ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছে।

এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলবার, ২টি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ৩ বোতল দেশি মদ, ১টি ছুরি, ১টি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টীলের ট্যাপ ৪টি, প্লাস্টিকের ট্যাপ ৫টি, ১০টি মোবাইল ফোন, ২১.২ লিটার ঔষুধের ক্যামিক্যাল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে কমিটি

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা চূড়ান্ত করতে তিনটি পৃথক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা চূড়ান্ত করতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রবিবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় নীতিমালা চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, একাদশে ভর্তির বিষয়টি চূড়ান্ত করতে রবিবার মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। তবে নীতিমালা চূড়ান্ত হয়নি।

তিনটি কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে নীতিমালা চূড়ান্ত করা হবে।

এর আগে তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে। আর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি শেষে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার কথা রয়েছে।




১০ তলা ভবনের নামে ২ কোটি ৮০ লাখ টাকার ‘ভুয়া বিল’! নির্মাণ থেমেছে ৮ তলায়, নথিতে দেখানো হয়েছে নবম-দশম তলার কাজ—প্রকৌশলী হাসান শওকতকে ঘিরে গুরুতর অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে ১০ তলা ভবন নির্মাণ প্রকল্প ঘিরে উঠেছে সরকারি অর্থ আত্মসাৎ ও ভুয়া বিল উত্তোলনের গুরুতর অভিযোগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের প্রকৌশলী হাসান শওকত এবং সংশ্লিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

অভিযোগ অনুযায়ী, প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের এমন কিছু কাজের বিল পরিশোধ করা হয়েছে, যার বাস্তব অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। প্রকল্পের নকশা ও কার্যাদেশ অনুযায়ী ভবনটি ১০ তলা হওয়ার কথা থাকলেও সরেজমিনে দেখা গেছে, নির্মাণকাজ বাস্তবে আট তলা পর্যন্ত গিয়েই থেমে আছে। অথচ অভিযোগ রয়েছে, নথিপত্রে নবম ও দশম তলার বিভিন্ন কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে।

ঘটনাটি সত্য হলে এটি শুধু আর্থিক অনিয়ম নয়—সরকারি প্রকল্পের পরিমাপ, বিল অনুমোদন ও তদারকি ব্যবস্থার ওপরও গুরুতর প্রশ্ন তৈরি করে।

নথিতে কাজ শেষ, বাস্তবে নেই নবম-দশম তলা : প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৩ জুন প্রকল্পটির পরিমাপ বই বা এমবি’র ৪৬ থেকে ৯৪ নম্বর পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন কাজের বিবরণ লিপিবদ্ধ করে সপ্তম চলতি বিল অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অভিযোগের সবচেয়ে গুরুতর দিক হলো—যে সময়ে ভবনের নবম ও দশম তলার ছাদ ঢালাইয়ের কোনো দৃশ্যমান অস্তিত্ব ছিল না, সে সময় নথিতে মেমব্রেন, কাঠের শাটারিং, লিন্টেল, রড বাঁধাই ও পিলারসহ বিভিন্ন কাজ সম্পন্ন দেখানো হয়েছে বলে অভিযোগ। অর্থাৎ, বাস্তব অগ্রগতি আর কাগজে দেখানো অগ্রগতির মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে—এমন অভিযোগই এখন সামনে এসেছে।
এই অভিযোগের সত্যতা যাচাইয়ে এমবি, কার্যাদেশ, নকশা, চলতি বিল, বিলের সঙ্গে সংযুক্ত পরিমাপ, প্রকৌশলীর প্রত্যয়ন এবং বাস্তব নির্মাণকাজ—সবকিছু স্বাধীনভাবে মিলিয়ে দেখা জরুরি।

