ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি হয় সামিরা-আজিজের: দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও কাটেনি রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হলে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডনকে গ্রেপ্তারের পর সিআইডির কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর ঘটনা ঘটে।

তদন্ত সংশ্লিষ্টদের বরাতে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরেই সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করা হয়েছিল। রাজসাক্ষী রিজভী আহমেদের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এই তথ্য উঠে এসেছে।

শুধু হত্যার পরিকল্পনা নয়, মামলা তুলে নিতে চাপ প্রয়োগের জন্য সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই গ্রেফতার হন রিজভী আহমেদ। পরে একই বছরের ২৪ জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। দীর্ঘ এই মামলার বিচারিক প্রক্রিয়া ও তদন্তে এখন এসব অভিযোগের সত্যতা নির্ধারণ করা হবে।




ঢাকায় বাড়তি চাপ কমাতে বাড়বে ঢাকামুখী কমিউটার ট্রেন

ডেস্ক নিউজঃ ঢাকার ওপর জনসংখ্যা ও কর্মসংস্থানের চাপ কমাতে রাজধানীর আশপাশের জেলাগুলোকে দ্রুত কমিউটার ট্রেন নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এমন যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ঢাকার বাইরে থাকা মানুষ দুই থেকে আড়াই ঘণ্টায় রাজধানীতে এসে দিনের কাজ শেষে নিজ গন্তব্যে ফিরতে পারেন।

সোমবার (১০ আগস্ট) কমলাপুর রেলস্টেশনে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার ওপর চাপ কমানো এবং আশপাশের অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ করাই কমিউটার নেটওয়ার্ক সম্প্রসারণের মূল লক্ষ্য। এ ধরনের রেল যোগাযোগ বাড়লে ঢাকামুখী স্থায়ী আবাসনের প্রবণতাও কমবে।

ঢাকা-গোপালগঞ্জ রুটে পদ্মা সেতু হয়ে চালু হওয়া নতুন ট্রেনটি প্রতিদিন দুই দিক থেকে চলাচল করবে। ১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। আর ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

১৪৮ কিলোমিটার দীর্ঘ এ রুটে ট্রেনটির সাতটি যাত্রাবিরতি রয়েছে। স্টেশনগুলো হলো—কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন।

আট কোচের ট্রেনটিতে মোট ৬৩০টি আসন রয়েছে। তবে দাঁড়িয়ে যাত্রী পরিবহনের সুযোগ থাকায় এর মোট যাত্রী ধারণক্ষমতা আরও বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেখ রবিউল আলম বলেন, কোচের সংখ্যা বাড়ানো গেলে যাত্রী পরিবহনের সক্ষমতা আরও বাড়বে। পর্যাপ্ত কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন অনেক রুটে কাঙ্ক্ষিত সেবা চালু করা সম্ভব হয়নি। নতুন কোচ ও লোকোমোটিভ যুক্ত হলে পর্যায়ক্রমে সেবার পরিধি বাড়ানো হবে।

কমিউটার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্তমানে আট জোড়া ট্রেন চলছে। অবকাঠামোগত কাজ শেষ হলে এ রুটে ১৬ জোড়া ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। এরপর ঢাকা-নরসিংদী, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর ও টাঙ্গাইল পর্যন্ত কমিউটার সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মানিকগঞ্জকেও এই নেটওয়ার্কের আওতায় আনার কথা জানান তিনি।

নতুন ট্রেন চালুর ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা স্বল্প ব্যয়ে প্রতিদিন ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় শাকসবজি, কৃষিপণ্য, মাছসহ বিভিন্ন পণ্য দ্রুত ঢাকার বাজারে পাঠানোর সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রেলপথের বিদ্যমান সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, পুরোনো রেললাইন ও লোকোমোটিভের কারণে কিছু ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। ১৯৩০ ও ১৯৪০ সালের অনেক রেললাইন এখনো ব্যবহৃত হচ্ছে। এসব লাইন ধাপে ধাপে মেরামত ও প্রতিস্থাপন করা হচ্ছে। তাই পুরোনো সব লাইনে ইচ্ছেমতো বেশি ট্রেন বা বেশি লোডের ট্রেন চালানো সম্ভব নয়।

