৭৫ হাজার টাকার শাড়ির মামলায় তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করে আদালত এ নির্দেশ দেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি করেন। আদালত এর আগে মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছিলেন।

পিবিআই গত বছরের ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় এবং তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন বাদী।

মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সানায়া।

শাড়িটি ফেরত চেয়ে ওই বছরের ১৫ ডিসেম্বর তানজিন তিশাকে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান তিনি। এ নিয়ে তানজিন তিশা তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন সানায়া।

মামলার অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানজিন তিশার সঙ্গে দেখা হলে আবারও শাড়িটি ফেরত চান সানায়া। তবে তখনও শাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে দাবি তার।

এ ছাড়া গত বছরের ১০ নভেম্বর মেসেঞ্জারে ফোন করে তানজিন তিশা মামলা করার এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেন বলে অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।




টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল খাতের চাহিদা পূরণে দেশেই আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরি এবং বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

এ সময় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ও বুটেক্সের অ্যালামনাই সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টেক্সটাইলকে দেশের প্রধান অর্থনৈতিক খাত হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা যেন দেশে ও বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। এতে একদিকে দেশের দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।

মির্জা ফখরুল বলেন, দেশের টেক্সটাইল শিল্পের কাঁচামালের চাহিদা পূরণে তুলার দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এ জন্য কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানোর উপায় খুঁজে বের করা এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

পাশাপাশি পাট, আনারসের পাতা, কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ ও সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

প্রতিনিধিদল বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বুটেক্সের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, বিসিএস (টেক্সটাইল) নামে আলাদা ক্যাডার সৃষ্টি, বাজেট সম্প্রসারণ এবং ঢাকার পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।

রাষ্ট্রপতি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপাচার্য আগামী বছরের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলর’-কে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি তা গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।




১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

ডেস্ক নিউজঃ আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের যাতায়াত ও ভ্রমণ নির্বিঘ্ন করতে দ্বীপটিতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।

রোববার (২৫ অক্টোবর) পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন।

এর আগে দৈনিক দুই হাজার পর্যটক ভ্রমণের সীমা নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা আরও এক হাজার ৫০০ জন বাড়ানো হয়েছে। পর্যটন মৌসুমকে সামনে রেখে দ্বীপটিতে পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে।




কারও সঙ্গে শত্রুতা নেই, কেন আমার ওপর হামলা হলো: টাইগার শ্রফ

বিনোদন ডেস্কঃ ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এখনো হতবাক তিনি। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা না থাকার পরও কেন তাঁকে হত্যার চেষ্টা করা হলো, তা বুঝতে পারছেন না এই অভিনেতা। সম্প্রতি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা তাঁর বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে অন্তত পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায় দুই দুর্বৃত্ত। এ সময় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ফিরদৌস বালুচ ও ভ্লগার উমেশ চৌহান আহত হন।

পুলিশের কাছে দেওয়া বক্তব্যে টাইগার শ্রফ বলেন, ‘আমি ভীষণ হতবাক। এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। কে বা কেন আমার ওপর এমন প্রাণঘাতী হামলা চালাতে চাইবে? কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন আমার ওপর হামলা হলো?’

এ ঘটনায় পুলিশ তাঁর গাড়িচালক ও ভ্লগারের বক্তব্য রেকর্ড করেছে। হামলার সময় অভিনেতা ফুটবল খেলে ফিরছিলেন। তিনি গাড়ির সামনের আসনে বসা ছিলেন। গুলিবর্ষণের পর ছড়িয়ে পড়া ভিডিওতে দুই ব্যক্তিকে গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। পরে টাইগার শ্রফ নিজেই গাড়ি চালিয়ে আহত চালককে হাসপাতালে নিয়ে যান।

টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় শনিবার ভারতের ইন্দোর থেকে ২২ বছর বয়সী প্রাঞ্জল থাকরানকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলাটিতে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।