সাত বছরেও শেষ হয়নি ভবন, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা :
প্রকল্পটি প্রায় সাত বছর ধরে চলমান বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভবনটির কাজ সম্পূর্ণ হয়নি। ফলে যে নতুন ভবনে শিক্ষার্থীদের পাঠদানের সুযোগ তৈরি হওয়ার কথা ছিল, সেটিই এখন পরিণত হয়েছে দীর্ঘসূত্রতা ও অভিযোগের কেন্দ্রে। পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় শ্রেণিকক্ষের সংকট এমনিতেই প্রকট। নতুন ভবনটি সময়মতো সম্পন্ন না হওয়ায় শত শত শিক্ষার্থীকে সীমিত জায়গায় পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন ভবনটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু বছরের পর বছর নির্মাণকাজ ঝুলে থাকায় সেই প্রত্যাশা এখন হতাশায় পরিণত হয়েছে। তার দাবি, ভবনের ওপরের দুই তলার কাজ না হয়েও যদি বিল পরিশোধ করা হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

‘ভুয়া বিল’ কার অনুমোদনে ?
একটি সরকারি নির্মাণ প্রকল্পে কাজের বিপরীতে অর্থ পরিশোধের আগে সাধারণত পরিমাপ, কাজের বাস্তব অগ্রগতি, প্রকৌশলীর প্রত্যয়ন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিল অনুমোদিত হওয়ার কথা।

সেক্ষেত্রে অভিযোগ অনুযায়ী, যদি নবম ও দশম তলার কাজ বাস্তবে না হয়েও নথিতে সম্পন্ন দেখানো হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠছে—কে পরিমাপ করলেন, কে প্রত্যয়ন দিলেন, কে বিল প্রস্তুত করলেন এবং কার অনুমোদনে সরকারি অর্থ ছাড় হলো?
শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করলেই প্রশ্নের উত্তর মিলবে না। প্রকল্প তদারকিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট অনুমোদনকারী কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখাও জরুরি।

হাসান শওকতকে ঘিরে আরও প্রকল্পে অনিয়মের অভিযোগ-  ইইডির একাধিক সূত্রের বরাতে জানা গেছে, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের প্রকল্পটিই একমাত্র নয়; ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে প্রকৌশলী হাসান শওকতের বিরুদ্ধে একই ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—ঠিকাদারদের সঙ্গে কথিত সমঝোতার মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ব্যয় বৃদ্ধি, কাজের তুলনায় বেশি অগ্রগতি দেখানো এবং বাস্তবে কাজ সম্পন্ন হওয়ার আগেই পরিমাপ বইয়ে তা অন্তর্ভুক্ত করে বিল উত্তোলনের ব্যবস্থা করা।

এমন অভিযোগের কিছু বিষয়ে অতীতে বিভাগীয় পর্যায়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছিল বলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। তবে এসব তথ্যের পূর্ণাঙ্গ নথি ও তদন্ত প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

দুর্নীতির অর্থে ক্যান্টনমেন্টে বিলাসী সম্পদের অভিযোগ- হাসান শওকতের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর আরেকটি অভিযোগ হলো—সরকারি প্রকল্পে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে রাজধানীর অভিজাত ক্যান্টনমেন্ট এলাকায় বিপুল মূল্যের ফ্ল্যাট ও সম্পদ গড়ে তোলা। তবে এই অভিযোগের সত্যতা নির্ধারণে সম্পত্তির দলিল, ক্রয়মূল্য, অর্থের উৎস, আয়কর নথি, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির ঘোষিত সম্পদের বিবরণ যাচাই করা প্রয়োজন। কেবল অভিযোগের ভিত্তিতে কোনো সম্পদকে দুর্নীতির অর্থে অর্জিত বলে চূড়ান্তভাবে দাবি করা যায় না। তবে অভিযোগটি সত্য হলে তা সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের সম্ভাব্য তদন্তের বিষয় হয়ে উঠতে পারে।

জবাবদিহির প্রশ্নে এখন তদন্তই ভরসা : অভিযোগের বিষয়ে প্রকৌশলী হাসান শওকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি এবং বিষয়টি নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্টদের দাবি। অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য—সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া পরিমাপ বা ভুয়া বিলের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিযোগের নিরপেক্ষ ও নথিভিত্তিক তদন্ত।

