স্থগিত কনসার্টের টিকিট বৈধ, আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক : গত বছরের ডিসেম্বরে স্থগিত হওয়া পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ জুলাই ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামে দর্শক-শ্রোতাদের মাতাবেন পাকিস্তানের এই গায়ক।

এ প্রসঙ্গে ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’র পরিচালক কাজী রাফসান গণমাধ্যমকে বলেন, ‘গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়; এটি আমাদের দর্শকদের প্রতি দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে।’

তবে কোথায় বসবে আতিফ শো তা এখনও চূড়ান্ত হয়নি। ভেন্যুর বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়ে আয়োজকরা।

আয়োজকদের পক্ষে থেকে বলা হয়েছে, যারা গত বছর টিকিটের টাকা ফেরত নেননি তারা www.mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Apply’-এর মাধ্যমেঅতিফের সুরের জাদু উপভোগ করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। এমনকি কোনো অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে টিকিট পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজকরা।

বলা দরকার, টিকিট ফেরত দিয়ে যারা এখনও রিফান্ড পাননি, তাদের জন্য সুখবর। তারাও চাইলে mainstage.show ওয়েবসাইটের মাধ্যমে রিফান্ড আবেদনটি প্রত্যাহার করে নিজের টিকিটটি পুনরুদ্ধার করতে পারেন। আবেদন পাওয়ার পর তা যাচাই করে সম্পূর্ণ বিনামূল্যে নতুন টিকিট ইস্যু করে তা পৌঁছে দেওয়া হবে।




লক্ষ্মীপুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত বেড়ে ৫

ডেস্ক নিউজঃ লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে মা ও দুই মেয়ের পর ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন মেঝ মেয়েও। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটুনিতে সন্দেহভাজন ঘাতক যুবকেরও মৃত্যু হয়েছে। এ নিয়ে এই নৃশংস ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায়  ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৮), তার বড় মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সায়মা আক্তার (২১), মেঝ মেয়ে কলেজ  শিক্ষার্থী ইকরা আক্তার (১৮) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)।

এ ঘটনায় সন্দেভাজন এক যুবককে গণপিটুনি দিলে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের ৬/৭ জন সদস্য আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শাহীনুর বেগমের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি ওই বাসায় বসবাস করছিলেন। দুপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় শাহীনুর ও তার তিন মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে শাহীনুর, সায়মা, ইকরা ও শিফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, হাসপাতালে পাঁচজনকে আহত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে মা ও তিন মেয়ে মারা গেছেন। গণপিটুনিতে সন্দেহভাজন যুবককে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। অভিযুক্ত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। হাসপাতালে নেওয়ার পর সে যুবকও মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত লোকজন ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। নিহত পরিবারের সঙ্গে সন্দেভাজন যুবকের কোনো সম্পর্ক ছিলো কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যতটুকু জানি সে ভ্রমমাণ ফল বিক্রেতা ছিলেন।

ঘটনার পরপরই লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, নিহতদের মরদেহের ময়নাতদন্ত চলছে। কী কারণে এ ধরনের ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখা হচ্ছে।




‘কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি, আমি নিজেই সারপ্রাইজড’: হাবিব

বিনোদন ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহৃত হয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া জনপ্রিয় গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্মিত ও আনন্দিত হয়েছেন এই সংগীতশিল্পী। 

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত ওই ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মহাজাদু’, যা গেয়েছেন হাবিব ওয়াহিদ।

বিষয়টি কীভাবে জানতে পেরেছেন জানতে চাইলে হাবিব বলেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়েই বিভিন্নজনের পাঠানো লিংক দেখতে পান। কৌতূহলবশত লিংক খুলে ভিডিওটি দেখেন এবং সেখানে নিজের গান ব্যবহৃত হতে দেখে বিস্মিত হন।

