সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন তিশা

বিনোদন ডেস্ক : শুটিং শেষে ঢাকা ফেরার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজের টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অভিনেত্রীর গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অভিনেত্রীসহ গাড়িতে থাকা কেউ আহত হননি।

জানা গেছে, সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তাসনুভা তিশা। ভৈরব মেঘনা সেতু পার হওয়ার পর নাটাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে ভৈরব ফেরিঘাটের সড়কের দিকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় তিশার গাড়ির সামনের বাম্পারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পিকআপ ভ্যানটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

পরে স্থানীয় একটি বেকারির সঙ্গে সংশ্লিষ্ট ওই পিকআপ ভ্যানের মালিকপক্ষের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়।
পরে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে তাসনুভা তিশার গাড়ির ক্ষয়ক্ষতির জন্য ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। লিখিত আপসনামার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর তাসনুভা তিশাসহ গাড়িতে থাকা অন্য যাত্রীরা প্রায় এক ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উভয় পক্ষের মধ্যে বিষয়টির মীমাংসা হয়।

ভৈরব হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মেহেদি হাসান বলেন, ‘রাত ১২টা ৩০ মিনিটের সময় ৯৯৯-এ কল পাওয়ার আগেই আমরা দুর্ঘটনাস্থানে পৌঁছাই। পিকআপটিকে আমরা আটকাতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি সুরহা করা হয়।’

দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও তাসনুভা তিশার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সমঝোতার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার পর বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।




জিসান হত্যা মামলা: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আব্দুর রহমান জিসানকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক ও জাহাঙ্গীর কবীর নানক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও মশিউর রহমান সজল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকার সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

আজ রবিবার যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন চৌধুরী বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার হুসাইন গত ৮ জুলাই আদালতে এ চার্জশিট দাখিল করেন। আগামী ৬ অক্টোবর মামলার চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে আন্দোলনে অংশ নেন জিসান। তিনি আন্দোলনকারীদের পানি পান করাচ্ছিলেন। এ সময় আসামিদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় জিসানের বাবা বাবুল মিয়া ২০২৪ সালের ২৫ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন।




এনবিআরে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনার পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত ও জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া ৩৬ জন কর্মকর্তা ও তাদের নতুন কর্মস্থল হলো- দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ; ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে; মুরাদ আহমেদকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ; মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

এছাড়া হাছিনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৬ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, রিগ্যান চন্দ্র দে-কে ঢাকা কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, ফারজানা নাজনীনকে ঢাকা কর অঞ্চল-০১ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ এ বদলি করা হয়েছে।

ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে সুলতানা হাবীবকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

কামরুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক থেকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, আরিফুল হককে ঢাকা কর আপিল অঞ্চল-০১ এর আপিলাত রেঞ্জ-২ থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে, তানিয়া সুলতানাকে (চলতি দায়িত্ব) ঢাকা কর আপিল অঞ্চল-০৩ এর আপিলাত রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, মো. মারুফ উল আবেদীনকে (চলতি দায়িত্ব) ফরিদপুর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩ এর আপিলাত রেঞ্জ-২ এ, মো. তানভীর মোর্শেদকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, তাছলিমা ইসলামকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে মুহা. রাশেদুল হাসানকে (চলতি দায়িত্ব) একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ, মো. সাইফুর রহমান রাসেল (সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-০১ এর পরিদর্শী রেঞ্জ-০৪ থেকে এনবিআরের আন্তর্জাতিক কর ইউনিটে, মুসতবা ইশতিয়াক আহমদকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০২ এর আপিলাত রেঞ্জ-১ এ, দীপক কুমার পালকে কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক থেকে ঢাকা কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, তরঙ্গ কুমার মন্ডলকে ঢাকা কর অঞ্চল-০৫ এর পরিদর্শী রেঞ্জ-০৩ থেকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ, ফারহানা শেখ কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক থেকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার হিসেবে, অমিত কুমার দাসকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে, মো. ফারজানুল ইসলামকে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে, সোনালী বিশ্বাস (সদ্য চলতি দায়িত্ব প্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-২৪ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা কর অঞ্চল-০৯ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, প্রণব সরকারকে ঢাকা কর অঞ্চল-১৭ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে রংপুর কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১। আর মো. আবুল কালাম আজাদ ঢাকা কর অঞ্চল-১৫ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

মোহাম্মদ দাউদ হোসেনকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬ এর আপিলাত রেঞ্জ-১ এ, মো. এনামুল কবির কুমিল্লা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা বিসিএস (কর) একাডেমির পরিচালক হিসেবে, বাপন চন্দ্র দাসকে নোয়াখালী কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৪ এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মো. শফিউল ইসলামকে ঢাকা কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ এ এবং এস এম গালিব ফারুক (সদ্য চলতি দায়িত্ব প্রাপ্ত) ময়মনসিংহ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৪ থেকে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব কর্মস্থলে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তারা তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।




পদ্মা রেল সংযোগে ১৩,৩৬১ কোটি টাকার অডিট আপত্তি: কাজ কম, বিল বেশি—প্রশ্নের মুখে প্রকল্প পরিচালক আফজাল হোসেন ও ঠিকাদাররা

বিশেষ প্রতিবেদকঃ দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঘিরে সরকারি বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে বিপুল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ। ২০টি অডিট আপত্তিতে মোট ১৩ হাজার ৩৬১ কোটি ৫২ লাখ টাকার অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। কোথাও প্রকৃত কাজের তুলনায় বেশি বিল, কোথাও চুক্তির বাইরে ব্যয়, কোথাও নিম্নমানের বা কম কাজের বিপরীতে অর্থ পরিশোধ—আবার কোথাও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উপকরণ আমদানির অভিযোগ।

সবচেয়ে বড় প্রশ্নের জায়গায় রয়েছেন প্রকল্পটির তৎকালীন প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন এবং সংশ্লিষ্ট ঠিকাদাররা। কারণ, অডিট প্রতিবেদনের একাধিক পর্যবেক্ষণে প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, নকশা পরিবর্তনের পর বিল পরিশোধ এবং ঠিকাদারদের আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

আরও বিস্ময়কর বিষয় হলো—এসব অভিযোগের পরও আফজাল হোসেন পরবর্তী সময়ে রেলের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পালন করেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত বড় অঙ্কের অডিট আপত্তির দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত না করেই কীভাবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বহাল থাকলেন?

