নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী। এর আগে রবিবার দিবাগত রাতে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই এলাকায় ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. ইদ্রিস আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

উপসচিব পদে ২৭৭ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। কর্মকর্তাদের পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন: তালিকা-১ ও তালিকা-২




বাল্যবিবাহ ও সহিংসতা রোধে ‘হ্যালো ডিসি’ অ্যাপ ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের

​নিজেস্ব প্রতিনিধিঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

​আজ সোমবার (১৭ আগস্ট, ২০২৬) সকাল ১০:টায় ঢাকায় লালমাটিয়াস্থ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা জেলার উপপরিচালকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকার উপপরিচালক। ​

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ সময় তিনি নাগরিকদের সুবিধার্থে চালু থাকা “হ্যালো ডিসি” অ্যাপসের কথা উল্লেখ করে বলেন, অ্যাপসটির মাধ্যমে নাগরিকরা যেকোনো অভিযোগ বা সমস্যা সহজেই প্রশাসনের কাছে পৌঁছাতে পারছেন। বাল্যবিবাহ ও নারী নির্যাতনের ঘটনা ঘটার সাথে সাথে তা দ্রুত প্রশাসনের নজরে আনার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

8dd2f2a2 27ee 4a70 b289 09cf8867777f

​সভায় মুক্ত আলোচনায় বক্তারা বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধের নানা বাস্তবসম্মত দিক তুলে ধরেন:

​ভুয়া জন্মনিবন্ধন প্রতিরোধ: ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি বলেন, বাল্যবিবাহ বন্ধে সঠিক জন্মনিবন্ধন নিশ্চিত করা জরুরি। অনেক সময় ভুয়া জন্ম সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে বা কমিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। তাই জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি তথ্যের সঠিকতা যাচাই ও জালিয়াতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তিনি। ​

সামাজিক সচেতনতা ও নজরদারি: স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা অভিভাবক ও স্থানীয়দের সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।

যেকোনো অপচেষ্টা রোধে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে দ্রুত তথ্য আদান-প্রদানের ওপর তারা গুরুত্ব দেন। ​সমাপনী বক্তব্যে ঢাকা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বলেন, “আইন তৈরি হয়েছে মানুষের নিরাপত্তা ও কল্যাণের জন্য। ধর্মের দোহাই দিয়ে বাল্যবিবাহকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই, কারণ ধর্ম কখনো অনিয়ম সমর্থন করে না।” তিনি উল্লেখ করেন, আইনি সহায়তা ও সরকারি সেবা সম্প্রসারণে তাদের অধিদপ্তর নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

​তিনি আরও জোর দিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কেবল কোনো একক দপ্তর বা প্রতিষ্ঠানের কাজ নয়; সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় ও সামাজিক নেতা এবং সাধারণ জনগণকে একসাথে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। ​

উক্ত সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রী ও প্রতিনিধি, নারী ও শিশু বিষয়ক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা অংশ নেন।




বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্কঃ ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। টাইগারদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অজিরা। হারের পর আরও একটি দুঃসংবাদ পেতে যাচ্ছে স্বাগতিকরা। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জরিমানা করার কথা ভাবছে।

ডারউইনে বিশাল ব্যবধানের হার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম বড় হারগুলোর একটি। আর এই ম্যাচেই স্লো ওভার-রেটের খড়গে পড়তে যাচ্ছে প্যাট কামিন্সের দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করতে হয়, সে হিসেবে সারাদিনে অন্তত ৯০ ওভার বোলিং করা বাধ্যতামূলক। কিন্তু গত শনিবারে নির্ধারিত সময়ে মাত্র ৮৬ ওভার করতে পেরেছিল অস্ট্রেলিয়া, যা সর্বনিম্ন সীমার চেয়ে চার ওভার কম।

আইনি বিধান অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে রাখতে পারে আইসিসি। প্রতি টেস্টে প্রতিটি অজি খেলোয়াড়ের ম্যাচ ফি ২০ হাজার ডলার হওয়ায়, এক ওভারের জন্য ১ হাজার ডলার করে চার ওভারে মোট ৪ হাজার ডলার জরিমানা হতে পারে।

কেবল আর্থিক জরিমানাই নয়, স্লো ওভার-রেটের কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট টেবিল থেকেও চার পয়েন্ট কাটা যেতে পারে অস্ট্রেলিয়ার। বর্তমানে অস্ট্রেলিয়া ৮৪ পয়েন্ট এবং ৭৭.৭৮ জয় শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার প্রথম স্থানে অবস্থান করছে।

