শেষ ম্যাচে ২৩৭ রানে উড়িয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেই মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২৩৭ রানে হারিয়েছে স্বাগতিকরা।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে আগে ব্যাট করে আদিল বিন সিদ্দিকের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের স্পিনার রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবনের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল আক্রমণাত্মক। ওপেনার জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময় মাত্র ৮.৩ ওভারে ৮২ রান তুলে দেন। জাওয়াদ ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি করে চার ও ছক্কা।

এরপর ব্যাট হাতে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন আদিল বিন সিদ্দিক। দুর্দান্ত ব্যাটিংয়ে ১১১ বলে ১৩৫ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তাঁর সেঞ্চুরির ওপর ভর করে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

আদিলকে দারুণভাবে সহযোগিতা করেন খালিদ হাসান। তাঁর ব্যাট থেকে আসে ৭৩ রান। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৯ রান করে বাংলাদেশ। ফলে মালয়েশিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭০ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই ওপেনার উল্লাহ মালিককে ফিরিয়ে দেন বাংলাদেশের পেসার রাহিন আহমেদ। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সফরকারীরা।

মালয়েশিয়ার সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউই ইনিংস বড় করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক সায়েদ আজিজ।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবন তিনটি করে উইকেট নেন। পেসার রাহিন আহমেদের শিকার দুটি উইকেট। তাঁদের দারুণ বোলিংয়ে ১৩২ রানেই থেমে যায় মালয়েশিয়ার ইনিংস।

ফলে ২৩৭ রানের বিশাল জয় নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।




বচ্চন পরিবারের সুনাম নিয়ে হাইকোর্টের প্রশ্ন

বিনোদন ডেস্ক : অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশের অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ কিছু আইনি প্রশ্ন তুলেছেন দিল্লি হাইকোর্ট।

আদালত জানতে চেয়েছে, কোনো পরিবারের নামের সঙ্গে যুক্ত সুনাম কি প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকারসূত্রে বহমান থাকে এবং থাকলে তা কতদূর পর্যন্ত কার্যকর হয়?

২০২৩ সালে আরাধ্যা বচ্চন একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেন। তার অভিযোগ ছিল, তার স্বাস্থ্য নিয়ে সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ভিডিওতে তাকে গুরুতর অসুস্থ এবং হাসপাতালে ভর্তি বলে দাবি করা হয়। এমনকি একটি ভিডিওতে তার মৃত্যুরও মিথ্যা দাবি করা হয়েছিল। এসব ভিডিওর মাধ্যমে তার ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি অনুপ জে ভাম্ভানি বলেন, কোনো পণ্য বা সেবার সঙ্গে যুক্ত ট্রেডমার্কের মূল্য ও সুনাম যেমন থাকে, একজন ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, কোনো পারিবারিক নামের সঙ্গে যদি ট্রেডমার্কের মতো সুনাম যুক্ত থাকে, তাহলে সেই সুনাম প্রজন্মের কতদূর পর্যন্ত বহাল থাকে।

আদালত আরও জানতে চান, পরিবারের কোনো সদস্যের অর্জন, খ্যাতি বা নির্দিষ্ট ক্ষেত্রে সাফল্যের কারণে যে পারিবারিক সুনাম তৈরি হয়, সেটি পরবর্তী প্রজন্মের সদস্যদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য কি না।

আরাধ্যার পক্ষে আইনজীবী প্রবীণ আনন্দ যুক্তি দেন, বচ্চন পরিবারের সুনাম ক্ষুণ্ন করা বা তা ব্যবহার করে সুবিধা নেওয়ার যেকোনো প্রচেষ্টা বন্ধ করা প্রয়োজন। তিনি বলেন, পরিবারের ছবি ব্যবহার করে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে এবং এসব প্রতিবেদনের সঙ্গে বচ্চন নামটিও জড়িয়ে দেওয়া হচ্ছে।

এর আগে ২০২৩ সালের ২০ এপ্রিল দিল্লি হাইকোর্ট একাধিক ইউটিউব চ্যানেলকে আরাধ্যার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। আদালত বলেছিলেন, একটি শিশুর স্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো অত্যন্ত গুরুতর বিষয় এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আদালত আরও পর্যবেক্ষণ করেছিলেন, প্রতিটি শিশুর সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। শিশুর স্বাস্থ্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অসহনীয় বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি।

মামলাটি আগামী সেপ্টেম্বরে ফের শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। আরাধ্যার পক্ষ থেকে তার বাবা অভিষেক বচ্চন আদালতে আবেদন করেন। মামলায় বচ্চন পরিবারের ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।




প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রবিবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এরই মধ্যে পে স্কেলের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করে রেখেছে সচিব কমিটি।

দীর্ঘ ১১ বছর নতুন কোনো বেতন কাঠামো না থাকায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মূল্যস্ফীতির চাপে রয়েছেন বলে উল্লেখ করেন মুখ্য সচিব। তিনি বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়ন করাটা সাধারণ জনগণের জন্য কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থে এটি জরুরি হয়ে পড়েছে।

 

এ বি এম আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। এই সংকট থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। দেশে বিরাজমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বিগত সরকারের আমলে বিকল্প কোনো ব্যবস্থা না রাখাকে দায়ী করেন তিনি। সংকট কাড়াতে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সরবরাহব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান মুখ্য সচিব। এ ছাড়া মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

 

খসড়া প্রস্তাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়ানো হবে এবং দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধির প্রস্তাব কার্যকর করা হবে। চলতি বছরের জুলাই থেকে এর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে নতুন বেতন কাঠামোর পূর্ণ বাস্তবায়ন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পে-স্কেল কত ধাপে কার্যকর হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।




হাওর-বিল তরুণদের মধ্যে বণ্টনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের হাওর, পুকুর ও বিলগুলো পরিকল্পিতভাবে তরুণদের মধ্যে বণ্টনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে বৃষ্টির মধ্যে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের হাওর, পুকুর ও বিলগুলো তরুণদের মধ্যে সুন্দর ও পরিকল্পিতভাবে বণ্টন করতে হবে, যাতে মৎস্যসম্পদ কাজে লাগিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী বলেন, মৎস্যসম্পদের সঠিক ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টার গঠন করে ক্লাস্টারভিত্তিক চিংড়ি চাষ উন্নয়নের ফলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।