হাবিবের ভাষ্য, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহার করা হয়েছে, যা তাকে অনুপ্রাণিত করেছে। দুটি দেশের সম্পৃক্ততা থাকা এমন একটি কূটনৈতিক সফরের ভিডিওতে নিজের গান স্থান পাওয়াকে তিনি সম্মানের বলে মনে করছেন।

তবে এ বিষয়ে আগে থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলেও জানান এই সংগীতশিল্পী। তিনি বলেন, কেউ তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। ফলে ভিডিওটি দেখে তিনি নিজেও চমকে গেছেন।

ভিডিওটিতে কেন ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেও জানান হাবিব। তাঁর মতে, হয়তো সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও হাবিব নিজে ফেসবুকে খুব বেশি সক্রিয় নন। তিনি জানান, মোবাইলে ফেসবুক ব্যবহার না করায় মানুষের প্রতিক্রিয়া সরাসরি দেখতে পারেননি। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা শুনছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি বলেও উল্লেখ করেন হাবিব। এ কারণেই পুরো বিষয়টি তার কাছে আরও বেশি বিস্ময়ের বলে মনে হয়েছে।

ফেসবুক ব্যবহার সীমিত রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মোবাইলে ফেসবুক ব্যবহার করলে মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অজান্তেই অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই কাজের প্রয়োজন ছাড়া তিনি সাধারণত মোবাইলে ফেসবুক ব্যবহার করেন না।

বর্তমান ব্যস্ততা সম্পর্কে হাবিব জানান, তিনি নতুন গান নিয়েই কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের ভালো সাড়া পেয়েছে এবং আপাতত সেটি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।




ভেনেজুয়েলায় বড় দুই ভূমিকম্পের পর আরও দু’টি কম্পন

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পের পর আরও দু’টি ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বড় দু’টি কম্পনের পর উত্তরাঞ্চলীয় উপকূল এলাকায় একাধিক পরাঘাত (আফটারশক) অব্যাহত রয়েছে।

ইউএসজিএসের তথ্য বলছে, শক্তিশালী ভূমিকম্পের মাত্র ১৯ মিনিট পর রাজধানী কারাকাসের কাছে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর প্রায় সাত ঘণ্টা পর একই এলাকার কাছাকাছি আরও একটি ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভেনেজুয়েলার সিসমোলজিক্যাল সংস্থাও জানিয়েছে, এরপর থেকে দেশটিতে এক ডজনের বেশি ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্পের পর এ ধরনের ছোট ছোট কম্পন স্বাভাবিক ঘটনা। তবে এসব পরাঘাত কতদিন চলবে তা নির্ভর করে ভূ-চ্যুতি অঞ্চলের পরিস্থিতির ওপর।

ইউএসজিএস জানিয়েছে, তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত একটি ৫ মাত্রার আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে ৯৪ শতাংশ। এর ফলে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ আশপাশের অঞ্চলগুলোতে নতুন করে কম্পনের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন




গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে এসে পৌঁছালে তারেক রহমানকে এ সংবর্ধনা দেওয়া হয়।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারকে রহমানকে স্বাগত জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাত ধরে বিশেষভাবে সজ্জিত মঞ্চে নিয়ে যান। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

উভয় প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হল অব দ্য পিপলে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।




মুসলিম খেলোয়াড়দের জন্য পুরস্কার মঞ্চে পরিবর্তন আনল ফিফা

ক্রীড়া ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি সম্মান জানিয়ে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার প্রদানের পদ্ধতিতে পরিবর্তন এনেছে ফিফা।

বিষয়টি আলোচনায় আসে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর। ওই ম্যাচে টুর্নামেন্টের দ্রুততম গোল করেন তিনি। তবে পুরস্কার গ্রহণের সময় প্রচলিত স্পন্সর ব্র্যান্ডিং দেখা যায়নি। সাধারণত পুরস্কারের ব্যাকড্রপ ও ট্রফিতে বিয়ার ব্র্যান্ড মাইকেলব আলট্রার লোগো থাকে, কিন্তু সাইবারির ক্ষেত্রে তার পরিবর্তে বিশ্বকাপের অফিসিয়াল ব্র্যান্ডিংসহ একটি নিরপেক্ষ নকশা ব্যবহার করা হয়।

