এমবাপ্পে-হালান্ড লড়াই আজ

ক্রীড়া ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জমে উঠেছে বিশ্বকাপ। গ্রুপ ‘আই’ থেকে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তাই আজকের ম্যাচে মূল লড়াই হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে অনুষ্ঠিত হবে। তবে ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে দুই কিলিয়ান এমবাপ্পে ও আলিং হালান্ডের কারণে। অনেকে ম্যাচটিকে দেখছেন এমবাপ্পে ও হালান্ডের লড়াই হিসেবে।




যুদ্ধ নয়, বিশ্বকাপেই কি আবার মুখোমুখি হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক : চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ পর্যায়ে। আর এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সম্ভাবনাগুলোর একটি হচ্ছে ফুটবলের মাঠে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া। তবে সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে আজ ভাগ্য নির্ধারণী ম্যাচে কঠিন পরীক্ষায় নামতে হবে ইরানকে।

স্বাগতিক যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে রয়েছে। শেষ ম্যাচে তুরস্কের কাছে ৩-২ গোলে হারলেও গ্রুপ সেরা হওয়ার পথে কোনো বাধা আসেনি।

এদিকে গ্রুপ জিতে নেই ইরানের ভাগ্য। প্রথম দুই ম্যাচে বেলজিয়াম ও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিশর। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম এবং ১ পয়েন্ট নিয়ে শেষ স্থানে নিউজিল্যান্ড।

আজ মিশরের বিপক্ষে জয় পেলেই ইরান সরাসরি নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে। পাশাপাশি বেলজিয়াম যদি নিউজিল্যান্ডকে হারাতে না পারে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও থাকবে তাদের।

ম্যাচ ড্র হলে ইরানকে তাকিয়ে থাকতে হবে বেলজিয়াম ও নিউজিল্যান্ড ম্যাচের দিকে। বেলজিয়াম পয়েন্ট হারালে রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে যেতে পারে ইরান।

অন্যদিকে হেরে গেলে কিংবা ড্রয়ের পর বেলজিয়াম জিতে গেলে ইরান তৃতীয় স্থানে নেমে যাবে। তখন নতুন ৪৮ দলের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় জায়গা করে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

নকআউটের সম্ভাব্য সূচি অনুযায়ী, ইরান যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে টুর্নামেন্টের পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত এক লড়াইয়ের সম্ভাবনা তৈরি হবে। আর রানার্সআপ বা সেরা তৃতীয় দল হিসেবে উঠলে দুই দলকে সেই সম্ভাব্য সাক্ষাতের আগে নিজ নিজ নকআউট ম্যাচে জয় পেতে হবে।

২০২২ কাতার বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মুখোমুখি হওয়ার সমীকরণ তাই এখন নির্ভর করছে আজ রাতের ম্যাচের ফলের ওপর।




জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া

বিনোদন ডেস্ক : পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই এক নতুন চরিত্র, ভিন্ন গল্প আর অভিনয়ের নিপুণ জাদু। ঢালিউড থেকে টলিউড, এমনকি বলিউড সবখানেই নিজের অভিনয়শক্তির দ্যুতি ছড়াচ্ছেন এই গুণী অভিনেত্রী। এবার তার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৬ জুন) ট্রেলারটি সামাজিক মাধ্যমে নিজেও শেয়ার করেছেন জয়া। সঙ্গে জীবনের জটিল সমীকরণ নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টে জয়া আহসান লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। 

সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।

২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার এক মর্মস্পর্শী গল্প। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে এর পরবর্তী অধ্যায়। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।’

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনের পাশাপাশি এবার নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।

প্রথম কিস্তির মতো এই নতুন অধ্যায়টিও দর্শকদের হৃদয়ে কতটা নাড়া দিতে পারে, তা জানার জন্য আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।




ফিফা বিশ্বকাপ-২০২৬ এ এবার আরও বড় চমক চায় কুরাসাও

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময়গুলোর একটি উপহার দিয়েছে কুরাসাও। এবার তাদের লক্ষ্য আরও বড়, আইভরি কোস্টকে হারিয়ে শেষ বত্রিশের লড়াইয়ে টিকে থাকা।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক এলোয় রুম। একাই ১৫টি সেভ করে গড়েছেন বিশ্বকাপের নতুন রেকর্ড। অতিরিক্ত সময় ছাড়া কোনো বিশ্বকাপ ম্যাচে এর আগে কোনো গোলরক্ষক এত সেভ করতে পারেননি। তার অসাধারণ নৈপুণ্যে পাওয়া এক পয়েন্ট কুরাসাও শিবিরে আত্মবিশ্বাসের জোয়ার এনে দিয়েছে।