খাল-বিল ও হাওরের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলাশয়ে বর্জ্য, টিস্যু, প্লাস্টিক ও পানির বোতল ফেলে জলজ পরিবেশ নষ্ট করা যাবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, জলজ সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য চাষ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং আহরণশীলতা বাড়ানোর মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণ পদক) দেন প্রধানমন্ত্রী। পরে পদকপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান ঘাটে পোনামাছ অবমুক্ত শেষ করে কটিয়াদীর আচমিতা এলাকায় সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন।




যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়। হবে না-ই বা কেন, যেই অস্ট্রেলিয়ার মাটিতে বড় বড় দল গিয়ে হাঁসফাঁস করে, সেখানেই বাংলাদেশ দেখাল নতুন দিনের আলো। সাড়ে তিন দিনে হওয়া ১১টি সেশনের মধ্যে সবগুলোতে আধিপত্য বিস্তার করে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৩টিতে জয় ও সমান ১টি করে ড্র ও হারে বাংলাদেশের পয়েন্টের শতকরা হার (পিসিটি) ৬৬.৬৭।

এমন সাফল্যে টাইগাররা পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে। বর্তমানে বাংলাদেশের ওপরে রয়েছে কেবল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। ঐতিহাসিক এই জয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—বাংলাদেশ কী ফাইনালের মঞ্চে উঠতে পারবে?

পরিসংখ্যান ও অতীতের সমীকরণ বলছে, লর্ডসে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে একটি দলকে সাধারণত টুর্নামেন্ট শেষে অন্তত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট ধরে রাখতে হয়। বর্তমানে বাংলাদেশ এই গণ্ডির মধ্যেই আছে। তবে এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে এখনো আরও একটি ম্যাচ বাকি বাংলাদেশের। এই চক্রে বাংলাদেশের অপেক্ষা করছে আরও কয়েকটি কঠিন পরীক্ষা। সামনে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। এই সিরিজগুলোতে প্রতিটি দলের সঙ্গেই দুটি করে টেস্ট খেলার কথা বাংলাদেশের। ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচগুলোতে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ পয়েন্ট নিশ্চিত করতে হবে।

পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলোর দিকেও নজর রাখতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড যখন নিজেদের মধ্যে মুখোমুখি হবে, তখন পয়েন্ট হাতবদলের সুযোগ কাজে লাগিয়ে আরও ওপরে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। এছাড়া স্লো ওভার রেটের কারণে যেন কোনো পেনাল্টি পয়েন্ট কাটা না যায়, সেদিকেও সতর্ক থাকতে হবে টাইগারদের।

ডারউইনের এই ঐতিহাসিক জয় প্রমাণ করে দিয়েছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন আর কেবল অংশ নেওয়া দল নয়। এই ছন্দ ও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০২৭ সালের লর্ডস ফাইনালের দৌড়ে শক্তিশালী এক প্রতিপক্ষ হিসেবেই লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে হেরে কিছু পয়েন্ট হারালেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (৭৭.৭৮ শতাংশ)। দুইয়ে দক্ষিণ আফ্রিকা (৭৫.০০ শতাংশ) এবং তিনে রয়েছে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ)।

এরপরই চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ (৬৬.৬৭%), টাইগারদের নিচে রয়েছে যথাক্রমে ভারত (৪৮.১৫%), শ্রীলঙ্কা (৪১.৬৭%), ইংল্যান্ড (২৪.৩৬%), পাকিস্তান (২২.২২%) ও ওয়েস্ট ইন্ডিজ (২০.৮৩%)।




বিআইডব্লিউটিএতে ‘রহিম সিন্ডিকেটের’ দাপট ভুয়া বিল, জ্বালানি তেল লোপাট ও ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ; ঢাকাসহ বিভিন্ন এলাকায় শতকোটি টাকার সম্পদের দাবিও

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার প্রভাব, কথিত রাজনৈতিক ছত্রচ্ছায়া, ভুয়া বিল-ভাউচার এবং নির্দিষ্ট ঠিকাদারদের নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেট—এসবের সমন্বয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছে বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুর রহিম।

অভিযোগকারীদের দাবি, দীর্ঘ সময় ধরে প্রশাসনিক ও প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে সরকারি অর্থের অপব্যবহার, জাহাজের জ্বালানি ব্যবহারে কারসাজি এবং নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার ব্যবহার করে অর্থ আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি, আর্থিক হিসাব, সম্পদের মালিকানা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই ছাড়া কোনো অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করা যায় না।

রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ, পদায়ন নিয়ে প্রশ্ন

অভিযোগকারীদের ভাষ্য, আব্দুর রহিম পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর প্রশাসনিক প্রভাব অক্ষুণ্ন রয়েছে—এমন অভিযোগও রয়েছে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের।

সম্প্রতি তাঁকে বরিশালের ডিইপিটিসিতে প্রিন্সিপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করছেন।

তাঁদের প্রশ্ন, একজন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকলে সেগুলোর তদন্ত ও নিষ্পত্তি না করে তাঁকে এক পদ থেকে অন্য পদে দায়িত্ব দেওয়া হচ্ছে কেন?

অভিযোগকারীদের মতে, এ ধরনের পদায়ন যদি তদন্তের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তা প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করে।

অলস জাহাজ কাগজে সচল, জ্বালানি খরচের বিলও সচল!