একই ধরনের উপস্থাপনা ব্যবহার করা হয়েছে আরও কয়েকজন খেলোয়াড়ের ক্ষেত্রেও। তাদের মধ্যে রয়েছেন মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি অলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দে।

এ বিষয়ে ফিফার এক মুখপাত্র জানান, নির্বাচিত খেলোয়াড়ের অনুরোধে স্পন্সরবিহীন পুরস্কার ও ব্যাকড্রপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। একই ব্যবস্থা অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

ফুটবলে অ্যালকোহল স্পন্সরশিপ নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে মিসরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি অ্যালকোহল স্পন্সরযুক্ত ম্যাচসেরা পুরস্কার গ্রহণে আপত্তি জানিয়েছিলেন বলে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল।

সম্পূর্ণ স্পন্সরশিপ বাতিল না করে ফিফা এবার একটি সমঝোতামূলক পথ বেছে নিয়েছে। সংস্থাটি তাদের বাণিজ্যিক অংশীদারিত্ব বজায় রেখেই খেলোয়াড়দের ব্যক্তিগত ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসকে সম্মান জানানোর চেষ্টা করছে। এর ফলে বিশ্বকাপের মঞ্চে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বার্তাও আরও জোরালোভাবে তুলে ধরা হচ্ছে।




বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

ডেস্ক নিউজঃ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। এজন্য আবেদন করা যাবে আগামী ২৮ জুন থেকে। ভিসা প্রদান শুরু হবে ১ জুলাই থেকে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের পাঁচটি ভিসা সেন্টার থেকে আবেদনকারীরা সেবা নিতে পারবেন।হাইকমিশনার আরও বলেন, ভবিষ্যতে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেডিকেল ভিসাপ্রত্যাশী, শিশু ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এ সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন কার্যক্রম আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।




সান্তোস-পেলে-কাফুর কাতারে নেইমার

ক্রীড়া ডেস্কঃ ৯৮১ দিন পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেই নতুন এক ইতিহাসের অংশ হলেন নেইমার। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে জোড়া গোল করে জয়ের নায়ক হন ভিনিসিউস জুনিয়র।

দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফেরা নেইমার এই ম্যাচে খেলেই ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের চারটি ভিন্ন আসরে অংশ নেওয়ার কীর্তি গড়েন। এর আগে কেবল সান্তোস, পেলে ও কাফু এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

কার্লো আনচেলত্তির অধীনে দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিউস। ইতালিয়ান এই কোচের অধীনে ১৩ ম্যাচে ইতোমধ্যে ৭ গোল করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড। অথচ এর আগে ব্রাজিলের হয়ে ৩৯ ম্যাচে তার গোল ছিল মাত্র ৬টি।

স্কটল্যান্ডের বিপক্ষে গোল করে ভিনিসিউস আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন। তিনি ব্রাজিলের পঞ্চম ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে গোল করার নজির স্থাপন করেছেন। তার আগে ১৯৭০ সালে জাইরজিনিয়ো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো ও রিভালদো এই কৃতিত্ব দেখিয়েছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের চারবারই ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেসের ক্রস থেকে হেডে গোল করেন ভিনিসিউস। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই ছিল তার প্রথম হেড থেকে পাওয়া গোল।

এদিকে মাতেউস কুইয়াও নিজের উজ্জ্বল পারফরম্যান্স ধরে রেখেছেন। বিশ্বকাপে শুরুর একাদশে নেমে প্রথম দুই ম্যাচেই গোল করেছেন তিনি। এর আগে ২০১৮ বিশ্বকাপে ফিলিপে কৌতিনিয়ো ব্রাজিলের হয়ে এমন কীর্তি গড়েছিলেন। হাইতির বিপক্ষে অভিষেক ম্যাচে জোড়া গোলের পর স্কটল্যান্ডের বিপক্ষেও একবার জালের দেখা পান এই ফরোয়ার্ড।