কুরাসাও কোচ ডিক অ্যাডভোকাট মনে করেন, ইকুয়েডরের বিপক্ষে পাওয়া ফল প্রমাণ করেছে তার দল যেকোনো প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলতে পারে। তিনি বলেন, ‘আমার মনে হয় ড্রই ছিল সঠিক ফল। যদিও তারা আমাদের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছিল। তবে এই ম্যাচ প্রমাণ করেছে, আমরা যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ হতে পারি।’

৭৮ বছর বয়সী এই ডাচ কোচের মতে, শুধু রক্ষণ সামলানো নয়, আক্রমণেও নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে তার দল। মজার ছলে অ্যাডভোকাট বলেন, ‘ম্যাচের আগে বলেছিলাম, সম্ভবত এটাই হবে প্রথম ম্যাচ যেখানে আমরা ফেবারিট। অবশ্যই আমি মজা করেছি।’

এরপর তিনি যোগ করেন, ‘এটি খুব কঠিন ম্যাচ হবে। আমরা তিনটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলছি। তবে কুরাসাওয়ের জন্য এমন প্রতিপক্ষের মুখোমুখি হওয়াটাও দারুণ ব্যাপার। ইকুয়েডরের বিপক্ষে আমরা দেখিয়েছি, আমরা শুধু রক্ষণ করি না, আক্রমণের সঠিক মুহূর্তও খুঁজে নিতে পারি। আগামী ম্যাচেও আমরা সেটাই করার চেষ্টা করব।’

ইকুয়েডরের বিপক্ষে দীর্ঘ সময় রক্ষণ সামলানোর পর খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে কোনো উদ্বেগ দেখছেন না অ্যাডভোকাট, ‘আমার মনে হয় ছেলেরা ভালো আছে। তারা ফিট আছে এবং ক্লান্তও নয়। অনুশীলনে আমি তাদের মধ্যে অনেক শক্তি দেখতে পাচ্ছি। আগামী ম্যাচে সেই শক্তির প্রয়োজন হবে।’

অন্যদিকে কুরাসাও-জন্ম নেওয়া ফরোয়ার্ড তাহিথ চংও দলটির ঐক্যের বার্তা দিয়েছেন। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে গড়া এই দলকে নিয়ে নানা আলোচনা থাকলেও সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি, ‘ব্যক্তিগতভাবে আমি বারবার এই বিষয়টির ব্যাখ্যা দিতে দিতে ক্লান্ত। আমি বাকি ২৫ জন খেলোয়াড়কে নিজের ভাই মনে করি। আমরা একটি দল হিসেবে, একটি পরিবার হিসেবে ভালো কিছু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের সবাইকে কুরাসাওয়ের খেলোয়াড় হিসেবেই দেখি। বাইরের মানুষ আমাদের কীভাবে দেখে, তা নিয়ে আমরা ভাবি না।’




গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের ৪ চুক্তি

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থিতিতে চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রধানদের সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এটি হয়।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।

এই সমঝোতা স্মারকগুলো দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শুক্রবার (২৬ জুন) রাতে প্রতিনিধি দলসহ দেশে ফিরবেন।




জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবিকতায় মুগ্ধ সায়েম পরিবার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সাভার হেমায়েতপুরে অবস্থিত জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মানবিকতা এবং আন্তরিক ভালোবাসায় মুগ্ধ হয়েছে সায়েম ইসলাম নাবিলের পরিবার।

গত ২৪ জুন ২০২৬ তারিখে হঠাৎ বিদ্যালয়ের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয় শিক্ষার্থী সায়েম ইসলাম নাবিল। দুর্ঘটনায় তার হাতের দুটি হাড় ভেঙে যায়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

সায়েমের দুর্ঘটনার খবর জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা তার খোঁজখবর নিতে পরিবারের বাসায় যান। তাদের এই আন্তরিকতা, সহমর্মিতা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়ে সায়েমের পরিবার।