স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

রবিবার স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে সুইডেনে কাজ করছে। সুইডেনের পার্লামেন্ট ব্যবস্থা এক-কক্ষবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সুইডেন ও বাংলাদেশের মধ্যে অনেক ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন উভয় দেশের সংসদীয় গণতন্ত্রের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্র প্রিয়। গণতন্ত্রের জন্য এদেশের জনগণ নিজের জীবন বিলিয়ে দিতে কখনো কুন্ঠা বোধ করেননি। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল।

স্পিকার বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র সমাজ এবং আপামর জনসাধারণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এদেশের জনগণ নিজের পছন্দসই দল ও প্রার্থীর পক্ষে ভোটদান করে থাকে। তিনি আরও বলেন, ভোটাররা নিজেদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে।

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, সুইডেনের পার্লামেন্টে মোট ৩৪৯টি আসন রয়েছে। সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে চার বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। তিনি বলেন, সুইডেন আনুষ্ঠানিকভাবে একটি সাংবিধানিক রাজতন্ত্র হলেও রাষ্ট্র পরিচালনার সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা পার্লামেন্ট এবং সরকারের হাতে ন্যস্ত থাকে।

সাক্ষাৎকালে তারা উভয়ই সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠনে গুরুত্বারোপ করেন। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতিসহ দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি নিয়েও আলোচনা হয়।

স্পিকার এ সময় চলমান সংবিধান সংস্কার কমিটির কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে মজুদকৃত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে আমন্ত্রণ জানান।

বৈঠকে সুইডিশ দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

বিনোদন ডেস্কঃ রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি নিয়ে কাজ করছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না; বিশাল সেন্টারে অবস্থিত নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে ছিলেন। গাড়িতেও অন্য কেউ ছিলেন না।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুলিতে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তিনি ওই অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে।

ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি গুলি ছোড়ার পেছনের উদ্দেশ্য জানারও চেষ্টা করছে পুলিশ।




সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল

বিনোদন ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এবার পৌঁছেছে চলচ্চিত্র নির্মাণেও। চীনে প্রথমবারের মতো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

শুক্রবার  মুক্তি পাওয়া ছবিটির নাম ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’।

সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমাটি চীনের ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা যায়নি আগাম টিকিট বিক্রিতে। ফলে বক্স অফিসে প্রত্যাশিত আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চীনের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সিনেমাটির আগাম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৮০ হাজার ইউয়ান, যা প্রায় ১১ হাজার ৯৮০ মার্কিন ডলারের সমান।

প্রাথমিক ধারণা অনুযায়ী, সব মিলিয়ে ছবিটির বক্স অফিস আয় দেড় লাখ ইউয়ানের নিচে থাকতে পারে।

নির্মাণ ব্যয়ের তুলনায় এ আয় হবে অনেক কম। নির্মাতা প্রতিষ্ঠান বোনা ফিল্ম গ্রুপ জানিয়েছে, প্রায় ১শ’ জনের একটি দল দুই বছরের বেশি সময় ধরে সিনেমাটি নির্মাণে কাজ করেছে। এতে ব্যয় হয়েছে এক কোটি ইউয়ানের বেশি, যা প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের সমান।

ছবিটির অভিনয়শিল্পী, কণ্ঠস্বর ও পটভূমি, সবই তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির সাহায্যে। গল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং মানবতার ভবিষ্যৎ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বোনা ফিল্মের প্রধান নির্বাহী জিয়াং দেফু বলেন, দর্শকদের আগ্রহ কম থাকলেও সিনেমাটি চলচ্চিত্র নির্মাণে নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা। তার ভাষ্য, এ ধরনের সিনেমা তৈরির উদ্যোগ তারাই প্রথম নিয়েছেন। একইসঙ্গে দর্শকদের সামনে প্রথমবারের মতো এমন একটি নির্মাণের পরীক্ষা হচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে এআই দিয়ে তৈরি ভিডিওর জনপ্রিয়তা রয়েছে। ভিডিও শেয়ারিংয়ের স্থানীয় প্ল্যাটফর্ম দৌইনে, যা টিকটক নামে পরিচিত, শুধু সেপ্টেম্বর মাসেই এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটকগুলো ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে।




