১৭ দেশে ২৫ বার ভ্রমণ, ১৭ বছর পেকুতে—গণপূর্ত প্রকৌশলী কাজী ফিরোজকে ঘিরে প্রশ্নের পাহাড়

# দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ক্রয়সংক্রান্ত ইউনিটে অবস্থান # সরকারি অর্থে ধারাবাহিক বিদেশ সফর ও প্রশাসনিক প্রভাবের অভিযোগ # ২০২৩ সালে বিদেশ সফরে ‘নিজের নাম নিজেই’ পাঠানোর অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) কাজী মো. ফিরোজ হাসানের দীর্ঘ চাকরিজীবন ঘিরে যেন প্রশ্নের শেষ নেই। প্রায় ২৮ বছরের চাকরিতে দীর্ঘ সময় ঢাকাকেন্দ্রিক দায়িত্ব, গুরুত্বপূর্ণ ক্রয় ও প্রকল্পসংশ্লিষ্ট ইউনিটে প্রায় ১৭ বছরের অবস্থান, সরকারি অর্থায়নে একাধিক দেশে ধারাবাহিক বিদেশ সফর এবং সাম্প্রতিক সময়ে প্রশাসনিক প্রভাব বিস্তারের নানা অভিযোগ—সব মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে বিস্তর আলোচনা ও সমালোচনা ।

গণপূর্ত অধিদপ্তরের পোস্টিং ও বিদেশ সফরসংক্রান্ত নথির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯৯৯ সালে চাকরিতে যোগ দেওয়ার পর কর্মজীবনের বড় একটি সময় তিনি ঢাকায় কাটিয়েছেন। বিশেষ করে ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ প্রায় ১৬ বছর পেকু-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এর আগে পিপিসি বিভাগেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। ফলে পিপিসি ও পেকু মিলিয়ে প্রায় ১৭ বছর একই ধরনের ক্রয় ও প্রকল্পসংশ্লিষ্ট কাঠামোর সঙ্গে যুক্ত থাকার বিষয়টি এখন নতুন করে আলোচনায়। অন্যদিকে সরকারি নথিতে মালয়েশিয়া, জাপান, মিসর, ইতালি, ডেনমার্ক, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, স্পেন, ভারত, তুরস্ক, বেলজিয়াম, গ্রিস, ফিনল্যান্ড ও বুলগেরিয়াসহ ১৭টি দেশে প্রশিক্ষণ ও সরকারি সফরের তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন নথির হিসাবে সফরের সংখ্যা ২৫টির কাছাকাছি বলে উল্লেখ রয়েছে। তবে কাজী ফিরোজ হাসানের বক্তব্য ভিন্ন। তিনি দাবি করেছেন, তিনি এতগুলো প্রশিক্ষণে যাননি এবং গণপূর্তে তার চেয়েও বেশি বিদেশ সফর করেছেন—এমন কর্মকর্তাও রয়েছেন। ফলে প্রশ্ন এখন একটাই—সরকারি নথি ও কর্মকর্তার বক্তব্যের মধ্যে প্রকৃত সত্য কোনটি ? চাকরির প্রায় পুরো সময় ঢাকায়, পেকুতেই দীর্ঘ অধ্যায় : নথি অনুযায়ী, কাজী মো. ফিরোজ হাসান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি খুলনা গণপূর্ত বিভাগ-১-এ স্টাফ অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। দেড় মাসের মাথায়, ১৬ মার্চ, তাকে সাভার গণপূর্ত বিভাগে বদলি করা হয়। ২০০১ সালের ফেব্রুয়ারিতে তিনি ঢাকার পিপিসি বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন।

এরপর একই বিভাগে উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের নভেম্বরে মাত্র প্রায় এক মাসের জন্য নেত্রকোনা গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করলেও ২৪ ডিসেম্বর ২০০৯-এ ফের ঢাকায় পেকু বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন। এরপর শুরু হয় দীর্ঘস্থায়ী অবস্থানের অধ্যায়। নথি অনুযায়ী, ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত নির্বাহী প্রকৌশলী এবং ২০১৭ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পেকু সার্কেলে দায়িত্ব পালন করেন তিনি।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) হিসেবেও দায়িত্ব পান। অর্থাৎ প্রায় ১৬ বছর একই পেকু কাঠামোর সঙ্গে এবং আগের পিপিসি-পেকু সংশ্লিষ্ট দায়িত্বসহ প্রায় ১৭ বছর একই ধরনের ক্রয় ও প্রকল্পসংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে। গণপূর্তের অভ্যন্তরে এ কারণেই সহকর্মীদের একটি অংশের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘পেকু ফিরোজ’ নামে। গুরুত্বপূর্ণ ইউনিটে এত দীর্ঘ সময়—প্রশ্ন বদলি নীতিতেও গণপূর্তের পেকু বিভাগ ক্রয় ও প্রকল্পসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। ফলে একজন কর্মকর্তার দীর্ঘ সময় একই গুরুত্বপূর্ণ ইউনিটে অবস্থান স্বাভাবিকভাবেই বদলি নীতি, প্রশাসনিক ভারসাম্য এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার প্রশ্ন সামনে আনে।

সহকর্মীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন একই কাঠামোয় থাকার কারণে তার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব ক্রমে শক্তিশালী হয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে কাজী ফিরোজ হাসান বলেছেন, তিনি মূলত বিভিন্ন প্রকল্পের কাজে যুক্ত ছিলেন এবং নিয়মিত ‘ওয়ার্কিং’ বিভাগের দায়িত্বে ছিলেন না। তার ভাষ্য অনুযায়ী, প্রকল্পগুলোর এসব কাজ ছিল ‘নন-প্রফিটেবল’। কিন্তু এখানেই প্রশ্ন—একজন কর্মকর্তাকে একই গুরুত্বপূর্ণ ক্রয় ও প্রকল্পসংশ্লিষ্ট কাঠামোয় এত দীর্ঘ সময় দায়িত্ব পালনের অনুমোদন কে দিয়েছেন, কী যুক্তিতে দিয়েছেন এবং প্রচলিত বদলি নীতির সঙ্গে তা কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল ? ১৭ দেশে সরকারি সফর—প্রশিক্ষণ, সফর ও ব্যয়ের পূর্ণ হিসাব কোথায় ? কাজী ফিরোজ হাসানের বিদেশ সফরের তালিকাও কম চমকপ্রদ নয়।