উদ্বোধনী যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীসহ সংশ্লিষ্টরা ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আবহাওয়া ডেস্কঃ তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে দেশের চার বিভাগে। অন্যত্র হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সোমবার (১০ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১২ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।




গেজেটের নীতিমালা পাশ কাটিয়ে ‘লটারিতে’ বদলি-পদায়ন, প্রশ্নের মুখে গণপূর্তের সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অভিযোগ উঠেছে, সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব বদলি-পদায়ন করা হয়েছে, তার কিছু ক্ষেত্রে বিদ্যমান সরকারি নীতিমালা ও বাংলাদেশ গেজেটে নির্ধারিত পদায়ন কাঠামোর যথাযথ অনুসরণ করা হয়নি। বিশেষ করে ‘লটারির মাধ্যমে’ ব্যাপকভাবে বদলি-পদায়ন করা হলে তা নির্ধারিত নীতিমালার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—এ প্রশ্নই এখন সামনে এসেছে।

অভিযোগকারীদের বক্তব্য, বদলি ও পদায়ন প্রশাসনের স্বাভাবিক ক্ষমতার অংশ হলেও সেই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরও প্রচলিত আইন, বিধি, প্রজ্ঞাপন ও নিজস্ব অনুমোদিত নীতিমালার সীমার মধ্যে আবদ্ধ। ফলে ব্যক্তির জ্যেষ্ঠতা, সততা, কর্মদক্ষতা, মেধা, কর্মস্পৃহা, পূর্ববর্তী কর্মস্থলের মেয়াদ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিবেচনা না করে যদি কেবল লটারি বা নির্বিচার পদ্ধতিতে পদায়ন করা হয়, তাহলে সেটি নীতিমালার উদ্দেশ্য ও কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন।

গেজেটেই রয়েছে পদায়নের স্পষ্ট কাঠামো : বাংলাদেশ গেজেটে প্রকাশিত সংশ্লিষ্ট নীতিমালার ১০ নম্বর ধারায় বলা হয়েছে, নির্দিষ্ট ক্ষেত্রে কোনো কর্মকর্তা যে কর্মস্থলে পদায়নের আগ্রহ প্রকাশ করবেন, সেখানে কর্মরত কর্মকর্তার মেয়াদের পূর্ণতা, দক্ষতা, সততা ইত্যাদি বিবেচনা করে তাকে পদায়ন করতে হবে। অর্থাৎ পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার কর্মজীবনের বাস্তব পরিস্থিতি বিবেচনার কথা নীতিমালাতেই রয়েছে।

১১ নম্বর ধারায় আরও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও সন্তোষজনক চাকরির ভিত্তিতে পদায়নের বিষয় বিবেচনা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে আবেদনকারী কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিজের সমস্যা, প্রয়োজন বা অবস্থান উপস্থাপনের সুযোগ দেওয়ার কথাও রয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো—এই ধারায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া অন্য কোনো কর্মকর্তা, ব্যক্তি বা গোষ্ঠীর বদলি সংক্রান্ত সুপারিশ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর পরিপন্থী হিসেবে গণ্য হবে। অর্থাৎ বদলি-পদায়নকে কোনো ব্যক্তিগত সুপারিশ, গোষ্ঠীগত প্রভাব কিংবা নির্বিচার প্রশাসনিক প্রক্রিয়ার ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে নির্ধারিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে রাখার বিষয়টি নীতিমালায় গুরুত্ব পেয়েছে।

‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেণির অফিস—লটারিতে কি মিলবে এই ভারসাম্য ? নীতিমালার ১২ নম্বর ধারায় গণপূর্ত অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভাগ, উপ-বিভাগ ও শাখাগুলোকে কাজের পরিধি, প্রকৃতি, গুরুত্ব এবং রাজধানী/বিভাগ/জেলা শহর থেকে দূরত্ব বিবেচনায় ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে বিন্যস্ত করার কথা বলা হয়েছে। এরপর উপধারায় বলা হয়েছে, কর্মকর্তাদের এসব কার্যালয়ে পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতা, সততা, কর্মদক্ষতা, মেধা ও কর্মস্পৃহা বিবেচনা করতে হবে। এখানেই ‘লটারি’ পদ্ধতি নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি তৈরি হচ্ছে। কারণ একজন কর্মকর্তাকে কোনো নির্দিষ্ট শ্রেণির কর্মস্থলে পাঠানোর ক্ষেত্রে যদি তার জ্যেষ্ঠতা, দক্ষতা, সততা, পূর্ববর্তী কর্মস্থলের অভিজ্ঞতা ও চাকরির মেয়াদ বিবেচ্য হয়, তাহলে শুধুমাত্র দৈবচয়ন বা লটারির মাধ্যমে পদায়ন করা হলে এসব মানদণ্ড বাস্তবে কীভাবে মূল্যায়ন করা হলো—তার ব্যাখ্যা প্রয়োজন।

‘ক’ শ্রেণির অফিসে পদায়নেও রয়েছে বাধ্যবাধকতা :
নীতিমালার ১২(খ) ধারায় বলা হয়েছে, সরকারের পূর্বানুমতি ও বিশেষ ক্ষেত্র ছাড়া পদোন্নতির পর প্রথম পর্যায়ে ন্যূনতম দুই বছর ‘খ’ বা ‘গ’ শ্রেণির কার্যালয়ে কাজের অভিজ্ঞতা ছাড়া ‘ক’ শ্রেণির কার্যালয়ে পদায়ন করা যাবে না। একই ধারার ১২(গ)-তে বলা হয়েছে, কোনো কর্মকর্তাকে একই পদে পরপর দুই মেয়াদে ঢাকা বা চট্টগ্রাম মহানগরীর ‘ক’ শ্রেণির কার্যালয়ে পদায়ন করা যাবে না। এছাড়া উপ-সহকারী প্রকৌশলীদের জোন/সার্কেল কার্যালয়ে Estimator হিসেবে পদায়নের ক্ষেত্রেও ‘ক’, ‘খ’ বা ‘গ’ শ্রেণির কার্যালয়ে ন্যূনতম তিন বছর চাকরির অভিজ্ঞতাকে পূর্বশর্ত করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে—সাম্প্রতিক বদলি-পদায়নের ক্ষেত্রে প্রত্যেক কর্মকর্তার চাকরির ইতিহাস, পূর্ববর্তী কর্মস্থল, শ্রেণিভিত্তিক অভিজ্ঞতা ও একই ধরনের পদে পূর্ববর্তী মেয়াদ কি যাচাই করা হয়েছে ? যদি হয়ে থাকে, সেই যাচাইয়ের ভিত্তি কী ? আর যদি না হয়ে থাকে, তাহলে নীতিমালার সংশ্লিষ্ট ধারাগুলোর বাস্তব প্রয়োগ কোথায় ?

বিভাগীয় মামলা থাকলে আলাদা বিধান : ১৩ নম্বর ধারায় আরও একটি সুস্পষ্ট বিধান রয়েছে। কোনো কর্মকর্তা বিভাগীয় মামলায় দণ্ডপ্রাপ্ত হলে দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পাঁচ বছর তাকে ‘ক’ শ্রেণির কার্যালয়ে পদায়ন না করার কথা বলা হয়েছে। অন্যদিকে বিভাগীয় মামলা চলমান থাকলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তাকে যে কোনো সময় যে কোনো স্থানে পদায়ন করতে পারবে। অর্থাৎ একই নীতিমালায় বিভিন্ন প্রশাসনিক পরিস্থিতির জন্য পৃথক সিদ্ধান্ত গ্রহণের কাঠামো রাখা হয়েছে। ফলে একটি অভিন্ন লটারি পদ্ধতিতে সবাইকে একইভাবে বিবেচনা করলে ব্যক্তিভেদে প্রযোজ্য এসব বিধান কীভাবে বাস্তবায়িত হবে—সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন ?

