মালয়েশিয়াকে ১৫৩ রানে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুভসূচনা

ক্রীড়া ডেস্ক : মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ।

জবাবে মালয়েশিয়া ৪০.৫ ওভারে ১৩৭ রানে অলআউট হয়েছে। ফলে ১৫৩ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশের যুবারা।

শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল বেশ কঠিন। দুই ওপেনার জাওয়াদ আব্রার ও ইকবাল হোসেন দ্রুত ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।

জাওয়াদ ৮ বলে ৫ এবং ইকবাল ৩ বলে শূন্য রানে আউট হন। এরপর কালাম সিদ্দিকী ৫৬ বলে ৩৪ রান করে ইনিংস কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় একটা সময় বাংলাদেশের বড় সংগ্রহ নিয়ে শঙ্কা তৈরি হয়।

সেই জায়গা থেকেই ম্যাচের চিত্র বদলে দেন মোহাম্মদ আবদুল্লাহ ও আহরার আমিন। দু’জনের ব্যাটে বাংলাদেশের ইনিংস পায় স্থিরতা ও গতি। আবদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ১০০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রান করেন তিনি। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি না পেলেও তার ইনিংসটি বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

অন্যদিকে আহরার ছিলেন বেশ আক্রমণাত্মক। ৬২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬১ রান করেন তিনি। আবদুল্লাহর সঙ্গে তার জুটি মালয়েশিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করে। দু’জন মিলে যোগ করেন ১৫৫ রান, যা বাংলাদেশের মোট সংগ্রহের অর্ধেকেরও বেশি। শুরুর ধাক্কা সামলে এই জুটিই বাংলাদেশকে ম্যাচে ফেরায় এবং শেষ পর্যন্ত বড় সংগ্রহের পথে নিয়ে যায়।

আবদুল্লাহ-আহরারের জুটি ভাঙার পরও বাংলাদেশের রান থেমে থাকেনি। শেষ দিকে শেখ জীবনের দুর্দান্ত ক্যামিও ইনিংসে নতুন গতি এনে দেয়। মাত্র ১৮ বলে ৩৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। শেষ কয়েক ওভারে জিবনের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশের স্কোর ২৯০ রানে পৌঁছায়।

২৯১ রানের লক্ষ্য মালয়েশিয়ার জন্য শুরু থেকেই কঠিন ছিল। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে নিয়মিত উইকেট তুলে নেওয়ায় রান তাড়ায় কখনওই ম্যাচে ফিরতে পারেনি তারা। সাইফ উল্লাহ মালিক ৩৮ বলে ২১, বিজয় উন্নি ৩৮ বলে ১২ এবং সৈয়দ জুনাইদ খান ২৬ বলে ২১ রান করেন। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি।

মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন আহমাদ জুবাইদি। ৬৬ বলে ৪২ রানের ইনিংসে তিনি দুটি চার ও তিনটি ছক্কা হাঁকান। কিন্তু তার প্রতিরোধও বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাংলাদেশি বোলারদের ধারাবাহিক আঘাতে শেষ পর্যন্ত ১৩৭ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস।

বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন জীবন। ব্যাট হাতে ১৮ বলে ৩৫ রানের পর বল হাতেও ভূমিকা রাখেন তিনি। মালয়েশিয়ার ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন জীবন। তার সঙ্গে মারুফ মৃধা ও স্বাধীন ইসলাম দুটি করে উইকেট নিয়ে মালয়েশিয়ার ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন।




দুর্নীতি বিতর্কে অভিনেতা নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ কঙ্গনার

বিনোদন ডেস্ক : রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রতিবাদী অবস্থান নিয়ে শুরু হওয়া বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও বহুমুখী শিল্পী পীযূষ মিশ্রর মধ্যকার বাকযুদ্ধে এবার সরাসরি নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ সম্বোধন করে তীব্র আক্রমণ ছুড়ে দিয়েছেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিরুদ্দিন শাহর আনুগত্য ও অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। সেই পোস্টে কঙ্গনা রানাউত লিখেছেন, সত্যিটা হলো— আমরা প্রত্যেকেই কারও না কারও অনুগত। তিনি বলেন, আমি গর্বিত যে আমি সেই বাড়ির সুরক্ষায় লড়ি, যেখানকার অন্ন গ্রহণ করি। কিন্তু নাসিরুদ্দিন এ দেশের অন্ন খেয়ে অন্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।

নিজের স্বভাবসিদ্ধ চাঁচাছোলা ভঙ্গিতে অভিনেত্রী বলেন, ‘আজকের দিনে কুকুর শব্দটা আসলে প্রশংসা। কারণ আনুগত্য ও বিশ্বস্ততা এখন বিরল। নাসিরুদ্দিনের মতো ‘শিয়াল’ হওয়ার চেয়ে আমি কুকুর হওয়াকেই শ্রেয় মনে করি।

একটি সূত্রে জানা গেছে, নিট দুর্নীতি নিয়ে যন্তর-মন্তরে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এ ঘটনার সূত্রপাত। সেখানে তারকাদের নীরবতা নিয়ে তোপ দেগে অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছিলেন— মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। বলিপাড়ার একাংশকে ইঙ্গিত করে এ বর্ষীয়ান অভিনেতার মন্তব্যটি প্রকাশ্যে আসতেই ক্ষোভের সৃষ্টি হয়। নাসিরুদ্দিনের এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান পীযূষ মিশ্র। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন প্রসঙ্গে নাসিরুদ্দিন কেন নীরব তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সামাজিক মাধ্যমে পীযূষের সেই মন্তব্যটি পুনঃপ্রকাশ করে তার সঙ্গে একমত পোষণ করেন কঙ্গনা রানাউত।




পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার এমআরটি, মেট্রোরেলেরের ডা: কানিজ হোসেন জাহানকে এনপিবিএনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছের হোসেনকে রাজশাহীর সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

জেলা পর্যায়েও বড় পরিবর্তন আনা হয়েছে। কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের এসপি করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার এসপি এবং পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুককে খুলনার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার বর্তমান এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিন, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশেও (ডিএমপি) চার কর্মকর্তাকে ডিসি পদে পদায়ন করা হয়েছে। তাঁরা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শরফুদ্দীন, এপিবিএনের মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

এ ছাড়া বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবির পুলিশ সুপার পদে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।

মেট্রোরেলের (এমআরটি) পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে এবং হাইওয়ে পুলিশের এসপি মো. রেজাউল করিমকে এপিবিএনের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এসবির বিশেষ পুলিশ সুপার জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে এবং মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসির সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনা এবং জনস্বার্থে এসব বদলি ও পদায়ন করা হয়েছে।




মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে এবার জামায়াতের বিক্ষোভ–সমাবেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ বুধবার দুপুরে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে নগরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক (কাজল)। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক।

সমাবেশে এ টি এম আজম খান বলেন, মন্ত্রীর বক্তব্যে এমন ধারণা পাওয়া যায় যে রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ায় এ অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মতপ্রকাশ ও সাংবিধানিক অধিকারকে খাটো করে। কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া হবে, সেটি জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দের সম্পর্ক তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের দায়িত্ব দলমত–নির্বিশেষে দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা।

রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান এ টি এম আজম খান।

সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে উন্নয়নকে যুক্ত না করে রংপুরের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, অ্যাসাইনমেন্ট সেক্রেটারি মাওলানা আবদুল গনি, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রংপুরের লোকেরা, আমরা সব সময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি সরকার আসবে, তখন আপনারা করবেন জাতীয় পার্টি; যখন বিএনপি সরকার আসবে, তখন আপনারা করবেন জামায়াত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে?’

মন্ত্রীর ওই বক্তব্যের পরে রংপুরের বিভিন্ন রাজনৈতিক মহলে এর পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়। ওই বক্তব্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাতে রংপুরে জামায়াতের ১১ জন সংসদ সদস্য সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁরা বলেন, রংপুরের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি তাঁদের গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে কোনো অঞ্চলের মানুষের রাজনৈতিক পছন্দকে শর্তযুক্ত করা যাবে না।




বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতেই ঢাকা সফরে এসেছেন মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) ব্যবসায়ী প্রতিনিধি দল।

আজ বুধবার ব্যবসায়ী প্রতিনিধিদের স্বাগত জানিয়ে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দেয়া হয়। পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগতম।

তিনি আরো বলেন, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে এখানে এসেছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।




সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটমোহাম্মদ এহসানুল ইসলামের এ আদেশ দেন।

এদিন আসামি পক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল) জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

জামিন আবেদনে বলা হয়, হাজতি আসামি ডনের বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সাথে জড়িত ছিল না। এজন্য তার জামিন পাওয়া একান্ত আবশ্যক।

এর আগে, গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। এরপর বিকালে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অভিযোগে ইমিগ্রেশন থেকে সিআইডি গ্রেফতার করে। গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।




নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর হাতে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা হবে। কোনো পুলিশ সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজে মব সংস্কৃতি রোধ এবং চুরি, ডাকাতি, ছিনতাই ও দস্যুতা প্রতিরোধে টহল পুলিশিং ও বিট পুলিশের তৎপরতা বাড়ানো হবে।

ডিআইজি জানান, চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিন হালদার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।




গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

‎পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলের মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিল। গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন।

‎আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবেলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলগুলোর করণীয় বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নিয়েছে এখনো ছয়মাসও হয় নাই। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়। কিন্তু তারা (বিরোধী দল) এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।

‎‎তিনি আরো বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চায়, এর দায়দায়িত্ব তাদের নিতে হবে। এদেশের জনগণ রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করেছে। সামনের দিনে রাজপথ থেকেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলম প্রমুখ।




১৬তম গ্রেডের গাড়িচালক ইউসুফের ‘রামরাজত্ব’, গাড়ি-ফ্ল্যাট-জমিসহ বিপুল সম্পদের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ অভাবের তাড়নায় ঢাকায় এসে একসময় ফুটপাতে পান-সিগারেট বিক্রি করতেন ইউসুফ। ১৯৯৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পে গাড়িচালক হিসেবে চাকরিতে যোগ দেন। বছর তিনেক পর চাকরি চলে যায় রাজস্ব খাতে। এরপরই যেন বদলে যায় তার ভাগ্যের চাকা। সরকারি প্রতিষ্ঠানে ১৬তম গ্রেডের গাড়িচালক হিসেবে কর্মরত থাকলেও অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসা, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমিসহ বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এসব সম্পদের কিছু নিজের নামে, আবার কিছু পরিবারের সদস্যদের নামে কেনার তথ্য পাওয়া গেছে। চাকরিজীবনে বিধি লঙ্ঘন, বরখাস্ত ও কারাভোগের ঘটনাও রয়েছে তার জীবনে। রয়েছে নারী কর্মচারীদের হয়রানির অভিযোগও। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিচয় ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরে আরও বেপরোয়া হয়ে উঠেছেন স্বাস্থ্য খাতের আলোচিত ‘মাফিয়া ড্রাইভার’ মালেকের এই শিষ্য।