২০০৯ সালের জুনে মালয়েশিয়ায় ‘ফ্যাসিলিটি মডার্নাইজেশন’ শীর্ষক ম্যানেজমেন্ট প্রশিক্ষণের মধ্য দিয়ে বিদেশ সফরের ধারাবাহিকতা শুরু হয়। ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত সরকারি অর্থায়নে তিনি সেখানে প্রশিক্ষণে অংশ নেন। এরপর তালিকায় যুক্ত হয় জাপান, মিসর, ইতালি, ডেনমার্ক, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, স্পেন, ভারত, তুরস্ক, বেলজিয়াম, গ্রিস, ফিনল্যান্ড ও বুলগেরিয়া। নথিতে পাওয়া তথ্য অনুযায়ী— ২০১২ সালে জাপানে পাবলিক প্রকিউরমেন্ট প্রশিক্ষণ; ২০১৫ সালে মিসরে মেরিন টেকনোলজি; একই বছরে ইতালিতে ভোকেশনাল এডুকেশন; ডেনমার্কে অকুপেশনাল সেফটি; ২০১৬ সালে সিঙ্গাপুরে লাইব্রেরি ম্যানেজমেন্ট; ২০১৭ সালে নেদারল্যান্ডসে মেরিন টেকনোলজি; ২০১৮ সালে রাশিয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক সফর; ২০১৯ সালে স্পেনে সেফটি ডিভাইস কোয়ালিটি; ভারতে রবীন্দ্রনাথ গ্যালারি; তুরস্কে ‘Panorama 1453’; বেলজিয়ামে জেনোসাইড মিউজিয়াম; ২০২১ সালে গ্রিসে সেন্টেনিয়াল স্কুল; ২০২২ সালে ফিনল্যান্ডে লিফট পারফরম্যান্স; ২০২৫ সালে বুলগেরিয়ায় ওয়াটার ফাউন্টেনসংক্রান্ত সফর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সরকারি অর্থে এসব সফরের প্রতিটির মোট ব্যয় কত ছিল, কী প্রক্রিয়ায় মনোনয়ন হয়েছে, একই ধরনের প্রশিক্ষণে অন্য কর্মকর্তাদের সুযোগ কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং সফর শেষে অর্জিত জ্ঞান বাস্তবে গণপূর্তের কাজে কতটা প্রয়োগ হয়েছে—এসব তথ্য জনসমক্ষে কতটা স্বচ্ছ? রাশিয়া সফরের নথিতেও অস্বাভাবিক তারিখ বিদেশ সফরসংক্রান্ত নথিতে রাশিয়া সফরের সময়কাল ১৯ জুন ২০১৮ থেকে ২৫ জুন ২০২৮ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের বর্তমান সময়ের তুলনায় ২০২৮ সাল ভবিষ্যৎ হওয়ায় নথির এই তারিখে স্পষ্ট অসঙ্গতি রয়েছে। এটি নিছক টাইপিং বা নথি প্রস্তুতের ভুল, নাকি তথ্য সংরক্ষণে অন্য কোনো সমস্যা—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ছাড়া এ প্রশ্নের উত্তর মিলবে না। যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল, বিমানবন্দর থেকেই ফেরত : চলতি বছর সেন্ট্রাল এসি ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল কাজী ফিরোজ হাসানের। তার নিজের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত তিনি ওই সফরে যেতে পারেননি। এ ক্ষেত্রে প্রশ্ন আরও স্পষ্ট—সরকারি নথিতে প্রস্তাবিত সফর, অনুমোদন, মনোনয়ন, ব্যয় এবং শেষ পর্যন্ত সফর বাতিল হওয়ার বিষয়টি কি যথাযথভাবে হিসাব ও নথিতে প্রতিফলিত হয়েছে ? ২০২৩ সালের বিদেশ সফর নিয়ে আরও গুরুতর অভিযোগ : কাজী ফিরোজ হাসানকে ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি ২০২৩ সালের একটি বিদেশ সফরের মনোনয়নকে কেন্দ্র করে।

অভিযোগ রয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি বিদেশ সফরের জন্য প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে তিনি নিজের নাম নিজেই মনোনয়ন দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রচলিত প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা বিদেশ সফরের জন্য মনোনীত হলে প্রথমে সংস্থাপনের মাধ্যমে ফাইলে নোট উপস্থাপন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং পরবর্তী সময়ে সংস্থাপনের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর স্বাক্ষরে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা। অভিযোগ হচ্ছে, সেই প্রক্রিয়া অনুসরণ না করে কাজী ফিরোজ হাসান সরাসরি নিজের নাম এবং তৎকালীন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদ-এর নাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। তৎকালীন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এবং তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদ-এর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও তখন আলোচনায় আসে বলে সংশ্লিষ্টদের দাবি।

ঘটনাটি নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে গণপূর্ত অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দুঃখপ্রকাশ/ব্যাখ্যা দিয়ে বিষয়টি মীমাংসা করা হয় এবং সে যাত্রায় সংশ্লিষ্টরা পার পেয়ে যান—এমন দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। এই অভিযোগ সত্য হলে প্রশ্নটি শুধু একজন কর্মকর্তার বিদেশ সফরের নয়; এটি সরকারি মনোনয়ন ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়ার প্রতি সরাসরি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। ‘ওয়ার্কিং’ অভিজ্ঞতা নিয়ে সহকর্মীদের প্রশ্ন : কাজী ফিরোজ হাসানের দীর্ঘ কর্মজীবন নিয়েও সহকর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন রয়েছে।

তাদের অভিযোগ, তিনি দীর্ঘ সময় মূল ‘ওয়ার্কিং’ বিভাগে দায়িত্ব পালন না করায় মাঠপর্যায়ের বাস্তব প্রকৌশল ও নির্মাণকাজের অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত। অভিযোগকারীদের দাবি, নিজের সীমাবদ্ধতা আড়াল করতে বিভিন্ন সময় তিনি ওয়ার্কিং বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা প্রয়োজন। কারণ অভিযোগ এবং প্রমাণ এক বিষয় নয়। রাজনৈতিক প্রভাব ও ‘আমলনামা’ তৈরির অভিযোগ : ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কাজী ফিরোজ হাসান একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন—এমন অভিযোগও করেছেন কয়েকজন কর্মকর্তা। সাবেক সচিব মো. নজরুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি গণপূর্তের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়ে প্রভাব বিস্তার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এমনকি গণপূর্তের বিভিন্ন কর্মকর্তার বিষয়ে তথ্য বা কথিত ‘আমলনামা’ গোপনে সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়া এবং পরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে—এমন দাবিও রয়েছে। কর্মকর্তাদের পদায়নে লটারির পদ্ধতি চালুর পেছনেও তার ভূমিকা ছিল—এমন অভিযোগ উঠেছে। তবে রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও নথিভিত্তিক তদন্ত ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।

