাদের দাবি, অতীতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিষ্পত্তি না করেই তাকে গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। সদর দপ্তরের ওয়ার্কশপ ভবনের লেভেল-৩-এ তার কার্যালয়ে বিভিন্ন ঠিকাদার ও প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়মিত যাতায়াত নিয়েও কর্মকর্তাদের মধ্যে আলোচনা রয়েছে।

আতিকুল ইসলামকে ঘিরে আরেকটি গুরুতর অভিযোগ হলো ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত। তার বন্ধু ও নরসিংদীর নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশার স্ত্রীর সঙ্গে অনৈতিক বা পরকীয়ার সম্পর্কে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, ফুলকাম বাদশার স্ত্রী দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং সেই সূত্রে আতিকুল ইসলামেরও দেশটিতে নিয়মিত যাতায়াত ছিল। সেখানে ফুলকাম বাদশার পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয় বলেও অভিযোগ রয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্কের এই অভিযোগের পক্ষে স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

আরও অভিযোগ রয়েছে, বরিশালে দায়িত্ব পালনকালে আতিকুল ইসলাম একাধিকবার থাইল্যান্ডে যাতায়াত করেছেন। তার এসব সফরের উদ্দেশ্য, ব্যয়ের উৎস এবং সেখানে কার সঙ্গে তার যোগাযোগ ছিল—এসব বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগকারীদের কেউ কেউ দাবি করেছেন, ঢাকার বিভিন্ন অভিজাত হোটেলেও বিভিন্ন নারীর সঙ্গে তাকে সময় কাটাতে দেখা গেছে।

আতিকুল ইসলামের পারিবারিক সম্পদ নিয়েও নানা অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, তার স্ত্রী ও সন্তান বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তাদের নামে-বেনামে সেখানে বিপুল সম্পদ রয়েছে। একই সঙ্গে দেশে ও বিদেশে আতিকুল ইসলামের সম্পদের পরিমাণ তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। তবে এসব সম্পদের বিষয়ে কোনো সরকারি তদন্তের চূড়ান্ত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই।

এলজিইডির কয়েকজন কর্মকর্তা মনে করেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্ব দিয়ে যাচাই করা দরকার। বিশেষ করে বরিশালে দায়িত্ব পালনের সময় তার সম্পদ বৃদ্ধি, ঠিকাদারদের সঙ্গে আর্থিক সম্পর্ক, প্রকল্পের বিল-ভাউচার, বিদেশ ভ্রমণের অর্থের উৎস এবং বর্তমানে তিনি যে প্রকল্পের দায়িত্বে রয়েছেন সেখানে তার সিদ্ধান্ত গ্রহণের ধরন—এসব বিষয় তদন্তের আওতায় আনা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

অভিযোগকারীদের দাবি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তাহলে শুধু প্রশাসনিক পদায়ন পরিবর্তন না করে তার সম্পদের উৎস এবং প্রকল্প-সংশ্লিষ্ট আর্থিক লেনদেনও যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগের ক্ষেত্রেও সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া এবং প্রমাণ যাচাইয়ের দাবি রয়েছে।

সব মিলিয়ে, এলজিইডির গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্বে থাকা মোহাম্মদ আতিকুল ইসলামকে ঘিরে ওঠা এসব অভিযোগ নতুন করে প্রশ্ন তৈরি করেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হলে তিনি দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ থেকে মুক্ত কি না, নাকি এসব অভিযোগের পেছনে বাস্তব কোনো ঘটনা রয়েছে—তা স্পষ্ট হতে পারে।




কোটি টাকার মাসোহারা থেকে সম্পদের পাহাড়—উত্তর বন্ডে মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফাইল আটকে অর্থ আদায়, বন্ড সুবিধায় অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাস্টমস বন্ড ব্যবস্থাপনার অন্যতম কেন্দ্র বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)। সেই প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে ঘিরে ওঠা ঘুষ, ক্ষমতার অপব্যবহার, বন্ড সুবিধার অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন রাজস্ব কর্মকর্তা (আরও) বিএম আব্দুল্লাহ আল মাসুম এবং কমিশনারের স্টাফ অফিসার এআরও চৌধুরী গোলাম হাসনাইন ওরফে ‘পিচাস হাসনাইন’।

সংশ্লিষ্টদের অভিযোগ, সদ্য বিদায়ী কমিশনার আবু ওবায়দা ও অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাসুম-হাসনাইন চক্র উত্তর বন্ড কমিশনারেটকে একটি শক্তিশালী ঘুষের সিন্ডিকেটে পরিণত করেছিল।

সম্প্রতি উত্তর বন্ড কমিশনারেটে নতুন কমিশনার নিয়োগের পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন কমিশনার অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।