আব্দুর রহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর বিষয়গুলোর একটি নারায়ণগঞ্জের নৌ-সংরক্ষণ ও পরিচালনা দপ্তরকে ঘিরে।

সূত্রের দাবি, ২৫০ টন উত্তোলনক্ষম উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাটে শীতলক্ষ্যা নদীতে দীর্ঘদিন অলস অবস্থায় পড়ে থাকলেও সরকারি নথিতে সেটিকে সচল দেখানো হয়েছে। একই সময়ে জাহাজটির নামে বিপুল পরিমাণ জ্বালানি তেলের বিল তোলা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে একই সময় আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশাল থেকে পরিচালিত হচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ ক্ষেত্রে জাহাজটি বাস্তবে কতদিন ও কত ঘণ্টা চলেছে, কত পরিমাণ জ্বালানি ব্যবহার করেছে এবং নথিতে উল্লেখ করা জ্বালানি খরচের সঙ্গে বাস্তব ব্যবহারের মিল রয়েছে কি না—এসব প্রশ্ন সামনে এসেছে।

অভিযোগকারীদের দাবি, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানেও নারায়ণগঞ্জ কার্যালয়ের নথিপত্রে জ্বালানি খরচের গরমিল ও আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অনুসন্ধান নথি ও সরকারি রেকর্ড স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

‘বাহার সিন্ডিকেটে’ বয়া–বিকনের কোটি টাকার কাজ?

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আন্তর্জাতিক প্রকল্পের আওতায় আমদানি করা বয়া-বিকন বাতির কাজকে ঘিরে।

অভিযোগকারীদের দাবি, আব্দুর রহিমের ঘনিষ্ঠ ঠিকাদার হিসেবে পরিচিত ‘বাহার’-এর সঙ্গে যোগসাজশে একটি ঠিকাদারি সিন্ডিকেট গড়ে ওঠে। ২০১৯-২০ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে কাজ দেওয়ার মাধ্যমে অন্য ঠিকাদারদের কার্যত প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, এসব কাজের ক্ষেত্রে ভুয়া বিল-ভাউচার ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে।

অভিযোগে উল্লিখিত কয়েকটি বিলের তথ্য হলো—

  • আখি এন্টারপ্রাইজ: টিপি-১৩৫-এর ভুয়া বিলের মাধ্যমে ৭ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ।
  • তানিয়া এন্টারপ্রাইজ: এমপি-১২-এর ভুয়া বিলের মাধ্যমে ৬ লাখ ৮১ হাজার টাকা এবং স্পিডবোট-১ মেরামতের নামে ৮ লাখ ৮১ হাজার ১০০ টাকা আত্মসাতের অভিযোগ।
  • তানজিল ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস: টিপি-৮০-এর ভুয়া বিলের মাধ্যমে ৭ লাখ ১৩ হাজার ৩৫২ টাকা এবং টিপি-১৭৩-এর নামে ৯ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ।
  • আলিফ এন্টারপ্রাইজ: টিপি-৪৫-এর ভুয়া বিলের মাধ্যমে ৪ লাখ ৯৮ হাজার ১৫১ টাকা আত্মসাতের অভিযোগ।

তবে এসব অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কার্যাদেশ, বিল-ভাউচার, মাপজোক বই, কাজের পরিমাপ, মেরামত-সংক্রান্ত নথি, জাহাজের লগবুক এবং বাস্তবে কাজ সম্পন্ন হয়েছিল কি না—এসব নথি পর্যালোচনা করা জরুরি।

ঢাকা–সাভারে ‘সম্পদের পাহাড়’, অভিযোগের তালিকা দীর্ঘ

অভিযোগকারীদের দাবি, ভুয়া বিল-ভাউচারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে আব্দুর রহিম ঢাকা, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং তাঁর নিজ জেলা পাবনায় বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন।

অভিযোগে উল্লিখিত সম্পদগুলোর মধ্যে রয়েছে—

 উত্তর মুগদা: ‘আলিফ গার্ডেন’ (৫৮/৩০/গ)-এ দুটি অত্যাধুনিক ফ্ল্যাট এবং ঝিলপাড় রোডের ৫৪ নম্বর বাড়িতে দুটি ফ্ল্যাট। অভিযোগকারীদের হিসাবে এসব সম্পদের মূল্য প্রায় ৫ কোটি টাকা।

কেরানীগঞ্জ: ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে ঠিকাদার বাহারের সঙ্গে যৌথ মালিকানায় একটি বড় ডকইয়ার্ড থাকার অভিযোগ রয়েছে। অভিযোগে এর মূল্য প্রায় ১০০ কোটি টাকা বলা হয়েছে।

আশুলিয়া: ইসলামনগরে আরএস দাগ-১৮৩৩-এর ১০ কাঠা জমির ওপর আব্দুর রহিম ও লিমা তাবাসসুমের নামে পাঁচতলা ভবন রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগিত মূল্য প্রায় ২০ কোটি টাকা।

সাভার: কাঠগড়ায় চার ইউনিটের সাততলা ভবন এবং সাভার বাজারের অন্ধ মার্কেটের দ্বিতীয় তলায় দুটি দোকান থাকার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের হিসাবে এসব সম্পদের মূল্য ২০ কোটি টাকার বেশি।

মোহাম্মদপুর: হাউজিং এলাকায় প্রায় ৬ শতাংশ মূল্যবান জমি থাকার অভিযোগ রয়েছে, যার অভিযোগিত মূল্য প্রায় ৭ কোটি টাকা।

এ ছাড়া রামপুরা ও হাতিরপুলে একাধিক ফ্ল্যাট-বাড়ি এবং ঢাকা ও সাভারে নিজের ও বেনামে আরও জমি ও প্লট থাকার অভিযোগও করা হয়েছে।

তবে এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য, অর্থের উৎস কিংবা কোনো সম্পদ বেনামে রাখা হয়েছে কি না—এসব নিশ্চিত করতে ভূমি রেকর্ড, দলিল, নামজারি, আয়কর নথি, ব্যাংক লেনদেন এবং সম্পদ বিবরণী যাচাই করা প্রয়োজন।

পাবনায় ‘শতকোটি টাকার’ সম্পদের অভিযোগ

আব্দুর রহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সবচেয়ে বিস্ফোরক অংশ তাঁর গ্রামের বাড়ি পাবনাকে ঘিরে।

অভিযোগকারীদের দাবি, নিজ গ্রামের আশপাশে প্রভাব খাটিয়ে একটি বড় সনাতন ধর্মাবলম্বী পরিবারের বাড়ি দখল অথবা ক্রয়ের মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। অভিযোগে ওই সম্পদের মূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জমির দলিল, মালিকানা রেকর্ড, ক্রয়-বিক্রয়ের নথি, অর্থের উৎস এবং সংশ্লিষ্ট পরিবারের বক্তব্য যাচাই করা প্রয়োজন।

অভিযোগের পরও ব্যবস্থা নেই কেন?

