ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস এবার মুখ খুললেন। মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ে করার পর তার ইসলাম গ্রহণ নিয়ে অনেক গুজব ছড়িয়ে পড়েছিল। এই গুজবের জবাব দিলেন তিনি নিজেই।

তুরস্কের গণমাধ্যমে খবর এসেছিল যে ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করে তিনি কালেমা পড়েছেন বলে খবরে বলা হয়েছিল।

এই খবর আরও ছড়িয়ে পড়ে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টের পর। তিনি ব্রাজিলের মুসলিম সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিলেন।

শাহিন দুই দিন আগে নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছিলেন, তিনি সাও পাওলোর শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করেছেন। এই দেখা হয়েছিল ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময়। শেখ তাকে বলেছিলেন, কার্লোস অনেক দিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চার সপ্তাহ আগে তিনি শেখের কাছে গিয়ে কালেমা পড়েন এবং ইসলাম ধর্ম বেছে নেন।

কিন্তু এবার নিজেই চুপ থাকা ভাঙলেন কার্লোস। তিনি বলেছেন, তার ইসলাম গ্রহণের খবর ‘সত্য নয়’।

রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বুধবার সৌদি পত্রিকা ‘ওকাজ’-কে বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’

যে বিয়ের অনুষ্ঠান নিয়ে এত গুজব ছড়িয়েছিল, সে বিষয়ে কার্লোস বলেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল। আমরা পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানও করা হয়েছিল।’




ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় মাটিতে ব্যক্তিগত ক্যারিয়ারের টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। এ পারফরম্যান্সের সুবাদে আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। ৮৪ ধাপ এগিয়ে কার্টিস ক্যাম্ফারের সঙ্গে যৌথভাবে ৮৮ নম্বরে আছেন তানজিদ।

তার পাশাপাশি অজিদের বিপক্ষে বাংলাদেশের হাল ধরেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি করতে না পারলেও বাংলাদেশকে বড় লিড নেওয়ার ভিত গড়ে দেন টেস্ট অধিনায়ক। হ্যাজেলউডের বলে আউট হওয়ার আগে খেলেছেন ৮৪ রানের ইনিংস।

এমন ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন শান্ত। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক আছেন ২০ নম্বরে। বাংলাদেশের টেস্ট ব্যাটারদের মধ্যে শান্তর ওপরে কেবল মুশফিকুর রহিম। ১৮ নম্বরে আছেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। ডারউইনে প্রথম টেস্টে ডাক মেরেছিলেন লিটন দাস। রান না পাওয়ায় ৫ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।

তানজিদের সঙ্গে ১০২ রানের জুটি গড়ে বাংলাদেশের বিপদ সামাল দেওয়ার পাশাপাশি দলকে ভালো অবস্থানে নিয়ে যান মুমিনুল হক। তবে হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে বাঁহাতি ব্যাটারকে ফিরতে হয় ৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ৩০ রান। এমন ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন মুমিনুল। ছোট ছোট ইনিংসে ৩ ধাপ এগিয়ে সাদমান ইসলাম উঠেছেন ৫৮ নম্বরে।

দ্রুতই শান্ত, মুশফিক ও লিটনের বিদায়ের পর টেইলএন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড ২২৮ রান পর্যন্ত নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। ৬৫ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠে এসেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে না থাকা এক ধাপ পিছিয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের বোলারদের মধ্যে আগের মতোই সবার উপরে (১১ নম্বরে) আছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন মিরাজ। ডারউইন টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৫৫ রানে নিয়েছিলৈন ৬ উইকেট। দ্বিতীয় তিন উইকেট নিয়েছিলেন ৫৬ রানে। ম্যাচে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন হাসান। বর্তমানে ৩৮ নম্বরে আছেন ডানহাতি পেসার। তাসকিন আহমেদ এক ধাপ ও ইবাদত হোসেন এগিয়েছেন ৪ ধাপ।

ডারউইনে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট নিলেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি মিরাজের। আগের মতোই তিনে আছেন স্পিন বোলিং এই অলরাউন্ডার। এদিকে সতীর্থ জো রুটকে পেছনে ফেলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন হ্যারি ব্রুক। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের জসপ্রিত বুমরাহ।




