জাপানে তাণ্ডব চালিয়ে চীনের দিকে অগ্রসর টাইফুন ডলফিন, ফ্লাইট ও বন্দর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে আঘাত হানার পর টাইফুন ডলফিন এখন চীনের দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যেই ওকিনাওয়ায় ছয়জন আহত হয়েছেন, আর দেশজুড়ে পঞ্চাশ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্যদিকে চীনের পূর্ব উপকূলে বন্দর বন্ধ, ফেরি স্থগিতসহ নানা সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, ওকিনাওয়ায় পাঁচজন বয়স্ক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন তীব্র বাতাসে পড়ে গিয়ে আহত হন। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। কাগোশিমায়ও একজন আহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, কাগোশিমায় প্রায় ৩৯ হাজার এবং ওকিনাওয়ায় ১২ হাজারের বেশি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলো আর জাপান এয়ারলাইনস ওকিনাওয়াগামী ও সেখান থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিল করেছে।

টাইফুনের সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ওকিনাওয়া আর কাগোশিমার আমামি দ্বীপপুঞ্জে। কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার। ঝোড়ো হাওয়ায় তা আরও বেড়ে ঘণ্টায় ২১৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল।

স্থানীয় সময় রোববার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে টাইফুনটি চীনে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চীন একে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার ‘অরেঞ্জ’ ক্যাটাগরিতে রেখেছে। বন্যা ও ভূমিধসের ঝুঁকি বিবেচনায় জরুরি তৎপরতার মাত্রা বাড়িয়ে লেভেল ৩ করা হয়েছে।




আরাকান আর্মি ধরে নিল ৩ জেলেকে, সাগরে ঝাঁপ দিয়ে ফিরলেন দুজন

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে নাফ নদীর মোহনা থেকে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। এ সময় নৌকা থেকে সাগরে ঝাঁপ দিয়ে এক ঘণ্টা সাঁতার কেটে ফিরে এসেছেন আরও দুই জেলে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জসিম উদ্দিন (৪০), মোহম্মদ ইসমাইল (৪৫) এবং হারুন (৩৭)। সাঁতরে পালিয়ে আসা দুজন হলেন- জালিয়াপাড়া এলাকার নুর আলি ও মো. শরীফ।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, সকালে পাঁচ জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে আসার সময় মিয়ানমার সীমান্ত থেকে একটি স্পিডবোট তাদেরকে ধাওয়া করলে দুজনে সাগরে ঝাপ দিয়ে সাঁতার কেটে বাংলাদেশের ভূখণ্ড গোলারচরে আসে। বাকি তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগেও ওই এলাকা থেকে ২০-২৫ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আরেক জেলে মো. শরীফ বলেন, ‘সাগর থেকে মাছ ধরে আসার সময় এক সঙ্গে ছয়-সাতটি নৌকাকে ধাওয়া করে আরাকান আর্মি। আমাদের নৌকাটি ছোট হওয়ায় স্পিডবোট নিয়ে ধাওয়া করে ধরে ফেলে।’

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে আরাকান আর্মি নাফ নদীর মোহনা থেকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, ‘বাংলাদেশের জলসীমায় ঢুকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া করেছে। এ সময় কয়েকজন জেলে নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে আসার চেষ্টা করেন। দুজন নৌকাসহ পালিয়ে আসতে পারলেও তিনজনকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফেরত আনার বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




বাংলাদেশের ক্যাম্পে যোগ দিলেন অ্যাডাম আব্বাস

ক্রীড়া ডেস্ক : বর্তমানে বাংলাদেশ সিনিয়র জাতীয় ফুটবল দলে খেলছেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। পাশাপাশি বয়সভিত্তিক দলেও আসছেন প্রবাসী ফুটবলাররা। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করছে। সেই ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠেছেন অ্যাডাম আব্বাস। সেখানে চার বছর তিনি ছিলেন। মূলত ম্যানইউতেই তার ফুটবলের হাতেখড়ি। ম্যানইউ থেকে পরবর্তীতে বার্নলি অনূর্ধ্ব-১৮ দলে খেলেন। ইনজুরির জন্য বার্নলির সঙ্গে চুক্তি নবায়ন হয়নি।

অ্যাডামের নানা-নানি বাংলাদেশি। তার মা ব্রিটিশ নাগরিক। বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। যা ফুটবলের জন্য বেশ সহায়ক।

অ্যাডাম আব্বাস আক্রমণভাগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিজে গোলের পাশাপাশি গোলের ভালো যোগানদাতাও। বাংলাদেশের যুব ফুটবল দলে ফরোয়ার্ড পজিশনে অ্যাডামকে ভাবছে কোচিং স্টাফ।