আব্দুর রহিমের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

তাঁদের অভিযোগ, এত গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ার পরও দৃশ্যমান ও কার্যকর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং বদলি কিংবা অতিরিক্ত দায়িত্ব দেওয়ার মাধ্যমে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।

অভিযোগকারীদের ভাষ্য, তদন্তের পরিবর্তে যদি শুধু পদায়ন বা দায়িত্ব পরিবর্তনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়, তাহলে তা অনিয়ম বন্ধের বদলে অভিযুক্ত কর্মকর্তার প্রশাসনিক অবস্থান আরও শক্তিশালী হওয়ার বার্তা দিতে পারে।

প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, রাজনৈতিক প্রতিশোধ নয়

আব্দুর রহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রতিটি দিক নথিভিত্তিক ও স্বাধীন তদন্তের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে—

  • জাহাজের লগবুক ও জ্বালানি ব্যবহারের হিসাব;
  • জ্বালানি ক্রয় ও সরবরাহের নথি;
  • ভুয়া বিল-ভাউচারের অভিযোগ;
  • ঠিকাদারি কার্যাদেশ ও টেন্ডার প্রক্রিয়া;
  • প্রকল্পভিত্তিক অর্থ ব্যয়ের হিসাব;
  • সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা ও পারস্পরিক সম্পর্ক;
  • কাজ বাস্তবে সম্পন্ন হয়েছিল কি না;
  • আব্দুর রহিম ও তাঁর পরিবারের নামে থাকা সম্পদের বৈধ উৎস;
  • ব্যাংক লেনদেন, আয়কর নথি ও সম্পদ বিবরণী—

এসব বিষয় যাচাই করা জরুরি। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অবৈধভাবে অর্জিত সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া উচিত। আবার অভিযোগের কোনো অংশ অসত্য হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন

বিআইডব্লিউটিএর সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের দাবি, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রশাসনিক প্রভাবের ভিত্তিতে নয়—প্রমাণ ও নথির ভিত্তিতে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি অর্থ ও সম্পদের ওপর কোনো ব্যক্তি বা সিন্ডিকেটের ব্যক্তিগত নিয়ন্ত্রণ মেনে নেওয়া যায় না।




৩ লাখ ৮৫ হাজার থেকে ৩২ লাখ: জোয়ার সাহারা ডিপোর বাস মেরামতে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপোর একটি বাসকে কেন্দ্র করে মেরামত ব্যয়, যন্ত্রাংশের হিসাব, ইনভেন্টরি এবং বাস্তব কাজের মধ্যে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে।

প্রাপ্ত নথিপত্রের চুলচেরা বিশ্লেষণে প্রশ্ন উঠছে—একই বাসের মেরামতের জন্য এক পর্যায়ে যেখানে প্রাক্কলিত ব্যয় ছিল মাত্র ৩ লাখ ৮৫ হাজার ৭২৫ টাকা, পরবর্তী সময়ে সেই ব্যয় কীভাবে বেড়ে দাঁড়াল ৩২ লাখ ৪৭ হাজার ২০০ টাকায় ? দুই প্রাক্কলনের ব্যবধান প্রায় ২৮ লাখ ৬১ হাজার ৪৭৫ টাকা। অর্থাৎ পরবর্তী প্রাক্কলনটি আগের তুলনায় প্রায় ৮.৪ গুণ বেশি। এই অস্বাভাবিক ব্যবধানই এখন পুরো মেরামত প্রক্রিয়াকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। আরও গুরুতর অভিযোগ হলো—ডিপোতে বাসটি অবস্থানকালে বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলা, নতুন যন্ত্রাংশ সংযোজনের নামে অতিরিক্ত ব্যয় দেখানো এবং কিছু যন্ত্রাংশের অস্তিত্ব না পাওয়ার মতো ঘটনা ঘটেছে। যদিও এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্ত ছাড়া চূড়ান্তভাবে বলা সম্ভব নয়, তবে বিদ্যমান নথি, প্রাক্কলন ও ইনভেন্টরি পাশাপাশি রাখলে তদন্তের যথেষ্ট কারণ স্পষ্ট হয়।

একই বাস, দুই প্রাক্কলন—ব্যয়ের ব্যবধান ২৮ লাখের বেশি : প্রাপ্ত নথি অনুযায়ী, আলোচিত বাসটির রেজিস্ট্রেশন নম্বর হিসেবে ঢাকা মেট্রো-ব-১১-৫৪৯৯ উল্লেখ রয়েছে। প্রস্তুতকাল ২০১১ এবং চালুর তারিখ ৫ অক্টোবর ২০১১ বলে সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লেখ আছে।
নথিতে বাসটির ইঞ্জিন, এসি সিস্টেম, গিয়ারবক্স, বৈদ্যুতিক ব্যবস্থা, বডি ও ছাদসহ একাধিক অংশে ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। একটি অকেজো ঘোষণাসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি দীর্ঘদিনের পুরোনো এবং স্থানীয় বাজারে যন্ত্রাংশ পাওয়া কঠিন ও ব্যয়বহুল হওয়ায় মেরামত আর্থিকভাবে লাভজনক হবে না।

photo collage.png (18)