গাড়ির ব্যবসায় নাম লেখালেন সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক অঙ্গনেও যাত্রা শুরু করলেন অভিনেত্রী সামিরা খান মাহি। একটি গাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান এই অভিনেত্রী।

তবে ব্যবসায়িক অঙ্গনে মাহির যাত্রা একেবারে নতুন নয়। প্রায় দুই বছর আগে থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন তিনি। এতদিন ব্যবসার বিভিন্ন দিক বুঝতে এবং কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা নিতে সময় নিয়েছেন এ অভিনেত্রী। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজের ব্যবসায়িক সম্পৃক্ততার কথা প্রকাশ্যে আনলেন।

নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের জন্য ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ির বড় সংগ্রহ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মাহির। প্রতিষ্ঠানটি চীন, জাপান ও ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি আমদানি করবে। পাশাপাশি জাপান থেকে আনা হবে রিকন্ডিশন্ড গাড়িও।

শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ না থেকে ব্যবসাটিকে আন্তর্জাতিক পরিসরে পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছেন মাহি। তার ভাষ্য, প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিকভাবেই পরিচালনা করা হবে।

অভিনয়ের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আশাবাদী মাহি। দীর্ঘদিন ধরে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও বোঝার পর এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি ব্যাবসায়িক অঙ্গনেও অভিনেত্রীর নতুন পরিচয় যুক্ত হলো।




বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার কাঁদলেন ও চোখ মুছলেন। দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি নিয়ম অনুযায়ী দলের সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি এ আহ্বান জানান। দুপুর ২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির বক্তব্যের পর বক্তব্য রাখেন বিএনপির বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্মরণ করেন বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে। তার প্রতি কৃতজ্ঞতা জানান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও।

বিএনপিতে যোগ দেওয়ার পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে তার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না। সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানান।

মির্জা ফখরুল সবার কাছে দোয়া চেয়ে বলেন, বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন। কয়েক মিনিটের বক্তব্যে চার থেকে পাঁচবার কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা ফখরুল। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি শেষ বক্তব্য দেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সংসদীয় দলের সভায় আর অংশ নেবেন না। বিএনপির সংসদীয় দলের আজকের বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবেগঘন বিদায় এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কঠোর সাংগঠনিক বার্তা- মিলিয়ে দলীয় ঐক্য ও শৃঙ্খলার বিষয়টিই গুরুত্ব পায়।

মির্জা ফখরুল আবেগ জড়িত কণ্ঠে আরও বলেন, দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে যুক্ত আছি। অনেক বিপদ-আপদ, ঝড়-ঝঞ্ঝা, সুখ-দুঃখ, জেল-জুলুম, মামলা-হামলার সম্মুখীন হয়েছি। সবকিছুতেই আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু কখনো দল ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করিনি। কিন্তু আগামীকাল হয়তো এই দল থেকে আমাকে পদত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, আমি যেনো রাষ্ট্রপতি পদে থেকে সকলের মাঝে থেকে একটি সুন্দর ও কল্যাণমূলক রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা রাখতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।

সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য রাখেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চান। তিনি সভায় জানান, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হয়ে যাবে। শুক্রবার নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। পরে সকলের অংশগ্রহণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস কাতারের

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। আজ বুধবার দোহায় নিজ কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কাতারের নেতৃত্বের কাছে পৌঁছে দেন। তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং অঞ্চল ও এর বাইরের জন্য গুরুত্বপূর্ণ শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। দায়িত্ব সফলভাবে পালনে সমর্থন ও সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন তিনি।

পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পরে কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকগুলোয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




ঘুষে অডিট টিম, ফাইল আটকে অর্থ আদায়: দুদকের নজরে এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

বিশেষ প্রতিবেদকঃ এলজিইডির অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুককে ঘিরে একের পর এক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষের বিনিময়ে অডিট টিম নিয়োগ, অর্থের বিনিময়ে অডিট আপত্তি নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখে সুবিধা নেওয়ার মতো বিষয় রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে।

দুদকের অনুসন্ধানে মূলত ৪২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগটি গুরুত্ব পেয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ওমর ফারুকের নামে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও বিভিন্ন আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। তার জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

