সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্টেটাস কো অমান্যর অভিযোগ: এশিয়া পোস্টের সাংবাদিক জমশেদ নাজিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া মৌজার বিরোধপূর্ণ ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রকাশিত একটি অনলাইন সংবাদকে কেন্দ্র করে এশিয়া পোস্টের সাংবাদিক জমশেদ নাজিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের দাবিদার পক্ষ। তাদের অভিযোগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রকৃত বিষয়বস্তু উপেক্ষা করে একতরফা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা আদালতের নির্দেশনার ভুল ব্যাখ্যা তৈরি করতে পারে।

অভিযোগকারী পক্ষের দাবি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেওয়ানি পিটিশন নং-১৫২১/২০২১-এর আদেশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে স্থিতাবস্থা (Status Quo) বজায় থাকবে। অর্থাৎ, কোনো পক্ষই জমিতে নতুন করে নির্মাণকাজ, দখল পরিবর্তন বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তাদের অভিযোগ, আদালতের এই নির্দেশনা বহাল থাকা সত্ত্বেও একটি ডেভেলপার প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন সময় জমিতে কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয়েছে।

একই সঙ্গে কিছু সংবাদকর্মীও প্রকৃত তথ্য, আদালতের আদেশ ও সংশ্লিষ্ট নথিপত্র যথাযথভাবে যাচাই না করেই সংবাদ প্রকাশ করেছেন বলে তারা দাবি করেন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ১৪ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত এশিয়া পোস্টের প্রতিবেদনে পুরোনো একটি ছবি ব্যবহার করা হয় এবং এমন কিছু তথ্য উপস্থাপন করা হয়, যা তাদের মতে আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। তারা আরও দাবি করেন, সংবাদ প্রকাশের আগে সাংবাদিক জমশেদ নাজিমকে মামলার নথি ও আদালতের নির্দেশনা সম্পর্কে অবহিত করা হলেও তা প্রতিবেদনে প্রতিফলিত হয়নি।

অভিযোগকারী পক্ষের আরও দাবি, বিরোধপূর্ণ জমি নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং আদালতের আদেশ যথাযথভাবে যাচাই করা সাংবাদিকতার মৌলিক নৈতিক দায়িত্ব। একতরফা বা যাচাইবিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হলে তা পেশাগত দায়িত্বের পরিপন্থী। এলাকাবাসীর দাবি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করা হোক। একই সঙ্গে, যদি কোনো ব্যক্তি বা গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রকাশ করে থাকে, তবে প্রচলিত আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। তাই কোনো বিরোধপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশের আগে তথ্য-প্রমাণ যাচাই, আদালতের আদেশ পর্যালোচনা এবং সব পক্ষের বক্তব্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট রাখতে পারে।




হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান

ইরানের সঙ্গে যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ইরানেরই ছিল, আছে এবং থাকবে। কখন প্রণালী বন্ধ বা খোলা হবে, সেই সিদ্ধান্তও তেহরানই নেবে বলে জানিয়েছে দেশটি।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাদ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নিউইয়র্কের পুলিশ একাডেমি সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্সে স্থানীয় সময় শুক্রবার দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করতে যাচ্ছি।’

ট্রাম্পের এ বক্তব্যের পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালী ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে’।

তার দাবি, ইরানের ‘কৌশলগত পরাজয়’ মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীর ওপর অবরোধ অব্যাহত থাকবে এবং কখন এটি বন্ধ বা খোলা হবে, সেই সিদ্ধান্ত ইরানই নেবে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের সময়ই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। কেপলার ডেটা অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে এবং কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজের চলাচল দেখা যায়নি। বৃহস্পতিবার নয়টি এবং বুধবার পাঁচটি জাহাজ পার হয়েছে। অথচ আগস্ট মাসে গড়ে প্রতিদিন ১২টি জাহাজ এ পথ ব্যবহার করছে।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ চলাচল করতো। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ কার্যকর করতে ১৪ আগস্ট পর্যন্ত তাদের বাহিনী ৬২টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, তিনটি অচল করেছে এবং দুটি জাহাজে তল্লাশি চালিয়েছে।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেলেও এর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আরও তীব্র হয়েছে। একদিকে ওয়াশিংটন সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে, অন্যদিকে তেহরান প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নিজেদের কর্তৃত্বের দাবি জোরালো করছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষই আনুষ্ঠানিক আলোচনায় ফেরার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

  • হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে: ট্রাম্প

সূত্র: আনাদোলু এজেন্সি




১৫ আগস্ট ঘিরে রাজধানীতে মোতায়েন থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিট

ডেস্ক নিউজ : ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেসোয়াট, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বমোতায়েন থাকবে।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ডিএমপি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

এ লক্ষ্যে যেসব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে আছে-

*রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে।

*মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।

*ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন।

*সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।

*গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় থাকবে।

*সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবে। এ ছাড়া সার্বিক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে।

*যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন থাকবে।

*স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় মোতায়েন থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে।

*ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।




পশ্চিম তীরের শেষ খ্রিষ্টান শহরটিও এখন ইসরায়েলিদের নিশানায়

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের একমাত্র ও শেষ খ্রিষ্টান অধ্যুষিত শহর তাইবেহ। একসময় নিরাপদ ও শান্ত হিসেবে পরিচিত ঐতিহাসিক এই শহরটির বাসিন্দারা এখন চরম আতঙ্কে দিন পার করছেন। গত কয়েক বছরে শহরটিতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, জমি দখল ও লুটপাট ভয়াবহ আকার ধারণ করেছে।

রোলান্ড বাসির নামের এক স্থানীয় বাসিন্দা দীর্ঘ ২০ বছর ধরে প্রায় ৫০ লাখ ডলার বিনিয়োগ করে শহরের প্রান্তে একটি পাথরখনি ও কারখানা গড়ে তুলেছিলেন। কিন্তু সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমাগত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে বাধ্য হয়ে তাঁকে ব্যবসা ছেড়ে দিতে হয়েছে। শুধু রোলান্ড নন, স্থানীয় ব্যক্তিদের কৃষিজমি, জলপাইবাগান ও পানির কূপগুলোও একে একে দখল করে নিচ্ছে ইসরায়েলিরা।

আতঙ্ক এখন স্থানীয় ব্যক্তিদের নিত্যসঙ্গী। রোলান্ডের স্ত্রী সান্দ্রা বাসির আত্মরক্ষার্থে ঘরে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখেন। রাতে ঘুমানোর আগে দরজা বন্ধ করেছেন কি না, বারবার পরখ করে দেখেন, পাহারার জন্য রেখেছেন কুকুরও। ভয়ে তাঁদের সাত বছরের ছেলের বাইরে খেলাধুলা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।

অন্যদিকে ঐতিহ্যবাহী তাইবেহ ব্রুয়ারির (বিয়ার উৎপাদন) ব্যবসাও হুমকির মুখে। এর পরিচালক মাদিস খৌরি জানান, তাঁদের আয় আগের চেয়ে ৮০ শতাংশ কমে গেছে। বসতি স্থাপনকারীরা তাঁদের পানির প্রধান উৎস ‘আইন সামিয়া’ ঝরনা এবং ব্যক্তিগত খামারও দখল করেছে। ফিলিস্তিনি বেসামরিক প্রশাসনের অধীনে থাকা ‘এলাকা বি’-তেও নতুন ফাঁড়ি বসিয়ে জমি দখল করছে ইসরায়েলিরা।

হামলা ঠেকাতে ৯ আগস্ট ইসরায়েলি সেনাবাহিনী তাইবেহকে ‘সামরিক অভিযানের আওতাধীন এলাকা’ ঘোষণা করলেও পরিস্থিতি বদলায়নি। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, এই আদেশের ফলে শহরটি আরও একঘরে হয়ে পড়েছে। বসতি স্থাপনকারীরা ঠিকই নির্বিঘ্নে তাদের হামলা ও দখলদারি চালিয়ে যাচ্ছে। পুলিশ বা প্রশাসন ডাকলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

ভয়, নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক ধসের কারণে গত দুই বছরে অন্তত ১৫টি পরিবার শহর ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। বন্ধ হয়ে গেছে পর্যটনও।

তবে ক্রমাগত হামলা ও সব হারানোর ভয় থাকলেও নিজেদের মাটি আঁকড়ে থাকতে চান অনেকে। তাইবেহ শহরের মেয়র সুলেইমান খৌরিয়াহ বলেন, ‘প্রভু যিশুখ্রিষ্ট যখন এই শহরে হেঁটেছিলেন, তখন থেকেই আমরা এখানে আছি। এটি আমাদের শহর। আমরা এ জায়গা ছেড়ে যাব না। আমাদের মৃত্যু হলেও আমরা এখানেই সমাহিত হব। কারণ, এটি পবিত্র ভূমি।’