প্রশ্নের মুখে ‘পেকু ফিরোজ’ অধ্যায় : সব অভিযোগ ও নথির তথ্য পাশাপাশি রাখলে কয়েকটি প্রশ্ন সামনে আসে— এক. একজন কর্মকর্তা কীভাবে প্রায় ১৬ বছর একই গুরুত্বপূর্ণ পেকু কাঠামোয় দায়িত্ব পালন করলেন ? দুই. দীর্ঘদিন একই ক্রয় ও প্রকল্পসংশ্লিষ্ট ইউনিটে অবস্থানের ক্ষেত্রে বদলি নীতির ব্যতিক্রম হয়েছিল কি না ? তিন. ১৭টি দেশে সরকারি অর্থায়নে সফর বা প্রশিক্ষণের ক্ষেত্রে প্রকৃত সংখ্যা কত ? চার. প্রতিটি সফরের পেছনে সরকারি ব্যয় কত ? পাঁচ. কারা তাকে মনোনয়ন দিয়েছেন এবং মনোনয়নের মানদণ্ড কী ছিল ? ছয়. ২০২৩ সালের সংস্কৃতি মন্ত্রণালয়ের সফরের ক্ষেত্রে নিজের নাম নিজে পাঠানোর অভিযোগ সত্য কি না ? সাত. সে ঘটনায় মন্ত্রণালয় কেন ব্যাখ্যা চেয়েছিল এবং পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল ? আট. বিদেশ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান গণপূর্তের কাজে কীভাবে ব্যবহার করা হয়েছে ? নয়. রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগের কোনো লিখিত প্রমাণ আছে কি না ? দশ. বদলি-পদায়নের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা ছিল কি না? এখন প্রয়োজন নথিনির্ভর স্বাধীন তদন্ত : বিদেশে সরকারি প্রশিক্ষণে যাওয়া কোনোভাবেই নিজে অনিয়মের প্রমাণ নয়। বরং দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সরকারি কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের স্বীকৃত মাধ্যম।

একইভাবে দীর্ঘদিন একটি প্রকল্পে কাজ করাও সবসময় অপরাধ বা অনিয়ম নয়। কিন্তু যখন একই কর্মকর্তাকে ঘিরে দীর্ঘমেয়াদি গুরুত্বপূর্ণ পদায়ন, ধারাবাহিক সরকারি বিদেশ সফর, মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অভিযোগ এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের দাবি—সবগুলো বিষয় একই সঙ্গে সামনে আসে, তখন নীরবতার সুযোগ থাকে না। গণপূর্ত অধিদপ্তরের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন কর্মকর্তার ব্যক্তিগত সততা বা দক্ষতার দাবি যেমন যাচাইযোগ্য হওয়া প্রয়োজন, তেমনি তার দায়িত্ব পালনের প্রশাসনিক বৈধতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও হতে হবে স্বচ্ছ। তাই এখন সবচেয়ে জরুরি হলো—কাজী ফিরোজ হাসানের বিদেশ সফরের পূর্ণাঙ্গ ডাটাবেস, প্রতিটি সফরের অনুমোদন ও মনোনয়ন ফাইল, সরকারি ব্যয়ের হিসাব, প্রশিক্ষণ-পরবর্তী প্রতিবেদন, দীর্ঘমেয়াদি পেকু পদায়নের প্রশাসনিক অনুমোদন এবং ২০২৩ সালের সংস্কৃতি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট ঘটনার নথি প্রকাশ্যে এনে নিরপেক্ষভাবে যাচাই করা। কারণ প্রশ্নটি শেষ পর্যন্ত ব্যক্তি কাজী ফিরোজ হাসানকে নিয়ে নয়। প্রশ্নটি হলো—রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ, সরকারি অর্থ এবং প্রশাসনিক ক্ষমতার ব্যবহারে নিয়ম কি সবার জন্য সমান, নাকি প্রভাবশালী কর্মকর্তাদের জন্য আলাদা কোনো অদৃশ্য দরজা খোলা থাকে ? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে গণপূর্ত অধিদপ্তরের ভেতরের অনেক কর্মকর্তা।




চট্টগ্রামে শিপইয়ার্ডে হতাহতের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালের এ দুর্ঘটনার প্রকৃত কারণ নিরূপণে এ কমিটি করেছে জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

বিএসবিআরএর সভাপতি মো. মহসিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সংগঠনের সদস্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএসবিআরএর কারিগরি উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটির বাকি তিন সদস্য হলেন বিএসবিআরএর উপদেষ্টা মো. নাঈম শাহ ইমরান, কারিগরি পরামর্শক ক্যাপ্টেন সিরাজুল মওলা এবং এইচআর শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান।

চিঠিতে তদন্ত কমিটিকে জরুরি ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার জন্যও বলা হয়েছে।




বিআইডব্লিউটিএতে ‘রহিম সিন্ডিকেট’: ভুয়া বিল, জ্বালানি তেল লোপাট ও শতকোটি টাকার সম্পদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার প্রভাব, কথিত রাজনৈতিক ছত্রচ্ছায়া, ভুয়া বিল-ভাউচার এবং ঠিকাদারি সিন্ডিকেট—এসবের সমন্বয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগকে ঘিরে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুর রহিমের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, বছরের পর বছর প্রভাব খাটিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, জাহাজের জ্বালানি ব্যবহারে কারসাজি এবং নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী ‘সিন্ডিকেট’ গড়ে তুলেছেন তিনি। আব্দুর রহিমকে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর প্রশাসনিক প্রভাব অক্ষুণ্ন থাকার বিষয়টি নিয়েও বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি তাঁকে বরিশালের ডিইপিটিসি-তে প্রিন্সিপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, অনিয়মের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির পরিবর্তে তাঁকে এক পদ থেকে অন্য পদে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে কার্যত ‘পুরস্কৃত’ করা হচ্ছে।

অলস জাহাজ কাগজে সচল, তেল খরচের বিলও সচল! সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জের নৌ-সংরক্ষণ ও পরিচালনা দপ্তরকে ঘিরে।

সূত্রের দাবি, ২৫০ টন উত্তোলনক্ষম উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাটে শীতলক্ষ্যা নদীতে দীর্ঘদিন অলস অবস্থায় পড়ে থাকলেও নথিপত্রে সেটিকে সচল দেখিয়ে বছরের পর বছর বিপুল পরিমাণ জ্বালানি তেলের বিল তোলা হয়েছে। অথচ একই সময়ে অন্য উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশাল থেকে পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, জাহাজ বাস্তবে কতটুকু চলেছে, কত জ্বালানি ব্যবহার করেছে এবং কাগজে দেখানো জ্বালানি খরচের সঙ্গে বাস্তবতার কতটা মিল রয়েছে—এসব বিষয়ে গুরুতর অসঙ্গতি রয়েছে। এমনকি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানেও নারায়ণগঞ্জ কার্যালয়ের নথিপত্রে জ্বালানি খরচের গরমিল ও আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে বলে অভিযোগকারীদের দাবি।

  • ‘বাহার সিন্ডিকেটে’ বয়া-বিকনের কোটি টাকার কাজ?