দুদকের উপপরিচালক খায়রুল হক এ বিষয়ে বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। জানা গেছে, ওমর ফারুকের আর্থিক লেনদেনের তথ্য জানতে দেশের ৬১টি ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি তিনটি জেলায় তার সম্পদ ও আর্থিক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধানের অংশ হিসেবে তার স্ত্রী ও সন্তানদের আর্থিক তথ্যও যাচাই করা হচ্ছে বলে অভিযোগ-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, এলজিইডির বিভিন্ন ইউনিটে অডিট টিম নিয়োগের ক্ষেত্রে ওমর ফারুক প্রভাব খাটাতেন। এসব টিম নিয়োগের জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা করে ঘুষ নেওয়া হতো বলে দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। শুধু অডিট টিম নিয়োগ নয়, অডিটে ওঠা আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রেও বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন সরকারি দপ্তরের অডিট আপত্তি নিষ্পত্তির নামে একটি প্রভাবশালী চক্র সক্রিয় ছিল। এই প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে আপত্তি মীমাংসা করে দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি সাবেক কয়েকজন সংসদ সদস্যের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগের অডিট আপত্তিও প্রভাব খাটিয়ে সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ সরকারি ফাইল আটকে রেখে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে ওমর ফারুকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, কোনো কোনো ফাইল দীর্ঘ সময় আটকে রেখে পরে অর্থের বিনিময়ে কাজ এগিয়ে নেওয়া হতো। এভাবে অডিট কার্যক্রমকে কেন্দ্র করে তিনি এবং তার ঘনিষ্ঠদের একটি প্রভাবশালী বলয় তৈরি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের পাশাপাশি ওমর ফারুকের নামে-বেনামে সম্পদ অর্জন এবং তার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে। সে কারণেই দুদক তার নিজের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের আর্থিক তথ্য সংগ্রহ করছে। ব্যাংক হিসাব, সম্পদের তথ্য এবং বিভিন্ন জেলার নথিপত্র যাচাই শেষে অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবচেয়ে আলোচনার বিষয় হলো, এতগুলো অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান থাকার মধ্যেই ওমর ফারুকের পদোন্নতির বিষয়টি সামনে এসেছে। অভিযোগ রয়েছে, বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে পদোন্নতি পাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে পদোন্নতির বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে বা অভিযোগগুলোর সত্যতা কতটুকু, তা এখনো চূড়ান্তভাবে প্রমাণিত নয়। দুদকের অনুসন্ধান শেষ হলে এসব অভিযোগের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

এদিকে, ওমর ফারুকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে সরকারি প্রশাসন ও সংশ্লিষ্ট মহলেও প্রশ্ন তৈরি হয়েছে। একজন সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগের অনুসন্ধান চলার সময় তার পদোন্নতির বিষয়টি কীভাবে বিবেচনায় আসছে—এ নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




রাজউক ইমারত পরিদর্শক পিয়ালের বিরুদ্ধে ভবন মালিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন ৬/১-এর ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে দায়িত্ব পালনের আড়ালে বিভিন্ন ভবন মালিকের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রামপুরা, বনশ্রী, মেরাদিয়া, খিলগাঁও, নয়াপাড়া ও পোড়াবাড়ির মোড়সহ আশপাশের এলাকায় নির্মাণাধীন ও নির্মিত বিভিন্ন ভবনকে কেন্দ্র করে এসব অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ভবন নির্মাণের নকশা, নির্মাণকাজের অনুমোদন, পরিদর্শন এবং বিভিন্ন দাপ্তরিক প্রক্রিয়ার কথা বলে ভবন মালিকদের কাছ থেকে টাকা দাবি করা হতো। বিশেষ করে বনশ্রীর এ, ই ও জে ব্লক, মেরাদিয়া এবং খিলগাঁও এলাকার কয়েকটি ভবন নিয়ে পিয়ালের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। ভবনের কাজ নিয়ম অনুযায়ী চলছে কি না, অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণকাজ মিলছে কি না—এসব বিষয় পরিদর্শনের সময় বিভিন্ন ধরনের জটিলতার কথা বলে অর্থ দাবি করার অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য, টাকা না দিলে ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া, পরবর্তী সময়ে অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সমস্যা তৈরি করা কিংবা রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়ার ভয় দেখানো হতো। অভিযোগ রয়েছে, এসব ক্ষেত্রে পিয়াল কখনো কখনো রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও ব্যবহার করতেন। ফলে অনেক ভবন মালিক ঝামেলা এড়াতে অনিচ্ছা সত্ত্বেও টাকা দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন।

