স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী তার নিজ কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এই বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে ভারতের কোলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতাসহ ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এটি একেবারেই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।




প্রতি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্যকমপ্লেক্স হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্যকমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার কাজ পুরোদমে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এজন্য দেশের ইতিহাসে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওতে দেশব্যাপী ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনের পাশাপাশি একজন প্রতিবন্ধীকে টিকা খাইয়ে দিয়ে দেশব্যাপী সবার মধ্যে এটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যপ্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়তি রোগীর চাপ কমে আসবে।

কলেরা ও ডায়রিয়াজনিত অসুস্থতা দূর করতে টিকাদানের গুরুত্ব তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, এটি একটি সহজে গ্রহণযোগ্য ওরাল (মুখে খাওয়ার) ভ্যাকসিন। শহর থেকে দূরবর্তী গ্রাম, দুর্গম চরাঞ্চল কিংবা পাহাড়ের প্রত্যন্ত জনপদে প্রতিটি মানুষের কাছে এই টিকা পৌঁছে দিতে হবে।

এ জন্য সব সামাজিক সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে টিকাদানকে একটি কার্যকর ‘সামাজিক আন্দোলনে’ রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশুদ্ধ পানি ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, শুধু টিকাই নয়, কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থালির প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।




ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ বেশি যে পাঁচ জেলায়

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, চলতি মাসে (১৯ শে অগাস্ট পর্যন্ত) প্রায় ১১ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে জুলাইয়ে হাসপাতালে ভর্তি হন নয় হাজার ২০০-এর বেশি ডেঙ্গু রোগী। এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৬ জন মারা গেছেন। আর আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ২৬ হাজারের বেশি।

তবে অন্যান্য বছরের মতো ডেঙ্গুর প্রকোপ এখন আর মূলত রাজধানী ঢাকা-কেন্দ্রিক নয়। ঢাকার বাইরের বিভিন্ন জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে কোন কোন এলাকায় ডেঙ্গু দ্রুত ছড়াচ্ছে এবং সামনে পরিস্থিতি কোথায় বেশি খারাপ হতে পারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে সাধারণত এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হয়।

বৃষ্টির পর বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। ফলে আক্রান্তের সংখ্যা সামনে আরও বাড়বে কি না, সেই প্রশ্নও সামনে আসছে।

ঢাকার বাইরে বেশি সংক্রমণ যে পাঁচ জেলায়
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজধানী ঢাকায় গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজারের বেশি রোগী।

ঢাকার বাইরে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে খুলনা জেলায়। এই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ৬০০ জনেরও বেশি। মৃত্যুর দিক থেকেও সর্বোচ্চ খুলনা জেলা, যেখানে এই রোগে মারা গেছেন মোট ১৪ জন। এরপরই হলো চট্টগ্রাম জেলা, সেখানে আক্রান্ত এক হাজার ৩৯১ জন, মারা গেছেন তিনজন।

তৃতীয় অবস্থানে বরিশালের পিরোজপুর। সেখানে এ বছর এখন পর্যন্ত এক হাজার দু’শোর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে আছে ময়মনসিংহ জেলা। সেখানে ৯২৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মারা গেছেন ছয় জন।

ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে গাজীপুরে এখন পর্যন্ত ৭২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে সেখানে কারও মৃত্যু হয়নি। এই বিভাগে শুধু ঢাকার মানিকগঞ্জে একজন ডেঙ্গুতে মারা গেছেন। একসময় সাধারণত ঢাকা ও এর আশপাশের এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি দেখা গেলেও এবার ঢাকার বাইরের কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে বেশি।

জনস্বাস্থ্য ও মহামারী বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বলেন যে, তারা হিসেব করেছিলো যে এ বছর উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বরগুণা, ঝালকাঠী ও পিরোজপুরে এডিস মশার লার্ভার উপস্থিতি বেশি পাওয়া গেছে।

এর একটি কারণ হিসেবে উপকূলীয় এলাকার লবণাক্ততা ও বছরব্যাপী বৃষ্টির পানি মাটির পাত্রে সংরক্ষণ করে রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