অভিযোগের আরেকটি বড় অংশ আন্তর্জাতিক প্রকল্পের আওতায় আমদানিকৃত বয়া-বিকন বাতির কাজকে ঘিরে। অভিযোগকারীদের দাবি, আব্দুর রহিম তাঁর অনুগত ঠিকাদার হিসেবে পরিচিত ‘বাহার’-এর সঙ্গে যোগসাজশে একটি ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তোলেন। ২০১৯-২০ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি নামসর্বস্ব প্রতিষ্ঠানকে কাজ দিয়ে অন্য ঠিকাদারদের কার্যত বাইরে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, এই প্রক্রিয়ায় সরকারি অর্থ আত্মসাতের জন্য ভুয়া বিল-ভাউচার ব্যবহারের ঘটনাও ঘটেছে। অভিযোগে উল্লিখিত কয়েকটি বিলের তথ্য হলো—

আখি এন্টারপ্রাইজ: টিপি-১৩৫-এর ভুয়া বিলের মাধ্যমে ৭ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। তানিয়া এন্টারপ্রাইজ: এমপি-১২-এর ভুয়া বিলে ৬ লাখ ৮১ হাজার টাকা এবং স্পিডবোট-১ মেরামতের নামে ৮ লাখ ৮১ হাজার ১০০ টাকা আত্মসাতের অভিযোগ। তানজিল ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস: টিপি-৮০-এর ভুয়া বিলে ৭ লাখ ১৩ হাজার ৩৫২ টাকা এবং টিপি-১৭৩-এর নামে ৯ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। আলিফ এন্টারপ্রাইজ: টিপি-৪৫-এর ভুয়া বিলে ৪ লাখ ৯৮ হাজার ১৫১ টাকা আত্মসাতের অভিযোগ।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কাজের কার্যাদেশ, মেরামত-সংক্রান্ত নথি, বিল-ভাউচার, মাপজোক বই, জাহাজের লগবুক এবং বাস্তবে কাজ হয়েছে কি না—এসব নথি স্বাধীনভাবে পর্যালোচনা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • ঢাকায়-সাভারে সম্পদের পাহাড়

অভিযোগের তালিকা দীর্ঘ অভিযোগকারীরা দাবি করছেন, ভুয়া বিল-ভাউচার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থে আব্দুর রহিম ঢাকা, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং নিজ জেলা পাবনায় বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন।

  • অভিযোগে উল্লেখ করা সম্পদের মধ্যে রয়েছে

উত্তর মুগদা: ‘আলিফ গার্ডেন’ (৫৮/৩০/গ)-এ দুটি অত্যাধুনিক ফ্ল্যাট এবং ঝিলপাড় রোডের ৫৪ নম্বর বাড়িতে দুটি ফ্ল্যাট—অভিযোগকারীদের হিসাবে মূল্য প্রায় ৫ কোটি টাকা।

কেরানীগঞ্জ: ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে ঠিকাদার বাহারের সঙ্গে যৌথ মালিকানায় বিশাল ডকইয়ার্ড—অভিযোগে যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা বলা হয়েছে।

আশুলিয়া: ইসলামনগরে আরএস দাগ-১৮৩৩-এর ১০ কাঠা জমির ওপর আব্দুর রহিম ও লিমা তাবাসসুমের নামে পাঁচতলা ভবন—অভিযোগিত মূল্য প্রায় ২০ কোটি টাকা।

সাভার: কাঠগড়ায় চার ইউনিটের সাততলা ভবন এবং সাভার বাজারের অন্ধ মার্কেটের দ্বিতীয় তলায় দুটি দোকান—অভিযোগিত মূল্য ২০ কোটি টাকার বেশি।

মোহাম্মদপুর: হাউজিং এলাকায় প্রায় ৬ শতাংশ মূল্যবান জমি—অভিযোগিত মূল্য প্রায় ৭ কোটি টাকা।

এ ছাড়া রামপুরা ও হাতিরপুলে একাধিক ফ্ল্যাট-বাড়ি এবং ঢাকা ও সাভারে নিজের ও বেনামে আরও জমি ও প্লট থাকার অভিযোগও রয়েছে। পাবনায় ‘শতকোটি টাকার’ সম্পদের অভিযোগ অভিযোগের সবচেয়ে বিস্ফোরক অংশটি তাঁর গ্রামের বাড়িকে ঘিরে। অভিযোগকারীরা দাবি করছেন, পাবনায় নিজ গ্রামের আশপাশে প্রভাব খাটিয়ে একটি বড় সনাতন ধর্মাবলম্বী পরিবারের বাড়ি দখল বা ক্রয়ের মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এর মূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে অভিযোগে দাবি করা হয়েছে।

তবে এসব সম্পদের মালিকানা, ক্রয়মূল্য, অর্থের উৎস এবং প্রকৃত মালিকানা নিশ্চিত করতে ভূমি রেকর্ড, দলিল, নামজারি, আয়কর নথি, ব্যাংক লেনদেন ও সম্পদ বিবরণী যাচাই প্রয়োজন। অভিযোগের পরও ব্যবস্থা নেই কেন? আব্দুর রহিমের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। কিন্তু অভিযোগের পরও কার্যকর ও দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য, এত গুরুতর অভিযোগের পরও যদি শুধু বদলি কিংবা অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটি অনিয়ম বন্ধের বদলে অভিযুক্ত কর্মকর্তাকে প্রশাসনিকভাবে আরও শক্তিশালী করারই বার্তা দেয়। প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, রাজনৈতিক প্রতিশোধ নয় আব্দুর রহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিটি দিকই নথিভিত্তিক ও স্বাধীন তদন্তের আওতায় আনা জরুরি।

বিশেষ করে জাহাজের লগবুক ও জ্বালানি হিসাব, ভুয়া বিল-ভাউচারের অভিযোগ, ঠিকাদারি কার্যাদেশ, প্রকল্পভিত্তিক অর্থ ব্যয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকানা এবং তাঁর ও পরিবারের নামে থাকা সম্পদের বৈধ উৎস—সবকিছু খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অবৈধভাবে অর্জিত সম্পদ উদ্ধারের উদ্যোগ নিতে হবে। আর কোনো অভিযোগ অসত্য হলে তদন্তের মাধ্যমেই তা পরিষ্কার হওয়া উচিত। বিআইডব্লিউটিএর সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ক্ষমতার প্রভাব নয়—প্রমাণের ভিত্তিতে জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাঁদের ভাষ্য, সরকারি সম্পদ ও অর্থের ওপর কোনো কর্মকর্তা বা সিন্ডিকেটের ব্যক্তিগত নিয়ন্ত্রণ মেনে নেওয়া যায় না। নোট: প্রতিবেদনে উল্লিখিত অর্থের পরিমাণ, সম্পদের মালিকানা, রাজনৈতিক ঘনিষ্ঠতা, ভুয়া বিল এবং আত্মসাতের অভিযোগগুলো অভিযোগকারীদের দেওয়া তথ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট নথি, দুদকের অনুসন্ধান-সংক্রান্ত তথ্য এবং আব্দুর রহিমের বক্তব্য যাচাই করে প্রকাশ করা সাংবাদিকতার পেশাগত মানদণ্ডের জন্য অপরিহার্য।




ডারউইন টেস্ট: দেড়শ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রান তুলে আজ শুক্রবার দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। সফরকারীদের লিড ৪ উইকেট হাতে রেখে ১৫৩ রান।

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি (১০১) ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে (৮৪) ভর করে সাড়ে তিনশ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। মুমিনুল হক সৌরভের সঙ্গে ১৮৯ বলে ১০২ ও শান্তর সঙ্গে ১৫৭ বলে ৯৩ রান যোগ করে তানজিদ দলের সংগ্রহটা বড় করতে সাহায্য করেন। বামহাতি ওপেনার তানজিদ ১৯৭ বলে ১০১ রান করে আউট হওয়ার পর মুশফিকুর রহিমকে নিয়ে ৯৮ বলে ৬৬ রান যোগ করেন শান্ত। একটি সময় থামতে হয় শান্ত ও মুশফিককেও। শান্ত ১২৬ বলে ৮৪ ও মুশফিক ৫৫ বলে ৩৬ রান করেন।

তারকাদের মধ্যে ব্যর্থ হয়েছেন লিটন দাস। তিনি ১২ বলে শূন্য রান করে তিনি মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন। পরের ওভারে মুশফিককে ফরান প্যাট কামিন্স। ৩ উইকেটে ২৯৭ রান থেকে দেখতে না দেখতেই ৩০৮ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর সপ্তম উইকেটে দুর্দান্ত লড়াই করে ১৪৭ বল মোকাবেলা করেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। দুজন বোর্ডে ৪৩ রান তুলে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন।

মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড দুটি করে এবং প্যাট কামিন্স ও নাথান লায়ন একটি করে উইকেট নেন।




কে এই মাজহারুল ? বদলি–কমিটি বাণিজ্যের অভিযোগে বিআইডব্লিউটিএর ‘স্বঘোষিত’ সিবিএ সভাপতিকে ঘিরে তোলপাড় ! 

