রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সভায় নাম চূড়ান্ত করা হয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। ইসির তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

অন্যদিকে সংসদের বিরোধী দল, অর্থাৎ ১১ দলীয় জোট থেকে প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। আজ দুপুর পৌনে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন জোট নেতারা।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এক প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারেন, বাছাইয়ে একটি চূড়ান্ত হবে। ভোট হবে ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে।



বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের জরুরি বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বৈঠক শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।’

এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে। ফলে এখন দলের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়েও বিএনপির অভ্যন্তরে নতুন করে আলোচনা শুরু হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম এ পদে আলোচনায় রয়েছে।




বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং পাঁচ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অন্যদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে।




১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

১১ দলীয় ঐক্যজোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

এ সময় জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। 

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য বৃহস্পতিবার নিজেদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে সরকারি দল ও বিরোধী দল।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




লোডশেডিং ঘিরে অপ্রীতিকর ঘটনার শঙ্কা, প্রশাসনের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

ডেস্ক নিউজঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে ও রাতে মিলিয়ে অনেক এলাকায় মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার বিদ্যুতের চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ সরবরাহ করা যাচ্ছে। এ অবস্থায় নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ জোনাল অফিস ও কয়ড়া সাব-জোনাল অফিসের আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় এক লাখ গ্রাহক রয়েছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, দিনে গড়ে চার থেকে পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এতে দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, চিকিৎসাসেবা ও অফিস কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সিধুলী ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছি। শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।”

পৌর এলাকার চাঁদপুরের আবুল হাসান বলেন, “দিনে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে। প্রচণ্ড গরমে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”

এদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে জানা গেছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, “মাদারগঞ্জে বিদ্যুতের চাহিদা ২১ মেগাওয়াট, কিন্তু আমরা মাত্র ৭ মেগাওয়াট সরবরাহ পাচ্ছি। ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “অফিস এবং উপজেলার উপকেন্দ্রসহ সব বিদ্যুৎ স্থাপনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন। একই চিঠির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।”




এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম

ডেস্ক নিউজঃ জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের প্রক্রিয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এখন থেকে অনলাইনে যাচাই করা যায়—এমন শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যবহার করে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজের নাম বা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালক (ডিজি) নিষ্পত্তি করবেন।

এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ একবারই থাকবে। অর্থাৎ এসব তথ্য একবার সম্পূর্ণ পরিবর্তন করা হলে পরবর্তীতে দ্বিতীয়বার সংশোধনের আবেদন করা যাবে না।

নতুন এই নির্দেশনার ফলে কোন ধরনের আবেদন স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি হবে এবং কোন আবেদন কেন্দ্রীয়ভাবে অনুমোদনের প্রয়োজন হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য প্রক্রিয়াটি আরও নির্দিষ্ট হলো।




কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬৫ জনে পৌঁছেছে এবং ৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখন ‘চূড়ান্ত ধাপে’ প্রবেশ করেছে।

ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে পাওয়ার সবচেয়ে সম্ভাব্য সময় বিবেচনা করা ৭২ ঘণ্টা পার হতে চললেও এখনো প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন এবং ৯ হাজার ৫৫০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

দেশের কফি অঞ্চলের কেন্দ্রবিন্দু পেরেইরাতে ৮৩ জন এবং তৃতীয় বৃহত্তম শহর কালিতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। কালির মেয়র আলেজান্দ্রো এডার বুধবার জানান, পরিস্থিতি ক্রমশ জটিল হলেও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাত্র তিন দিন আগে ক্ষমতা নেওয়া প্রেসিডেন্ট আবেলফ্রেডো দে লা এস্প্রিয়েল্লা ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল, স্কুল ও অবকাঠামো পুনর্নির্মাণে একটি জরুরি তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সূত্র: আল জাজিরা




দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর। আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, ইরাকে আইএস বিরোধী বৈশ্বিক জোটের অভিযানের সমাপ্তি হতে চলেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রস্থান করবে। এই সময়সীমা নির্ধারিত এবং চূড়ান্ত। আগামী ১ অক্টোবর দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। কারণ এই দিন থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে মার্কিন সেনাদের প্রস্থানের এই ডেটলাইন বা সময়সীমা।

জানা যায়, বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিবৃতি দেয়।

২০০৩ সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে দেশটিতে অভিযান শুরু করেছিল মার্কিন বাহিনী। সে বছর ১৯ মার্চ ইরাকে অভিযান শুরু করে মার্কিন বাহিনী এবং অভিযানের ৯ মাসের মাথায় গ্রেপ্তার হন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ৩ বছর বিচার চলার পর ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ভোরে সাদ্দাম হোসেনের ফাঁসি হয়।

শর্ত অনুযায়ী, সাদ্দাম হোসেনের মৃত্যুর পরেই ইরাক ত্যাগের কথা ছিল মার্কিন বাহিনীর। তবে সাদ্দামের মৃত্যুর অল্প সময়ের মধ্যেই ইরাকে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের। ফলে এই গোষ্ঠীটিকে নির্মূলের জন্য ইরাকে সেনা অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। পেন্টাগনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, “যুক্তরাষ্ট্র, ইরাক এবং জোট অংশীদাররা আইএসকে পরাজিত করার ক্ষেত্রে অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে। বর্তমানে ইরাকে যেসব সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তাদের দমন করতে ইরাকি সেনাবাহনী যথেষ্ট সক্ষম।”

তবে ইরাকে বর্তমানে কতজন মার্কিন সেনা রয়েছে, সে তথ্য প্রকাশ করেননি ওই কর্মকর্তা।

গত বছর ইরাকের অধিকাংশ এলাকা থেকে মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে গেলেও দেশটির স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কিছু সেনা অবস্থান করছিল। সাম্প্রতিক সময়ে এসব ঘাঁটি বিভিন্ন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।




দুদকে অভিযোগ, বদলি-টেন্ডার নিয়ে প্রশ্ন: গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে তদন্তের দাবি

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। তার চাকরিজীবনের পুরোনো বিভাগীয় শাস্তি, পরবর্তী সময়ে দ্রুত পদোন্নতি, জ্যেষ্ঠতা অতিক্রম করে গুরুত্বপূর্ণ পদে আসা, বদলি-পদায়ন, দরপত্র পুনর্মূল্যায়ন এবং রাজনৈতিক যোগাযোগ—সব মিলিয়ে তার প্রশাসনিক ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চাকরির শুরুর দিকেই ভুয়া শিক্ষাসংক্রান্ত কাগজপত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকারি নথি অনুযায়ী, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার লিখিত বক্তব্য নেওয়া হয় এবং তিনি দায় স্বীকার করে ক্ষমা চান। পরে তাকে এক বছরের জন্য একটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি দেওয়া হয়।

তবে ওই শাস্তির কয়েক বছর পরই তার ক্যারিয়ারে দ্রুত পরিবর্তন আসে। ২০১৯ সালে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়মিত পদোন্নতি পাওয়ার পর একই বছরের শেষ দিকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হন। এরপর ২০২৫ সালে তাকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়।

এখন প্রশ্ন উঠছে—বিভাগীয় মামলায় শাস্তি পাওয়া ওই অতীত রেকর্ড পরবর্তী পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সময় কতটা বিবেচনায় নেওয়া হয়েছিল।

জ্যেষ্ঠতার হিসাবেও প্রশ্ন

প্রধান প্রকৌশলীর পদে স্থায়ী নিয়োগের প্রক্রিয়া ঘিরেও প্রশ্ন রয়েছে। গণপূর্ত অধিদপ্তরের জ্যেষ্ঠতার তথ্য অনুযায়ী, অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে মো. আবুল খায়ের ও উৎফল কুমার দে খালেকুজ্জামান চৌধুরীর চেয়ে জ্যেষ্ঠ অবস্থানে রয়েছেন।