যে প্রশ্নগুলোর উত্তর জরুরি :
এই ঘটনায় কয়েকটি প্রশ্নের উত্তর না মিললে পুরো প্রকল্পের আর্থিক স্বচ্ছতা নিয়ে সংশয় থেকেই যাবে—
নবম ও দশম তলার কাজ বাস্তবে না হয়ে থাকলে এমবিতে তা কীভাবে অন্তর্ভুক্ত হলো ? সপ্তম চলতি বিলের ২ কোটি ৮০ লাখ টাকার দাবির বিপরীতে ঠিক কোন কোন কাজের জন্য অর্থ পরিশোধ করা হয়েছে ? এমবির ৪৬ থেকে ৯৪ পৃষ্ঠায় উল্লিখিত কাজগুলোর বাস্তব অস্তিত্ব কি তৃতীয় পক্ষ দিয়ে যাচাই করা হয়েছে ? বিল অনুমোদনের আগে প্রকল্পের বাস্তব অগ্রগতি কে পরিদর্শন ও প্রত্যয়ন করেছেন?
ঠিকাদারি প্রতিষ্ঠান কত টাকা পেয়েছে এবং তার বিপরীতে বাস্তবে কত টাকার কাজ হয়েছে ? প্রকৌশলী হাসান শওকতের দায়িত্ব পালনকালে অন্যান্য প্রকল্পের বিল ও এমবি কি একইভাবে নিরীক্ষা করা হয়েছে ? ক্যান্টনমেন্টসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তার নামে বা সংশ্লিষ্টদের নামে থাকা সম্পদের অর্থের উৎস কী ? তদন্ত হলে বেরিয়ে আসতে পারে প্রকৃত চিত্র।

শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ : এখন শুধু একটি ভবনের অসমাপ্ত নির্মাণকাজের বিষয় নয়; এটি সরকারি উন্নয়ন প্রকল্পে পরিমাপ, বিল অনুমোদন ও তদারকি ব্যবস্থার সম্ভাব্য দুর্বলতারও পরীক্ষা। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রকল্পের সব এমবি, কার্যাদেশ, নকশা, বিল-ভাউচার, ঠিকাদারি চুক্তি, অর্থ ছাড়ের হিসাব এবং প্রকল্পের বর্তমান বাস্তব অগ্রগতি সরেজমিনে যাচাই করা জরুরি।

একই সঙ্গে হাসান শওকত ও সংশ্লিষ্টদের সম্পদের হিসাব এবং অর্থের উৎসও তদন্তের আওতায় আনা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সরকারি অর্থ উদ্ধারের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আর অভিযোগ প্রমাণিত না হলে সেটিও স্পষ্টভাবে জনসম্মুখে তুলে ধরা প্রয়োজন। কারণ প্রশ্নটি শুধু ২ কোটি ৮০ লাখ টাকার নয়—প্রশ্নটি হলো, শিক্ষার্থীদের জন্য নির্মিত হওয়ার কথা থাকা একটি ১০ তলা ভবনের টাকা শেষ পর্যন্ত কাগজে-কলমে ভবন বানিয়েছে, নাকি বাস্তবে?




রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩।

সোমবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প স্থায়ী হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৩।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর শিবপুরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আজকের মৃদু ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।




অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত চাওয়া হয়েছে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের বিরুদ্ধে

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের ই/এম পি অ্যান্ড ডি জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের অনিয়মিত ব্যয়, সম্পদ অর্জন এবং স্বজনদের মাধ্যমে ঠিকাদারি কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে।

গত ২৭ এপ্রিল ২০২৬ ধানমন্ডির বাসিন্দা এলাহী নেওয়াজ খান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বরাবর এ আবেদন করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। একই অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

অভিযোগে আলমগীর খানের নামে ও পরিবারের সদস্যদের নামে ঢাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট, ব্যক্তিগত গাড়ি এবং গ্রামের বাড়িতে বিলাসবহুল বাড়ি ও খামারবাড়ি থাকার কথা বলা হয়েছে। বিভিন্ন ব্যাংকে পরিবারের সদস্যদের নামে কয়েক কোটি টাকার এফডিআর রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়। এসব সম্পদের পরিমাণ তার ঘোষিত ও বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করতে ব্যাংক হিসাব, আয়কর নথি ও সম্পদ বিবরণী পর্যালোচনার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া অভিযোগপত্রে দাবি করা হয়েছে, অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ বিদেশে পাচার এবং কানাডায় বাড়ি কেনা ও ব্যবসায় বিনিয়োগে ব্যবহারের বিষয়ে অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে অভিযোগকারী কী ধরনের নথি বা প্রমাণ দিয়েছেন, তা প্রকাশ্যে বিস্তারিতভাবে জানা যায়নি।