ইতোমধ্যে সাংবাদিক আকাশ খান গত ১৩ আগস্ট জনস্বার্থে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং রাষ্ট্রের অর্থের ক্ষতি হয়ে থাকলে তা উদ্ধারের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন।

কাজ কমেছে, কিন্তু শতভাগ বিল—২,১৩০ কোটি টাকার প্রশ্ন : সরকারি নিরীক্ষায় সবচেয়ে বড় আপত্তিগুলোর একটি ঢাকা-যশোর রেললাইন নির্মাণকাজ নিয়ে।

অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মূল নকশায় রেললাইনের বাঁধ নির্মাণের গড় উচ্চতা নির্ধারিত ছিল ৭ দশমিক ৩ মিটার। পরবর্তী জরিপে তা কমিয়ে ৫ দশমিক ৬ মিটার নির্ধারণ করা হয়। অর্থাৎ গড়ে প্রায় ১ দশমিক ৭ মিটার কম উচ্চতায় কাজ করার সিদ্ধান্ত হয়। ২০২২ সালের ১৩ জানুয়ারি পরামর্শক প্রতিষ্ঠান বিষয়টি প্রকল্প পরিচালককে অবহিত করে। এরপর সংশোধিত নকশা অনুযায়ী ব্যবস্থা নিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়। নকশা পরিবর্তনের কারণে মাটি ভরাট, পিভিডি, জিওটেক্সটাইল, সিমেন্ট মিক্সিং পাইল, ব্রিজ ও কালভার্টসহ বিভিন্ন কাজের পরিমাণ কমে যায়। কিন্তু অডিটের অভিযোগ—কাজ কমলেও ঠিকাদারকে দেওয়া হয়েছে বিওকিউতে নির্ধারিত শতভাগ বিল। নিরীক্ষা কর্তৃপক্ষের হিসাবে এর ফলে ঠিকাদারকে অতিরিক্ত পরিশোধ করা হয়েছে ১৭ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ১৩০ কোটি ৪২ লাখ টাকা।

এখানেই উঠছে সবচেয়ে বিস্ফোরক প্রশ্ন— নকশায় কাজের পরিমাণ কমে গেলে বিলও কমার কথা। তাহলে কাজ কমার পরও শতভাগ বিল পরিশোধের সিদ্ধান্ত হলো কীভাবে ? কার অনুমোদনে হলো? আর সেই সিদ্ধান্তের দায় নেবে কে ?

অডিট প্রতিবেদনে বলা হয়েছে, সংশোধিত নকশার ভিত্তিতে চূড়ান্ত মূল্যায়নের পর পরামর্শক প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য ঠিকাদারকে চিঠিও দেয়।

প্রকল্প কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, ঠিকাদারকে চুক্তি অনুযায়ী ডলারে বিল দেওয়া হয়েছে এবং অতিরিক্ত কোনো ডলার পরিশোধ করা হয়নি। বর্তমান ডলার বিনিময় হার ব্যবহার করেই অডিট অতিরিক্ত ব্যয় দেখিয়েছে বলেও তাদের বক্তব্য। কিন্তু এই ব্যাখ্যা গ্রহণ করেনি নিরীক্ষা কর্তৃপক্ষ। অডিট কর্মকর্তাদের মতে, বিওকিউতে দর নির্ধারণ করা হয়েছিল বাংলাদেশি টাকায় এবং পরবর্তী সময়ে মূল্য সমন্বয়ও হয়েছে। ফলে বর্তমান ডলার বিনিময় হার ব্যবহার করে অতিরিক্ত পরিশোধের হিসাব করাকে তারা যৌক্তিক মনে করেছে। আরও গুরুতর বিষয় হলো, চুক্তির GCC 2.5 ধারায় অতিরিক্ত পরিশোধিত অর্থ পরবর্তী বিল থেকে সমন্বয়ের সুযোগ থাকলেও প্রকল্প কর্তৃপক্ষ তা করেনি বলে অডিটে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ অডিটের ভাষ্য সত্য হলে, প্রশ্ন শুধু অতিরিক্ত বিল দেওয়ার নয়—অতিরিক্ত অর্থ সমন্বয় বা আদায়ের সুযোগ থাকার পরও তা না করার পেছনে কার ভূমিকা ছিল, সেটিও তদন্তের আওতায় আসা উচিত।

৩,৬০৬ কোটি টাকার উচ্চমূল্যের চুক্তি—‘বিশেষায়িত কাজ’ দেখানোর রহস্য : অডিটে আরও বড় অঙ্কের আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে প্রকল্পের চুক্তিমূল্য নির্ধারণ নিয়ে। প্রকল্পকে ‘বিশেষায়িত কাজ’ দেখিয়ে প্রাক্কলনের তুলনায় ১৭ শতাংশ বেশি দামে চুক্তি করায় ৩ হাজার ৬০৬ কোটি ৮৮ লাখ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ করা হয়েছে।

প্রশ্ন হলো—কোন যুক্তিতে কাজটিকে বিশেষায়িত হিসেবে দেখানো হয়েছিল? প্রাক্কলনের তুলনায় এত বেশি দামে চুক্তির প্রয়োজন কেন হলো? এবং এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের ভূমিকা কী ছিল ? এসব প্রশ্নের উত্তরই এখন গুরুত্বপূর্ণ।

বিওকিউ বাড়িয়ে ৭২৮ কোটি—চুক্তির শর্তের বাইরে সুবিধা ? নিরীক্ষায় আরও অভিযোগ করা হয়েছে, টার্নকি বা ইপিসি চুক্তির শর্ত লঙ্ঘন করে বিওকিউ বাড়িয়ে ৭২৮ কোটি ৪ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে। দেশীয় মালামালের মূল্য বাংলাদেশি টাকার পরিবর্তে ডলারে পরিশোধের মাধ্যমে ৫১৯ কোটি ৯১ লাখ টাকা এবং মূল স্পেসিফিকেশনের তুলনায় গড়ে ২০০ মিলিমিটার কম গ্রানুলার স্যান্ড ব্যবহার করেও ২১৬ কোটি ৭৯ লাখ টাকা পরিশোধের অভিযোগ উঠেছে। অর্থাৎ একদিকে কাজের পরিমাণ বা মান কমার অভিযোগ, অন্যদিকে বিলের অঙ্কে কাটছাঁট না হওয়ার অভিযোগ—দুটি বিষয় পাশাপাশি রেখে দেখলে প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হয়।