প্রতি মাসে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ : সংশ্লিষ্ট সূত্রের দাবি, উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটে যোগদানের পর থেকে মাসুম-হাসনাইন চক্র বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ আদায় করেছে। কোনো কোনো সূত্র এই অঙ্ক প্রতি মাসে অন্তত ১০ কোটি টাকা পর্যন্ত বলে দাবি করেছে। অভিযোগ রয়েছে, বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর ফাইল আটকে রাখা, অডিট প্রক্রিয়া শিথিল করা, শোকজ নোটিশ প্রত্যাহার, বন্ড লাইসেন্স সংক্রান্ত জটিলতা তৈরি বা নিরসনের নামে অনৈতিক আর্থিক সমঝোতা করা হতো। বিশেষ করে ডিপ্লোমেটিক বন্ড ওয়্যারহাউসের কার্যক্রম থেকে মাসুমের বিরুদ্ধে প্রতি মাসে ২ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত অবৈধ মাসোহারা আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের ভাষ্য, সরকারি একজন রাজস্ব কর্মকর্তার বৈধ আয়ের সঙ্গে এ ধরনের বিপুল অর্থের কোনো সামঞ্জস্য থাকার কথা নয়। ফলে তার আয়-ব্যয়, ব্যাংক হিসাব, কর নথি এবং স্থাবর-অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ অনুসন্ধানের দাবি উঠেছে।

‘গুরু ঠাকুর’ ছিলেন অতিরিক্ত কমিশনার—অভিযোগ :
সংশ্লিষ্টদের অভিযোগ, উত্তর বন্ড কমিশনারেটে মাসুম-হাসনাইন চক্রের প্রভাব বিস্তারে সদ্য বিদায়ী অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অভিযোগ অনুযায়ী, সহকারী রাজস্ব কর্মকর্তা ও কমিশনারের স্টাফ অফিসার গোলাম মোহাম্মদ হাসনাইন, কমিশনারের পিএ মজনু মিয়াসহ কয়েকজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহীকে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়।

এ চক্রের সদস্যরা বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের ওপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। এমনকি মাসুম ও হাসনাইন যেখানে কর্মরত ছিলেন, সেখানেই নিজেদের ঘনিষ্ঠদের নিয়ে পৃথক নেটওয়ার্ক গড়ে তুলতেন—এমন অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের।

হেডকোয়ার্টার রাজস্ব কর্মকর্তার পদ নিয়ে প্রশ্ন
অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাসুমের পদায়ন। সংশ্লিষ্টদের দাবি, চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট থেকে বদলি হয়ে উত্তর বন্ড কমিশনারেটে আসার পর জ্যেষ্ঠতা ও প্রশাসনিক নিয়ম উপেক্ষা করে অঘোষিত তদবিরের মাধ্যমে তিনি কমিশনারেটের গুরুত্বপূর্ণ ‘হেডকোয়ার্টার রাজস্ব কর্মকর্তা’ পদটি বাগিয়ে নেন।

এ পদে থেকেই তিনি কমিশনারেটের গুরুত্বপূর্ণ কার্যক্রমে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এই পদ ব্যবহার করে তিনি বিভিন্ন ফাইল, অডিট, শোকজ এবং বন্ড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করতেন এবং আর্থিক সমঝোতার সুযোগ তৈরি করতেন।

স্ত্রীর নামে বিপুল সম্পত্তির অভিযোগ৷ : মাসুমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সবচেয়ে গুরুতর অংশ তার পরিবারের নামে সম্পদ অর্জন। অভিযোগ অনুযায়ী, মাসুমের স্ত্রী সানজিদা আফরিন লিপির নামে রাজধানীর ভাটারা মৌজায় বিপুল ভূ-সম্পত্তি রয়েছে।

অভিযোগকারীদের দাবি, গৃহিণী হিসেবে পরিচিত লিপির দৃশ্যমান কোনো স্বতন্ত্র আয়ের উৎস না থাকলেও তার নামে উল্লেখযোগ্য সম্পত্তি নিবন্ধিত হয়েছে।

তথ্য অনুযায়ী, ভাটারা মৌজার জেএল নং ১৫, নামজারি খতিয়ান নং ২৯৭১৬, দাগ নং ২০৭৬৩-এর সম্পত্তি নিয়ে ২০১৯-২০ অর্থবছরে ৩৭৫৬(IX-I) নম্বর নামজারি মামলার তথ্য পাওয়া যায়। তবে ওই জমির পরিমাণ নিয়েই সরকারি নথিতে বড় ধরনের অসামঞ্জস্যের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী— মূল নামজারি খতিয়ানে জমির পরিমাণ ০.৪০০০ একর, অর্থাৎ ৪০ শতাংশ বা ২৪ কাঠা, আবার ডিজিটাল ভূমি রেকর্ডে একই সম্পত্তির পরিমাণ ৪.৯৬ একর, অর্থাৎ প্রায় ৩০০ কাঠা দেখানো হয়েছে। এই নথিগত গরমিলের প্রকৃত কারণ কী—তা ভূমি অফিসের রেকর্ড যাচাই করে নির্ধারণ করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অভিযোগকারীদের দেওয়া বর্তমান বাজারদরের হিসাব অনুযায়ী, ভাটারা এলাকায় প্রতি কাঠা জমির মূল্য ৬০ লাখ থেকে ১.৫ কোটি টাকা ধরলে ৪০ শতাংশ জমির আনুমানিক মূল্য দাঁড়ায় ১৫ থেকে ৩৬ কোটি টাকা। আর ডিজিটাল রেকর্ডে দেখানো ৪.৯৬ একর জমির মূল্য ৩০০ কোটি টাকারও বেশি হতে পারে বলে তাদের দাবি। তবে জমির প্রকৃত মালিকানা, পরিমাণ ও বর্তমান বাজারমূল্য সংশ্লিষ্ট সরকারি রেকর্ড ও নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