অভিযোগে গণপূর্তের ঢাকা অঞ্চলের ই/এম বিভাগের কয়েকটি প্রকল্প ও আর্থিক ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়ও তুলে ধরা হয়েছে। এর মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সিসিটিভি ক্যামেরা স্থাপন, গাড়িচালকের বেতন-ভাতা এবং চুক্তিভিত্তিক জনবল নিয়োগকে ঘিরে আর্থিক অসঙ্গতির অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের জুনে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সিসিটিভি-সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ ও স্থাপনের জন্য অল্প সময়ের ব্যবধানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিনটি কার্যাদেশ দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট বিভাগ থেকে ওই প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ১ কোটি ১৮ লাখ ৮১ হাজার টাকা পরিশোধ করা হয় বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু অডিট পর্যবেক্ষণে কাজ সম্পূর্ণ না হওয়া এবং স্থাপিত সরঞ্জামের ব্যবহারযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অডিট কর্মকর্তারা পরিদর্শনের সময় জাতীয় স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত কিছু ক্যামেরা ব্যবহারের অনুপযোগী অবস্থায় দেখতে পান। প্রয়োজনীয় কারিগরি জনবল থাকা সত্ত্বেও সরঞ্জামগুলো যথাযথভাবে কাজে না লাগার বিষয়টিও অডিট পর্যবেক্ষণে উঠে আসে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ই/এম বিভাগের একটি শাখায় গাড়ির তুলনায় অতিরিক্ত সংখ্যক চালকের পেছনে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, মাত্র দুটি সরকারি গাড়ির বিপরীতে ৩১ জন চালকের বেতন-ভাতা বাবদ বছরে প্রায় ৮৭ লাখ টাকা ব্যয়ের তথ্য পাওয়া যায়। এ ব্যয়ের যৌক্তিকতা এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রকৃত উপস্থিতি ও নিয়োগের বৈধতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া অনুমোদিত জনবল কাঠামো থাকা সত্ত্বেও দৈনিক মজুরি, চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মী নিয়োগের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগও করা হয়েছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট নথি, নিয়োগের অনুমোদন, হাজিরা, বেতন-ভাতা প্রদান এবং কাজের বাস্তব উপস্থিতি যাচাই করা প্রয়োজন বলে অভিযোগকারী মনে করছেন।

২০১৬-১৭ অর্থবছরের অডিট পর্যবেক্ষণে এসব আর্থিক অসঙ্গতির কিছু বিষয় উঠে এসেছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তীতে সেগুলোর বিষয়ে কার্যকর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

অভিযোগকারীর আরও দাবি, আলমগীর খান দীর্ঘ সময় ধরে প্রভাবশালী অবস্থান ব্যবহার করে গণপূর্তের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করেছেন এবং আত্মীয়স্বজনের মাধ্যমে পরোক্ষভাবে ঠিকাদারি ব্যবসায় যুক্ত থেকে আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ তৈরি করেছেন। এ অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।

অভিযোগপত্রে আলমগীর খান ও তার পরিবারের সদস্যদের আয়কর নথি, ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ এবং বিদেশে সম্পদ বা বিনিয়োগের তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগে উল্লেখ করা বিভিন্ন প্রকল্প ও আর্থিক লেনদেনের নথি পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে মো. আলমগীর খানের হোয়াটসঅ্যাপে অভিযোগপত্রের কপি পাঠিয়ে মন্তব্য চাওয়া হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো জবাব দেননি। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের কাছেও অভিযোগপত্রের কপি পাঠিয়ে মতামত জানতে চাওয়া হলেও তার পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।




১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

ডেস্ক নিউজ : রাজধানীর সড়কে নারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এ ‘পিংক বাস’ সেবা মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হবে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পিংক রঙের এ বাস সার্ভিস চালু করা হচ্ছে। সার্ভিসের বাসগুলোতে নারী চালক ও নারী কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।