একাধিক ভবন মালিকের দাবি, তারা নিয়ম মেনেই নির্মাণকাজ করার চেষ্টা করেছেন। কিন্তু পরিদর্শনের সময় নতুন নতুন আপত্তি তুলে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে ভবনের কাজ নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে—এমন আশঙ্কা দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সুনির্দিষ্ট প্রতিটি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট নথি ও অর্থ লেনদেনের প্রমাণ আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কিছু ভবনের ক্ষেত্রে রাজউকের প্রয়োজনীয় লিখিত অনুমোদন ছাড়াই নির্মাণকাজ সম্পন্ন করার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। কোথাও অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কি না, কিংবা এসব অনিয়মের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কোনো ভূমিকা ছিল কি না—সেটিও তদন্তের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবন নির্মাণে নিয়ম লঙ্ঘন হলে তা যথাযথভাবে বন্ধ বা ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যদি অর্থের বিনিময়ে ছাড় দেওয়া হয়, তাহলে এলাকার নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ রামপুরা, বনশ্রী, মেরাদিয়া ও খিলগাঁও এলাকায় অনুমোদনহীন বা নকশাবহির্ভূত ভবন তৈরি হলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

এ বিষয়ে অভিযুক্ত ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। একই বিষয়ে রাজউকের অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য জানার জন্যও ফোন করা হলে তিনিও সাড়া দেননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নগর পরিকল্পনাবিদ ও সুশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রাজউকের মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে ভবন নির্মাণে আইন ও অনুমোদিত নকশা যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনের সময় অর্থ আদায় বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে তা শুধু সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নয়, পুরো সংস্থার কার্যক্রম ও নজরদারি ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে।

তাদের মতে, অভিযোগগুলো সত্য কি না তা নিরপেক্ষভাবে যাচাই করতে প্রয়োজনীয় নথি, ভবনের অনুমোদন, পরিদর্শন প্রতিবেদন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পরীক্ষা করা দরকার। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে যেসব ভবন অনুমোদন ছাড়া বা নিয়মবহির্ভূতভাবে নির্মিত হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর বিষয়েও রাজউকের পক্ষ থেকে পৃথক তদন্ত প্রয়োজন।




ভেন্টিলেটর বা আইসিইউ দিয়ে নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আইসিইউ বা ভেন্টিলেটর দিয়ে নয়, সঠিক সময়ে কার্যকর টিকাদানের মাধ্যমেই কেবল হামের মতো মারাত্মক সংক্রামক রোগের বিস্তার ও মৃত্যু ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘হামের বিস্তার ও জিনগত নজরদারি’ বিষয়ক কর্মশালা এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসপাতালটির রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ এবং আইসিডিডিআর,বির যৌথ উদ্যোগে এ গবেষণা ফলাফল প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, ‘২০২৪ সালের টিকাদান ক্যাম্পেইনে সময়মতো উদ্যোগ না নেয়া এবং নীতিগত গাফিলতির কারণে যে অনাক্রম্যতার ঘাটতি তৈরি হয়েছিল, তারই ফল আজকের এই মহামারি। হাজারটা ভেন্টিলেটর বা আইসিইউ বেড বসিয়ে এই মৃত্যুর ঢল থামানো যাবে না। প্রতিরোধ এবং টিকাদানই এর একমাত্র সমাধান।’

অবাস্তব আশ্বাসের সুযোগ নেই উল্লেখ করে— তিনি বলেন, টিকাদানের গতি শতভাগ বাড়ালেও প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরো দুই-তিন মাস সময় লাগবে। তবে এ সময়ের মধ্যেই সর্বোচ্চ চিকিৎসা ও মাঠপর্যায়ের নজরদারির মাধ্যমে শিশুমৃত্যু কমিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে।