প্রথম নিয়োগ ও প্রশিক্ষণেও রয়েছে স্পষ্ট শর্ত : ১৪ নম্বর ধারায় বলা হয়েছে, বিশেষ ক্ষেত্র ছাড়া চাকরিতে প্রথম যোগদানের পর ন্যূনতম তিন মাসের মৌলিক বিভাগীয় প্রশিক্ষণ ছাড়া কোনো কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা যাবে না।

১৫ নম্বর ধারায় প্রত্যেক কর্মকর্তাকে চাকরির প্রাথমিক পর্যায়ে মাঠপর্যায় ও দাপ্তরিক পর্যায়ে ন্যূনতম অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে পর্যায়ক্রমে পদায়নের কথা বলা হয়েছে।

অর্থাৎ পদায়নের দর্শনটি নিছক ‘কোথায় খালি পদ আছে’—এমন সরল হিসাবের ওপর দাঁড়ানো নয়। বরং কর্মকর্তার প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতা বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ ক্যারিয়ার কাঠামো তৈরির উদ্দেশ্য স্পষ্ট। লিয়েন, শিক্ষাছুটি ও প্রেষণেও সময়সীমা নির্ধারিত ১৬ নম্বর ধারায় অন্য মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার চাহিদার প্রেক্ষিতে প্রেষণে পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের সীমা নির্ধারণ করা হয়েছে।

১৭ নম্বর ধারায় লিয়েন ও শিক্ষাছুটি থেকে ফেরার পর কর্মকর্তাকে মাঠপর্যায়ে ন্যূনতম দুই বছর চাকরি করার কথা বলা হয়েছে। বিশেষ কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মকর্তাদের জন্য অবশ্য বিশেষায়িত পদে পদায়নের সুযোগ রাখা হয়েছে।
এসব বিধান থেকে স্পষ্ট যে, পদায়নের ক্ষেত্রে কর্মকর্তার পূর্ববর্তী কর্মস্থল ও কর্মজীবনের ধারাবাহিকতা বিবেচনা করার নীতিগত উদ্দেশ্য রয়েছে।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তার ক্ষমতা নিয়েও বিধান : নীতিমালার ১৮ নম্বর ধারা আরও তাৎপর্যপূর্ণ। সেখানে বলা হয়েছে— বদলির আদেশপ্রাপ্ত কোনো কর্মকর্তা তার অধীনস্থ কোনো কর্মকর্তা বা কর্মচারীকে বদলি করতে পারবেন না। এই বিধান প্রশাসনিক ক্ষমতার সম্ভাব্য অপব্যবহার ঠেকানোর একটি সুরক্ষা কাঠামো হিসেবে দেখা যেতে পারে। প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক বদলি-পদায়নের পর প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের সময় এই বিধানগুলো কতটা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে ?

মন্ত্রণালয়ই অস্পষ্টতার চূড়ান্ত কর্তৃপক্ষ—কিন্তু নীতিমালার বাইরে নয় : নীতিমালার ২০ নম্বর ধারায় বলা হয়েছে, নীতিমালার কোনো অস্পষ্টতার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এখানেও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পার্থক্য রয়েছে। কোনো বিধানের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা থাকা আর সেই বিধানকে সম্পূর্ণ উপেক্ষা করার ক্ষমতা থাকা এক বিষয় নয়।

নীতিমালার কোনো ধারার প্রয়োগে অস্পষ্টতা দেখা দিলে মন্ত্রণালয় তার ব্যাখ্যা দিতে পারে। কিন্তু সেই ব্যাখ্যার মাধ্যমে নীতিমালায় নির্ধারিত মৌলিক মানদণ্ড—যেমন জ্যেষ্ঠতা, সততা, দক্ষতা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা বা নির্ধারিত মেয়াদ—সম্পূর্ণ অকার্যকর করা যায় কি না, সেটিই এখন আইন ও প্রশাসন বিশেষজ্ঞদের আলোচনার বিষয় হতে পারে।

