প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল বিশ্বকাপের সেমিফাইনালে

ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়েছে চার পরাশক্তি। ১৯৯৪ সালে ফিফা র‌্যাঙ্কিং চালুর পর এই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে।

সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডও শেষ চারের টিকিট কেটে নেয়।

গত ১১ জুন প্রকাশিত ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চার দলের অবস্থান হলো— স্পেন এক নম্বরে, আর্জেন্টিনা দুই নম্বরে, ফ্রান্স তিন নম্বরে এবং ইংল্যান্ড চার নম্বরে।

এবারের বিশ্বকাপে ফিফার নতুন ড্র পদ্ধতিও এই অনন্য কীর্তিতে ভূমিকা রেখেছে। টুর্নামেন্টের ড্রয়ের সময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে চারটি আলাদা কোয়াড্রান্টে রাখা হয়েছিল, যাতে সেমিফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি না হয়।

তবে সেই সুবিধা কাজে লাগাতে প্রতিটি দলকেই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে হয়েছে এবং চার দলই সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে।

নতুন এই বিন্যাসের ফলে স্পেন ও আর্জেন্টিনা ফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সও নকআউট পর্বের ভিন্ন অংশে থাকায় তাদের সম্ভাব্য লড়াই নির্ধারিত ছিল সেমিফাইনালে।

এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। অন্য সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।




শেষবার নকআউটে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে ছিল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে আগামী ১৬ জুলাই আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২০০২ সালের পর বিশ্বকাপে আবার দেখা হলেও নকআউট পর্বে দুই দলের লড়াই ফিরছে প্রায় চার দশক পর। ফলে ম্যাচের আগে নতুন করে আলোচনায় উঠে এসেছে ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল, যেখানে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত মুহূর্ত হয়ে আছে।

বিশ্বকাপে সবশেষ ২০০২ সালের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় ইংলিশরা। এরপর কেটে গেছে ২৪ বছর, বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি দুই দল।

অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আগামী ১৬ জুলাই আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি। তবে নকআউট পর্বে সর্বশেষ তাদের দেখা হয়েছিল ১৯৮৬ সালের বিশ্বকাপে, যেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

বিশ্লেষকদের মতে, ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই কোয়ার্টার ফাইনাল কেবল একটি ফুটবল ম্যাচ ছিল না; এর সঙ্গে জড়িয়ে ছিল ইতিহাস, রাজনীতি ও দুই দেশের আবেগ। এর মাত্র চার বছর আগে, ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী যুদ্ধের রেশ তখনও কাটেনি। ফলে মাঠের লড়াইও দুই দেশের মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করেছিল।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে ফুটবল ইতিহাসের দুটি সবচেয়ে স্মরণীয় গোল উপহার দেন আর্জেন্টিনার অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা।

ম্যাচের ৫১তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার স্টিভ হজের ক্লিয়ার করা বলের দিকে একসঙ্গে লাফিয়ে ওঠেন ম্যারাডোনা ও গোলরক্ষক পিটার শিলটন। উচ্চতায় পিছিয়ে থাকলেও ম্যারাডোনা বাম হাত দিয়ে বল জালে পাঠান। তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের ঘটনাটি দেখতে না পাওয়ায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়।

ম্যাচ শেষে ম্যারাডোনা রসিকতা করে বলেছিলেন, ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে গোলটি হয়েছে।’ এরপর থেকেই গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে।

একই ম্যাচে ম্যারাডোনা আরও একটি অসাধারণ গোল করেন, যা পরে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা এবং পরে সেই আসরের শিরোপাও জিতে নেয় আলবিসেলেস্তারা।

এবার প্রায় ৪০ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তাই সেমিফাইনালের আগে স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনায় এসেছে ম্যারাডোনার সেই বিতর্কিত অথচ কিংবদন্তিতুল্য ‘হ্যান্ড অব গড’ গোল।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে দুই দলের পাঁচ দেখায় ফলাফলের বিচারে এগিয়ে ইংল্যান্ড। তবে নকআউট পর্বের সবচেয়ে আলোচিত দুই লড়াই—১৯৮৬ ও ১৯৯৮—দুটিতেই শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা।




মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ

বিনোদন ডেস্ক : দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয় করেছেন সামানজার সাঈদ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার টিকিট পেলেন তিনি।

‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) পরিচালিত এবারের আসরে বিচারকদের চূড়ান্ত রায়ে সেরা সুন্দরীর মুকুট ওঠে সামানজার সাঈদের মাথায়।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর।

আয়োজকরা জানান, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বুদ্ধিমত্তা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার নিরিখেই সেরাদের নির্বাচন করা হয়েছে।

এবারের আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম।

দেশের প্রতিষ্ঠিত এই ব্যক্তিত্বদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়েই চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়।

মুকুট জয়ের পরপরই বিশ্বমঞ্চের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সামানজার সাঈদ।

আগামী কয়েক সপ্তাহ তিনি আন্তর্জাতিক উপস্থাপনা, ব্যক্তিত্বের বিকাশ এবং প্রতিযোগিতার মূল অংশ ‘বিউটি উইথ আ পারপাস’-এর আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হতে যাচ্ছে ৭৫তম মিস ওয়ার্ল্ডের মূল আসর।

বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের হয়ে সেখানে লড়বেন সামানজার। বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।




কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছাতা মাথায় রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি গার্মেন্টস কর্মী ছিলেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানিয়েছেন, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সে সময়ে রাকিব মাথায় ছাতা দিয়ে অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। মাথায় ছাতা থাকার কারণে সম্ভবত তিনি ট্রেনের হর্ন বা শব্দ শুনতে পাননি। সে সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে পথচারী ওই আরও বলেন, মৃত রাকিব অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন, ঢাকায় এসে গতকাল থেকে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি শুরু করেন। আজ ছিল তার চাকরির দ্বিতীয় দিন সকালে কর্মস্থল গাজীপুরের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। মৃত রাকিব ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের প্রাইভেটকার চালক মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি কুড়াতলী এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিন ভাইয়ের মধ্যে সে ছিল বড়।




টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটি মারা যায়। এর আগে শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয় প্রাণীটি।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য মা হাতিটি চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, আহত হাতিটির বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী বন বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হাতিটির চিকিৎসা কার্যক্রম শুরু করে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন মুখপাত্র।



জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

ডেস্ক নিউজঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে তার মাগফিরাত কামনা করছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।’

তারেক রহমান বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়েই কখনো কোনো পরিস্থিতিতেই তিনি আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়ন, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে দলীয় জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষ করে বিগত দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি সাহসিকতা, প্রজ্ঞা ও দৃঢ় প্রত্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান বিএনপির ইতিহাসে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, তেমনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রারও এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল। তার আদর্শ, প্রজ্ঞা, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

তারেক রহমান আরও বলেন, ‘আমি মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের গফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’




করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের করাচিতে অবস্থিত কুলসুম বাই ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া আরও দুই শিশুর শরীরে এইচআইভি বা এইডস শনাক্ত হয়েছে। এর ফলে হাসপাতালটির সঙ্গে সংশ্লিষ্ট এইচআইভি আক্রান্ত শিশুর মোট সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে।

গতকাল শনিবার (১১ জুলাই) এ তথ্য প্রকাশ্যে আসে বলে জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া শিশুদের একজন করাচির মেট্রোভিল এলাকার তিন বছর বয়সী। বুকের সংক্রমণের চিকিৎসার জন্য তাকে সিন্ধ এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন (এসইএসএসআই) পরিচালিত ভ্যালিকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় তার শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে।

শিশুটির বাবা জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়নি; বরং অবনতি হতে থাকে। চিকিৎসকদের পরামর্শে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পর এইচআইভি সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়।

এর আগে সিন্ধ প্রদেশের শ্রমমন্ত্রী সাঈদ ঘানি জানিয়েছিলেন, ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া অন্তত ৭৮ শিশুর শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তিনি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে, চলতি মাসের শুরুতে সিন্ধ হাইকোর্ট প্রাদেশিক সরকারকে দুই সপ্তাহের মধ্যে হাসপাতালটিতে শিশুদের এইচআইভি সংক্রমণের ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। একটি আবেদনের শুনানিতে এ নির্দেশ দেওয়া হয়। ওই আবেদনে অভিযোগ করা হয়, হাসপাতালের অবহেলার কারণে প্রায় ২০০ শিশু এইচআইভিতে আক্রান্ত হয়েছে।

