দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার ও বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন এ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাজ্যপ্রবাসীসহ বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধা দিয়ে অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের এই অবদান ও ভূমিকা চিরদিন স্মরণ রাখবে।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি প্রতিনিধিদল বিমানবন্দরে হয়রানি, ভোটদানের অধিকারসহ ব্যবসায়িক ও নাগরিক বিভিন্ন সুবিধা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, বিমানবন্দরে হয়রানি, প্রবাসীদের ভোটদানের সুযোগসহ বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। প্রবাসীদের পূর্ণাঙ্গ সেবাব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সরকার প্রবাসী কার্ড চালু করেছে।

রাষ্ট্রপতি প্রবাসীদের দেশে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ করে দেশে বিনিয়োগের যে সুযোগ সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি প্রবাসীদের তা গ্রহণ করার আহ্বান জানান। রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিধিদলটি দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই আপনারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। আপনারা দেশের ইতিবাচক ভাবমূর্তি বিদেশে তুলে ধরবেন। প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।




সরকার বদলেছে, বদলায়নি প্যারাডাইমের ভাগ্য: পূর্তের গুরুত্বপূর্ণ দুই সার্কেলে প্রভাব, একের পর এক বড় কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের হাতে

বিশেষ প্রতিবেদকঃ সরকারি গুরুত্বপূর্ণ ভবন, ভিআইপি স্থাপনা কিংবা বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জার কাজে দীর্ঘদিন ধরেই বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে ‘প্যারাডাইম আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’-এর বিরুদ্ধে। বিভিন্ন সরকারের সময় গণপূর্ত অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কাজের একটি বড় অংশ প্রতিষ্ঠানটির হাতে যাওয়ার বিষয়টি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কিছুদিন প্রতিষ্ঠানটির কার্যক্রমে ভাটা পড়লেও এখন আবারও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার বড় অঙ্কের কাজ পেতে শুরু করেছে প্যারাডাইম।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, গত দুই বছরে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ভবন, জাতীয় রাজস্ব বোর্ডের ভবন এবং সরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সংস্কার, সৌন্দর্যবর্ধন, সম্প্রসারণ ও নির্মাণকাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। এসব কাজের সম্মিলিত মূল্য কয়েক দশক কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে গণপূর্ত অধিদপ্তরের ভেতরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগে শুরু হওয়া তদন্তও কার্যত এগোয়নি বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তৎকালীন গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম প্যারাডাইমের কার্যক্রম খতিয়ে দেখতে উদ্যোগ নেন। এ জন্য গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন বিভাগ থেকে প্রতিষ্ঠানটির কাজ ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, তথ্য-উপাত্ত সংগ্রহের পর তদন্তের কার্যক্রম আর দৃশ্যমানভাবে এগোয়নি। সংশ্লিষ্ট নথিগুলো পূর্ত ভবনের প্রশাসনিক শাখায় পড়ে রয়েছে বলেও দাবি সূত্রের।

প্যারাডাইমের নতুন করে কাজ পাওয়ার বিষয়টির সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) ড. আবু নাসের চৌধুরীর প্রভাবের বিষয়টিও সামনে এনেছেন কয়েকজন কর্মকর্তা। তাদের অভিযোগ, আগে যেসব কর্মকর্তার পৃষ্ঠপোষকতার কথা আলোচনায় ছিল, তাদের কেউ কেউ এখন দায়িত্বে না থাকলেও প্রতিষ্ঠানটির কাজ পাওয়ার ক্ষেত্রে নতুন করে প্রভাবশালী যোগাযোগ তৈরি হয়েছে।

ড. আবু নাসের চৌধুরী বর্তমানে ঢাকা সার্কেল-২-এর দায়িত্বে রয়েছেন। পাশাপাশি সার্কেল-১-এর অতিরিক্ত দায়িত্বও তার হাতে এসেছে। ফলে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর বড় একটি অংশের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের প্রশাসনিক তদারকির দায়িত্ব একই কর্মকর্তার অধীনে রয়েছে। আর এই সময়েই প্যারাডাইমের কাজের পরিমাণ বাড়ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

ঢাকা সার্কেল-২-এর আওতায় রয়েছে গণপূর্ত ভবন, হাইকোর্ট, সচিবালয়, তেজগাঁও, বাংলাদেশ টেলিভিশন, ওয়ারী, কেরানীগঞ্জ কারাগার এবং রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল প্রতিষ্ঠান। এসব স্থাপনার সংস্কার, মেরামত ও উন্নয়নকাজের বড় একটি অংশ এই সার্কেলের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। কর্মকর্তাদের অভিযোগ, এই সার্কেলের বিভিন্ন কাজেও প্যারাডাইমের উপস্থিতি চোখে পড়ার মতো।