অর্থাৎ জ্যেষ্ঠতার বিবেচনায় তিনি শীর্ষে ছিলেন না। এরপরও প্রধান প্রকৌশলী নিয়োগের প্রক্রিয়ায় তার নাম অগ্রাধিকার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

গত ৬ জুলাই প্রধান প্রকৌশলী নিয়োগের জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ডের বিবেচনায় পাঁচজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, প্রস্তাবিত তালিকায় স্বাভাবিক জ্যেষ্ঠতার ধারাবাহিকতা অনুসরণ করা হয়নি।

তবে শুধু জ্যেষ্ঠতার ক্রমই পদায়নের একমাত্র মানদণ্ড কি না, সেটিও গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির অভিজ্ঞতা, যোগ্যতা, কর্মদক্ষতা, মূল্যায়ন এবং পদোন্নতি-সংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা না করে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

২০১৬ সালের বিভাগীয় মামলার নথিতে কী আছে

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংরক্ষিত নথি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য ছুটি ও প্রেষণ নেওয়ার প্রক্রিয়ায় খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ভুয়া অফার লেটারসহ শিক্ষাসংক্রান্ত কাগজপত্র ব্যবহারের অভিযোগ ওঠে।

সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও আপিলসংক্রান্ত বিধিমালার আওতায় বিষয়টি নিয়ে বিভাগীয় কার্যক্রম শুরু হয়। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

নথিতে তার দেওয়া লিখিত জবাবে অভিযোগের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার তথ্য রয়েছে। পরে ২০১৬ সালের ২৩ আগস্ট তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার স্বাক্ষরিত আদেশে তার একটি বার্ষিক বেতন বৃদ্ধি এক বছরের জন্য স্থগিত করা হয়।

এখানেই মূল প্রশ্ন—ভুয়া কাগজপত্র ব্যবহারের মতো অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর কেন তাকে তুলনামূলকভাবে লঘু শাস্তি দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে পদোন্নতির ক্ষেত্রে ওই শাস্তির প্রভাব কী ছিল?

কয়েক বছরের মধ্যেই দ্রুত পদোন্নতি

বিভাগীয় শাস্তির প্রায় তিন বছর পর ২০১৯ সালের ২২ জুলাই খালেকুজ্জামান চৌধুরী তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে নিয়মিত পদোন্নতি পান। একই বছরের ১৫ ডিসেম্বর তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে উন্নীত হন।

অভিযোগকারীদের বক্তব্য, শাস্তির রেকর্ড থাকা সত্ত্বেও তার পদোন্নতির গতি ছিল উল্লেখযোগ্যভাবে দ্রুত। তবে পদোন্নতির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছিল কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটির মূল্যায়ন, সার্ভিস রেকর্ড এবং প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন।

প্রকাশ্য তথ্যের ভিত্তিতে তার পদোন্নতিকে রাজনৈতিক প্রভাবের ফল হিসেবে চূড়ান্তভাবে উল্লেখ করার মতো সরাসরি প্রমাণও এখনো পাওয়া যায়নি।

রাজনৈতিক পরিচয় ও যোগাযোগ নিয়েও আলোচনা

খালেকুজ্জামান চৌধুরীর ক্যারিয়ার নিয়ে আলোচনায় রাজনৈতিক যোগাযোগের অভিযোগও এসেছে। আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন প্রভাবশালী নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর সঙ্গে পারিবারিক সম্পর্কের পরিচয় ব্যবহার করে রাজনৈতিক বলয়ে যোগাযোগ রাখতেন—এমন দাবি করেছেন অভিযোগকারীদের কেউ কেউ।

তবে সাজেদা চৌধুরীর ছেলে সাজেদ আকবর এমন সম্পর্কের বিষয়ে অবগত থাকার কথা অস্বীকার করেছেন। তার বক্তব্য অনুযায়ী, একই নির্বাচনি এলাকার হওয়ায় বিভিন্ন মানুষ তার মায়ের কাছে আসতেন এবং তাদের কেউ কেউ প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ দেখাতে আত্মীয়তার দাবি করতেন।