জানা গেছে, ইউসুফের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার প্রত্যন্ত চর মোহনা গ্রামে। কৃষক পিতা মো. আমিনের বড় ছেলে তিনি। লেখাপড়ার সুযোগ না পেয়ে এবং অভাবের তাড়নায় ঢাকায় এসে আসাদগেট এলাকায় পান বিক্রি শুরু করেন। এরই ফাঁকে শিখে নেন হালকা যান চালানো।

১৯৯৮ সালের ৪ জুন ১৮ জেলা হাসপাতাল প্রকল্প চালু হলে সেখানে চাকরির সুযোগ পান ইউসুফ। চাকরিজীবনের প্রথম পোস্টিং ছিল নাটোর সদর হাসপাতালে। সেখানে তিন বছর চাকরি করার পর বদলি হয়ে প্রকল্পের প্রধান কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তরে ঢাকায় আসেন। পরে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হলে তার পোস্টিং হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অ্যাম্বুলেন্স চালাতেন ইউসুফ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির সঙ্গে মো. ইউসুফ।

২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সোহরাওয়ার্দী হাসপাতালের সহকারী পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। অ্যাম্বুলেন্স চালানোর পাশাপাশি উত্তম কুমার বড়ুয়ার ব্যক্তিগত লেনদেনসহ বিভিন্ন কাজে সহযোগিতা করতেন তিনি। পাশাপাশি তার নাম ভাঙিয়ে নানা ধরনের তদবির ও ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট কাজ করতেন বলেও অভিযোগ রয়েছে। সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

২০১৩ সালের ২০ অক্টোবর প্রশিক্ষণের জন্য কয়েকজন নার্সকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন ইউসুফ। নার্সদের সেখানে নামিয়ে দেওয়ার পর তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের বিলবোর্ড, ব্যানার, গেঞ্জি ও লিফলেট অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় তৎকালীন সহকারী পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার সঙ্গে ইউসুফের দূরত্ব তৈরি হয়।

পরে উত্তম কুমার বড়ুয়া মৌখিকভাবে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার সমিতির সভাপতি মালেকের কাছে অভিযোগ করেন। তবে মালেক তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে প্রশ্রয় দেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ইউসুফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। একই সময়ে তার বিরুদ্ধে একটি সন্ত্রাসবিরোধী মামলাও হয়। সে মামলায় তিনি প্রায় দুই মাস কারাভোগ করেন।

এরপর উত্তম কুমার বড়ুয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হলে তাকে শায়েস্তা করতে ইউসুফ বিএনপির রাজনীতির দিকে ঝুঁকতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ২০১৮ সালে মালেকের মাধ্যমে তদবির করে চাকরি ফিরে পান ইউসুফ। এরপর সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) পোস্টিং নিয়ে ঢাকায় আসেন। ইপিআই থেকে বেতন তুললেও তিনি ডিউটি করতেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল শাখার উপসচিব এবং পরবর্তীতে যুগ্ম সচিবের গাড়িচালক হিসেবে। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত যুগ্ম সচিবের গাড়ি চালিয়েছেন তিনি।

৫ আগস্টের পর পোস্টিং নিয়ে আবারও স্বাস্থ্য অধিদপ্তরে ফেরেন ইউসুফ। এরপর আগের মামলাকে রাজনৈতিক পরিচয় তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেকে বিএনপির বড় নেতা হিসেবে পরিচিত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরে তার প্রভাব-প্রতিপত্তি আরও বেড়ে যায় এবং তিনি সেখানে ‘রামরাজত্ব’ কায়েম করেন বলেও অভিযোগ রয়েছে।

বর্তমানে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জালাল উদ্দিন রুমির গাড়িচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। নির্বাচিত না হয়েও নিজেকে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি ইপিআই, আইপিএইচ, আইইডিসিআরসহ স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বদলি বাণিজ্য, বদলির হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা এবং আউটসোর্সিং ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আদায়সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে ‘রামরাজত্ব’ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় ২৭ নম্বর ওয়ার্ডের ক্ষমতাসীন দলের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার এ বিষয়টি বিধিসম্মত কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ‘ফাহিম এন্টারপ্রাইজ’ নামে তার একটি রেন্ট-এ-কার ব্যবসা রয়েছে। প্রতিষ্ঠানটির সাইনবোর্ড ও ভিজিটিং কার্ডে মালিক হিসেবে মো. ইউসুফের নাম এবং তার ব্যবহৃত মোবাইল নম্বর উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি সারা দেশে রোগীদের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত এবং মৃতদেহ বহন করা হয়। পাশাপাশি এসি ও নন-এসি অ্যাম্বুলেন্স, আইসিইউ, কোস্টার ও মাইক্রোবাস ভাড়া দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

মো. ইউসুফের মালিকানাধীন বলে দাবি করা এসি কোস্টার বাস।

মো. ইউসুফের মালিকানাধীন বলে দাবি করা এসি কোস্টার বাস।

পরিচয় গোপন করে ভাড়াটিয়া সেজে ইউসুফের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তার নিজের ২৯ আসনের ছয়টি কোস্টার বাস রয়েছে, যার প্রতিটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ ছাড়া পাঁচটি হায়েস গাড়ি রয়েছে, যার প্রতিটির আনুমানিক মূল্য ৪২ থেকে ৪৬ লাখ টাকা। রয়েছে চারটি অ্যাম্বুলেন্সও। মান ও ধরনভেদে প্রতিটি অ্যাম্বুলেন্সের আনুমানিক মূল্য ১২ থেকে ২৬ লাখ টাকা।