নথিপত্রের তথ্য অনুযায়ী, পুরানা পল্টনের ৭১ নম্বর ভবনে ভূমি মন্ত্রণালয়ের সিটিজেন সার্ভিস সেন্টার তৈরির জন্য প্রায় ৩৮ লাখ টাকার সংস্কারকাজ পায় প্যারাডাইম। সচিবালয়ের ১ নম্বর ভবনের বিভিন্ন কক্ষ সংস্কারে প্রায় ৬১ লাখ টাকা, একই ভবনের ১৪/ক নম্বর কক্ষ আধুনিকায়নে ১ কোটি ২০ লাখ টাকা এবং ভিভিআইপি কনফারেন্স রুমের পাশে নতুন টয়লেট নির্মাণ ও অন্যান্য সংস্কারকাজে আরও ১ কোটি ৫৬ লাখ টাকার কার্যাদেশ প্রতিষ্ঠানটির হাতে যায়।

সচিবালয়ের অন্যান্য কাজেও একই প্রতিষ্ঠানের অংশগ্রহণ দেখা যায়। ৭ নম্বর ভবনের সংস্কারে প্রায় ৫৫ লাখ টাকা, ৪ নম্বর ভবনে ৭৪ লাখ টাকা এবং ডে-কেয়ার সেন্টারের সংস্কারে প্রায় ৪৪ লাখ টাকার কাজ প্যারাডাইম পেয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। এর বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কনফারেন্স রুম ও সংশ্লিষ্ট উন্নয়নকাজে ৫৬ লাখ টাকা এবং বিসিএস প্রশাসন একাডেমির দেয়াল সৌন্দর্যবর্ধনের কাজে প্রায় ৫৭ লাখ টাকার কার্যাদেশও প্রতিষ্ঠানটির হাতে গেছে।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্যও কাজ পেয়েছে প্যারাডাইম। ২০২৫-২৬ অর্থবছরে আইসিটি রুম, টয়লেট ও শেড নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজের জন্য প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।

রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও প্যারাডাইমের কাজের পরিধি রয়েছে বলে নথিতে দেখা যায়। শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্কারকাজে প্রায় ৪২ লাখ টাকা, আগারগাঁওয়ের এসএমআরসি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১৫ কোটি টাকা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাফেটেরিয়া ও বিভিন্ন হলের নির্মাণ, পরিবর্তন ও সম্প্রসারণের দুটি কাজে মোট প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকার কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি।

বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সেতু ভবন নিয়েও প্যারাডাইমের বড় অঙ্কের কাজ রয়েছে। সংস্কার, রেট্রোফিটিং ও পুনর্নির্মাণের তিনটি পৃথক প্যাকেজে প্রতিষ্ঠানটি প্রায় ১১ কোটি টাকার কাজ পেয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উঠে এসেছে। এর পাশাপাশি এনবিআর ভবনের প্রায় ৪৯ লাখ টাকার একটি কাজও প্রতিষ্ঠানটির হাতে গেছে।

স্বাস্থ্যখাতের সরকারি স্থাপনাতেও প্যারাডাইমের কাজ রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকার গ্লাস কার্টেইন ওয়াল স্থাপনের কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংস্কারে প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা এবং অডিটোরিয়াম এলাকার রাস্তা মেরামতে আরও প্রায় ৩৭ লাখ টাকার কাজ পাওয়ার তথ্যও রয়েছে।

এদিকে প্যারাডাইমের কাজ পাওয়ার সময়ই গণপূর্ত অধিদপ্তরে ড. আবু নাসের চৌধুরীর দায়িত্বও বিস্তৃত হয়েছে। গত ১৩ আগস্ট নারীঘটিত বিষয়সহ বিভিন্ন অভিযোগের পর সার্কেল-১-এর তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে ওই সার্কেলের অতিরিক্ত দায়িত্বও আবু নাসেরের হাতে আসে।