মিডফিল্ডার ব্রুনো গিমারেসও ম্যাচে দুটি অ্যাসিস্ট করে বিশেষ এক রেকর্ডে নাম লেখান। ২০১০ বিশ্বকাপে আইভরি কোস্টের বিপক্ষে কাকার পর এই প্রথম কোনো ব্রাজিলিয়ান ফুটবলার বিশ্বকাপের এক ম্যাচে দুটি অ্যাসিস্ট করলেন।

অন্যদিকে ব্রাজিলের সাফল্যের সঙ্গে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। ২০১০ সালে ফাবিও কাপেল্লোর পর প্রথম ইতালিয়ান কোচ হিসেবে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে দলকে নেতৃত্ব দেবেন। ১৬ বছর পর আবারও কোনো ইতালিয়ান কোচের দল বিশ্বকাপের শেষ ষোলোয় খেলবে।

এই জয়ে টানা ১৫তম বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করল ব্রাজিল। সর্বশেষ ১৯৬৬ সালে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের। এছাড়া ১৯৮২ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে উঠেছে তারা।




এক বছরে দুই বদলি, কোটি টাকার প্রশ্ন: বিআরটিসির জামিল হোসেনকে ঘিরে নতুন বিতর্ক

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এ বদলি-বাণিজ্য, প্রভাব বিস্তার, সুবিধাজনক পদায়ন এবং ঠিকাদারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন কর্মকর্তা মো. জামিল হোসেন। গত এক বছরের ব্যবধানে তার দুটি গুরুত্বপূর্ণ বদলিকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের অভিযোগ এবং একটি ঠিকাদার নির্যাতন মামলার তথ্য সামনে আসায় বিআরটিসির অভ্যন্তরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সরকারি তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এক বছরে দুই বদলি, দুই দফা লেনদেনের অভিযোগ : বিআরটিসির একাধিক সূত্রের দাবি, প্রায় এক বছর আগে জামিল হোসেন বরিশাল বাস ডিপো থেকে টুঙ্গিপাড়া বাস ডিপোতে বদলি হন। সংশ্লিষ্ট সূত্রগুলো অভিযোগ করেছে, ওই বদলিকে কেন্দ্র করে প্রায় ১০ লাখ টাকা লেনদেন হয়েছিল।

এর এক বছরের মাথায় ২০২৬ সালের জুনে তিনি টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে চট্টগ্রাম ট্রাক ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে ইউনিট প্রধান হিসেবে বদলি হন। ১৭ জুন ২০২৬ তারিখে জারি হওয়া বিআরটিসির একটি প্রশাসনিক আদেশে এ বদলির তথ্য উল্লেখ রয়েছে। এ বদলিকে ঘিরেও প্রায় ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে বলে একাধিক সূত্র দাবি করেছে। যদিও এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো সরকারি নথি বা তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

‘প্রাইজ পোস্টিং’-এর অভিযোগ : বিআরটিসির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, চট্টগ্রাম ট্রাক ডিপো দীর্ঘদিন ধরেই সংস্থার একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী কর্মস্থল হিসেবে বিবেচিত। এ ধরনের পদায়নকে ঘিরে অতীতে নানা সময়ে ‘প্রাইজ পোস্টিং’ বা কাঙ্ক্ষিত পদায়নের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, জামিল হোসেন ধারাবাহিকভাবে সুবিধাজনক কর্মস্থল পেয়ে আসছেন এবং প্রতিটি পদায়নের পেছনে প্রভাব ও আর্থিক লেনদেনের বিষয়টি আলোচনায় রয়েছে।