ফলে খালেকুজ্জামানের সঙ্গে কথিত ওই পারিবারিক সম্পর্ক আদৌ প্রশাসনিক সিদ্ধান্ত বা পদোন্নতিতে কোনো প্রভাব ফেলেছিল কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন।

২০২৪-এর পর নতুন যোগাযোগের অভিযোগ

রাজনৈতিক পটপরিবর্তনের পর তার কথিত নতুন রাজনৈতিক যোগাযোগ নিয়েও অভিযোগ সামনে আসে।

অভিযোগকারীরা দাবি করেছেন, এ সময় জামায়াত-ঘনিষ্ঠ একটি পারিবারিক যোগাযোগের পরিচয় তিনি সামনে আনেন। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পরিবারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

খালেকুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। একই উপজেলার ফুলসুতি গ্রামে ডা. তাহেরের শ্বশুরবাড়ি। পারিবারিক সূত্রে ডা. তাহেরের স্ত্রী ডা. হাবিবা আক্তার চৌধুরীকে তিনি ‘ফুপু’ বলে সম্বোধন করেন—এমন দাবিও রয়েছে।

তবে ব্যক্তিগত বা পারিবারিক পরিচিতি থাকা এবং তার ভিত্তিতে সরকারি পদ পাওয়া—দুটি বিষয় এক নয়। ২০২৫ সালে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এসব যোগাযোগ আদৌ কোনো ভূমিকা রেখেছিল কি না, তা প্রমাণের জন্য নিয়োগ-সংক্রান্ত নথি ও সুপারিশের ধারাবাহিকতা পরীক্ষা করা প্রয়োজন।

পাঁচ জ্যেষ্ঠ প্রকৌশলীকে পেছনে ফেলার অভিযোগ

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর খালেকুজ্জামান চৌধুরী প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পাওয়ার সময় তার চেয়ে জ্যেষ্ঠ পাঁচজন প্রকৌশলীকে অতিক্রম করেন।

অভিযোগকারীদের একাংশ এ সিদ্ধান্তের পেছনে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত সচিব নজরুল ইসলামের প্রভাব এবং রাজনৈতিক যোগাযোগের কথা উল্লেখ করেছেন।

তবে কোনো সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সুপারিশ সরাসরি কার্যকর হয়েছিল—এমন সিদ্ধান্তমূলক নথি প্রকাশ্যে না আসা পর্যন্ত বিষয়টিকে অভিযোগ হিসেবেই দেখতে হবে।

পদোন্নতিতে মামলা ব্যবহারের অভিযোগ

জ্যেষ্ঠ কয়েকজন প্রকৌশলীকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে মামলা ব্যবহারের অভিযোগও রয়েছে।

অভিযোগ অনুযায়ী, রামপুরা থানায় দায়ের করা একটি মামলায় জ্যেষ্ঠ প্রকৌশলীসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়। পরবর্তী সময়ে পদোন্নতি-সংক্রান্ত বিবেচনায় মামলার তথ্য ব্যবহার করে কয়েকজন কর্মকর্তার অবস্থান দুর্বল করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

তবে মামলায় আসামি হওয়া কোনো ব্যক্তির অপরাধ প্রমাণ করে না। আদালতের চূড়ান্ত রায় ছাড়া কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করাও সমীচীন নয়।

তাই প্রশ্ন হচ্ছে—পদোন্নতি কমিটির কাছে মামলার তথ্য কীভাবে উপস্থাপন করা হয়েছিল এবং সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মূল্যায়নে বাস্তবে কী ধরনের প্রভাব ফেলেছিল।

বদলি-পদায়নে বড় সিদ্ধান্ত, পরে প্রত্যাহার

প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেওয়ার পর বদলি ও পদায়নের সিদ্ধান্ত নিয়েও আলোচনা শুরু হয়।

অভিযোগকারীদের কেউ কেউ দাবি করেছেন, পছন্দের কর্মস্থলে পোস্টিং পেতে আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হয়েছিল। কোথাও কোথাও ১০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগও করা হয়েছে।

তবে এসব অর্থ লেনদেনের কোনোটি এখনো তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে প্রমাণিত হয়নি।