অগ্রগতি প্রতিবেদনের চেয়েও বেশি কাজ দেখিয়ে বিল!
নিরীক্ষা প্রতিবেদনে পরামর্শক প্রতিষ্ঠানের অগ্রগতি প্রতিবেদনের তুলনায় বেশি কাজ দেখিয়ে ১ হাজার ১১ কোটি ১৯ লাখ টাকা অতিরিক্ত বিল পরিশোধের অভিযোগও করা হয়েছে।

যদি অডিটের এই পর্যবেক্ষণ সঠিক হয়ে থাকে, তাহলে প্রকল্পের কাজের বাস্তব অগ্রগতি, পরিমাপ বই, বিল প্রস্তুত, অনুমোদন এবং অর্থ ছাড়ের প্রতিটি ধাপের নথি যাচাই করা জরুরি। কারণ প্রশ্নটি সরাসরি রাষ্ট্রীয় অর্থের— যে কাজ হয়নি, সেই কাজের বিল কীভাবে তৈরি হলো? কে পরিমাপ করল ? কে প্রত্যয়ন করল? কে অনুমোদন দিল ?

অতিরিক্ত রেল আমদানিতেও প্রশ্ন : প্রকল্পে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ২ হাজার ৮৫৫ টন UIC-60 রেল আমদানির অভিযোগ তুলেছে অডিট কর্তৃপক্ষ। এর ফলে অতিরিক্ত শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর বাবদ ১২ কোটি ৫১ লাখ টাকা পরিশোধের অভিযোগ রয়েছে। প্রকল্প কর্তৃপক্ষের দাবি, কাজের পরিধি বাড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গেন্ডারিয়া তৃতীয় লাইন, ভাঙ্গা জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া ও পদ্মবিলা জংশনসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত রেলের প্রয়োজন হয়েছিল। তবে এই ব্যাখ্যাও অডিট কর্তৃপক্ষ গ্রহণ করেনি। ফলে প্রশ্ন থেকে যায়—প্রকল্পের প্রকৃত প্রয়োজন নির্ধারণে ভুল হয়েছিল, নাকি অতিরিক্ত আমদানির পেছনে অন্য কোনো আর্থিক স্বার্থ কাজ করেছিল ?

আরও যেসব অনিয়মের অভিযোগ : সরকারি বিশেষ নিরীক্ষায় উত্থাপিত ২০টি আপত্তির মধ্যে আরও রয়েছে— একই জমির মূল্য দ্বিতীয়বার নির্ধারণ করে অতিরিক্ত অনুদান দেওয়ায় ১৭১ কোটি ৯৭ লাখ টাকা, ভাঙ্গা রেলস্টেশনের নকশা পরিবর্তনে ২৮৫ কোটি ৫৬ লাখ টাকা, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া গাড়ি কেনায় ১১০ কোটি ৩৯ লাখ টাকা, ব্যালাস্টের পুরুত্ব কম দিয়েও ২৫ কোটি ৭১ লাখ টাকা;

উন্মুক্ত দরপত্র ছাড়া জমির সীমানা পিলার স্থাপনে ৩ কোটি ৭৪ লাখ টাকা,
চুক্তির বাইরে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার কেনায় ২ কোটি ৫৭ লাখ টাকা, সরকারি জমির মূল্য ব্যক্তির নামে পরিশোধ দেখিয়ে ১১ কোটি ৫ লাখ টাকা, অতিরিক্ত অর্থ ডিএসসিসিকে দিয়ে এফডিআরে রাখায় ৪১৭ কোটি ৫০ লাখ টাকা, ভাঙ্গা জংশনে অতিরিক্ত মাটি ভরাট দেখিয়ে ৭ কোটি ৩২ লাখ টাকা, প্রভিশনাল সামের ওপর ওভারহেড চার্জ দিয়ে ১ কোটি ৮০ লাখ টাকা, অতিরিক্ত স্থাপনা নির্মাণে পরামর্শককে অনিয়মিত অর্থ পরিশোধ। সব মিলিয়ে সরকারি নিরীক্ষায় ওঠা আপত্তির অঙ্ক দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬১ কোটি ৫২ লাখ টাকা।

আফজাল হোসেনের বক্তব্য কী ? অডিট আপত্তির বিষয়ে রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেনের বক্তব্য জানতে শনিবার দুপুরে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে প্রশ্ন আকারে খুদে বার্তা পাঠালে তিনি জানান, অডিটের অধিকাংশ আপত্তি নিষ্পত্তি হয়েছে এবং অনেক আপত্তি প্রত্যাহারও করা হয়েছে। সর্বশেষ তথ্যের জন্য তিনি প্রকল্প পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

বর্তমান প্রকল্প পরিচালক নাজনীন আরা কেয়াও বলেছেন, ১৩ হাজার কোটি টাকার অডিট আপত্তির বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষ একে একে জবাব দিচ্ছে। তার ভাষ্য, অডিট আপত্তি উঠলেই সেটিকে অনিয়ম বলা যায় না; বিষয়গুলোর নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। এই বক্তব্য অবশ্য তদন্তের প্রয়োজনীয়তাই আরও বাড়িয়ে দেয়। কারণ অডিট আপত্তির কতটি সত্যিই নিষ্পত্তি হয়েছে, কতটি প্রত্যাহার হয়েছে এবং কোন যুক্তিতে হয়েছে—সেসব তথ্য জনসমক্ষে পরিষ্কার হওয়া প্রয়োজন।

৬৫৮ কোটি টাকার লোকোমোটিভ-কোচ কেনাকাটাতেও অভিযোগ
আফজাল হোসেনকে ঘিরে : শুধু পদ্মা রেল প্রকল্পের অডিট আপত্তিই নয়, নতুন লোকোমোটিভ ও কোচ কেনায় ৬৫৮ কোটি টাকার অনিয়মের অভিযোগও সামনে এসেছে। অভিযোগের পর রেল মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। গত ২ জুলাই সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে ৬ জুলাই প্রমাণপত্রসহ শুনানিতে উপস্থিত হতে বলা হয়। তবে তদন্ত শেষ হলেও এখন পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে জানা গেছে। ফলে একই ব্যক্তিকে ঘিরে একাধিক অভিযোগের ক্ষেত্রে তদন্তের ফলাফল প্রকাশ এবং দায় নির্ধারণের দাবি আরও জোরালো হয়েছে।

