রাষ্ট্রপতি পদে আলোচনা বিএনপির চার নেতার কার কী অবদান

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ক্ষমতাসীন বিএনপির নীতিনির্ধারণী মহলে একাধিক নাম আলোচনায় থাকলেও সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে চারজন নেতার নাম। এদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য তিন নেতা হলেন-স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তাদের বাইরে আলোচনায় থাকলেও ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হতে রাজি নন। অন্যদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী জাতিসংঘে বাংলাদেশি স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানের নাম এখন আর আলোচনায় নেই বলে সরকারের ভেতরের একটি সূত্র দাবি করেছে।

রাজনৈতিক বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদারের মতে, আলোচনায় থাকা সবারই অবদান রয়েছে। প্রত্যেক মানুষই একজন আরেকজন থেকে আলাদা। তাদের চিন্তাচেতনা, মূল্যবোধ, অভিজ্ঞতা, শিক্ষাদীক্ষা-সবদিক থেকেই ভিন্ন। তাই ব্যক্তির মধ্যে তুলনা করা প্রায় অসম্ভব। তিনি বলেন, আলোচনায় থাকা চারজনের প্রত্যেকেই অভিজ্ঞ, যোগ্য, উচ্চশিক্ষিত এবং তাদের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আছে। আমি যতটুকু শুনেছি, রাজনৈতিক দলের পক্ষ থেকে দলের প্রধান এবং প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করে তাদের মধ্য থেকেই বেছে নিয়ে একজনের নাম রাষ্ট্রপতি পদে চূড়ান্ত করবেন।

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, রাষ্ট্রের মর্যাদা যেন দেশে এবং বিশ্বের কাছে তুলে ধরতে পারেন-এমন ব্যক্তিত্বসম্পন্ন মানুষকেই রাষ্ট্রপতি করা উচিত হবে। এখানে বিএনপিকেই চিন্তা করতে হবে। তিনি বলেন, বিএনপির যে চিন্তা, আদর্শ এবং প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট করে ক্ষমতায় এসেছেন, সেগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে রাষ্ট্রপতি কার্যালয়েরও একটা সহযোগিতা তারেক রহমানের লাগবে। তাছাড়া যিনি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা করতে পারবেন, তাকেই মনোনয়ন দেওয়া উচিত হবে।

কোন নেতার কী অবদান

রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকা চার নেতার প্রত্যেকেরই দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের প্রতি আনুগত্য ও অবদান রয়েছে। এককথায় এই চারজনই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী। তাই বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনেও এখন তাদের নিয়ে নানামুখী আলোচনা চলছে। বিএনপির পাশাপাশি দেশের রাজনীতিতে কার কী অবদান, তা নিয়ে চলছে মূল্যায়নও। পর্যবেক্ষকরা বলছেন, এসব মূল্যায়ন বিবেচনায় নিয়েই রাষ্ট্রপতি পদের মনোনয়ন ঠিক করবেন প্রধানমন্ত্রী ও সংসদনেতা তারেক রহমান। ফলে সবার নজর এখন তারেক রহমানের দিকে। ১ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করার দায়িত্ব চেয়ারম্যান তারেক রহমানের ওপর দিয়েছেন দলটির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাজনীতির পাশাপাশি একজন ভূতত্ত্ববিদ, শিক্ষাবিদ ও লেখক হিসাবেও পরিচিত। ১৯৭৯ সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সারা দিয়ে বিএনপিতে যোগ দেন এবং বিএনপির প্রথম ছাত্রবিষয়ক সম্পাদক হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ-সদস্য এবং তিনবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি ১৯৯৪ সাল থেকে। দল পুনর্গঠন ও সংকটের সময় তার অবদান অনস্বীকার্র্য। প্রবীণ এই নেতা সংকটকালে কখনো দলের বিরুদ্ধে অবস্থান নেননি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং ওয়ান-ইলেভেনসহ বিভিন্ন সময়ে প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন। হাসিনা সরকারের সময় তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়।

 

রাজনীতির বাইরেও তার রয়েছে সমৃদ্ধ একাডেমিক জীবন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে আরেকটি ডিগ্রি নেন। ১৯৭৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে পিএইচডি এবং ১৯৭৪ সালে ইম্পেরিয়াল কলেজ থেকে ডিআইসি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে জুনিয়র লেকচারার হিসাবে শিক্ষকতা শুরু করে সহকারী অধ্যাপক ও অধ্যাপক হন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে তিনি প্রবাসীদের সংগঠিত করেন। মুক্তিযুদ্ধের সময় লন্ডনে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবেও নেতৃত্ব দেন।

২০০১ সালের চারদলীয় জোট সরকারের ‘কিচেন ক্যাবিনেট’-এর অন্যতম সদস্য ছিলেন তিনি। দলের প্রবীণ নেতা হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। ফলে দলের ভেতরে ও বাইরে অত্যন্ত শ্রদ্ধেয় এই নেতার নাম রাষ্ট্রপতি পদে আলোচনায় আসা স্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্ট সবাই। তবে বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা থাকার কারণে তার বিষয়ে প্রধানমন্ত্রীকে নানা দিক থেকে চিন্তা করতে হচ্ছে।

 

 

