‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা’—বাড্ডার শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তদন্তে ৩ সদস্যের কমিটি

বিশেষ প্রতিবেদকঃ ‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা। নিউজ হোক আর যাই হোক, আমার কিছুই হবে না—আমার বিরুদ্ধে যারা সাংবাদিকদের কাছে তথ্য দিচ্ছে, তাদের দেখে নেব।’

রাজধানীর বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিমকে ঘিরে ওঠা এমন বিস্ফোরক অভিযোগ এখন আর শুধু অভিযোগের পর্যায়ে নেই; বিষয়টি গড়িয়েছে আনুষ্ঠানিক তদন্তে। ঘুষ-দুর্নীতি, এমপিও ফাইল আটকে অর্থ আদায়, নিয়োগে অনিয়ম ও প্রভাব বিস্তার, আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম এবং সাংবাদিকদের তথ্যদাতাদের ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইসিপ/SESIP) থেকে জারি করা এক আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ফলে বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে ওঠা নানা অভিযোগের সত্য-মিথ্যা নির্ধারণে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তদন্ত কমিটির প্রতিবেদন।

‘ডিজির লোক’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ : গণমাধ্যমে আব্দুল হাকিমকে নিয়ে অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে নতুন করে প্রভাব বিস্তারের অভিযোগ সামনে আসে।

অভিযোগ রয়েছে, গত ২৮ আগস্ট রাজধানীর রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন শিক্ষকের কাছে আব্দুল হাকিম নিজেকে মাউশির মহাপরিচালকের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দেন। এমনকি তার বিরুদ্ধে যতই লেখালেখি হোক, তাতে তার কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন উপস্থিত কয়েকজন শিক্ষক।

বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চলের ঢাকা জেলা রোভারের আওতাধীন ‘আমরা স্কাউটস গ্রুপ, ঢাকা’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো—বিদ্যালয় ভবনেই বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের অস্থায়ী কার্যালয় রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অভিযোগ রয়েছে, একই সময়ে সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহকারী ব্যক্তিদের ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন আব্দুল হাকিম। তবে এসব বক্তব্যের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত নয়। আর ঠিক এ কারণেই তদন্ত কমিটির কাছে সংশ্লিষ্টদের বক্তব্য, অনুষ্ঠানের ভিডিও ও সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাইয়ের দাবি উঠেছে।

‘মুখ খুললেই ক্যারিয়ার শেষ’—শিক্ষকদের মধ্যে আতঙ্ক ? নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, আব্দুল হাকিমের বিরুদ্ধে কেউ কথা বললে বিভাগীয় ব্যবস্থা কিংবা ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার ভয় দেখানো হয়। তাদের অভিযোগ, বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশের পর বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের অধীন প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের মধ্যে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ফলে অনেকে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। অভিযোগকারীদের ভাষ্য, তদন্ত কমিটি সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের বক্তব্য গ্রহণ করলে এ অভিযোগের বাস্তবতা যাচাই করা সম্ভব হবে।

‘শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচনেও অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ : প্রতি বছর ‘শ্রেষ্ঠ শিক্ষক’ ও ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচন নিয়েও আব্দুল হাকিমের বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বাড্ডা থানা শিক্ষা অফিসের আওতাধীন সাতারকুল উচ্চ বিদ্যালয়, বেরাইদ মুসলিম উচ্চ বিদ্যালয়, ছোলমাইদ স্কুল এন্ড কলেজ, খিলবাড়ির টেক উচ্চ বিদ্যালয় এবং আলতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের যোগ্য ও দক্ষ প্রধান শিক্ষকদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষ করে রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে নিয়মবহির্ভূতভাবে পরপর দুইবার ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত করার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, অনিয়মের অভিযোগে ওই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত রয়েছে। যদিও আব্দুল হাকিম এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, মিজানুর রহমান ব্যক্তিগত পছন্দে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই স্বীকৃতি পেয়েছেন।