ইলিশ চাইতে ঢাকায় আসছে পশ্চিমবঙ্গের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে এখনো ইলিশ না পেয়ে তা পাওয়ার অনুরোধ জানাতে ঢাকায় আসছে ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধিদল। আগামী সোমবার তারা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশের বাণিজ্য সচিব আতাউর রহমান খানের সঙ্গে বৈঠক করবে তারা।

ভারতীয় এক সংবাদমাধ্যম এ বলা হয়, বৈঠকেই পশ্চিমবঙ্গের প্রতিনিধিদল তাদের রাজ্যে ইলিশ রপ্তানি করার অনুরোধ করবে। পশ্চিমবঙ্গের আমদানিকারক সংগঠনের নেতা অতুলচন্দ্র দাস বলেন, ‘আশা করছি বৈঠক ফলপ্রসূ হবে।’

গত বছর বাংলাদেশ সরকার ৩৭টি সংস্থাকে ৫ অক্টোবরের মধ্যে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল। সেটা ছিল দুর্গাপূজার সময়। তিস্তার পানিবণ্টন নিয়ে জটিলতা ও কূটনৈতিক টানাপোড়েনের জেরে ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। সরকারিভাবেই তা জানিয়ে দিয়েছিল বাংলাদেশ সরকার। তারপর ২০১৯ সালে ফের পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করে, তবে তা দুর্গাপূজা উপলক্ষে বন্ধুত্বের নিদর্শন হিসাবে। পশ্চিমবঙ্গের বনগাঁর পেট্রাপোল-বাংলাদেশের যশোরের বেনাপোল দিয়ে এ ইলিশ রপ্তানি করা হয়।

পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ গতবারও চেষ্টা চালিয়েছিলেন যাতে করে বেশি ইলিশ নেওয়া যায় বাংলাদেশ থেকে। এবারও সেই চেষ্টা করছেন। পদ্মার ইলিশ এক কেজি ওজনের বেশি হলেই পশ্চিমবঙ্গে তা আড়াই হাজার রুপি পর্যন্ত প্রতি কেজি দাম ওঠে। এবার পশ্চিমবঙ্গের দিঘা, নামখানায় ইলিশের জোগান যথেষ্ট রয়েছে। তবে বড় ইলিশ নেই। এখন পর্যন্ত এক কেজি ওজনের ইলিশ এসেছে একেবারে নামমাত্র।

দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা, পশ্চিমবঙ্গ ফিশ ট্রেডার্স ও ট্রলার মালিকদের সংগঠনের নেতা বিজন মাইতি বলেছেন, ‘গত পাঁচ-ছয় দিন খুবই ভালো ইলিশ উঠেছে। তবে আবহাওয়া খারাপ থাকায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তারপর যদি ভালো পরিমাণ মাছ ওঠে তো বলতে হবে গতবারের চেয়ে জোগান বেশি। না হলে গতবারের মতোই থাকবে।’




রাঙামাটিতে পানিতে ডুবে শিশু নিহত

ডেস্ক নিউজ : রাঙ্গামাটির বাঘাইছড়ি  উপজেলার খেদারমারা  ও সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় বন্যার পানিতে ডুবে অনুষ্কা চাকমা (৫)  ও আন্দারা চাকমা (১২) দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগষ্ট)  দুপুরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটে।

অনুষ্কা চাকমার বাবা সুজিত বিকাশ চাকমা জানান, অনুষ্কা বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় পরে তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায় আন্দারা চাকমা (১২)।
আন্দারা চাকমার বাবা লক্ষিরঞ্জন চাকমা  জানান তার ছেলে গত ১১ আগস্ট দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করেও পাওয়াযায়নি। ৩ দিনপর আজ দুপুরে ভাসমান অবস্থায় তার উদ্ধার করা হয়েছে।

দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জুলফিকার ইসলাম জানান ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক তদন্তে মনে হয়েছে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

​খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত সুজিত বিকাশ চাকমার বাড়িতে ছুটে যান। তিনি নিহত শিশুর পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।




সামনে কঠিন পথ, তবু জয়ের আশা অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে মাত্র ১৯৮ রানে। ২ উইকেট হারিয়েই লিড নিয়ে ফেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে নাজমুল হোসেনের দল এগিয়ে ১৫৩ রানে, হাতে এখনো ৪ উইকেট। ডারউইন টেস্টের প্রথম দুই দিনে বাংলাদেশের দাপট দেখে কেউ কেউ তো অস্ট্রেলিয়ার হারও দেখে ফেলছেন।

