ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

ক্রীড়া ডেস্ক : আগামী অক্টোবরে কলকাতায় ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতির মধ্যেই রবিবার ঢাকায় এসেছে ব্রাজিল ফুটবলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সফরে তারা রাজধানীর জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ভবিষ্যতে বাংলাদেশে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতেই মূলত প্রতিনিধি দলটির এই সফর। তবে এখনই ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দুপুরে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় প্রতিনিধি দলটি। সেখানে মাঠ ঘুরে দেখার পাশাপাশি ঘাস ও মাটির মান হাতে পরীক্ষা করেন তারা। মাঠের বিভিন্ন অংশের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি ড্রেসিংরুম, গ্যালারি, টয়লেটসহ স্টেডিয়ামের অন্যান্য সুযোগ-সুবিধাও খতিয়ে দেখেন।

এরপর বিকেলে প্রতিনিধি দলটি যায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেখানে মূল মাঠের পাশাপাশি অনুশীলন মাঠ ও গোল্ডস জিমও পরিদর্শন করেন তারা।

বাফুফের এক কর্মকর্তা জানান, ফেডারেশনের সভাপতির আমন্ত্রণেই ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। কলকাতায় ৩ অক্টোবরের ভারত-ব্রাজিল ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের কর্মকর্তাদের ভারতে যাতায়াত করতে হবে। সেই সুযোগে ভবিষ্যতে বাংলাদেশে ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতে তাদের ঢাকায় আসার অনুরোধ করা হয়।

ভবিষ্যতে ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের হতে পারে, আবার ব্রাজিলের সঙ্গে অন্য কোনো দলের ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবেও ঢাকাকে বিবেচনা করা হতে পারে। তবে পুরো বিষয়টিই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।

পরিদর্শনের সময় ব্রাজিলের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও গ্রাউন্ডস কমিটির প্রধান ইকবাল হোসেন।

ইকবাল হোসেন বলেন, ‘ব্রাজিলের প্রতিনিধি দল আমাদের স্টেডিয়াম, মাঠ ও সুযোগ-সুবিধা দেখে গেছে। তারা ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচের জন্য ঢাকাকে বিবেচনা করতে পারে।’

তিনি জানান, জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ এখনও চলছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে তা শেষ হওয়ার আশা রয়েছে। প্রতিনিধি দলটি প্রয়োজন হলে আবারও ঢাকায় এসে স্টেডিয়াম পরিদর্শনের কথা জানিয়েছে।

ইকবাল হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে প্রতিনিধি দলের সদস্যরা স্টেডিয়ামের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। তবে ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো মতামত দেয়নি তারা।




বড় সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ে র‍্যাংকিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট খেলার মর্যাদা পাওয়ার ২৬ বছরের ইতিহাসে এই প্রথম র‌্যাংকিংয়ে ৬ নম্বরে পজিশনে উঠে এসেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করার পর তিন ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। রোববার ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর হালনাগাদ র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮। ২৪ ম্যাচে তাদের মোট পয়েন্ট ১ হাজার ৮৭৮।

বাংলাদেশের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। ১২৬ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯। এরপর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে।

বাংলাদেশের এই উত্থানের মূল কারিগর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের ঐতিহাসিক জয়। প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটি ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়।

ম্যাকাইয়ে অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানে হেরে যায় শান্তর দল। তবু সিরিজ ড্র করার সুবাদে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপের উন্নতি হয়েছে বাংলাদেশের।

তবে ষষ্ঠ স্থান ধরে রাখার লড়াইটা সহজ হবে না। বাংলাদেশের ৭৮ রেটিংয়ের খুব কাছেই রয়েছে পরের তিন দল। এক ধাপ করে পিছিয়ে শ্রীলংকা ৭৬, পাকিস্তান ৭৫ এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে যথাক্রমে সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে। ফলে সামান্য ব্যবধানেই আবার র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসতে পারে।

এর আগে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। চলতি বছরের মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর প্রথমবারের মতো ওই অবস্থানে উঠেছিল বাংলাদেশ।




২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও বড় পর্দায় এক হচ্ছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও অভিনেতা আমির খান। নতুন ইতিহাস গড়তে আসন্ন স্পোর্টস ড্রামা ‘ললকারা’-র কেন্দ্রীয় চরিত্রে থাকছেন এই অভিনেতা। এতে ২৫ বছর বয়সি এক তরুণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৬১ বছরের এই বলিউড তারকাকে।

চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ফিল্মফেয়ারের একটি প্রতিবেদনে জানানো হয়, চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে আমির ইতোমধ্যে কঠোর ডায়েট ও মেদ ঝরানোর পরিকল্পনা শুরু করেছেন। জানা গেছে, ঐতিহাসিক ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি।

২০০১ সালে ব্রিটিশ আমলের পটভূমিতে নির্মিত ‘লাগান’ ক্রিকেট ভিত্তিক গল্প দিয়ে বিশ্বমঞ্চে বাজিমাত করেছিল। তাই দীর্ঘ ২০ বছর পর গোয়ারিকর ও আমিরের এই ক্রিকেটকেন্দ্রিক পুনর্মিলন নিয়ে দর্শক মনে নতুন আশা জেগেছে। এর আগেও ‘গজনি’ বা ‘দঙ্গল’-এর মতো সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমিরের নজিরবিহীন রূপান্তর ভক্তদের মুগ্ধ করেছিল, তাই এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে।

এদিকে, সিনেমাটিতে ফারহান আখতার অভিনয় করবেন বলে গুঞ্জন উঠলেও তিনি বিষয়টি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন।

‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান স্পষ্ট করেন, যে প্রজেক্টে তিনি কখনোই আনুষ্ঠানিকভাবে যুক্ত হননি, তা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তবে অভিনয় না করলেও সিনেমাটির সঙ্গে গভীরভাবে যুক্ত আছেন ফারহান। প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর অধীনে রিতেশ সিধওয়ানির সঙ্গে যৌথভাবে ‘ললকারা’ প্রযোজনা করছেন তিনি।

সিনেমার অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা এবং মুক্তির চূড়ান্ত তারিখ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।




দক্ষিণ কোরিয়া থেকে প্রত্যাগত দুই কর্মীকে বোয়েসেলের আর্থিক সহায়তা

দক্ষিণ কোরিয়া থেকে অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত হয়ে দেশে প্রত্যাগত দুই বাংলাদেশি কর্মীকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

আজ বোয়েসেলের কনফারেন্স রুমে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাশেদুল হক প্রত্যাগত কর্মী আব্দাল মিয়াকে ৫০ হাজার টাকা এবং শিল্প দুর্ঘটনায় অঙ্গহানির শিকার শরীফ আল মীমকে এক লাখ টাকার চেক প্রদান করেন।

এ সময় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের জন্য যাওয়া দুই ভাই কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। তারা বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে চলমান ইপিএস (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন।

তিনি বলেন, বিষয়টি জানার পর মানবিক দৃষ্টিকোণ থেকে বোয়েসেল তাদের পাশে দাঁড়িয়েছে। চলমান সময়ে আমরা প্রায় ১৭ জনকে আর্থিক সহায়তা দিয়েছি। প্রধানমন্ত্রী সবসময় একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই আজ আমরা এই দুই ভাইকে ডেকেছি এবং তাদের আর্থিকভাবে সহায়তা করছি।

রাশেদুল হক বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, এসব রেমিট্যান্স যোদ্ধার যথাযথ সম্মান ও কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাদের চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন, আমার পক্ষ থেকে তা করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে এই দুই ভাই বর্তমানে যেখানে অবস্থান করছেন, সেখানকার স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করব। তাদের প্রয়োজনীয় ও সুচিকিৎসা নিশ্চিত করতে বোয়েসেল সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবে।

বোয়েসেল জানায়, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে সম্পাদিত জি-টু-জি ব্যবস্থার আওতায় ২০০৮ সাল থেকে কোরীয় নিয়োগকর্তাদের চাহিদার ভিত্তিতে স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ধারিত প্রক্রিয়ায় তুলনামূলক স্বল্প ব্যয়ে উচ্চ বেতনে বাংলাদেশি কর্মীরা দক্ষিণ কোরিয়ায় গমন করে আসছেন। এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৫৯ জন বাংলাদেশি কর্মী ইপিএসের আওতায় বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় গেছেন।