থালাপতি বিজয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করলেন স্ত্রী

বিনোদন ডেস্ক : ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। শুক্রবার আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে তিনি আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এর পর মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি দাম্পত্য সম্পর্কে মতপার্থক্যের কথা উল্লেখ করেছিলেন। একই সঙ্গে স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত বাড়িতে বসবাসের অনুমতিও চেয়েছিলেন।

বিজয় ও সঙ্গীতার দাম্পত্য-সংক্রান্ত মামলার শুনানি এ বছর কয়েক দফা পিছিয়েছে। গত ১৫ জুনের শুনানিতে সঙ্গীতা আবেদনটি প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেদিনের শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতকে নিজের সিদ্ধান্তের কথা জানান। এরপর মামলার পরবর্তী শুনানির দিন ৭ আগস্ট নির্ধারণ করা হয়।

এর আগে গত মাসের শুনানিতে বিজয় ও সঙ্গীতা—কেউই আদালতে উপস্থিত হননি। এর আগের শুনানিতেও দুজনের অনুপস্থিতির বিষয়টি আদালতের নজরে আসে। তাদের আইনজীবীরা সশরীরে শুনানিতে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ছে বলে আদালতকে জানিয়েছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সঙ্গীতা তার আবেদন প্রত্যাহার করে নেওয়ার পর আদালত মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেন।

বিজয় ও সঙ্গীতার সম্পর্ক প্রায় তিন দশকের। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তান রয়েছে। ২০০০ সালে তাদের ছেলে এবং ২০০৫ সালে মেয়ে সন্তানের জন্ম হয়।

২০২৩ সালে বিজয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। যদিও সে সময় এসব দাবি অস্বীকার করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৫ সালে টিভিকে আয়োজিত দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতার উপস্থিতি না থাকায় বিষয়টি ফের আলোচনায় আসে।




জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি পেডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। এ সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি পেডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেছেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন।

তিনি জানান, উপহার পাওয়া রিকশা ঢাকাতেই চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। আরেকটি রিকশা ভাড়া দেবেন।

এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।




চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহিদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

চাকুরির নিয়োগপত্র প্রাপ্তরা হলেন, শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহিদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহিদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহিদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহিদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহিদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহিদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী এবং গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তার।

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকুরির নিয়োগপত্র দিয়েছেন। তাদের সাথে কথা বলেছেন এবং পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, ‘এসব আত্মত্যাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁদের আমরা হারিয়েছি, যাঁরা শারীরিকভাবে আহত হয়েছেন কিংবা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার আত্মত্যাগের পেছনে একটি আকাঙ্ক্ষা ছিল, সেটি হলো বাংলাদেশকে আরও ভালো করা।’

রাষ্ট্র ও সরকারের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমাবদ্ধতার মধ্যেও দেশকে বাস্তবতার নিরিখে এগিয়ে নিতে হবে। আমরা কী পেলাম, সেটিই সবচেয়ে বড় কথা নয়। বরং আমরা দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে যেতে পারলে আগামী দিনে আমরা যে বাংলাদেশ চাই, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী জানান।

অনুষ্ঠানে সম্প্রতি চাকরিতে যোগ দেয়া শহিদ আব্দুল্লাহ বীন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ও আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্নাও উপস্থিত ছিলেন এবং তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা চাকরি নিয়োগপত্র পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান উপ-প্রেস সচিব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।




কেউ গালি দিলে তার জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনা ও উসকানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ গালি দিলে তার জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। পরদিন প্রতিবাদ করা যাবে, কিন্তু হামলা করা যাবে না। হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি হবে।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে কিছু জায়গায় এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, যাতে শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এ ধরনের ‘ফাঁদে’ পা না দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে মতপ্রকাশ, সমালোচনা ও প্রতিবাদের সুযোগ থাকতে হবে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা বা সহিংসতায় জড়ানো যাবে না। সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়েই নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে অবস্থান করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, তার দায় এড়াতে পারে না ভারত। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে সেই সম্পর্ক এগিয়ে নিতে হবে। একই সঙ্গে হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটো বিষয় একসঙ্গে চলতে পারে না।




অস্ট্রেলিয়ায় গমনেচ্ছুদের জন্য হাইকমিশনের সতর্কবার্তা

ডেস্ক নিউজঃ বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগে ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইক‌মিশন।