নিজস্ব প্রতিবেদক :  ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের দিনই যেন বদলে যায় পরিচয়। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে জাতীয় শ্রমিক লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত মাজহারুল ইসলাম রাতারাতি আবির্ভূত হন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হিসেবে।
এরপর নিজেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এমপ্লয়িজ ইউনিয়ন ও সিবিএর (রেজি. নং-২১৭৬) ‘ভারপ্রাপ্ত সভাপতি’ দাবি করে মতিঝিলের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
অভিযোগকারীদের ভাষ্য, দলীয় পরিচয় বদলের পাশাপাশি বদলে গেছে তাঁর ক্ষমতার পরিধিও। বদলি, পদায়ন, কমিটি নিয়ন্ত্রণ, মামলা দিয়ে হয়রানি এবং আর্থিক লেনদেন—বিভিন্ন অভিযোগে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। তবে এসব অভিযোগের কোনোটিই আদালতের চূড়ান্ত রায়ে প্রমাণিত হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি। মাজহারুল নিজেও সব অভিযোগ অস্বীকার করেছেন।
  • ৫ আগস্টেই সিবিএ কার্যালয় দখলের অভিযোগ  : 
কর্মচারীদের অভিযোগ, ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের মধ্যে  রাজনৈতিক পটপরিবর্তনের দিন বিআইডব্লিউটিএ ভবনের নিচতলায় সিবিএর প্রধান কার্যালয়ের তালা ভেঙে সেটি দখলে নেন মাজহারুল ইসলাম ও তাঁর অনুসারী কয়েকজন কর্মচারী।
এরপর কোনো কাউন্সিল বা সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করেই নিজেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা এবং সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন তিনি—এমন অভিযোগ করেছেন সংগঠনের একাধিক কর্মী। অথচ সংশ্লিষ্টদের দাবি, ২০২২ সালে বিআইডব্লিউটিএতে জাতীয়তাবাদী শ্রমিক দলের অনুমোদিত কমিটি ছিল। ফলে নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়া ছাড়া নতুন করে নেতৃত্ব দাবি করার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
  • আওয়ামী আমলে শ্রমিক লীগের নেতা, এখন শ্রমিক দলের নেতৃত্বে  :
  মাজহারুলের রাজনৈতিক পরিচয় নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছেন তাঁর সহকর্মীরা। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএ জাতীয় শ্রমিক লীগের ১ নম্বর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০১৯ সালে টাঙ্গাইল-২ আসনের তৎকালীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছোট মনির বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবর একটি সুপারিশপত্র দেন। সেখানে মাজহারুলকে ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও আওয়ামী পরিবারের সন্তান’ হিসেবে উল্লেখ করে তাঁকে প্রধান কার্যালয়ে বদলির সুপারিশ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট নথির বরাতে দাবি করা হয়েছে।
পরবর্তীতে তিনি প্রধান কার্যালয়ে বদলি হয়ে আসেন। অভিযোগকারীদের প্রশ্ন—যে ব্যক্তি আওয়ামী লীগ আমলে দলটির শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, ক্ষমতার পালাবদলের পর কীভাবে তিনি এত দ্রুত নতুন রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালী শ্রমিক নেতা হয়ে গেলেন ? মাজহারুলের দাবি অবশ্য ভিন্ন। তাঁর ভাষ্য, তিনি ২০১৫ সাল থেকেই শ্রমিক দল করেন এবং ২০১৬ সালে সংগঠনের পদে আসেন। তাঁর ইচ্ছার বিরুদ্ধে শ্রমিক লীগের পদ দেওয়া হলে তা জানার পর তিনি লিখিতভাবে অব্যাহতি নিয়েছিলেন।
  • বদলি কি এখন ‘বাণিজ্যের’ হাতিয়ার ?
বিআইডব্লিউটিএর একাধিক কর্মচারীর অভিযোগ, বদলি এবং পুনঃবদলি না করার আশ্বাসকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের একটি প্রভাবশালী বলয় তৈরি হয়েছে।  অভিযোগ রয়েছে, আওয়ামীপন্থী সিবিএ নেতাসহ সাধারণ কর্মচারীদের কাছ থেকেও বদলি ঠেকানো বা কাঙ্ক্ষিত স্থানে বদলির আশ্বাস দিয়ে অর্থ নেওয়া হয়েছে।
সবচেয়ে গুরুতর অভিযোগ—সিবিএর তিন নেতার কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা নেওয়া হয়েছে। তবে এই অর্থ লেনদেনের স্বাধীন প্রমাণ বা ব্যাংক লেনদেনের নথি প্রকাশ্যে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি। মাজহারুল অবশ্য সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দীর্ঘদিন একই পদে থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক নিয়মেই বদলি করা হয়েছে এবং এসব বদলির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
  • বিরোধীদের বিরুদ্ধে মামলা, হামলার অভিযোগ মাজহারুলকে ঘিরে :
বিরোধ আরও তীব্র হয় সিবিএর অভ্যন্তরীণ দ্বন্দ্বে। অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ৬ নভেম্বর এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান তাঁকে ঊর্ধ্বতন সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেন।
এরপর ১১ নভেম্বর মজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক বিআইডব্লিউটিএ কার্যালয়ে গেলে মাজহারুল ও তাঁর অনুসারীরা তাঁদের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। পরে তাঁদের মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগকারীদের ভাষ্য, গভীর রাতে মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয় এবং পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। এ সময় আজিজুল হক থানায় অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন বলে দাবি করা হয়েছে।
মাজহারুলের বক্তব্য, তিনি কাউকে মারধর করেননি; মজিবুর ও আজিজুল ইউনিয়নের ব্যানার খুলতে এলে তিনি শুধু থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। মজিবুর রহমানকে তিনি কারাগারে পাঠাননি বলেও দাবি করেছেন।
  • চিকিৎসাধীন থেকেও মামলার আসামি ?
সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দাসের বিরুদ্ধেও মামলা  হওয়ার অভিযোগ রয়েছে। সঞ্জীবের দাবি, ঘটনার সময় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১২ সেপ্টেম্বর শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগে তিনি এ বিষয়টি তুলে ধরে মামলা প্রত্যাহার এবং মাজহারুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বলে জানা গেছে।
সঞ্জীবের আরও অভিযোগ, তিনি শ্রম আদালতে নিজের বদলি স্থগিত এবং মাজহারুলের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
মাজহারুলের পাল্টা অভিযোগ—সঞ্জীব কিছু কর্মকর্তাকে ‘ব্ল্যাকমেইল’ করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছেন এবং এ কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অর্থাৎ, অভিযোগ-পাল্টা অভিযোগে বিআইডব্লিউটিএর শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ এখন আদালত ও প্রশাসনের দরজায় পৌঁছেছে।
  • সাবেক সিবিএ নেতাকেও হামলার অভিযোগ  :
সিবিএর সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও তাঁর ছেলের ওপরও কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে মাজহারুলের বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম সিএমএম আদালতে মামলা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে বলেও জানা গেছে। এ ধরনের অভিযোগ সত্য হলে প্রশ্ন উঠছে—একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্ব কীভাবে হামলা, মামলা ও প্রশাসনিক প্রভাব বিস্তারের পর্যায়ে পৌঁছাল ?
  • ভাইয়ের বিরুদ্ধেও প্রভাব খাটানোর অভিযোগ  : 
মাজহারুলের বিরুদ্ধে শুধু নিজের ক্ষমতা ব্যবহারের অভিযোগই নয়, পরিবারের সদস্যদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগকারীরা জানান, তাঁর দুই ভাই বিআইডব্লিউটিএতে চাকরি পেয়েছেন। তাঁদের একজন জাহিদুল ইসলাম তৃতীয় শ্রেণির ‘ষাট মুদ্রাক্ষরিক’ পদে নিয়োগ পেলেও গত কয়েক বছর ধরে নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে। তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্ব পালনের সুযোগ কীভাবে পেলেন—এ নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে এ অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নিয়োগ, পদায়ন ও দায়িত্ব অর্পণের সরকারি নথি প্রকাশ্যে পর্যালোচনা করা প্রয়োজন।
  • সম্পদ নিয়েও প্রশ্ন  :
 আওয়ামী লীগ আমলে ঢাকার সাভারে মাজহারুলের একটি তিনতলা বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বাড়িটির মালিকানা নিজের নামে না রেখে শ্বশুরের নামে দেখানো হয়েছে এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ আড়াল করতেই এমন কৌশল নেওয়া হয়েছে। তবে মাজহারুলের দাবি, বাড়িটি তাঁর শ্বশুর নিজের অর্থে নির্মাণ করেছেন।
এক্ষেত্রে বাড়িটির জমির দলিল, নির্মাণ ব্যয়, অর্থের উৎস, মালিকানা এবং আয়কর নথি যাচাই করলেই অভিযোগের সত্যতা সহজে নির্ণয় করা সম্ভব।
  • পুরোনো ব্যক্তিগত অভিযোগও সামনে :
মাজহারুলের বিরুদ্ধে ২০১৩ সালে চাঁদপুরে কর্মরত অবস্থায় এক কর্মচারীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগও সামনে এনেছেন তাঁর বিরোধীরা। তাঁদের দাবি, প্রভাব ও অর্থের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছিল। তবে এটি একটি পুরোনো ও গুরুতর ব্যক্তিগত অভিযোগ; এর পক্ষে স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ বা আদালতের রায় ছাড়া এটিকে প্রতিষ্ঠিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
প্রশ্ন এখন একটাই—‘মাজহারুল’ কীভাবে এত ক্ষমতাবান  ? বিআইডব্লিউটিএর সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ যদি সত্য হয়, তাহলে বিষয়টি কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বদলের গল্পে সীমাবদ্ধ নয়। বরং প্রশ্ন উঠছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনকে ঘিরে বদলি, পদায়ন, কমিটি নিয়ন্ত্রণ, মামলা এবং আর্থিক লেনদেনের একটি প্রভাববলয় আদৌ তৈরি হয়েছে কি না।
আর সবচেয়ে বড় প্রশ্ন—আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে শ্রমিক লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন তৃতীয় শ্রেণির কর্মচারী কীভাবে ক্ষমতার পালাবদলের পর এত দ্রুত নতুন রাজনৈতিক পরিচয়ে সংগঠনের নেতৃত্বের কেন্দ্রে চলে এলেন?
অভিযোগকারীরা তাঁকে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও রাজনৈতিক প্রভাববলয়ের অংশ হিসেবে চিহ্নিত করছেন। অন্যদিকে মাজহারুল নিজেকে শ্রমিক দলের পুরোনো কর্মী দাবি করে আওয়ামী লীগের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছেন।
সুতরাং এখন প্রয়োজন রাজনৈতিক বক্তব্য নয়, নথিভিত্তিক তদন্ত।
  • তদন্তেই বেরিয়ে আসতে পারে আসল চিত্র :
বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মাজহারুলের রাজনৈতিক পরিচয়, সিবিএর নেতৃত্ব দাবি, কার্যালয় দখলের অভিযোগ, বদলি-পদায়নে প্রভাব, কথিত ৭০ লাখ টাকার লেনদেন, মামলা ও হামলার অভিযোগ, ভাইদের চাকরি ও পদায়ন এবং সাভারের বাড়ির অর্থের উৎস—সবকিছু একসঙ্গে খতিয়ে দেখা হোক।
প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি নথি, বদলি আদেশ, সিবিএর কমিটি ও কাউন্সিলের কাগজপত্র, ব্যাংক লেনদেন, সম্পদের বিবরণ, নিয়োগ-পদায়নের নথি এবং আদালতের মামলার কাগজপত্র যাচাই করে তদন্ত করা যেতে পারে। কারণ, একজন কর্মচারী সত্যিই যদি রাজনৈতিক পরিচয় বদলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনের ওপর ব্যক্তিগত কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকেন এবং বদলি-পদায়নকে আর্থিক লেনদেনের হাতিয়ার বানিয়ে থাকেন, তবে সেটি শুধু শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নয়—রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতার জন্যও গুরুতর সংকেত। আর যদি অভিযোগগুলো মিথ্যা হয়, তাহলেও তদন্তের মাধ্যমে মাজহারুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের অবসান হওয়া জরুরি। বিআইডব্লিউটিএর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কে কোন দলের—সেটি নয়; কে নিয়ম ভেঙেছে, কে ক্ষমতার অপব্যবহার করেছে এবং কোথায় অর্থের লেনদেন হয়েছে—তার নিরপেক্ষ জবাবই এখন সবচেয়ে জরুরি।



পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ডেস্ক নিউজ : রাজশাহী ও ঝালকাঠি জেলাসহ পুলিশের এসপি পদের ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মোহাম্মদ বদরুল আলম মোল্লা ২০২৬ সালের জুলাই মাসে ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং যোগদানের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ঢাকায় তলব ও প্রত্যাহার করা হয়।

এ ঘটনার পরে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠি, রাজশাহীর পুলিশ সুপার নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও একই জেলায় পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মামুন অর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

ডেস্ক নিউজ : বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে ‘সবদিক দিয়ে যোগ্য’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’

রাষ্ট্রপতি পদে এর আগে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে তিনি লিখেছেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করেছিলেন অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক।’

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল লিখেছেন, ‘বহু বছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’

তিনি আরও লিখেছেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন।’

মির্জা ফখরুলের ব্যক্তিত্বের প্রশংসা করে আসিফ নজরুলের ভাষ্য, ‘রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’

এদিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘ধন্যবাদ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।’

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল লিখেছেন, ‘বহু বছর পর আমরা পেতে যাচ্ছি রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে।’




৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, পাইলটের শরীরে মিলল গাঁজার উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শুরুতে ক্রুজিং উচ্চতা থেকে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ক্যাপ্টেনের শরীরে গাঁজার উপস্থিতি নিশ্চিত হয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি, পাইলটের আচরণ এবং পুরো ঘটনার সময়কার পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনের বরাতে জানা যায়, গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্রুজিং উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী ও ক্রু আহত হন। পরে বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

ঘটনার পর উড়োজাহাজটির দুই পাইলটের মাদক পরীক্ষা করা হয়। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানায়, ক্যাপ্টেনের প্রথম পরীক্ষায় গাঁজা ব্যবহারের সম্ভাবনা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করতে তার নমুনার দ্বিতীয় পরীক্ষা করা হয়। পরে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানায়, দ্বিতীয় পরীক্ষাতেও ক্যাপ্টেনের শরীরে গাঁজার উপস্থিতি নিশ্চিত হয়েছে।

তদন্তকারীরা এখন ঘটনার সময় ক্যাপ্টেনের আচরণও খতিয়ে দেখছেন। কেবিন ক্রুরা এয়ার ইন্ডিয়ার কাছে অভিযোগ করেছিলেন, ফ্লাইট চলাকালে ক্যাপ্টেনকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়নি।

একটি বাণিজ্যিক ফ্লাইটের চূড়ান্ত কর্তৃত্ব ও আইনি দায়িত্ব ক্যাপ্টেনের ওপরই থাকে। ফলে ঘটনার সময় তার অবস্থান ও ভূমিকা তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

ঘটনার সময় ককপিটে কী ঘটেছিল?

এনডিটিভির হাতে আসা এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ ফ্লাইট সেফটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঘটনার সময় ক্যাপ্টেন নিজের আসনে ছিলেন না। তিনি কো-পাইলটের আসনের পেছনে দাঁড়িয়ে বিমানের এয়ার কন্ডিশনিং ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন।

এ সময় হঠাৎ একটি সতর্কসংকেত বেজে ওঠে। একই সঙ্গে অটোপাইলট বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানের সামনের অংশ ওপরে উঠে যায়।

তখন উড়োজাহাজটি চালাচ্ছিলেন কো-পাইলট। স্টল সতর্কসংকেত পাওয়ার পর তিনি বিমানের সামনের অংশ নিচের দিকে নামিয়ে দেন। এর পরপরই বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে।

বিমানের আকস্মিক গতিবিধির কারণে ককপিটের কিছু আলগা জিনিস ওপরে উঠে যায়। ক্যাপ্টেন ও কো-পাইলটও নিজেদের আসন থেকে ওপরে উঠে যান।

ক্যাপ্টেনের ভাষ্য অনুযায়ী, তিনি ককপিটের বিভিন্ন জিনিসপত্র এবং কো-পাইলটকে ওপরে ভেসে যেতে দেখছিলেন। তিনিও তখন ভাসছিলেন। পরে তির্যকভাবে নিজের আসনের দিকে ফিরে গিয়ে সিটবেল্টের সংকেত চালু করেন।

আসনে বসে সিটবেল্ট বাঁধার পর তিনি বলেন, ‘আমি নিয়ন্ত্রণ নিচ্ছি।’ এরপর বিমানটি নিচে নামতে থাকা অবস্থায় তিনি নিয়ন্ত্রণ নেন।

বিমানের গতি ও উচ্চতা কমে যাওয়া ঠেকাতে ক্যাপ্টেন থ্রটল সর্বোচ্চ নিরবচ্ছিন্ন শক্তিতে নিয়ে যান। তবে ততক্ষণে বিমানটি প্রায় ৩০০ ফুট নিচে নেমে গেছে।

যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে

শুধু পাইলটের ভূমিকা নয়, ঘটনার পেছনে বিমানের কোনো কারিগরি ত্রুটি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা উড়োজাহাজটির বিভিন্ন ব্যবস্থায় সম্ভাব্য ত্রুটির বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রকৌশলসংক্রান্ত নথিতে দেখা গেছে, বিমানের হাইড্রোলিক ব্যবস্থায় কম চাপের সংকেত পাওয়া গিয়েছিল। হাইড্রোলিক ব্যবস্থায় চাপযুক্ত তরল ব্যবহার করে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা, ল্যান্ডিং গিয়ার, ব্রেকসহ বিভিন্ন ভারী যান্ত্রিক অংশ পরিচালনা করা হয়।

