যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’

দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে। ‘র’ প্রধানের বাংলাদেশ সফর গোপন কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন করে তৈরি হবে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে তোলা হবে।

শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।’




এক দিন পেছাল হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

ডেস্ক নিউজঃ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। ১২ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি বলেন, এ মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষী অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করা হয়। পরে আবেদনটি মঞ্জুর করে আগামীকাল বুধবার দিন ঠিক করেন আদালত।

এ মামলায় ১৩ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন তিনজন। তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতক ১০ আসামির মধ্যে পাঁচজনই বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

বাকি আসামিরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

২০২৫ সালের ৮ অক্টোবর এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। পরে ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।




ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের পাহাড়, ২০ বছরে বিপুল সম্পত্তির মালিক

বিশেষ প্রতিবেদকঃ ফরিদপুর গণপূর্ত বিভাগে উচ্চমান হিসাব সহকারী হিসেবে কর্মরত জাহাঙ্গীর আলমকে ঘিরে ঘুষ, কমিশন বাণিজ্য, বেনামে ঠিকাদারি ব্যবসা এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘ প্রায় দুই দশক একই দপ্তরে কর্মরত থাকার সুযোগে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কাজের বিল ছাড়, ঠিকাদারি সংক্রান্ত কার্যক্রম এবং দাপ্তরিক বিভিন্ন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জাহাঙ্গীর আলম বর্তমানে ১৪তম গ্রেডের কর্মচারী। চাকরিজীবনের শুরুতে তার মূল বেতন ছিল ১০ হাজার ২০০ টাকা। দীর্ঘ কর্মজীবনে বেতন-ভাতা ও অন্যান্য বৈধ আয় মিলিয়ে তার উপার্জনের তুলনায় বর্তমানে দৃশ্যমান সম্পদের পরিমাণ অনেক বেশি বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। অনুসন্ধানে তার নামে ও পরিবারের সদস্যদের নামে জমি, প্লট, ফ্ল্যাট এবং বিপুল অর্থ ব্যয়ে নির্মিত বাড়ির তথ্য পাওয়া গেছে।

কামারখালীতে কোটি টাকার চারতলা বাড়ি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নসংলগ্ন এলাকায় জাহাঙ্গীর আলমের একটি চারতলা বাড়ির সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাড়িটির নির্মাণ ও জমিসহ বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কামারখালী ও আশপাশের এলাকায় জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রীর নামে আরও জমি রয়েছে। এসব জমির পরিমাণ ও ক্রয়মূল্য নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করা হলেও সংশ্লিষ্ট এক কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফরিদপুর শহরেও বিলাসবহুল ফ্ল্যাট

গ্রামের বাড়ির পাশাপাশি ফরিদপুর শহরেও রয়েছে জাহাঙ্গীর আলমের সম্পদ। শহরের ডিআইবি বটতলা সংলগ্ন এলাকায় অবস্থিত ‘বর্ণমালা’ নামে ১০তলা একটি বহুতল ভবনের ৪ নম্বর ভবনের চতুর্থ তলার ‘৫-সি’ ইউনিটে তার একটি ফ্ল্যাট রয়েছে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।

ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দাবি। ভবনের নিরাপত্তাকর্মীও জানিয়েছেন, জাহাঙ্গীর আলম তার পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছেন।

বিল ছাড়ে ৫ শতাংশ কমিশনের অভিযোগ

গণপূর্ত বিভাগের কয়েকজন ঠিকাদারের অভিযোগ, কাজের বিল ছাড়ের ক্ষেত্রে জাহাঙ্গীর আলমকে নির্দিষ্ট হারে কমিশন দিতে হয়। তাদের দাবি, অনেক ক্ষেত্রে বিলের প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমিশন চাওয়া হয়। এর বাইরে প্রাক্কলন তৈরি, ঠিকাদারি লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স ইস্যুসহ বিভিন্ন দাপ্তরিক কাজে অতিরিক্ত অর্থ দেওয়ার চাপও রয়েছে।