অন্যদিকে, ৩৬ পয়েন্ট এবং ৭৫ জয় শতাংশ নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৪০ পয়েন্ট ও ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে চারে বাংলাদেশ।




ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপন চলছে।

সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করছেন এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ইশরাত জাহান।

এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

একইসঙ্গে তাদের সম্পত্তিও বাজেয়াপ্তের আদেশ চেয়েছে প্রসিকিউশন।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।




ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানি, ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কাজে ব্যবসায়ীদের হয়রানি এবং টাকা নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৬ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের কর্মকর্তাসহ ডিসিসিআই নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন তাৎক্ষণিক (অনস্পট) ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নসংক্রান্ত রাজস্ব ক্যাম্প চলাকালে দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার কথা বলে নগদ অর্থ গ্রহণ করেন।

তবে অর্থবছর শেষ হওয়ার পর দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ওই ট্রেড লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে ভুক্তভোগী ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একাধিকবার অভিযোগ করেছেন।

অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করা হয়েছে।

সভায় ব্যবসায়ী নেতার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা জানান ডিএসসিসির প্রশাসক। এর পরিপ্রেক্ষিতে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী তিন কার্যদিবসের মধ্যে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর অভিযোগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই। তবে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে ইতোমধ্যে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন খবর প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, সংবাদমাধ্যমটি বিস্তারিতভাবে উল্লেখ করেনি, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না বা ঠিক কী স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন। তাই ওই প্রতিবেদনের ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত স্পষ্টভাবে জানে না শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন। ফলে ভারতীয় আদালতের অনুমতি সংক্রান্ত বিষয়টি কী অর্থে বলা হয়েছে, সেটিও পরিষ্কার নয়।

তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এসব অপরাধের দায় আসামিদের নিতে হবে। ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি দেবেন বলে প্রত্যাশার কথা জানান তিনি।




বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ, ৫ বছরে ৫৭১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার দাবি- প্রকৌশলী আতোয়ার রহমান মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরকে (বিইআই) ঘিরে গত কয়েক বছরে বিপুল অর্থের অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। বিভিন্ন শ্রেণির বৈদ্যুতিক লাইসেন্স, উপকেন্দ্র অনুমোদন এবং সংশ্লিষ্ট সেবাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায় করেছে—এমন অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট নথি ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, গত পাঁচ বছরে চারটি খাতে অবৈধভাবে আদায় করা অর্থের পরিমাণ প্রায় ৫৭১ কোটি টাকা।

অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে মাঠপর্যায়ের কয়েকজন কর্মচারীর নাম সামনে এলেও এর সঙ্গে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে উপ-প্রধান বিদ্যুৎ পরিদর্শক ও সদস্য সচিব (বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড) প্রকৌশলী আতোয়ার রহমান মোল্লার ভূমিকা নিয়ে তদন্তের দাবি জোরালো হয়েছে।

লাইসেন্সের আড়ালে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে বিভিন্ন ক্যাটাগরিতে বিপুলসংখ্যক লাইসেন্স দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি নির্ধারিত ফি জমা দেওয়ার পাশাপাশি আবেদনকারীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ নেওয়া হতো। কোথাও সরাসরি, আবার কোথাও দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

কয়েকজন ভুক্তভোগীর ভাষ্য, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে লাইসেন্স পেতে দীর্ঘসূত্রতা ও হয়রানির মুখে পড়তে হতো। বিপরীতে অতিরিক্ত অর্থ দিতে রাজি হলে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হতো।

মাঠকর্মী থেকে ঊর্ধ্বতন পর্যায়—কারা নিয়ন্ত্রণ করতেন?

অভিযোগে বলা হয়েছে, অফিস সহকারী সাখাওয়াত বাবু এবং কম্পিউটার অপারেটর উইলিয়ামের মাধ্যমে লাইসেন্সপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ, অর্থ সংগ্রহ ও তথ্য সংরক্ষণের কাজ পরিচালিত হতো। বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ নেওয়ার পাশাপাশি আবেদনকারী ও পরীক্ষার্থীদের তথ্য একটি আলাদা ডাটাবেজে সংরক্ষণ করা হতো বলেও অভিযোগ রয়েছে।