শিশু স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী ড. মুহিত ঘোষণা করেন আগামী অক্টোবরের মধ্যেই দেশের ৫টি বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত ৫টি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল আনুষ্ঠানিকভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করবে। তৃণমূল পর্যায়ের চিকিৎসাব্যবস্থাকে শক্তিশালী করতে দেশের প্রতিটি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। উপজেলা পর্যায়ে শিশু স্বাস্থ্য (পেডিয়াট্রিকস), মেডিসিন, সার্জারি ও গাইনি—এই চার মূল বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (হাসপাতাল) ডা. মো. নুরুল ইসলাম এবং আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। অনুষ্ঠানে এই গবেষণার মূল ফলাফল ও তথ্য-উপাত্ত যৌথভাবে উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআর,বির ভাইরোলজি বিভাগের প্রধান বিজ্ঞানী ড. মুস্তাফিজুর রহমান।

গবেষণায় দেখা গেছে, ২০২৬ সালে ছড়িয়ে পড়া হামের মূল কারণ ভাইরাসের নতুন কোনো রূপ নয়, বরং বিশ্বজুড়ে প্রচলিত তীব্র সংক্রামক ‘বি৩’ ধরনের বিস্তার এবং টিকাদান ও মাতৃদুগ্ধের অ্যান্টিবডির ঘাটতি। বিশেষ করে ৯ মাস বয়সের আগেই মায়ের দেয়া রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমে যাওয়ায় এবং নিয়মিত টিকাদানে অবহেলার ফলে ৬-৯ মাস বয়সী অপুষ্ট শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে পড়েছে।




গণপূর্তের ‘অদৃশ্য সিন্ডিকেটে’ সাইফুর রহমানের নাম: সম্পদ, ঠিকাদারি প্রভাব ও অনৈতিক প্রস্তাবের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন সরকারি ভবন নির্মাণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে প্রতিবছর বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় হয়। স্বাভাবিকভাবেই এসব প্রকল্পের দরপত্র, কার্যাদেশ, বিল অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে তা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়ে পড়ে।

খুলনা গণপূর্ত জোনের কয়েকজন কর্মকর্তা, ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে এবং বিভিন্ন তথ্য পর্যালোচনা করে এমনই কিছু অভিযোগের সন্ধান পেয়েছে এই প্রতিবেদক। অভিযোগের কেন্দ্রে রয়েছেন খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান। তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় ঠিকাদারি সিন্ডিকেটকে সুবিধা দেওয়া, কাজের বিল ও ফাইল অনুমোদনে অনৈতিক সুবিধা দাবি, ক্ষমতার প্রভাব খাটানো এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

অভিযোগগুলোর প্রকৃতি ও ব্যাপ্তি যাচাই করতে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে সাইফুর রহমানের কর্মজীবন, ঠিকাদারি কার্যক্রম ঘিরে অভিযোগ এবং তাঁর নামে-বেনামে থাকা কথিত সম্পদের বিভিন্ন তথ্য তুলে ধরা হচ্ছে। তবে এসব অভিযোগের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

খুলনা জোনে সাইফুর রহমানের দায়িত্ব

মো. সাইফুর রহমান ১৮তম ব্যাচের প্রকৌশলী। তিনি ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনা গণপূর্ত জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ঢাকার আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, আজিমপুরে দায়িত্ব পালনকালে বিভিন্ন সরকারি কাজের দরপত্র ও বাস্তবায়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে তাঁর প্রভাববলয় তৈরি হয়। সেই সময় থেকেই ঠিকাদারদের একটি নির্দিষ্ট গোষ্ঠীকে কাজ পাইয়ে দেওয়া এবং তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

আজিমপুরে ‘নির্দিষ্ট ঠিকাদার’ নির্ভরতার অভিযোগ

আজিমপুর গণপূর্ত বিভাগে দায়িত্ব পালনকালে সাইফুর রহমানের বিরুদ্ধে কমিশননির্ভর একটি ঠিকাদারি ব্যবস্থা গড়ে তোলার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজনের ভাষ্য, তাঁর অনুমোদন ছাড়া বিভিন্ন ফাইল ও বিলের কাজ এগোনো কঠিন ছিল। বিশেষ করে ঠিকাদারদের বিল পরিশোধ ও ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।