‘আমাকেই লক্ষ্য করে গুলি, তবে বেঁচে গেছি’: আসিফ

বিনোদন ডেস্কঃ রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মুখ খুলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালালেও অক্ষত রয়েছেন এই গায়ক। তার ধারণা, দুর্বৃত্তরা তাকেই লক্ষ্যবস্তু করেছিল। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ঘটনার পর শনিবার বিকেলে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফিরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় গিয়ে ঘটনার বিষয়ে কথা বলেন।

কেন তাকে লক্ষ্য করা হতে পারে, সে বিষয়ে কথা বলতে গিয়ে আসিফ আকবর জানান, তার প্রতিদিনের যাতায়াতের সময় সম্পর্কে হামলাকারীদের ধারণা থাকতে পারে। তিনি সাধারণত রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অফিসে যান এবং ফজরের নামাজের আগে কিংবা পরে বাসায় ফেরেন।

গায়কের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি অফিসেই ছিলেন। সিসিটিভি ক্যামেরার দৃশ্য দেখার সময় ঘটনাটি তার নজরে আসে। তবে গুলির শব্দ তিনি শুনতে পাননি।

আসিফ আকবর বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছেন, তারা ভালো করেই জানেন তিনি কখন অফিসে যান এবং কখন বের হন। তার ধারণা, ওই সময়ের হিসাব করেই তাকে লক্ষ্য করা হয়ে থাকতে পারে। তবে ঠিক কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি বলতে পারছেন না।

ঘটনার বিবরণ দিতে গিয়ে এই সংগীতশিল্পী জানান, তিনি আর কিছুক্ষণ পরেই নিচে নামতেন। সে সময় গাড়ির আশপাশে তার উপস্থিতি থাকলে পরিস্থিতি অন্য রকম হতে পারত বলে আশঙ্কা করছেন তিনি।

তবে ব্যক্তিগত কোনো বিরোধ, শত্রুতা কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন এই সংগীতশিল্পী। কাউকে সন্দেহ করার মতো নির্দিষ্ট তথ্যও তার কাছে নেই।

এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তার গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।




এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি ও প্রযুক্তিনির্ভর সার্বক্ষণিক নিবিড় তদারকির ফলেই এ বছর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিময় পরিবেশে উৎসব সম্পন্ন হয়েছে, যা আগামী বছরগুলোতেও বজায় থাকবে বলে আশা করি।

সংবাদ সম্মেলনের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে নিরলসভাবে কাজ করা পুলিশ, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা ও সাংবাদিকসহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বিগত ১৫-১৭ বছর ধরে দুর্গাপূজাকে কেন্দ্র করে নানাবিধ অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনাশের চেষ্টা দেখা যেত, তবে বর্তমান সরকার দেশকে সেই অপসংস্কৃতি থেকে মুক্ত করতে পেরেছে।

তিনি আরও বলেন, এবার ঘটনা ঘটার পর ব্যবস্থা নেয়ার বদলে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। ডিজিটাল অ্যাপস ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক তদারকি করার ফলে অশুভ চক্রের দু-একটি সম্ভাব্য নাশকতামূলক পরিকল্পনা পূর্বেই উদ্ঘাটন ও নস্যাৎ করা সম্ভব হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক ৩৩,৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে আরও আনন্দমুখর করতে সরকার নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। পূর্বে যেখানে সরকারি বরাদ্দ ছিল সর্বোচ্চ ৪ কোটি টাকা, তা বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী এ বছর ৫ কোটি টাকায় উন্নীত করেছেন। এছাড়া প্রতিটি মণ্ডপের জন্য চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। একইসঙ্গে সাপ্তাহিক ছুটিসহ এ বছর পূজায় সনাতন ধর্মাবলম্বীরা টানা ৫ দিনের ছুটি উপভোগ করেছেন, যার মধ্যে ৩ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এসব উদ্যোগ একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার সরকারি আন্তরিকতারই বহিঃপ্রকাশ বলে মন্ত্রী অভিহিত করেন।

গোপালগঞ্জ সদরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কিছু সন্ত্রাসী টহলরত পুলিশের ওপর হামলার অপচেষ্টা চালায়। সংখ্যায় কম থাকায় পুলিশ আক্রান্ত হলেও ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যেই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।