গণপূর্তের সার্কেল-১ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। এর অধীনে রয়েছে ঢাকা গণপূর্ত বিভাগ-১, ঢাকা গণপূর্ত বিভাগ-২, নগর গণপূর্ত বিভাগ এবং আরবরিকালচার বিভাগ। বঙ্গভবন, মন্ত্রীপাড়া, প্রধানমন্ত্রীর বাসভবন, জুলাই জাদুঘর, ওসমানী স্মৃতি মিলনায়তন, রমনা পার্ক, এলেনবাড়ি, জাজেস কমপ্লেক্স, মতিঝিল ও কাকরাইলসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার দায়িত্ব এই সার্কেলের আওতায়। ফলে দুটি সার্কেলের দায়িত্ব একই কর্মকর্তার হাতে থাকায় রাজধানীর স্পর্শকাতর সরকারি স্থাপনার বিপুলসংখ্যক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের ওপর তার প্রভাব বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটেও এই দুই সার্কেলের অধীনে থাকা বিভাগগুলোর জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ রয়েছে। সার্কেল-২-এর ইডেন ভবন গণপূর্ত বিভাগের জন্য ২৫ কোটি টাকা, মেডিকেল গণপূর্ত বিভাগ ঢাকার জন্য ১৫ কোটি টাকা, ঢাকা গণপূর্ত বিভাগ-৩-এর জন্য ১৩ কোটি ৪০ লাখ টাকা এবং ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এর জন্য ২৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে সার্কেল-১-এর নগর গণপূর্ত বিভাগের জন্য ৩০ কোটি টাকা, ঢাকা গণপূর্ত বিভাগ-১-এর জন্য ১১ কোটি ৭৫ লাখ টাকা, ঢাকা গণপূর্ত বিভাগ-২-এর জন্য ২৩ কোটি টাকা এবং আরবরিকালচার বিভাগের জন্য ১১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। অর্থাৎ দুই সার্কেলের অধীন বিভাগগুলোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতে বিপুল অর্থের নিয়ন্ত্রণ ও তদারকি এখন একজন কর্মকর্তার দায়িত্বের সঙ্গে যুক্ত।

গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, সরকার পরিবর্তনের পরও ড. আবু নাসের চৌধুরীর প্রভাব কমেনি; বরং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তার প্রভাব আরও বেড়েছে। তাদের অভিযোগ, এলেনবাড়ীতে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনসহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আগেও আলোচনায় ছিলেন এই প্রকৌশলী। বর্তমানে তার দায়িত্বের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে প্যারাডাইমের উপস্থিতি বাড়ায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এমনকি গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সচিবালয়ের কার্যালয়ের সাজসজ্জার কাজও প্যারাডাইমকে দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। ফলে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান কীভাবে একের পর এক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার কাজ পাচ্ছে এবং প্রতিটি কাজের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম অনেক সময় অডিট প্রতিবেদনে যথাযথভাবে উঠে আসে না। সরকার পরিবর্তনের পরও যদি একই ধরনের ঠিকাদারি প্রতিষ্ঠান অভ্যন্তরীণ যোগাযোগ বা আঁতাতের মাধ্যমে কাজ পেতে থাকে, তাহলে এসব অভিযোগ যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন প্যারাডাইম আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোহাম্মদ। তিনি দাবি করেন, সাবেক গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকারের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির অবসরে যাওয়ার পর তাদের প্রতিষ্ঠানের সঙ্গে শুধু পরামর্শক হিসেবে যুক্ত রয়েছেন বলেও জানান তিনি।

প্যারাডাইমের বিরুদ্ধে তদন্তের বিষয়ে ফয়সাল মোহাম্মদ বলেন, তদন্ত কমিটি গঠন হয়েছে কি না সে বিষয়ে তারা অবগত নন এবং এ বিষয়ে প্রতিষ্ঠানকে কোনো চিঠিও দেওয়া হয়নি। ড. আবু নাসের চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার কাজ পাওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। তার দাবি, প্যারাডাইম সচিবালয়ে কোনো কাজ করেনি এবং আবু নাসের চৌধুরীর দায়িত্বাধীন সার্কেলের অধীনেও তাদের কোনো প্রকল্প নেই।

অন্যদিকে, ড. আবু নাসের চৌধুরীর কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ফলে একদিকে প্যারাডাইমের হাতে একের পর এক সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার কাজ যাওয়ার নথি, অন্যদিকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি নিয়ে অস্পষ্টতা—দুই বিষয় মিলিয়ে গণপূর্ত অধিদপ্তরের ভেতরে আবারও প্রশ্ন তৈরি হয়েছে। একই প্রতিষ্ঠানের হাতে এতগুলো গুরুত্বপূর্ণ কাজ যাওয়ার ক্ষেত্রে দরপত্র ও সরকারি ক্রয়বিধির প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না এবং কাজগুলোর মূল্য বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন।

এছাড়া অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন। এ ব্যাপারে জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এসময় বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার জন্য পুলিশকে নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখতে এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি এ ব্যাপারে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।




বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা করার প্রস্তাব রাখা হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে এই তারিখ নির্ধারণ করেছি।

বৃহস্পতিবার তাবলিগের মাওলানা সাদপন্থিরা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের কারণে এক বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা হয়নি। আজকে দুই অংশের একটি পক্ষকে (মওলানা সাদপন্থি) নিয়ে আলোচনা হয়েছে। এর আগে বেশ কিছুদিন আগে জুবায়েরপন্থি হিসেবে যারা পরিচিত তাদের সঙ্গেও কথা হয়েছে। তাদেরও বলেছিলাম আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলব।

তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। আমরা চাই যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়। কারণ এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। এজন্য আমরা বিষয়টি লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেব। যেহেতু আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেইনি, এর বেশি এই মুহূর্তে আমরা বলতে পারছি না।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুবায়েরপন্থিদের দাবি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব তারা করতে চান। আর সাদপন্থিদের দাবি হচ্ছে রমজানের আগে এবং ওই দুই পর্বের পরে এর মধ্যবর্তী সময়ে এক পর্বে ইজতেমা করা। অথবা নভেম্বরের শেষ দিকে প্রস্তাবিত এই দুই পর্ব শুরুর আগেই সাদপন্থিরা ইজতেমা করতে চান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাওলানা সাদ সাহেবের আগমনের বিষয়টি ধর্ম অনুসারে ধর্ম মন্ত্রণালয় দেখবে, সেই হিসেবে তারা সিদ্ধান্ত নেবে। এটা ভিসানীতি অনুসারে দেখা হবে। এ বিষয়ে এখন আমরা চূড়ান্ত কিছু বলতে পারব না। ভিসানীতি অনুসারে যেভাবে ক্লিয়ারেন্স নিতে হয় সেভাবে নেবে, তারপরে দেখা যাবে।




জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, শোভাযাত্রা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীকে পুলিশের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। শোভাযাত্রার নির্ধারিত পথ হলো শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, শোভাযাত্রার নির্ধারিত পথে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। উচ্চস্বরে মাইক বা শব্দযন্ত্র বাজানো থেকে বিরত থাকতে হবে। শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের শুরুতেই এতে যোগ দিতে হবে। কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই ও গ্যাসলাইটারসহ কোনো ঝুঁকিপূর্ণ বস্তু সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।

শোভাযাত্রা চলাকালে রাস্তায় কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না। অহেতুক রাস্তায় দাঁড়িয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্যও অনুরোধ জানিয়েছে ডিএমপি।

কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে জানাতে বলা হয়েছে। এ ছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতেও বলা হয়েছে।

উপপুলিশ কমিশনার আকতার হোসেন জানান, শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে ডিএমপির নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

জন্মাষ্টমীর শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।




সারা দেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্কঃ সারা দেশে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে পরবর্তী পাঁচ দিনেও এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার : সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টির আভাস রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

শনিবার : সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও মাঝারি, কোথাও ভারি বৃষ্টি হতে পারে। তবে এসময়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার : সকাল ৯টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রয়েছে ভারি বৃষ্টিরও আভাস।
এ সময় তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।

সোমবার : দেশের বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি, কিছু জায়গায় ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা এ সময়ে অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।




জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

ডেস্ক নিউজঃ জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে কণ্ঠভোটে এসব কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে। কমিটিতে রয়েছেন কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, মোসাম্মৎ শামীমা সুলতানা, মোহাম্মদ গোলাম রসূল ও মোহাম্মদ রায়হান সাঈদী।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এ কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান ও আতিকুর রহমান মুজাহিদ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন রকিবুল ইসলাম। সদস্য হিসেবে থাকছেন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্বে রাখা হয়েছে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে। কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসিম উদ্দিন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মাছুম মোস্তফা ও মোহাম্মদ আবু তালিব।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কলিম উদ্দিন আহমেদকে। এতে সদস্য হিসেবে রয়েছেন মো. আবুল খায়ের ভূইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমদ হানজালা ওবায়দুল্লাহ সালাফী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. আমানউল্লাহ আমান। কমিটিতে রয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, ইয়াসের খান চৌধুরী, নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন, জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবু, মো. মজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ জি কে গউছ। সদস্য হিসেবে আছেন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম ও মো. আবুল কালাম আজাদ।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নাসের রহমান। এ কমিটিতে রয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রফিকুল ইসলাম জামালকে। কমিটির সদস্যরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মোহাম্মদ শামীম কায়সার, আতাউর রহমান খান, নূরুল আমিন, নিপুন রায় চৌধুরী, সূবর্না সিকদার, মো. নূরুল আমিন, মো. আবুল হাসান ও মো. আব্দুল খালেক।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সেলিমা রহমান। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা ও বিলকিস বেগম।




সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের মানুষের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি এখন দেশ পুনর্গঠনের পালা। তবে দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে।

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দেশ সবার। নাগরিক হিসেবে এ দেশে প্রত্যেকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

এর আগে সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই সময়ে সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা দেওয়া হয়।




দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

ডেস্ক নিউজঃ দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। 
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। বুধবার এ দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।



চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ইউনিক ফার্মেসিকে ১০ হাজার ও একেএস ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তার জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা অননুমোদিত ও ভেজাল পণ্য কোনোভাবেই বাজারজাত করতে দেওয়া হবে না। পণ্যের মান, মেয়াদ, সঠিক লেবেলিং এবং অনুমোদনের বিষয়গুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য ব্যবস্থা নেয়া হবে।