দুদকের অনুসন্ধানেও আফজাল : এরই মধ্যে দুদকের চলমান অনুসন্ধানে রেলের ডিজি মো. আফজাল হোসেনকে ঘিরে আরও গুরুতর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাথর সরবরাহ ও মোটর মেরামতের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদকের আবেদনে বলা হয়েছে, অর্থের একটি অংশ অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকে তার সন্তানদের নামে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগের আর্থিক লেনদেন যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহযোগিতাও চেয়েছে দুদক। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এসব অভিযোগ এখনো তদন্তাধীন; আদালত বা কোনো চূড়ান্ত তদন্তে এগুলো প্রমাণিত হয়েছে এমন দাবি করা হচ্ছে না। ফলে অভিযোগের সত্যতা নির্ধারণে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য।

টিআইবির প্রশ্ন, তদন্তের স্বার্থে ব্যবস্থা কেন নয় ?
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মতো বড় প্রকল্পে ওঠা অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষ বিভাগীয় তদন্তে যাচাই করা উচিত। তদন্তে মন্ত্রণালয়, প্রকল্প কর্তৃপক্ষ, রেলওয়ের কর্মকর্তা কিংবা ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। তার মতে, এত বড় অভিযোগের পর তদন্তের স্বার্থে রেলের ডিজিকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারত। কিন্তু তা না করে তাকে পদোন্নতি দেওয়ায় জবাবদিহির ক্ষেত্রে নেতিবাচক বার্তা গেছে।

প্রতিমন্ত্রীর বক্তব্য—‘প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা’
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রেলের মহাপরিচালকসহ কোনো কর্মকর্তা বা অন্য কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা অনিয়মের বিষয় সরকার নজরে রেখেছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউ নন। এখন মূল প্রশ্ন—১৩ হাজার ৩৬১ কোটি টাকার দায় কার ? পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সরকারি নিরীক্ষায় ওঠা ১৩ হাজার ৩৬১ কোটি ৫২ লাখ টাকার অডিট আপত্তি নিছক কোনো হিসাবের গরমিল, নাকি এর আড়ালে প্রকৃত আর্থিক অনিয়ম রয়েছে—সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

যদি অডিটের অভিযোগগুলো তদন্তে সত্য প্রমাণিত হয়, তাহলে প্রশ্ন উঠবেই— কাজ কম হওয়ার পরও কেন বিল বেশি দেওয়া হলো?
নকশা পরিবর্তনের পরও কেন শতভাগ অর্থ পরিশোধ করা হলো ? চুক্তির বাইরে ব্যয়ের অনুমোদন কারা দিলেন ?
অতিরিক্ত উপকরণ আমদানির প্রয়োজনীয়তা কে নির্ধারণ করেছিলেন ? প্রকৃত অগ্রগতির চেয়ে বেশি কাজ দেখিয়ে বিল অনুমোদনের সঙ্গে কারা জড়িত ছিলেন ? আর রাষ্ট্রের অর্থের এই বিপুল আর্থিক সুবিধার প্রকৃত সুবিধাভোগী কারা ?

প্রকল্পের ব্যয় প্রায় ৩৫ হাজার কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে যদি অডিটে উত্থাপিত অভিযোগগুলোর একটি অংশও সত্য প্রমাণিত হয়, তবে বিষয়টি শুধু আর্থিক অনিয়ম নয়—এটি হবে রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনা, প্রকল্প তদারকি এবং প্রশাসনিক জবাবদিহির বড় ধরনের ব্যর্থতার উদাহরণ।

এখন প্রয়োজন অডিট আপত্তিগুলো ‘নিষ্পত্তি হয়েছে’—এমন সাধারণ বক্তব্যে থেমে না থেকে প্রতিটি আপত্তির বিপরীতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কত টাকা আদায় হয়েছে, কোন কর্মকর্তা বা ঠিকাদারের দায় নির্ধারিত হয়েছে এবং কত টাকা এখনো অনাদায়ী—তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা। কারণ হাজার হাজার কোটি টাকার প্রশ্নে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাষ্ট্রীয় অর্থ জনগণের অর্থ। সেই অর্থের এক টাকাও যদি অনিয়মের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার দায় নির্ধারণ এবং অর্থ পুনরুদ্ধার করাই এখন সময়ের দাবি।

পদ্মা রেল সংযোগ প্রকল্পের এই অডিট ঝড় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে—তা নির্ধারণ করবে একটি বিষয়ই:
১৩ হাজার ৩৬১ কোটি ৫২ লাখ টাকার অডিট আপত্তি কি কেবল কাগজের হিসাব হয়ে থাকবে, নাকি সত্যিই বেরিয়ে আসবে—কাজ কম হওয়ার পরও কার নির্দেশে, কীভাবে এবং কেন রাষ্ট্রের অর্থের এত বড় অঙ্কের বিল পরিশোধ করা হয়েছিল।




এলজিইডিতে পদোন্নতির ‘দাম’ ৯ কোটি ৫৫ লাখ, উঠছে বদলি-পদায়নেও অর্থ লেনদেনের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ ‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)–তে পদোন্নতি ঘিরে ৯ কোটি ৫৫ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। গত মার্চে ৯০ জন কার্যসহকারীকে সার্ভেয়ার এবং ১৩৭ জন উপসহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে পদোন্নতির ক্ষেত্রে এই বিপুল অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংস্থাটির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
‎অভিযোগ অনুযায়ী, ৯০ জন কার্যসহকারীর প্রত্যেকের কাছ থেকে তিন লাখ টাকা করে মোট ২ কোটি ৭০ লাখ টাকা এবং ১৩৭ জন উপসহকারী প্রকৌশলীর প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে মোট ৬ কোটি ৮৫ লাখ টাকা নেওয়া হয়েছে। দুই দফার হিসাব যোগ করলে দাঁড়ায় ৯ কোটি ৫৫ লাখ টাকা।

