বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ জনকে বহিষ্কার করলো বিসিবি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অভিযুক্ত তিনজন হলেন- বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে তারা ১৪ দিন সময় পাবেন। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। ম্যাচের ফল পরিবর্তনে প্রভাবিত করা, অনৈতিক প্রস্তাব, অর্থনৈতিক প্রভাব এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত ও সহযোগিতা করা এবং দুর্নীতির প্রস্তাব যথাসময়ে জানাতে না পারা এবং তদন্তে অসহযোগিতা ও তদন্ত বাধাগ্রস্ত করার মতো অভিযোগ উঠে এসেছে।
বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন।  এরপর অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি। তার বিরুদ্ধে ফিক্সিং অভিযোগ উঠার পর প্রথমে অডিট কমিটি থেকে ও পরে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এবার তদন্ত কমিটি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পেল।

বিসিবির সাবেক এই পরিচালকের বিরুদ্ধে চারটি অভিযোগ ছিল। আইসিসি অ্যান্টি-করাপশন কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২.১.১ ধারায় বিপিএলের ১২তম আসরের ম্যাচের ফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো বিষয় অনৈতিকভাবে প্রভাবিত করা বা তা করার চেষ্টার অভিযোগ রয়েছে। এ ছাড়া ২.১.৪ ধারায় কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে সরাসরি বা পরোক্ষভাবে প্ররোচিত, উৎসাহিত কিংবা সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব পাওয়ার পর তা নির্ধারিত অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে বিলম্ব না করে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে ২.৪.৪ ধারায়। ২.৪.৭ ধারায় সম্ভাব্য দুর্নীতির তদন্তে গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংস করে তদন্তে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

জাকিরের বিরুদ্ধে রয়েছে তিন অভিযোগ। বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির ২.১.১, ২.১.৪ এবং ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ম্যাচের ফল বা অগ্রগতিতে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত বা সহযোগিতা করার অভিযোগ রয়েছে। পাশাপাশি, ডিএসিওর পরিচালিত দুর্নীতিবিরোধী তদন্তে যথাযথ কারণ ছাড়া সহযোগিতা না করা বা তদন্তের জন্য জারি করা ডিমান্ড নোটিশ মেনে না চলার অভিযোগও রয়েছে।

বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও বিসিবি অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য যথাসময়ে ডিএসিওকে জানাতে ব্যর্থ হওয়া এবং দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।




বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র‌্যাপার বাদশার

বিনোদন ডেস্ক : বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন দুজন।
সোমবার (৩১ আগস্ট) রাতে এই জুটি তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি শেয়ার করে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এর আগে চলতি বছরের মার্চ মাসে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে বাদশা বলেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজেদের নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে তিনি আরও যুক্ত করেন, এই বিষয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো অনুমান বা জল্পনা-কল্পনা না করার জন্য আমরা সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’
চলতি বছরের জুলাই মাস থেকেই বাদশা ও ইশা রিখির সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়াতে শুরু করে। সে সময় ইশা রিখি বাদশা ও নিজের বেশ কিছু ভিডিও এবং ছবির একটি কোলাজ পোস্ট করেছিলেন।

ক্যাপশনে ভাঙা হৃদয় ও হাতজোড় করার ইমোজি দিয়ে তিনি লিখেছিলেন, প্রতিটি ঝড়ই একটি শিক্ষা এবং প্রতিটি প্রার্থনাই একটি আশা। তার এই পোস্টের পরই অনুরাগী ও নেটিজেনদের মনে তাদের বিবাহিত জীবন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এমনকি সম্প্রতি ইশার মা পুনম রিখিও কর্মফল নিয়ে একের পর এক পোস্ট শেয়ার করে সে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন।

এর আগে, গত জুন মাসে ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে বাদশার সঙ্গে নিজের বিয়ের খবর প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিলেন ইশা রিখি। সালমান খানের সঞ্চালনায় আসন্ন ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে ইশা রিখির অংশ নেওয়ার জোর গুঞ্জনের মধ্যেই তাদের এই বিবাহবিচ্ছেদের খবরটি সামনে এলো।

উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি জেসমিন মসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে এবং বিচ্ছেদ চূড়ান্ত হয়। বাদশা ও জেসমিনের সংসারে জেসেমি গ্রেস মসিহ সিং নামে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।




রাজ-সাবিলার নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’

বিনোদন ডেস্ক : ‘বনলতা এক্সপ্রেস’-এ জুটি বেঁধে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই জুটিই এবার ফিরছে আরও ভিন্নধর্মী গল্প নিয়ে। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। সময় ভ্রমণ, রোমান্স আর রহস্য- তিনের মিশেলে তৈরি হবে সিনেমাটি।

‘কানাভুলা প্যারাডক্স’ দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। নির্মাতারা বলছেন, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী যাত্রায় দর্শকদের নিয়ে যেতে চান তারা। পরিচিত গল্প বলার ছক থেকে বেরিয়ে নতুন ধরনের সিনেমার অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস ‘কানাভুলা প্যারাডক্স’ থেকে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং। এরপর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে পরিচালক হিসেবে আয়মান আসিব স্বাধীন এই প্রথম হলেও নির্মাণের জগতে একেবারে নতুন নন। এর আগে তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবে কাজ করেছেন তিনি। সুস্ময় সরকারও ওই তিনটি কাজের সঙ্গে ছিলেন গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে।