রাষ্ট্রপতি পদে আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ও আন্দোলনে তার ভূমিকা সর্বজনবিদিত। বিশেষ করে গত ১৭ বছরের কঠিন সময়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে তার সক্রিয় ভূমিকার কথা সর্বস্তরে প্রশংসিত। মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে দলের ভেতরে-বাইরে সমান গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি।

একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসাবেও মির্জা ফখরুলের আলাদা পরিচিতি রয়েছে। দলীয় প্রধান তারেক রহমানের সঙ্গেও তার দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আলোচনায় রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ারও অত্যন্ত পছন্দ ও স্নেহভাজন ছিলেন তিনি। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে শিক্ষকতা পেশায় যুক্ত হন। এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

তিনবার সংসদ-সদস্য নির্বাচিত হয়ে বিএনপির এই মহাসচিব বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। নানা প্রোপাগান্ডায় এক-এগারোর আগে ও পরে বিএনপি কিছুটা ভাবমূর্তির সংকটে পড়লে স্বচ্ছ ইমেজের নেতা হিসাবে মির্জা ফখরুলকে সামনে আনা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিরোধী দলের মুখপাত্র হিসাবে গণমাধ্যমে তার পরিচিতি আরও বাড়ে।

২০১১ সালের ২০ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি বিএনপির মহাসচিব নির্বাচিত হন।

 

১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে এবং ১১ বার তিনি কারাবরণ করেছেন। হাসিনা সরকার দল ভাঙতে মির্জা ফখরুলকে চাপের পাশাপাশি বিভিন্ন সময় নানা প্রলোভনও দিয়েছেন বলে দেশের রাজনীতিতে আলোচনা আছে। কিন্তু তাকে টলাতে পারেননি। অনেকের মতে, নির্লোভ ফখরুল দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তারেক রহমান লন্ডনে এবং বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় দেশে দল ও আন্দোলনের দৃশ্যমান নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন মির্জা ফখরুল। এসব কারণে রাষ্ট্রপতি পদে তার নামই বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায়।

এ দুজনের বাইরে ড. আবদুল মঈন খানের পরিচ্ছন্ন ভাবমূর্তির পাশাপাশি দেশ-বিদেশে তার রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও একাডেমিক পরিচিতি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অত্যন্ত পছন্দের লোক হিসাবে পরিচিত তিনি। রাজনৈতিক অস্থিরতার সময় তার বাসায় প্রায় বিদেশি কূটনীতিকরা বৈঠকে বসতেন। একজন সৎ ও সজ্জন ব্যক্তি হিসাবেও রাজনৈতিক অঙ্গনে তার সুনাম রয়েছে।

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র ড. খান একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও ফেলোশিপও পেয়েছেন।

ইংল্যান্ডে পিএইচডি গবেষণার সময় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন পাকিস্তান সরকার তার বৃত্তি ও নাগরিকত্ব বাতিল করে। পরে ব্রিটিশ সরকারের বৃত্তির সহায়তায় তিনি উচ্চশিক্ষা অব্যাহত রাখেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের নাগরিকত্ব ফিরে পান। রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ-সদস্য এবং তিনবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন।

বিএনপির আন্দোলনের সময় পশ্চিমা দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। দীর্ঘদিন দলের প্রতি আনুগত্য ও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতার কারণে রাষ্ট্রপতি পদে অন্যতম দাবিদার হিসাবে তার নামও বিবেচনা করা হচ্ছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কর্মময় জীবন যেন সাফল্যের এক বিশাল ক্যানভাস। তিনি একাধারে ফিফা-স্বীকৃত ফুটবলার, বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সামরিক কর্মকর্তা, সাতবারের নির্বাচিত সংসদ-সদস্য এবং একাধিকবারের অভিজ্ঞ মন্ত্রী।

ছয় দশকের বেশি সময়ের কর্মজীবনে তিনি রাজনীতি, সামরিক বাহিনী, ক্রীড়া ও জনপ্রশাসনে গুরুপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৯২ সালে বিএনপিতে যোগ দিয়ে সর্বশেষ তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নানা চাপ ও প্রলোভন সত্ত্বেও শেষ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমে সংসদ-সদস্য পদে মনোনয়ন, পরে মন্ত্রী এবং সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। অনেকের মতে, রাজনৈতিক প্রজ্ঞার কারণে সংসদের স্পিকার হিসাবে হাফিজ উদ্দিনকে বেছে নিয়েছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় রাষ্ট্রপতি হিসাবে তার নাম ব্যাপকভাবে আলোচনায় আছে।




লালমনিরহাট দলিল লেখক সমিতির নতুন সভাপতি সিরাজুল, সম্পাদক হামিদুর

জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলা সদর সাব-রেজিস্ট্রার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) লালমনিরহাট জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সমিতির সদস্যদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে হামিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সকাল থেকে ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলা রেজিস্ট্রার কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা দলিল লেখকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।




মজুরি ‘কর্তন’ থেকে ২৪ লাখের মেরামত বিল: জোয়ার সাহারা ডিপো ম্যানেজারের বিরুদ্ধে একাধিক অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপোতে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি নিয়ে গুরুতর অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন ডিপোর ম্যানেজার মো. মফিজ উদ্দিন। অভিযোগ রয়েছে, বিআরটিসি প্রধান কার্যালয়ের জারি করা অফিস আদেশ উপেক্ষা করে ডিপোর ৩৩ জন কারিগর ও সংশ্লিষ্ট দৈনিকভিত্তিক শ্রমিককে নির্ধারিত হারের চেয়ে কম মজুরি দেওয়া হচ্ছে।