সমন্বয় কমিটির অর্থে ‘দুইজনের নিয়ন্ত্রণ’ ?
বাড্ডা থানা শিক্ষা অফিসে গঠিত সমন্বয় কমিটির অর্থ ব্যবস্থাপনাকে ঘিরেও উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগ অনুযায়ী, নিয়ম অনুযায়ী একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারাকে অর্থ সম্পাদক করা হলেও তিনি কার্যত ছিলেন নামমাত্র। কমিটির আয়-ব্যয়ের নিয়ন্ত্রণ শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের হাতে ছিল বলে অভিযোগ করা হয়েছে। এমনকি মনগড়া ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় ক্ষমতার অপব্যবহার করে হোসনেয়ারাকে কমিটি থেকে বাদ দেওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা। তবে আব্দুল হাকিম এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তার দাবি, এ ধরনের কোনো কমিটি নিয়ন্ত্রণের বিষয়েই তিনি অবগত নন।

এমপিও ফাইল আটকে ‘নিয়োগের শর্ত’ দেওয়ার অভিযোগ : আব্দুল হাকিমের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি উঠেছে রাজধানীর ছোলমাইদ স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার শিক্ষকদের এমপিওভুক্তির ফাইল নিয়ে।

অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন এমপিও ফাইল আটকে রাখার পর আব্দুল হাকিম শর্ত দেন—তার ঘনিষ্ঠ অফিস সহকারী সোহেল, তার বোন এবং বোনের স্বামীকে নিয়োগ দেওয়া হলে তবেই এমপিও ফাইল ফরওয়ার্ড করা হবে। পরিস্থিতির চাপে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওই নিয়োগ দিতে বাধ্য হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের মতে, সংশ্লিষ্ট সময়ের ইএমআইএস সেলের তথ্য, নিয়োগ পরীক্ষার নথি, ফাইলের গতিবিধি এবং নিয়োগসংক্রান্ত কাগজপত্র যাচাই করলেই অভিযোগের সত্যতা বেরিয়ে আসতে পারে। তবে আব্দুল হাকিম এ অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, কোনো নিয়োগ তার একক সিদ্ধান্তে হয় না; মাউশির মহাপরিচালকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির মাধ্যমে বিধি অনুযায়ী নিয়োগ সম্পন্ন হয়।

‘ফাইল নড়ে না টাকা ছাড়া’—কল রেকর্ড ঘিরে প্রশ্ন :
অভিযোগের মাত্রা আরও বাড়িয়েছে দুই প্রধান শিক্ষকের কথোপকথনের একটি কল রেকর্ড। ওই কথোপকথনে এক শিক্ষক অপরজনকে বলেন—“এমপিও নিয়ে যে কথা বলতে যায়, তারেই শেষ করে হালায় স্যার… আমার স্কুল থেকে কত লাখ টাকা নিছে স্যার এমপিও’র থেকে। প্রতিটা ফাইল পাঠানোর জন্য স্যার কত টাকা করে এমপিও নেয়!” কথোপকথনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরোনো বই সংগ্রহ, অতিরিক্ত বইয়ের চাহিদা দেওয়া, পরে সেগুলো অফিসে জমা নেওয়া এবং বই বিক্রির অর্থের হিসাব না দেওয়ার অভিযোগও উঠে এসেছে বলে দাবি করা হয়।

‘সেবা নেই টাকা ছাড়া’—প্রায় এক ডজন শিক্ষকের অভিযোগ : নাম প্রকাশে অনিচ্ছুক প্রায় এক ডজন শিক্ষক অভিযোগ করেছেন, ইএমআইএস সেলের পাসওয়ার্ড থেকে শুরু করে এমপিও, উচ্চতর স্কেল, বিএড স্কেল কিংবা টাইম স্কেল—কোনো ফাইলই টাকা ছাড়া এগোয় না এনটিআরসিএ কিংবা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির ফাইল প্রেরণের ক্ষেত্রেও অর্থ দাবির অভিযোগ করেছেন তারা।

কয়েকজন শিক্ষক আরও অভিযোগ করেছেন, কোনো কোনো প্রতিষ্ঠানের সভাপতির সঙ্গে যোগসাজশ করে প্রধান শিক্ষকদের পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে।

দুদকে মামলা—দাবি : অভিযোগকারীদের, অস্বীকার আব্দুল হাকিমের
একাধিক শিক্ষক দাবি করেছেন, আব্দুল হাকিমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে এবং সেটি চলমান। তবে এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন আব্দুল হাকিম। তার ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত কয়েকজন অসাধু শিক্ষক পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব তথ্য ছড়াচ্ছেন।