কিন্তু এখানেই দেখা দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। : প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্ববর্তী পর্যায়ে বাসটির মেরামতের প্রাক্কলিত ব্যয় ছিল ৩,৮৫,৭২৫ টাকা। সংশ্লিষ্ট তথ্যের সঙ্গে স্মারক/চিঠি নং ৩১২, তারিখ, ১০/০৩/২০২৪-এর উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়ে ১৫/১২/২০২৫ তারিখের প্রাক্কলনে একই বাসের মেরামত ব্যয় দেখানো হয় ৩২,৪৭,২০০ টাকা। অর্থাৎ দুই প্রাক্কলনের মধ্যে পার্থক্য— ৩২,৪৭,২০০ – ৩,৮৫,৭২৫ = ২৮,৬১,৪৭৫ টাকা। শুধু ব্যয়ের অঙ্ক নয়, এই বিপুল পরিবর্তনের পেছনে কী কী নতুন কাজ, যন্ত্রাংশ ও শ্রম ব্যয় যুক্ত হয়েছে—তার পূর্ণাঙ্গ ব্যাখ্যাই এখন তদন্তের কেন্দ্রবিন্দু হওয়া উচিত।

‘অকেজো’ ঘোষণার নথিতেই আবার ৩২ লাখ টাকার মেরামত! : নথির আরেকটি অংশ আরও গুরুত্বপূর্ণ। মোটরযান অকেজো ঘোষণার জন্য প্রস্তুতকৃত বিবরণীতে বাসটির ইঞ্জিন, এসি সিস্টেম ও গিয়ারবক্স অকেজো বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বডি, ছাদসহ বিভিন্ন অংশের মেরামতের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। সেখানে বাসটির প্রান্তীয় উৎস/ক্রয়মূল্য ৩২,৪৭,২০০ টাকা-সংক্রান্ত একটি অঙ্কও দেখা যায়। পাশাপাশি মেরামতের সম্ভাব্য ব্যয় এবং মেরামত-পরবর্তী মূল্য নিয়ে তথ্য চাওয়া হয়েছে।

অন্যদিকে কমিটির পরিদর্শনসংক্রান্ত নথিতে বিভিন্ন যন্ত্রাংশের বর্তমান অবস্থা, আনুমানিক মূল্য এবং মেরামত ব্যয়ের আলাদা হিসাব সংযোজন করা হয়েছে। সেখানে ইঞ্জিন, কুলিং সিস্টেম, বৈদ্যুতিক ব্যবস্থা, ট্রান্সমিশন, সাসপেনশন, ব্রেক, টায়ার, বডি ও অন্যান্য যন্ত্রাংশের একাধিক আইটেমের বিপরীতে মূল্য ও মেরামত ব্যয়ের অঙ্ক রয়েছে।

কিন্তু প্রশ্ন হলো—একই বাসের জন্য কোন অঙ্কটি প্রকৃত ক্রয়মূল্য, কোনটি মেরামত ব্যয় এবং কোনটি বর্তমান/সংরক্ষিত মূল্য—তা নথিতে স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ কি না?

নথির OCR/অনুলিপিতে কয়েকটি অঙ্ক ও শব্দ বিকৃত হওয়ায় মূল স্বাক্ষরিত কপি যাচাই না করে কোনো একটি অঙ্ককে চূড়ান্ত ধরে নেওয়া সমীচীন নয়। তবে এই অস্পষ্টতাই বরং মূল নথি যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

যন্ত্রাংশ খুলে ফেলার অভিযোগ—কোথায় গেল সেগুলো ? অভিযোগের সবচেয়ে গুরুতর অংশ হলো বাসটি ডিপোতে অবস্থানকালে বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলার দাবি।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী ইনভেন্টরিতে যে যন্ত্রাংশগুলো বাসে থাকার কথা ছিল, পরবর্তী সময়ে সেগুলোর কিছু আর পাওয়া যায়নি। আবার নতুন যন্ত্রাংশ সংযোজনের নামে বিল-ভাউচার প্রস্তুতের অভিযোগও উঠেছে।

এখানে তদন্তকারীদের সামনে কয়েকটি সরাসরি প্রশ্ন—
পুরোনো যন্ত্রাংশগুলো কোথায় গেল ? সেগুলো খুলে নেওয়ার কোনো অনুমোদন ছিল কি না ? খোলা যন্ত্রাংশের জব্দ/স্টোর রেজিস্টার রয়েছে কি ?

স্ক্র্যাপ হিসেবে দেখানো হলে নিলাম বা নিষ্পত্তির কোনো নথি আছে কি ? নতুন যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে ক্রয়াদেশ, চালান, সরবরাহকারী, গ্রহণ কমিটি ও স্টোর রিসিভিং রিপোর্ট কোথায় ? বাসে বাস্তবে যেসব যন্ত্রাংশ লাগানো হয়েছে, সেগুলোর সিরিয়াল নম্বর বা প্রস্তুতকারকের তথ্য কি যাচাই করা হয়েছে ? এসব প্রশ্নের উত্তর মিললেই বোঝা যাবে—এটি নিছক হিসাবগত ভুল, নাকি এর আড়ালে আরও বড় কোনো আর্থিক অনিয়ম রয়েছে।

৩২ লাখ টাকার মেরামত—বাসের বাস্তব অবস্থার সঙ্গে কি সামঞ্জস্যপূর্ণ ?
পরিদর্শন কমিটির নথিতে বাসটির বিভিন্ন অংশের বিপরীতে আলাদা আলাদা আনুমানিক মূল্য ও মেরামত ব্যয়ের অঙ্ক দেখা যায়। ইঞ্জিন, সাইলেন্সার, রেডিয়েটর, ওয়াটার পাম্প, ফুয়েল সিস্টেম, ইনজেক্টর, ব্যাটারি, স্টার্টার, অল্টারনেটর, গিয়ারবক্স, ডিফারেনশিয়াল, সাসপেনশন, ব্রেক সিস্টেম, টার্বোচার্জার, টায়ার, বডি, ছাদ, যাত্রী সিটসহ বহু আইটেম অন্তর্ভুক্ত রয়েছে।