অভিযোগকারীদের দাবি, প্রধান কার্যালয়ের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিকদের দৈনিক মজুরি ৭০০ টাকা নির্ধারিত হলেও প্রায় এক বছর ধরে তাদের ৬০০ টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি থেকে ১০০ টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে।
শুধু মজুরি কম দেওয়ার অভিযোগই নয়, ডিপোর একটি গাড়ি মেরামতের ব্যয় নিয়েও উঠেছে বড় ধরনের প্রশ্ন। অভিযোগ অনুযায়ী, গাড়িটি মেরামতের জন্য বিআরটিসি প্রধান কার্যালয় থেকে ৩ লাখ টাকা অনুমোদন দেওয়া হলেও পরবর্তী সময়ে একই গাড়ির মেরামত বাবদ ২৪ লাখ টাকার ভাউচার/প্রস্তাবনা প্রধান কার্যালয়ে পাঠিয়ে অনুমোদন নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রকৃত ব্যয়, ভাউচার ও অনুমোদনের নথি যাচাইয়ের দাবি উঠেছে।

অফিস আদেশেই ৭০০ টাকা, ডিপোতে দেওয়া হচ্ছে ৬০০?
বিআরটিসির হিসাব বিভাগ (পে-রোল) থেকে জারি করা অফিস আদেশে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে।

প্রাপ্ত নথিতে পত্র নং-৩৫.০৪.০০০০.০১৫.১৩.০০১.১৪/৩১৬ উল্লেখ রয়েছে। আদেশে অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং-০৭.০০.০০০০.১৭৩.৬৬০৫৯.১৫ (অংশ-৩)-১৩০, তারিখ: ২২ মে ২০২৫ খ্রি.-এর আলোকে এবং বিআরটিসি করপোরেশনের আর্থিক অবস্থা পর্যালোচনা ও পর্ষদ সভার সুপারিশ অনুযায়ী দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি হার পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে। নথিতে কারিগর ও চালকসহ বিভিন্ন শ্রেণির শ্রমিকের দৈনিক মজুরি পুনর্নির্ধারণের হার উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট কারিগর শ্রেণির ক্ষেত্রে ৭০০ টাকা দৈনিক মজুরি দেওয়ার অভিযোগের সঙ্গে নথিতে থাকা পুনর্নির্ধারিত হারের সামঞ্জস্য যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অফিস আদেশে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, উল্লেখিত দৈনিক মজুরি হারে শ্রমিক নিয়োগ করতে হবে। একই সঙ্গে ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ না করে কোনো অর্থ প্রদান করা যাবে না এবং Online Banking ব্যতীত কোনো অর্থ প্রদান করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশটি মার্চ ২০২৬ মাস থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। নথিতে আদেশদাতা হিসেবে আব্দুল লতিফ মোল্লা, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বিআরটিসি-এর নাম রয়েছে। তবে সরবরাহ করা কপিতে তারিখের ঘরে ০৫/০৩/২৬২ মুদ্রিত/পাঠযোগ্য অবস্থায় রয়েছে—এটি নথির মূল কপি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

৩৩ শ্রমিকের মজুরি থেকে দৈনিক ১০০ টাকা করে কম ?
ডিপোর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কারিগর ও চালকের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সামান্য আয়ের ওপর নির্ভর করে তাদের সংসার চালাতে হচ্ছে। দৈনিক মজুরি থেকে ১০০ টাকা কম পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়ছেন এবং কখনো কখনো ধারদেনা করে সংসারের খরচ চালাতে হচ্ছে।

অভিযোগকারীদের ভাষ্য, নির্ধারিত হারে মজুরি দেওয়া হলে তাদের জন্য কিছুটা স্বস্তি আসত। হিসাবটি আরও গুরুতর হয়ে ওঠে ৩৩ জন শ্রমিকের ক্ষেত্রে। অভিযোগ সত্য হলে প্রত্যেক শ্রমিকের দৈনিক ১০০ টাকা করে কম দেওয়ার অর্থ দাঁড়ায়— ৩৩ জন × ১০০ টাকা = ৩,৩০০ টাকা প্রতিদিন। মাসে ৩০ দিন হিসাবে এ অর্থ দাঁড়ায় প্রায় ৯৯,০০০ টাকা। আর ১২ মাসে তা দাঁড়ায় প্রায় ১১ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ অভিযোগ অনুযায়ী, ৩৩ জন শ্রমিকের ক্ষেত্রে এক বছর ধরে প্রতিদিন ১০০ টাকা করে কম দেওয়া হয়ে থাকলে সম্ভাব্য ঘাটতির পরিমাণ প্রায় ১১ লাখ ৮৮ হাজার টাকা। তবে প্রকৃত অর্থের পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট শ্রমিকদের হাজিরা খাতা, মজুরি বিল, ব্যাংক লেনদেন, পে-রোল এবং বিআরটিসির হিসাব নথি পরীক্ষা করা প্রয়োজন।