এ ছাড়া অটোপাইলট বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি এলিভেটর ত্রুটির সংকেতও পাওয়া যায়। এর ফলে ধারণা করা হচ্ছে, বিমানের পিচ নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো সমস্যা হয়ে থাকতে পারে।

পিচ নিয়ন্ত্রণের মাধ্যমে পাইলট বিমানের সামনের অংশ ওপরে বা নিচে তুলতে পারেন। এর ওপর নির্ভর করে বিমান ওপরে ওঠে, নিচে নামে অথবা একই উচ্চতায় উড়তে থাকে।

ঘটনার পর এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, ক্রুজিংয়ের সময় বিমানটি অল্প সময়ের জন্য টার্বুলেন্সের মধ্যে পড়েছিল। এতে বিমানের উচ্চতায় সাময়িক পরিবর্তন ঘটে।

তদন্তে প্রযুক্তিগত ও মানবিক—সব দিকই গুরুত্ব পাচ্ছে

ঘটনার প্রকৃত কারণ এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ঘটনাটির সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিগত, পরিচালনাগত, চিকিৎসা ও মানবিক—সব ধরনের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও পরীক্ষা করছে।

তদন্তের অংশ হিসেবে বিমানের বিভিন্ন অংশ ও ব্যবস্থা, রেকর্ড করা ফ্লাইট তথ্য, পরিচালন ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত নথি, চিকিৎসাসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব ধরনের প্রমাণ সামগ্রিকভাবে পরীক্ষা করা হবে।

এদিকে, বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে দ্য ইন্ডিপেনডেন্ট তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি।

এয়ার ইন্ডিয়ার জন্য আরেকটি নিরাপত্তা-সংক্রান্ত ধাক্কা

ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন এয়ার ইন্ডিয়া ইতোমধ্যে একাধিক নিরাপত্তা তদন্তের মুখে রয়েছে। গত ৪ আগস্টের ঘটনার পর উড়োজাহাজটির ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডারও তদন্তের জন্য জব্দ করা হয়েছে। তদন্তে সহায়তা করতে এয়ারবাস বিশেষজ্ঞ পাঠানোর কথাও জানিয়েছে।

এরই মধ্যে ক্যাপ্টেনের নিশ্চিত মাদক পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর এয়ার ইন্ডিয়া সব পাইলটের মাদক পরীক্ষা আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন ব্যবস্থায় নিয়মিত প্রশিক্ষণ, ফ্লাইটের পর এবং বিভিন্ন নির্ধারিত স্থানে পাইলটদের পরীক্ষা করা হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটরাও এই পরীক্ষার আওতায় থাকবেন।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার পর থেকেই সংস্থাটি বাড়তি নজরদারির মধ্যে রয়েছে। ওই দুর্ঘটনার পর বিভিন্ন ত্রুটি নিয়ে তদন্ত শুরু হয়। পাশাপাশি ভারতের পুরো বিমান চলাচল খাতের নিরাপত্তা নিয়েও নজরদারি বাড়ানো হয়েছে।

সব মিলিয়ে, ফুকেট-দিল্লি ফ্লাইটের আকস্মিক উচ্চতা হারানোর ঘটনা এখন একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। পাইলটের শরীরে গাঁজার উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিমানের হাইড্রোলিক ব্যবস্থা, এলিভেটর, অটোপাইলট ও পিচ নিয়ন্ত্রণে সম্ভাব্য ত্রুটির বিষয়ও সামনে এসেছে। ফলে তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে মানবিক কারণ ও কারিগরি ত্রুটির মধ্যে কোনটি কতটা ভূমিকা রেখেছিল, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।




ইউক্রেনের ড্রোন ঠেকাতে রুশ জাহাজে খাঁচা ও পানির ট্যাংক!

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলা থেকে বাঁচতে নিজেদের জাহাজে অভিনব প্রতিরক্ষাব্যবস্থা যুক্ত করছে রাশিয়া। তেলের ট্যাংকারগুলোতে এখন ড্রোন-প্রতিরোধী জাল, ধাতব খাঁচা এমনকি পানির ট্যাংকও লাগানো হচ্ছে। সাগরে ভাসমান এসব জাহাজ দেখতে এখন অনেকটা ‘ম্যাড ম্যাক্স’ সিনেমার দৃশ্যপটের মতোই লাগছে।

সম্প্রতি বসফরাস প্রণালি পার হওয়ার সময় ২৮ বছরের পুরোনো ট্যাংকার ‘কারুজো’-তে এমন দৃশ্য চোখে পড়ে। ট্যাংকারটির চারপাশে ড্রোন-প্রতিরোধী জাল এবং ছাদে খাঁচার মতো কাঠামো ছিল। ড্রোনের আঘাতের জোর কমাতে এতে পানির ট্যাংকও যুক্ত করা হয়।

বিশ্লেষক ইয়োরুক ইসিক এ প্রসঙ্গে বলেন, ‘রিজভেল’ নামের আরেকটি রুশ ট্যাংকারেও একই ধরনের জাল দেখা গেছে। ট্যাংকার ট্র্যাকার্সের সহপ্রতিষ্ঠাতা সামির মাদানি জানান, ভয়ে নাবিকেরা নিজেদের ওই কাঠামোর ভেতর অবরুদ্ধ করে রেখেছেন।

মূলত রাশিয়ার সামরিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যাহত করতে কিয়েভ চালকবিহীন নৌযান এবং ড্রোন দিয়ে হামলা বাড়িয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে আজভ ও কৃষ্ণসাগরে অন্তত ২১৮টি রুশ-সংশ্লিষ্ট নৌযানে আঘাত হেনেছে ইউক্রেন।

তবে এসব হামলার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নভোরোসিস্ক টার্মিনালের কাছে হামলা থামাতে কিয়েভকে অনুরোধ করেছেন। কৃষ্ণসাগরে জাহাজের বিমা ও পরিবহন খরচও এখন অনেকটাই বেড়ে গেছে।

শুধু জাহাজ নয়, নভোরোসিস্ক নৌঘাঁটির নিরাপত্তাও জোরদার করেছে মস্কো। স্যাটেলাইট চিত্রে ঘাঁটির চারপাশে বিশাল জাল ও ব্যারিকেড দেখা গেছে। এর মধ্যেই বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, নভোরোসিস্কে তারা একটি ‘অনন্যসাধারণ অভিযান’ চালিয়েছেন। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে রুশ জাহাজ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং বন্দর অবকাঠামোতে আঘাত হানা হয়।




ফুটপাতের খাবার খেয়ে হাসপাতালে ৭ শিক্ষার্থী

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাজারের একটি দোকানের পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। পরে টিফিনের সময় ৯ জন স্কুলের সামনে ফুটপাতের একটি দোকান থেকে পিয়াজু কিনে খায় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। এদেরমধ্যে ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো রহমতুল্লাহ জানান, খাদ্যের বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা বিপদমুক্ত। তবে তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রাখা হয়েছে।