কিন্তু এতগুলো যন্ত্রাংশের বিপরীতে যে ব্যয় দেখানো হয়েছে, তার সঙ্গে বাসটির প্রকৃত বাজারমূল্য, অবশিষ্ট ব্যবহারযোগ্য জীবন, পূর্ববর্তী মেরামত ব্যয় এবং বাস্তবে প্রতিস্থাপিত যন্ত্রাংশের পরিমাণ তুলনা করা হয়েছে কি না—সেটিই এখন গুরুত্বপূর্ণ। কারণ, কোনো পুরোনো বাসের মেরামত ব্যয় যদি তার অর্থনৈতিক মূল্যকে ছাড়িয়ে যায়, তাহলে সেটি মেরামত করা আর্থিকভাবে যৌক্তিক কি না, সেটিও প্রশ্নের বিষয়।

নথিতেই যখন একদিকে বাসটিকে অতি পুরোনো এবং মেরামত-পরবর্তী আর্থিকভাবে অলাভজনক বলা হচ্ছে, অন্যদিকে বিপুল অঙ্কের মেরামত প্রাক্কলন তৈরি হয়েছে—তখন সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা যাচাই করা জরুরি।

৩৩টি অকেজো গাড়ি বিক্রির নথিও সামনে : একই সময়ের নথিপত্রে বিআরটিসির অকেজো ঘোষিত ৩৩টি গাড়ি বিক্রির বিষয়ও উঠে এসেছে। সেখানে মোট বিক্রয়মূল্য হিসেবে ১৬,১১,৫০০ টাকা এবং উৎসে কর কর্তনের অঙ্ক হিসেবে ১,১১,১৫২ টাকা-এর উল্লেখ রয়েছে। ২১/০৪/২০২৬ তারিখের একটি চিঠিতে বিক্রিত গাড়িগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধির কাছে ইনভেন্টরি মোতাবেক যথানিয়মে হস্তান্তরের নির্দেশনার কথাও রয়েছে। চিঠিতে বিভিন্ন ডিপোর গাড়ির সংখ্যা ও রেজিস্ট্রেশন নম্বরের তথ্য সংযুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে এই ৩৩টি গাড়ি বিক্রির প্রক্রিয়া এবং আলোচিত জোয়ার সাহারা বাসটির মেরামত-সংক্রান্ত ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র আছে—এমন দাবি করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো নেই। বরং অকেজো যানবাহনের মূল্যায়ন, মেরামত বনাম বিক্রির সিদ্ধান্ত এবং যন্ত্রাংশের হিসাব—এই তিনটি বিষয় আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।

‘অকেজো’ না ‘মেরামতযোগ্য’—সিদ্ধান্তের ধারাবাহিকতাই প্রশ্নবিদ্ধ ?
প্রাপ্ত কাগজপত্রে আরও একটি বিষয় তদন্তের দাবি রাখে। একটি নথিতে বাসটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ অকেজো হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং মেরামত আর্থিকভাবে লাভজনক হবে না বলে মতামত দেওয়া হয়েছে। আবার অন্য নথিতে একই বাসের বিভিন্ন যন্ত্রাংশ মেরামত/প্রতিস্থাপনের জন্য কয়েক দশ লাখ টাকার হিসাব সামনে এসেছে।

এখন প্রশ্ন— বাসটিকে প্রথমে কেন মেরামতের জন্য পাঠানো হয়েছিল ? তখনকার ৩ লাখ ৮৫ হাজার ৭২৫ টাকার প্রাক্কলনের ভিত্তি কী ছিল ? পরবর্তী সময়ে মাত্র এক-দেড় বছরের মধ্যে ব্যয় কেন প্রায় ৮.৪ গুণ বাড়ল ? এই বাড়তি ব্যয়ের জন্য নতুন কোনো কারিগরি সমীক্ষা হয়েছিল কি ? কোন কর্তৃপক্ষ নতুন প্রাক্কলন অনুমোদন করেছে ? প্রতিটি যন্ত্রাংশের ক্রয়মূল্য বাজারদরের সঙ্গে তুলনা করা হয়েছিল কি ? বাসটি বাস্তবে কত টাকার কাজ পেয়েছে—তার পরিমাপ বই, ওয়ার্ক অর্ডার, বিল এবং গ্রহণ সনদে কী আছে?
এসব প্রশ্নের উত্তর ছাড়া ৩২ লাখ ৪৭ হাজার ২০০ টাকার প্রাক্কলনকে স্বাভাবিক বলে মেনে নেওয়া কঠিন।

শ্রম ব্যয়ও চাই চুলচেরা যাচাই : শুধু যন্ত্রাংশের বিল নয়, মজুরি ও শ্রম ব্যয়ও এই তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। একটি পুরোনো বাসের মেরামতে কতজন শ্রমিক কতদিন কাজ করেছেন, প্রতিদিনের মজুরি কত, কোন কাজ অভ্যন্তরীণ কর্মীদের দিয়ে এবং কোন কাজ ঠিকাদার/বাহ্যিক কর্মীদের দিয়ে করানো হয়েছে—এসবের পূর্ণ হিসাব থাকা উচিত।
প্রয়োজনে তদন্তকারীদের মিলিয়ে দেখতে হবে—

মজুরি রেজিস্টার;
শ্রমিকদের উপস্থিতি;
কাজের সময়সূচি;
ওয়ার্কশপ জব কার্ড;
মেরামত কাজের পরিমাপ;
যন্ত্রাংশ গ্রহণ ও বিতরণ রেজিস্টার; ক্রয়াদেশ;
সরবরাহকারীর বিল;
ভ্যাট/কর চালান;
স্টোর রিসিভ ভাউচার;
পেমেন্ট ভাউচার;
ব্যাংক/চেকের মাধ্যমে অর্থ পরিশোধের রেকর্ড।
কারণ কাগজে শ্রম ব্যয় দেখানো আর বাস্তবে সেই শ্রম ব্যয় হওয়া—দুটি এক বিষয় নয়।

তদন্ত হলে বেরিয়ে আসতে পারে ‘পুরোনো ইনভেন্টরি বনাম নতুন ইনভেন্টরি’র রহস্য : এই ঘটনায় সবচেয়ে কার্যকর তদন্তের পথ হতে পারে একটি Before–After Inventory Audit। অর্থাৎ বাসটি প্রথমবার ওয়ার্কশপে পাঠানোর আগে যে ইনভেন্টরি ছিল, সেটি এবং ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের পরিদর্শন নথি পাশাপাশি রেখে প্রতিটি যন্ত্রাংশের হিসাব মিলিয়ে দেখা।