আজিমপুরে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান পরিচালনা এবং এসব স্থাপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নিয়েও আগে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সে সময় অভিযোগ অস্বীকার করে সাইফুর রহমান জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে কলোনিভিত্তিক কল্যাণ সমিতির নেতারাই এসব দোকান পরিচালনা করে আসছেন।

খুলনায়ও একই ধরনের অভিযোগ

খুলনা গণপূর্ত জোনে দায়িত্ব নেওয়ার পরও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন কয়েকজন ঠিকাদার। তাদের অভিযোগ, বিভিন্ন কাজের বিল, ফাইল অনুমোদন এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত নিয়মের বাইরে সুবিধা দেওয়ার চাপ তৈরি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে খুলনার একাধিক ঠিকাদার জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সমন্বয় ছাড়া অনেক ক্ষেত্রে কাজের ফাইল দ্রুত নিষ্পত্তি হয় না। বিল ছাড় করাতেও নানা ধরনের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি ও প্রমাণের পূর্ণাঙ্গ যাচাই এখনও চলমান।

রাজনৈতিক যোগাযোগ নিয়েও প্রশ্ন

সাইফুর রহমানের বিরুদ্ধে অতীতে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে। বিশেষ করে ঢাকায় কর্মরত থাকার সময় আলোচিত ঠিকাদার জিকে শামীম ও গোল্ডেন মনিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁর ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে। একটি সূত্রের দাবি, সে সময় তিনি আওয়ামী লীগপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং আন্দোলন দমনে অর্থসহায়তার সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতার কথা শোনা যায়। তবে এ অভিযোগের পক্ষে নিশ্চিত ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এই প্রতিবেদনের হাতে আসেনি।

সম্পদের বিস্তৃতি নিয়ে নানা তথ্য

সাইফুর রহমানের সম্পদের বিষয়ে অনুসন্ধানে ঢাকার মোহাম্মদপুর ও মিরপুরে দুটি বাড়ি, পূর্বাচলে প্লট এবং টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ির তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া বাজার রোড এলাকায় তিনতলা একটি মার্কেটের তথ্যও পাওয়া গেছে। ওই সম্পদ তাঁর ভাইয়ের বলে দাবি করেছেন সাইফুর রহমান—এমন তথ্যও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্যদিকে সালাউদ্দিন সেনানিবাস মোড় এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনের জায়গায় ‘সোনারতরী পার্ক’ এবং এর কাছাকাছি প্রায় এক কোটি টাকা মূল্যের জমিতে ‘কাঠবাদাম’ নামে একটি রেস্টুরেন্টের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে তাঁর একটি ফ্ল্যাট রয়েছে এবং সেখানে তাঁর মেয়ে বসবাস করছেন বলে একটি সূত্র দাবি করেছে। এসব সম্পদের মালিকানা, ক্রয়মূল্য ও অর্থের উৎস যাচাইয়ের কাজ চলছে।

শতকোটি টাকার সম্পদের দাবি, অনুসন্ধান অব্যাহত

প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, সাইফুর রহমানের নামে, পরিবারের সদস্যদের নামে কিংবা তাঁর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করা সম্পদের মোট মূল্য শতকোটি টাকার কাছাকাছি বা তারও বেশি হতে পারে বলে অভিযোগ উঠেছে। তবে সম্পদের প্রকৃত পরিমাণ, মালিকানা এবং বৈধ-অবৈধ উৎস নির্ধারণের জন্য সরকারি নথি, সম্পদ বিবরণী ও সংশ্লিষ্ট আর্থিক তথ্য যাচাই প্রয়োজন।

এ কারণে সম্পদের বিষয়ে পাওয়া তথ্যকে আপাতত অভিযোগ ও অনুসন্ধানাধীন তথ্য হিসেবেই দেখা হচ্ছে। পরবর্তী ধাপে সম্পদের দলিল, মালিকানা, ক্রয়মূল্য এবং আয়ের উৎস যাচাই করে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা থাকবে।

বক্তব্য জানতে গিয়ে ‘ম্যানেজ’ করার প্রস্তাবের অভিযোগ

অভিযোগগুলোর বিষয়ে সাইফুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। সরাসরি বক্তব্য দেওয়ার পরিবর্তে তাঁর একজন প্রতিনিধির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ না করার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

