জটিলতা কাটিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে স্বাভাবিক হচ্ছে আমদানি-রপ্তানি

ডেস্ক নিউজ : দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশে পণ্য রপ্তানিতে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও সেদেশের ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমদানি-রপ্তানি বন্ধে ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অবশেষে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এতে হিলি স্থলবন্দর দিয়ে ৫ দিন পর শনিবার থেকে শুরু হতে যাচ্ছে আমদানি-রপ্তানি।
জানা গেছে, বাংলাদেশে পণ্য রপ্তানিতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টিসহ স্থানীয় প্রশাসনের অবৈধ হস্তক্ষেপের সুবিচার চেয়ে ভারতের হিলির ব্যবসায়ীরা গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রাখে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ রাখা হয়। ফলে অচল হয়ে পড়ে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। বেকার হয়ে পড়ে শত শত শ্রমিক।

এ বিষয়ে সন্ধ্যায় যোগাযোগ করা হলে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ মন্ডল জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের কয়েকদফা বৈঠক হয়েছে। ওই বৈঠকে হিলি স্থলবন্দরের অবকাঠামোসহ বাংলাদেশে পণ্য রপ্তানিতে যেসব বাধা রয়েছে তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানে আশ্বস্ত করা হলে পণ্য রপ্তানি বন্ধে আমাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, গত বুধবার মুখ্যমন্ত্রী বালুঘাট সফরে এসেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। আমাদের পক্ষে তার কাছে হিলি স্থলবন্দরকে আধুনিকায়ন করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহজীকরণ ও কী কী প্রতিবন্ধকতা রয়েছে সেসব বিষয় তুলে ধরা হয়েছিল। বক্তব্যে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত সমাধানের কথা বলেছিলেন। এরই ফলশ্রুতিতে আমাদের সঙ্গে আজকে (বৃহস্পতিবার) এই বৈঠক হয়েছে। আগামী শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরশু শনিবার থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হবে।

রাতে জানতে চাইলে বাংলাদেশের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার ভারতের বালুরঘাটে জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের বৈঠক হয়েছে, এটা আমরা শুনেছি। তবে কী সিদ্ধান্ত হয়েছে তা আমাদের চিঠি দিয়ে এখনও জানানো হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যে জানানো হতে পারে।

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে ব্যবসা সহজীকরণসহ অন্যান্য সৃষ্ট সমস্যা সমাধানে ভারতের ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট যৌক্তিক ছিল। কারণ বিভিন্ন প্রতিবন্ধকতা ও জটিলতায় হিলি স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্য কমতে কমতে আজ শূন্যের কোটায় নেমে গেছে। এই অবস্থায় উভয় দেশের স্থলবন্দরের ব্যবসায়ীরা ভালো নেই।




সিরিয়ার কাছে হেরে বিদায়ের পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আর এরপর থেকেই এএফসি অ-২০ এশিয়া কাপে খেলার স্বপ্ন ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু উজবেকিস্তানে বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন অনেকটাই শেষ হওয়ার পথে।

উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে সিরিয়ার কাছে হেরেছে। এই হারে বাংলাদেশ দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।তাদের অবস্থান সবার তলানিতে। সিরিয়া নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে ১-০ গোল ব্যবধানে। আজ বাংলাদেশকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার দৌড়ে এসেছে।

বাছাইপর্বে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ আগামী বছর চূড়ান্তপর্বে খেলবে। আজ ঘণ্টা দুয়েক পর ভারত ও উজবেকিস্তান ম্যাচ ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। কারণ ভারত ও উজবেকিস্তানের ৪ পয়েন্ট হবে। আর বাংলাদেশ পরের ম্যাচ জিতলেও রানার্স আপ হওয়ার সুযোগ থাকবে না।

সিরিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধের প্রায় পুরো সময় লড়াই করেছিল। ৪৪তম মিনিট ও প্রথমার্ধের ইনজুরি সময়ে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিরিয়া। দুই গোলই হয়েছে বাংলাদেশের ডিফেন্সের দায়ে। প্রথম গোলে সিরিয়ার ফরোয়ার্ড উড়ন্ত বল ব্যাক হিল করে সতর্থীকে দেন। তাকে মার্ক করতে পারেনি বাংলাদেশের ডিফেন্ডাররা। দুই মিনিট পর বক্সের অন্য প্রান্তে দূরপাল্লার শট থেকে আরেক গোল পায় সিরিয়া। দুই গোলেই গোলকিপার দুই দিকে ঝাপালেও গোল সেভ করতে পারেননি।

দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। বাংলাদেশ পরের অর্ধেও খেলায় ফিরতে পারেনি। সিরিয়ার ফুটবলারররা বাংলাদেশের অর্ধেই বল নিয়ে ঘুরেন প্রায় সময়। বাংলাদেশ বলার মতো আক্রমণ করতে পারেনি। উল্টো ৮৯তম মিনিটে আরেক গোল হজম করে। আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে ভারতের মোকাবেলা করবে।




বিআরটিএ মিরপুরে দালাল সিন্ডিকেটের দাপট, নেপথ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা রুহুল আমিন!

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ এর সহকারী রাজস্ব কর্মকর্তা খান মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। গত বছর সিএনজি স্ক্র্যাপ সংক্রান্ত অনিয়মে জড়িতদের তালিকায় তাঁর নাম উঠে আসে এবং সে সময় কোটি টাকা লোপাটের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এত অভিযোগের পরও তিনি এখনো একই সার্কেলে বহাল তবিয়তে রয়েছেন। এবার নতুন করে তাঁর বিরুদ্ধে দালালদের ‘রামরাজ্য’ গড়ে তোলার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, ঢাকা মেট্রো সার্কেল-১-এ প্রায় দুই যুগ ধরে কর্মরত আছেন রুহুল আমিন। সাবেক হিসাবরক্ষক থেকে বর্তমানে তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে নতুন-পুরাতন লাইসেন্স, মালিকানা বদলি ও রুট পারমিট দেওয়ার কাজ তাঁর হাত দিয়েই হয়। এত অভিযোগ সত্ত্বেও তিনি মিরপুরের এই সার্কেলেই স্বপদে বহাল রয়েছেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী শাজাহান খান ও আওয়ামী লীগ নেতা নিক্সন চৌধুরীর আত্মীয় পরিচয় দিয়ে তিনি প্রভাব খাটাতেন, যার ফলে তাঁর দুর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

অনুসন্ধানে আরও জানা গেছে, বিআরটিএ দালাল সিন্ডিকেটের মূল হোতা মো. হারুন অর রশিদ রুবেলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন রুহুল আমিন। অভিযোগ অনুযায়ী, তাঁর সহায়তায় রুবেল গাড়ির মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত লেনদেন থেকে অর্থ আদায় করে শূন্য থেকে কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন। তাঁর ঢাকায় ফ্ল্যাট-গাড়িসহ নামে-বেনামে কয়েক কোটি টাকার সম্পদ থাকার অভিযোগও রয়েছে।

জানা যায়, মিরপুর বিআরটিএ কার্যালয়ের পাশে ‘শাহরাস্তি বিজনেস সেন্টার’ নামে একটি দোকান ভাড়া নিয়েছেন রুবেল, যেখানে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা নেওয়া হয় এবং সেখানেই সক্রিয় থাকে দালালদের একটি শক্তিশালী সিন্ডিকেট। বিআরটিএ দালালদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর পর প্রকাশ্যে দালাল দেখা না গেলেও, এখন মিরপুরের বেশিরভাগ দালাল ওই দোকানের সামনেই অবস্থান করেন এবং সেখানে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হয় বলে অভিযোগ।