‘জনস্বার্থে’ জারি করা নীতিমালা কি জনস্বার্থেই উপেক্ষিত হচ্ছে ? ২১ নম্বর ধারায় বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে।
এখানেই বিষয়টির গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ বদলি-পদায়নের নীতিমালা যদি জনস্বার্থে জারি হয়ে থাকে এবং তা কার্যকর থাকে, তাহলে এর অধীনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বও স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

তাই লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে—এমন অভিযোগ সত্য হলে প্রথমেই দেখতে হবে, লটারির আগে কি প্রতিটি কর্মকর্তার ক্ষেত্রে নীতিমালায় নির্ধারিত যোগ্যতা ও সীমাবদ্ধতাগুলো যাচাই করা হয়েছিল ?

‘লটারি’ কি প্রশাসনিক মূল্যায়নের বিকল্প হতে পারে ? প্রশাসনে লটারির মতো পদ্ধতি কোনো কোনো ক্ষেত্রে স্বচ্ছতা বা পক্ষপাত এড়ানোর উপায় হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু যেখানে একটি সরকারি গেজেটে পদায়নের ক্ষেত্রে কর্মকর্তা-ভিত্তিক একাধিক মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে লটারি ব্যবহারের আগে সেই মানদণ্ডগুলো কীভাবে প্রয়োগ করা হয়েছে—তার স্বচ্ছ ব্যাখ্যা থাকা জরুরি।

অন্যথায় একটি মৌলিক প্রশ্ন থেকেই যায় : যদি জ্যেষ্ঠতা, সততা, দক্ষতা, মেধা, কর্মস্পৃহা, পূর্ববর্তী কর্মস্থলের মেয়াদ, প্রশিক্ষণ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং বিভাগীয় মামলার অবস্থার মতো বিষয়গুলো বিবেচ্য হয়, তাহলে শুধু লটারির মাধ্যমে একই সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো ?

রাষ্ট্রের আইন বনাম প্রশাসনিক সিদ্ধান্ত—এখন প্রশ্নের মুখে : বদলি-পদায়ন
সরকারি প্রশাসনে বদলি ও পদায়ন নিঃসন্দেহে সরকারের প্রশাসনিক ক্ষমতার অংশ। কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও সংবিধান, আইন, বিধি, প্রজ্ঞাপন ও কার্যকর নীতিমালার কাঠামো গুরুত্বপূর্ণ। সুতরাং সাম্প্রতিক বদলি-পদায়ন নিয়ে বিতর্কের মূল প্রশ্ন ‘মন্ত্রণালয় বদলি করতে পারবে কি না’—এটি নয়।

মূল প্রশ্ন হলো— মন্ত্রণালয় যে বদলি-পদায়নের ক্ষমতা প্রয়োগ করেছে, সেটি কি কার্যকর সরকারি নীতিমালার নির্ধারিত পদ্ধতি ও মানদণ্ড মেনে করা হয়েছে ?

যদি নীতিমালার বাধ্যতামূলক শর্তগুলো যাচাই না করেই ঢালাওভাবে পদায়ন করা হয়ে থাকে, তাহলে তা শুধু প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় নয়; বরং সংশ্লিষ্ট আদেশের আইনি ও বিধিগত বৈধতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ তৈরি হতে পারে।

আর যদি মন্ত্রণালয়ের দাবি হয় যে প্রতিটি বদলি-পদায়নের আগে সংশ্লিষ্ট গেজেটের সব শর্ত যাচাই করা হয়েছে, তাহলে সেই যাচাইয়ের প্রশাসনিক নথি, মূল্যায়ন-তালিকা ও সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি প্রকাশ করলেই বিতর্কের অবসান হতে পারে।