সায়েমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “আমরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যে ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা আমাদের মুগ্ধ করেছে। সবার এই দোয়া ও সহযোগিতায় সায়েম দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আমরা আশা করছি।”

পরিবারের সদস্যরা আরও বলেন, সরকারি বিদ্যালয় সম্পর্কে অনেকের মাঝে ভুল ধারণা রয়েছে। বাস্তবে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা উচ্চশিক্ষিত, দক্ষ এবং কঠোর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের প্রতি তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধের এই ঘটনা তারই একটি উজ্জ্বল উদাহরণ।

সায়েম পরিবারের পক্ষ থেকে জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের এমন মানবিক সম্পর্ক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলবে। জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ প্রশংসার দাবিদার বলেও তারা মন্তব্য করেন।




ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় শক্তিশালী দুই দফা ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন সংখ্যা মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলোতে তল্লাশি চালাচ্ছে। বিবিসি এসব তথ্য জানিয়েছে।

বুধবার বিকেলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প হয়।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের তথ্য এই প্রাথমিক হিসাবে আসেনি। ওই এলাকায় ভবনের ছাদ ধসে পড়ার সময় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ার চিত্র ভিডিওতে দেখা গেছে।

ভেনেজুয়েলায় সরকারি ছুটির দিনে ভূমিকম্প আঘাত হানায় ভেনেজুয়েলার অনেক মানুষ ওই সময় নিজেদের বাসাবাড়িতে অবস্থান করছিলেন। পূর্ব কারাকাসের বাসিন্দা ৫৬ বছর বয়সী কোরো মার্টিনেজ বলেন, ‘বিরাট একটি শব্দ হলো। বাড়ির ভেতরের জিনিসপত্র সব পড়ে যাচ্ছিল, এমনকি ফ্রিজের ভেতরের জগগুলোও আছড়ে পড়ল। আমি আগে কখনো এমন কিছুর মুখোমুখি হইনি।’




ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, স্পেনেই চার দিনে মৃত্যু ২১২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের কোনো বিরতি নেই। ফ্রান্স ও স্পেনসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে চরম গরমে প্রাণহানির হিসাব শুরু হয়েছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

বৃহস্পতিবারও(২৫ জুন) অন্তত ১০ কোটি ১০ লাখ ইউরোপীয় নাগরিককে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি আফ্রিকার অনেক অঞ্চলের তুলনায়ও বেশি উষ্ণ হয়ে উঠেছে।

এদিকে, স্পেনে জুন মাসের নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে। দেশটির সরকারি মৃত্যুহার পর্যবেক্ষণ ব্যবস্থা ‘মোমো’ জানিয়েছে, রোববার থেকে বুধবার পর্যন্ত ২১২ জনের মৃত্যু তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

জার্মান আবহাওয়া বিভাগের পূর্বাভাস ও ইউরোপীয় যৌথ গবেষণা কেন্দ্রের ২০২৫ সালের জনসংখ্যা তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, ৩৮ কোটিরও বেশি মানুষ ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অনুভব করবেন।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে। এমন আবহাওয়ার উপযোগী নয়—এমন অবকাঠামো ও নগর পরিকল্পনাও পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।

জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বলেন, ‘ইউরোপের এই ভয়াবহ তাপপ্রবাহে জলবায়ু সংকটের স্পষ্ট ছাপ রয়েছে। জীবাশ্ম জ্বালানির দূষণের মূল্যই এখন মানবজাতিকে দিতে হচ্ছে। কয়লা, তেল ও গ্যাস পোড়ানো বন্ধ না হলে চরম তাপমাত্রা আরও বাড়তেই থাকবে।’

ফ্রান্সে বৃহস্পতিবার দেশের প্রায় পুরো অংশেই তীব্র গরমের সতর্কতা জারি ছিল। ৬ কোটি ৭০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষকে ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রা সহ্য করতে হয়েছে।

এ ছাড়া, জার্মানিতে ৭ কোটি, ইতালিতে ৪ কোটি ৮০ লাখ এবং যুক্তরাজ্যে ৩ কোটি ৮০ লাখ মানুষ ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছেন। বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসেও তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে।

যদিও আগামীকাল শুক্রবার থেকে পশ্চিম ইউরোপে কিছুটা স্বস্তি ফিরতে পারে, পূর্ব ইউরোপে সপ্তাহান্ত পর্যন্ত তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। গত বছর ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্পেনে তাপজনিত মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৮৩২, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৭ দশমিক ৬ শতাংশ বেশি।