‘এই টাকা আমি কি একা খাই, চেয়ারম্যানকে দিয়ে খাই’ ! অভিযোগকারীর দাবি
বিষয়টি নিয়ে ডিপো ম্যানেজার মো. মফিজ উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী এমন মন্তব্য করেন— “আপনার কি এই টাকা আমি কি একা খাই। আমি চেয়ারম্যানকে দিয়ে খাই।”

এ সময় তিনি প্রতিবেদকের সঙ্গে অশালীন ও অকথ্য ভাষায় কথা বলেন বলেও অভিযোগ রয়েছে। পরে ডিপোর ট্রাফিক অফিসার মো. তালেব-এর মাধ্যমে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করা হয়। তালেব বলেন, “স্যারের মাথা ঠিক নাই, কী বলতে কী বলেছে। আপনি এদিকে খেয়াল করবেন না। স্যার আপনার সঙ্গে পরে কথা বলবেন।”

মো. মফিজ উদ্দিনের এই বক্তব্যের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে ‘চেয়ারম্যানকে টাকা দেওয়ার’ দাবিটিও স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে সংযুক্ত করা গেলে অভিযোগটির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

৩ লাখের অনুমোদন, ২৪ লাখের ভাউচার—কোথায় গেল অতিরিক্ত ২১ লাখ ?
জোয়ার সাহারা ডিপোর আরেকটি গাড়ি মেরামত নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, গাড়িটি মেরামতের জন্য বিআরটিসির প্রধান কার্যালয় থেকে ৩ লাখ টাকা অনুমোদন করা হয়েছিল। কিন্তু একই গাড়ির মেরামতের জন্য পরবর্তীতে ২৪ লাখ টাকার ভাউচার/প্রস্তাবনা প্রধান কার্যালয়ে পাঠিয়ে অনুমোদন নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। যদি অভিযোগের নথিপত্র সত্য প্রমাণিত হয়, তাহলে অনুমোদিত ৩ লাখ টাকা ও পরবর্তী ২৪ লাখ টাকার দাবির মধ্যে পার্থক্য দাঁড়ায় ২১ লাখ টাকা।

এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—কেন একই গাড়ির মেরামত ব্যয় ৩ লাখ টাকা থেকে ২৪ লাখ টাকায় উন্নীত হলো? অতিরিক্ত ২১ লাখ টাকার ব্যয়ের যৌক্তিকতা কী? কোন কাজের জন্য কত টাকা ব্যয় হয়েছে? মেরামতের আগে ও পরের এস্টিমেট, ওয়ার্ক অর্ডার, বিল-ভাউচার, বিল অনুমোদন, গাড়ির ওয়ার্কশপ রেকর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন—এসব নথি যাচাই করলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

অফিস আদেশের শর্তও কি মানা হচ্ছে ? বিআরটিসির ওই অফিস আদেশে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োগ ও অর্থ প্রদানের ক্ষেত্রে একাধিক শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ভিত্তিক চালকের হেভি লাইসেন্স থাকতে হবে, চালককে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে এবং ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো মামলায় অপরাধী বা এজাহারভুক্ত হলে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না;

অবসরপ্রাপ্ত ব্যক্তিকে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে, উল্লেখিত দৈনিক মজুরি হারেই শ্রমিক নিয়োগ করতে হবে এবং ব্যয়ের ক্ষেত্রে বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে;।

Online Banking ছাড়া কোনো অর্থ প্রদান করা যাবে না। ফলে জোয়ার সাহারা ডিপোর ৩৩ জন কারিগরের ক্ষেত্রে নির্ধারিত মজুরি, হাজিরা, পে-রোল, ব্যাংক লেনদেন ও অনুমোদিত জনবলের তালিকা পাশাপাশি পরীক্ষা করলেই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব।

অনুসন্ধানের দাবি :
অভিযোগগুলো সত্য হলে তা শুধু কয়েকজন শ্রমিকের মজুরি কম দেওয়ার ঘটনা নয়; বরং সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বেতন ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা, অনুমোদন প্রক্রিয়া এবং অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তৈরি করে। তাই জোয়ার সাহারা ডিপোর গত এক বছরের— হাজিরা খাতা, দৈনিক মজুরি বিল, পে-রোল শিট, শ্রমিকদের ব্যাংক হিসাব/অনলাইন ব্যাংকিং রেকর্ড, অনুমোদিত জনবল তালিকা, গাড়ি মেরামতের এস্টিমেট, ওয়ার্ক অর্ডার, ভাউচার, বিল, সংশ্লিষ্ট গাড়ির মেরামত রেকর্ড এবং প্রধান কার্যালয়ের অনুমোদনপত্র—স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। বিশেষ করে ৩৩ জন শ্রমিকের দৈনিক ১০০ টাকা করে মজুরি কম দেওয়ার অভিযোগ এবং ৩ লাখ টাকার অনুমোদনের বিপরীতে ২৪ লাখ টাকার মেরামত ব্যয়ের প্রস্তাব/ভাউচার—এই দুটি বিষয়েই বিআরটিসির অভ্যন্তরীণ অডিট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত প্রয়োজন।

অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শ্রমিকদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।