তবে অনুসন্ধান সংশ্লিষ্টদের প্রশ্ন, এত বড় পরিসরে একটি প্রক্রিয়া দীর্ঘদিন চললেও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরের বাইরে থাকার বিষয়টি কতটা বাস্তবসম্মত। এ জায়গাতেই আতাউয়ার রহমান মোল্লার ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।

প্রশ্নপত্র ও ভাইভা নিয়ে গুরুতর অভিযোগ

লাইসেন্স পাওয়ার পরীক্ষাকে কেন্দ্র করেও গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন, উত্তর এবং মৌখিক পরীক্ষায় ব্যবহৃত হতে পারে এমন বৈদ্যুতিক সরঞ্জামের ছবি আগেই সরবরাহ করা হতো।

এতে যোগ্য প্রার্থীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রকৌশলী আল-আমিন হোসেনের দাবি, তিনি ভাইভা বোর্ডের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার পরও অকৃতকার্য হন। অথচ তার পাশে থাকা একজন প্রার্থী কোনো প্রশ্নের মুখোমুখি না হয়েও দালালের মাধ্যমে ‘এবিসি’ ক্যাটাগরির লাইসেন্স পেয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

চার খাতে বিপুল অর্থ আদায়ের হিসাব

নথিপত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে চারটি খাতে অতিরিক্ত অর্থ আদায়ের যে চিত্র পাওয়া গেছে, তা উল্লেখযোগ্য। অভিযোগ অনুযায়ী—

প্রথমত, উপকেন্দ্র অনুমোদন:
প্রায় ১৭ হাজার ১৫১টি বৈদ্যুতিক উপকেন্দ্র অনুমোদনের ক্ষেত্রে ফাইলপ্রতি ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। গড় হিসাবে এ খাতে অবৈধ লেনদেনের পরিমাণ ৩৪৩ কোটি টাকার বেশি বলে দাবি করা হয়েছে।

দ্বিতীয়ত, ঠিকাদারি লাইসেন্স:
৫ হাজার ৪০৭টি লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রতিটি লাইসেন্সের বিপরীতে অতিরিক্ত ৫০ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের হিসাবে এ খাতে প্রায় ৩২ কোটি টাকা নেওয়া হয়েছে।

তৃতীয়ত, সুপারভাইজার লাইসেন্স:
১১ হাজার ২৩৭টি লাইসেন্সের ক্ষেত্রে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এতে মোট অবৈধ লেনদেনের পরিমাণ প্রায় ১২৪ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

চতুর্থত, ইলেকট্রিশিয়ান লাইসেন্স:
৪৮ হাজার ১৫৩টি লাইসেন্সের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ খাতে প্রায় ৭২ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

সবগুলো খাত মিলিয়ে গত পাঁচ বছরে মোট অর্থের পরিমাণ প্রায় ৫৭১ কোটি টাকা বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। তবে প্রকৃত অর্থের পরিমাণ নির্ধারণে পূর্ণাঙ্গ আর্থিক ও ফরেনসিক তদন্ত প্রয়োজন।

সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ

অভিযোগের আরেকটি অংশে বলা হয়েছে, দপ্তরের তুলনামূলক কম বেতনভুক্ত কয়েকজন কর্মচারীর নামে বিপুল পরিমাণ স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সাখাওয়াত বাবুর নামে গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা মূল্যের জমি এবং বাঘারপাড়ায় উইলিয়ামের নামে বহুতল ভবনের তথ্যের কথা উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, এসব সম্পদের সঙ্গে তাদের বৈধ আয়ের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে আতোয়ার রহমান মোল্লার নামে বা তার পরিবারের সদস্যদের নামে থাকা ঢাকা ও নিজ এলাকায় ফ্ল্যাট, প্লটসহ অন্যান্য সম্পদের উৎস অনুসন্ধানের দাবিও উঠেছে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অর্থ, পরে কুরিয়ারে লাইসেন্স

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, পুরো ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারও ছিল। আবেদনকারীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে অর্থ নেওয়া এবং পরবর্তী সময়ে লাইসেন্স কুরিয়ার বা অন্য মাধ্যমে পাঠানোর অভিযোগ রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লেনদেনের তথ্য, ফোনকলের রেকর্ড, হোয়াটসঅ্যাপ যোগাযোগ এবং দপ্তরের কম্পিউটার ডাটাবেজ পরীক্ষা করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বদলি ও নথি সরানোর অভিযোগ