অভিযোগ অনুসারে, বিআরটিএ কার্যালয়ের কাছাকাছি অবস্থানের কারণে সারা ঢাকার দালালরা রুবেলের কাছে বিভিন্ন কাজ জমা দেন, যা তাঁর ব্যক্তিগত সহকারী আব্দুল কাদেরের মাধ্যমে রুহুল আমিনের কাছে পৌঁছে যায়। কাজ সম্পন্ন হলে একই মাধ্যমে তা আবার রুবেলের কাছে ফেরত পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর এক কর্মকর্তা বলেন, অন্য সার্কেলের কর্মকর্তারা যেসব ঝামেলাপূর্ণ কাজ এড়িয়ে যান, রুহুল আমিন সেসব কাজও সহজে সমাধা করে ফেলেন-তাঁর কাছে যেন এক ধরনের ‘বিশেষ ক্ষমতা’ রয়েছে।

প্রশ্ন আসে এসব ‘রুহুল আমিনদের’ খুঁটির জোর কোথায়? প্রতিটি সরকারের আমলেই এই ধরনের কর্মকর্তারা বিআরটিএ থেকে সুবিধা আদায় করেন এবং দুই যুগ ধরে এক সার্কেলে থাকার সুযোগ পান। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিএনজি প্রতিস্থাপনের নামে বিআরটিএর কিছু কর্মকর্তা ও মালিক সমিতির কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় রুহুল আমিন সহযোগী হিসেবে যুক্ত ছিলেন অভিযোগ পাওয়া যায় । তবে মাঝেমধ্যে লোকদেখানো অভিযানের আড়ালে এসব কর্মকর্তা থেকে যান আড়ালেই, আর তাঁদের কাছেই জিম্মি থাকেন সেবাগ্রহীতারা।

অভিযোগের বিষয়ে রুহুল আমিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।




ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

ক্রীড়া ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটেই ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন বিসিবি সভাপতি তামিম ইকবাল এ ঘোষণা দেন।

নতুন ম্যাচ ফি কাঠামো অনুযায়ী, পুরুষ ক্রিকেটাররা এখন প্রতিটি প্রথম-শ্রেণীর ম্যাচের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন, যা আগে ছিল ৭০ হাজার টাকা। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তামিম নিজেই এই ফি বাড়িয়ে ১ লাখ টাকা করেছিলেন।

‘লিস্ট এ’ ম্যাচের ফি-ও দ্বিগুণ করা হয়েছে। এখন খেলোয়াড়রা প্রতি ম্যাচের জন্য ১ লাখ টাকা পাবেন, যা আগে ছিল ৫০ হাজার টাকা। এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচের ফি ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে।

নারীদের চার দিনের ম্যাচের ফি ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। একদিনের ম্যাচের ক্ষেত্রে তা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও টি-টোয়েন্টি ম্যাচের ফি ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

মিরপুরে বোর্ড সদর দপ্তরে বিসিবির কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠকের পর সাংবাদিকদের তামিম বলেন, খেলোয়াড়দের পক্ষ থেকে এক দুটি প্রস্তাব এসেছিল। শেষ পর্যন্ত আমরা আসলে আমি এটাকে দুটি পক্ষ হিসেবে দেখি না। পক্ষ একটাই, আমরা সবাই এক। ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, পরিচালক, সভাপতি সবাই আমরা এক।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে যা সিদ্ধান্ত নিয়েছি বিপিএলে সব মিলিয়ে ৫০, ৬০, ৬৫ বা ৭০ জন স্থানীয় ক্রিকেটার খেলবেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক প্রেক্ষাপটে যদি তাকান ফার্স্ট-ক্লাস, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি মিলিয়ে প্রায় ১৫০ থেকে ২০০ জন ক্রিকেটারের সম্পৃক্ততা রয়েছে। এখন ঢাকা লিগ থেকে তারা দুই-তিন বছর আগে যে আয় করতেন, তা হয়তো কমে গেছে। তার ওপর, এ বছর বিপিএল অনুষ্ঠিত না হওয়ায় এর ফলে আর্থিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিসিবি সভাপতি বলেন, আমি কখনোই খেলোয়াড়দের জন্য কেবল এক বছরের কোনো সমাধান চাইনি। আমি এমন একটি সমাধান চেয়েছিলাম, যা ক্রিকেটাররা বছরের পর বছর উপকূত হয়। তিনি আরও উল্লেখ করেন, এই পদক্ষেপের ফলে ক্রিকেটাররা কেবল বিসিবি-র টুর্নামেন্ট খেলেই আর্থিকভাবে স্থিতিশীল থাকতে পারবেন, কারণ তারা মাসে প্রায় ৩ লাখ টাকা আয় করবেন।