টাকা দেওয়ার দাবিদারদের বক্তব্য, ব্যাংক লেনদেন, যোগাযোগের রেকর্ড, নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করলেই অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব।

‎বদলি-পদায়নেও কথিত ‘রেট’
‎এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে ঘিরে বদলি, পদায়ন, পদোন্নতি ও প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।

‎সংশ্লিষ্টদের অভিযোগ, উপজেলা প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলীর বদলিতে ১৫ থেকে ২০ লাখ টাকা, উপসহকারী প্রকৌশলীর বদলিতে ৮ থেকে ১০ লাখ টাকা, নির্বাহী প্রকৌশলীর বদলিতে ৫০ লাখ থেকে এক কোটি টাকা এবং প্রকল্প পরিচালক নিয়োগে এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত কথিত ‘রেট’ রয়েছে।

Screenshot 2026 08 30 165653

‎অভিযোগকারীদের ভাষ্য, পছন্দের পদ বা গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টিং পেতে কর্মকর্তাদের এক ধরনের অঘোষিত অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয়। টাকা না দিলে বদলি বা পদায়ন আটকে থাকার অভিযোগও করেছেন তাঁরা।

‎পদোন্নতির তালিকা যাচাইয়ের দাবি
‎৯ কোটি ৫৫ লাখ টাকার অভিযোগের পর সবচেয়ে বড় প্রশ্ন কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এসব পদোন্নতি হয়েছে? ‎এ জন্য পদোন্নতিপ্রাপ্ত ২২৭ কর্মকর্তার তালিকা, পদোন্নতির নথি, সুপারিশকারী কর্তৃপক্ষের নথি, সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব ও সম্পদের বিবরণী যাচাই করার দাবি উঠেছে।

‎অভিযোগকারীরা বলছেন, প্রত্যেকের কাছ থেকে একই হারে টাকা নেওয়া হয়ে থাকলে এত বড় অঙ্কের অর্থ একসঙ্গে সংগ্রহ ও বণ্টনের ক্ষেত্রে কোনো না কোনো আর্থিক বা যোগাযোগের চিহ্ন থাকার কথা।

প্রকল্পেও অনিয়মের অভিযোগ
‎বেলাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার, সংশোধিত প্রাক্কলন ও বিল অনুমোদন ঘিরেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। ‎একটি বড় সেতু নির্মাণ প্রকল্পে ঠিকাদারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ করা হয়েছে। একইভাবে বৃহত্তর রংপুর অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং গ্রামীণ সড়ক-সেতু প্রকল্পে দায়িত্ব পালনকালেও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।‎তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট প্রকল্পের টেন্ডার নথি, কার্যাদেশ, বিল, সংশোধিত প্রাক্কলন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষা করা প্রয়োজন।

‎সম্পদের সঙ্গে আয়ের মিল কতটা?
‎প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, রংপুর শহরে বহুতল বাড়ি, ঢাকার পল্লবীতে একাধিক ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিক এলাকায় প্লট এবং রংপুর ও কুড়িগ্রামে বিপুল পরিমাণ জমিসহ বিভিন্ন সম্পদ রয়েছে তাঁর। ‎এ ছাড়া একাধিক ইটভাটা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গেও তাঁর পরিবারের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

‎এসব সম্পদের মালিকানা ও অর্থের উৎস নিশ্চিত করতে ভূমি রেজিস্ট্রি, রাজউকের নথি, আয়কর রিটার্ন, সম্পদ বিবরণী এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাব যাচাই করা জরুরি।

‎রাজনৈতিক প্রভাবের অভিযোগও
‎বেলাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে থাকার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

‎এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দীর্ঘদিন নীলফামারী ও গাইবান্ধা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর স্বাধীন প্রমাণ প্রতিবেদকের হাতে নেই।

‎সচিবের ভূমিকা নিয়েও প্রশ্ন
‎বেলাল হোসেনকে পুনরায় গুরুত্বপূর্ণ পদে রাখার উদ্যোগে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসানের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে।

‎অভিযোগকারীদের দাবি, বেলালকে ঘিরে প্রশাসনিক সিদ্ধান্তে সচিবের প্রভাব রয়েছে। এমনকি তাঁকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগের উদ্যোগেরও অভিযোগ করা হয়েছে। ‎তবে সচিবের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য নথি বা স্বাধীন প্রমাণ পাওয়া গেছে কি না, তা যাচাই করা প্রয়োজন।

‎৯ কোটি ৫৫ লাখ –এর তদন্ত হবে?
‎এলজিইডি দেশের গ্রামীণ সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে বিপুল সরকারি অর্থ ব্যয় করে। এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বদলিতে ঘুষের অভিযোগ সত্য হলে তা শুধু প্রশাসনিক অনিয়ম নয়, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও মান নিয়েও বড় প্রশ্ন তৈরি করবে।

‎তাই ৯ কোটি ৫৫ লাখ টাকার কথিত পদোন্নতি বাণিজ্যের অভিযোগের পাশাপাশি বদলি-পদায়নের কথিত ‘রেট’, প্রকল্প পরিচালকের নিয়োগ, টেন্ডার, বিল এবং প্রধান প্রকৌশলীর সম্পদের বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি উঠেছে।

‎অভিযোগগুলোর বিষয়ে প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার বক্তব্য নেওয়া জরুরি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।




জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাপানের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক স্থাপনা ব্যবহৃত হলে এর দায় জাপান সরকারকেও নিতে হবে। এ বিষয়ে জাপানের জনগণকে তাদের সরকারের কাছে জবাবদিহি দাবি করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আরাগচি বিশেষ করে জাপানের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনা কীভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশে পাঠানো হয়েছে এবং সেগুলো ইরানে হামলায় ব্যবহৃত হয়েছে—এমন খবরের প্রতিক্রিয়ায় আরাগচি এসব মন্তব্য করেন।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে আরাগচির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “জাপানে অবস্থিত স্থাপনাগুলোর ব্যবহারের জন্য টোকিও দায়ী।”