তবে যে দলের ডিএনএতে আছে শেষ পর্যন্ত হার না মানার মানসিকতা, তারা কি আর এত দ্রুত হাল ছাড়ে! দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বো ওয়েবস্টারের কণ্ঠেও শোনা গেছে একই প্রতিধ্বনি।

সামনের কাজ কঠিন মেনে নিয়েও ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার বিশ্বাস, সবাই এখনো হিসাব-নিকাশ করছে কীভাবে এই ম্যাচটা জেতা যায়। অবশ্যই আমাদের প্রথম লক্ষ্য হবে শেষের এই চারটি উইকেট যত দ্রুত সম্ভব তুলে নেওয়া। তারপর হয়তো টানা দুই দিন খুব ভালো ব্যাটিং করতে হবে—যা নিঃসন্দেহে কঠিন কাজ হবে। তবে ছেলেদের নিজেদের সামর্থ্যের ওপর পুরো ভরসা আছে এটা করে দেখানোর।’

প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ভালো করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। স্টিভেন স্মিথ ছাড়া ত্রিশের ঘরেও পৌঁছাতে পারেননি। তবে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান সেঞ্চুরি পেয়েছেন, অধিনায়ক নাজমুলও করেছেন ৮৪ রান। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে।

ওয়েবস্টার মনে করেন এখন উইকেটের ধরনে কিছুটা বদল এসেছে, ‘মাঠে আজ বেশ গরম ছিল, তবে উইকেট দেখে মনে হচ্ছিল এটা আগের চেয়ে কিছুটা ফ্ল্যাট বা ব্যাটিংয়ের উপযোগী হয়ে এসেছে—প্রথম দিনের সকালের মতো আর অতটা কঠিন ছিল না।’

তবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি, ‘তারা সত্যিই খুব ভালো ব্যাট করেছে। আমরা উইকেট পাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়ার চেষ্টা করেছি—ওয়াইড বল, সোজা বল, স্পিন, বাউন্সার—যেন একটা উইকেট পেয়ে ওদের চেপে ধরা যায়। কিন্তু হ্যাঁ, তারা চমৎকার ব্যাটিং করেছে ও আগামীকাল আমাদের নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।’




এবার ‘ক্রাইম পেট্রল’ উপস্থাপনায় অজয় দেবগন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগনকে এবার জনপ্রিয় অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে দেখা যাবে।

নতুন মৌসুমে আলোচিত ও চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরা হবে। অজয়ের দৃঢ় উপস্থিতি ও কণ্ঠে এসব ঘটনার নানা দিক দর্শকদের সামনে তুলে ধরা হবে।

প্রচারমূলক ভিডিওতে অজয় দর্শকদের ভয় না পেয়ে চারপাশের মানুষ ও পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, অনুষ্ঠানটির মাধ্যমে অপরাধের ঘটনা তুলে ধরার পাশাপাশি মানুষকে সচেতন করাও গুরুত্বপূর্ণ।

নতুন মৌসুমে এমন কিছু ঘটনা তুলে ধরা হবে, যেগুলো পুরো দেশকে নাড়া দিয়েছে। এসব ঘটনা দর্শকদের ভয় পাওয়ার বদলে কঠিন পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকতে হবে, সে বিষয়ে সচেতন করবে বলে জানিয়েছেন অজয়।

‘ক্রাইম পেট্রোল—ক্রাইম কা কারেন্ট সিজন’ শুরু হবে আগামী ৩১ আগস্ট। প্রতি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভে অনুষ্ঠানটি প্রচারিত হবে।




দুদকের অনুসন্ধানে অভিযোগের অবসান : তবু বিতর্কের কেন্দ্রে বিআইডব্লিউটিএর প্রকৌশলী সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমানকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগ ও পাল্টা বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। একদিকে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগের কথা সামনে এসেছে, অন্যদিকে সংশ্লিষ্ট নথিতে দেখা যাচ্ছে—তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরিসমাপ্ত করা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারক নম্বর ০০.০১.০০০০.০০০.৫০১.০১.০০৩৭.১৭.১৫ পত্রে এ তথ্যের উল্লেখ রয়েছে। পত্রটিতে বলা হয়েছে, উল্লিখিত অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক অভিযোগটি চূড়ান্তভাবে পরিসমাপ্ত ঘোষণা করা হয়েছে। ফলে সাইদুর রহমানকে ঘিরে প্রকাশিত অভিযোগগুলোর ক্ষেত্রে কোনটি নথিভিত্তিক, কোনটি অভিযোগমাত্র এবং কোনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধানে প্রমাণিত হয়নি—তা পৃথক করে দেখার প্রয়োজনীয়তা সামনে এসেছে। ‘অভিযোগের আড়ালে স্বার্থান্বেষী মহল ?’ বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের একটি অংশের দাবি, দীর্ঘ কর্মজীবনে সাইদুর রহমান পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার কারণে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে জায়গা করে নিয়েছেন।