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে দর্শকের ভালোবাসা ও সাফল্য পাওয়া প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ এবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। ‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র।




পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজকের নির্ধারিত একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে দুই নেতার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে পুতিন এসসিও সম্মেলনের বিভিন্ন মূল কর্মসূচিতে অংশ নেন।

বৈঠকে রাশিয়ার পক্ষে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক, প্রেসিডেন্টের প্রশাসনের উপ-প্রধান মাকসিম ওরেকশিন, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবং প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ।

এছাড়া পরিবহন মন্ত্রী আন্দ্রে নিকিতিন, অর্থনীতি বিষয়কমন্ত্রী মাকসিম রেশেতনিকভ, জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ, সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ফেডারেল সার্ভিসের পরিচালক দিমিত্রি শুগায়েভ, রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি ও আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রিভ এবং রসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ বৈঠকে অংশ নেন।

সূত্র: তাস




সিলেট-মাস্কট ফ্লাইটের উদ্বোধন

প্রায় আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডানা মেলল বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ। মঙ্গলবার থেকে সিলেট-মাস্কট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ওমানভিত্তিক এয়ারলাইন্স ‘সালামএয়ার’। সপ্তাহে তিন দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

এর মাধ্যমে বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর—ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইট পরিচালনাকারী প্রথম বিদেশি বিমান সংস্থা হিসেবে রেকর্ড গড়ল ‘সালামএয়ার’।

‘সালামএয়ার’-এর সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটে মাস্কট থেকে সালামএয়ারের একটি উড়োজাহাজ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। ওই ফ্লাইটে ১৩৩ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজটিকে ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে স্বাগত জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে ওসমানী বিমানবন্দরে অভিষেক হলো বিদেশি এয়ারলাইন্সটির।

সেলিম আল রাজি আরও জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে পূর্ণ আসনের যাত্রী নিয়ে উড়োজাহাজটি মাস্কটের উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ওই ফ্লাইটে ২৩৩ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন।

উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে ‘সালামএয়ার’-এর উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের এরিয়া ইনচার্জ সেলিম আল রাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সালামএয়ার’-এর চিফ কমার্শিয়াল অফিসার স্টিভ অ্যালেন। বিশেষ অতিথি ছিলেন ওমান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফাতিহা আহমেদ আল বালুশি।




বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

ক্রীড়া ডেস্কঃ ২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

অভিযুক্ত তিনজন হলেন-বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও সাবেক অডিট কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

বিসিবি জানিয়েছে, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের অংশগ্রহণকারীদের জন্য অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে-দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে সম্পৃক্ততার চেষ্টা, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের তথ্য গোপন করা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানো। শামীমের বিরুদ্ধে কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে রয়েছে বিপিএলের ম্যাচের ফল, অগ্রগতি বা ম্যাচের অন্য কোনো বিষয় প্রভাবিত করার চেষ্টা, কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহ বা সহায়তা করা, দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো এবং তদন্ত-সংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা নষ্ট করার মাধ্যমে তদন্তে বাধা দেওয়া।

জাকিরের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ম্যাচের ফল বা অন্য কোনো বিষয় অনিয়মের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে যুক্ত হতে উৎসাহ বা সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অ্যান্টি-করাপশন কর্মকর্তার পরিচালিত তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে।

অন্যদিকে রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব বা যোগাযোগের তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

বিসিবি জানিয়েছে, অভিযুক্ত তিনজনকেই সাময়িকভাবে (প্রভিশনালি) বরখাস্ত করা হয়েছে। নোটিশ অব চার্জ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। এরপর কোড অনুযায়ী শৃঙ্খলাজনিত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি।




লোহাগড়ায় বিদ্যুতের ‘লুকোচুরি’, চরম ভোগান্তিতে গ্রাহক; সাব-স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: বিদ্যুৎ সরবরাহের নির্দিষ্ট সময়সূচি নেই, কখন বিদ্যুৎ যাবে কিংবা কখন ফিরবে—তারও নেই স্পষ্ট তথ্য। ফলে নড়াইলের লোহাগড়ায় অনিয়মিত লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার পাশাপাশি বিভ্রাটের কারণ ও সম্ভাব্য সময় সম্পর্কে সঠিক তথ্য না পাওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

গ্রাহকদের অভিযোগ, লোহাগড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দিনের বিভিন্ন সময়ে হঠাৎ বিদ্যুৎ চলে যাচ্ছে এবং কখন সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে অনেক সময় আগাম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এতে বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরাও সমস্যায় পড়ছেন।

দায়িত্বে থাকা কর্মী ঘুমিয়ে ছিলেন—এমন অভিযোগ

বিদ্যুৎ বিভ্রাটের এই পরিস্থিতির মধ্যেই লোহাগড়া পল্লী বিদ্যুৎ অফিসের সাব-স্টেশনে দায়িত্ব পালনকারী ইমন নামে এক কর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন গ্রাহক।