বিশ্বজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে, জাতিসংঘের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও ঘন ঘন, তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের অঙ্গসংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির মতে, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহ এখন আগের তুলনায় দীর্ঘ সময় ধরে বিস্তীর্ণ অঞ্চলে স্থায়ী হচ্ছে।

বর্তমানে ইউরোপের বিভিন্ন অংশ পঞ্চম দফায় গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। চরম খরা, দাবানল ও রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত অঞ্চলটি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএমওর জলবায়ু তথ্যপ্রধান জন কেনেডি বলেন, অতীতের তুলনায় তাপপ্রবাহ এখন শুধু বেশি ঘন ঘনই হচ্ছে না, বরং আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হয়ে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। তার মতে, বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ ইউরোপে চলমান তাপপ্রবাহের পেছনে বায়ুমণ্ডলের উচ্চচাপ বলয় ও উষ্ণ জলবায়ুর সম্মিলিত প্রভাব রয়েছে।

উচ্চচাপ বলয় গরম বাতাসকে আটকে রাখার পাশাপাশি মেঘের পরিমাণ কমিয়ে দেয় এবং শীতল বাতাসের প্রবেশে বাধা সৃষ্টি করে। ফলে দিনের পর দিন বা সপ্তাহের পর সপ্তাহ বিশাল এলাকাজুড়ে অস্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে।

সাধারণত বৈশ্বিক তাপমাত্রার ওঠানামায় এল নিনোর প্রভাব থাকলেও এবারের ইউরোপের তাপপ্রবাহের জন্য এটি দায়ী নয়। বর্তমানে ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের অবস্থা অনেকটাই নিরপেক্ষ। কেনেডি বলেন, ১৯৭৬ সালের জুনেও প্রায় একই ধরনের বায়ুমণ্ডলীয় উচ্চ ও নিম্নচাপ পরিস্থিতি ছিল। কিন্তু তখন বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা কম থাকায় ফলাফল ছিল ভিন্ন। সে সময় গড়ের চেয়ে বেশি তাপমাত্রা ছিল কেবল কিছু বিচ্ছিন্ন এলাকায়। বিপরীতে, বর্তমানে বিশ্বের অধিকাংশ অঞ্চলেই গড়ের চেয়ে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে।

ইউরোপের স্থলভাগের পাশাপাশি সমুদ্রের অস্বাভাবিক উষ্ণতাও পরিস্থিতিকে আরও তীব্র করছে। ভূমধ্যসাগর ও ইউরোপের পশ্চিমাঞ্চলীয় সমুদ্রের সামুদ্রিক তাপপ্রবাহ স্থলভাগের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের শুষ্কতায় মাটির আর্দ্রতা কমে যাওয়ায় ভূমি দ্রুত উত্তপ্ত হচ্ছে এবং তাপমাত্রা আরও বাড়ছে।

জন কেনেডির ভাষায়, চলতি বছরে রেকর্ড মাত্রার তাপমাত্রার পেছনে একাধিক প্রাকৃতিক ও জলবায়ুগত কারণ একসঙ্গে কাজ করছে। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও তীব্র, দীর্ঘস্থায়ী ও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।




ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু, মিশরে হাসপাতালে ভর্তি ১৮

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজন মারা যান। মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।

গত ৩ আগস্ট রাতে ৪২ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে।

যাত্রা শুরুর কিছুক্ষণ পর ঝড়ের কবলে পড়ে নৌকায় থাকা খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। এরপর কোনো খাবার-পানি ছাড়াই যাত্রা অব্যাহত রাখেন তারা। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে।স

টানা নয় দিন সাগরে ভেসে থাকার পর বাতাসের স্রোতে নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জনকে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুল করিম বলেন, গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নৌকাটি আর সামনে এগোতে পারেনি। এ সময় দালালের লোকজন বা অন্য কোনো সংস্থা তাদের উদ্ধারে এগিয়ে আসেনি।

