নামে-বেনামে বিপুল সম্পদ, অসম্পূর্ণ কাজেও বিল: প্রশ্নের মুখে ইইডির হাসান শওকত

বিশেষ প্রতিবেদকঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকতকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণ, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং নামে-বেনামে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। ইইডির বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে তিনি একের পর এক সুবিধাজনক পদায়ন নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে হাসান শওকত নিজের রাজনৈতিক পরিচয়ও বদলেছেন। একসময় আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত থাকলেও পরবর্তী সময়ে নিজেকে জামায়াত-শিবিরের অনুসারী হিসেবে উপস্থাপন করেন। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর ইইডির ঢাকা মেট্রো অঞ্চলে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদে দায়িত্ব পান। বর্তমানে বিএনপির অনুসারী পরিচয়ে প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন বলেও সংশ্লিষ্টদের অভিযোগ।

এদিকে প্রায় চার বছর আগের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হাসান শওকতকে তার দপ্তরে কয়েকজন ঠিকাদারের সামনে বসে থাকতে দেখা যায়। টেবিলের ওপর বেশ কিছু টাকার বান্ডিলও দৃশ্যমান। অভিযোগ উঠেছে, ওই অর্থ ঘুষের টাকা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্তে উদ্যোগ নেয়।

অভিযোগগুলোর বিষয়ে তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কেরামত আলীকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (উন্নয়ন-৩)।

অসম্পূর্ণ কাজেও বিল পরিশোধের অভিযোগ

হাসান শওকতের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি ২০১৯ সালে রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ১০তলা একাডেমিক ভবন নির্মাণকে ঘিরে।

সংশ্লিষ্ট নথি ও সূত্রের দাবি, তৎকালীন নির্বাহী প্রকৌশলী হিসেবে হাসান শওকতের দায়িত্বকালে ভবনটির নির্মাণকাজের কার্যাদেশ পায় বিল্ডার্স-সিডব্লিউবিডি জেভি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সঙ্গে তৎকালীন ছাত্রলীগ নেতা লিয়াকত শিকদারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের জুনে নবম ও দশম তলার ছাদসহ কয়েকটি কাজ সম্পন্ন দেখিয়ে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা বিল পরিশোধ করা হয়। কিন্তু সরেজমিনে ভবনটি আটতলা পর্যন্ত নির্মিত থাকার তথ্য পাওয়া যায় এবং নবম ও দশম তলার কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। অসম্পূর্ণ কাজের বিপরীতে কীভাবে ওই অর্থ ছাড় করা হলো, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে ওই বিল পরিশোধের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, সেটিও তদন্তের বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তিন বছরের কাজও শেষ হয়নি

মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে বিদ্যুতের লোড বৃদ্ধি, মেরামত ও সংস্কারের জন্য প্রায় ১১ লাখ ৬৮ হাজার টাকার একটি কার্যাদেশ মেসার্স মেড-ইন বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয় বলে সূত্র জানিয়েছে। প্রতিষ্ঠানটির মালিকানা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।

সূত্রের দাবি, ২০২২ সালে কার্যাদেশ দেওয়ার পর ২০২৩ সালে হাসান শওকতের স্বাক্ষরে প্রায় ৮ লাখ টাকা বিল পরিশোধ করা হয়। অথচ তিন মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন হয়নি। পরবর্তীতে ২০২৫ সালে অবশিষ্ট প্রায় ৩ লাখ ৬৮ হাজার টাকা উত্তোলনের অভিযোগও উঠেছে।

কাজ শুরুর আগেই বিলের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ উচ্চবিদ্যালয়ে ছয়তলা ভবন নির্মাণের জন্য ২০২২-২৩ অর্থবছরে মেসার্স এমএসবি-এমসিবিএল জেভিকে কার্যাদেশ দেওয়া হয়। সংশ্লিষ্টদের অভিযোগ, কাজ শুরু হওয়ার আগেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে হাসান শওকতের স্বাক্ষরে ১০ লাখ টাকা বিল দেওয়া হয়।

এ ছাড়া ঢাকার কোতোয়ালি এলাকার আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজে কাজ না করেই প্রায় ১৯ লাখ টাকা বিল উত্তোলনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগকারীদের ভাষ্য, ইইডির বিভিন্ন প্রকল্পে ঠিকাদার নির্বাচন, টেন্ডার প্রক্রিয়া এবং বিল পরিশোধের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন হাসান শওকত। পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি কাজের অগ্রগতি যথাযথভাবে যাচাই না করেই বিল ছাড়ের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।