সরকারি চাকরির বিধি লঙ্ঘন করে ব্যবসা পরিচালনার পাশাপাশি তার স্ত্রীর নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন তেজগাঁওয়ের শেরেবাংলা নগর উত্তর এলাকায় বি-২/জি-১২ হোল্ডিং নম্বরের একটি ফ্ল্যাট এবং রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের পাশে আরও একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া রাজধানীর কাওরান বাজারে তার দুটি ফলের আড়ত রয়েছে, যা তার ভাই দেখভাল করেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আশুলিয়ার জামগড়া বাজারের পূর্ব পাশে ড. ইউনূস নার্সিং ইনস্টিটিউটসংলগ্ন এলাকায় তার কেনা জমি ও বাড়িরও সন্ধান পাওয়া গেছে। পাশাপাশি তার নামে-বেনামে আরও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে বলে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া গেছে।

ড্রাইভার ইউসুফ ১৯৯৯ সালে বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে তার এক ছেলে ও চার মেয়ে। ছেলে বিজিএমইএ ইউনিভার্সিটি থেকে বিএসসি সম্পন্ন করেছেন। সেখানে পড়াশোনার জন্য শুধু প্রতিষ্ঠানভেদে শিক্ষাব্যয়ই ৬ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বড় মেয়ে আদ-দ্বীন নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি ইন নার্সিং সম্পন্ন করে বর্তমানে ইন্টার্ন করছেন। চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি ফি, টিউশন ফি, সেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয় হয়। আরেক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের প্রথম বর্ষের শিক্ষার্থী। বাকি দুই মেয়ে শেরেবাংলা গার্লস স্কুলের নবম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। একজন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীর আয়ের সঙ্গে এসব শিক্ষাব্যয় সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা গ্রামে মো. ইউসুফের গ্রামের বাড়ি।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা গ্রামে মো. ইউসুফের গ্রামের বাড়ি।

আমাদের অনুসন্ধানী দলের সদস্য ও লক্ষ্মীপুর প্রতিনিধি সরেজমিনে ইউসুফের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা গ্রামে গিয়ে খোঁজ নেন। গ্রামটি লক্ষ্মীপুর শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে। সেখানে ইউসুফের রয়েছে জরাজীর্ণ একটি ছোট টিনের ঘর। বাড়িতে থাকা তার নিজের ঘর ও আশপাশের পরিবেশই একসময়কার পারিবারিক আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে।

নাম প্রকাশ না করার শর্তে তার এক চাচাতো ভাই বলেন, একসময় ইউসুফদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তার বাবা মাটি কাটা ও ক্ষেতের কাজ করতেন। সেসময় যেখানে তাদের এক হাজার টাকা জোগাড় করতেই কষ্ট হতো, এখন সেখানে কোটি কোটি টাকার সম্পদ, গাড়ি-বাড়ি—সবই রয়েছে। তবে ইউসুফ কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন, সে বিষয়ে কিছুই জানেন না অশীতিপর এই বৃদ্ধ।

১৯৯৭ সালের পে-স্কেল অনুযায়ী হালকা গাড়িচালকদের (১৬তম গ্রেড) প্রারম্ভিক মূল বেতন ছিল ২ হাজার ৩৭৫ টাকা। এর সঙ্গে বিধি অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা যোগ হলে সে সময় মোট প্রারম্ভিক বেতন দাঁড়াত প্রায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা। এ ছাড়া প্রতি বছর মূল বেতনের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান ছিল।

সে হিসাবে ২০০৫ সালের পরবর্তী পে-স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত সাত বছর ছয় মাসের কর্মজীবনে তার মোট আয় প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা হওয়ার কথা। এরপর সরকার ২০০৫ সালে ষষ্ঠ জাতীয় পে-স্কেল, ২০০৯ সালে সপ্তম জাতীয় পে-স্কেল এবং সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করে। সর্বশেষ পে-স্কেল অনুযায়ী বর্তমানে তার সর্বসাকুল্যে বেতন আনুমানিক ৪৫ হাজার টাকা হওয়ার কথা।

১৯৯৮ সালের ৪ জুন থেকে সরকারি ১৬তম গ্রেডে চাকরি করে প্রায় ২৯ বছরে তার মোট আয় এক কোটি টাকা বা তার কিছু বেশি হওয়ার কথা। অথচ তৃতীয় শ্রেণির এই কর্মচারী সাত সদস্যের পরিবারের ব্যয় বহন করেও কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে তার সহকর্মীরাও বিস্ময় প্রকাশ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক গাড়িচালক অভিযোগ করে বলেন, তৃতীয় শ্রেণির সরকারি চাকরি করেও আমরা ভালো একজোড়া জুতা কিনতে পারি না। সংসার চালাতেই হিমশিম খেতে হয়। সেখানে ইউসুফ অনেক কিছু করে ফেলেছেন। তাদের দাবি, ইউসুফের ১৫-১৬টি গাড়ি, রাজধানীতে একাধিক ফ্ল্যাট, জমি, বাড়ি ও ব্যবসাসহ বিপুল সম্পদ রয়েছে।

তারা আরও বলেন, বিশেষ করে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কাউকে তোয়াক্কা না করে স্বাস্থ্য অধিদপ্তরে ‘রামরাজত্ব’ চালাচ্ছেন ইউসুফ। বদলি বাণিজ্য, নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি কর্মকর্তাদের কক্ষে গিয়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হিসেবে পরিচয় দিয়ে নানা তদবিরের মাধ্যমে অর্থ আদায় করেন বলেও অভিযোগ করেন তারা।

এ ছাড়া পরিচালক (প্রশাসন)-এর গাড়িচালক হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সবসময় ভয়ভীতি দেখিয়ে চাপে রাখেন বলেও অভিযোগ রয়েছে।

সার্বিক বিষয়ে মো. ইউসুফের সঙ্গে কথা হলে তিনি চাকরি বিধি লঙ্ঘন করে রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, গাড়ির ব্যবসা, ফ্ল্যাট, আশুলিয়ায় কেনা জমি, কাওরান বাজারে ফলের আড়ত থাকা এবং অনির্বাচিত হয়েও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতির পদে থাকার বিষয়টি স্বীকার করেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্য কিংবা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি।