‘সংবাদ প্রকাশ ব্ল্যাকমেইল’—অভিযুক্ত কর্মকর্তার দাবি :
তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন আব্দুল হাকিম। ‘ডিজির লোক’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “ডিজি মহোদয় আমাদের সবার অভিভাবক।”

অনুষ্ঠানে কোনো বিতর্কিত বক্তব্য দেননি বলেও দাবি করেন তিনি। তার মতে, অভিযোগের সত্যতা যাচাই করতে বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও অনুষ্ঠানের ভিডিও রেকর্ড পর্যালোচনা করা যেতে পারে। সংবাদ প্রকাশের বিষয়টিকে তিনি ‘ব্ল্যাকমেইল’ করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, বাড্ডা থানার অধীন ১৫টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে সংশ্লিষ্ট গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে বসে তিনি অভিযোগগুলোর বিস্তারিত জবাব দিতে প্রস্তুত। নিয়োগের বিষয়ে তার বক্তব্য, কোনো নিয়োগ তার একক সিদ্ধান্তে হয় না। মাউশির মহাপরিচালকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির মাধ্যমে বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচনের অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, মো. মিজানুর রহমান মেধা ও যোগ্যতার ভিত্তিতেই স্বীকৃতি পেয়েছেন। সমন্বয় কমিটির অর্থ নিয়ন্ত্রণ ও অর্থ আত্মসাতের অভিযোগও নাকচ করেছেন তিনি।

‘প্রমাণ ছাড়া সংবাদ হলে আইনগত ব্যবস্থা’ : আব্দুল হাকিম বলেন, প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ও সংবাদ প্রকাশ করা হলে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে সরাসরি আলোচনার জন্য একই দিন বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে বৈঠকের প্রস্তাব দেন। অভিযোগগুলোর তথ্য-প্রমাণ নিয়ে সংশ্লিষ্টদের সামনে আলোচনা করতেও তিনি প্রস্তুত বলে জানান। ভবিষ্যতে প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মাউশির ডিজির নির্দেশে তদন্ত, ৩ সদস্যের কমিটি :
আব্দুল হাকিম নিজেকে মাউশির মহাপরিচালকের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দেন—এমন অভিযোগসহ প্রকাশিত সংবাদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, আলোচিত বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত এবং এরই মধ্যে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে এসইসিপ প্রকল্পের প্রকল্প পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ৩১ আগস্ট ২০২৬ তারিখে স্মারক নং মাউশি/সেসিপ/১-১৬৯/শৃংখলা/২০১৫ (অংশ-১)/৩০৮৯-এর মাধ্যমে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন—

অধ্যাপক মিনহাজউদ্দীন আহমেদ, সহকারী পরিচালক-৩ (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা—সভাপতি। মো. খায়শেদ আলম, সহকারী পরিচালক-৫ (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা—সদস্য। মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক-১ (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা—সদস্য সচিব। আদেশে কমিটিকে প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।
আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন এসইসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. আমিনুল ইসলাম। আদেশের অনুলিপি মাউশির মহাপরিচালক ও এসইসিপের প্রোগ্রাম পরিচালক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল), উপপরিচালক (প্রশাসন), জেলা শিক্ষা কর্মকর্তা, ঢাকা এবং বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

‘তদন্ত শুরু হয়েছে’—এসইসিপ : এ বিষয়ে এসইসিপ প্রকল্পের যুগ্ম পরিচালক (পিডি অ.দা.) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। মাউশির মহাপরিচালকের নির্দেশনা এবং বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। তার বক্তব্য, সরকারি বিধিমালা ও সার্ভিস রুল অনুযায়ী শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত বা শাস্তি দেওয়া যায় না। অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ার পরই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যথাযথ আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগের সত্যতা যাচাইয়ের তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