তাঁদের ভাষ্য, প্রতিষ্ঠানের স্বার্থে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত। অভিযোগ সত্য হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কারও আপত্তি থাকার কথা নয়। তবে তদন্ত বা যাচাইয়ের আগে কোনো অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করা সমীচীন নয়। ওই কর্মকর্তা আরও বলেন, যেসব প্রকল্প, সিদ্ধান্ত বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেসব ক্ষেত্রে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর প্রকৃত দায়িত্ব, এখতিয়ার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটুকু ছিল—সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। কারণ কোনো প্রকল্পের সঙ্গে একজন কর্মকর্তার নাম যুক্ত থাকলেই সংশ্লিষ্ট সব সিদ্ধান্তের দায় তাঁর ওপর বর্তায় না; প্রকৃত ভূমিকা নির্ধারণে সংশ্লিষ্ট নথি ও প্রশাসনিক কাঠামো পর্যালোচনা জরুরি।

সহকর্মীদের কণ্ঠে আস্থার প্রতিধ্বনি : সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা বলেন, দীর্ঘ কর্মজীবনে একজন প্রকৌশলী হিসেবে সাইদুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার কারণেই তিনি বর্তমানে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তবে একই সঙ্গে ওই কর্মকর্তা স্বীকার করেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি উড়িয়ে না দিয়ে যথাযথভাবে যাচাই করা জরুরি। তাঁর মতে, অভিযোগের সত্যতা নির্ধারণের সবচেয়ে গ্রহণযোগ্য পথ হলো নথি যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজন হলে নিরপেক্ষ তদন্ত। দুদকের নথিতে কী আছে ? সাইদুর রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান পরিসমাপ্তির বিষয়টি এ বিতর্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের দুদকের সংশ্লিষ্ট পত্র অনুযায়ী, অভিযোগটি অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় তা চূড়ান্তভাবে পরিসমাপ্ত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, ওই অভিযোগের ক্ষেত্রে দুদকের অনুসন্ধানী প্রক্রিয়ার পর কোনো প্রমাণিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসেনি। তবে কোনো নির্দিষ্ট প্রকল্প বা সিদ্ধান্ত নিয়ে নতুন কোনো অভিযোগ থাকলে সেটির সত্যতা যাচাইয়ের বিষয়টি আলাদাভাবে বিবেচ্য—এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

সাইদুর রহমানের বক্তব্য: ‘সত্য কখনো চাপা থাকে না’ : নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও অভিযোগের বিষয়ে গণমাধ্যম কে বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান বলেন, কর্মজীবনে তিনি সবসময় প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। কোনো অনিয়ম বা অনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে পেশাগত দায়িত্ব পালন করাই তাঁর অবস্থান বলে জানান তিনি।

প্রকাশিত সংবাদগুলোর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতা সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অনুসন্ধান করা সাংবাদিকদের দায়িত্ব। তবে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়াও সাংবাদিকতার মৌলিক নীতি। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের সরবরাহ করা তথ্যের ওপর এককভাবে নির্ভর না করে সংশ্লিষ্ট নথি, সরকারি সিদ্ধান্ত, প্রকল্পের কাগজপত্র এবং প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত।