পার্বত্য অঞ্চলের (সাজেক) সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, সেখানে একাধিক ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জেরে প্রতি বছর পর্যটন মৌসুমে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর প্রয়োজনীয় কঠোর পদক্ষেপের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতৃত্ব যৌথভাবে রাজনৈতিক আলোচনা অব্যাহত রেখেছেন।

পূজার ছুটির মধ্যে একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনা না করে তাঁকে ইতিমধ্যেই সংযুক্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ও বিদেশে দেওয়া বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পেতে আইন ও এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী শক্তি অস্থিতিশীলতা তৈরি করতে চাইলেও গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া গণহত্যাকারী বা কোনো পলাতক অপরাধীকে দেশে নতুন করে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল। সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিল সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে। লেজিসলেচার বা আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে।




প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, শোকজ্ঞাপন শুভেন্দু অধিকারী ও মমতার

বিনোদন ডেস্কঃ না ফেরার দেশে বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রবিবার সকালের দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (রুবি জেনারেল) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে গত প্রায় ১৪ মাস ধরে রক্তে ক্যান্সারের রোগে ভুগছিলেন যোগেন। বেশ কয়েকটি কেমোথেরাপিও নিলেও শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি।

দুর্গাপূজা চলাকালীন সময়ে গত ১৬ অক্টোবর ষষ্ঠীর দিন মূত্রনালীর গুরুতর সংক্রমণ ও সেফসিসের উপসর্গ নিয়ে ইএম বাইপাসের ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক জগতে। শোকজ্ঞাপন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মেদিনীপুরের রামনগরে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “উনি (যোগেন চৌধুরী) বড় মাপের শিল্পী ছিলেন। দেশ এবং জাতিকে যে সম্পদ, সৃষ্টি উনি দিয়ে গেছেন এগুলো অক্ষয় ও অমর থাকবে। উনার বিদেহী আত্মার প্রণাম জানাই। অমরত্ব প্রার্থনা করি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “দিল্লির রাজিনা হিলস’এর রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে বহু সরকারি স্থাপত্যে তিনি তার উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। যেটা কয়েক শতাধিক বছর ধরে থাকবে।”

এক্স হ্যান্ডেলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, “যোগেন চৌধুরী ছিলেন বাংলা ও ভারতের গর্ব। তিনি বিশ্বজুড়ে শিল্পীদের জন্য—এবং ব্যক্তিগতভাবে আমার জন্যও—এক বিশাল অনুপ্রেরণা ছিলেন। তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং বিশ্বজুড়ে থাকা তাঁর সকল অনুরাগীর প্রতি আমি সমবেদনা জানাই।”

তিনি ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ (এআইটিসি)-এর পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং ২০১২ সালে তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণ শিল্প ও সংস্কৃতির জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করবে।

১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে এক জমিদার পরিবারে তাঁর জন্ম। বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন জমিদার। তবে যোগেন চৌধুরীর মধ্যে শিল্পের বীজ বুনে দিয়েছিলেন তাঁর মা। মায়ের আঁকা আলপনা দেখেই ছোটবেলায় ছবি আঁকার প্রতি গভীর আগ্রহ জন্মায় যোগেনের।

দেশভাগের সময় ভিটেমাটি ছেড়ে ১৯৪৮ সালে সপরিবার কলকাতায় চলে আসেন তাঁরা। ১৯৫১ সাল থেকে তাঁদের পাকাপাকি ঠিকানা হয় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া।

১৯৬০ সালে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে হাওড়ার একটি স্কুলে শিল্পের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেন। পরবর্তীকালে মাদ্রাজেও টেক্সটাইল ডিজাইনার হিসেবে কাজ করেছেন।

১৯৬৫ সালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে শিল্পের পাঠ নিতে পাড়ি দেন স্বপ্নের শহর প্যারিসে।

দেশে ফিরে তিনি রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সঙ্গে। শান্তিনিকেতনের কলাভবনেও তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

শুধু শিল্প নয়, রাজনীতির জগতেও পা রেখেছিলেন তিনি। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হওয়ার কারণে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন যোগেন চৌধুরী।