‘চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ’—গুরুতর অভিযোগ : মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হলো, বন্ড সুবিধায় পণ্য আমদানি করে খোলা বাজারে বিক্রি করে দেওয়া একটি চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর রাজধানীর উত্তরার বিভিন্ন অভিজাত বারে তাদের নিয়মিত আড্ডা বসত এবং সেখানে বন্ড সুবিধাভোগী ও চোরাচালান সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো। এমনকি মাসুম ও হাসনাইন পরোক্ষভাবে সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে যুক্ত—এমন অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

‘ঘুষের টাকায় অঢেল সম্পদ’—তদন্তের দাবি :
সংশ্লিষ্টদের অভিযোগ, মাসুম ও হাসনাইন স্বল্প সময়ের চাকরিজীবনেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। স্ত্রী ও আত্মীয়দের নামে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকা ছাড়াও খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন স্থানে সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের মতে, এসব সম্পদের বৈধ উৎস যাচাই করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। এ কারণে মাসুম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, আয়কর রিটার্ন, জমি-ফ্ল্যাটসহ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য যাচাইয়ের দাবি উঠেছে।

রাজস্ব ব্যবস্থায় কী প্রভাব পড়ছে ? কাস্টমস বন্ড ব্যবস্থা মূলত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেয়। ফলে এ ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি রপ্তানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিযোগকারীদের ভাষ্য, গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে যদি কোনো কর্মকর্তা ফাইল আটকে বা ছাড়ার বিনিময়ে অর্থ আদায় করেন, তাহলে সেটি শুধু ব্যক্তিগত দুর্নীতির বিষয় থাকে না; এর প্রভাব পড়ে ব্যবসার পরিবেশ, রাজস্ব আদায় এবং পুরো বন্ড ব্যবস্থার ওপর। নাম প্রকাশ না করার শর্তে বন্ড কমিশনারেটের এক সাবেক কর্মকর্তা বলেন, হেডকোয়ার্টার রাজস্ব কর্মকর্তার পদটি কমিশনারেটের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে যুক্ত। ফলে এই পদকে কেন্দ্র করে সংঘবদ্ধ অনিয়ম হলে তার প্রভাব পুরো প্রতিষ্ঠানেই পড়ে।

বদলির গুঞ্জন, নাকি ‘নিজেই বদলির চেষ্টা ’? এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর বিএম আব্দুল্লাহ আল মাসুমকে উত্তর কাস্টমস বন্ড কমিশনারেট থেকে বদলি করা হতে পারে—এমন গুঞ্জন রয়েছে। অন্যদিকে, অভিযোগ ধামাচাপা দিতে তিনি নিজেই অন্যত্র বদলির চেষ্টা করছেন বলেও সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে। তবে বদলি সংক্রান্ত এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দুদকের নজরদারি ও তদন্তের দাবি : মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারি রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি : অভিযোগের সত্যতা যাচাইয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিশেষ করে—মাসুম ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব, আয়কর রিটার্ন এবং স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য যাচাই, ডিপ্লোমেটিক বন্ড ওয়্যারহাউসসহ সংশ্লিষ্ট বন্ড প্রতিষ্ঠানগুলোর ফাইল, লেনদেন ও অডিট কার্যক্রম পরীক্ষা, মাসুমের স্বাক্ষরিত ফাইল নোটিং ও সিদ্ধান্তগুলো পর্যালোচনা, বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন ও যোগাযোগের আইনসম্মত নথি পর্যালোচনা—এসব পদক্ষেপ নেওয়া।

নতুন কমিশনারের সামনে বড় চ্যালেঞ্জ : উত্তর বন্ড কমিশনারেটে নতুন কমিশনার নিয়োগের পর কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা এখন এক জায়গায়—অভিযোগগুলো কতটা সত্য, তা নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসবে কি না।

সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং নবনিযুক্ত কমিশনারের প্রতি মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের ভাষায়, কাস্টমস বন্ডের মতো স্পর্শকাতর রাজস্ব ব্যবস্থায় কোনো ‘ঘুষ সিন্ডিকেট’ যদি সত্যিই সক্রিয় থাকে, তাহলে শুধু কয়েকজন কর্মকর্তার বদলি নয়—পুরো চক্রের আর্থিক লেনদেন, সম্পদ ও প্রশাসনিক যোগসূত্র খুঁজে বের করাই হবে সবচেয়ে জরুরি কাজ।

অভিযোগগুলোর বিষয়ে বিএম আব্দুল্লাহ আল মাসুম, চৌধুরী গোলাম হাসনাইন, সদ্য বিদায়ী কমিশনার আবু ওবায়দা এবং অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে সংযুক্ত করা হবে।