অভিযোগগুলোর বিষয়ে বিআরটিসি চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা এবং জোয়ার সাহারা ডিপো ম্যানেজার মো. মফিজ উদ্দিনের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যথাযথভাবে প্রকাশ করা হবে।




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে টিনের নতুন ঘরের চাবি তাদের হাতে তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। এর আগে, তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। এ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়। বন্যায় জলাবদ্ধতায় এসব এলাকার শত শত মানুষের ঘর-বাড়ি, পুকুর, জলাশয় ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়।

এখানে কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রামের ফটিকছড়ি যাবেন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।




রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীর নাম ঘোষণা করেন।

বিষয়টি  নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ আগস্ট, যাচাইবাছাই ১৬ আগস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বলে জানান আখতার আহমেদ।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সেই পদেই এখন ভোটের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি নির্বাচনে শুধু সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন।

রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।

সংবিধানের ক্ষমতাবলে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।




রাষ্ট্রপতি নির্বাচন দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি।

তবে বিএনপির পক্ষ থেকে কারা মনোনয়ন পাচ্ছেন তার ঘোষণা আসেনি। অন্যদিকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এসেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদের নাম।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ওই সময় ইসি সচিব বলেন, ‘তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার/নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।’

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ২৪ জুলাই বিকাল ৫টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন তিনি। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে ইসি।




পদোন্নতির দৌড়ে সাইদুর রহমান, নাকি দুর্নীতির অভিযোগের আড়ালে অন্য খেলা?

# বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে একই অভিযোগের পুনরাবৃত্তি # প্রশ্ন উঠছে তথ্যের উৎস ও উদ্দেশ্য নিয়ে #

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে ঘিরে গত কয়েক দিনে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে একের পর এক গুরুতর অভিযোগ প্রকাশিত হয়েছে। নদী খনন প্রকল্পে শত কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ, জাল সনদ, টেন্ডার সিন্ডিকেট, বদলি-বাণিজ্য, দুদকের অনুসন্ধান প্রভাবিত করার চেষ্টা—এমন নানা অভিযোগ স্থান পেয়েছে এসব প্রতিবেদনে।

তবে চারটি প্রতিবেদনের বিষয়বস্তু পাশাপাশি বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই একই অভিযোগ, একই ধরনের সূত্রনির্ভর বক্তব্য এবং একই তথ্য বারবার উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে, অভিযোগগুলোর বিপরীতে সাইদুর রহমানের বক্তব্যও রয়েছে—তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও বাস্তবতাবিবর্জিত বলে দাবি করেছেন।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে—এগুলো কি সত্যিই দুর্নীতির তথ্যভিত্তিক অনুসন্ধান, নাকি বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদকে ঘিরে চলমান অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও পদোন্নতির লড়াইয়ের অংশ?

একই অভিযোগ, ভিন্ন শিরোনাম : সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনগুলোতে প্রায় অভিন্নভাবে দাবি করা হয়েছে, কংস ও ভোগাই নদ খনন প্রকল্পে ১৩৪ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে এবং এর সঙ্গে সাইদুর রহমানের সংশ্লিষ্টতা রয়েছে।

কোথাও এই অর্থের পরিমাণ ১৩৪ কোটি, কোথাও ১৩৮ কোটি টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার কোথাও সাইদুর রহমানকে প্রকল্পের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—প্রতিবেদনগুলোতে অভিযোগ, অনুসন্ধান ও চূড়ান্তভাবে প্রমাণিত দুর্নীতির মধ্যে সুস্পষ্ট পার্থক্য সবসময় রাখা হয়নি।

কোনো বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলা মানেই সংশ্লিষ্ট ব্যক্তি দুর্নীতির জন্য দায়ী—এমন সিদ্ধান্ত সাংবাদিকতার মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনুসন্ধান, তদন্ত, মামলা এবং আদালতে দোষী সাব্যস্ত হওয়া—প্রতিটি পর্যায় আলাদা।

সাইদুর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের কথা প্রতিবেদনে বলা হলেও সেই অনুসন্ধানের সর্বশেষ আনুষ্ঠানিক সিদ্ধান্ত, মামলা দায়ের, চার্জশিট কিংবা আদালতের কোনো রায় প্রকাশ্যে উপস্থাপন করা হয়নি।

১৩৪ কোটি টাকার অভিযোগ—সাইদুরের ভূমিকা কোথায় ?
কংস ও ভোগাই নদ খনন প্রকল্প নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নদী খনন না করেই ঠিকাদাররা বিল তুলে নিয়েছেন। প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধানের কথাও উল্লেখ করা হয়েছে।

কিন্তু একই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে এবং দুদকের অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদের কথাও বলা হয়েছে।

তাহলে প্রশ্ন হলো—প্রকল্পের অনুমোদন, দরপত্র, কার্যাদেশ, পরিমাপ, বিল অনুমোদন ও অর্থ ছাড়ের প্রতিটি প্রশাসনিক ধাপে কার কী দায়িত্ব ছিল?