ইউসুফের কাছে জানতে চাওয়া হয়, তৃতীয় শ্রেণির একটি সরকারি চাকরি করে ঢাকায় পাঁচ সন্তানের পড়াশোনা, সংসারের খরচ বহনের পাশাপাশি এত সম্পদের মালিক হওয়া কীভাবে সম্ভব। জবাবে ইউসুফ জানান, ১৯৯০ সাল থেকে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালিয়েছেন। তখন তার সংসার হয়নি এবং সে সময় কিছু টাকা সঞ্চয় করেছিলেন। পাশাপাশি শ্বশুরবাড়ি থেকেও আর্থিক সহায়তা পেয়েছেন। নিজের চাকরি থেকে সঞ্চয় এবং শ্বশুরের দেওয়া সহায়তা দিয়েই তিনি এসব সম্পদ করেছেন বলে দাবি করেন।

মো. ইউসুফের মালিকানাধীন বলে দাবি করা একটি এসি কোস্টার বাস।

মো. ইউসুফের মালিকানাধীন বলে দাবি করা একটি এসি কোস্টার বাস।

তবে ইউসুফের শ্বশুর এমতাজ উদ্দিন ছিলেন একজন চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তিনিও ছিলেন ছয় সন্তানের জনক।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমির সঙ্গে কথা হলে তিনি ইউসুফের বিরুদ্ধে ওঠা অভিযোগ বা অসঙ্গতি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। বরং এ প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করে তিনি জানতে চান, তার গাড়িচালক ইউসুফ সম্পর্কে ‘পজিটিভ’ কিছু জানা আছে কি না। তিনি বলেন, ‘যদি পজিটিভ কিছু থাকে, সেটা খোঁজ নেন।’ এর বাইরে এ বিষয়ে আর কোনো কথা বলতে চাননি তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে দুই দিনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে সহকারী পরিচালক (কো-অর্ডিনেটর) ডা. নুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের কাছ থেকে বিস্তারিত শোনেন। বিষয়টি মহাপরিচালককে অবহিত করবেন বলে জানান তিনি।

দুর্নীতি বা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, কোনো সরকারি কর্মচারীর সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আনা উচিত। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।




জাল সনদে লঘুদণ্ড, এরপরই দ্রুত উত্থান—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ ভুয়া পিএইচডি সনদ ও জাল কাগজপত্রের মাধ্যমে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ছুটি ও প্রেষণ ভোগের অভিযোগে বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরী। নথিপত্র অনুযায়ী, বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তিনি নিজেই দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এরপরও গুরুদণ্ড নয়, মাত্র এক বছরের জন্য একটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের মতো লঘুদণ্ডেই পার পেয়ে যান তিনি।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাসীন মহলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এই প্রকৌশলীর ক্যারিয়ারে একের পর এক অস্বাভাবিক উত্থানের দরজা খুলেছে। একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর সঙ্গে ‘ফুপু-ভাতিজা’ সম্পর্কের পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই পরিচয়ের জায়গায় এসেছে জামায়াত-ঘনিষ্ঠতার দাবি। আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন রাজনৈতিক সমীকরণে বিএনপি-ঘনিষ্ঠতার পরিচয় দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু খালেকুজ্জামান চৌধুরীর ক্ষমতার কেন্দ্রের সঙ্গে সম্পর্ক বদলায়নি-শুধু বদলেছে পরিচয়ের ভাষা।

বর্তমানে তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে)। এই পদ স্থায়ী করার প্রচেষ্টার পাশাপাশি জ্যেষ্ঠ প্রকৌশলীদের ডিঙিয়ে পদোন্নতির তালিকার শীর্ষে ওঠার অভিযোগও উঠেছে।

তাকে ঘিরে বদলি বাণিজ্য, টেন্ডার পুনর্মূল্যায়নের নামে কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, নথি জালিয়াতি এবং জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগও জমা পড়েছে।

জাল কাগজপত্রে অস্ট্রেলিয়া, তদন্তে প্রমাণিত অসদাচরণ ;
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংরক্ষিত নথিতে থাকা বিভাগীয় মামলার আদেশে দেখা যায়, খালেকুজ্জামান চৌধুরী অস্ট্রেলিয়ায় প্রেষণ ভোগের জন্য একটি ভুয়া অফার লেটারসহ শিক্ষাসংক্রান্ত কাগজপত্র তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করেছিলেন-এমন অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

নথি অনুযায়ী, বিষয়টি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় ‘মিসকন্ডাক্ট’ বা অসদাচরণ হিসেবে বিবেচিত হয়। বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হওয়ার পর অভিযুক্ত কর্মকর্তা লিখিত জবাবে দোষ স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

এরপর ২০১৬ সালের ২৩ আগস্ট তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার স্বাক্ষরিত আদেশে তার একটি বার্ষিক বেতন বৃদ্ধি এক বছরের জন্য স্থগিত করা হয়।

অর্থাৎ, সরকারি নথির ভাষ্য অনুযায়ী, জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগে বিভাগীয় শাস্তি হয়েছিল।

কিন্তু প্রশ্ন থেকে যায়—এ ধরনের গুরুতর অসদাচরণের পর তার বিরুদ্ধে কেন কঠোরতর ব্যবস্থা নেওয়া হলো না? এবং শাস্তির অল্প সময়ের মধ্যেই কীভাবে তার ক্যারিয়ারে অস্বাভাবিক গতির পদোন্নতি শুরু হলো?
তিন বছরের মাথায় দুই দফা পদোন্নতি : সরকারি চাকরির সার্ভিস রেকর্ড ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, ২০১৬ সালে বিভাগীয় শাস্তি পাওয়ার পর ২০১৯ সালের ২২ জুলাই নিয়মিত পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন খালেকুজ্জামান চৌধুরী। এর কয়েক মাসের মধ্যেই, ১৫ ডিসেম্বর ২০১৯, তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পান।