সাবেক এই ক্রিকেটার মতে, সবকিছুর খরচই ১০০ শতাংশ বা তার বেশি বেড়েছে। আর এর সুফল কী? সেটাই আসল প্রশ্ন। এখন একজন ঘরোয়া ক্রিকেটার যদি পুরো মৌসুম খেলেন, তবে বেতনসহ আমার হিসাব যদি ভুল না হয় তারা বছরে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করবেন। এটাকে ১২ দিয়ে ভাগ করলে দেখা যায়, একজন খেলোয়াড়ের মাসিক আয় ৩ লাখ টাকারও বেশি হবে। পরিবার চালানোর জন্য তাদের আর কোনো দুশ্চিন্তা করতে হবে না বলেই আমার মনে হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই সঙ্গে তিনি যোগ করেন, এখন তিনি খেলোয়াড়দের কাছ থেকে পেশাদারিত্ব আশা করছেন।

তামিম আরও জানান, মৌসুম শুরুর আগে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন না, তাদের ক্ষেত্রে কোনো অনুরোধ বা সুপারিশ বিসিবি আমলে নেবে না। খেলোয়াড়দের পক্ষ থেকে যেসব দাবি এসেছিল, আমরা তার সবই পূরণ করব। তবে আমাদের পক্ষ থেকে করা দাবিগুলোও তাদের পূরণ করতে হবে। প্রথম-শ্রেণীর ক্রিকেটে পেশাদারিত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

তামিম বলেন, কেউ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হলে কোনো অনুরোধ বা তদবির শোনা হবে না। বোর্ড যখন সবকিছু এবং প্রয়োজনীয় সব আর্থিক সহায়তা দিচ্ছে, তখন খেলোয়াড়দের পেশাদারিত্বের বিষয়টিও এখন কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ-এর তথ্যমতে, ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি এবং বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর চার-দিনের ও একদিনের ম্যাচের মতো টুর্নামেন্টগুলোর সম্পূর্ণ আর্থিক ভার বহন করার বিষয়ে বিসিবি আর আগ্রহী নয়। প্রস্তাবিত মডেল অনুযায়ী, বিসিএল-এর চার-দিনের ও একদিনের ম্যাচ এবং এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোকে একটি একক বাণিজ্যিক প্যাকেজ হিসেবে বাজারজাত করার পরিকল্পনা করছে বিসিবি।

প্রতিটি প্রতিযোগিতায় ব্যক্তিগত মালিকানাধীন ছয়টি দল অংশ নেবে এবং এই সম্মিলিত সূচির জন্য প্রায় ৬০ দিন সময় বরাদ্দ থাকবে। তবে বিভাগীয় দলগুলোকে নিয়ে আট দলের প্রথাগত চার দিনের এনসিএল চ্যাম্পিয়নশিপটি তার বর্তমান কাঠামোতেই অব্যাহত থাকবে। পাশাপাশি তিন দিনের এনসিএল ‘সেকেন্ড একাদশ’ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।




আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

বিনোদন ডেস্ক : জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুইটি হত্যা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে হাজির হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার সশরীরে আদালতে গিয়ে জামিন আবেদন করেন তিনি। তবে শুনানি শেষে তার আবেদন ফিরিয়ে দেন হাইকোর্ট।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে করা। ২০২৫ সালের ২ মে মামলাটি দায়ের হয়। এতে শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।