ইপিএস কর্মীদের শ্রমচুক্তির শর্ত, দক্ষিণ কোরিয়ার প্রচলিত আইন ও কর্মস্থলের নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালন এবং কর্মসংস্থান শেষে নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী দেশে প্রত্যাবর্তনের দায়বদ্ধতা নিশ্চিত করতে এইচআরডি কোরিয়ার পরামর্শ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে কর্মীদের কাছ থেকে নির্ধারিত হারে ফেরতযোগ্য জামানত গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া থেকে অসুস্থতার কারণে দেশে প্রত্যাগত আব্দাল মিয়া এবং শিল্প দুর্ঘটনাজনিত অঙ্গহানির কারণে দেশে ফেরা শরীফ আল মীমের ফেরতযোগ্য জামানতের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি বোয়েসেলের সিএসআর ফান্ড থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আব্দাল মিয়ার অসুস্থতা ও আর্থিক অসচ্ছলতার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বোয়েসেলের সিএসআর ফান্ড থেকে তাকে অতিরিক্ত ৫০ হাজার টাকা এবং শরীফ আল মীমের অঙ্গহানি, কর্মক্ষমতা হ্রাস ও ভবিষ্যৎ জীবনে এর আর্থিক প্রভাব বিবেচনায় তাকে অতিরিক্ত এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

বোয়েসেল আরও জানায়, এ পর্যন্ত দেশে প্রত্যাগত মোট ১৭ জন ইপিএস কর্মীকে বোয়েসেলের সিএসআর ফান্ড থেকে সর্বমোট ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বোয়েসেলের সিএসআর ফান্ড থেকে দক্ষিণ কোরিয়া থেকে প্রত্যাগত অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত কর্মীদের এ সহায়তা অসুস্থতা, দুর্ঘটনা, অঙ্গহানি ও কর্মক্ষমতা হারানোর মতো কঠিন পরিস্থিতিতে পড়া কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের মানবিক দায়বদ্ধতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

বিদেশে কর্মরত অবস্থায় গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার শিকার হয়ে দেশে প্রত্যাগত কর্মীদের চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবারের আর্থিক চাপ মোকাবিলায় এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী কর্মীরা কর্মজীবনে দুর্ঘটনা বা অসুস্থতার কারণে বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক মানবিক দায়িত্বের অংশ বলেও উল্লেখ করে বোয়েসেল।




পদোন্নতি থেকে নিয়োগ—এলজিইডির প্রশাসনে ‘সিন্ডিকেটের’ অভিযোগ, আলোচনায় শফিকুর রহমান

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঘিরে প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পদোন্নতি, বদলি, পদায়ন ও নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থ লেনদেন এবং প্রভাব খাটানোর অভিযোগ করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। তাঁদের দাবি, কিছু ক্ষেত্রে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও প্রচলিত নিয়মের বদলে অর্থ ও ব্যক্তিগত প্রভাবকে গুরুত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এসব অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এলজিইডির প্রশাসন শাখার জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শফিকুর রহমানের নাম। সূত্রগুলোর অভিযোগ, প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে তাঁর প্রভাব রয়েছে এবং একটি চক্রের মাধ্যমে পদোন্নতি, বদলি ও নিয়োগসংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে শফিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এলজিইডিতে সম্প্রতি সহকারী প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পদে প্রায় ১৯৭ জনের পদোন্নতি প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ায় প্রত্যেকের কাছ থেকে ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত নেওয়ার কথা বলা হয়েছে। কারও কাছ থেকে অর্থ না পেলে তাঁর ফাইল আটকে রাখা বা প্রক্রিয়াটি ধীরগতির করে দেওয়ার ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। যদিও এসব অর্থ লেনদেনের অভিযোগের স্বাধীন প্রমাণ এই প্রতিবেদনের কাছে পাওয়া যায়নি।

একই ধরনের অভিযোগ রয়েছে সাব-অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে উন্নীত হওয়ার ক্ষেত্রেও। প্রায় ১৩৫ জন কর্মকর্তার পদোন্নতিকে কেন্দ্র করে অর্থ নেওয়ার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। সার্ভেয়ারদের পদোন্নতির ক্ষেত্রেও ৪ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে বলে তাঁরা দাবি করেছেন।

শুধু অর্থ লেনদেন নয়, পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা উপেক্ষা করার অভিযোগও উঠেছে। সূত্রগুলোর ভাষ্য, কোনো কোনো কর্মকর্তাকে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে নেওয়ার জন্য ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত ‘বিশেষ ব্যবস্থা’র কথা বলা হয়েছে। এতে দীর্ঘদিন চাকরি করা জ্যেষ্ঠ কর্মকর্তাদের কেউ কেউ বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বদলি ও পদায়ন নিয়েও একই ধরনের অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, এলজিইডির কিছু গুরুত্বপূর্ণ বা কাঙ্ক্ষিত কর্মস্থলে যাওয়ার জন্য অনানুষ্ঠানিকভাবে অর্থের দাবি করা হতো। কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ছিল বলেও অভিযোগ রয়েছে।

সূত্রগুলো কয়েকটি নির্দিষ্ট পদায়নের উদাহরণও দিয়েছে। তাঁদের দাবি, সাভারের একটি কাঙ্ক্ষিত পদে পোস্টিংয়ের জন্য প্রায় ১৫ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। জাজিরায় সহকারী প্রকৌশলীর একটি পদে বদলির ক্ষেত্রেও প্রায় ১০ লাখ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। আবার বরিশাল সদর থেকে বাবুগঞ্জ উপজেলায় একজন প্রকৌশলীকে পদায়নের ক্ষেত্রে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।

এলজিইডির নিয়োগ প্রক্রিয়া নিয়েও পুরোনো কিছু অভিযোগ সামনে আনা হয়েছে। সূত্রগুলোর দাবি, সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিমের দায়িত্বকালে একটি নিয়োগকে কেন্দ্র করে প্রায় দেড় কোটি টাকার কথিত সমঝোতা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ‘আব্দুল ওহাব’ নামে একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে এই অর্থ লেনদেনের বিষয়টি সমন্বয় করা হয়েছিল বলে দাবি করা হয়।

সূত্রের ভাষ্য অনুযায়ী, ওই কথিত সমঝোতায় ১ কোটি টাকা তৎকালীন প্রধান প্রকৌশলীর জন্য, ৩০ লাখ টাকা শফিকুর রহমানের জন্য এবং বাকি টাকা সংশ্লিষ্ট অন্যদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে এই অর্থ লেনদেনের অভিযোগের পক্ষে কোনো নথি বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রতিবেদনে পাওয়া যায়নি।

এ ছাড়া ১২ জন প্রকৌশলীর পদোন্নতি নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, প্রচলিত বিধিমালা ও জ্যেষ্ঠতার বিষয়টি যথাযথভাবে অনুসরণ না করেই তাঁদের পদোন্নতি দেওয়া হয়েছিল। এ ঘটনায় শফিকুর রহমানের পাশাপাশি তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল কবির এবং কথিত মধ্যস্থতাকারী আব্দুল ওহাবের নামও এসেছে।

অভিযোগকারীদের দাবি, ওই পদোন্নতির কারণে রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত প্রায় ৫ কোটি টাকা বেতন-ভাতা হিসেবে ব্যয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির অপেক্ষায় থাকা অন্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

শফিকুর রহমানকে ঘিরে সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। একাধিক সূত্র দাবি করেছে, তাঁর নামে ও তাঁর সঙ্গে সংশ্লিষ্টদের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ গড়ে তোলা হয়েছে। এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলে অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে সম্পদের এই হিসাব বা বিদেশে অর্থ পাঠানোর অভিযোগের স্বাধীন যাচাই করা তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

কথিত এই চক্রের সঙ্গে ‘সোহেল’ ও ‘মান্নান’ নামে আরও দুজনের সম্পৃক্ততার অভিযোগ করেছে সূত্রগুলো। তাঁদের দাবি, সোহেল প্রায় ৫ কোটি টাকা এবং মান্নান প্রায় ৫০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেছেন। তবে তাঁদের পূর্ণ পরিচয় ও এসব অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শফিকুর রহমানের জীবনযাপন নিয়েও বিভিন্ন আলোচনা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। এমনকি ঢাকার মিরপুর-১০ এলাকায় একটি সেলুন ও স্পায় একবারে প্রায় ১০ হাজার টাকা খরচ করার একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে ব্যক্তিগত জীবনযাপনের এই তথ্য দিয়ে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ প্রতিষ্ঠিত হয় না।

শফিকুর রহমানের নাম এর আগেও এলজিইডির বিভিন্ন অনিয়মের অভিযোগের সূত্রে আলোচনায় এসেছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এলজিইডির তৎকালীন প্রধান প্রকৌশলীকে ঘিরে দুর্নীতির অভিযোগের তদন্তের সময় তাঁর নাম সামনে আসে বলে দাবি করা হয়।

এরপর ২০২৫ সালের এপ্রিলে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আজিজুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এলজিইডির বিভিন্ন অভিযোগ অনুসন্ধান শুরু করে বলে সূত্রগুলো জানিয়েছে। সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, আলী আকতার হোসেনসহ কয়েকজন প্রকৌশলীর বিরুদ্ধে বড় অঙ্কের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার সময় শফিকুল ইসলাম ও শফিকুর রহমানকে ঘিরে কথিত প্রভাবশালী একটি চক্রের বিষয়ও সামনে আসে বলে দাবি করা হয়েছে।

এলজিইডির পুরোনো নথিপত্র নিয়েও বিভিন্ন সময়ে অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রগুলোর দাবি, ২০১০ সাল থেকে সংস্থাটিতে হওয়া নিয়োগ, পদোন্নতি ও বদলির নথি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়। একই সময় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান নিয়েও তৎপরতা চালানোর কথা জানা যায়।

এর ধারাবাহিকতায় এলজিইডির ৩৬টি কার্যালয়ে একযোগে তল্লাশির কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এসব অনুসন্ধান ও তল্লাশির পর অভিযোগগুলোর বিষয়ে শেষ পর্যন্ত কী ধরনের প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

এলজিইডির মতো একটি সরকারি প্রতিষ্ঠানে পদোন্নতি, বদলি, পদায়ন ও নিয়োগের সিদ্ধান্ত সরাসরি কর্মকর্তাদের কর্মজীবন এবং সরকারি প্রশাসনের কার্যকারিতার সঙ্গে যুক্ত। তাই এসব সিদ্ধান্তে অর্থ লেনদেন বা ব্যক্তিগত প্রভাবের অভিযোগ সত্য হলে তা গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হবে।

এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা অনুসন্ধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অভিযোগের সঙ্গে যাঁদের নাম এসেছে, তাঁদের বক্তব্যও তদন্তে গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে শফিকুর রহমানের বক্তব্য জানতে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।




জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ এর সময় সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সূচি ঘোষণা করা হয়।

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে।

বিশেষ নির্দেশাবলি

১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সর্বমোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।

৪. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।

৫. পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েতি দের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।




নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় কাতারের আমির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।

শেখ তামিম আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পরেরদিন শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।




বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

রাষ্ট্রপতি আজ রবিবার বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি সু-সজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।




অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

সারাদেশে চলাচলরত অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এতে বনানী থেকে মহাখালীগামী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রবিবার দুপুরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তর সেতু ভবনের সামনের সড়ক বন্ধ করে দেন সংগঠনটির নেতাকর্মীরা।  সড়ক অবরোধের আগে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

এছাড়া ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার দাবিও জানান তারা।

সমিতির নেতারা বলেন, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ ছাড়া চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়া হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন।

তারা জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানান তারা।

স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের জন্য বিআরটিএর কাছে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। একই সঙ্গে ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি নিয়মকানুন মেনে চলতে প্রস্তুত। তবে আধুনিক এ পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি তাদের। স্মারকলিপি জমা দিতে বিআরটিএ কার্যালয়ে যান বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ সংগঠনটির আরও কয়েকজন নেতা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা তাদের বাস চলাচলের অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।




অভয়নগরে তিন সন্ত্রাসী আটক, অস্ত্র-গুলিসহ মোটরসাইকেল জব্দ

যশোরের অভয়নগর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- আল আমিন শেখ (২৮), মো. বিল্লাল খাঁ (৩৬) ও মো. জুয়েল গাজী (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চলিশিয়া বাগমারা গ্রামের হালিমের মোড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জসিমের চায়ের দোকানের সামনে থেকে প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়।

এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে আল আমিন শেখের প্যান্টের পকেট তল্লাশি করে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জুয়েল গাজীকেও আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।