অভিযোগকারীদের প্রশ্ন, যে কর্মকর্তার বিরুদ্ধে জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত এবং যিনি নিজেই দোষ স্বীকার করেছেন, তার ক্ষেত্রে এত দ্রুত ক্যারিয়ার অগ্রগতির পেছনে কী ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাব কাজ করেছিল? সংশ্লিষ্ট নথিতে এ প্রশ্নের সরাসরি উত্তর না থাকলেও রাজনৈতিক সুপারিশের অভিযোগটি নতুন করে সামনে এসেছে।

‘ফুপু-ভাতিজা’ সম্পর্কের রাজনীতি : অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর সঙ্গে আত্মীয়তার সম্পর্কের পরিচয় দিয়ে খালেকুজ্জামান রাজনৈতিক প্রভাববলয়ে অবস্থান তৈরি করেছিলেন।

তবে সাজেদা চৌধুরীর ছেলে সাজেদ আকবর এ ধরনের সম্পর্কের বিষয়ে সরাসরি জ্ঞান থাকার কথা অস্বীকার করেছেন। তার ভাষায়, একই নির্বাচনি এলাকার হওয়ায় অনেকেই তার মায়ের কাছে আসতেন এবং কেউ কেউ ক্ষমতার কাছাকাছি থাকতে আত্মীয়তার সম্পর্ক তৈরি করতেন।

এই বক্তব্যের ফলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও সামনে আসে- খালেকুজ্জামানের সঙ্গে সাজেদা চৌধুরীর কথিত আত্মীয়তা আদৌ প্রশাসনিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল কি না, তা কি কখনো তদন্ত করা হয়েছিল?

আওয়ামী লীগ থেকে জামায়াত, এরপর নতুন রাজনৈতিক পরিচয়? ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর খালেকুজ্জামান চৌধুরীর রাজনৈতিক যোগাযোগের ধরন বদলে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, এবার তিনি জামায়াত-ঘনিষ্ঠ পরিচয় সামনে আনেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্কের কথা বলা হয়।

খালেকুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। একই উপজেলার ফুলসুতি গ্রামে ডা. তাহেরের শ্বশুরবাড়ি। পারিবারিক সূত্রের সম্পর্কের কারণে তাহেরের স্ত্রী ডা. হাবিবা আক্তার চৌধুরীকে তিনি ‘ফুপু’ বলে ডাকেন—এমন দাবিও রয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, এই সম্পর্ক এবং তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত সচিব নজরুল ইসলামের প্রভাবেই ২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি পাঁচজন জ্যেষ্ঠ প্রকৌশলীকে ডিঙিয়ে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পান। এ অভিযোগ সত্য হলে তা শুধু একজন কর্মকর্তার পদোন্নতির প্রশ্ন নয়; বরং সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক জ্যেষ্ঠতা, যোগ্যতা ও বিধিবিধান কতটা রাজনৈতিক সুপারিশের কাছে পরাজিত হয়েছে—সেই প্রশ্নও সামনে আসে।

জ্যেষ্ঠতায় তিন নম্বর, তালিকায় এক নম্বর! গণপূর্ত অধিদপ্তরের দাপ্তরিক জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী, অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে মো. আবুল খায়ের ও উৎফল কুমার দে খালেকুজ্জামানের আগে রয়েছেন। জ্যেষ্ঠতার বিচারে খালেকুজ্জামানের অবস্থান তৃতীয়। কিন্তু প্রধান প্রকৌশলী পদ স্থায়ী করার প্রক্রিয়ায় তাকে তালিকার শীর্ষে রাখার অভিযোগ উঠেছে।

গত ৬ জুলাই প্রধান প্রকৌশলী নিয়োগের জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বিবেচনার উদ্দেশ্যে পাঁচজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সেখানে প্রশাসনিক জ্যেষ্ঠতার স্বাভাবিক ক্রম অনুসরণ করা হয়নি।

এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে, খালেকুজ্জামানের পথ পরিষ্কার করতে তার চেয়ে জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে দুর্বল করার জন্য তাদের নাম জুলাই-পরবর্তী একটি মামলার আসামির তালিকায় যুক্ত করা হয়েছে।

“মামলার বোঝা চাপিয়ে সিনিয়রদের সরানোর চেষ্টা? : অভিযোগ অনুযায়ী, রামপুরা থানায় দায়ের হওয়া একটি মামলায় জ্যেষ্ঠ কয়েকজন প্রকৌশলীসহ মোট ৪৭ জনের নাম যুক্ত করা হয়। সেই মামলার নথি এসএসবিতে উপস্থাপন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতির পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে-এমন অভিযোগ রয়েছে।

যদি এ অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে এটি হবে ভয়াবহ প্রশাসনিক অনিয়মের নজির। কারণ একটি ফৌজদারি মামলায় কারও নাম থাকা আর আদালতে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। ফলে শুধু মামলার আসামি হওয়ার তথ্য ব্যবহার করে পদোন্নতিতে কাউকে বাদ দেওয়া এবং অন্য কাউকে সুবিধা দেওয়ার চেষ্টা হয়ে থাকলে তার পেছনের উদ্দেশ্য ও প্রক্রিয়া স্বাধীনভাবে তদন্ত করা জরুরি।