চলতি বছরের ৩ মার্চ এক আদেশে একসঙ্গে অর্ধশতাধিক নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়। এর পর ৫ ও ৮ মার্চ পৃথক আদেশে এসব বদলির বড় অংশ বাতিল করা হয়।

স্বল্প সময়ের মধ্যে এত বড় আকারের বদলি এবং পরে তার বড় অংশ প্রত্যাহারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। কেন একসঙ্গে এত কর্মকর্তা বদলি করা হয়েছিল, সিদ্ধান্তের ভিত্তি কী ছিল এবং পরে বাতিলের কারণ কী—তা জানতে সংশ্লিষ্ট নোটশিট, অনুমোদন ও প্রশাসনিক প্রস্তাব পর্যালোচনা করা জরুরি।

বরখাস্ত প্রকৌশলীকে ঘিরে তারিখের অসঙ্গতি

প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে ঘিরে একটি প্রশাসনিক আদেশের তারিখ নিয়েও প্রশ্ন উঠেছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৩ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। ওই আদেশে তাকে লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী হিসেবে উল্লেখ করা হয়।

অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি আদেশে তাকে ২ ফেব্রুয়ারি ঢাকার রিজার্ভে বদলি দেখানো হয়। কিন্তু আদেশটি প্রকাশের তারিখ ছিল ১৫ ফেব্রুয়ারি।

এতে প্রশ্ন উঠেছে, বরখাস্তের আগের তারিখ ব্যবহার করে পরবর্তীতে কোনো আদেশ প্রস্তুত বা প্রকাশ করা হয়েছিল কি না।

তবে শুধু প্রকাশের তারিখের পার্থক্য থেকেই নথি জালিয়াতির সিদ্ধান্তে যাওয়া যাবে না। বিষয়টি নিশ্চিত করতে মূল ফাইল, অনুমোদনের সময়, ডাক রেজিস্টার, ডিজিটাল নথির টাইমস্ট্যাম্প এবং আদেশ জারির ধারাবাহিকতা যাচাই প্রয়োজন।

বড় দরপত্র পুনর্মূল্যায়ন ঘিরে প্রশ্ন

গণপূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের বড় অঙ্কের দরপত্র পুনর্মূল্যায়নের ঘটনাও খালেকুজ্জামানকে ঘিরে অভিযোগের তালিকায় এসেছে।

ঢাকা গণপূর্ত বিভাগ-১, বিভাগ-৩ এবং শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২-এর অধীনে কয়েকটি দরপত্র পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠানোর তথ্য সামনে এসেছে।

অভিযোগকারীদের দাবি, পাবলিক প্রকিউরমেন্ট রুলসের বিভিন্ন বিধান দেখিয়ে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হলেও এর আড়ালে নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার চেষ্টা থাকতে পারে।

তবে দরপত্র পুনর্মূল্যায়ন নিজেই কোনো অনিয়মের প্রমাণ নয়। মূল্যায়ন কমিটির সুপারিশ, পুনর্মূল্যায়নের কারণ, সংশ্লিষ্ট নোটশিট, দরদাতাদের প্রস্তাব এবং শেষ পর্যন্ত কাকে কাজ দেওয়া হয়েছে—এসব তথ্য পাশাপাশি বিশ্লেষণ করলেই প্রকৃত চিত্র পাওয়া সম্ভব।

দুদকে লিখিত অভিযোগ

এসব বিষয়কে কেন্দ্র করে খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার তথ্য পাওয়া গেছে।

অভিযোগে বদলি-পদায়নে আর্থিক লেনদেন, দরপত্রে অনিয়ম, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং বিতর্কিত বদলি আদেশের মতো বিষয় তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগকারীরা সরকারি নথি যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য নেওয়া, আর্থিক লেনদেন পর্যালোচনা এবং সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন।

তবে কোনো অভিযোগ দুদকে জমা পড়া মানেই সেটি সত্য প্রমাণিত হওয়া নয়। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই অভিযোগের গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে।