কারণ সরকারি চাকরিতে বদলি কোনো ব্যক্তিগত সুবিধা বা অসুবিধার বিষয় মাত্র নয়। এটি রাষ্ট্রীয় প্রশাসনের জনবল ব্যবস্থাপনার অংশ। আর জনবল ব্যবস্থাপনা যখন গেজেটভুক্ত নীতিমালার অধীন, তখন কর্তৃপক্ষের ক্ষমতার পাশাপাশি সেই ক্ষমতা প্রয়োগের পদ্ধতিও জবাবদিহির আওতায় থাকে।

এখন তাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে সবচেয়ে বড় প্রশ্ন— সাম্প্রতিক বদলি-পদায়নে গেজেটের প্রতিটি শর্ত কীভাবে যাচাই করা হয়েছে ? কর্মকর্তাদের জ্যেষ্ঠতা, দক্ষতা, সততা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, পূর্ববর্তী কর্মস্থলের মেয়াদ ও শ্রেণিভিত্তিক পদায়নের ইতিহাস কি মূল্যায়ন করা হয়েছে?

নাকি সবকিছুকে পাশ কাটিয়ে ‘লটারি’ই হয়ে উঠেছে পদায়নের প্রধান ভিত্তি?
এই প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তরই নির্ধারণ করবে—সাম্প্রতিক বদলি-পদায়ন স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়ার উদাহরণ, নাকি গেজেটভুক্ত নীতিমালার সঙ্গে সংঘাতপূর্ণ একটি সিদ্ধান্ত।।




মাত্র তিন সপ্তাহেই বিলিয়ন ডলারের ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’

বিনোদন ডেস্কঃ মাত্র তিন সপ্তাহেই বক্স অফিসে বাজিমাত করলো ক্রিস্টোফার নোলানের নতুন ধামাকা ‘দ্য ওডিসি’। হলিউডের এই মাস্টারমাইন্ড পরিচালকের সিনেমাটি কেবল উত্তর আমেরিকা থেকেই পকেটে পুরেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার।

বিশ্ববাজার থেকে আয় হয়েছে আরো বেশি। আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। ফলে বৈশ্বিক মোট আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারের বেশি।

ক্রিস্টোফার নোলান ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য অস্কারও পেয়েছেন। কিন্তু ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর বক্স অফিসে এত বড় সাফল্য আসেনি তার। ২০০৯ সালে তার ‘দ্য ডার্ক নাইট’ ও ২০১২ সালে দ্য ডার্ক নাইট রাইজেস ১ বিলিয়ন ডলার আয় করেছিল। সে হিসেবে ১৪ বছর পর বক্স অফিসে এত বড় সাফল্য পেলেন নোলান।



ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের

ক্রীড়া ডেস্কঃ ফুটবল অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের একটি স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি চরম বিরোধীতার মুখে রয়েছেন। এমন পরিস্থিতিতে ফিফা এবং ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন।

কনফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব নিয়ে সাম্প্রতিক বিতর্কের মূল বিষয়টি ছিল খেলার সততা এবং যারা এর নেতৃত্বে নির্বাচিত হয়েছেন তাদের সততা। এই প্রকল্পের আওতায় ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা ছিল, যার ২১ শতাংশ মালিকানা একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার কথা ছিল।

বিভিন্ন কনফেডারেশনের ব্যাপক সমালোচনার মুখে এই উদ্যোগটি বাতিল করা হয়। এর মধ্যে উয়েফা ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছিল। চিঠিতে বলা হয়েছে, যখন প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করা হয়, কোনো ব্যক্তি নিজেকে সেই সমষ্টির ঊর্ধ্বে স্থাপন করেন যারা তাকে দায়িত্ব অর্পণ করেছিল, তখন সেই কর্তব্যের প্রতি অবহেলা বা তা পরিত্যাগ করা হয়।