ঠিকাদারদের অভিযোগ, দাবিকৃত অর্থ দিতে কেউ অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ফাইল আটকে রেখে নানা ধরনের হয়রানি করা হয়। দীর্ঘদিন একই দপ্তরে গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্বে থাকার কারণে জাহাঙ্গীর আলম দপ্তরের বিভিন্ন পর্যায়ে প্রভাবশালী একটি বলয় তৈরি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, “দীর্ঘদিন একই জায়গায় থাকার কারণে তিনি দপ্তরের অনেক কার্যক্রমে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন। তার সঙ্গে সমঝোতা না করে কাজ করা কিংবা বিল ছাড় করানো অনেক সময় কঠিন হয়ে পড়ে।”

সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ঠিকাদারি লাইসেন্স নবায়ন ফি, ইজিপি চালুর আগের সময়ের সিডিউল ফি এবং অন্যান্য সরকারি রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব খাতে আদায়কৃত অর্থের একটি অংশ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে সরাসরি বা বেনামে ঠিকাদারি ব্যবসায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো নিরপেক্ষ তদন্তের ফলাফল বা আদালতের সিদ্ধান্ত পাওয়া যায়নি।

২০ বছরের চাকরিতে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

জাহাঙ্গীর আলমের চাকরির শুরুতে মূল বেতন ছিল ১০ হাজার ২০০ টাকা। ওই বেতন ধরে ২০ বছরের মূল বেতন হিসাব করলে তা প্রায় ২৪ লাখ ৪৮ হাজার টাকা। পরবর্তী সময়ে বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা ও অন্যান্য বৈধ আয়ের বিষয় বিবেচনায় নিলেও তার দৃশ্যমান সম্পদের সঙ্গে সরকারি চাকরি থেকে অর্জিত আয়ের বড় ধরনের ব্যবধান রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করছেন।

অনুসন্ধানে ফরিদপুরে চারতলা বাড়ি, বহুতল ভবনে ফ্ল্যাট এবং বিভিন্ন এলাকায় জমি ও প্লটের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের মোট মূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে স্থানীয় সূত্রগুলোর দাবি। কেউ কেউ তার মোট সম্পদের পরিমাণ ২০ কোটি টাকা পর্যন্ত বলে দাবি করলেও এ পরিমাণ সম্পদের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফলে প্রশ্ন উঠেছে—সরকারি চাকরির বৈধ আয় দিয়ে এত বিপুল সম্পদ কীভাবে গড়ে উঠল এবং এসব সম্পদের অর্থের উৎস কী?

বক্তব্য পাওয়া যায়নি

অভিযোগগুলোর বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামান সবুজের সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অভিযোগগুলোর বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট সম্পদের দলিলপত্র, আয়কর নথি, ব্যাংক হিসাব এবং সরকারি দাপ্তরিক রেকর্ড যাচাইসহ স্বাধীন তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে ও স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে।

গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরবো।

রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেমন প্রার্থীকে দেখা যেতে পারে-এমন প্রশ্নের জবাবে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি সব সময় যোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে।

রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত।




রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় সংসদ সচিবালয়। নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।

সভায় সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্য বা সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নতুন নির্বাচন পরিচালনা করতে হয়।

এই নির্বাচন প্রক্রিয়ার কার্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, ভোটগ্রহণের দিনক্ষণ ও অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই প্রস্তুতিমূলক বৈঠক করা হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।

মঙ্গলবারের এই বৈঠক থেকেই পরবর্তী দিকনির্দেশনা ও মূল কার্যক্রম চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা।




প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্টিফেন কারপিন।

এসময় তারা বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করা এবং দেশের ডিজিটাল রূপান্তরে করণীয় নিয়ে আলাপ করেন।

এর আগে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। তার সঙ্গে আছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।




সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গত রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে। এছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। সোমবার (১০ আগস্ট) জোটের একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে।