শনিবার ঢাকার অস্ট্রেলিয়ান হাইক‌মিশন এক বার্তায় অ‌স্ট্রেলিয়া গম‌নেচ্ছু‌দের এ পরামর্শ দি‌য়ে‌ছে।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা।

এক্ষেত্রে ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার একটি নির্ভরযোগ্য উপায় হলো, অস্ট্রেলিয়ায় নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্ট (যিনি বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন) অথবা একজন অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়া।

নিবন্ধিত সব অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে একটি নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হয় এবং নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হয়। এর মধ্যে রয়েছে— তারা যে কাজ করেন তার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়া। তারা কী কী সেবা দিতে করবেন এবং তার খরচ কত পড়বে, তা আপনাকে লিখিতভাবে জানানো। আপনার ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আপনাকে যত দ্রুত সম্ভব অবহিত করা।

একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে জান‌তে https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf এই ও‌য়েবসাইট দেখার পরামর্শ দি‌য়ে‌ছে হাইক‌মিশন।




এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

আজ শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকেও ফলাফল জানা যাবে।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে 

বোর্ড সূত্রে জানা গেছে, মুঠোফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে SSC MAD ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC ROLL YEAR লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এই চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।




কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এসপ্রিয়েলা

আন্তর্জাতিক ডেস্কঃ ব্যবসায়ী, আইনজীবী এবং ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শনিবার(৮ আগস্ট) দেশের পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত এবং ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া উপস্থিত ছিলেন।

গত ২১ জুন অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে ৪৯.৬ শতাংশ ভোট পেয়ে দে লা এসপ্রিয়েলা জয়লাভ করেন। ৪৮ বছর বয়সী দে লা এসপ্রিয়েলা প্রথা ভেঙে রাজধানী বোগোতার পরিবর্তে কলম্বিয়ার অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে শপথ অনুষ্ঠানের আয়োজন করেন। যা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারের সংঘাতের ধকল দীর্ঘকাল ধরে এই শহরটিকেই সবচেয়ে বেশি সইতে হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, কলম্বিয়ার নতুন প্রশাসনকে সহায়তা করতে ওয়াশিংটন ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার ব্যয় করবে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কংগ্রেসের সঙ্গে যৌথভাবে কাজ করে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে একটি নিরাপত্তা প্যাকেজের আওতায় ১০০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করতে যাচ্ছে, যা আমাদের যৌথ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

এই অর্থ পশ্চিমা গোলার্ধে সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় করা হবে। এছাড়া অর্থের একটি অংশ অর্থনীতি, বাণিজ্য ও খনিজ সম্পদ খাতের উন্নয়নেও ব্যবহার করা হবে। নতুন প্রেসিডেন্টের নেওয়া অন্যতম প্রথম পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত জোট ‘শিল্ড অফ দ্য আমেরিকাস’-এ কলম্বিয়ার যোগদানের ঘোষণা।

নিজের অভিষেক ভাষণে তিনি বলেন, এই অনুষ্ঠানের পর আমি যেসব নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরিকল্পনা করেছি, তার মধ্যে অন্যতম হলো ‘শিল্ড অফ দ্য আমেরিকাস’-এ যোগদানের বিষয়টি। এটি এমন একটি উদ্যোগ যা বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ হতে, কৌশলগত তথ্য আদান-প্রদান করতে এবং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তাকে প্রভাবিত করবে। একই সঙ্গে নিরাপত্তা হুমকির বিরুদ্ধে যৌথ পদক্ষেপ জোরদার করতে সহায়তা করবে।

তার মতে, অন্যান্য দেশের মতোই কলম্বিয়াও একা কোনোভাবেই আন্তঃসীমান্ত অপরাধী সংগঠনগুলোকে পরাজিত করতে সক্ষম নয়। দে লা এসপ্রিয়েলা আরও প্রতিশ্রুতি দেন, তার প্রশাসন পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে।

তিনি বলেন, আমরা বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তিগুলোকে আরও শক্তিশালী করব এবং নতুন নতুন চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেব। তিনি আরও উল্লেখ করেন, তার পূর্বসূরির বিপরীতে তিনি সম্ভাব্য সব উপায়ে দেশে কোকা চাষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

ডানপন্থী এই রাজনীতিবিদ আরও বলেন, সম্ভাব্য সব উপায়ে অবৈধ কোকা চাষ নির্মূল করাটা বাস্তবে রূপ নেবে। এটি আমাদের জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

সূত্র: আলজাজিরা।