রাজনৈতিক পরিচয় বদলের অভিযোগ

ইইডির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে হাসান শওকত নিজেকে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করে দপ্তরে প্রভাব বিস্তার করেন। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকা মেট্রো সার্কেলে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন তিনি।

সূত্রগুলোর আরও দাবি, ছাত্রজীবনে তার ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা ছিল। তবে চাকরিজীবনে আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে নিজের অবস্থান শক্ত করেন। ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলে নিজের পরিচয়ও পরিবর্তন করে নতুন প্রশাসনিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

ইইডির সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, বর্তমানে তিনি আগের মতোই ঠিকাদারি কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ঠিকাদার এখনো বিভিন্ন প্রকল্পের কাজ ও টেন্ডার প্রক্রিয়ায় সক্রিয় রয়েছেন এবং তাদের পেছনে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।

এ ছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনের সময় একটি রাজনৈতিক দলের নির্বাচনী তহবিলে হাসান শওকত অর্থ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এ দাবির স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বক্তব্য হিসেবে এসেছে।

সম্পদের হিসাব নিয়েও প্রশ্ন

হাসান শওকতের বিরুদ্ধে শুধু দাপ্তরিক অনিয়ম নয়, চাকরিজীবনের আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। বিভিন্ন নথি ও সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, তার নিজের পাশাপাশি স্ত্রী ও আত্মীয়স্বজনের নামে বিভিন্ন এলাকায় জমি, বাড়ি, ফ্ল্যাট ও অন্যান্য সম্পদ থাকার দাবি করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার স্ত্রীর নামে খুলনার ডুমুরিয়া উপজেলার বিলপাবলা-৫৭ মৌজায় ৪১২২ খতিয়ানে ১২.৫০ শতাংশ জমি, দিঘলিয়ার বয়রা-১০ মৌজায় ৩৭১৭ খতিয়ানে ১১.৭২ শতাংশ, মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-৬৬ মৌজায় ৫০৬২ খতিয়ানে ১৩.৮৫ শতাংশ এবং একই মৌজায় ৯৯৪২ খতিয়ানে ৮ শতাংশ জমি রয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া মাগুরা সদর উপজেলার মাগুরা-৬৯ মৌজায় ৮০০২ খতিয়ানে ১৯ শতাংশ জমি এবং মেহেরপুর সদর উপজেলার একই এলাকায় ১৪০৪৫ খতিয়ানে ৬৫ শতাংশ ও ১৫৪২৯ খতিয়ানে ৪০.৩৭ শতাংশ জমির তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। সব মিলিয়ে ১৮৪.৩৩ শতাংশ জমির মালিকানার তথ্য সামনে এসেছে।

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন বরুয়া-১ মৌজায় জমির ওপর বিলাসবহুল বাড়ি এবং দক্ষিণখান এলাকায় হাসান শওকত ও তার স্ত্রীর নামে ১০তলা ভবন থাকার কথাও বলা হয়েছে। পাশাপাশি আত্মীয়স্বজন ও শ্বশুরবাড়ির সদস্যদের নামে জমি, প্লট ও ফ্ল্যাট থাকার অভিযোগ রয়েছে।

তবে এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য, অর্থের উৎস এবং হাসান শওকতের বৈধ আয়ের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না—তা সংশ্লিষ্ট নথি যাচাই ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

বক্তব্য মেলেনি

হাসান শওকতের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে যুক্ত করা হবে।




বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত গতকাল মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের (মোটাক) উপমন্ত্রী চিউ চুন মানের সঙ্গে বৈঠক করেছেন। এসময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা সৃষ্টির পাশাপাশি পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ উন্মোচনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সাফল্যের মডেল বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় ওঠে আসে।

এছাড়া হসপিটালিটি বা আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়েও দুই পক্ষ আলোচনা করে। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণ এবং যোগ্য বাংলাদেশী কর্মীদের নিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করার ওপর গুরুত্বারোপ করে। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব চুয়া চুন হোয়া, ট্যুরিজম মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাদিলাহ কু আজমি, মোটাক ও ট্যুরিজম মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা এবং বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ।