চলতি সপ্তাহে স্পেনে জুন মাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস, আর মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ২৮ দশমিক ১৭ ডিগ্রিতে।

রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল রেকর্ড উচ্চতায়। সোমবার ২০ দশমিক ১৪ ডিগ্রি এবং মঙ্গলবার ১৯ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসব ‘উষ্ণ রাত’ মানুষের ঘুম ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের প্যারিস অঞ্চলে একটি গাড়ির ভেতর থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহে তীব্র গরমে এ নিয়ে তিন শিশুর মৃত্যু হলো।

পুলিশ সূত্র জানায়, সাঁ-গ্রাতিয়েন শহরে নিজ বাড়ির সামনে পার্ক করা গাড়িতে শিশুটিকে মৃত অবস্থায় খুঁজে পান তার বাবা-মা।

ফ্রান্সে বুধবার ১৯৪৭ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর সবচেয়ে উষ্ণ দিন হিসেবে চিহ্নিত হয়েছে। সেদিন জাতীয় গড় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

প্যারিসে বুধবার তাপমাত্রা পৌঁছায় ৪০ দশমিক ৩ ডিগ্রিতে, যা ১৫০ বছরে চতুর্থবারের মতো ৪০ ডিগ্রির সীমা অতিক্রম করল।

এর আগে সোমবার দক্ষিণ ফ্রান্সের কারপঁত্রা শহরে পারিবারিক গাড়ি থেকে দুই ও চার বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্যারিসে বুধবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পর বহু মানুষ ঘরের ভেতরের গরম সহ্য করতে না পেরে পার্কে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। কেউ হ্যামকে, কেউ আবার ক্যাম্পিং ম্যাটে শুয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

২৬ বছর বয়সী মাইসাম দেকোস বলেন, ‘ফ্যান থাকা সত্ত্বেও আমার অ্যাপার্টমেন্টে থাকা অসম্ভব হয়ে উঠেছিল। এখানে অনেক মানুষ আছে, পরিবেশও ভালো। ঘরের ভেতরের চেয়ে বাইরে থাকাই ভালো।’




মনপুরায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান

ডেস্ক নিউজ : ভোলার মনপুরায় মৎস্য সম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে বাংলাবাজারের একটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জব্দ করা ৭ লাখ টাকার জাল নদীরপাড়ে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

এর আগে গতকাল বুধবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ মনপুরা কন্টিনজেন্ট এবং উপজেলা মৎস্য অফিসের একটি যৌথ দল উপজেলার বাংলাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল জব্দ করে।

অভিযান সূত্রে জানা গেছে, মনপুরার বাংলাবাজার মাকসুদ এন্টারপ্রাইজে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল মজুদ করে স্থানীয় জেলেদের কাছে বিক্রি করা হচ্ছে— এমন সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে আকস্মিক যৌথ অভিযান চালানো হয়। তল্লাশিকালে মাকসুদ এন্টারপ্রাইজ থেকে ১০০ পিস ক্ষতিকারক চায়না দুয়ারি জাল এবং প্রায় ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা বলে নিশ্চিত করেছে অভিযান পরিচালনাকারী দল।

এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, চায়না দুয়ারি ও কারেন্ট জাল নদী এবং সমুদ্রের মৎস্য সম্পদের জন্য এক ভয়াবহ অভিশাপ। এই ক্ষতিকর জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে আটকে মারা পড়ে, যা আমাদের জলজ জীববৈচিত্র্যের চরম ক্ষতি করছে। দেশের মৎস্য সম্পদ ও মা মাছ রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের এই ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে।অভিযান শেষে জব্দকৃত এই বিশাল পরিমাণের অবৈধ জালগুলো গতকাল জুন বিকেল সাড়ে ৫টায় স্থানীয় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।




জার্মানির লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন, ইকুয়েডরের বাঁচা-মরার লড়াই

ক্রীড়া ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানি ও ইকুয়েডর। ‘ই’ গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতে নকআউটের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। তারা কুরাসাওকে ৭-১ আর আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটি জার্মানির জন্য নিছক আনুষ্ঠানিকতা।