পরে এক ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এ নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এরই মধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।




বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা কার্যক্রমে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।

হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীত যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হওয়া হতাহতের ক্ষতিপূরণ দাবি করার পর মধ্যপ্রাচ্যের এই অত্যন্ত কৌশলগত জলপথ চালুর প্রচেষ্টা নতুন সংকটে পড়ে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। আজ মঙ্গলবারও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।

এতে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়ায় ৮৮ ডলারে এবং মার্কিন ক্রুডের (ডব্লিউটিআই) দাম বেড়ে দাঁড়ায় ৮২ দশমিক ৪৫ ডলারে। গত ৩১ জুলাইয়ের পর উভয় ধরনের জ্বালানি তেলের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ বাজারমূল্য।

সূত্র: আল জাজিরা




ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়ে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজও বৃষ্টির সম্ভাবনা থাকায় ঢাকার নিচু এলাকা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার সড়কগুলোতে ভোগান্তি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। এ ছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই প্রবণতা আগামীকালও অব্যাহত থাকতে পারে।




‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আজ যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের একটি ফোনালাপ বাজিয়ে শোনানোর কথা রয়েছে।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ফোনকলে হাছান মাহমুদ বলেন: জি আপা, আসসালামু আলাইকুম।
শেখ হাসিনা: ফোন করছিলে।

হাছান মাহমুদ: না না তখন চাপ পড়ে গেছিল, সরি।
শেখ হাসিনা: ও হো।

হাছান মাহমুদ: কাদের ভাই রেখেছিল । তখন আবার চাপ পড়ে গেছিল। সরি।
শেখ হাসিনা : ওরা কিন্তু সব ওই জায়গায় আবার তৈরি হচ্ছে, শুধু আগুন দিয়ে পুড়াবে সব।

হাছান মাহমুদ: হ্যাঁ হ্যাঁ।
শেখ হাসিনা: বুঝছো?

হাছান মাহমুদ: জি আপা, আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন……
শেখ হাসিনা : না, আমাদের লোক থাকতে বলো…। ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি-গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পুড়াবে আর কী করবে।

হাছান মাহমুদ: জ্বি, জ্বি।
শেখ হাসিনা : আমাদের অন্য কিছু করে লাভ নাই। তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব।

হাছান মাহমুদ: জ্বি জ্বি রাইট, এইটাই টিট ফর ট্যাট। জ্বি আপা। কাদের ভাই আছে । জাস্ট একটা গায়েবানা জানাজা পড়ে আমরা চলে আসব, যেহেতু প্রেগ্রাম দিয়ে দেওয়া হইছে।…যার যার গন্তব্যে মহল্লায় মহল্লায় চলে যাব।
শেখ হাসিনা: না, যার যার এলাকায়।

হাছান মাহমুদ: জ্বি জ্বি রাইট। যার যার এলাকায়।
শেখ হাসিনা: বিভিন্ন এলাকায় লোক ঠিক করো…সব নেতা-কর্মীদের এইভাবে ব্যবস্থা কর।

হাছান মাহমুদ: কাদের ভাইকে একটু দিচ্ছি।
শেখ হাসিনা: প্রত্যেকটা এমপিকে ডাক, খবর দাও। প্রত্যেক এলাকায় যার যার প্রটেকশন দিতে হবে।

ওবায়দুল কাদের: জ্বি, জ্বি।
শেখ হাসিনা: না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। আমি র‌্যাব পাঠাচ্ছি আর আমি বলছি যে, যেখানে যেখানে গ্যাদারিং আছে, সব জায়গায় র‌্যাব….। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, এখন আর বসে থাকার সময় নাই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন পাবলিক দিবে। ওদের ব্যবসাপ্রতিষ্ঠান কী কী আছে খুঁজে বের করো। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে…।’

ওবায়দুল কাদের: সেটাই, পুলিশ কমিশনার সে কথাই বলল। জ্বি, আমাদের তো ঠেকাইতে হবে।