এতে আরও বলা হয়, ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পদ নয়। এটি ক্ষমতা কুক্ষিগত করা বা তা দাবি করার বিষয় নয়। বরং যারা এই দায়িত্ব অর্পণ করেছে, সেই ফুটবল পরিবারের প্রতি সেবার দায়িত্ব পালনই হলো আসল বিষয়।বিবৃতিতে ইনফান্তিনোর নাম সরাসরি উল্লেখ করা না হলেও, বিবিসি স্পোর্টস-এর সূত্র জানিয়েছে, এটিকে তার জন্য পদত্যাগ করে মর্যাদার সঙ্গে সরে দাঁড়ানোর একটি সুযোগ হিসেবে দেখা উচিত।

এর আগে শনিবার সন্ধ্যায় ফিফা একটি বিবৃতি দিয়েছিল, যেখানে সংস্থাটি এবং ইনফান্তিনোকে ‘দুর্বল বা হেয় প্রতিপন্ন করার’ লক্ষ্যে চালানো সুপরিকল্পিত ও চলমান প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছিল। কনফেডারেশনগুলো উল্লেখ করেছে, বিশ্বকাপ স্বত্ব প্রক্রিয়ায় ভুল হওয়ার বিষয়টি ফিফা স্বীকার করলেও তা যথেষ্ট ছিল না।

চিঠিতে বলা হয়, এতে স্বীকার করা হয়নি, প্রস্তাবটিই ছিল মূলত ভুল। ফিফা বিশ্বকাপ সংশ্লিষ্ট কোনো স্বত্ব বা অংশ বিক্রির প্রচেষ্টা চালানো হয়েছিল, তা যে বিচার-বিবেচনার ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল। সেই বিষয়টিও স্বীকার করা হয়নি।এটি কেবল পদ্ধতিগত কোনো ভুল পদক্ষেপ ছিল না, বরং ফিফা যাদের সেবার জন্য গঠিত, সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আস্থার এক মৌলিক লঙ্ঘন ছিল এটি।

ফিফা কাউন্সিল তাদের পরবর্তী বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে; বৈঠকটি অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চিঠিতে উয়েফা-র দেওয়া একটি আইনি সতর্কবার্তার কথাও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, এই পরিকল্পনা-সংশ্লিষ্ট কোনো নথিপত্রই যেন ফিফা মুছে না ফেলে বা ধ্বংস না করে।




ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

আন্তর্জাতিক ডেস্কঃ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সরব হওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থার তীব্র সমালোচনার মুখে অবশেষে সংসদে বিস্তারিত আলোচনায় সায় দিল কেন্দ্রীয় সরকার। বিরোধী দলগুলোর টানা দাবির মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দোলনরত ছাত্রদের ওপর নেওয়া পদক্ষেপর ব্যাখ্যা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তবে আলোচনা ও মন্ত্রীর বক্তব্যের সময় বিরোধীদের সংসদকক্ষে কোনো প্রকার হট্টগোল বা গোলযোগ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজিজু জানান, ছাত্র আন্দোলন এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে সরকার সংসদে বিশদ আলোচনা করতে সম্পূর্ণ রাজি। বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেবেন কিংবা সরকার যখন জবাব দেবে, তখন বিরোধী শিবির যেন হট্টগোল করে পরিবেশ বিনষ্ট না করে। তাদের ধৈর্য ধরে সরকারের বক্তব্য ও গৃহমন্ত্রীর জবাব শোনা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সরকারের এই অবস্থান এসেছে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর একটি কড়া কলাম প্রকাশের পর। একটি জাতীয় দৈনিকে লেখা কলামে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি আক্রমণের পর স্বরাষ্ট্রমন্ত্রী কোনো তদন্তের নির্দেশ দেননি, এমনকি কোনো বক্তব্যও পেশ করেননি। তিনি দাবি করেন, আন্দোলন থামাতে ছাত্রদলের ওপর কাঁদানে গ্যাস, পেরেকযুক্ত লাঠি এবং পেল্ট গান ব্যবহার করা হয়েছে। এছাড়া বিহারের সিওয়ানে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে গুলি চালানোর মতো গুরুতর অভিযোগও তোলেন তিনি।