অন্যদিকে জার্মানি ম্যাচটি ইকুয়েডরের জন্য ‘বাঁচা-মরা’র লড়াই। এ ম্যাচ হারলেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ইকুয়েডর। আর জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে তারা। তবে শর্ত হলো, গ্রুপের অন্য ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে আইভরি কোস্টকে ড্র কিংবা হারতে হবে। তাহলেই বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা করে নেবে ইকুয়েডর। বৃহস্পতিবার রাত ২টায় মু্খোমুখি হবে দুই দল।

গত ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে ড্র করায় জটিল সমীকরণের মুখে পড়েছে ইকুয়েডর। ২৭ শট নিয়েও কুরাসাওয়ের বিপক্ষে গোল করতে পারেননি তারা। ‘মাস্ট উইন’ ম্যাচে জার্মানি শক্ত প্রতিপক্ষ হলেও আশাবাদী ইকুয়েডরের মিডফিল্ডার নাদিম আমিরি। তিনি বলেন, ‘আমরা মোমেন্টাম ধরে রাখতে চাই। জয় আত্মবিশ্বাসী করে তোলে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।’ অন্যদিকে আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও ইকুয়েডরের বিপক্ষে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষায় যাবেন না জার্মান কোচ জুলিয়ান নিগলসম্যানÑএমনটাই প্রত্যাশা করছেন নাদিম, ‘স্টেডিয়ামে জার্মানির অনেক ভক্ত থাকবেন। অনেকে ঘরে গিয়ে খেলা দেখবেন। আমরা জয় চাই। এজন্য সবকিছু উজাড় করে দেব। জুলিয়ানকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে দেখছি না। আমরা ফাইনাল মনে করেই খেলব।’

ইকুয়েডর ম্যাচে খেলোয়াড়দের পর্যাপ্ত ‘ম্যাচ টাইম’ দেওয়ার চিন্তা থাকবে জার্মান কোচ নিগলসম্যানের। নকআউট ম্যাচের আগে গতিময় ফুটবলের এই ছন্দ ধরে রাখতেই মাঠে নামবে জার্মানি। নিগলসম্যান আভাস দিয়েছেন, ম্যাচে বেঞ্চের খেলোয়াড়রা বেশি সুযোগ পেতে পারেন। গোলবারের নিচে দেখা যেতে পারে ওলিভার বুম্যাসকে। জার্মান দলে আরেকটি পরিবর্তন অবশ্যই যাবে। গোড়ালির লিগামেন্ট চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে নিকো শ্লটারবেকের। এই সেন্টার ব্যাকের জায়গায় অ্যান্তনিও রুডিগার জায়গা নিতে পারেন। রক্ষণভাগে বোঝাপড়া বাড়ানোর জন্য জনাথন টহকে আরেকটি সুযোগ দিতে পারেন কোচ। একাদশে ফিরতে পারেন ডেভিড রাওমও। সেন্ট্রাল মিডফিল্ডে দেখা যেতে পারে লিওন গুরেটজকাকে। আইভরি কোস্ট ম্যাচে সুপার-সাব ডেনিজ উদনাভ জোড়া গোল করেছেন। শুরুর একাদশেই উদনাভ থাকছেন। ছন্দ ধরে রাখতে জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান উইর্টজকেও খেলার মধ্যে রাখতে চান জার্মান কোচ।এ পর্যন্ত দুই ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে জার্মানি ও ইকুয়েডর। সর্বশেষ ২০১৩ সালে প্রীতি ম্যাচে জার্মানরা ৪-২ গোলে হারায় ইকুয়েডরকে। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৩-০ গোলে হেরেছিল ইকুয়েডর।

সম্ভাব্য একাদশ

জার্মানি : ম্যানুয়েল নয়্যার, যশুয়া কিমিখ, আন্তোনিও রুডিগার, জোনাথান তাহ, ডেভিড রাউম, আলেক্সান্দার পাভলোভিচ, পাসকাল গ্রোস, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।

ইকুয়েডর : হার্নান গালিন্দেজ, অ্যাঞ্জেলো প্রিসিয়াদো, ফেলিক্স তোরেস, উইলিয়ান পাচো, পারভিস এস্তুপিনিয়ান, অ্যালান ফ্রাঙ্কো, মোইসেস কাইসেদো, কেন্দ্রি পায়েজ, গনসালো প্লাতা, এনের ভ্যালেন্সিয়া, জন ইয়েবোয়া।