অভিযোগকারীদের ভাষ্য, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় সমস্যার বিষয়ে জানতে গিয়ে তাঁরা দেখতে পান, দায়িত্বে থাকা ওই কর্মী ঘুমিয়ে ছিলেন। বিদ্যুৎ সরবরাহ ও বিভ্রাটের বিষয়ে জানতে চাইলে তাঁর পক্ষ থেকে ‘ঘুমিয়ে গেলে কিছু করার নেই’—এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

তবে ওই কর্মী সত্যিই দায়িত্ব পালনের সময় ঘুমিয়ে ছিলেন কি না এবং তাঁর বক্তব্যের প্রেক্ষাপট কী ছিল—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও প্রতিবেদনে যুক্ত করা প্রয়োজন।

প্রশ্ন উঠছে জবাবদিহি নিয়ে

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্বে থাকা কর্মীদের কাজই হলো নির্ধারিত দায়িত্ব পালন, বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা। সেখানে দায়িত্বে অবহেলার অভিযোগ সত্য হলে তা শুধু একজন কর্মীর আচরণের প্রশ্ন নয়; বরং পুরো সেবা ব্যবস্থার জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি করে।

গ্রাহকদের প্রশ্ন—কোন এলাকায় কখন লোডশেডিং হবে, এর কোনো নির্দিষ্ট ব্যবস্থাপনা আছে কি না এবং হঠাৎ বিদ্যুৎ চলে গেলে গ্রাহকদের তথ্য দেওয়ার দায়িত্ব কার?

একই সঙ্গে আরও প্রশ্ন উঠেছে, দায়িত্ব পালনরত কোনো কর্মীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠলে সেটি যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত কোনো তদারকি ব্যবস্থা রয়েছে কি না।

গ্রাহকদের ভোগান্তির শেষ কোথায়?

স্থানীয় গ্রাহকদের দাবি, বিদ্যুৎ সরবরাহে সমস্যা থাকতেই পারে। কিন্তু সমস্যা হলে তার সঠিক কারণ, সম্ভাব্য স্থায়িত্ব এবং সমাধানের উদ্যোগ সম্পর্কে গ্রাহকদের জানানো জরুরি।

তাঁদের অভিযোগ, বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেক সময় কোথায় যোগাযোগ করতে হবে কিংবা কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে—এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।

বিশেষ করে শিক্ষার্থী, ছোট ব্যবসায়ী, অনলাইনভিত্তিক কাজ করা ব্যক্তি এবং বিদ্যুৎনির্ভর ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট আর্থিক ও দৈনন্দিন ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি

গ্রাহকদের দাবি, লোহাগড়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি কার্যকর পর্যালোচনা করা দরকার। লোডশেডিংয়ের বাস্তব চিত্র, বিদ্যুৎ বিভ্রাটের কারণ, দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিতি এবং অভিযোগ ব্যবস্থাপনা—সবকিছুই খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

একই সঙ্গে সাব-স্টেশনে দায়িত্বে থাকা কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি তাঁদের।

বিদ্যুৎ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য সেবা। তাই বিদ্যুৎ সরবরাহে অনিয়ম কিংবা দায়িত্বে অবহেলার অভিযোগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে এর পেছনে ব্যবস্থাপনাগত কোনো দুর্বলতা আছে কি না—সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।

এখন দেখার বিষয়, লোহাগড়ার বিদ্যুৎ বিভ্রাট ও দায়িত্বে অবহেলার অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না।




মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় নৈশভোজে মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্কের জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত যুবকের নাম সীতারাম। তাঁর বাড়ি উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামে। তিনি বেলাগাভির মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন এবং চাকরির কারণে হুনাশ্যাল পিজি গ্রামে বসবাস করতেন।

অভিযুক্ত অরুণ কুমারও একই গ্রামের বাসিন্দা। তিনি সীতারামের সঙ্গে একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুই বন্ধু একসঙ্গে নৈশভোজের আয়োজন করেছিলেন। খাবারের সময় একজন অন্যজনের চেয়ে বেশি মুরগির মাংসের টুকরা খাওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় অরুণ কুমার একটি ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন।

পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। আহত সীতারামকে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান অরুণ কুমার। সেখানে তিনি দাবি করেন, সীতারাম একটি ভবন থেকে পড়ে আহত হয়েছেন।

তবে তাঁর বক্তব্যে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে গিয়ে অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে সীতারামের মৃত্যু হয়।

এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি




নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের চৌরাস্তা থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান অলেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে নড়াইল পৌরসভার পুকুরপাড়ে বৃক্ষরোপণ এবং পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নগর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদত কবির রুবেল, গোবরা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. সুলতান মোল্যা, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্যসচিব মামুন গাজীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা সদর আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালির নেতৃত্বে দুপুরে শহরের ছোটবাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‍্যালিটি বের হয়। বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন।

এর আগে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে এবং ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে ছোটবাজারের দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। পরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

পরে আনন্দ র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।