আবেদনকারী পক্ষের দাবি, ২০২৫ সালে দূষিত সিরিঞ্জ পুনর্ব্যবহারের ফলে হাসপাতালে এইচআইভি সংক্রমণ ছড়িয়ে পড়ে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সিন্ধের শ্রমমন্ত্রীও বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করেছেন।

আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করতে সিন্ধ এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন (এসইএসএসআই) ২০০ কোটি পাকিস্তানি রুপি ব্যয়ে একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: জিও নিউজ




টরন্টোতে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার টরন্টো শহরে বন্দুকধারীর হামলায় দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

কানাডীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, টরন্টোর মিডটাউন এলাকায় লাতিন আমেরিকানদের বার্ষিক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ অভিযান ও তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

টরন্টো পুলিশের একজন মুখপাত্র এক্সে প্রকাশিত তথ্যের বাইরে অতিরিক্ত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে, হামলাকারীর পরিচয়, হামলার উদ্দেশ্য কিংবা এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না—এসব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

সূত্র: রয়টার্স




রাঙ্গামাটির বন্যাদুর্গতদের যত দিন প্রয়োজন তত দিন ত্রাণ দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, রাঙ্গামাটির বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দুর্গতদের যত দিন প্রয়োজন, তত দিন ত্রাণ ও খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন, সরকার তা করবে। 

শনিবার (১১ জুলাই) রাতে রাঙ্গামাটির কয়েকটি আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও খাবার যত দিন লাগে, তত দিন দেওয়া হবে। তিন মাস লাগলে তিন মাসই দেওয়া হবে। পাহাড়ধস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সরকার কাজ করবে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য টিন সরবরাহেরও পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে পুনর্বাসনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে কীভাবে এটি বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এম. ইকবাল হোসেইন বলেন, আমরা বর্তমান পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সময় নিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাহাড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন।

সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, তিনি প্রতিদিন দুর্গত এলাকাগুলো পরিদর্শন করছেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং ত্রাণ বিতরণ করছেন। যেসব এলাকায় এখনো ত্রাণ পৌঁছায়নি, সেখানে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে।

তিনি বলেন, ফারুয়া দুর্গম এলাকা হওয়ায় সেখানে ত্রাণ পৌঁছে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ করছেন। আমাদের পর্যাপ্ত ত্রাণ ও অর্থ রয়েছে। আশা করছি, সবাইকে নিয়ে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




কাফরুলে এক হাজার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল আব্বাস আলী ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কাফরুল থানার ১৬ নং ওয়ার্ড এর সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে আব্বাস আলী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ জাতীয়তাবাদী চিকিৎসক দলের সদস্য ডাঃ নিবিড়ের নেতৃত্বে একদল চিকিৎসক ১৬ নং ওয়ার্ডের উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসক দল সকাল ৯ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রায় ১০০০ এর মত রোগী দেখেন এবং ফ্রি ওষুধ বিতরণ করেন। সেই সাথে আব্বাস আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য পানি, বিস্কুট, শরবত, খাবার স্যালাইন দিয়ে সেবা করতে দেখা যায়।

সমাজের সাধারণ মানুষের মাঝে আব্বাস আলী ফাউন্ডেশনের এই মহতী কাজকে তারা ধন্যবাদ জানান এবং বিভিন্ন টিভি চ্যানেল ইউটিউব গণমাধ্যম কর্মীদের ভিডিও নিউজ কভার করতে দেখা যায়।

মানবিক এই কাজকে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গও সাধুবাদ জানাচ্ছে। আব্বাস আলী ফাউন্ডেশন এর সভাপতি রহমত এলাহী সোহাগের নেতৃত্বে আব্বাস আলী ফাউন্ডেশন এর সকল নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন। তারা আব্বাস আলী ফাউন্ডেশন এর আব্বাস আলী একজন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।