জাপানের ভূমিকা নিয়ে প্রশ্ন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা অন্য দেশের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত হলে টোকিওর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ ধরনের কর্মকাণ্ডে জাপান সরাসরি জড়িত না থাকলেও তার ভূখণ্ড ও সামরিক অবকাঠামো ব্যবহারের বিষয়টি উপেক্ষা করা যায় না বলে তিনি ইঙ্গিত দেন।

আরাগচি জাপানের জনগণের উদ্দেশে বলেন, তাদের সরকারের ‘মার্কিন অপরাধে অংশগ্রহণের’ বিষয়টি নিয়ে জবাবদিহি দাবি করা উচিত।

তার এই বক্তব্যের মধ্য দিয়ে ইরান মূলত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মিত্রদেশগুলোর সামরিক ঘাঁটি ও অবকাঠামো ব্যবহারের বিষয়টি সামনে আনতে চাইছে। বিশেষ করে জাপানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা পরিচালিত হলে তার রাজনৈতিক ও আন্তর্জাতিক দায় কার—সেই প্রশ্নই তুলেছেন ইরানের শীর্ষ কূটনীতিক।

মিসাওয়া ঘাঁটি ঘিরে বিতর্ক
জাপানের উত্তরাঞ্চলের আওমোরি প্রিফেকচারে অবস্থিত মিসাওয়া বিমানঘাঁটি মার্কিন ও জাপানি সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ যৌথ স্থাপনা। এখান থেকে মার্কিন যুদ্ধবিমান পরিচালিত হয়ে থাকে।

ইরানে হামলার জন্য এই ঘাঁটি থেকে এফ-১৬ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর খবর সামনে আসার পর জাপানের ভূখণ্ড কীভাবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেই বিতর্ককে আরও তীব্র করতে পারে। বিশেষ করে জাপানের সংবিধানের শান্তিবাদী অবস্থান এবং দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে বিষয়টি তাৎপর্যপূর্ণ।

এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা জোট বিদ্যমান। জাপানে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক সেনা, বিমান ও সামরিক স্থাপনা রয়েছে। পূর্ব এশিয়ার নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই এসব ঘাঁটি ব্যবহৃত হয়ে আসছে।

তবে এসব স্থাপনা জাপানের ভূখণ্ডে থাকায় যুক্তরাষ্ট্রের বাইরের কোনও সামরিক অভিযানে সেগুলো ব্যবহৃত হলে জাপানের ভূমিকা ও দায় নিয়ে প্রশ্ন ওঠে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে আরাগচির মন্তব্য সেই পুরোনো প্রশ্নকেই নতুন করে সামনে নিয়ে এসেছে—মিত্রদেশের ভূখণ্ড থেকে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশটি কতটা দায় বহন করবে।

ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি ওয়াশিংটনের মিত্রদের ভূমিকারও সমালোচনা করে আসছে। আরাগচির সর্বশেষ বক্তব্যে জাপানকে সরাসরি লক্ষ্য করা সেই কূটনৈতিক চাপেরই অংশ বলে মনে করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা




আরপিসিএলে নিয়োগ, পদোন্নতি ও প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ: রাশেদ-রেজাউল-শাহজাহান-নাজমুসকে ঘিরে সিন্ডিকেটের প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ বিদ্যুৎখাতের গুরুত্বপূর্ণ সংস্থা রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেডে (আরপিসিএল) এমডি পদে নিয়োগ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করার পরও ২০২৫ সালের সেপ্টেম্বরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অযোগ্য ও অদক্ষ প্রকৌশলী এএইচএম রাশেদকে নিয়োগ দেওয়া হয়। এমডি হিসেবে এএইচএম রাশেদের অবৈধ নিয়োগে মুখ্য ভূমিকা পালন করেন তারই ঘনিষ্ঠ বন্ধু আরপিসিএল’র বর্তমান নির্বাহী পরিচালক (ওএন্ডএম) রেজাউল কবীর, জেনারেল ম্যানেজার (অর্থ) শাহজাহান ফকির এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) নাজমুস সায়াদাত্।

সূত্র জানায়, উপরোক্ত ৩ জন সুচতুর কর্মকর্তা নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অবৈধপন্থায় মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে অযোগ্য ও অদক্ষ প্রকৌশলী এএইচএম রাশেদকে এমডি হিসেবে নিয়োগ দিতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফাওজুল কবীরকে ম্যানেজ করে ফেলেন।

সূত্র জানায়, মোটা অঙ্কের ঘুষের এই টাকা মূলত ময়মনসিংহে নির্মাণাধীন ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদার হারবিন ইঞ্জিনিয়ারিং থেকে প্রকল্প পরিচালক রেজাউল কবীর ও শাহজাহান ফকির সংগ্রহ করেন। যে কারণে হারবিন ইঞ্জিনিয়ারিংকে অবৈধ সুবিধা দেওয়া হয়। উক্ত বিদ্যুৎ কেন্দ্রের স্টেপ আপ ট্রান্সফরমারটি (২৪০ এমভিএ, ১৩২ কেভি) নষ্ট অবস্থায় সরবরাহ করা হলেও ক্রয়কারী কর্তৃপক্ষ আরপিসিএল বোর্ডের কোন সিদ্ধান্ত ছাড়াই তৎকালিন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও আরইবি সদস্য (অর্থ) নাজমুস সায়াদাতের অনুমোদনক্রমে মেরামত করে পুনরায় সরবরাহের জন্য ঠিকাদারকে অবৈধ সুবিধা প্রদান করা হয়। আর এই প্রক্রিয়ায় প্রকল্প পরিচালক রেজাউল কবীর ও শাহজাহান ফকির সরাসরি জড়িত বলে সূত্র জানায়।

বিনষ্ট ট্রান্সফরমার মেরামত করে পুনরায় সরবরাহ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইঞ্জিনিয়ারিংকে অবৈধ সুবিধা দিয়ে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নেয় এই চক্রটি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে প্রকল্প পরিচালক রেজাউল কবীর ও জেনারেল ম্যানেজার শাহজাহান ফকির ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে অবৈধ পন্থায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এএইচএম রাশেদকে নিয়োগ পেতে সর্বাত্মক সহযোগিতা করায় এর পুরস্কার হিসেবে আরেক অযোগ্য ও অদক্ষ তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকল্প পরিচালক রেজাউল কবীর প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, মাত্র ২ মাসের মাথায় প্রধান প্রকৌশলীর পদ থেকে নির্বাহী পরিচালক (ওএন্ডএম) হিসেবে পদোন্নতি দেন সুচতুর এমডি এএইচএম রাশেদ। আর এতে ষোল কলা পূর্ণ হয় রেজাউল কবীরের। অন্যদিকে আরেক ধুরন্ধর কর্মকর্তা শাহজাহান ফকির জেনারেল ম্যানেজার পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাহী পরিচালক (অর্থ) বাগিয়ে নিতে সক্ষম হন।