অভিযোগ রয়েছে, অনিয়মের সঙ্গে মাঠপর্যায়ের কয়েকজন কর্মচারীর সম্পৃক্ততার বিষয়টি সামনে আসার পর তাদের দায়িত্ব পরিবর্তন বা অন্যত্র সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে সংশ্লিষ্ট নথি, ডাটাবেজ ও যোগাযোগের তথ্য নষ্ট বা পরিবর্তনের আশঙ্কাও প্রকাশ করেছেন অভিযোগকারীরা।

তবে এ অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট সময়ের বদলি আদেশ, অফিস আদেশ, কম্পিউটার লগ, সার্ভার ডাটা এবং নথি সংরক্ষণ ব্যবস্থা পরীক্ষা করা প্রয়োজন।

রাজনৈতিক প্রভাবের অভিযোগও তদন্তের দাবি

অভিযোগের একটি অংশে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নামও এসেছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘদিন প্রশাসনিক সুবিধা পেয়েছেন এবং এর বিনিময়ে অর্থ লেনদেন হয়ে থাকতে পারে।

তবে এ অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, সম্পদের বিবরণ, ফোন যোগাযোগ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা জরুরি। সংশ্লিষ্ট দুই রাজনৈতিক নেতার কাছে কোনো অর্থ পৌঁছেছে কি না, তারও তদন্ত প্রয়োজন।

তদন্তে নথি ও ডিজিটাল তথ্য যাচাইয়ের দাবি

অভিযোগগুলোকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভিজিল্যান্স শাখার তদন্তের দাবি উঠেছে। বিশেষ করে আতোয়ার রহমান মোল্লার স্বাক্ষর করা অনুমোদন ফাইল, লাইসেন্সের ডাটাবেজ, আবেদনকারীদের তালিকা, পরীক্ষার ফলাফল, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব পর্যালোচনার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

এ ছাড়া কথিত হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা বার্তা, ফাইল আদান-প্রদান ও অন্যান্য ডিজিটাল যোগাযোগ সংরক্ষণ করে ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করার প্রয়োজন রয়েছে।

স্বচ্ছ তদন্তের জন্য যেসব পদক্ষেপ জরুরি

অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা বের করতে সংশ্লিষ্টদের মতে কয়েকটি বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। প্রথমত, গত পাঁচ বছরে দেওয়া সব ধরনের লাইসেন্স ও অনুমোদনের পূর্ণাঙ্গ অডিট করা। দ্বিতীয়ত, নির্ধারিত সরকারি ফি এবং বাস্তবে আদায় করা অর্থের তুলনামূলক হিসাব তৈরি করা। তৃতীয়ত, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আয় ও সম্পদের বিবরণ যাচাই করা।

একই সঙ্গে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লেনদেন পরীক্ষা, প্রয়োজন হলে আর্থিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া এবং ডিজিটাল ডাটাবেজের ফরেনসিক পরীক্ষা করা হলে অভিযোগের সত্যতা যাচাই করা সহজ হবে।

লাইসেন্স পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রের নিরাপত্তা, ভাইভা বোর্ডের কার্যক্রম এবং ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়া সিসিটিভি ও ডিজিটাল রেকর্ডের আওতায় আনারও দাবি রয়েছে। ভবিষ্যতে সরাসরি যোগাযোগ ও মধ্যস্থতাকারীর ভূমিকা কমিয়ে স্বচ্ছ অনলাইন ব্যবস্থা চালুর পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।

আতোয়ার রহমান মোল্লার বক্তব্য

অভিযোগের বিষয়ে উপ-প্রধান বিদ্যুৎ পরিদর্শক প্রকৌশলী আতোয়ার রহমান মোল্লার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।




সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নত করেছি।’

সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু কেন করে? সার্কভুক্ত দেশের মধ্যে কেন না? সেটা করলে আমরাও এগিয়ে থাকতাম।’

এহছানুল হক মিলন বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতোদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না? শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন?’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক গবেষক আছে, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেয়। কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটা আমাদের ব্যার্থতা। এদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’




পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে মন্দিরের সামনে অবস্থিত পাঁচতলা হোটেল ‘বিদেশিনী’ তে আগুন লাগে। নিহতরা শ্রাবণ মাসের পূজা দিতে তারাপীঠে যাওয়া পুণ্যার্থী বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। সেখানে শিশুও ছিল। আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে কক্ষের ভেতরে আটকা পড়েন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

খবর পেয়ে দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ধোঁয়া ভবনের ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়।

হোটেলটির মালিক কল্যাণ পাল জানান, রাতে পাহারার দায়িত্বে থাকা কর্মীরা আগুন দেখতে পেয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।