অভিযোগের পাহাড়, এখন ‘সাত কর্মদিবসের’ পরীক্ষা :
একদিকে প্রায় এক ডজন শিক্ষক ও সংশ্লিষ্টদের অভিযোগ—ঘুষ ছাড়া এমপিও ও অন্যান্য সেবা পাওয়া কঠিন, ফাইল আটকে অর্থ আদায়, নিয়োগে প্রভাব বিস্তার, পছন্দের ব্যক্তিকে ‘শ্রেষ্ঠ’ নির্বাচিত করা, আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম এবং অভিযোগকারীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বাড্ডা থানা শিক্ষা অফিসে প্রভাব বিস্তার করা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তা আব্দুল হাকিমের দাবি—এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত; কয়েকজন অসন্তুষ্ট ও বিতাড়িত শিক্ষক পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এখন প্রশ্ন একটাই—অভিযোগগুলোর পেছনে কি সত্যিই কোনো অনিয়মের তথ্য-প্রমাণ রয়েছে, নাকি এগুলো পরিকল্পিত অপপ্রচার?
তার উত্তর খুঁজতেই তদন্ত কমিটির সামনে রয়েছে এমপিও ফাইলের গতিবিধি, ইএমআইএস তথ্য, নিয়োগসংক্রান্ত নথি, আর্থিক হিসাব ও ভাউচার, সংশ্লিষ্টদের বক্তব্য, কথিত কল রেকর্ড, অনুষ্ঠানের ভিডিও এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাইয়ের সুযোগ। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পথ খুলবে। আর অভিযোগ মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হলে সেটিও স্পষ্ট হবে।

তবে ‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা’—এমন বক্তব্য আদৌ দেওয়া হয়েছিল কি না, এমপিও ফাইল ঘিরে অর্থ লেনদেনের অভিযোগের বাস্তবতা কতটুকু, নিয়োগ ও ‘শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছিল কি না—এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর এখন নির্ভর করছে সাত কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা সেই তদন্ত প্রতিবেদনের ওপর।




পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

ডেস্ক নিউজ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ প্রদান করেছেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ (পাঁচ) বছর বা তার ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির চেয়ারম্যান পদে বহাল থাকবেন।

প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-পরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তন হলে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

পরে, গত ১৮ আগস্ট অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।




আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

ডেস্ক নিউজ : আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগস্টে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেপ্টেম্বর মাসে তা যাতে আর না হয়—এ জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

বুধবার জাতীয় সংসদে দেশের চলমান বিদ্যুৎ সংকট সম্পর্কিত বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আরেকটি এফএসআর স্থাপনের কথা চলছিল। সেদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার এই এফএসআর স্থাপনের সিদ্ধান্তটি নিতেন, তাহলে কিন্তু আজকে একটি এফএসআর নষ্ট হলেও আমাদেরকে এইরকম একটি কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হতো না। অন্তবর্তীকালীন সরকার সে সময় এই এফএসএ স্থাপনের চুক্তিটি বাতিল করে।’

‘বর্তমানে এই গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেবার পর আমরা আজ শিল্প খাতের চাহিদা পূরণের জন্য, বিদ্যুৎ খাতের চাহিদা পূরণের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটা এফএসআর স্থাপনের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি হয়তো আগামী কিছুদিনের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে পারব। যার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বলেছেন ২০২৮ সালের পরে আমরা এফএসআরটি চালু করতে পারব।’

তিনি আরও বলেন ‘এখানে তাৎক্ষণিক সমাধান সূত্র আমরা খুঁজতে চেয়েছি। আমরা যে কথাটি বলতে পারি সত্য যে তাৎক্ষণিক সমাধান যদি খুঁজতে হয় আমাদেরকে পায়রা বিদ্যুৎকেন্দ্র এবং মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে কাজে আনতে হবে।’

প্রতিমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন ‘আমরা আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যে কষ্ট বাংলাদেশের মানুষকে আগস্ট মাসে পোহাতে হয়েছে, অন্তত সেপ্টেম্বর মাসে যেন এই কষ্ট না পোহাতে হয়, সে ব্যাপারে আমরা সর্বতভাবে চেষ্টায় রয়েছি।’

তিনি বেলেন, ‘আমরা রুফটপ সোলারের যে পলিসি নিয়েছি তার আলোকে খুব দৃঢ়ভাবে আশাবাদী আগামী গ্রীষ্মে এই কষ্ট বাংলাদেশের মানুষকে পোহাতে হবে না, যা প্রধানমন্ত্রী আগেই বলেছেন।’




হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার এ নিন্দা জানায় তারা। হামলার এ ঘটনায় ফিলিপিন্সের দুই নাবিক নিহত হন।