একনেক সভায় ১০ হাজার কোটি টাকার ১১ প্রকল্প উত্থাপন

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনে আজ সকালে এ সভা শুরু হয়। এটি চলতি ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় সভা। এটি বিএনপি সরকারের সপ্তম একনেক। বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন পরিকল্পনা কমিশনের পাবলিক রিলেশনস অফিসার মো. জসিম উদ্দিন।

একনেকের এ সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়— পাঁচটি নতুন এবং বাকিগুলো সংশোধিত প্রকল্প। উত্থাপিত ১১টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নিয়েছেন।




ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানি বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এমন অভিযোগ তুলে দেশটির ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বা সাজানো নাটক বলে অভিহিত করেছে।

বুধবার (১৯ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে এমন উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন ও আর্থিক আদান-প্রদান স্থগিত রাখা হয়েছে। এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের একটি জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে পড়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে এই ঘটনাকে সাজানো অপারেশন হিসেবে অভিহিত করে তিনি বলেন, এই দাবি সুবেশকতার নীতির পরিপন্থী। একই সঙ্গে তিনি তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি তোলার বদলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষতিকর কর্মকাণ্ড খতিয়ে দেখার আহ্বান জানান।

মার্কিন-ইরানি শান্তি আলোচনার মেয়াদ শেষ হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। এর আগে মার্কিন নৌবাহিনীর অবরোধ এবং অর্থনৈতিক চাপের মুখে পড়া ইরানের জন্য আমিরাতের এই নিষেধাজ্ঞা দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার চেয়েও বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিত। দুবাই ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার হওয়ায় এই নিষেধাজ্ঞা তেহরানের আন্তর্জাতিক লেনদেন এবং বাণিজ্যে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা




দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া ডেস্কঃ দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি যুক্তরাষ্ট্র-ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। একইসঙ্গে দাবি করেছেন, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রয়েছে। তবে এর বিপরীত দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য, জাহাজ চলাচলের জন্য প্রণালিটি এখনো বন্ধ রয়েছে। খবর রয়টার্স।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় মাস ধরে সংঘাত চলছে। চুক্তির মাধ্যমে সংঘাত অবসানের সম্ভাবনা কমে আসায় গতকাল ফের জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সময়ে শেয়ারবাজারে দরপতন হয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ বড় অর্থনীতিগুলোর ঋণের সুদহার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দীর্ঘমেয়াদে এই সংকট মূল্যস্ফীতি ও সরকারি অর্থব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

সোমবার দেশ দুটির মধ্যে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়। এর পর ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কূটনৈতিক অচলাবস্থার কারণে ইরান এখন ‘পুরোপুরি আক্রমণাত্মক’ সামরিক অবস্থানে যাচ্ছে। তবে মঙ্গলবার কোনো পক্ষের নতুন হামলার খবর পাওয়া যায়নি।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না, এমনকি কোনো আলোচনাও নির্ধারিত নেই।’

তিনি আরো বলেন, ‘নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। হরমুজ প্রণালি খোলা ও সচল। সব নৌমাইন সরিয়ে ফেলা হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে।’

তবে এর এক দিন আগে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার ভিন্ন সুরে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো চলছে এবং আগের যেকোনো সময়ের তুলনায় তা ‘সম্ভবত আরো জোরালো’।

পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে ট্রাম্প দাবি করলেও বিভিন্ন দেশ জাহাজ চলাচলে বাধা সৃষ্টির নতুন ঘটনার কথা জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ৪ মে ফুজাইরাহ বন্দরে হামলার পর এটিই এ ধরনের প্রথম ঘটনা।

পরে মন্ত্রণালয় জানায়, তাদের মূল্যায়ন অনুযায়ী ক্ষেপণাস্ত্র দুটি ‘সমুদ্রপথে চলাচলকারী জাহাজ’ লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে দুটিই সমুদ্রে পড়ে যায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, আরব আমিরাতের অভিযোগ ‘ভিত্তিহীন’।