এর আগে গত ২০ জুলাই নতুন দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে বিক্ষোভকারীরা এগোতে চাইলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে একাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। এরপরই ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। বিরোধীরা এই ঘটনাকে ‘অবৈধ ও অসংবিধানিক সহিংসতা’ হিসেবে উল্লেখ করে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতার দাবি জানিয়ে আসছিলেন।

সূত্র: এনডিটিভি




ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃত্যু ১২, নিখোঁজ ৮

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর জোড়া প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে অন্তত ১২ জনের মৃত্যু এবং ৮ জন নিখোঁজ রয়েছেন। 

সিভিল ডিফেন্স দপ্তরের সহকারী সচিব লরেন্স মিনা জানিয়েছেন, সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া হিসাবে এসব ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। পাহাড় ধস, গাছ ভেঙে পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বলে তিনি জানান।

জিএমএ নিউজ অনলাইনের বরাতে জানা গেছে, দেশের ৯টি অঞ্চল ও ৩৩টি প্রদেশের প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রিজিওন ১, ৩, ক্যালাবারজোন এবং মিমারোপায় ৪ হাজার ৮৬৬ জনকে সতর্কতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগের কারণে ইতোমধ্যেই ৩২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তারা বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্র অথবা তাদের আত্মীয়স্বজনদের বাড়িতে অবস্থান করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি




রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। যদিও নিঝনেকামস্ক শহরে চালানো এই হামলার বিষয়ে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি।

শহরটি ইউক্রেন সীমান্ত থেকে ১,১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। সেখানে বেশ কয়েকটি বড় তেল শোধনাগার ও একটি বিশাল পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে এই হামলা চলে।

হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটি যাছাই করা সম্ভব হয়নি। ছড়িয়ে পড়া ভিডিওতে ছবিতে দিনের আলোয় আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের শিখা উঠতে দেখা গেছে এবং বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) বাজতে শোনা গেছে।

হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া না গেলেও, কিয়েভ সম্প্রতি এমন সব স্থাপনায় হামলা জোরদার করেছে। যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে রাজস্ব ও কারিগরী সহায়তা জোগায় বলে তারা দাবি করে।

মস্কো নিশ্চিত করেছে, আবাসিক এলাকার পাশাপাশি শিল্প স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সেখানে এমন বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যারা কোনো সামরিক অভিযানের সঙ্গে জড়িত ছিলেন না। তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ হামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

নিঝনেকামস্কের মেয়র রাদমির বেলায়েভ বলেছেন, এটি আমাদের সবার জন্য এক গভীর বেদনাদায়ক ঘটনা।তাতারস্তানে শোকের সময় ঘোষণা করা হয়েছে। মস্কো জানিয়েছে, রাতের বেলা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। দেশটির অভ্যন্তরে দূরপাল্লার হামলা চালানোর ক্ষেত্রে কিয়েভ ক্রমশ সফল হয়ে উঠছে। তারা প্রায়শই গুদাম বা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে এবং এতে বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে।

অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের শহর ও আবাসিক এলাকাগুলোতে নিয়মিত বড় আকারের বিমান হামলা অব্যাহত রেখেছে। গত সপ্তাহে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় ২১ জন নিহত হন। এছাড়া সম্মুখসারির কাছাকাছি অবস্থিত খারকিভে রাতের বেলা রাশিয়ার গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি। 




তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পের জন্য নির্বাচিত তিনটি গ্রাম হলো—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। ‘দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ’ শীর্ষক প্রকল্পের অধীনে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হবে।

এই প্রকল্পের আওতায় গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা ও কৃষিজমি নিষ্কাশন সমস্যার সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস এবং বিশুদ্ধ পানীয় জল ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে।

সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগে অন্তর্ভুক্ত হতে পেরে তিন গ্রামের বাসিন্দারা গভীর উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।