এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী

ডেস্ক নিউজঃ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে সৃষ্টি হয়নি; এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। বিশেষ করে শিল্পকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনশ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হবে। এর ফলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকটও ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এলএনজি আমদানির বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি দেশের নদী, খাল ও বিলগুলোকে দূষণমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

রিজভী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, দেশের নদী-নালা, খাল-বিলসহ জলাধারগুলোও বিষাক্ত ও দূষণমুক্ত রাখতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

পরিবেশ রক্ষার এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।




নেপালের ত্রিশুলিতে বন্যায় ধ্বংস ২৫০০ ভবন

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ত্রিশুলি উপত্যকায় হিমবাহসৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২ হাজার ৫০০ ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। দেশটিতে ভয়াবহ বন্যার পর ইউরোপের কোপার্নিকাস পর্যবেক্ষণ কেন্দ্রের উপগ্রহচিত্র বিশ্লেষণে ক্ষয়ক্ষতির এই চিত্র উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কোপার্নিকাসের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার পর্যালোচনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত তিনটি এলাকার মোট ভবনের প্রায় দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোও হিসাবে ধরলে ক্ষয়ক্ষতির হার ৭০ শতাংশের বেশি।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানী কাঠমান্ডুর উত্তরে তিমুরে, স্যাব্রুবেশি ও বিদুরের কিছু অংশ। বন্যার আগে এসব এলাকায় প্রায় ৬ হাজার মানুষ বসবাস করতেন। এ ছাড়া নেপালের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর ভরতপুরের আশপাশের এলাকাতেও ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে।

বিজ্ঞানীদের ধারণা, হিমালয়ের একটি বিশাল হিমবাহ ধসে পড়ার পর এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। হিমবাহ থেকে নেমে আসা পানির তীব্র স্রোত প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সীমান্তবর্তী গিরং সীমান্ত চৌকি অতিক্রম করে নেপালে প্রবেশ করে।

বন্যার প্রবল স্রোতে সীমান্তবর্তী তিমুরে ও আশপাশের এলাকায় ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস হয়েছে। এর প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে স্যাব্রুবেশিতে ধ্বংস হয়েছে প্রায় ৭৫ শতাংশ ভবন। লাংটাং ট্রেকের প্রবেশপথ হিসেবে পরিচিত এলাকাটি হিন্দু তীর্থযাত্রীদের কাছেও গুরুত্বপূর্ণ।

আরও ভাটিতে নুওয়াকোট জেলার প্রশাসনিক কেন্দ্র বিদুরের নদীতীরবর্তী এলাকায় ১ হাজার ৮০০টির বেশি ভবন ধ্বংস হয়েছে। অর্থাৎ ওই এলাকায় প্রতি পাঁচটি ভবনের প্রায় তিনটিই বন্যার পানিতে ধ্বংস হয়েছে।

প্রবল স্রোতে ঘরবাড়ির পাশাপাশি সড়ক ও সেতুরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।




আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। আবেদন চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে ভর্তি করা হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সময় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হবে।

চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।




দেশের ছয় জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া ডেস্কঃ দেশের ছয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের

একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর আগে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনা ঘটে।

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা দীর্ঘপাল্লার আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে একটি ‘ভারী’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে আইআরজিসি। ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। এতে কয়েকজন মার্কিন ফ্লাইট ও কারিগরি কর্মী নিহত এবং কারিগরি অবকাঠামোর কয়েকটি অংশে আগুন ধরে যায় বলেও দাবি করা হয়।

তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র ও জর্ডান। এর আগে জর্ডানের ‘ক্যাম্প তিতিন’-এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছিল আইআরজিসি। সংস্থাটির দাবি, ওই হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ক্যাম্পটির কয়েকটি স্থাপনা ও শত্রুপক্ষের ‘অ্যাটাক হেলিকপ্টার’ ধ্বংস হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশের সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার জবাবেই এসব পাল্টা হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হন।

এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল। এর মধ্যে ১০টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে মাঝপথে ধ্বংস করা হয়।

জর্ডানের ন্যাশনাল সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক মুখপাত্র বলেন, বাকি তিনটি ক্ষেপণাস্ত্র জনবসতি থেকে দূরে প্রত্যন্ত এলাকায় পড়ে। এতে কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একটি মার্কিন সূত্রও জানিয়েছে, ক্যাম্প তিতিনে মার্কিন সেনাদের ব্যারাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন বাহিনী হামলাটি প্রতিহত করেছে বলেও দাবি করেছে সূত্রটি।

এদিকে, উত্তর ইরাকের এরবিল প্রদেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, হামলায় একটি মেরামতকেন্দ্র, কারিগরি সরঞ্জাম রাখার গুদাম এবং মার্কিন নজরদারি বেলুনের একটি গাইডেন্স সিস্টেম ধ্বংস হয়েছে।

এ ছাড়া ঘাঁটির একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় এবং হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে আইআরজিসি।

অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রু ড্রোন’ হামলা প্রতিহত করেছে। ঘটনাটিকে ইরানের আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েত সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার কারণে হয়েছে।

এছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন থাকা এলাকা ও রাডার স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ড্রোন ছোড়ার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির বার্তা সংস্থা তাসনিম সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে।

ইরানি সেনাবাহিনীর ভাষ্য, হামলাটি তাদের ‘অপারেশন থান্ডার’-এর ২৯তম ধাপের অংশ। তাদের দাবি, শেখ ইসা বিমানঘাঁটি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ, ড্রোনের যন্ত্রপাতি এবং নজরদারি উড়োজাহাজ পরিচালনায় ঘাঁটিটি ব্যবহৃত হয়।

এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত জুলাইয়ের পর রোববার রাতে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ‘কঠোর’ আঘাত হানার হুমকি দিয়েছিলেন। এরপর মঙ্গলবার ইরানে নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী।

ফার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহ এলাকায় হামলা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ প্রদেশেও হামলার খবর পাওয়া গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, এসব হামলার জবাবে ইরান পাল্টা আঘাত হানলে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।




অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু

ডেস্ক নিউজ : শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে তিনি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা কার্যক্রম চলছে। তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।




হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন দুটি সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিস্কের বরাত দিয়ে ব্লুমবার্গ নিশ্চিত করেছে, গত গভীর রাতে পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্যাংকার দুটিকে নিশানা করা হয়। হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে।

কূটনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা সুত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির মধ্যে একটি হলো সৌদি আরবের রাষ্ট্রীয় শিপিং কোম্পানি বাহরির নিয়ন্ত্রিত বিশাল আকৃতির ক্রুড বাহক সিদর। ওমানের খাসাবের উত্তর-পূর্বাঞ্চলে এটি আক্রান্ত হয়। একই সময়ে দক্ষিণ কোরিয়ার সিনোকোর গ্রুপের নিয়ন্ত্রিত অন্য সুপারট্যাংকার ‘সেনেগাল প্রসপারিটি’ লক্ষ্য করে অন্তত তিনটি দিক থেকে হামলা চালানো হয়। দুটি জাহাজই তাদের নিজস্ব অবস্থান চিহ্নিতকারী এআইএস ট্রানসপন্ডার বন্ধ রেখে ঝুঁকি নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বেশ কিছুদিন ধরেই প্রণালিটি দিয়ে স্বাভাবিক তেল পরিবহন ব্যাহত হচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার মাঝেও গোপন কিংবা সংক্ষিপ্ত রুটে তেল সরবরাহ চালু করার যে প্রচেষ্টা চলছিল, নতুন করে এই জোড়া হামলার ঘটনায় তা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের প্রধান এই সামুদ্রিক করিডোরটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো তাদের জাহাজের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছে।

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। লন্ডনের আইসিই এক্সচেঞ্জে আগামী নভেম্বরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম বাড়তে বাড়তে কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্থান স্পর্শ করে ৯২ ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে হামলা ও পাল্টাহামলা থামানো না গেলে সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে জ্বালানি খাতের অস্থিরতা আরও ঘনীভূত হতে পারে।




৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট

আন্তর্জাতিক ডেস্ক : বিধ্বংসী পাহাড়ি ঢল ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের বিস্তীর্ণ অঞ্চল। এই চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম এলাকায় দিন-রাত একটানা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নেপালের প্রথম নারী হেলিকপ্টার ক্যাপ্টেন প্রিয়া অধিকারী। ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ পাইলট মাত্র ৬ দিনে প্রায় ১০০টিরও বেশি ঝুঁকিপূর্ণ উদ্ধার মিশন সম্পন্ন করেছেন। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রসুয়া জেলার তিমুরে এলাকায় তিনি ক্রমাগত হেলিকপ্টার উড্ডয়ন করে জীবিতদের উদ্ধার ও মৃতদেহ সরিয়ে নেওয়ার কাজ করছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের অ্যান্ডারসন কুপারকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া অধিকারী এই উদ্ধার কাজকে তার ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের চেয়েও এই দুর্যোগ মোকাবেলা করা বেশি জটিল হয়ে পড়েছে, কারণ ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ নদীর সংকীর্ণ উপত্যকায় সীমাবদ্ধ।

পরিবেশ বিজ্ঞানে পড়াশোনা শেষে প্রিয়া প্রথমে ক্যাবিন ক্রু হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে একটি হেলিকপ্টার জয়রাইড তার মনে বৈমানিক হওয়ার স্বপ্ন জাগায়, যা তাঁকে ফিলিপাইনে প্রশিক্ষণ নিতে উৎসাহিত করে। প্রয়োজনীয় ফ্লাইং আওয়ার সম্পন্ন করে ২০১৭ সালে তিনি পূর্ণকালীন পাইলট হন এবং পরবর্তীতে উচ্চ পার্বত্য অঞ্চলে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞতা অর্জন করেন। পেশাগত জীবনে তিনি প্রায় ৬২০০ মিটার উচ্চতা থেকেও আহত পর্বতারোহীদের নিরাপদে উদ্ধার করেছেন।