সাবেক রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ : বিআরটিসির একাধিক কর্মকর্তা দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় জামিল হোসেন সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ পদায়ন ও প্রশাসনিক সুবিধা পেয়েছেন। অভ্যন্তরীণ সূত্রগুলো আরও অভিযোগ করেছে, সরকার পরিবর্তনের পরও তিনি নতুন প্রশাসনিক বলয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে জামিল হোসেনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঠিকাদারকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ : জামিল হোসেনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি এসেছে ঠিকাদার মোহাম্মদ আবুল হাসানের কাছ থেকে। অভিযোগ অনুযায়ী, গাবতলী ডিপোতে দায়িত্ব পালনকালে জামিল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে জোরপূর্বক তুলে নেওয়া, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং অচেতন অবস্থায় ফেলে রাখার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জামিল হোসেনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে মামলাটির বর্তমান অবস্থা, তদন্ত অগ্রগতি বা আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

চেয়ারম্যানকে ঘিরেও অভিযোগ : বিআরটিসির বর্তমান : চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে ঘিরেও বদলি-বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রের দাবি, একাধিক বাস ও ট্রাক ডিপোতে কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লেনদেন এবং মাসিক আর্থিক সুবিধার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা বিচারিক সিদ্ধান্ত প্রকাশ হয়নি। চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার আনুষ্ঠানিক অবস্থানও স্পষ্টভাবে জানা যায়নি।

বিআরটিসির ভেতরে অস্বস্তি : বিআরটিসির কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিষ্ঠানটির ভেতরে এখনও বিভিন্ন সময়ের প্রভাবশালী বলয়ের সদস্যরা সক্রিয় রয়েছেন। তাদের দাবি, প্রশাসনিক সিদ্ধান্ত, বদলি এবং পদায়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি অস্বচ্ছ সংস্কৃতি গড়ে উঠেছে। তাদের মতে, গুরুত্বপূর্ণ পদায়নগুলোতে স্বচ্ছতা নিশ্চিত না হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম, রাজস্ব ব্যবস্থাপনা এবং সেবার মান আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সরকারি নথিতে নতুন পদায়ন : ১৭ জুন ২০২৬ তারিখে জারি হওয়া বিআরটিসির আদেশ অনুযায়ী মো. জামিল হোসেনকে টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে চট্টগ্রাম ট্রাক ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে ইউনিট প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশে ২৫ জুনের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের দাবি : এক বছরের ব্যবধানে একাধিক পদায়ন, আর্থিক লেনদেনের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের অভিযোগ এবং ঠিকাদার নির্যাতনের মামলাকে কেন্দ্র করে মো. জামিল হোসেনকে ঘিরে বিআরটিসিতে নতুন করে প্রশ্ন উঠেছে।

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দাবি, অভিযোগগুলো নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে বদলি ও পদায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

অনুসন্ধান চলমান : অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।)




চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয’ খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ। চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বহু দশকের একটি সম্পর্ক গড়ে উঠেছে। এটি আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার একটি সম্পর্ক।  বিগত বছরগুলোতে এই সম্পর্কটি কূটনীতি থেকে উন্নয়নে, উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। আজ আমি সেই পরবর্তী অধ্যায়টি নিয়ে কথা বলতে চাই।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জড়তা দূর করতে তার সরকার ইতোমধ্যে ১৮০ দিনের কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে। বিদেশী বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন।

এছাড়াও চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় জোনের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান সরকারপ্রধান। এই স্থানগুলো লজিস্টিকস, বন্দর সংযোগ, পরিষেবা, কর্মী, সরবরাহকারী এবং একটি দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম প্রদান করে বলে উল্লেখ করেন তারেক রহমান।

নবায়নযোগ্য জ্বালানি, আইটি, উন্নত বস্ত্রশিল্প ও ফার্মাসিউটিক্যালস খাতে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা লভ্যাংশ ফেরত নেওয়া ও আইনি সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদার হওয়ার জোর আহ্বান জানান।