এদিকে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, লেনদেন ও আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে। আঞ্চলিক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে—এই কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইরানের সঙ্গে আরব আমিরাতের সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল মাত্র জুনের শেষ দিকে দুবাইয়ের জেবেল আলী বন্দর দিয়ে আবার শুরু হয়েছিল। যুদ্ধ শুরুর কয়েক দিন পর, মার্চের শুরুতেই ইউএই সরাসরি জাহাজ চলাচল বন্ধ করেছিল।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের গতকাল বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনো আগ্রহী। তবে আলোচনাকে আত্মসমর্পণের সঙ্গে গুলিয়ে দেখা উচিত নয়। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি তার বক্তব্য প্রকাশ করেছে।

মোখবের বলেন, সামরিক চাপ ও নিষেধাজ্ঞা ইরানের মনোবল ভাঙতে পারবে না। যুদ্ধ না চাইলেও নিজেদের নিরাপত্তা, মর্যাদা ও মিত্রদের রক্ষায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ।




ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের

ডেস্ক নিউজঃ রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নতুন নীতিমালার আওতায় পুরো ঢাকা শহরকে আটটি নির্দিষ্ট জোনে ভাগ করে এসব রিকশা পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। জোনভেদে রিকশায় আলাদা রং এবং প্রতিটি যানে কিউআর কোডসংবলিত ডিজিটাল নিবন্ধন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন ব্যবস্থায় এক জোনে অনুমোদিত রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। এতে নির্ধারিত এলাকার বাইরে রিকশার চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ যান সহজে শনাক্ত করা যাবে। একই সঙ্গে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর চাপ কমাতে ব্যাটারি চার্জের জন্য সৌরবিদ্যুৎনির্ভর চার্জিং স্টেশন চালুর পরিকল্পনাও রয়েছে।

দীর্ঘদিন ধরেই রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচল নিয়ে অভিযোগ রয়েছে। অনেক চালকের ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও বৈধ লাইসেন্স না থাকায় এসব যান দুর্ঘটনা ও যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে। পাশাপাশি বিভিন্ন অবৈধ গ্যারেজে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগও রয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুই সিটি করপোরেশন জোনভিত্তিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত রিকশা একেবারে বন্ধ না করে নিয়মের মধ্যে আনা হবে। আটটি জোনে ভাগ করা হলে কোনো এলাকায় নির্ধারিত ধারণক্ষমতার বেশি রিকশা চলাচল করতে পারবে না। একই সঙ্গে বাসাবাড়ি বা বাণিজ্যিক সংযোগের বিদ্যুৎ ব্যবহার করে রিকশা চার্জ দেওয়াও কঠোরভাবে বন্ধ করা হবে। এর পরিবর্তে সোলার চার্জিং স্টেশনের মাধ্যমে রিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ‘আমরা চালকদের জীবিকা ধ্বংস করতে চাই না। তবে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। প্রতিটি জোনের পৃথক রং ও কিউআর নিবন্ধনের ফলে অবৈধ ও বহিরাগত রিকশা সহজে শনাক্ত করা যাবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, দক্ষিণ সিটিতে এলাকাভিত্তিক জরিপ ও জোন নির্ধারণের কাজ শুরু হয়েছে। দুই সিটি করপোরেশন যৌথভাবে পুরো ঢাকা শহরকে আটটি জোনে ভাগ করার প্রক্রিয়া চূড়ান্ত করছে।

তিনি বলেন, প্রতিটি জোনের রিকশায় নির্দিষ্ট রং থাকবে। কোনো এলাকার রিকশা অন্য জোনে প্রবেশ করলে ডিজিটাল ট্র্যাকিং ও ট্রাফিক পুলিশের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।

আবদুস সালাম আরও বলেন, নিবন্ধন প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল করা হবে। প্রতিটি রিকশায় স্থায়ী কিউআর কোড থাকবে। সেটি স্ক্যান করলেই চালক ও মালিকের তথ্য পাওয়া যাবে। এতে রিকশা চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড কমানো সম্ভব হবে।

এ ছাড়া সোলার চার্জিং হাব স্থাপনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

নগর পরিকল্পনাবিদরা সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও এর বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন। তাদের মতে, ব্যাটারিচালিত রিকশা মূল সড়কের পরিবর্তে ভেতরের সড়কে সীমাবদ্ধ রাখা এবং জোনের সীমানায় নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পর্যাপ্ত সোলার চার্জিং স্টেশন দ্রুত স্থাপন করতে হবে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, জরুরি ভিত্তিতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলাচলের জন্য নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের মাধ্যমে এসব যান নিবন্ধন এবং নামমাত্র ফিতে চালকদের লাইসেন্স দেওয়া হলে সরকার বছরে বিপুল রাজস্ব আয় করতে পারে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলাও ফিরবে।




নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দগ্ধ হয়ে নয়, কলকাতার হোটেলে শ্বাসরোধ হয়ে মারা যান ৯ বাংলাদেশী

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, নিহত সবাই বাংলাদেশের নাগরিক। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আগুনে দগ্ধ হয়ে নয়, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে স্থানীয় একাধিক গণমাধ্যমে।

মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে নিউ মার্কেট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন নামের হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। পরে ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই পাঁচতলা ভবনে একাধিক হোটেল ও গেস্ট হাউজ রয়েছে। আগুনের সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ২টা ৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলটি পশ্চিমবঙ্গে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কাছেই হওয়ায় দ্রুত সেখানে পৌঁছান দমকলকর্মীরা। পরে নিউ মার্কেট থানার পুলিশ ও দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন।

তবে ভবনটি সরু গলির মধ্যে হওয়ায় গাড়ি খুব বেশি ভেতরে ঢুকতে পারেনি। প্রথমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে দমকলকর্মীরা ভবনের ভেতরে ঢুকে অতিথিদের উদ্ধারে অভিযান চালান। ধোঁয়ায় সিঁড়িঘর ঢেকে যাওয়ায় উদ্ধারকাজে তাদেরও সমস্যায় পড়তে হয়।

পুলিশের দাবি, ভবনটির বিভিন্ন হোটেল থেকে ৬৫ জনের মতো অতিথিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তৃতীয় তলার হোটেল থেকে ১৫ জনকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা নয়জনকে মৃত ঘোষণা করেন। আরো ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের শরীরে গুরুতর দগ্ধ বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ঘন ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আগুন লাগার পর হোটেলের লিফট বন্ধ হয়ে যায়। ফলে অতিথিদের সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করতে হয়। কিন্তু সিঁড়ি ও প্রবেশপথ সংকীর্ণ হওয়ায় অনেকেই আটকা পড়েন। ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেল কক্ষের ভেতরেই অচেতন হয়ে পড়েন।

অতিথিদের অভিযোগ, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভবনটিতে জরুরি বহির্গমন পথ বা পর্যাপ্ত বিকল্প বের হওয়ার ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ করেছেন তারা। ধোঁয়ায় পথ দেখা না যাওয়ায় অনেকে কীভাবে বাইরে বের হবেন, তা বুঝতে পারেননি। কেউ কেউ বাথরুমে ঢুকে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।

হোটেলের এক অতিথি ইজাজ আহমেদ জানান, তিনি ও তার এক বন্ধু মঙ্গলবার রাতেই রামপুরহাট থেকে সেখানে উঠেছিলেন। রাত সাড়ে ১২টার দিকে খাওয়াদাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ২টার দিকে দুই নারীর চিৎকারে তাদের ঘুম ভাঙে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরে ধোঁয়া ঢুকে পড়ে। তার ভাষ্য অনুযায়ী, ঘর থেকে বের হওয়ার বারান্দাটিও ছিল খুব সরু এবং ধোঁয়ায় সেটি ঢেকে গিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জা গালিব স্ট্রিটের হোটেলগুলোয় সাধারণত চিকিৎসার জন্য কলকাতায় আসা ভিনরাজ্য ও বিদেশী নাগরিকরা থাকেন। নিহতদের মধ্যে বাংলাদেশিরা কীভাবে ওই হোটেলে উঠেছিলেন, তাদের পরিচয় ও স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

অগ্নিকাণ্ডের কারণ নিয়েও তদন্ত শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ জানতে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করবেন। হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় ছাড়পত্র এবং ভবন ব্যবহারের অনুমোদন ছিল কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় আসছে।

বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি। স্থানীয়দের একাংশের দাবি, ভবনটি মূলত আবাসিক ব্যবহারের জন্য তৈরি হলেও পরে সেখানে একাধিক হোটেল ও গেস্ট হাউস চালু করা হয়। এতে ভবনটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বিজেপি নেতা সন্তোষ পাঠকও অভিযোগ করেছেন, ভবনটি বিধি মেনে ব্যবহার করা হচ্ছিল না। তার দাবি, মূলত আবাসিক ভবনটিকে বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়েছে এবং অতিরিক্ত কক্ষ তৈরির জন্য ভবনের কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি।