বর্তমানে তিঙ্কুরে এলাকায় প্রায় ২০টি হেলিকপ্টার অত্যন্ত অল্প আকাশসীমায় একযোগে কাজ করছে। কোনো কোনো সময় ৫ থেকে ৬টি হেলিকপ্টারকে একসাথে ল্যান্ড করতে হয়, যার জন্য পাইলটদের রেডিও বার্তার মাধ্যমে মুহূর্তের মধ্যে সমন্বয় বজায় রাখতে হচ্ছে। পাহাড়ের কাদা ও মাটির ওপর থেকে স্থানগুলোকে স্বাভাবিক মনে হলেও নিচে প্রকাণ্ড কাদা-ঝুঁকি থেকে যায়। কোনো কোনো ক্ষেত্রে কাদা এতই অস্থিতিশীল যে ইঞ্জিনের ক্ষমতা চালু রেখেই ক্ষিপ্রতার সাথে জীবিতদের বিমানে তুলতে হচ্ছে।

আকাশ থেকে দেখা ভয়াবহ দৃশ্য সম্পর্কে প্রিয়া বলেন, চারপাশে লাশের স্তূপের মাঝেই অনেককে বাঁচার আকুতি নিয়ে হাত নাড়তে দেখেছেন। প্রথম দুই দিনেই তিমুরে এলাকা থেকে ২০০ জনের বেশি মানুষকে নেপাল সেনাবাহিনীর অগাস্টা হেলিকপ্টারসহ বিভিন্ন বিমানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রিয়া বলেন, প্রতিবার যখন আমি অবতরণ করি এবং মানুষজনকে হাত নাড়তে দেখি, আমি শুধু তাদের বলি;  আপনারা বেঁচে গেছেন।




ওসমানীতে ৮ বছর পর ফের বিদেশি ফ্লাইটের নিয়মিত চলাচল

ডেস্ক নিউজ : দীর্ঘ আট বছর বিরতির পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় বিদেশি কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে ওমানের বাজেট এয়ারলাইন্স সালাম এয়ারের একটি ফ্লাইট মাস্কাট থেকে ১৩৩ জন যাত্রী নিয়ে নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। পরে আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে পুনরায় মাস্কাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায়।

এর আগে ২০১৫ সালে ফ্লাই দুবাই আন্তর্জাতিক ফ্লাইট চালু করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে তা বন্ধ করে দিয়েছিল; যার ফলে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও এতদিন বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা ছিল। সালাম এয়ারের ফ্লাইট চালুর মাধ্যমে সেই শূন্যতার অবসান ঘটল এবং মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি যাতায়াতের পথ সুগম হলো।

সালাম এয়ারের উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এমএ লতিফ শাহরিয়ার জাহিদী, সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালক ও সালাম এয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এয়ারলাইনটির পরিকল্পনা অনুযায়ী, শুরুতে মাস্কাট সিলেট রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালিত হলেও আগামী মাসে তা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন অর্থাৎ সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও সংশ্লিষ্টরা জানান, সালাম এয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া ও ফ্লাই দুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্সও এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।




টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। ব্যাটারদের তালিকায় এগিয়েছেন সোবহানা মোস্তারি। একই সঙ্গে ব্যাটার ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারের।

মঙ্গলবার মেয়েদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে তিন ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। এর ফলে দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৭তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন রাবেয়া খান, ২০তম স্থানে। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করার পথে ৩ উইকেট নিয়েও দুই ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন নাহিদা আক্তার। অন্যদের অবনতির কারণে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন সুলতানা খাতুন। এই তালিকার শীর্ষে আগের মতোই ভারতের শ্রী চারানি।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৪২ বলে একটি ছক্কা ও দুটি চারে ৪০ রান করেন সোবহানা। এর ফলে এক ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম স্থানে উঠেছেন তিনি।

স্বর্ণাও পেয়েছেন দ্বিমুখী উন্নতি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে একটি ছক্কা ও তিনটি চারে অপরাজিত ৩১ রান করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৫৪তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে রাবেয়া খানের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে আছেন স্বর্ণা। এই তালিকার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০ রান করা নিগার দুই ধাপ পিছিয়ে ২২তম স্থানে নেমেছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

এদিকে র‍্যাঙ্কিংয়ের তিন বিভাগেই ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ৪৮ রান করে ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই ষষ্ঠ স্থানে আছেন তিনি।

ওই ম্যাচে ১ উইকেট নেওয়ায় বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠেছেন আতাপাত্তু। সেখানে তাঁর রেটিং পয়েন্ট ৫২২। অলরাউন্ডারদের তালিকায় ৪০৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার এই তারকা।