কোনো পাত্র বা স্থানে ৪৮ ঘণ্টার বেশি পানি জমে থাকলে সেখানে এডিস মশার ডিম পাড়া ও লার্ভা তৈরি হওয়ার ঝুঁকি থাকে উল্লেখ করে তিনি জানান, সংরক্ষিত পানিতে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করলে মশার লার্ভা ধ্বংস করা সম্ভব। কিন্তু কিছু এলাকায় এ বিষয়ে প্রচার-প্রচারণা করা হলেও সব লবণাক্ত এলাকায় একইভাবে সচেতনতা কার্যক্রম চালানো হয়নি।

গাজীপুরে ডেঙ্গুর প্রকোপের ক্ষেত্রে ঘনবসতি ও অপরিচ্ছন্ন পরিবেশকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন ডা. মুশতাক। তিনি বলেন, নিম্ন আয়ের বিপুলসংখ্যক মানুষের বসবাসের কারণে ওই এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ব্যক্তিগতভাবে সম্ভব নয়। সেখানের পরিবেশের মান উন্নয়নে কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন।

ময়মনসিংহের ক্ষেত্রেও অপরিচ্ছন্ন পরিবেশ ও পানি জমে থাকার মতো বিষয় ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। বাংলাদেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পাহাড় চট্টগ্রাম বিভাগে। ডেঙ্গু আক্রান্তের দিক থেকে এবার চট্টগ্রাম জেলা দ্বিতীয়।

বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম পাহাড়ি বা গাছপালাযুক্ত এলাকা হওয়ায় বৃষ্টির পানি জমে থাকে সেখানে। কিন্তু ডেঙ্গুর বিস্তারের মূল কারণ সেটি না। ডা. মুশতাক বলেন, ‘চট্টগ্রাম আর ঢাকা একই রকম। পাহাড়ি এলাকা জনবিরল হলে কোনো সমস্যা নাই। কিন্তু যখন সেটি ঘনবসতিপূর্ণ হয়, তখনই ডেঙ্গুর ঝুঁকি বাড়ে’।

এদিকে, কীটতত্ত্ববিদ ও জাতীয় নদী কমিশনের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী মনে করেন, উপকূলীয় এলাকা ছাড়াও যেসব এলাকার পানিতে আর্সেনিক বেশি, ওই সব এলাকায়ও ডেঙ্গুর সংক্রমণ বেশি হতে পারে।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আর্সেনিকপ্রবণ এলাকায় মানুষ অনেক সময় আর্সেনিকমুক্ত নিরাপদ নলকূপ থেকে পানি সংগ্রহ করে বিভিন্ন পাত্রে জমিয়ে রাখেন। দীর্ঘ সময় ধরে এভাবে পানি সংরক্ষণ করা হলে সেসব পাত্র এডিস মশার প্রজননস্থল হয়ে উঠতে পারে।

ডেঙ্গু বাড়ার পেছনে আর কী কী কারণ?
পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির মশা রয়েছে। বাংলাদেশে যেসব প্রজাতি বেশি দেখা যায় তার মধ্যে অ্যানোফিলিস, এডিস ও কিউলেক্স এই তিন ধরনের মশাই বেশি ক্ষতিকর।

স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ ছড়ায়। এডিস মশার কামড়ে ছড়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া। আর ফাইলেরিয়া বা গোদরোগের কারণ কিউলেক্স মশার কামড়। ডেঙ্গু ভাইরাসের বাহক হলো এডিস ইজিপ্টাই ও এডিস এলবোপিকটাস জাতের মশা।

কীটতত্ত্ববিদ মনজুর আহমেদ চৌধুরী জানান, এডিস ইজিপ্টাই প্রধানত শহরকেন্দ্রিক। আর এডিস এলবোপিকটাস জাতের মশা গাছপালা বেশি থাকা গ্রামীণ এলাকায় বেশি দেখা যায়।

‘হাঁড়ি-পাতিল, প্লাস্টিকের বোতল, ক্যান, দইয়ের পাত্রসহ বিভিন্ন কৃত্রিম পাত্রে জমে থাকা পানিতে এডিস ইজিপ্টাই বংশবিস্তার করে। সেজন্য একে বলাই হয় কন্টেইনার ব্রিডিং মসকুইটো। অন্যদিকে, গাছের কোটর বা কচুর পাতার গোড়ার মতো প্রাকৃতিকভাবে পানি জমে থাকা স্থানে এডিস এলবোপিকটাস মশার প্রজনন হয়।’