বদলি বাণিজ্যের অভিযোগে অস্বস্তিতে গণপূর্ত : প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেওয়ার পর থেকেই খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সবচেয়ে বেশি আলোচিত অভিযোগগুলোর একটি হলো বদলি ও পদায়ন বাণিজ্য।

অভিযোগ রয়েছে, পছন্দের কর্মস্থলে পদায়নের জন্য বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তার কাছ থেকে ১০ লাখ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

তবে এই অভিযোগের পক্ষে চূড়ান্ত প্রমাণ আদালত বা কোনো তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। ফলে বিষয়টি বর্তমানে অভিযোগ হিসেবেই বিবেচ্য।

তারপরও অভিযোগের গুরুত্ব বাড়িয়েছে মার্চের গণবদলির ঘটনা।
চলতি বছরের ৩ মার্চ এক দিনে অর্ধশতাধিক নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে বদলির আদেশ দেওয়া হয়।

অভিযোগ ওঠে, এত বড় পরিসরের রদবদলের বিষয়ে মন্ত্রণালয়কে যথাযথভাবে অবহিত করা হয়নি। পরে ৫ ও ৮ মার্চ পৃথক আদেশে অধিকাংশ বদলি বাতিল করা হয়।

প্রশ্ন হলো—কেন এত বড় বদলি আদেশ দেওয়া হয়েছিল, কারা এর সুবিধাভোগী ছিলেন এবং বাতিলের আগে বা পরে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না? এসব প্রশ্নের উত্তর দিতে পারে শুধু নথি, ব্যাংক লেনদেন ও স্বাধীন তদন্ত।

বরখাস্ত প্রকৌশলীকে ‘ব্যাকডেটে’ পুনর্বাসনের অভিযোগ :
আরও গুরুতর অভিযোগ উঠেছে বরখাস্ত প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে ঘিরে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৩ ফেব্রুয়ারি দুর্নীতির দায়ে সাইফুজ্জামানকে বরখাস্ত করে। আদেশে তাকে লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী হিসেবে উল্লেখ করা হয়।

কিন্তু গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি আদেশে দেখা যায়, ২ ফেব্রুয়ারি তাকে ঢাকার রিজার্ভে বদলি দেখানো হয়েছে। অর্থাৎ, ৩ ফেব্রুয়ারি বরখাস্ত হওয়া একজন কর্মকর্তাকে ২ ফেব্রুয়ারি বদলি দেখানো হলো কেন?

আরও প্রশ্ন—এই আদেশ যদি সত্যিই ২ ফেব্রুয়ারি জারি হয়ে থাকে, তাহলে তা ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হলো কেন? অভিযোগকারীরা এটিকে নথি জালিয়াতি বা ব্যাকডেটিংয়ের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে বিষয়টি নিশ্চিত করতে মূল নথি, ডাক রেজিস্টার, ডিজিটাল ফাইলের টাইমস্ট্যাম্প, অনুমোদনকারী কর্মকর্তাদের নোট এবং আদেশ জারির রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন।

টেন্ডারেও ‘কমিশন’ বিতর্ক : বদলি বাণিজ্যের পাশাপাশি প্রধান প্রকৌশলীকে ঘিরে বড় প্রকল্পের দরপত্র পুনর্মূল্যায়নের নামে কমিশন বাণিজ্যের অভিযোগও উঠেছে।

ঢাকা গণপূর্ত বিভাগ-১, বিভাগ-৩ এবং শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২-এর অধীনে বড় অঙ্কের পাঁচটি দরপত্র পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠানোর ঘটনা সামনে এসেছে।

অভিযোগকারীদের দাবি, নতুন পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০২৫-এর ত্রুটির কথা বলা হলেও প্রকৃত উদ্দেশ্য ছিল কমিশন না পাওয়ায় দরপত্র আটকে রাখা।

এ অভিযোগের সত্যতা যাচাইয়ের সবচেয়ে কার্যকর উপায় হলো-টেন্ডার মূল্যায়ন কমিটির সুপারিশ, প্রধান প্রকৌশলীর নোট, পুনর্মূল্যায়নের লিখিত কারণ, দরপত্রদাতাদের দর এবং পরবর্তী সিদ্ধান্ত—সবকিছু পাশাপাশি পরীক্ষা করা।

কারণ কোনো টেন্ডার পুনর্মূল্যায়ন করা নিজে অপরাধ নয়। কিন্তু পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত যদি বিধিসম্মত কারণ ছাড়া নেওয়া হয়ে থাকে এবং নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দিতে তা ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটি গুরুতর প্রশাসনিক ও আর্থিক অনিয়মে পরিণত হতে পারে।

দুদকে অভিযোগ, চাওয়া হয়েছে সম্পদের হিসাবও :
খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। সেখানে বদলি-পদায়নে আর্থিক লেনদেন, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং বরখাস্ত প্রকৌশলীকে ব্যাকডেটে বদলির মাধ্যমে পুনর্বাসনের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগে সংশ্লিষ্ট নথি সংগ্রহ, কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ, আর্থিক লেনদেন যাচাই এবং সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে অভিযোগ রয়েছে, দেশে-বিদেশে খালেকুজ্জামান চৌধুরীর সম্পদ অর্জনের বিষয়ও তদন্ত করা প্রয়োজন। তবে এসব অভিযোগের কোনোটিই তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন করা সমীচীন নয়।
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ : খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে বিতর্কের মধ্যে একজন সাংবাদিককে হুমকির অভিযোগও সামনে এসেছে।