শুধু একটি পদে থাকা একজন কর্মকর্তাকে পুরো প্রকল্পের অর্থ আত্মসাতের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত করতে হলে তার নির্দিষ্ট স্বাক্ষর, নথি, অনুমোদন, আর্থিক লেনদেন কিংবা প্রত্যক্ষ নির্দেশনার প্রমাণ সামনে আসা প্রয়োজন। অভিযোগের গুরুত্ব যত বেশি, প্রমাণের মানদণ্ডও তত বেশি হওয়া উচিত।

‘দুদকের ফাইল আটকে আছে’—দাবিটিরও প্রমাণ প্রয়োজন৷ : প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সাইদুর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান বছরের পর বছর ধরে চলছে এবং কোনো এক ‘অদৃশ্য ইশারায়’ তা আটকে রাখা হয়েছে। এমনকি কিছু দুদক কর্মকর্তা অভিযুক্তদের ‘শেল্টার’ দিচ্ছেন—এমন গুরুতর অভিযোগও করা হয়েছে। কিন্তু এমন অভিযোগ প্রমাণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, নথি, যোগাযোগের প্রমাণ, তদন্তের আদেশ, ফাইলের নোটশিট কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য দলিল থাকা জরুরি।

দুদকের অনুসন্ধান দীর্ঘায়িত হওয়া নিজেই দুর্নীতির প্রমাণ নয়। একইভাবে অনুসন্ধানকারী কর্মকর্তা বদলি হওয়াও কোনো ব্যক্তিকে দায়মুক্তি দেওয়ার ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না, যদি না তার পক্ষে নির্ভরযোগ্য তথ্য থাকে।

জাল সনদ ও চাকরিচ্যুতির অভিযোগ: সবচেয়ে গুরুতর প্রশ্ন এখানেই : সাইদুর রহমানের বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে যে, তিনি এলজিইডি থেকে চাকরিচ্যুত হওয়ার তথ্য গোপন করে ২০০৩ সালে বিআইডব্লিউটিএতে চাকরি নেন এবং তার শিক্ষাগত সনদ নিয়েও প্রশ্ন রয়েছে।

এ ধরনের অভিযোগ সত্য হলে তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর। কিন্তু এমন দাবির ক্ষেত্রে চাকরিচ্যুতির আদেশ, নিয়োগের সময় দেওয়া তথ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের রেকর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়ন—এসব নথি প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, একজন সরকারি কর্মকর্তার চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে ‘শোনা যায়’ বা ‘সূত্রের দাবি’ যথেষ্ট নয়।

সম্পদের অভিযোগেও প্রয়োজন নথিভিত্তিক যাচাই :
সাইদুর রহমানের নামে একাধিক ফ্ল্যাট, ব্যবসাপ্রতিষ্ঠান, ইটভাটা ও বিপুল সম্পদের অভিযোগও প্রকাশিত হয়েছে। এমনকি আয়কর নথিতে স্বর্ণ বিক্রির রসিদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

কিন্তু এসব সম্পদ কার নামে নিবন্ধিত, অর্থের উৎস কী, ক্রয়ের সময় কে অর্থ পরিশোধ করেছেন এবং সংশ্লিষ্ট সম্পদের সঙ্গে সাইদুর রহমানের প্রত্যক্ষ মালিকানা বা উপকারভোগী সম্পর্ক রয়েছে কি না—এসব যাচাই না করে শুধু অভিযোগের ভিত্তিতে সম্পদকে ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করা সাংবাদিকতার বিচারে ঝুঁকিপূর্ণ। অবশ্যই এসব অভিযোগের অনুসন্ধান হওয়া উচিত। কিন্তু অনুসন্ধান এবং রায়—দুটি এক বিষয় নয়।

‘জীবিত বাবাকে মৃত দেখানো’র অভিযোগও যাচাইযোগ্য নথির বিষয় :
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাইদুর রহমান ২০১৭ সালের নথিতে তার জীবিত পিতাকে মৃত দেখিয়ে উত্তরাধিকারসূত্রে সম্পদের মালিকানা দাবি করেছেন।

অভিযোগটি সত্য হলে তা অত্যন্ত গুরুতর। কিন্তু এই দাবির সত্যতা যাচাই করতে হলে সংশ্লিষ্ট বছরের সরকারি মৃত্যু নিবন্ধন, উত্তরাধিকার সনদ, আয়কর নথি এবং সম্পত্তির দলিল পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন।

শুধু একটি পক্ষের বক্তব্যের ভিত্তিতে এমন অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যায়সংগত বক্তব্য দেওয়ার সুযোগ ক্ষুণ্ন হতে পারে।

তাহলে পদোন্নতির বিষয়টি কি গুরুত্বপূর্ণ ? এই পুরো বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন তথ্যটি এসেছে সাইদুর রহমানের পক্ষের বক্তব্যে।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের চিফ ইঞ্জিনিয়ার পদটি বর্তমানে শূন্য হওয়ার পর সংশ্লিষ্ট পদে পদোন্নতির সম্ভাব্য তালিকায় সাইদুর রহমানের নাম আলোচনায় রয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে তাঁর পক্ষের বক্তব্য—পদোন্নতির প্রতিযোগিতায় থাকা প্রতিদ্বন্দ্বী মহলের কেউ কেউ তাঁকে ঠেকাতে ধারাবাহিকভাবে সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। এই দাবি সত্য কি না, সেটিও তদন্তের বিষয়। তবে ঘটনাপ্রবাহের সময়কাল বিবেচনায় বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। কারণ, কোনো কর্মকর্তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে একই ধরনের অভিযোগ প্রকাশিত হওয়ার পর যদি একই সময়ে তার পদোন্নতি নিয়ে প্রশাসনিক আলোচনা চলে, তাহলে সাংবাদিকতার স্বার্থেই খতিয়ে দেখা প্রয়োজন—অভিযোগগুলো প্রথমে কোথা থেকে এসেছে, কে তথ্য সরবরাহ করেছে, অভিযোগের নথি কার কাছে রয়েছে এবং সংবাদ প্রকাশের পেছনে কোনো স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে কি না।