সৌদি আরবের শিপিং কোম্পানি বাহরি জানায়, সোমবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘সিডর’ নামের ট্যাংকারটি হামলার শিকার হয়।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “উত্তেজনা প্রশমন করা, আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখা, বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা, সুপ্রতিবেশীসুলভ নীতি, দেশগুলোর সার্বভৌমত্ব, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয় সৌদি আরব।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব সব পক্ষকে শান্ত হওয়া, সংঘাত বন্ধ করা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে।

জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলারও নিন্দা জানিয়েছে এবং এই তিন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে বলেও বিবৃতিতে জানানো হয়।

আঞ্চলিক অন্যান্য দেশগুলোও সৌদি ট্যাংকার ‘সিডর’ এর ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ‘জঘন্য হামলা’ এবং আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা সামুদ্রিক নৌচলাচলের স্বাধীনতার চরম লঙ্ঘন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে কথা বলেছে এবং জানিয়েছে যে, তারা সৌদি আরবের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ছয় মাসেরও বেশি সময়ে হরমুজ প্রণালিতে ইরান কয়েকটি জাহাজে হামলা করেছে।




যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও চলতি বছরে ইসরায়েলি হামলায় গাজায় ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এমনটি জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৩০১ জন শিশু রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দেওয়ার পর যুদ্ধ বন্ধে রাজি হয় হামাস ও ইসরায়েল। ওই পরিকল্পনায় ‘বিমান ও গোলাবর্ষণসহ সব ধরনের সামরিক অভিযান’ স্থগিত করার কথা বলা হয়েছিল।

তবে এরপরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিবিসি ভেরিফাই ডজন খানেক ভিডিও বিশ্লেষণ করেছে, যাতে দেখা গেছে ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞ। এর মধ্যে ছিল গাজার সৈকত তীরবর্তী একটি ক্যাফেসহ বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবু এবং একটি জানাজার মিছিলও।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে প্রাণহানি ছিল সবচেয়ে বেশি। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত প্রতিমাসেই ১০০ জনের বেশি নিহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এসব মৃত্যুর জন্য সরাসরি ইসরায়েলি সামরিক অভিযানকে দায়ী করেছে। তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক এবং কতজন যোদ্ধা, তা আলাদা করে উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য মনে করে এবং বিশেষজ্ঞরা বিবিসি ভেরিফাই-কে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাধীন বিশ্লেষণ এই তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ।

তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান নিয়ে দ্বিমত পোষণ করেছে। তারা বিবিসি ভেরিফাই-কে জানিয়েছে ,তালিকায় থাকা সবাই আইডিএফ-এর অভিযানের কারণে নিহত হয়েছে এমন ধরে নেওয়ার ‘কোনও ভিত্তি নেই’।

ইসরায়েলের দাবি, হুমকি দূর করতে ও নিজেদের সেনা এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের রক্ষা করতে তারা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে এবং সাধারণ মানুষের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করছে।




ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

ডেস্ক নিউজ : ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং হালুয়াঘাটের ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক (৬০)। নিহত অপর পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

ক্রীড়া ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। আর সহ–অধিনায়ক থাকছেন তাওহিদ হৃদয়।

দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে নাহিদ রানার না থাকা ছিলো অনুমিত। তার বদলে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। লিটনের সঙ্গে টপ অর্ডারে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। অলরাউন্ডার ও স্পিন বিভাগে ভরসা জোগাবেন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।

টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল, যেখানে টাইগারদের প্রতিদ্বন্দ্বী হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

২৯ সেপ্টেম্বর প্রথম মাঠে নামবে লিটন-বাহিনী। জিতলে সেমিফাইনাল খেলবে ১ অক্টোবর। আর ৩ অক্টোবর হবে পদক নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।




হৃদয়ের ইতিহাস, বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। বুধবার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে নেমে অনন্য এই কীর্তি গড়েন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

এর আগে হৃদয় এই ম্যাচেই নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। তৃতীয় দিন শেষেও তিনি অপরাজিত ছিলেন। চতুর্থ দিন বুধবার সকালে টেলেন্ডারদের নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৫৭৬ রান। তখন হৃদয় অপরাজিত ছিলেন ২৭৪ রানে।