একটি একটি করে দেখা দরকার—আগে ছিল → পরে আছে কি না → খুললে কোথায় জমা হয়েছে → নতুনটি কেনা হয়েছে কি না → কেনা হলে কত দামে → বাসে লাগানো হয়েছে কি না → পুরোনোটি নিষ্পত্তি হয়েছে কীভাবে।

এই একটি তুলনামূলক অডিটই অভিযোগের বড় অংশের সত্যতা যাচাই করতে পারে।

নথির তারিখ নিয়েও স্পষ্টতা জরুরি : প্রাপ্ত তথ্যের একটি অংশে বাসটির ইনভেন্টরি প্রস্তুতের তারিখ হিসেবে ০৬/০১/২০২৪-এর উল্লেখ রয়েছে, আবার সংশ্লিষ্ট প্রাক্কলনের ক্ষেত্রে ১০/০৩/২০২৪ তারিখের চিঠি নং ৩১২-এর উল্লেখ পাওয়া যাচ্ছে। তাই প্রকাশের আগে মূল স্বাক্ষরিত নথি থেকে তারিখগুলো পুনরায় যাচাই করা জরুরি। একইভাবে OCR-রূপান্তরের কারণে রেজিস্ট্রেশন নম্বর, যন্ত্রাংশের নাম ও কয়েকটি আর্থিক অঙ্কে বিকৃতি দেখা যাচ্ছে। ফলে মূল নথির সত্যায়িত কপি, সংশ্লিষ্ট কমিটির স্বাক্ষর এবং অফিসিয়াল হিসাবরক্ষণ রেকর্ড ছাড়া কোনো বিকৃত অঙ্ককে চূড়ান্ত তথ্য হিসেবে ব্যবহার করা উচিত হবে না।

এখন প্রশ্ন বিআরটিসির কাছে : এই ঘটনায় বিআরটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া প্রয়োজন—
৩ লাখ ৮৫ হাজার ৭২৫ টাকা থেকে ৩২ লাখ ৪৭ হাজার ২০০ টাকা—এই বিপুল ব্যয় বৃদ্ধির কারিগরি ভিত্তি কী?
মেরামতের আগে ও পরে বাসটির পূর্ণাঙ্গ ইনভেন্টরি কোথায় ? খোলা পুরোনো যন্ত্রাংশের হিসাব কী ? নতুন যন্ত্রাংশের ক্রয়াদেশ ও বাজারদর যাচাই হয়েছে কি ? ৩২ লাখ ৪৭ হাজার ২০০ টাকার প্রতিটি আইটেমের বিপরীতে বাস্তবে কাজ হয়েছে কি ? মজুরি বাবদ কত টাকা ব্যয় হয়েছে এবং কতজন শ্রমিক কতদিন কাজ করেছেন ? মেরামত-পরবর্তী বাসটির বর্তমান মূল্য কত?
মেরামত করা অর্থনৈতিকভাবে লাভজনক না হলে এত বড় অঙ্কের মেরামত প্রাক্কলনের প্রয়োজন কেন হলো ?

শেষ কথা: তদন্তই এখন একমাত্র পথ : একটি সরকারি বাসের মেরামতকে ঘিরে প্রাক্কলনের অস্বাভাবিক উল্লম্ফন, যন্ত্রাংশের হিসাব নিয়ে অভিযোগ, পুরোনো ও নতুন ইনভেন্টরির অসঙ্গতি এবং শ্রম ও ক্রয় ব্যয়ের প্রশ্ন—সব মিলিয়ে ঘটনাটি নিছক একটি বাসের মেরামতসংক্রান্ত প্রশাসনিক বিষয় হিসেবে দেখার সুযোগ কমে গেছে।

তবে অভিযোগ মানেই অপরাধ প্রমাণ নয়। অর্থ আত্মসাতের অভিযোগ সত্য কি না, তা নির্ধারণের জন্য প্রয়োজন স্বাধীন, নিরপেক্ষ ও নথিভিত্তিক তদন্ত।

প্রয়োজনে বিআরটিসির অভ্যন্তরীণ নিরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞ, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং স্বাধীন তদন্তকারী দিয়ে বাসটির শারীরিক পরিদর্শন, যন্ত্রাংশের ফরেনসিক ইনভেন্টরি, বাজারদর যাচাই এবং বিল-ভাউচারের অডিট করা যেতে পারে।

কারণ প্রশ্নটি শুধু একটি বাসের নয়—সরকারি অর্থে কেনা প্রতিটি নাট-বল্টু, প্রতিটি যন্ত্রাংশ এবং প্রতিটি শ্রমঘণ্টার হিসাব জনগণের কাছে জবাবদিহির বিষয়।

আর যদি তদন্তে প্রমাণ হয় যে পুরোনো যন্ত্রাংশ সরিয়ে ফেলা, অস্তিত্বহীন যন্ত্রাংশের বিল তৈরি, অতিরিক্ত মেরামত ব্যয় দেখানো কিংবা ভুয়া ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে—এটাই প্রত্যাশা।

এখন দেখার বিষয়, ৩ লাখ ৮৫ হাজার ৭২৫ টাকা থেকে ৩২ লাখ ৪৭ হাজার ২০০ টাকার এই অস্বাভাবিক যাত্রার পেছনে আসলে কী আছে—কারিগরি বাস্তবতা, হিসাবের ভুল, নাকি সরকারি অর্থের ওপর আরেকটি অদৃশ্য হাত?