একই সঙ্গে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে সাইফুর রহমানের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট নথি সংগ্রহের অনুসন্ধান অব্যাহত রয়েছে। সাইফুর রহমানের সম্পদ, ঠিকাদারি কার্যক্রম এবং সংশ্লিষ্ট অভিযোগের আরও তথ্য পরবর্তী পর্বে তুলে ধরা হবে।




নদীতে চলে না স্পিডবোট, তবু মাসে ৫০ হাজার টাকার জ্বালানি বিল! বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে দীর্ঘদিন ধরে পড়ে আছে সরকারি অর্থে কেনা একটি স্পিডবোট। ২০২৫ সালে সরকারি বরাদ্দে পাওয়া এই নৌযানটি নিয়মিত চলাচলে না থাকলেও এর জ্বালানি বাবদ প্রতি মাসে ৫০ হাজার টাকা করে উত্তোলনের অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসার পুতুল চন্দ্র রায়ের বিরুদ্ধে।

চিলমারী নৌ-ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, স্পিডবোটটি দড়ি দিয়ে ঘাটে বাঁধা অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ব্যবহারের অভাবে এর গায়ে ময়লা, আবর্জনা ও কচুরিপানা জমেছে। নৌযানটির নিয়মিত রক্ষণাবেক্ষণ কিংবা পরিচর্যার দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। স্থানীয় কয়েকজনের দাবি, সরকারি কাজে নিয়মিত ব্যবহারের পরিবর্তে স্পিডবোটটি কখনো কখনো ভাড়ায়ও চালানো হয়।

অভিযোগকারীদের ভাষ্য, স্পিডবোটটির নিয়মিত চলাচল না থাকলেও প্রতি মাসে জ্বালানি বা তেল খরচের নামে প্রায় ৫০ হাজার টাকা উত্তোলন করা হচ্ছে। এ অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

স্পিডবোটটির নিরাপত্তা ও দেখভালের জন্য পিয়ন, টার্মিনাল গার্ডসহ রবিন, সাবিরুল, হাফিজুর এবং আরও একজন কর্মচারীকে দায়িত্ব দেওয়ার কথা জানা গেছে। অভিযোগ রয়েছে, এসব কর্মচারীর বেতন বাবদ সরকারকে মাসে প্রায় ৮০ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। অথচ তাদের তত্ত্বাবধানে থাকা সরকারি নৌযানটি কার্যকরভাবে পরিচালিত না হওয়ায় রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের বিপরীতে কোনো দৃশ্যমান সেবা বা রাজস্ব পাওয়া যাচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, স্পিডবোটটি সচল ও নিয়মিত ব্যবহারের পরিবর্তে ঘাটে ফেলে রাখা হয়েছে। একই সঙ্গে জ্বালানি খরচ দেখিয়ে অর্থ উত্তোলনের বিষয়টি তদন্তের দাবি রাখে। তাদের আরও অভিযোগ, প্রকৃত ব্যবহার না থাকলেও কাগজপত্র বা ভাউচারের মাধ্যমে জ্বালানি ব্যয়ের হিসাব দেখিয়ে সরকারি অর্থ নেওয়া হয়ে থাকতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসার পুতুল চন্দ্র রায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমার চেয়ারম্যানকে গিয়ে বলেন।”

সরকারি সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় অর্থে কেনা কোনো নৌযান দীর্ঘদিন অব্যবহৃত রেখে দেওয়া হলে একদিকে যেমন সম্পদের মূল্য ও কার্যকারিতা কমে, অন্যদিকে রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বাবদ অতিরিক্ত সরকারি ব্যয়ের প্রশ্নও তৈরি হয়। এর সঙ্গে নিয়মিত জ্বালানি ব্যয়ের হিসাব থাকলে তা যাচাই করা জরুরি।

এলাকাবাসী ও নৌ-শ্রমিকদের দাবি, স্পিডবোটটির প্রকৃত ব্যবহার, জ্বালানি ব্যয়, কর্মচারীদের দায়িত্ব এবং সংশ্লিষ্ট বিল-ভাউচার যাচাই করে বিষয়টির সুষ্ঠু তদন্ত করা হোক। একই সঙ্গে সরকারি অর্থে কেনা নৌযানটি জনস্বার্থে কার্যকরভাবে ব্যবহারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।