সাংবাদিককে হুমকির অভিযোগও আলোচনায়

খালেকুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের তালিকায় একজন সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টিও রয়েছে।

২০ জুলাই ২০২৬ এক সাংবাদিক মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি দাবি করেন, সংবাদসংক্রান্ত বিষয়ে যোগাযোগের সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার পেশা নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।

সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী, বিষয়টি আইনগতভাবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, যোগাযোগের রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করা প্রয়োজন।

বিশেষজ্ঞের দৃষ্টিতে প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ও নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান মনে করেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম বা জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়ে থাকলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আগে তার পূর্ববর্তী রেকর্ড যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

তার মতে, প্রশাসনে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে পদ-পদবি অর্জনের সুযোগ তৈরি হলে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মকর্তাদের মূল্যায়ন ব্যাহত হয়। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কাঠামো দুর্বল হওয়ার ঝুঁকি থাকে।

এই দৃষ্টিকোণ থেকে খালেকুজ্জামানের ২০১৬ সালের বিভাগীয় শাস্তির রেকর্ড পরবর্তী পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সময় কীভাবে বিবেচনা করা হয়েছিল—সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

পাওয়া যায়নি খালেকুজ্জামানের বক্তব্য

অভিযোগগুলোর বিষয়ে খালেকুজ্জামান চৌধুরীর বক্তব্য জানতে ১০ আগস্ট তার দপ্তরে যোগাযোগ করা হয়। তাকে সেখানে পাওয়া যায়নি।

পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য, ব্যাখ্যা কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকলে তা প্রতিবেদনের পরবর্তী সংস্করণে যথাযথভাবে যুক্ত করা যেতে পারে।

নথি যাচাই ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নয়

খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে ওঠা সব অভিযোগের অবস্থান এক নয়। ২০১৬ সালের বিভাগীয় শাস্তির বিষয়টি সরকারি নথিতে থাকার তথ্য রয়েছে। অন্যদিকে বদলি-বাণিজ্য, রাজনৈতিক প্রভাব, দরপত্রে সুবিধা দেওয়া কিংবা আর্থিক লেনদেনের মতো অভিযোগগুলোর অনেকগুলো এখনো তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

তাই অভিযোগ এবং প্রমাণিত ঘটনার মধ্যে স্পষ্ট পার্থক্য রাখা জরুরি।

তবে পুরো বিষয়টি সামনে রেখে কয়েকটি প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগও নেই। বিভাগীয় শাস্তির পর তার দ্রুত পদোন্নতির ক্ষেত্রে অতীত রেকর্ড কতটা বিবেচনায় নেওয়া হয়েছিল? জ্যেষ্ঠতার অবস্থান অতিক্রম করে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে কোন যোগ্যতা বা মানদণ্ড প্রাধান্য পেয়েছিল? একদিনে বিপুলসংখ্যক বদলির সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল এবং অল্প সময়ের মধ্যেই কেন তার বড় অংশ বাতিল করা হলো? বড় দরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে সিদ্ধান্তগুলোর প্রশাসনিক ও আর্থিক ভিত্তি কী ছিল?

এসব প্রশ্নের উত্তর কেবল অভিযোগ বা পাল্টা বক্তব্যে পাওয়া সম্ভব নয়। এজন্য প্রয়োজন পদোন্নতি ও নিয়োগ কমিটির কার্যবিবরণী, নোটশিট, বদলি-পদায়নের প্রস্তাব ও অনুমোদন, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নথির পূর্ণাঙ্গ পর্যালোচনা।

গণপূর্ত অধিদপ্তর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত। ফলে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা একজন কর্মকর্তাকে ঘিরে ওঠা অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে যাচাই হওয়া প্রয়োজন।

অভিযোগগুলো ভিত্তিহীন হলে নথি ও তদন্তের মাধ্যমে তা স্পষ্ট হওয়া উচিত। আবার কোনো অভিযোগ প্রমাণিত হলে দায় নির্ধারণ করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়াই পারে প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করতে।




রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।

রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।

রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় তফসিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনকে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্যেই ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট দায়ের হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।