অভিযোগ থাকলে তদন্ত হোক, কিন্তু তদন্তের আগেই রায় নয় : সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কংস-ভোগাই নদ খনন প্রকল্পের অর্থ ব্যয়, কাজের পরিমাণ, ড্রেজিংয়ের গভীরতা, জিপিএস/মেজারমেন্ট রেকর্ড, বিল-ভাউচার, ঠিকাদারদের কার্যাদেশ, মাটি উত্তোলনের হিসাব এবং প্রকল্প-পরবর্তী নদীর বাস্তব অবস্থা—সবকিছুই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব। একইভাবে তাঁর সম্পদের ক্ষেত্রেও ভূমি রেজিস্ট্রি, আয়কর নথি, ব্যাংক লেনদেন, কোম্পানি মালিকানা এবং সংশ্লিষ্ট সম্পদের প্রকৃত উপকারভোগী যাচাই করা যেতে পারে।

যদি অভিযোগ সত্য হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের দায়ও নির্ধারণ করা জরুরি।

সাইদুর রহমানের বক্তব্য :
অভিযোগের বিষয়ে মো. সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং তাঁর কোনো অবৈধ সম্পদও নেই। তাঁকে ঘিরে প্রচারিত অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতাবিবর্জিত।

তাঁর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ড্রেজিং বিভাগের শীর্ষ পদকে কেন্দ্র করে পদোন্নতির প্রতিযোগিতা থেকেই প্রতিদ্বন্দ্বী একটি পক্ষ তাঁকে বিতর্কিত করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও পত্রিকায় ধারাবাহিকভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এই দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

শেষ কথা : বিআইডব্লিউটিএর মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের হাজার কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলে তা অবশ্যই গুরুত্বের সঙ্গে তদন্ত করা দরকার। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অর্থ কোনো ব্যক্তিকে প্রমাণ ছাড়াই অপরাধী বানানো নয়।

সাইদুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য হলে সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর যদি অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে, তবে কারা কেন এই প্রচারণা চালাচ্ছে—সেটিও তদন্তের আওতায় আসা উচিত।

কারণ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই যেমন জরুরি, তেমনি মিথ্যা অভিযোগ ও স্বার্থসংশ্লিষ্ট অপপ্রচার থেকেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সুরক্ষা দেওয়া জরুরি।

এখন মূল প্রশ্ন একটাই—সাইদুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কি নথি ও নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হবে, নাকি একটি গুরুত্বপূর্ণ পদোন্নতিকে কেন্দ্র করে চলমান প্রতিযোগিতাই এসব ধারাবাহিক প্রচারণার নেপথ্যে রয়েছে? উত্তরটি সংবাদ শিরোনামে নয়—নথি, তদন্ত ও প্রমাণেই খুঁজে বের করতে হবে।




অ্যাগ্রো ট্যুরিজমের স্বপ্ন দেখিয়ে শত কোটি টাকার বিনিয়োগ ফাঁদ? ডায়মন্ড রিসোর্টের বিরুদ্ধে এমএলএম কাঠামোয় অর্থ সংগ্রহের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ কৃষি পর্যটনের নামে আন্তর্জাতিক মানের আধুনিক রিসোর্ট নির্মাণের স্বপ্ন দেখানো হয়েছিল। প্রচার করা হয়েছিল শত একর জমির ওপর গড়ে উঠবে বিলাসবহুল বিনোদন কেন্দ্র, যেখানে বিনিয়োগ করলেই মিলবে নিয়মিত উচ্চ মুনাফা। চটকদার প্রচারণা, আকর্ষণীয় প্যাকেজ এবং ভবিষ্যতের সমৃদ্ধির আশ্বাসে এগিয়ে এসেছিলেন অসংখ্য সাধারণ মানুষ। কিন্তু এখন সেই স্বপ্নই অনেক বিনিয়োগকারীর কাছে পরিণত হয়েছে দুঃস্বপ্নে। নরসিংদীর শিবপুর উপজেলায় ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে পরিচালিত ডায়মন্ড রিসোর্ট লিমিটেডের বিরুদ্ধে উঠেছে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পের আড়ালে পরিচালিত হয়েছে একটি বহুস্তর বিপণন (এমএলএম) ধাঁচের অর্থ সংগ্রহ কার্যক্রম, যেখানে নতুন সদস্য যুক্ত করার ওপরই ছিল মূল গুরুত্ব।