২০ জুলাই ২০২৬ তারিখে দৈনিক সকালের স্টাফ রিপোর্টার মো. এমরান হোসেন মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, সংবাদ সংগ্রহের জন্য প্রধান প্রকৌশলীর মোবাইল নম্বরে ফোন করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং সাংবাদিকতা পেশা নিয়ে হেয়প্রতিপন্ন করার মতো কথা বলা হয়। মতিঝিল থানার নথিতে জিডিটি অন্তর্ভুক্ত হওয়ার তথ্য রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই অভিযোগেরও তদন্ত প্রয়োজন। কারণ একজন সরকারি কর্মকর্তার সঙ্গে একজন সাংবাদিকের বিরোধ থাকতেই পারে; কিন্তু অভিযোগ যদি সত্য হয়, তাহলে সেটি মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

ক্ষমতার সঙ্গে সম্পর্ক-একই গল্পের পুনরাবৃত্তি ? খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে অভিযোগগুলোর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো তার রাজনৈতিক পরিচয়ের ধারাবাহিক পরিবর্তনের দাবি।

আওয়ামী লীগ আমলে সাজেদা চৌধুরীর সঙ্গে আত্মীয়তার পরিচয়, পরবর্তী সময়ে জামায়াত-ঘনিষ্ঠ পরিবারের সঙ্গে সম্পর্ক, এরপর নতুন রাজনৈতিক ক্ষমতাকেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি—সব মিলিয়ে অভিযোগকারীরা যে চিত্র তুলে ধরছেন তা হলো, ক্ষমতার পালাবদলের সঙ্গে তিনি নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন।

এই অভিযোগের সত্যতা প্রমাণের জন্য রাজনৈতিক পরিচয়ের দাবি নয়, প্রয়োজন নথিভিত্তিক অনুসন্ধান-কার সুপারিশে কোন পদোন্নতি, কোন নথির ভিত্তিতে কোন পদায়ন, কোন সময়ে কোন সিদ্ধান্ত, কার অনুমোদনে কোন টেন্ডার পুনর্মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সময়ে আর্থিক লেনদেনের কোনো অস্বাভাবিকতা ছিল কি না।

বিশেষজ্ঞের প্রশ্ন: দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তাই কেন প্রতিষ্ঠানের শীর্ষে?
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান মনে করেন, জালিয়াতি বা দুর্নীতির অভিযোগে প্রমাণিত কোনো কর্মকর্তাকে প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানোর আগে তার অতীত রেকর্ড গভীরভাবে যাচাই করা উচিত।

তার মতে, রাজনৈতিক ছত্রছায়ায় কর্মকর্তাদের পদপদবি বাগিয়ে নেওয়ার সংস্কৃতি প্রকৃত যোগ্য ও সৎ কর্মকর্তাদের পিছিয়ে দেয় এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক সক্ষমতা দুর্বল করে।

এই বক্তব্যের সঙ্গে খালেকুজ্জামান চৌধুরীর অতীত ও বর্তমান ক্যারিয়ার নিয়ে ওঠা অভিযোগগুলোর একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে অতীতে বিভাগীয় শাস্তি থাকলে পরবর্তী পদোন্নতির সময় সেটি কীভাবে বিবেচনা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরও প্রকাশ্যে আসা প্রয়োজন।

জবাব মেলেনি প্রধান প্রকৌশলীর : খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে ১০ আগস্ট তার দপ্তরে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে অভিযোগগুলোর বিষয়ে তার ব্যাখ্যা, আত্মপক্ষ সমর্থন এবং সংশ্লিষ্ট নথির ভিত্তিতে অবস্থান তুলে ধরা জরুরি।

এখন সামনে তিনটি বড় প্রশ্ন : খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে উত্থাপিত অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার। তবে সরকারি নথি, বিভাগীয় মামলার আদেশ, পদোন্নতির রেকর্ড, বদলি আদেশ এবং দুদকে জমা দেওয়া অভিযোগ মিলিয়ে অন্তত তিনটি প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই—

প্রথমত, জাল কাগজপত্র ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় শাস্তি পাওয়া একজন কর্মকর্তা কীভাবে অল্প সময়ের মধ্যেই দ্রুত পদোন্নতির ধারায় উঠে এলেন?

দ্বিতীয়ত, জ্যেষ্ঠতার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা একজন কর্মকর্তা কী প্রক্রিয়ায় প্রধান প্রকৌশলীর পদে অগ্রাধিকার পেলেন?

তৃতীয়ত, বদলি, পদায়ন ও টেন্ডার নিয়ে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, তার পেছনে কোনো অর্থনৈতিক লেনদেনের প্রমাণ আছে কি না? এই তিন প্রশ্নের উত্তর রাজনৈতিক বক্তব্যে নয়-নথি, আর্থিক হিসাব, ডিজিটাল রেকর্ড এবং স্বাধীন তদন্তেই মিলবে।

গণপূর্ত অধিদপ্তর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর একটি। সেখানে প্রধান প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদ নিয়ে যদি জ্যেষ্ঠতা লঙ্ঘন, রাজনৈতিক প্রভাব, বদলি বাণিজ্য, টেন্ডার অনিয়ম কিংবা নথি জালিয়াতির অভিযোগ ওঠে, তাহলে তা কেবল একজন কর্মকর্তার ব্যক্তিগত বিতর্ক নয়; এটি পুরো প্রতিষ্ঠানের প্রশাসনিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন।

অভিযোগগুলোর সত্যতা কিংবা অসত্যতা—দুটিই দ্রুত নির্ধারণ করা জরুরি। কারণ অভিযোগ যদি মিথ্যা হয়, তাহলে একজন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হওয়া উচিত। আর অভিযোগ সত্য হলে, ক্ষমতার পালাবদলের সঙ্গে পরিচয় বদলে পদ-পদবি বাগিয়ে নেওয়ার সংস্কৃতির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া ছাড়া সুশাসনের দাবি অর্থহীন হয়ে পড়বে।