সূত্র জানায়, উপরোক্ত ৩ কর্মকর্তা মিলে গিলে খাচ্ছে আরপিসিএল। অবৈধপন্থায় এএইচএম রাশেদ এমডি হিসেবে নিয়োগ পাওয়ায় প্রায় সকল ক্ষেত্রেই আরপিসিএল’র পারফরমেন্স কমতে থাকে। অন্যদিকে ভেঙ্গে পড়ে চেইন অব কমান্ড। সবমিলে স্থবিরতা নেমে এসেছে আরপিসিএল-এ। হতাশা বিরাজ করছে প্রতিষ্ঠানে কর্মরত সচেতন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। আরপিসিএল’র প্রধান কার্যালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ব্যবস্থাপনা পরিচালক এএইচএম রাশেদের কক্ষে রেজাউল কবীর ও শাহজাহান ফকির ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার ফলে আরপিসিএল’র অঙ্গ প্রতিষ্ঠানসমূহের জরুরী কাজের জন্য নথী স্বাক্ষর করতে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ফলশ্রুতিতে সকল কার্যক্রম ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে।

আরপিসিএল, আরএনপিএল ও বিপিইএমসি এই ৩টি প্রতিষ্ঠানের যে কোন সিদ্ধান্ত গ্রহণ এমনকি কারিগরী বিষয়ের ক্ষেত্রেও ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (অর্থ) শাহজাহান ফকির এবং নাজমুস সায়াদাতের সঙ্গে পরামর্শ করার পর সিদ্ধান্ত নেন এমডি রাশেদ। যোগ্যতা না থাকা সত্ত্বেও এএইচএম রাশেদকে এমডি পদে বসানোর ফলে ঐ দু’জনের সঙ্গে পরামর্শ ছাড়া কোন কাজ করার সাহস কিংবা মনোবল নেই তার মধ্যে। আরএনপিএল এর ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহের জন্য বেআইনিভাবে একক দরপত্রের মাধ্যমে ‘পিটি সাম্পার’ নামক একটি প্রতিষ্ঠানকে মিলিয়ন মিলিয়ন ডলারের কার্যাদেশ প্রদান করেন তৎকালিন ভারপ্রাপ্ত এমডি নাজমুস সায়াদাত। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান নিম্ন মানের কয়লা সাপ্লাই দেওয়াতে এক পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। উক্ত সরবরাহকারী প্রতিষ্ঠান ‘পিটি সাম্বার’ থেকে বর্তমান এমডি রাশেদ, শাহজাহান ফকির ও নাজমুস সায়াদাত প্রতি টন কয়লার জন্য নির্দিষ্ট হারে অবৈধ সুবিধা নিয়ে এই নিম্ন মানের কয়লা নিতে আরএনপিএলকে বাধ্য করে। যদিও খারাপ কয়লার কারণে প্রায় ৬ লাখ টন সরবরাহ করার পর বর্তমানে কয়লা সরবরাহ স্থগিত রাখা হয়েছে। উক্ত প্রক্রিয়ায় কোন নিয়মনীতি না মেনে নাজমুস সায়াদাতকে মূল্যায়ন কমিটির আহ্বায়ক করা হয় এবং ইউনুস সরকারের শেষের দিকে ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে তড়িঘড়ি করে এই চুক্তি সম্পন্ন করা হয়। ময়মনসিংহ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন-৪ বিনষ্ট হয়ে দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকে (মার্চ ২০২৫ থেকে মে/২০২৬ পর্যন্ত)। এতে করে আরপিসিএল’র প্রায় ১১০ কোটি টাকা ক্ষতি হয়। অথচ ঐ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ইনচার্জ ও বর্তমান এমডি রাশেদ ঐ ১৪ মাস দায়িত্বে ছিলেন। আরপিসিএল-এ দীর্ঘদিন ধরে প্রধান প্রকৌশলীর ২টি পদ শুন্য রেখে নিজের পছন্দের অযোগ্য ও অদক্ষ লোকজনকে দায়িত্ব দেওয়ায় আরপিসিএল’র কর্মকান্ডে ধ্বস নেমেছে। এতে করে ৪টি বিদ্যুৎ কেন্দ্রই প্রায় বন্ধ রয়েছে বলে জানা গেছে। ময়মনসিংহ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে।

গাজীপুর ১০৫ মেগাওয়াট, ৫২ মেগাওয়াট ও রাউজান ২৬ মেগাওয়াট এই ৩টি বিদ্যুৎ কেন্দ্রে কেন সামর্থ অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না সে বিষয় খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন সচেতনমহল। নির্বাহী পরিচালক (অর্থ) পদে নিয়োগের জন্য হত ৩০/১১/২০২৫ ইং তারিখের মধ্যে সার্কুলার দেওয়ায় সুস্পষ্টভাবে আরপিসিএল বোর্ডের সিদ্ধান্ত থাকলেও এখন পর্যন্ত সার্কুলার না দিয়ে শাহজাহান ফকিরকে অতিরিক্ত দায়িত্বে রাখা হয়েছে।

অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, শাহজাহান ফকিরের যোগ্যতা না থাকায় এই সার্কুলার দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে জানা গেছে, শাহজাহান ফকির সান্ধ্যকালীন এমবিএ (একাউন্টিং) কোর্সে ভর্তি হয়েছেন। পাশ করতে যতদিন দরকার হয় ততদিন সার্কুলার না দিয়ে দায়িত্ব দিয়ে রাখা হয়। এতে সহযোগিতা করেন এমডি রাশেদ, নাজমুস সায়াদাত ও আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজীম। সম্প্রতি আরপিসিএল এর নির্বাহী প্রকৌশলী এবং উপ-বিভাগীয় প্রকৌশলী পদে নির্দিষ্ট কিছু প্রার্থীকে প্রশ্ন আউট করে দিয়ে সিনিয়ারিটি ভঙ্গ করে ইচ্ছেমতে বিশাল অঙ্কেও ঘুষের বিনিময়ে পদোন্নতি দেওয়ায় আরপিসিএল’র প্রকৌশলীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলীর ৩টি পদ শূণ্য পদে ১:৩ অনুপাত হিসেবে ৯ জনকে পরীক্ষার জন্য ডেকে প্রশ্ন আউট করে সিনিয়ারিটি ভেঙ্গে অর্থের বিনিময়ে পদোন্নতি দেওয়া হয়। আবার উপ-বিভাগীয় প্রকৌশলীর পদে ৬টি পদের বিপরীতে ১:৩ অনুপাত না ডেকে ১:৪.২ অনুপাতে ২৬ জনকে পরীক্ষায় ডেকে প্রশ্ন আউট করে দিয়ে নিজেদের পছন্দের ও ঘুষের বিনিময়ে সিনিয়ারিটি ভেঙ্গে পদোন্নতি প্রদান করা হয়। এতে করে সিনিয়র প্রকৌশলীগণ পদোন্নতি বঞ্চিত হওয়ায় চরম অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, এ সকল নিয়োগ কমিটিতে নির্বাহী পরিচালক (পিএন্ডডি) নাঈমকে বাদ দিয়ে নির্বাহী পরিচালক (ওএন্ডএম) রেজাউল কবীরকে রাখা হয়। এর কারণ হচ্ছে তিনি এমডি রাশেদের বন্ধু। আরপিসিএল’র ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, রাশেদ ও রেজাউল কবীর ২ জনই ফ্যাসিস্ট সরকারের গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ঘনিষ্ঠ বন্ধু। এদের ৩ জনের বাড়ীই ময়মনসিংহ শহরে।

ময়মনসিংহে নির্মাণাধীন ৩৬০ মেগাওয়াট কম্বাইড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ও মাদারগঞ্জে নির্মাণাধীন ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় ২ বছর বিলম্ব হওয়ায় আরপিসিএল আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ সৌর বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ফেরদৌসকে শাস্তি দেওয়া হলেও ৩৬০ মেগাওয়াট এর প্রকল্প পরিচালক রেজাউল কবীরকে শাস্তি দেওয়ার পরিবর্তে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী এবং ২ মাসের মাথায় নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগ থেকে কৃচ্ছতা সাধনের জন্য সুষ্পষ্ট নির্দেশনা থাকলেও ৪টি নতুন পাজেরো জীপ ক্রয় করে ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক এবং জেনারেল ম্যানেজার (অর্থ) শাহজাহান ফকির ব্যবহার করছেন। এমনকি ব্যক্তিগত কাজেও ইচ্ছেমতো ব্যবহার করছেন। শাহজাহান ফকিরকে আরপিসিএল’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিপিইএমসি-তে দীর্ঘদিন ধরে সিএফও এর অতিরিক্ত দায়িত্বে রাখা হয়। প্রায় ৬ বছর যাবতই তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। অথচ ঐ কোম্পানীতে গত যাবৎ কোন কাজ কর্ম নেই। শুধু মাত্র ‘সেনজেন স্টার’ এর সাথে মিলেমিশে অর্থ নয় ছয় করার জন্যই শাহজাহান ফকির কোনভাবেই দায়িত্ব ছাড়তে রাজী নয়। এ জন্য তার ভাষায় শাহজাহান ফকির আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজীম ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনকে তার সঙ্গে চায়না নিয়ে ম্যানেজ করেন।

বর্তমানে শাহজাহান ফকির আরপিসিএল, আরএনপিএল ও বিপিইএমসি’র অলিখিত কর্ণধার। সুতরাং ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক ও প্রকৌশলীরাও জেনারেল ম্যানেজার (অর্থ) শাহজাহান ফকিরের পরামর্শ নিয়ে কারিগরি দিকসহ সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন। সবমিলে উপরোক্ত সিন্ডিকেটটি গিলে খাচ্ছে আরপিসিএল।




জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

এ উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে আয়োজিত আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে খান সেলিম রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খান সেলিম রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্ব, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও গণমাধ্যমের প্রতি দায়বদ্ধতা সাংবাদিক সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে।

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। খান সেলিম রহমানের মতো অভিজ্ঞ ও সংগঠক নেতৃত্ব ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্মাননা স্মারক গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খান সেলিম রহমান বলেন,
“আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আমাকে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মান আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। একই সঙ্গে এটি আমার দায়িত্বও বাড়িয়ে দিয়েছে।”

তিনি বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, অধিকার ও কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সঙ্গে থেকে গণমাধ্যম ও সাংবাদিক সমাজের কল্যাণে আমার অভিজ্ঞতা ও সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।”

খান সেলিম রহমান আরও বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন সাংবাদিককে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। মানুষের অধিকার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের অসংগতিগুলো তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। বিভাজন নয়, ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই গণমাধ্যমের মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। সাংবাদিকদের কল্যাণে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়।”

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করায় অভিনন্দন জানান। তারা বলেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

বক্তারা আরও বলেন, দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী, স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার হিসেবে গড়ে তুলতে সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের চেয়ারম্যানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ খান সেলিম রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তারা খান সেলিম রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নবগঠিত কেন্দ্রীয় কমিটির কার্যক্রমের সফলতা কামনা করা হয়।




শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৭ আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

আইন মন্ত্রণালয়ের জারি করা গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।




নড়াইলে দুই দিনব্যাপী সুলতান উৎসব

নড়াইলে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’ সমাপ্ত হয়েছে। এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের আয়োজনে শনিবার রাতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে সুলতান উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান আলেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার প্রমুখ।

সমাপনী দিনে ‘আলোকচিত্র প্রদর্শনীতে’ অংশ নেয়া গণমাধ্যমকর্মী ফরহাদ খানসহ শ্রেষ্ঠ ৫ জনকে পুরষ্কৃত করা হয়। আলোকচিত্র প্রদর্শনীতে মোট ৫৫ জনের আঁকা ছবি স্থান পায়। এছাড়া রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়।