আইইবির ফ্যামিলি লাউঞ্জে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনার অভিযোগ, প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক : ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ইআরসি ফ্যামিলি লাউঞ্জে স্ত্রী ও দুই শিশুসন্তানের সামনে জ্যেষ্ঠ প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী রনিকে লাঞ্ছনা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নজরুল ইসলাম ও সুজাউদ্দিন সুজন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী।

ভুক্তভোগীর অভিযোগ, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আইইবির ইআরসি ফ্যামিলি লাউঞ্জে যাওয়ার পর সেখানে উপস্থিত নজরুল ইসলাম তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। রনি নিজেকে আইইবি ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার হিসেবে পরিচয় দেওয়ার পরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁকে অপমান ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ তাঁর।

পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর ঘটনার প্রতিবাদ করেন রনি। তাঁর দাবি, এ সময় নজরুল ইসলাম তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি তাঁকে উদ্দেশ করে ‘আগামীকালের মধ্যে তোকে খেয়ে ফেলবো’—এ ধরনের বক্তব্য দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

‘থাপ্পড় দিয়ে দাঁত খুলে ফেলার’ হুমকির অভিযোগ : ঘটনার একপর্যায়ে সুজাউদ্দিন সুজন নামের আরেক ব্যক্তি ঘটনাস্থলে এসে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন বলে অভিযোগ করেন রনি। তাঁর দাবি, ওই ব্যক্তি প্রকাশ্যে তাঁকে ‘থাপ্পড় দিয়ে দাঁত খুলে ফেলার’ হুমকি দেন। একটি পেশাজীবী সংগঠনের ফ্যামিলি লাউঞ্জে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এমন আচরণের অভিযোগ ঘিরে প্রশ্ন উঠেছে আইইবির অভ্যন্তরীণ পরিবেশ ও সদস্যদের নিরাপত্তা নিয়েও।

প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহারের অভিযোগ : ভুক্তভোগীর আরও অভিযোগ, ঘটনার সময় নজরুল ইসলাম নিজেকে এ্যাবের সদস্য সচিব শোয়েব বাঁশরী হাবলুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেন। রনির দাবি, নজরুল ইসলাম নিজেকে হাবলুর ‘গুরু ও বড়ভাই’ হিসেবে পরিচয় দিয়ে সংগঠনের ওপর নিজের প্রভাবের কথা উল্লেখ করেন। তবে এ বক্তব্য ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সালিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন : ঘটনার পর বিষয়টি মীমাংসায় সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফজলে রাব্বী রনি। তবে প্রস্তাবিত সালিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রনির অভিযোগ, ১৬ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠেয় সালিশে এমন ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে, যাঁদের সঙ্গে অভিযুক্তদের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। ফলে ওই প্রক্রিয়ার মাধ্যমে নিরপেক্ষ বিচার পাওয়া যাবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভুক্তভোগী ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ ও জ্যেষ্ঠ প্রকৌশলীদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সরাতে চাপের অভিযোগ : ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার চেয়ে দেওয়া পোস্ট মুছে ফেলতে তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন রনি। তাঁর দাবি, শাহাদাত মাছুম নামের এক ব্যক্তির মাধ্যমে পোস্টটি সরিয়ে নেওয়ার জন্য তাঁকে মানসিক চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিজের পাশাপাশি স্ত্রী ও দুই শিশুসন্তানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিন দফা দাবি : ঘটনার পর ভুক্তভোগী প্রকৌশলীর পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো—অভিযোগের সুষ্ঠু তদন্ত করে নজরুল ইসলাম ও সুজাউদ্দিন সুজনের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ; পক্ষপাতমুক্ত তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা,সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট মুছে ফেলতে চাপ বা হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ফজলে রাব্বী রনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত। পরিবার নিয়ে একটি প্রতিষ্ঠানের ফ্যামিলি লাউঞ্জে গিয়ে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া তাঁর কাছে অত্যন্ত অপমানজনক ও উদ্বেগজনক। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অভিযোগগুলোর বিষয়ে নজরুল ইসলাম, সুজাউদ্দিন সুজন, শোয়েব বাঁশরী হাবলু ও শাহাদাত মাছুমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে সংযোজন করা হবে। তবে অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানা জরুরি।




এমপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য (এমপি) আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়সল বিশ্বাস নামের একজনের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমপি আইনুল হক বলেন, দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। এ সময় কিছু দুষ্কৃতকারী হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালিয়েছে। একজন সংসদ সদস্য হয়েও তিনি বর্তমানে নিরাপদে নেই বলেও দাবি করেন তিনি।

এ সময় এমপির সঙ্গে থাকা ফয়সল বিশ্বাস ফেসবুক লাইভে এসে অভিযোগ করে বলেন, ‘জামায়াতে ইসলামীর ইন্ধনে ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা এমপির গাড়িবহরে হামলা চালিয়েছে।’

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি নির্মাণের জন্য কয়েকটি স্থান নিয়ে আলোচনা চলছে। বেশ কয়েকটি এলাকা থেকে জোড় দাবি জানানো হয়েছে প্রতিষ্ঠানটি স্থাপনের জন্য।

এমন পরিস্থিতিতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের স্থান নির্ধারণ বিষয়ে আলোচনার জন্য রায়গঞ্জ পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। আজ শনিবার বিকেলে ধানগড়া বাজারে পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হক।

শামসুল ইসলামের অভিযোগ, সভায় স্থানীয় বিএনপির পাশাপাশি জামায়াত, শিবির নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। জামায়াত, শিবির নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা সভার শুরুতেই ধানগড়ায় সেন্টারটি নির্মাণের দাবিতে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ অবস্থায় সংসদ সদস্য এটির স্থান নির্বাচনে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করে চলে যাওয়ার মুহূর্তে আচমকা তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’




রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হতে পারে বলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে দাখিল করা হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৪টা পর্যন্ত শেষ সময় ছিল। বিকেল ৪টা পর্যন্ত আমরা তিনটা মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র পেয়েছি। আর কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র পেয়েছি।

তিনি বলেন, তাদের মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কি না, তা আজ যাচাই-বাছাই করা হবে। এই যাচাই-বাছাইয়ে আমাদের সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা আসবেন এবং ওনাদের স্বাক্ষরগুলো ভেরিফিকেশন করবেন।

তিনি জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।