তিনি আরও বলেন, সত্য উদ্ঘাটনের জন্য সাংবাদিকদের অনুসন্ধানকে তিনি স্বাগত জানান। কিন্তু মিথ্যা, বানোয়াট কিংবা উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হলে শুধু একজন কর্মকর্তার ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হয় না; তাঁর পরিবার, সামাজিক অবস্থান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করে সাইদুর রহমান বলেন, সময়ই সবকিছুর নির্ণায়ক এবং সত্য কখনো চাপা থাকে না। প্রশ্ন এখন একটাই—অভিযোগের সত্যতা কোথায়? সাইদুর রহমানকে ঘিরে চলমান বিতর্কে তাই মূল প্রশ্ন দাঁড়িয়েছে—প্রকাশিত অভিযোগগুলোর পেছনে কী ধরনের নথি ও প্রমাণ রয়েছে, তাঁর প্রকৃত প্রশাসনিক ভূমিকা কতটুকু এবং কোনো অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান বা তদন্তের ফলাফল কী? একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি যেমন গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা প্রয়োজন, তেমনি অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন না করাও দায়িত্বশীল সাংবাদিকতার অংশ।

দুদকের নথিতে একটি অভিযোগের পরিসমাপ্তির তথ্য এবং সাইদুর রহমানের বিরুদ্ধে নতুন করে উত্থাপিত অভিযোগ—দুই বিষয়কে একই পাল্লায় না মেপে পৃথকভাবে যাচাই করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই যাচাইয়ের কেন্দ্রে থাকা উচিত নথি, প্রমাণ, সংশ্লিষ্টদের বক্তব্য এবং প্রকৃত দায়িত্বের সীমা। কারণ অভিযোগের শিরোনাম যতই চাঞ্চল্যকর হোক, শেষ কথা বলবে প্রমাণই।




এনডিটিভির প্রতিবেদন আগামী সপ্তাহে দুদিনের সফরে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন তারেক রহমান। আগামী সপ্তাহে তার সফরের সম্ভাবনা রয়েছে। এ সফর সামনে রেখে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে ঢাকা ও নয়াদিল্লি। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুদিনের সফরটিকে দুই প্রতিবেশী দেশের সুসংহত দ্বিপক্ষীয় আলোচনা হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। এই মুহূর্তে সফরের সুনির্দিষ্ট সময়সূচি ও আনুষ্ঠানিক রূপরেখা চূড়ান্তকরণের কাজ চলছে।

এনডিটিভি জানিয়েছে, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কানেক্টিভিটি এবং জ্বালানি খাতের সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যু স্থান পেতে পারে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। আগামী সেপ্টেম্বরে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের অধিবেশনে যোগ দেওয়ার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

দুই প্রতিবেশীর সম্পর্কের নতুন সমীকরণ

ঢাকা এবং নয়াদিল্লি উভয়ই প্রধানমন্ত্রী মোদি এবং তারেক রহমানের মধ্যকার বৈঠকটি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ নির্বাসন কাটিয়ে তারেক রহমানের ক্ষমতায় ফেরা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। সেইসঙ্গে ভারতকে ঢাকার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নতুন করে পুনর্বিন্যাস করতে বাধ্য করেছে।

এনডিটিভির বলছে, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কে দৃশ্যমান টানাপড়েন তৈরি হয়। ভারতে শেখ হাসিনার অবস্থান এবং বাংলাদেশ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক দাবির কারণে দুদেশের কূটনৈতিক দূরত্ব বাড়ছিল।

তবে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি দায়িত্ব নেয়ার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের গতি বেড়েছে। এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফর করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সর্বশেষ ১০ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় পরিবেশ স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন।

আলোচনার টেবিলে থাকতে পারে হাসিনার প্রত্যর্পণ, পানি বণ্টন ও বাণিজ্য ইস্যু

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এ সফরে সব অমীমাংসিত সংকটের তাৎক্ষণিক সমাধান না এলেও দুই রাষ্ট্রপ্রধানের সরাসরি বৈঠক দ্বিপক্ষীয় সংকট নিরসনে একটি কার্যকর রাজনৈতিক পথ তৈরি করবে। এ বৈঠকে বিশেষ অগ্রাধিকার পেতে যাচ্ছে পানি বণ্টন ইস্যু। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি’র মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ফলে চুক্তি নবায়নের বিষয়টি দুদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

তাছাড়া শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটিও আলোচনার টেবিলে উঠতে পারে। সম্প্রতি নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হওয়া নিয়ে ঢাকার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ এ ধরনের রাজনৈতিক কার্যক্রমে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরবচ্ছিন্ন নিরাপত্তা এবং কৌশলগত ভূ-রাজনীতির কারণে ঢাকার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা দিল্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঢাকার জন্য দিল্লির সহযোগিতা প্রয়োজন। ফলে আগামী সপ্তাহের এ বহুল প্রতীক্ষিত সফরটি দুদেশের নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে।