অভয়নগরে তিন সন্ত্রাসী আটক, অস্ত্র-গুলিসহ মোটরসাইকেল জব্দ

যশোরের অভয়নগর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- আল আমিন শেখ (২৮), মো. বিল্লাল খাঁ (৩৬) ও মো. জুয়েল গাজী (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চলিশিয়া বাগমারা গ্রামের হালিমের মোড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জসিমের চায়ের দোকানের সামনে থেকে প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়।

এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে আল আমিন শেখের প্যান্টের পকেট তল্লাশি করে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জুয়েল গাজীকেও আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।




জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত নতুন সময়সূচি চূড়ান্ত করেছে।

গত ৬ আগস্ট বোর্ডে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে শিক্ষাপঞ্জিতে থাকা সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর সারা দেশে একযোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়া হবে।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আমরা সভা করেছিলাম। সভায় নতুন একটি সময়সূচি ঠিক করা হয়েছে। সে অনুযায়ী- ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল।

তাতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সেখানে ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য দিন রাখা হয়েছিল। তবে তা কিছুটা এগিয়ে নিয়ে এলো শিক্ষা বোর্ড।

এ বছর মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে ১০০ নম্বর থাকবে। শিক্ষার্থীরা এই তিন বিষয়ে সময় পাবে ৩ ঘণ্টা করে।

এদিকে বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ দুই বিষয়ে এক ঘণ্টা ৩০ মিনিট করে ৩ ঘণ্টা সময় পাবে শিক্ষার্থীরা।

শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের বাংলা পরীক্ষার মধ্য দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখ-

  • বাংলা – ৮ ডিসেম্বর
  • ইংরেজি – ১০ ডিসেম্বর
  • গণিত – ১৩ ডিসেম্বর
  • বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৫ ডিসেম্বর

সারা দেশে একই রুটিন বা সময়সূচিতে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।




এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নৌবাহিনী জানিয়েছে, আজ রবিবার বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‍্যাংক পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। র‍্যাংক ব্যাজ পরিধানকালে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিব এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী হতে বিশেষ কৃতিত্বের সঙ্গে নৌ-প্রশিক্ষণ সম্পন্ন করার পর ১ জুলাই ১৯৮৯ সালে এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি তাঁর ব্যাচে (৮৭-এ) জ্যেষ্ঠতা ও মেধায় প্রথম স্থান অধিকার করেন।

এডমিরাল আজীম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি এমফিল ডিগ্রি’র পাশাপাশি স্ট্র্যাটেজিক, ডিফেন্স এবং অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ ও বিদেশ হতে প্রতিটি ক্ষেত্রেই প্রথম শ্রেণিসহ তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর একজন কৃতী গ্র্যাজুয়েট। ছাত্রজীবনে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) উভয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করায় তিনি মহামান্য রাষ্ট্রপতির নিকট হতে চ্যান্সেলর অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে এডমিরাল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বমূলক দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট), কমান্ডার ঢাকা নৌ অঞ্চল (কমঢাকা), কমান্ডার সাবমেরিন (কমসাব), কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ) এবং নৌবাহিনী সদর দপ্তরের পরিচালক নৌ-অপারেশন্স হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত-সহ বাংলাদেশ নৌবাহিনীর প্রায় সকল ধরনের যুদ্ধ-জাহাজের অধিনায়কত্ব করেছেন। তিনি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে এডমিরাল আজীম লেবানন এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখেন।

এডমিরাল আজীম নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি), ‘নৌ পারদর্শিতা পদক’ (এনপিপি), ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ এবং ‘জাতীয় স্কাউট পুরস্কার’ (রৌপ্য ইলিশ পদক) অর্জন করেন। এছাড়াও তিনি তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেন। তিনি ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ পুরস্কার, ‘সেরা ব্যক্তিগত গবেষণাপত্র পুরস্কার’ এবং অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার বিশেষায়িত প্রশিক্ষণে ‘সেরা শিক্ষার্থী পুরস্কার’ অর্জন করেন।




নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

রবিবার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে তিনি এর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে তার মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা ও বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।




বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘আত্মসম্মানের ব্যাপার ছিল’

ক্রীড়া ডেস্কঃ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতেন গিয়েই ইতিহাস গড়ে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। ম্যাকাইতে দুই দিনের মধ্যেই বাংলাদেশকে হারিয়েছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘এটা আসলে আত্মসম্মানের ব্যাপার। একটা ম্যাচ হেরে যাওয়ার পর পরেরটা জেতার জন্য মরিয়া হতে হয়। এতে চেষ্টা বাড়ানো যায় কি না, তা আমি নিশ্চিত নই। তবে আমাদের ঘুরে দাঁড়ানোটা খুব দরকার ছিল। আমরা তা করতে পেরে আনন্দিত।’

তবে দুই দিনে টেস্ট শেষ হয়ে যাবে, এমনটা মনে করেননি কামিন্স। তিনি বলেন, ‘সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। পিচ বেশ ভালোই ছিল। দেখে মনে হয়নি যে এটা পাঁচ সেশনের মধ্যে ৩০ উইকেট পড়ে যাওয়ার মতো।’

দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলামও একমাত্র ইনিংসে ৭ উইকেট পেয়েছেন।

দ্রুত ম্যাচ শেষ হওয়ার কারণ প্রসঙ্গে অজি অধিনায়ক বলেন, ‘দুর্দান্ত বোলিং যেমন ছিল, তেমনই মাঝে মাঝে গড়পড়তার চেয়েও বাজে ব্যাটিং দেখা গেছে। যার (ব্যাটিং ভালো করতে না পারাদের) মধ্যে আমি নিজেও আছি। সম্ভবত এসব কারণেই ম্যাচটা দ্রুত শেষ হয়ে গেল।’




ঢাকা কাস্টম হাউসে অনিয়মের অভিযোগ, উপকমিশনার আমিনুল ইসলামকে ঘিরে তদন্তের দাবি

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, ভুয়া ইউডি ব্যবহার করে পণ্য খালাস, চোরাচালানে সহযোগিতা, বিএসটিআইয়ের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই পণ্য ছাড় এবং অবৈধভাবে অর্থ নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগগুলোর স্বাধীন সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগে বলা হয়েছে, মো. আমিনুল ইসলাম ৩১তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিজীবনে তিনি কাস্টম হাউস চট্টগ্রাম ও ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এসব কর্মস্থলেও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিখিত অভিযোগে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভুয়া ইউডি ব্যবহার করে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের নামে পণ্য খালাসের বিষয়টিকে। অভিযোগ অনুযায়ী, Alien Apparels Ltd, Uranus Apparels (Pvt.) Ltd এবং QUICK APPARELS LIMITED নামে তিনটি বন্ধ বন্ড প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে শুল্কমুক্ত সুবিধায় পণ্য খালাস করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের নামে কুরিয়ার খাঁচায় আসা পণ্য ছাড়ের প্রক্রিয়ায় আমিনুল ইসলামের যোগসাজশ ছিল বলে অভিযোগকারীর দাবি।

এ ঘটনায় কাস্টমসের প্রিভেন্টিভ শাখার একজন সহকারী রাজস্ব কর্মকর্তা, কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা এবং একজন রাজস্ব কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করলে ভুয়া ইউডি ব্যবহার করে পণ্য খালাসের পুরো প্রক্রিয়াটি সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।

আমিনুল ইসলামের বিরুদ্ধে চোরাচালান ও অবৈধভাবে পণ্য খালাসে সহযোগিতার অভিযোগও রয়েছে। অভিযোগে কাস্টমসের সরকার হানিফের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হানিফ ও শরিফ নামে আরও দুই ব্যক্তির সঙ্গে আমিনুল ইসলামের যোগাযোগ ও সংশ্লিষ্টতার দাবি করা হয়েছে। অভিযোগকারীর ভাষ্য, ভুয়া ইউডি ব্যবহার করে পণ্য খালাসের ঘটনায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমিনুল ইসলামের ভূমিকার বিষয়টিও সামনে আসতে পারে। এ কারণে ঘটনাটি ফৌজদারি মামলায় না নিয়ে অন্যভাবে নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাই করা নথি পাওয়া যায়নি।

শিশু খাদ্য ও প্রসাধনীজাত পণ্য আমদানির ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কিছু পণ্য আমদানির ক্ষেত্রে বিএসটিআইয়ের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার পরও প্রভাব খাটিয়ে সেগুলো খালাসের ব্যবস্থা করা হয়েছে। এসব পণ্য ছাড়ের বিনিময়ে আমিনুল ইসলাম প্রতি সপ্তাহে প্রায় ৮০ লাখ টাকা অবৈধভাবে নেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে বিপুল অর্থ লেনদেনের এই দাবির পক্ষে কোনো ব্যাংক হিসাব, লেনদেনের রেকর্ড বা অন্য কোনো প্রকাশ্য প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগে ‘Closet Cloud’ নামের একটি প্রতিষ্ঠানের বিষয়ও উল্লেখ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমিনুল ইসলামের এক নিকটাত্মীয়ের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগে প্রতিষ্ঠানটির বিআইএন ও টিআইএন নম্বরও উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে পণ্যের মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগকারীর দাবি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাবিহা জাহানের সঙ্গে আমিনুল ইসলামের পরিবারের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্ত করার দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসনের সদ্য সাবেক সদস্য মো. মোয়াজ্জেম হোসেনের নামও এসেছে। অভিযোগকারীর দাবি, মোয়াজ্জেম হোসেনের প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে আমিনুল ইসলাম বিভিন্ন অনিয়ম এবং অবৈধভাবে পণ্য খালাসের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন। তবে এ অভিযোগেরও স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ ছাড়া আমিনুল ইসলামের আয়কর নথি নম্বর উল্লেখ করে তার বৈধ আয়, ঘোষিত সম্পদ ও জীবনযাপনের মধ্যে অসামঞ্জস্য আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। অভিযোগকারীর মতে, তার সম্পদ ও আয়ের উৎস যাচাই করা হলে অনিয়মের অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

অভিযোগগুলোর বিষয়ে মো. আমিনুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এখন সেটিই দেখার বিষয়। বিশেষ করে ভুয়া ইউডি, শুল্ক ফাঁকি, বিএসটিআই ছাড়পত্র ছাড়া পণ্য খালাস এবং কথিত অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসতে পারে।




অভয়নগরে তিন সন্ত্রাসী আটক, অস্ত্র-গুলিসহ মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের অভয়নগর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- আল আমিন শেখ (২৮), মো. বিল্লাল খাঁ (৩৬) ও মো. জুয়েল গাজী (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চলিশিয়া বাগমারা গ্রামের হালিমের মোড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জসিমের চায়ের দোকানের সামনে থেকে প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়।

এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে আল আমিন শেখের প্যান্টের পকেট তল্লাশি করে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জুয়েল গাজীকেও আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।




সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজের প্রত্যয়, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা খান সেলিম রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।

এ সম্মানজনক দায়িত্বে মনোনীত হওয়ায় আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, প্রিয় লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু ভাইসহ সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় খান সেলিম রহমান বলেন, “আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে আমাকে মনোনীত করা আমার জন্য অত্যন্ত আনন্দের, গৌরবের ও অনুপ্রেরণার। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় আমি সত্যিই অভিভূত।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও শক্তিশালী ও গতিশীল হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও সুরক্ষায় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

খান সেলিম রহমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিক সমাজের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও নিজেকে নিয়োজিত রাখব।”




ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

ডেস্ক নিউজঃ ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে শুক্রবার (২১ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ৮(৫) ধারা অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।




দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই স্টার্কের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। তৃতীয় ওভারে অজি পেসারের কাছে টানা দুটি উইকেট হারায় তারা।

প্রথম ২ ওভারে ৫ রান তুলেছিল বাংলাদেশ। তৃতীয় ওভারে স্টার্ক সাদমান ইসলামকে পয়েন্টে মার্নাস লাবুশেনের ক্যাচ বানান। পরের বলে মুমিনুল হকের অফস্টাম্প ভেঙে দেন। ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে সফরকারীরা।

পরে সাবধানে খেলছিলেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু অষ্টম ওভারের শেষ বলে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওপেনার তানজিদ হাসান।

এর আগে টেস্টে বাংলাদেশি পেসার হিসেবে সেরা বোলিং করেছেন শরীফুল ইসলাম। সাত উইকেট নিয়েছেন তিনি, দিয়েছেন ৪৮ রান। তার পারফরম্যান্সের ভর করেই প্রথম ইনিংসে অজিদের ২১০ রানে অলআউট করে টাইগাররা। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

৮ উইকেটে ১৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের অষ্টম ওভারে সেট ব্যাটার ক্যামেরন গ্রিনকে ফেরান শরীফুল। বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করেছিল। কিন্তু কুমার ধর্মসেনা আউট না দিলে রিভিউ নেয় তারা। শরীফুলের ইনসুইং ইয়র্কার গ্রিনের পায়ের আঙুলে লেগে তাকে ছিটকে ফেলে দেয়। বলটি ডিপ থার্ডে গড়িয়ে গেলে তারা একটি লেগ বাই রান নেয়। রিভিউয়ে সফল হয় বাংলাদেশ। ১০৫ বলে ১০ চারে ৬৭ রানে থামেন গ্রিন।

তারপর নাথান লায়ন ও জশ হ্যাজেলউডের ২৪ রানের জুটি ভেঙে দিলে বাংলাদেশ ২১০ রানে থামায় অস্ট্রেলিয়াকে। লায়ন ৬২ বলে চার চার ও এক ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন। হ্যাজেলউডকে ৬ রানে সাদমান ইসলামের ক্যাচ বানান তাইজুল ইসলাম।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৯ রান। ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।