ঘটনার পর হোটেল ও আশপাশের এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের একটি হোটেলে আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ছিলেন। তারও আগে গত বছরে এপ্রিল মাসে কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছিল।




রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।

মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুলের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যতই ব্যস্ত থাকি না কেন, সব সময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নে পাশে থাকবো।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এসময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হন এবং রাষ্ট্রপতি হিসেবে তাকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। এসময় তিনি প্রত্যেকের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহ-সভাপতি স্টার টিভির মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক বাসসের জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, প্রচার সম্পাদক জিটিভির সাজ্জাদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর’র মোছা. শিউলী বেগম নাহিদ, কার্যনির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম ও নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ ও বাসসের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ।




অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় তিরুকোণামালি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা এক বিরল অস্ত্রোপচারের মাধ্যমে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মূত্রথলি থেকে বিশাল আকারের একটি পাথর অপসারণ করেছেন। ৩.১ কেজি (প্রায় ৬.৮ পাউন্ড) ওজনের এই পাথরটি একজন নবজাতক শিশুর সমান ভারী এবং একটি উটপাখির ডিমের সমান বড়। চিকিৎসকদের দাবি, এখন পর্যন্ত চিকিৎসার ইতিহাসে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা বিশ্বের সবচেয়ে বড় মূত্রথলির পাথর এটি।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া প্রধান সার্জন ড. প্রহলাহন বালকৃষ্ণন জানান, সম্প্রতি উক্ত রোগী স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মূত্রত্যাগে মারাত্মক কষ্ট পাচ্ছেন বলে জানালে চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা চালান। পরীক্ষার পরই চিকিৎসকরা নিশ্চিত হন যে, রোগীর মূত্রথলিতে বিশাল আকারের কঠিন পাথর জমা হয়ে আছে। পরবর্তীতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পাথরটি বের করে আনা হয়। সার্জনদের ধারণা, এই দৈত্যাকৃতির পাথরটি একদিনে তৈরি হয়নি; প্রায় ৫ থেকে ১০ বছর ধরে ধীরে ধীরে এটি রোগীর শরীরের ভেতরে দানা বেঁধেছিল।

চিকিৎসকদের তথ্য মতে, যখন মূত্রথলি থেকে পুরোপুরি প্রস্রাব খালি হয় না, তখন মূত্রে থাকা খনিজ পদার্থগুলো জমাট বেঁধে ধীরে ধীরে স্ফটিক বা ক্রিস্টালে রূপ নেয়। সময়ের সাথে সাথে এই কঠিন স্ফটিকগুলো পুঞ্জীভূত হয়ে বড় পাথরে পরিণত হয়। বালির দানার মতো ছোট আকারের পাথরগুলো সাধারণত প্রস্রাবের সাথে একা একাই বেরিয়ে যায়। তবে পাথরের আকার ১ সেন্টিমিটারের চেয়ে বড় হলে তা মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং চিকিৎসায় অপারেশনের প্রয়োজন পড়ে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ৪ সেন্টিমিটারের চেয়ে বড় পাথরকে দানবীয় পাথর হিসেবে গণ্য করা হয়। সে হিসেবে ১৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই বিশাল পাথরটি চিকিৎসা জগতের সব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।

এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ মূত্রথলির পাথর অপসারণের রেকর্ডটি ছিল ২০০৩ সালে ব্রাজিলের এক রোগীর। সেই পাথরটির ওজন ছিল ১.৯ কেজি এবং দৈর্ঘ্য ছিল ১৭.৯ সেন্টিমিটার। কিন্তু শ্রীলঙ্কায় পাওয়া ৩.১ কেজি ওজনের পাথরটি ওজনের দিক থেকে পূর্বের সেই বিশ্বরেকর্ডকে অনেক ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে। বিশাল এই জটিল অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে আশঙ্কামুক্ত ও যথেষ্ট সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে স্ট্রোকসহ অন্যান্য শারীরিক জটিলতার জন্য তাকে এখনও হাসপাতালে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।