তার মতে, ডেঙ্গু ছড়ানোর ক্ষেত্রে এডিস ইজিপ্টাই তুলনামূলকভাবে বেশি কার্যকর বাহক। তবে কোনো কোনো এলাকায় এলবোপিকটাস-ই প্রধান বাহক হিসেবে কাজ করতে পারে।

এমন এলাকাও আছে যেখানে এডিস ইজিপ্টাই পাওয়া না গেলেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এ কারণেই ডেঙ্গুকে এখন আর শুধু শহরকেন্দ্রিক রোগ হিসেবে দেখার সুযোগ নেই।




রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬, মাদক-অস্ত্র উদ্ধার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ৫৫টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধারের পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

নিয়াজ মেহেদী আরও জানান, বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে মিরপুর বিভাগে সর্বাধিক ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গুলশান বিভাগে ৯৩ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, উত্তরা বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৪১ জন, রমনা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে দুটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া একটি বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, প্রায় ৫৯৭ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার টাকা এবং আরও ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।




তেল বিক্রির আয় দেড় গুণ বেড়েছে ইরানের

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি করে চলতি ২০২৬ সালের প্রথম চার মাসেই প্রায় ৭৫০ কোটি (৭.৫ বিলিয়ন) মার্কিন ডলার আয় করেছে ইরান। দেশটির আধা-সরকারি ফার্স বার্তা সংস্থার বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। তেল রফতানি থেকে আসা এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয় জানায়, গত বছরের একই সময়ের তুলনায় এবারের আয় প্রায় দেড় গুণ বেশি। বিশ্বজুড়ে নানামুখী অর্থনৈতিক টানাপোড়েন ও মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যেও তেলের এই বাড়তি আয় দেশটির অর্থনীতির জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

মন্ত্রণালয়ের প্রত্যাশা, প্রথম চার মাসের এই শক্তিশালী আর্থিক প্রবাহ আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার যাবতীয় ব্যয় নির্বিঘ্নে মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ স্থিতিশীল থাকবে এবং আমদানি ব্যয় মেটানোও সরকারের জন্য বেশ সহজ হবে।

সূত্র: দ্য ডন




পিক আওয়ারে দেশজুড়ে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং

ডেস্ক নিউজ : সারাদেশে পিক আওয়ার চলাকালে (সন্ধ্যা সাড়ে ৭টায়) মোট চাহিদার বিপরীতে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ওই নির্দিষ্ট সময়ে দেশজুড়ে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৬ হাজার ২১১ মেগাওয়াট। সামগ্রিক চাহিদার একটি বড় অংশ সরবরাহ করা সম্ভব হলেও ঘাটতির মুখে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়।

বুধবার (১৯ আগস্ট) রাতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর পক্ষ থেকে লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহের এই চিত্র জানানো হয়।
পাওয়ার গ্রিডের অঞ্চলভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ময়মনসিংহ জোনে বিদ্যুতের ঘাটতি ছিল সবচেয়ে প্রকট। সেখানে ১ হাজার ৪২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ ২৫৬ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে। অপরদিকে সবচেয়ে বেশি চাহিদা থাকা ঢাকা অঞ্চলে ৬ হাজার ১৮৪ মেগাওয়াটের বিপরীতে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ১৫৪ মেগাওয়াট।
অন্যান্য অঞ্চলের মধ্যে কুমিল্লা জোনে ১ হাজার ৪৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫০ মেগাওয়াট, খুলনা জোনে ১ হাজার ৯২৪ মেগাওয়াটের বিপরীতে ৪৯ মেগাওয়াট এবং রাজশাহী জোনে ১ হাজার ৫৩৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২০ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে।
তবে পিক আওয়ারে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বেশ সন্তোষজনক ছিল। এ সময়ে চট্টগ্রাম জোনে ১ হাজার ৫১২ মেগাওয়াট, সিলেটে ৬৬৮ মেগাওয়াট, বরিশালে ৪৮১ মেগাওয়াট এবং রংপুর জোনে ১ হাজার ৩৩ মেগাওয়াট চাহিদার পুরোটাই সরবরাহ করা সম্ভব হয়, ফলে এই চার অঞ্চলে কোনো ধরনের লোডশেডিংয়ের প্রয়োজন পড়েনি।



দেড় মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ : বর্তমানে দেশে দেড় মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে, বিষয়টি জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি আরও জানিয়েছেন সরকার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এটিকে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা করছে।

বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) একটি সভা অনুষ্ঠিত হয়। তা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘বর্তমানে দেড় মাসের তেলের মজুত আছে। এটি দ্রুতই তিন মাস করা হবে। আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা হিসেবে এটিকে ছয় মাস করার পরিকল্পনা করছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার বা কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল। এটি সমাধান হয়েছে। গ্যাস-বিদ্যুৎ চাহিদা অনুযায়ী আমাদের নেই। এর সমাধানে সরকার গ্যাস উৎপাদন ও নবায়নযোগ্য বিদ্যুতে যাচ্ছে। সরকার বিদ্যুৎ ব্যবস্থাকে আরও উন্নত করবে।’

জোনায়েদ সাকি আরও বলেছেন, ‘বিদ্যুৎ সংকট দূর করতে আমরা কাজ করছি। সাময়িক সংকট তৈরি হয়েছে, এটা দূর করা হচ্ছে। প্রয়োজন মেটাতে আমরা গ্যাস আমদানি করছি। তবে গ্যাস আমদানি করলেই হবে না, এলএনজি স্টেশনও লাগবে। এটি বসাতেও সময় লাগবে।’




যুদ্ধের মধ্যেও তেল বিক্রিতে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি করে চলতি ২০২৬ সালের প্রথম চার মাসেই প্রায় ৭৫০ কোটি (৭.৫ বিলিয়ন) মার্কিন ডলার আয় করেছে ইরান।

দেশটির আধা-সরকারি ফার্স বার্তা সংস্থার বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। তেল রফতানি থেকে আসা এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয় জানায়, গত বছরের একই সময়ের তুলনায় এবারের আয় প্রায় দেড় গুণ বেশি। বিশ্বজুড়ে নানামুখী অর্থনৈতিক টানাপোড়েন ও মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যেও তেলের এই বাড়তি আয় দেশটির অর্থনীতির জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

মন্ত্রণালয়ের প্রত্যাশা, প্রথম চার মাসের এই শক্তিশালী আর্থিক প্রবাহ আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার যাবতীয় ব্যয় নির্বিঘ্নে মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ স্থিতিশীল থাকবে এবং আমদানি ব্যয় মেটানোও সরকারের জন্য বেশ সহজ হবে।




নাটোরে বিএনপির দু পক্ষের সংঘর্ষে আহত ৭

ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে বিআরটিসি বাস কাউন্টারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৭),পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৫), পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২), পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫০), যুবদল কর্মী নাজমুল (৩৫) ও সোহেল (৪৮)। এদের মধ্যে ফকির, মমতাজউদ্দিন এবং আকতারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকিরসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী প্রতিপক্ষের লোকজনদের ধাওয়া করে। এরপর দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী বসে চা পান করছিলেন। এ সময়  প্রতিপক্ষের ৪০ থেকে ৪৫ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে ৭ জন নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। এ সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস এবার মুখ খুললেন। মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ে করার পর তার ইসলাম গ্রহণ নিয়ে অনেক গুজব ছড়িয়ে পড়েছিল। এই গুজবের জবাব দিলেন তিনি নিজেই।

তুরস্কের গণমাধ্যমে খবর এসেছিল যে ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করে তিনি কালেমা পড়েছেন বলে খবরে বলা হয়েছিল।

এই খবর আরও ছড়িয়ে পড়ে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টের পর। তিনি ব্রাজিলের মুসলিম সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিলেন।

শাহিন দুই দিন আগে নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছিলেন, তিনি সাও পাওলোর শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করেছেন। এই দেখা হয়েছিল ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময়। শেখ তাকে বলেছিলেন, কার্লোস অনেক দিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চার সপ্তাহ আগে তিনি শেখের কাছে গিয়ে কালেমা পড়েন এবং ইসলাম ধর্ম বেছে নেন।

কিন্তু এবার নিজেই চুপ থাকা ভাঙলেন কার্লোস। তিনি বলেছেন, তার ইসলাম গ্রহণের খবর ‘সত্য নয়’।

রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বুধবার সৌদি পত্রিকা ‘ওকাজ’-কে বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’

যে বিয়ের অনুষ্ঠান নিয়ে এত গুজব ছড়িয়েছিল, সে বিষয়ে কার্লোস বলেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল। আমরা পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানও করা হয়েছিল।’