লাঞ্চের পরও থামেননি হৃদয়। ধীরে ধীরে এগিয়ে যান কাঙ্ক্ষিত ট্রিপল সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত ৩০০ রানের মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নামটি সবার আগে লিখে ফেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাব দিতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও দলকে ঘুরে দাঁড় করান হৃদয়। দীর্ঘ সময় উইকেটে থেকে একদিকে দলের ইনিংসকে এগিয়ে নিয়েছেন, অন্যদিকে ব্যক্তিগত অর্জনকেও নিয়ে গেছেন অভূতপূর্ব উচ্চতায়।




‘ক্রাইম পেট্রোল’-এ অজয় দেবগন, কত কোটি টাকা নিচ্ছেন অভিনেতা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগন দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় দাপট দেখিয়ে আসছেন। এখনো নিয়মিত দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। তবে এবার ছোটপর্দাতেও নতুন ভূমিকায় অবতীর্ণ এ অভিনেতা।

‘ক্রাইম পেট্রোল ২০২৬’-এর সঞ্চালকের ভূমিকায় বসেছেন তিনি। ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে অনুষ্ঠানের নতুন সিজন।

অজয় দেবগনের আগমন অবশ্য এ জনপ্রিয় ক্রাইম শোর জন্য বড়সড় বদল। দীর্ঘদিন অনুষ্ঠানটির অন্যতম পরিচিত মুখ ছিলেন অনুপ সোনি। তার সঙ্গে ‘ক্রাইম পেট্রোল’-এর এমনই একটি যোগ তৈরি হয়েছিল যে, সঞ্চালকের আসনে নতুন কাউকে দেখার কৌতূহল দর্শকদের মধ্যে থাকাটাই স্বাভাবিক।

আর টেলিভিশনে অজয়ের এই নতুন ইনিংস নিয়ে আগ্রহের আরও একটি কারণ রয়েছে। ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালকের দায়িত্ব এর আগে একাধিক পরিচিত মুখ সামলেছেন। তবে অনুপের সঙ্গে অনুষ্ঠানের সম্পর্ক সবচেয়ে বেশি আলোচিত হয়। তার জায়গায় অজয়ের মতো বড়মাপের তারকাকে নিয়ে আসা তাই নিঃসন্দেহে নির্মাতাদের বড় পদক্ষেপ।

যদিও  এ অভিনেতার সামনে এখনো বড়পর্দাতে প্রচুর ব্যস্ততা রয়েছে। তার বহুপ্রতীক্ষিত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তি পাওয়ার কথা আগামী ২ অক্টোবর। অর্থাৎ একদিকে টেলিভিশনে অপরাধের গল্প শোনাবেন অজয়, অন্যদিকে সিনেমার পর্দায় ফিরবেন তার অন্যতম জনপ্রিয় চরিত্র নিয়ে।

এখন প্রশ্ন হচ্ছে—‘ক্রাইম পেট্রল’-এ ১৫ পর্বের জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন অভিনেতা। জানা গেছে, ১৫ পর্বের জন্য নাকি প্রায় ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। অর্থাৎ প্রতি পর্বে গড়ে প্রায় ৬ কোটি টাকা। তবে এ অঙ্ক নিয়ে এখনই নিশ্চিত হওয়ার উপায় নেই।

৯০ কোটির অঙ্ক যদি সত্যি হয়, তাহলে টেলিভিশনে অজয়ের অভিষেক যে শুধু অভিনব নয়, বেশ মূল্যবানও হতে চলেছে! এর মধ্যেই তার পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

যদিও অজয় দেবগন ও সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের কেউ এখনো তার নির্দিষ্ট পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ্যে নিশ্চিত করেননি। তবে ৯০ কোটি টাকার দাবি আপাতত জল্পনার স্তরেই রয়েছে।




সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহলদল এই অভিযান চালায়।

বিজিবি জানায়, বাংলাবাজার, সংগ্রাম, উৎমা, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল ও সোনারহাট সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে, কসমেটিকস, জিরা, সুপারি, ফল, চকলেট, চিনি, সবজি, কম্বল, বিস্কুট, সনপাপড়ি, টাইগারবাম এবং গরু ও মহিষ জব্দ করে। এসময় বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী পশু ও পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৮ হাজার ৬৯০ টাকা।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান জব্দ করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।