উচ্চ মুনাফার প্রলোভন, বিনিয়োগে আকৃষ্ট হাজারো মানুষ : ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি ৩ লাখ, ৬ লাখ এবং ১১ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন বিনিয়োগ প্যাকেজ চালু করে। এসব প্যাকেজে নির্দিষ্ট সময় পরপর আকর্ষণীয় লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। শুধু তাই নয়, নতুন বিনিয়োগকারী যুক্ত করতে পারলে দেওয়া হতো কমিশন ও বিশেষ বোনাস। ফলে অনেকেই নিজের সঞ্চয়, জমি বিক্রির অর্থ কিংবা পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার টাকা এই প্রকল্পে বিনিয়োগ করেন।

বিনিয়োগকারীদের অভিযোগ, শুরুতে কয়েক মাস নিয়মিত লভ্যাংশ দেওয়া হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এখন মূল টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে।

প্রকল্পের চেয়ে সদস্য সংগ্রহেই বেশি গুরুত্ব ? অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কার্যক্রমে প্রকৃত ব্যবসায়িক কর্মকাণ্ডের তুলনায় নতুন সদস্য সংগ্রহ এবং কমিশনভিত্তিক আয়ের বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ রয়েছে। অর্থনীতি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, কোনো প্রতিষ্ঠানের আয় যদি মূলত নতুন সদস্য যুক্ত করার ওপর নির্ভর করে এবং প্রকৃত পণ্য বা সেবাভিত্তিক ব্যবসা দুর্বল থাকে, তাহলে সেটি পিরামিড বা অবৈধ এমএলএম কাঠামোর ঝুঁকির মধ্যে পড়ে।

১০০ বিঘা জমির প্রকল্প, বাস্তব অগ্রগতি নিয়ে প্রশ্ন : বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শিবপুরের কামারগাঁও এলাকায় প্রায় ১০০ বিঘা জমির ওপর আধুনিক রিসোর্ট নির্মাণের প্রচারণা চালানো হয় বলে অভিযোগ।

তবে কয়েকজন বিনিয়োগকারী দাবি করেছেন, প্রচারিত জমির মালিকানা, প্রকল্প অনুমোদন এবং বাস্তব অগ্রগতি নিয়ে তারা এখন প্রশ্নের মুখে পড়েছেন। তাদের অভিযোগ, প্রচারণায় দেখানো নানা নকশা ও ভিজ্যুয়ালের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।

নেপথ্যে কারা ? উঠছে কয়েকজনের নাম : ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শামছুল আলম সজলের নেতৃত্বে একটি চক্র এই কার্যক্রম পরিচালনা করেছে।

অভিযোগ রয়েছে, এমএলএম ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত এম আর খানসহ কয়েকজন ব্যক্তি এই কার্যক্রমে যুক্ত ছিলেন। এছাড়া নারী বিনিয়োগকারীদের সংগঠিত করার ক্ষেত্রে সালমা আক্তার (মনি) নামের এক নারীর ভূমিকার অভিযোগও করেছেন কয়েকজন ভুক্তভোগী। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

গুলশান কার্যালয় নিয়েও প্রশ্ন৷ : বিনিয়োগকারীদের কয়েকজন জানান, রাজধানীর গুলশান এলাকায় একটি কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হতো। কিন্তু অভিযোগ ওঠার পর যোগাযোগের চেষ্টা করলে অনেক সময় কার্যালয় বন্ধ পাওয়া যায়।

একই এলাকায় প্রতিষ্ঠানটির মালিকের সংশ্লিষ্ট অন্য ব্যবসা নিয়েও নানা অভিযোগের কথা জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন।

বিনিয়োগকারীদের আর্তনাদ : এক ভুক্তভোগী বলেন, “উচ্চ মুনাফার আশায় জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করেছিলাম। এখন লাভ তো দূরের কথা, আসল টাকাই ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা পাচ্ছি না।” আরেক বিনিয়োগকারীর ভাষ্য, “প্রকল্পের স্বপ্ন দেখিয়ে আমাদের আস্থা তৈরি করা হয়েছিল। এখন যোগাযোগ করাও কঠিন হয়ে গেছে।”

বক্তব্য পাওয়া যায়নি : ডায়মন্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামছুল আলম সজল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানতে মোবাইল ফোন এবং কার্যালয়ের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তদন্তের দাবি : ভুক্তভোগী বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বিনিয়োগকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দেওয়া যেকোনো বিনিয়োগ প্রকল্পে অর্থ দেওয়ার আগে প্রতিষ্ঠানের আইনগত অনুমোদন, আর্থিক সক্ষমতা, সম্পদের মালিকানা এবং ব্যবসার বাস্তব ভিত্তি যাচাই করা জরুরি।




হেলিকপ্টারে চড়ে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

হেলিকপ্টারে চড়ে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।’

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত, বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি, বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান।

প্রধানমন্ত্রী ঢাকা থেকে মহেশখালী যাচ্ছেন হেলিকপ্টারে এবং ফটিকছড়ি থেকে সড়ক পথে চট্টগ্রামে যাবেন। সব কর্মসূচি শেষ করে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে ঢাকায় ফিরবেন তিনি।




জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

ডেস্ক নিউজ : বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে প্রস্তাবিত নীতিমালা সম্পর্কে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অনুমাননির্ভর ও অসত্য’ তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। একই সঙ্গে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো এ নীতিমালার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণের পর নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সম্প্রতি প্রস্তাবিত নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অনভিপ্রেত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।