এ মামলায় সাংবাদিকদের মধ্যেও ১৫ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহা। শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন তিনি। কিন্তু শুনানি শেষে আদালত তার জামিন আবেদন ফিরিয়ে দেন।




প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

ডেস্ক নিউজঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি তার অফিসে উপস্থিত হন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, বিএনপির জাতীয়  স্হায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস-এমপি আজ প্রথম জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন।
এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরে আসেন মির্জা আব্বাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ মার্চ শারীরিক অবস্থার আরও অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।



মেসিকে সম্মান জানাতে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

ক্রীড়া ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে তার বিদায়টা মাঠ থেকে হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জাতীয় দলকে বিদায় বলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তবে জাতীয় দলের হয়ে মেসির দুই দশকের বর্ণিল পথচলাকে মাঠেই বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের দশম মিনিটে খেলা থামবে। দেওয়া হবে এক মিনিটের করতালি। মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর তাকে সম্মান জানাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। সে জন্যই খেলা থামানো হবে দশম মিনিটে। পুরুষ ও নারীদের সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় সিদ্ধান্তটি কার্যকর করা হবে। বুধবার (২ সেপ্টেম্বর) এএফএ এক বিবৃতিতে খবরটি জানিয়েছে।

শুধু করতালিতেই শেষ হচ্ছে না মেসির জন্য আয়োজন। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হবে। মেসি আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেওয়ার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।

এর আগে গত সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি অবসরের বার্তায় লিখেছেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার আরও লেখেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি। কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’




প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকার কালে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বেগবান ও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ মতামত ব্যক্ত করেন। বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে বৈঠকে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে চীনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠককালে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে দেশটির অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতা আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, তার অপরাধই দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। দলমত নির্বিশেষে অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ আসামি গ্রেপ্তার’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। কে কোন দল করে, সেটি দেখার বিষয় নয় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করাই আমাদের মূল কাজ। অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।




ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার

আন্তর্জাতিক ডেস্কঃ ডেনমার্কের সামরিক প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে রুশ গোয়েন্দা সংস্থা সরাসরি নাশকতামূলক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (পিইটি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পিইটির কাউন্টারইন্টেলিজেন্স বিভাগের প্রধান এমিল গ্রেসহোম স্থানীয় ড্যানিশ সংবাদমাধ্যম ডিআর এবং বার্লিংস্কেকে জানান, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া কোম্পানিগুলোকে লক্ষ্য করে রাশিয়া সুনির্দিষ্ট নাশকতার পরিকল্পনা করছে। এটি কেবল ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং রাশিয়া ইতিমধ্যেই এই ধরণের হামলার বাস্তব পরিকল্পনা শুরু করে দিয়েছে।

ড্যানিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ ড্যানিশ নাগরিকদের প্রলুব্ধ করার চেষ্টা করছে রাশিয়া। ছবি তোলা বা তথ্য সংগ্রহের কাজ দিয়ে পরে সেই তথ্য নাশকতার পরিকল্পনায় ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

পরিস্থিতি মোকাবেলায় পিইটি ডেনমার্কের সামরিক গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরালো করার নির্দেশ দিয়েছে। কনফেডারেশন অব ড্যানিশ ইন্ডাস্ট্রির নিরাপত্তা প্রধান রাসমুস অ্যান্ডারস্কাউ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ড্যানিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ফ্লেমিং স্প্লিডসবোয়েল এই হুমকিকে একদম নতুন ও উন্নত মাত্রার বলে উল্লেখ করেছেন। অন্যদিকে সাবেক সামরিক গোয়েন্দা বিশ্লেষক জ্যাকব কার্সবো জানান, ড্যানিশ কর্তৃপক্ষের এই আগাম সতর্কবার্তা রাশিয়ার কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেবে।

সূত্র: আনাদোলু এজেন্সি