আব্দুল করিম বলেন, নৌকায় খাবার ও পানি না থাকায় চরম সংকটের মধ্যে পড়েন তারা। খাবার ও পানির অভাবে নয় বাংলাদেশি মারা যান। পরে আরও দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ সাগরে ফেলে দিতে হয়েছে। দীর্ঘ সময় সাগরে থাকার কারণে জীবিতদের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে বলেও জানান তিনি।

মারসা মাতরুহ হাসপাতালে চিকিৎসাধীন করিম দেশে ফেরার আকুতি জানিয়ে বলেন, তারা চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকেরা খাবারের ব্যবস্থাও করছেন। তারা দেশে ফিরতে চান।

এ বিষয়ে মিশরে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শরিফ এবং স্থানীয় পুলিশ কর্মকর্তা বাদরানের সঙ্গে দূতাবাসের নিয়মিত যোগাযোগ রয়েছে।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, মোট ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, হাসপাতালে ভর্তি বাংলাদেশিদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আহতরা সুস্থ হয়ে উঠলে মিশরের আইনি প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশিদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।




সোনারগাঁয়ে ৩ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এবং পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর ও গোলাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। পরে এক্সকাভেটর দিয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, অসাধু ব্যক্তিরা বিভিন্ন প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তুলেছেন। এসব অবৈধ সংযোগের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে। নিয়মবহির্ভ‚তভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।




বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা: তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনেও। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এমন জয়ে গর্বিত বিসিবি সভাপতি তামিম ইকবাল। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের এই জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এটি একটি শক্তিশালী বার্তা।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে সফরকারীরা। বিশ্বের এক নম্বর টেস্ট দলকে প্রতিটি সেশনে চাপে রেখে এমন জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন বলে মনে করছেন বিসিবি সভাপতি।

রবিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে এমন জয় পাওয়ার পুরো কৃতিত্ব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের।

তিনি বলেন,‘অবশ্যই আমার মনে হয় এটি অসাধারণ জয়, অসাধারণ অর্জন। অস্ট্রেলিয়ায় যেকোনো দলের জন্য খেলা অনেক কঠিন। ২৩ বছর পর সেখানে গিয়ে যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ জিতেছে, কৃতিত্ব এক হাজার শতাংশ তাদের (ক্রিকেটারদের)। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক সবাইকে কৃতিত্ব দিতে হয়। বোর্ডে শুধু তাদের সহায়তা করতে, সুযোগ-সুবিধা দিতে এবং গাইড করতে আছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়ে ক্রিকেটারদের বেশি ভাবা উচিত নয় বলেও মন্তব্য করেন তামিম। তাঁর মতে, এমন জয় সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটের কাছেও বাংলাদেশের সামর্থ্যের বার্তা পৌঁছে দিয়েছে।

তামিম বলেন, ‘যারা খেলে তারা এসব (সামাজিক মাধ্যমের নেতিবাচক আলোচনা) নিয়ে খুব বেশি মনোযোগ দেয় না। সমালোচনা হবেই। এই জয়টি বিশ্বের কাছে একটি বার্তা। আমরা সবাই অত্যন্ত গর্বিত।’

বাংলাদেশের ক্রিকেটে অতীতে বেশ কিছু স্মরণীয় জয় এসেছে। খেলোয়াড় হিসেবে এমন অনেক সাফল্যের অংশ ছিলেন তামিম নিজেও। এবার দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে ডারউইনের জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখছেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সম্ভবত এটি সবচেয়ে বড় জয়। আমরা সবাই এই অর্জনে সমানভাবে খুশি। আমি অত্যন্ত গর্বিত।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ড হিসেবে আমরা ক্রিকেটারদের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি, বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) নিয়ে আলোচনায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে এই জয় সহায়ক হবে বলে মনে করেন তিনি। তামিম বলেন, ‘আগামী মাসে এফটিপি (ভবিষ্যত সফর সূচি) বৈঠক হবে। সেখানে আমরা অন্য দলগুলোকে রাজি করিয়ে আরও ভালো সিরিজ নেওয়ার চেষ্টা করব। এই জয়টি অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। এফটিপিকে যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার এবং বড় দলগুলোর বিপক্ষে খেলার চেষ্টা করব।’